মৃত্যু এক শিল্প
১৯৪৮ সালে, যখন তিনি সবে কৈশোর-উত্তীর্ণ, একটি কবিতায় লিখেছিলেন:
জিজ্ঞেস করো তুমি আমাকে কেন আমি
লেখায় ব্যয় করছি আমার জীবন?
আমি কি তাতে পাই বিনোদন?
নাকি তা মূল্যবান কিছু?
সর্বোপরি, কবিতা লিখে কি টাকাকড়ি কিছু মেলে?
তা না হলে, কী আর কারণ আছে?…
আমি লিখি শুধু এ কারণে যে
আমার ভেতরে রয়েছে প্রস্বর
যা কখনও চুপ হয় না।
মূলত সারাটি জীবন তিনি অন্বেষণ করেছেন সেই স্বরকে, যার পরিসমাপ্তি হয়েছে তাঁর আত্মহত্যায়। সিলভিয়া প্লাথ (১৯৩২-১৯৬৩) পিতা অটো এমিল প্লাথ, মাতা অরেলিয়া শোবার প্লাথ, স্বামী বিখ্যাত কবি টেড হিউস, নিজেকে ভাবতেন "লেডি ল্যাজারাস", একাধিকবার সচেষ্ট ছিলেন আত্মহত্যায়। "লেডি ল্যাজারাস" কবিতায় তিনি বলেছেন যে প্রতি দশ বছরে কমপক্ষে একবার আত্মহত্যায় তিনি আগ্রহী হয়ে উঠতেন, এবং দেখা যায়, তাঁর প্রথম ব্যর্থ আত্মহত্যার চেষ্টার ঠিক দশ বছর পর ১৯৬৩ অব্দের ১১ ফেব্রুয়ারি তিনি আত্মহত্যায় সফল হন। মৃত্যুর কিছুদিন আগে লেখা কবিতা "প্রান্ত"-এ তিনি লেখেন যে মৃত্যু একজন নারীকে পূর্ণতা দেয়; তাঁর প্রত্যেকটি স্তন এক মৃতশিশু। আত্মহত্যার আগে দুই শিশুসন্তান নিয়ে তিনি ছিলেন ভাবিত, নিকোলাসের জন্মের পর ডেভনের দিনগুলো হয়ে উঠেছিল ভয়ংকর। স্বামী টেড হিউসকে নিয়ে তিনি ছিলেন অসন্তুষ্ট। কানাডীয় কবি ডেভিড উইভিলের পত্নী আসিয়া উইভিলের সাথে টেড হিউসের সম্পর্ক হওয়ায় সিলভিয়া প্লাথ মানসিক আঘাতপ্রাপ্ত হন। এ সময়ের লেখা কবিতাগুলোতে উঠে এসেছিল দাম্পত্য সমস্যা যাকে প্লাথ মনে করতেন এক ফাঁদ, যেখানে নারী ভুক্তভোগী। যে দাম্পত্যজীবন শুরু হয়েছিল আনন্দ আর প্রত্যাশায়, তা পরিণত হলো বিষাদ আর বঞ্চনায়। তিনি তাড়িত হয়ে পড়লেন মৃত্যুর ছায়ায়। জুনের প্রথমদিকে প্লাথ যখন টেড হিউসের একটি ফোনকল শুনলেন, তিনি পুড়িয়ে ফেললেন তাঁর নতুন অস্পূর্ণ উপন্যাসের পাণ্ডুলিপি, যাতে তিনি তাঁদের রোম্যান্টিক প্রেমকে উদযাপন করতে চাচ্ছিলেন।
আয়ারল্যান্ডে স্বল্পকালীন ভ্রমণের পর তাঁরা আলাদা হয়ে গেলেন। আগস্ট মাসের শেষের দিকে সিলভিয়া মরিস স্টেশন ওয়াগন অফ রোডে গেলেন এবং সেখানে এক বিমানঘাঁটিতে আত্মহত্যার চেষ্টা চালান। তিনি অক্ষত থাকেন, গাড়িরও কোনো ক্ষতি হলো না। ''লেডি ল্যাজারাস'' কবিতায় এ দুর্ঘটনাকে তাঁর দ্বিতীয় আত্মহত্যার চেষ্টা ও রক্ষা পাওয়া বলে বর্ণনা করেন। অক্টোবরে