২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হে অগ্নি, শ্মশান-চণ্ডাল

sudhir_dutto

Published : 22 Dec 2015, 08:21 PM

Updated : 23 Jun 2022, 04:04 PM

২০ ডিসেম্বর ২০১৫, রবিবার ভোর রাতে বহুতর অভিমান নিয়ে চলে গেলেন কবি ভূমেন্দ্র গুহ, আমাদের ভূমেনদা, ক্রোধে ও করুণায় ভয়ঙ্কর জীবন্ত যে-মানুষটি ভরিয়ে রেখেছিলেন আমাকে গত দু'বছর। প্রায় দেড় দশকের দূরত্ব যা তাঁর আকস্মিক ক্রোধ রচনা করেছিল আমাদের মধ্যে, 'কবি সম্মেলন'-এ ভূমেন্দ্র গুহ'র উপর শ্রী শঙ্খ ঘোষের লেখা যার ছত্রে ছত্রে ফুটে উঠেছিল ডাক্তার ভূমেন্দ্রের মানবিক ঔদার্য্য ও উদাসীনতা, মুছে দিয়ে আমাকে প্রণত করেছিল তাঁর কাছে। আক্ষরিকভাবেই পা ছুঁয়ে তাঁকে প্রণাম করেছিলাম সে-দিন। মানুষটি ভালবাসায় আর্দ্র হয়ে গেছিলেন। তাঁর চোখে জল এসে গেছিল। আমার বাড়ি থেকে তাঁর বাড়ি মিনিট পাঁচেকের হাঁটা-পথ। সেই সুবাদে ঘন্টার পর ঘন্টা কাটাতাম তাঁর সঙ্গে। তাঁর জ্ঞানের বিস্তার ও গভীরতা আমাকে আবিষ্ট করত। ঋদ্ধ হতাম। কবিতার ভুবন ছাড়িয়ে আমরা চলে যেতাম বেদ-বেদান্তে, সাঙ্খ্যে ও পাতঞ্জল যোগে। কখনও-বা গীতা ও ভাগবতে। তাঁর মনে হয়েছিল জীবনানন্দকে বুঝতে চাই ভারতীয় ঐতিহ্যের উত্তরাধিকার। আক্ষেপ করতেন — না চর্চা, না চর্যা আছে তাঁর। আমি বলতাম, যে মানুষকে এমন করে ভালোবাসতে পারে, বিনিময়ে প্রত্যাশা করে না কিছু, সে-ই তো আসল আধ্যাত্মিক মানুষ। এটাই তো চর্যা। যতটুকু জানতাম, বুঝতাম, বলতাম তাঁকে। মন দিয়ে শুনতেন সব কিছু। এখানেই ছিল আমাদের সখ্য ও আত্মীয়তা। ভারতীয় মনিষীদের সম্বন্ধে তাঁর ছিল প্রগাঢ় শ্রদ্ধা। কিন্তু তাঁর সঙ্গে আমার বিরোধ হ'ত যখন তিনি প্রান্তিকতাকে ভাবতেন সবকিছুর গজকাঠি। রাম ঠাকুরের ওপর একটি জীবনী-গ্রন্থ দিয়েছিলাম তাঁকে। তিনি মুগ্ধ হয়েছিলেন ঠাকুরের প্রান্তিকতায়। একই কারণে তিনি মুগ্ধ ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রতিও। শ্রীঅরবিন্দকে পছন্দ করতেন না কারণ তাঁর মতে তিনি প্রান্তিক ছিলেন না। যদিও শেষ পর্যন্ত তিনি তাঁর মত পরিবর্তন করেছিলেন এবং পড়তে শুরু করেছিলেন শ্রীঅরবিন্দকে। সামান্য হলেও এখানে আমার একটা ভূমিকা ছিল। তাঁর সঙ্গে বিরোধ বাধতো যখন জীবনানন্দকে বড় করতে গিয়ে তিনি রবীন্দ্রনাথকে ছোট করতেন। এখানে তিনি ছিলেন আপোষহীন। প্রসঙ্গক্রমে, টেনে আনতেন কাঙাল হরিচরণকে– ঠাকুর পরিবার যাকে হেনস্থার একশেষ করেছিল।

একদিন আমরা রাতের বেলা ট্যাক্সিতে করে হিরণ মিত্রের বাড়িতে যাচ্ছি। রাহুল পুরকায়স্থ ও হিরণদা অপেক্ষা করছেন তাঁর জন্য। রাহুল সম্পাদনা করছেন প্রকাশ হওয়ার মুখে তাঁর দু'খণ্ড কবিতাগ্রন্থ। হিরণ মিত্র আছেন প্রচ্ছদ ও আঙ্গিক রচনার দায়িত্বে। জীবনানন্দের কবিতা বিষয়ক কথা-প্রসঙ্গে আমি বলে ফেললাম, জীবনানন্দের অপ্রকাশিত কবিতাগুলির ঢালাও মুদ্রণের কোন মানেই হয় না। গবেষকদের জন্য তা সংরক্ষিত থাকলে ভাল হ'ত কেননা প্রকাশযোগ্য মনে না হওয়ায় তিনি সেগুলিকে পত্রিকায় ছাপতে দেননি। ক্ষিপ্ত হয়ে উঠলেন আমার মুর্খোচিত বক্তব্যে। গোল গোল লাল চোখে তিনি আমাকে প্রায় ভস্মই করে ফেলছিলেন। কথার মোড় ঘুরিয়ে কোনক্রমে বেঁচেছিলাম সেদিন।

মানুষটি ছিলেন জীবনানন্দ ও কবিতা-অন্ত-প্রাণ। অবসর গ্রহণের পর লিখতে শুরু করলেন তিনি। এ যাবৎ তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা এগারোটি। কিন্তু কবিযশপ্রার্থী ভূমেন্দ্র যথাযোগ্য স্বীকৃতি পাননি। এ নিয়ে ভিতরে ছিল তাঁর প্রগাঢ় বেদনা। এমনকী তিনি ক্ষমা করতে পারেননি শঙ্খ ঘোষকে যিনি মানুষ হিসাবে তাঁকে যথেষ্ঠ শ্রদ্ধা জ্ঞাপন করেও তাঁর কবিতা বিষয়ে না মুখে না লিখে একটিও শব্দ খরচ করেছেন, যদিও তিনি বলতেন, শঙ্খ ঘোষের নাছোড় তাগিদেই সম্ভব হয়েছিল তাঁর কবিতার প্রকাশ। আর কবি রাহুল পুরকায়স্থ সেখানেও ছিলেন তাঁর ষষ্ঠি। তাঁর সমস্ত না-পাওয়ার মধ্যে রাহুলই ছিলেন একমাত্র প্রাপ্তি যিনি ভালবেসেছেন তাঁর কবিতাকে। তাঁর আর এক বড় তৃপ্তির জায়গা ছিল এই যে, বিদগ্ধ সমালোচক ও কবি বীতশোক ভট্টাচার্য সবিস্তারে লিখেছেন তাঁর কবিতার উপর আর আমি এমন এক অযোগ্য ও কৃতঘ্ন যে, তাঁর হাসপাতালে যাওয়ার মাত্র দু'দিন আগে তাঁকে ফোনে জানিয়েছিলাম, বীতশোকের লেখায় পাণ্ডিত্যে ও বৈদগ্ধে বীতশোক যতটা আছেন কবি ভূমেন্দ্র গুহ ততটা নেই। লেখাটির অ্যাকাডেমিক অ্যাপ্রোচ আমার ভাল লাগেনি। তখনও বুঝিনি তাঁর প্রয়াণ আসন্ন। মর্মে মরে যাই যখন ভাবি, অপ্রিয় আমার এই কথাটি তাঁকে কতখানি আঘাত দিয়ে থাকবে। অথচ মহারোধি সোসাইটি হলে মাত্র কয়েক মাস আগে আমার 'তাঁবু মই ও শ্রেষ্ঠ কবিতাগুচ্ছ' প্রকাশকালে আমার কবিতা নিয়ে বলতে গিয়ে তিনি সস্নেহে বলেছিলেন,'He is a dangerous personality, but lovable, lovable and lovable' আর এই কিনা সেই 'lovable personalitY' যে অনায়াসে তাঁর হৃৎপিণ্ডে গেঁথে দিয়েছিল একটি সুতীক্ষ্ন পেরেক। আজ আমার কষ্টের শেষ নেই এই জন্য যে, বাইরের থেকে মানুষটি যত কঠোর কর্কশ ও আক্রমণাত্মক, ভিতর থেকে তিনি ছিলেন ততটাই কোমল, সংবেদনশীল ও ভালবাসার প্রার্থী। আমি রাহুলের কাছে কৃতজ্ঞ যে সে কবি ভূমেন্দ্র গুহকে যথোচিত সম্মান দেখিয়েছে।

নিমতলা শ্মশানচুল্লিতে যখন ঢোকানো হচ্ছিল তাঁকে, তখন আশ্চর্যভাবে ভুলে-যাওয়া একটি কথা অবচেতন থেকে ধাক্কা দিয়ে উঠে এলো বুকের কাছে। সেই লজ্জা ও ক্ষোভ রাখবার জায়গা নেই আমার। আনন্দলোক হাসপাতাল থেকে তাঁর কিছু শারীরিক পরীক্ষা করিয়ে রিক্সায় ফিরছি দু'জন। বাজারের কাছে এসে হঠাৎ তিনি বললেন, ইলিশ খেয়েছেন এ-বছর? বললাম, হ্যাঁ। জিগ্যেস করলেন, স্বাদ কেমন? বললাম, ভাল। বললেন, এবছর ইলিশ খাওয়া হয়নি এখনো। জানেন তো, ওল-ভাতে ইলিশের স্বাদ দারুণ। বাড়িতে ডাকার সাহস হয়নি, পাছে বাড়ির মার্বেল মেঝে দেখে তাঁর আমাকে প্রান্তিক না মনে হয়। কিন্তু ভূমেনদাকে ইলিশ খাওয়ানো হল না। আমরা ভুলে গেলাম।
হয়তো একদিন বড় করে লিখব ভূমেনদার কবিতার উপর, কিন্তু ইলিশ আর ওল-সেদ্ধ খাওয়াবো কীভাবে? তাই সেদিন ইলেকট্রিক চুল্লির দিকে তাকিয়ে মনে মনে বলেছিলাম : হে অগ্নি, শ্মশান-চণ্ডাল, আমার এই দুঃখের কথা তাঁকে বলো।