২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তবু তিনি শামসুর রাহমান

hamid_rayhan

Published : 11 Nov 2015, 08:43 PM

Updated : 23 Jun 2022, 04:04 PM


ছবি: নাসির আলী মামুন
১৯৫০ সালে আশরাফ সিদ্দিকী এবং আবদুর রশীদ সম্পাদিত একটি কবিতার সংকলন বেরোয়। উক্ত সংকলনে যে ১৩ জন নবীন কবির কবিতা প্রকাশিত হয়, তার মধ্যে শামসুর রাহমান অন্যতম। সংকলনে তাঁর যে ৬টি কবিতা প্রকাশিত হয়, যেখানে তিরিশি কবিদের কাব্যস্বর অতিক্রান্ত যে স্বাতন্ত্র্য দেখা যায়, তা সেই সময়ের কবি, পাঠক ও কাব্যবোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করে।

আবুল হোসেন কবি শামসুর রাহমানের সমসাময়িক কবি। আবুল হাসনাত সম্পাদিত 'কালি ও কলম' পত্রিকায় কবি শামসুর রাহমানের উপর 'শামসুর রাহমান স্মরণ সংখ্যা' প্রকাশ করে। সেটি বের হয় অক্টোবর, ২০০৬। সেই সংখ্যায় কবি আবুল হোসেন 'কিছু স্মৃতি অল্প কথা' নামে একটি লেখা লেখেন। উক্ত সংখ্যার ১১ পৃষ্ঠায় তিনি লেখেন, 'বন্দী শিবির থেকে শামসুর রাহমানকে শুধু তাঁর কণ্ঠই দেয় নি, পরবর্তীকালে তাঁর কবিতার একটা বড় অংশ যে ক্রমান্বয়ে আত্মকেন্দ্রিকতা থেকে বহির্মুখী হয়, একান্ত ব্যক্তিক উচ্চারণ থেকে সামাজিক-রাজনৈতিক পথ ধরে, তার মূলেও এই বইটি। একাত্তরের অভিজ্ঞতা শামসুর রাহমানকে আগাগোড়া বদলে দেয়, যেমন বিগত শতাব্দীর ছত্রিশ সালের স্প্যানিশ গৃহযুদ্ধ পাবলো নেরুদাকে এক যন্ত্রণাবিদ্ধ আত্মাচ্ছন্ন কবি থেকে সামাজিক অঙ্গীকারের কবিতে পরিণত করেছিল।' এই বাস্তবতায় কবি শামসুর রাহমানের কবিতাকে দেখলে তাঁর কবিতার অন্তঃসম্পর্কের যে পরিকল্প, যা কবিতার প্রকৃত সত্য ও সৌন্দর্যকে উন্মোচিত করে। এই পরিক্রমায় আর্থ-সামাজিক, রাজনৈতিক ঘটনাবলি, সমকালিন বাস্তবতা কবি শামসুর রাহমানকে কবিতার বিশুদ্ধ সৌন্দর্যজগত থেকে পুঁতিগন্ধময় ভেতর ও বাইরের জগতকে দৃশ্যমান করে তোলে। এবং বাস্তবতার নিরিখে। আর এর প্রকাশ হয় তাঁর '১৯৪৯' কবিতার মধ্য দিয়ে। শামসুর রাহমানের যে সৌন্দর্যলীন কবিসত্তা, এর বহির্প্রকাশ দেখা যায় উক্ত কবিতার মধ্য দিয়ে। এরপর আমরা অন্য এক শামসুর রাহমানকে দেখি। আর সেই শামসুর রাহমান হলেন দৃশ্যমান জগত ও সমকালিন বাস্তবতার সঙ্গে একাত্মতা, এবং সেই সঙ্গে প্রতিবেশ পৃথিবীর আর্থ-সামাজিক ও রাজনৈতিক জীবনের পাশাপাশি ব্যক্তিগ জীবনের বাস্তবতার বহুরৈখিক সিনেকডোকি। এইসব কারণে, অনায়াসে তিরিশের কবিদের অন্তর্মুখি কাব্যচেতনা থেকে তাঁকে আলাদা করা যায়।