লেখেন অনেক কবিতা যাতে ছিল তাঁর ''মৌমাছিগুচ্ছ'', যেখানে নারীত্বের উদযাপন ধ্বনিত। রানি মৌমাছি তার তরুণ প্রতিদ্বন্দ্বীদের সাথে যুদ্ধ করে, এবং জয়ী হয়। শীত এলে পুং-মৌমাছি নারী মৌমাছিদের তাড়ায় বাসা থেকে বের হয়ে যায় মরে যাওয়ার জন্য। অপদার্থ, খোঁড়া, পুরুষ মৌমাছিদের মৃত্যুই কাম্য। ''লেডি ল্যাজারাস''ও শেষ হয়েছে নারীবাদের সাহসি বাহাদুরিতে। প্লাথ পাড়ি দিচ্ছিলেন তাঁর দাম্পত্য সংকটের ভেতর দিয়ে। ফিনিক্স পাখির মতোই নিজের দেহভস্ম থেকে পুনরুত্থিত হয়েছেন তিনি। অগ্নিরঙা চুল নিয়ে জাগছেন তিনি, উল্লসিত যে বাতাসের মতোই এখন তিনি উপভোগ করতে পারবেন পুরুষদের। অক্টোবরের ১২ তারিখে তিনি লিখলেন ''ড্যাডি'', এটিও অনেকার্থ দ্যোতনামণ্ডিত এক কবিতা: এক বালিকা বলছে কথা তার মৃত বাবা সম্পর্কে, যাকে মেয়েটি দেবতা ভাবত। মরে গিয়ে বাবা আসলে মেয়েটিকে প্রতারণাই করল। বাবার বিষয়ে মেয়েটির ভয় ও ভালোবাসা এমনই মারাত্মক যে, বাবার ছায়ায় বেড়ে উঠে এবং বেঁচে থেকে, সে তার বাবার সব স্মৃতি নিশ্চিহ্ন করে দিয়েছে। বালিকাকেই খুন করতে হয়েছে বাবাকে। বোঝা যায় যে বাবা ছিলেন একজন নাৎসি আর মেয়ে অর্ধেক-ইহুদি। সারা জীবন ধরেই প্লাথ তাঁর জার্মান বংশগত উত্তরাধিকারকে ভয়ংকরভাবে সন্দেহ করেছেন। প্লাথ ভালোবাসতেন তাঁর বাবাকে, এবং ভেবে আশ্চর্য হতেন যে ইউরোপে থাকলে তিনি হয়তো হতেন একজন নাৎসি। এটাও অকল্পনীয় নয় যে তাঁর মা, যিনি ছিলেন অস্ট্রীয়, হলেও হয়ে থাকতে পারেন ইহুদি রক্তের উত্তরাধিকারী, তাই পিতার আক্রমণের শিকার হলেও হতে পারতেন। বর্ণনা দিতে গিয়ে প্লাথ বলছেন, ''এই দুটো টানাপোড়েন একে অপরকে সম্পর্কিত ও অসাড় করে দেয়।'' প্লাথ লেখেন যে সব নারীই ভালোবাসে ফ্যাসিস্ট, গেঁয়োদের যারা কষ্ট দিয়ে সুখ পায়।
কিন্তু ১৯৫৩ সালে যে আত্মহত্যার চেষ্টা তিনি করেন, তার পেছনে ছিল তাঁর নার্ভাস ব্রেকডাউন, যার কারণ ছিল ম্যাডমইসেলে পত্রিকার অতিথি সম্পাদক হিসেবে কাজ করার সময় পত্রিকার স্টাফদের দ্বারা তাঁর কাজের সমালোচনা। এতে তাঁর লেখার ওপর বিশ্বাস কমে গিয়েছিল। নিউ ইয়র্ক ছাড়ার কিছুদিন আগে জাতিসংঘের এক পেরুভীয় প্রতিনিধির সাথে দেখা করতে গেলে তার দ্বারা ধর্ষণের পরিস্থিতির শিকার হন তিনি। পুরুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী সমস্যায়ও তিনি আক্রান্ত ছিলেন। সমগ্র কলেজ জীবনেই তাঁর ভেতর ছিল দ্বৈতব্যক্তিত্বের সমস্যা, মনে করতেন সারা জীবন রয়ে যাবেন কুমারী। কিন্তু পুরুষসঙ্গীরও প্রয়োজন বোধ করতেন তিনি। ওয়েলেসলিতে প্রতিবেশী ডিক নর্টনের সাথে ছিল তাঁর দীর্ঘকালীন সম্পর্ক, ডাক্তারি পড়ার সময় ডিক আক্রান্ত হয়েছিলেন যক্ষ্মায়। কিন্তু সিলভিয়া যখন শুনলেন এক পরিবেশিকার সাথে ডিকের প্রেম চলছে, তখন অসুস্থ হয়ে পড়লেন। পুরুষদের তিনি মনোযোগ দিয়ে যাচাই করতেন কিন্তু কখনোই কারও সাথে তাঁর যৌনসম্পর্ক হয়নি। কিন্তু ১৯৫৬ সালের ১৬ জুন ব্লুমসডে-তে যখন টেড হিউসের সাথে তাঁর পরিচয় থেকে বিয়ে হয়ে গেল, তখন তিনি ভাবতে লাগলেন যে এতদিনে নিজের সমান একজনকে পেলেন তিনি।
যখন ঘটে আত্মহত্যাটি, সে-সময়টা ছিল শতাব্দীর সবচেয়ে মারাত্মক শীতকাল, বলা হয় যে গত দেড়শ বছরের মধ্যে সবচেয়ে খারাপ। একা একা ডেভোনে শীতকাল পাড়ি দেওয়া তাঁর কাছে অসহ্য বলে মনে হচ্ছিল; তিনি লন্ডনে ফিরে যাবার মনস্থ করেন। ভাড়ার জন্য যখন খোঁজ করছিলেন ফ্ল্যাট, তখন দেখলেন কবি ইয়েটসের বাড়িটি যেখানে লেখা রয়েছে ''এখানে ইয়েটস বাস করতেন''। এই বাড়িটির পাশ দিয়ে অনেকবার তিনি গেছেন, মনে মনে আকাঙ্ক্ষা করেছিলেন এখানে বসবাসের। একটু আশ্চর্য হয়ে দেখলেন জানালায় বিজ্ঞাপন রয়েছে যে বাড়িটি ভাড়া দেওয়া হবে। সঙ্গে সঙ্গে তিনি গেলেন এজেন্টের কাছে এবং পাঁচ বছরের বন্ধকের চুক্তি করে এলেন। বড়োদিনের কয়েকদিন আগে তিনি উঠলেন এখানে।
তুষারঝড়, বিদ্যুৎবিভ্রাট, তাঁর বিতিকিচ্ছিরি ফ্লু, বাচ্চাদের সর্দি ও ঠান্ডা। লাইনের ওপর আটকে গিয়েছিল রেলগাড়ি, রাস্তায় জমে গিয়েছিল ট্রাকগুলো। জলের পাইপলাইনে জল জমে বরফ হয়ে বন্ধ হয়ে গিয়েছিল, পাওয়ার স্টেশনগুলো হয়ে পড়েছিল অতি ভারে ন্যুব্জ। মনে হচ্ছিল, এ এক অন্তহীন তুষারকাল। সিলভিয়া প্লাথ হয়ে পড়লেন অসহায় ও হতাশ, সাইনাসের ব্যথায়ও ছিলেন কাতর। ডিসেম্বর মাসে অবজারভার-এ প্রকাশ পায় তাঁর দীর্ঘ-অগ্রন্থিত কবিতা ''ইভেন্ট''; মধ্য-জানুয়ারিতে প্রকাশিত হয় কবিতা ''শীতবৃক্ষ''। আল আলভারেজের কথা থেকে জানা যায়, সে-সময়ে সিলভিয়া একটি নামকরা সাপ্তাহিকীতে কিছু ভিন্ন ধরনের কবিতা পাঠান যা সম্পাদক অপছন্দের কারণে তাঁকে ফেরত পাঠান। তবে তিনি আলভারেজকে জানান যে সিলভিয়ার হয়তো সাহায্যের প্রয়োজন। সিলভিয়ার চিকিৎসকও একই ধারণা পোষণ করেছিলেন। তিনি তাঁকে ঘুমের ওষুধ দেন এবং সাইকোথেরাপিস্টের পরামর্শ গ্রহণের জন্য বলেন। দ্বিধার পর থেরাপিস্টের অ্যাপোয়েন্টমেন্ট চেয়ে তিনি চিঠি লেখেন কিন্তু হয়তো তাঁর চিঠি দেরিতে পৌঁছানোতে বা থেরাপিস্টের চিঠি ভুল ঠিকানায় যাওয়ায় এ আয়োজন কাজে এল না, থেরাপিস্টের জবাব এল তাঁর মৃত্যুর এক-দুই দিন পর। আলভারেজ বলছেন, এত কিছুর পরও সে-সময়ে সিলভিয়া মরতে চাননি। বরং দশ বছর আগে তিনি যে আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন তা ছিল আরও ভয়াবহ। সে-সময়ে সেলারে নিজেকে আটকে রেখে তিনি পঞ্চাশটি ঘুমের বড়ি খেয়ে ফেলেন, কিন্তু রক্ষা পেয়ে যান। তাঁর জীবনীশক্তি ছিল মৃত্যুচেষ্টার চেয়ে ঢের বেশি। এর বর্ণনা পাওয়া যায় তাঁর উপন্যাস দ্য বেল জার-এ, তাকে মিথ্যা মনে করার কারণ নেই।
একটি এমপ্লয়মেন্ট এজেন্সি থেকে একজন মেয়েকে ঠিক করে দেওয়া হয়েছিল তাঁর লেখার সময় শিশু ও ঘরগেরস্থালির কাজে সহায়তা করার জন্য। সেই অস্ট্রেলীয় মেয়েটির আসার কথা ছিল ১১ ফেব্রুয়ারি, সোমবার সকাল নটায়। এদিকে সাইনাসের পুনঃপুন আক্রমণে তিনি পর্যুদস্ত। নতুনভাবে পরিবর্তিত তাঁর ফ্ল্যাটের জলের পাইপ জমে কঠিন হয়ে গেছে; কোনো ফোন আসছে না, বা আসছে না কোনো খবর এমনকি থেরাপিস্টের কাছ থেকেও; আবহাওয়া ক্রমশই হয়ে যাচ্ছে বীভৎস। অসুস্থতা, একাকিত্ব, হতাশা আর শৈত্য, তার সাথে দুই বাচ্চার বাঁচার চাহিদা যুক্ত হয়ে তাঁকে করে তুলেছিল অস্থির, হতাশ আর বিষণ্ন। সুতরাং সপ্তাহান্তে বন্ধের দিন আসাতে তিনি বাচ্চাদের নিয়ে লন্ডনের অন্য অংশে বন্ধুদের সাথে থাকার জন্য গেলেন। পরিকল্পনা ছিল সোমবার খুব সকালে রওনা দিয়ে ফিরে এসে অস্ট্রেলীয় মেয়েটিকে স্বাগত জানাবেন। কিন্তু রবিবারেই তিনি ফিরে এলেন যদিও বন্ধুরা আপত্তি করেছিল কিন্তু তিনি তাঁর সহজাত দৃঢ়তায় সিদ্ধান্তে অটল রইলেন। ফলে তারা তাঁকে যেতে দিলেন। রাত প্রায় এগারোটায় তিনি তাঁর ফ্ল্যাটের নীচে বসবাস করা বয়স্ক চিত্রকরের দরজায় টোকা দিলেন এবং তাঁকে কিছু ডাকটিকিট ধার দেবার জন্য বললেন। দরজায় দাঁড়িয়ে অযথাই কথা বলা চালিয়ে তিনি সময়ক্ষেপন করছিলেন যতক্ষণ না চিত্রকর তাঁকে বললেন যে আজ সকাল নটারও আগে তিনি ভালোভাবেই ঘুম থেকে উঠেছেন। তারপর তিনি বিদায় জানিয়ে ওপরতলায় উঠে গেলেন।
রাতটি কীভাবে কাটান তিনি? নিশ্চিতই নিদ্রাহীন। কিন্তু সিন্ধান্তে কি আসতে পেরেছিলেন? শেষ কয়েকটা দিনে তিনি লিখেছিলেন তাঁর অন্যতম সেরা কবিতা ''এজ'', যাতে বলা হয়েছে তাঁর সম্পাদনের কথা:
