আবদুল মান্নান সৈয়দ: তাঁর আধুনিকতা
আবদুল মান্নান সৈয়দের লেখার সঙ্গে আমার প্রথম পরিচয় সত্তরের দশকের শেষের দিকে। তখন আমি ছিলাম সদ্য কৈশোরোত্তীর্ণ তরুণ। লেখার নান্দনিক মর্ম ভালোভাবে বুঝে উঠতে পারার পর্যায়ে না পৌঁছালেও তাঁর লেখার নতুনত্ব বা স্বাতন্ত্র্য আমার মনোযোগ আকর্ষণ করেছিল। আধুনিক সাহিত্যের মহলে তাঁকে যে তখন বেশ সমীহ করা হতো তা অনুভব করতাম। বাংলা সাহিত্যের ওয়াকিবহাল মহলে যেটুকু বিচরণ ছিল তা থেকে আমি বুঝতে পারতাম যে এর একটি কারণ তাঁর সৃষ্টিকর্মের নতুনত্ব আরেকটি কারণ বাংলাসাহিত্যে তাঁর ব্যাপক পঠনপাঠনপরিধি। বিশেষ করে বাংলা কবিতার মুখ্য-গৌণ সব ধরনের কবিরই কৃতির সঙ্গে তাঁর যতটা অন্তরঙ্গ পরিচয় ছিল ততটা অন্য কারো মধ্যে ছিল দুষ্প্রাপ্য। মনে পড়ছে কবি শামসুর রাহমানের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে শামসুর রাহমানের কবিকৃতি নিয়ে আলোচনার জন্য আবদুল মান্নান সৈয়দকেই নির্বাচন করা হয়েছিল। সবদিক বিবেচনা করে এ কাজের জন্য সে-সময় আবদুল মান্নান সৈয়দ ছাড়া আর কারও কথা ভাবা প্রায় সম্ভব ছিল না।
সাদা চোখে দেখতে গেলে মনে হবে কবি হিসেবে আবদুল মান্নান সৈয়দ ছিলেন আধুনিকবাদী। কারণ কবি হিসেবে তাঁর সৃষ্টির যে প্রকৃতি সবচেয়ে উজ্জ্বলিত অর্থাৎ পরাবাস্তবতার ধারা যা অধুনিকতারই অন্যতম তীক্ষ্ণ অনুষঙ্গ তা পাশ্চাত্য থেকে আমদানি করা। তাঁর ছোটগল্পও জটিল মনোজগৎ নিয়ে কারবার করেছে। তাঁর কবিতাও নগরকেন্দ্রিক সভ্যতার বিকাশমানতা-অভিঘাতে জর্জরিত, তিনিও কবি হিসেবে অনিকেত-মানসেরই ধারক, তাঁর কবিতার উপমান-উপমিত গোটা বিশ্বসংস্কৃতি থেকেই সম্পদাহরণ করে, ফ্রয়েডীয় মনোবিজ্ঞান দ্বারা তিনিও অনেক স্পষ্টভাবেই প্রভাবিত, দুরুহতার অভিযোগ তাঁরও বিরুদ্ধে জারি রয়েছে, আঙ্গিকগত নিরীক্ষায় তিনিও খুবই তীব্র, জীবনের প্রতিষ্ঠিত মূল্যবোধ যথা প্রেম, সুন্দর, কল্যাণ ও ধর্মে তাঁরও আস্থার অভাব দৃশ্যমান, শব্দের ছুঁৎমার্গিতায় তিনিও অনাস্থাশীল, তাঁর কথাসাহিত্য ভাষাগত পরিচর্যায় মানুষের জটিল মনস্তত্ত্বকেই ধারণ করেছে। কেবল নতুন মনস্তত্ত্বই নয়, বাংলাদেশের সাহিত্যে যে ধরনের বিষয়বস্তু আগে কখনও দেখা যায়নি তেমন বিষয়বস্তুরও আবির্ভার তিনি ঘটিয়েছেন। আর সেগুলো ছিল বিশ শতকের তিরিশের দশকের আধুনিকবাদেরই অনুবর্তী। সাহিত্যের সমালোচক হিসেবেও তাঁর প্রধান ক্ষেত্র ছিল আধুনিক সাহিত্যই। সমালোচনাসাহিত্যেও তিনি মূলত আধুনিকতারই সন্ধান করেছেন।