আশ্চর্য হতে হয় তাঁর অদম্য সৃজনশীল কর্মকাণ্ডের বিন্যাস দেখে। তিনি সেই ধরনের কবি,যিনি সুশৃঙ্খলভাবে কবিতা নির্মাণে জীবনকে যতটা সম্ভব বিনিয়োগ করেছেন। এক্ষেত্রে সফলও হয়েছেন। তাঁর ওই সৃজনমুখর আত্মশক্তি যে কোন পাঠক, কবি ও মানুষের কাছে এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে। তাঁর দর্শন বা কাব্যবিশ্বাসকে বারবার বদলিয়ে তিনি চোরাস্রোতে ছেড়ে দেন নি। দৃঢতার সঙ্গে সেই দর্শন বা কাব্যবিশ্বাসকে তিনি সংরক্ষিত রেখেছেন। ফলে বাংলা কবিতা, বিশেষত বাংলাদেশের কবিতায় যে মধ্যযুগীয় সংকীর্ণ দর্শন বা কাব্যবিশ্বাস বেশ প্রভাববলয় তৈরি করে ফেলেছিল, তা অনেকটা তিনি এককভাবে প্রতিরোধ করেছেন।
কবির এই ভূমিকা বাংলা কবিতা, বিশেষত বাংলাদেশের কবিতাকে মুক্ত-স্বাধীন ও আধুনিক দৃষ্টিভঙ্গিনির্ভর জীবনমুখী পথে এগিয়ে যাওয়ার স্পর্ধাকে আরও সম্ভাবনাময় করে তুলেছে।

শামসুর রাহমান এই দেশের বিভিন্ন রাজনৈতিক ঘটনা বা উল্লেখযোগ্য অভিঘাতকে কবিতায় প্রাণ দিয়েছেন। সেই বোধ জনগণের প্রগতিমুখী চেতনাকে সমৃদ্ধ করেছে। তাঁর যে স্বদেশানুভূতি তা এই ভূখণ্ডের সংস্কৃতির মানকে উন্নত করেছে। তাঁর স্নিগ্ধ ব্যক্তিত্বেরই প্রতিরূপ হিসেবে যেন তাঁর কবিতা উন্মুখ। মনে হয়, তাঁর কবিতা ও ব্যক্তিত্ব অবিচ্ছন্নতা নিয়ে একই যোগসূত্রে উদ্ভাসিত। বাংলা কবিতাকে তিনি শুধু বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেন নি, ভাব ও শৈলীকে নিজের মতো করে কবিতায় প্রতিষ্ঠিত করেছেন। তা অনন্য সৃষ্টি হিসেবে পাঠকের মস্তিষ্কে অনুরণিত হবে বহুদিন।
তাঁর কাব্যানুভূতি তাঁকে অনিবার্য প্রক্রিয়ায় পৌঁছে দিয়েছে বিশিষ্টতার শীর্ষে। তাঁর স্পষ্ট অবস্থান সব সময় ছিল কপটতা, স্বার্থপরতা, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা ও স্বৈরাচারি মানসিকতা বিপক্ষে। কথাশিল্পী সেলিনা হোসেন কবি শামসুর রাহমানে উপর একটি গদ্য লিখেন, ' … শামসুর রাহমানের অবিনাশী পঙক্তিমালায় যেমন দেশ-ইতিহাস বিমূর্ত, তেমনি জীবনের যে বিচিত্র অনুষঙ্গ শিল্পের উপকরণ তাঁকে তিনি লিখেছেন বুকের ভেতরের শুভ্র কালিতে সোনার কলম চুবিয়ে পাথরের পৃষ্ঠায়। তাঁর বেঁচে থাকা হয়ে উঠেছে ইতিহাসের সব কালের পৃষ্ঠায়, যা মুছবার নয়।' এ কারণে, এভাবে কবি শামসুর রাহমান তাঁর কবিতার প্রকরণে, শৈলিতে, ব্যক্তিত্বে ও পরিকল্পে নিজেকেই নিজে ছাড়িয়ে গেছেন, যা তাঁকে করে তোলে শামসুর রাহমান। তাই সাহিত্যের সিনেকডোকি ও একাডেমিক পক্রিয়া থেকে দূরে থেকে যারা তাঁর কবিতা পড়েন কিংবা এর বিপরীত মেরুতে থেকে তাঁর কবিতা নাইবা পড়লো, এরপরও তিনি বাংলা কবিতার প্রাণপুরুষ হিসেবেই থাকবেন। বাংলা সাহিত্যে তাঁর অবস্থান ক্রমশ প্রোজ্জ্বল ও দ্যূতিময় হয়ে ওঠবে, তাতে কোনও সন্দেহে নেই।