নারীটি হয়ে উঠেছে নিখুঁত
তার মৃতদেহ
পরে আছে বহুগুণান্বিতের হাসি
গ্রিক প্রয়োজনের মায়া
আনুমানিক ছয়টার দিকে বাচ্চাদের ঘরে যান তিনি, তাদের পাশে রাখেন রুটি, মাখন আর দুই মগ দুধ, যাতে অস্ট্রেলীয় মেয়েটি আসার আগে তারা ঘুম থেকে উঠে গেলে ক্ষুধা লাগলে যেন তারা খেতে পারে। তারপর রান্নাঘরে ফিরে গিয়ে তোয়ালে দিয়ে নিচটা ভালো করে বন্ধ করে দেন, দরজা আর জানলার ফাঁকও তোয়ালে দিয়ে ভালো করে বন্ধ করে দেন, চুলা খুলে দেন তারপর, তারপর মাথা তাতে দিয়ে তা চালু করে দেন। তারপর!
ঠিক সময়েই অস্ট্রেলীয় মেয়েটি এল, ঠিক নটায়। বেল বাজাল দীর্ঘ সময় ধরে, দরজায় ধাক্কা দিল। কিন্তু ভেতর থেকে কোনো উত্তর এল না। সে তখন নেমে এসে টেলিফোন দোকান খুঁজতে লাগল যাতে এজেন্সিতে ফোন করে ঠিকানা ঠিক আছে কি না তা নিশ্চিত হতে পারে। ঘরের ডোরবেলের কাছে সিলভিয়ার নাম লেখা ছিল না। সব ঠিক থাকলে প্রতিবেশী তো ছুটে আসত দরজা ধাক্কার শব্দে, কিন্তু প্রতিবেশী ছিল বধির, ঘুমাচ্ছিল সে তার শ্রবণযন্ত্র খুলে রেখে। যা ছিল গুরুত্বপূর্ণ যে, তার শোবার ঘর ছিল সিলভিয়ার রান্নাঘরের ঠিক নীচেই। গ্যাস চুঁইয়ে পড়ছিল। মেয়েটা ফিরে এসে আবারও চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হলো। পুনরায় সে টেলিফোন করল এজেন্সিতে কী করবে সে ব্যাপারে, তারা তাকে ফিরে যেতে বলল। তখন এগারোটা বাজে। ঠিক ওই সময়েই কিছু জমাট হয়ে যাওয়া ঘরগুলোতে কাজ করার জন্য কয়েকজন মিস্ত্রি এল। তারা তাকে ভেতরে ঢোকার ব্যবস্থা করে দিল। সে যখন সিলভিয়ার দরজায় ধাক্কা দিল তখন তীব্র গ্যাসের গন্ধ পেল সে। মিস্ত্রিরা জোর করে দরজা ভেঙে দেখল রান্নাঘরে সিলভিয়ার ছড়িয়ে থাকা শরীর। তথনও সিলভিয়া উষ্ণ। পাশে রাখা চিরকূট যাতে লেখা, '' প্লিজ কল ডক্টর'', আর ডাক্তারের টেলিফোন নম্বরও দেওয়া ছিল। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। তিনি চলে গেছেন অজানায়, অদৃশ্যে।