বাংলাদেশে বিশশতকী আধুনিকবাদিতার আবার ছিল দুটি পৃথক ধারা। একটি নাগরিকতা বা যন্ত্রসভ্যতাকেন্দ্রিক অন্যটি সমাজতন্ত্র-সাম্যবাদপ্রভাবিত। নাগরিকতা কেন্দ্রিত আধুনিকতায় যৌনতাকে উজ্জ্বলিত দেখা গেছে। তাঁর কবিতায় বা গদ্যে যৌনতার মাত্রাগত উপস্থিতি ছিল আগের যে কোনো সাহিত্যিকের চেয়ে বেশি এবং এর স্বাতন্ত্র্যও ছিল চোখে পড়ার মতো। কিন্তু আধুনিকতার পূর্বোক্ত দুই ধারার কোনোটির সঙ্গেই তাঁর বিরোধ ছিল না। কারণ তাঁর আধুনিকতা ছিল নন্দনকেন্দ্রিত অনুভব থেকে উৎসারিত। আবদুল মান্নান সৈয়দের অবস্থান এর কোনোটিরই বিরুদ্ধে ছিল না। নান্দনিকতাকেন্দ্রিত অবস্থান থেকে তিনি দুই ধারার আধুনিকদেরই সন্ধান করেছেন।
প্রথম কাব্য জন্মান্ধ কবিতাগুচ্ছ-এর ব্লার্বে তিনি নিজেকে তিরিশি কবিদের চেয়ে আধুনিক দাবি করে নিজেকে 'বীততিরিশ' বলে অভিহিত করেছিলেন। কিন্তু কবিতা-অনুরাগী হিসেবে তাঁকে দেখা গেছে আধুনিকবাদিতার সংস্কারমুক্ত ব্যাখ্যাতা হিসেবে। ফলে সাম্যবাদী বিষ্ণু দে কিংবা সমর সেনকে মূল্যায়নে তাঁর যেমন সংকট হয় না তেমনি অসুবিধা হয় না গোবিন্দচন্দ্র দাস কিংবা গোলাম মোস্তফার মূল্যায়নে। গত শতকের সত্তর ও আশির দশকে আধুনিকতা ছিল সাহিত্যের জন্য খুবই প্রাসঙ্গিক। মনে আছে তখন পর্যন্ত আমার পাঠ অভিজ্ঞতায় যাঁরা প্রিয় কবি তাঁদের অনেককেই পঙ্ক্তিতে স্থান দিতে অনিচ্ছুক ছিলেন আধুনিকতা-পছন্দরা। জসীমউদদীনের তো স্থান পাবার প্রশ্নই ওঠে না, তাঁদের নির্বাচনে নজরুলও অপাঙ্ক্তেয়। অথচ আমরা দেখছি তখন তিনি তিরিশি আধুনিকদের সম্পর্কে যেমন অবিরল লিখছেন তেমনি লিখছেন অন্যদের নিয়েও। যুগপৎ তিনি জীবনানন্দ ও নজরুলকে নিয়ে বই লিখছেন। মোহিতলাল মজুমদারকে নিয়ে লিখছেন একদিকে অন্যদিকে লিখছেন শাহাদাৎ হোসেনকে নিয়ে। তিনি যেমন আবুল হোসেনকে নিয়ে লিখছেন তেমনি লিখছেন ফররুখ আহমদকে নিয়েও।
তাঁর কবিতা আস্বাদনের উপলক্ষ অনুভূতিময় নানন্দনিকতা, ধর্মীয় তত্ত্ব বা রাজনীতিতত্ত্ব নয়। কবিতা রচনার উপায় হিসেবে তিনি যেমন পাশ্চাত্য আধুনিকতার পথে চলেছিলেন তেমনি আবার অপ্রচল ব্যঙ্গপথেও (কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড) করেছেন বিচরণ। তিনি যখন সকল প্রশংসা তাঁর লেখেন তা প্রচলিত ইসলামি কবিতার পথে চলে না। আল্লাহ্র প্রতি এক নিজস্ব কবিহৃদয়ের সমর্পণ তাতে প্রকাশ পায়। স্বদেশভূমি সম্পর্কেও তাঁর যে দায়বোধ তাও নানন্দনিকতার আধার থেকেই উৎসারিত। প্রচলিত সমাজবোধ বা রাজনীতিবোধ দিয়ে ধরতে গেলে তার কোনো কুলকিনারা পাওয়া যাবে না। সমাজ-রাজনীতির বাস্তবতাকে তিনি অনুভব ও প্রকাশ করতেন নান্দনিকতার মাধ্যমে। সে-কারণে কেবল আধুনিকবাদিতা কিংবা ধর্মবাদিতা দিয়ে তাঁকে মূল্যায়ন করতে গেলে ভুল হবে।
আবদুল মান্নান সৈয়দের কবিতায় বা গল্পে যৌনতার ব্যবহারের স্বভাবকে অনেকেই গ্রহণ করতে পারেনি। সেদিক থেকে তিনি বিতর্কিত ছিলেন। আবার মুসলিম সমাজের কবিরা যাঁরা আধুনিকতা ও নান্দনিকতা উভয় দিক থেকেই গৌণ তেমন কবিসাহিত্যিকদের নিয়ে আলোচনা করায়ও প্রগতিশীল বলে পরিচিত মহলে তাঁকে নিয়ে বিতর্ক হতো। অনেকে তাঁর এ ধরনের কাজকে শ্রমের অপচয় বলেও অভিহিত করেছেন। সাহিত্য পত্রিকার সম্পাদক হিসেবেও তিনি বাংলাসাহিত্যের যে ভূগোলকে অবলম্বন করেছেন তা আধুনিকতার প্রচলিত বোধে সংকীর্ণ ছিল না। কিন্তু অনেকেই গুণমুগ্ধ হয়েও তাঁর এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করতে পারেন নি। সেজন্য এই কথা হয়তো বলা যায় যে, হয়তো তাঁর সৃষ্টিকাজের মাহত্ম্য অনুভব করতে হলে তিনি যে প্রণোদনা থেকে কাজ করেছেন তাকে আরো গভীর ভাবে দেখতে হবে ।
তত্ত্বগত দিক থেকে বিচার করতে গেলে তাঁর আধুনিকতার বোধ নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে। কারণ কাঠামোগত অর্থে তাঁর দার্শনিক অবস্থান খুব স্পষ্ট রূপ লাভ করেনি। যদিও পরাবাস্তবতাবাদ তাঁকে সবচেয়ে বেশি প্রভাবিত হরেছে। তাঁর সমাজবোধও নয় সম্পন্ন অর্থে বিজ্ঞানদৃষ্টিসম্পন্ন। কিন্তু একটা দার্শনিকতা এবং একটা সমাজবোধ যে তাঁর নিজের মতো করে ছিল তা তাঁর সমগ্র সাহিত্যকে পর্যবেক্ষণ করলে লক্ষ করা যাবে। সে-কারণেই আধুনিক সাহিত্যের আলোচনা প্রসঙ্গে যখন তিনি সমসাময়িক মুসলিম সাহিত্যিকদের নাম নিয়ে আসতেন তখন অনেকেরেই ভ্রূ কুঞ্চিত হতো! কারণ নিজের মতো করে তিনি কৃষিনির্ভর গ্রামনির্ভর সমাজে অসম্পন্ন আধুনিকতার অভিমুখরেখাকে আমলে নিয়েই তিনি সাহিত্যের পর্যালোচনা করতেন। এভাবে না দেখলে বাংলাসাহিত্যের ভূগোলকে তাঁর কাছে সম্পন্ন মনে হতো না।