আত্মহত্যা কি অনিবার্য ছিল তাঁর জন্য! ঘটনা ঘটে গেলে তা-ই বলতে হয়। কিন্তু দশ বছর আগে যখন সিলভিয়া প্লাথ পঞ্চাশটি ঘুমের বড়ি খেয়ে বসেন, আর পার পেয় যান, তার তুলনায় ১৯৬৩ সালের ১১ ফেব্রুয়ারি ছিল অধিকতর স্বস্থ। দুটো সন্তান, তুমুল সৃষ্টিশীলতা–কবিতা আসছে অবিরাম, লিখছেন উপন্যাস, ভোর চারটায় শুরু করতেন লেখা, উপন্যাস দ্য বেল জার ছদ্মনামে প্রকাশ হয়ে গেছে ইতিমধ্যে, জীবনের শেষ মাসে কাজ করছিলেন তাঁর নতুন উপন্যাস ডাবল এক্সপোজার নিয়ে। যেখানে একজন শক্তিশালী ও ধাপ্পাবাজ পুরুষের পাল্লায় এক তরুণীর পতনের কাহিনি বর্ণিত হচ্ছিল। কিন্তু মৃত্যুর পর এ পাণ্ডুলিপিটির দেখা মেলেনি। টেড হিউসের ভাষ্যমতে ১৯৭০ সালে হারিয়ে গিয়েছিল তা। কেন তবে তা ঘটল? গুরুত্বপূর্ণ লেখার উল্লাস, সন্তানদের জন্য গভীর প্রেম, তাঁর প্রিয় মনোচিকিৎসক ড. বি.-র সুপরামর্শঋদ্ধ চিঠি, টেডের সাথে পুনরায় সম্পর্ক স্থাপনের সম্ভাবনা, তাঁর পরিবারের অন্তহীন সাহায্যের প্রতিশ্রুতি, কিছুই আটকাতে পারল না তাঁকে! ১৯৫৩ সালে আত্মহত্যার চেষ্টা করে বেঁচে যাওয়াটা ছিল আশ্চর্যের, আর ১৯৬৩ সালে আত্মহত্যা করাটাও ছিল আশ্চর্যের।
সারা জীবন অসংখ্য চিঠি লিখেছেন, বিশেষত মাকে, যা লেটারস হোম নামে গ্রন্থিত, ১৯৬৩ সালের ৪ ফেব্রুয়ারি লেখা চিঠিতেও ( সম্ভবত এটাই মাকে লেখা শেষ চিঠি) তিনি জানাচ্ছেন লন্ডন নিয়ে তাঁর আবেগের কথা, বলছেন কখনও আর ফিরে যাবেন না আমেরিকায়। লন্ডনের চমৎকার ডাক্তার, ভালো প্রতিবেশী, পার্ক, থিয়েটার আর বিবিসির প্রশংসায় উচ্ছ্বসিত তিনি। বলছেন লন্ডনের ডাক্তারদের সেবার কথা, টেড সপ্তাহে একবার বাচ্চাদের দেখে যায় যা তাঁকে দায়িত্বশীল করছে, তার কথা, সন্তানদের কারণে পরবর্তী কয়েক বছর সকালে লেখার কথা। ৭ নভেম্বর, ১৯৬২ মাকে লেখা চিঠির শেষাংশে তিনি বলছেন: ''টেডের থেকে আলাদা হয়ে বেঁচে থাকাটা দারুণ, আমি আর তাঁর ছায়ায় নেই, আর নিজের মধ্যে থাকা এবং নিজের চাওয়া সম্পর্কে জানা স্বর্গীয়।… ব্যাঙ্কে অর্থ থাকার বিবেচনায় হয়তো আমি গরিব কিন্তু অন্যভাবে আমি অনেক ধনী, আমি মোটেই এসবকে ঈর্ষা করি না। বাচ্চারা আর লেখাই আমার জীবন।''
কিন্তু তারপরও ঘটল, কেন ঘটল এর উত্তর কখনও আর জানা যাবে না। কারণ তা জানাও যায় না, যদিও তাঁর ঘনিষ্ঠ বন্ধু লেখক আল আলভারেজ বলেছেন যে, তা ছিল এক সাহায্যের ক্রন্দন যা মারাত্মকভাবে হয়েছিল লক্ষ্যচ্যুত।
অনেক পড়ে সিলভিয়ার স্মরণে প্রকাশিত টেড হিউসের কাব্য বার্থডে লেটারস-এর ''লাইফ আফটার ডেথ'' কবিতার সমাপ্তিতে টেড হিউস লিখেছেন:
যেন আমার শরীর ডুবে গেল লোকগল্পে
যেখানে বনের ভেতর নেকড়েরা গায় গান
দুটো শিশুর জন্য, যারা ঘুমের গভীরে
হয়েছিল অনাথ
মায়ের মৃতদেহের পাশে।
