২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেসবুক কাব্য

debashis_deb

Published : 26 Jul 2015, 10:13 PM

Updated : 23 Jun 2022, 04:04 PM

মানুষের প্রাত্যহিক জীবনযাপনের অতি সাধারণ ঘটনাবলী সম্পর্কে সংবেদনশীল অনুভূতির অভিব্যক্তিকে শব্দের পর শব্দে সাজিয়ে কাব্য, গল্প কিংবা কবিতায় প্রকাশ করে আসছে মানুষ। আদিকাল থেকেই সৃষ্টিশীল মানুষ সাহিত্য রচনা করে আসছে নানা কাঠামোয়, নানা আঙ্গিকে একান্ত নিজের মতো করে। পুঁথি লিখেছেন তালপাতায়। এরপর এল কাগজ। এখন কম্পিউটার, তাতে যুক্ত হলো ফেসবুক।
নব আনন্দে জাগো কাব্যগ্রন্থে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক আহসানুল হক তার জীবনযাপন, আশা-আকাঙক্ষা, অনুভুতি, স্মৃতি রোমন্থন, হাহাকার, দেশ প্রেম, প্রিয় মানুষের জন্য কষ্ট একটি একটি শব্দে গেঁথেছেন কবিতায়।

তার চিন্তা থেকে বাদ যায়নি কুড়িগ্রামের কিশোরী ফালানি, চির দুখিনী মাতৃভূমি, প্রিয়ার জন্য হাহাকার কিংবা তারুণ্যের দুর্দমনীয়তা। কখনও বড় কবিতা কখনও বা শুধু চার লাইনে ব্যক্ত করেছেন একটি দৃশপট। 'সৌভাগ্যবতী হবে' কবিতা দিয়ে শুরু করেছেন বাংলা ও ইংরেজি মিলিয়ে প্রায় একশ কবিতার এই বই।

"….. তোমার উতলা মন শান্ত করতে
পড়ে শোনাবো রোর্কার প্রেমের কবিতা
কিংবা গুনের সনেট।"
………….
…………
"তোমার পাশে ঘনিষ্ঠ হয়ে শুনবো
স্প্যানিস গিটার,
প্রত্যন্ত পাহাড়ের কোলে
অচিন পাখির গান।
অতীতের সমস্ত অপ্রাপ্তি পুষিয়ে নিতে
যত্নশীল হবো আমি,
তুমি সৌভাগ্যবতী হবে।"

প্রেমের কবিতা থেকে ছুটেছেন ফালানির বধ্যভূমি কাঁটাতারের সীমান্তে। সালাম, বরকত, রফিক, জব্বারের রক্তের স্মরণ করেছেন কাঁটাতারে ঝুলে থাকা রক্তাক্ত কিশোরী ফালানির রক্ত দেখে। পৃথিবীর এক প্রান্তে ঐশ্বর্যে ডুবে থেকে কেউ লেটেস্ট মডেলের গাড়িতে বসে গান শুনতে শুনতে ব্ল্যাকবেরি ফোনে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, ঠিক যখন আরেক প্রান্তে বাংলাদেশ-ভারত সীমান্তে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কাঁটাতারের বেড়া ডিঙ্গোতে গিয়ে কামিজ আটকে যায় কোনো এক হতভাগ্য কিশোরী-ফালানির।

এই-ই তো পৃথিবীর নিয়ম। এ অবশ্যম্ভাবী সত্য আমাদের পীড়া দেয়, কষ্ট দেয়, আমরা দুই সমাজের ব্যবধান নিরুপণে আগ্রহী হই। কিন্তু এটাই তো সত্য যে আমাজন মহাবনের কোথায় কোন অভিযাত্রী অ্যানাকোন্ডার আক্রমণে বিলীন হচ্ছে, কিংবা কে হিমালয় চূড়ায় জাতীয় পতাকা ওড়াচ্ছে তার হিসাব রাখা সহজ নয়, নয় তার সঙ্গে আমার জীবনযাপন মিলিয়ে নেয়া।

প্রতিনিয়ত পৃথিবীতে নির্যাতিত, নিগৃহীত হচ্ছে সংবাদকর্মীরা। মানুষকে টাটকা খবর এনে দিতে, খবরের পেছনের খবর দিতে সাংবাদিকরা জীবনও বাজি রাখেন। জীবনের ঝুঁকি নেন। এমন এক সাংবাদিক দম্পতির জন্য পংক্তিমালা রচনা করেছেন- 'আর এসো না':
"কবিতা
তুমি আজ আর এসো না,
মনটাকে কোথাও খুঁজে পাচ্ছি না।
সে এখন বাংলার পাড়াগাঁয়ে
কিংবা রাজধানী ঢাকায়
কোনো এক মৃতের হাত ধরে
বসে আছে।"

মাত্র চারটি পংক্তিতে তিনি প্রকাশ করেছেন গভীর আবেগ, প্রেমের শাশ্বত বাণী:

"ভাবছো তুমি কোথাও আমি নেই
আকুল হয়ে খুঁজছো চারিপাশে,
জেনো তোমার হাতেই আছে হাত
বইছি তোমার নিঃশ্বাসে প্রশ্বাসে…."

আমরা এখন এক অস্থির সময় অতিক্রম করছি। পৃথিবীর নানা দেশে চলছে হত্যাজজ্ঞ অহরহ, যেন এটাই স্বাভাবিক পৃথিবীকে ঠিক রাখতে, মানব সমাজকে বাঁচিয়ে রাখতে। আমাদের স্নায়ুতে এসব খবর প্রতিদিন ঝড় তোলে। আমরা বিহ্বল হয়ে পড়ি উম্মাদ পৃথিবীর নারকীয়তায়।

'উম্মাদ'
"……………………
রাজনীতিকেরা সবখানেই মোটামুটি
অশান্তির ডামাডোল
তৈরি করে রেখেছেন
নিরলস পরিশ্রমে।
ইরাক, আফগানিস্তান, পাকিস্তান,
ফিলিস্তিন, সিরিয়া, লিবিয়া, সুদান,
পত্রিকা খুললেই বুলেটের মতো দুঃসংবাদগুলো ঝাঁঝরা করে দেয়
পাঠকের বুক।"

মন্যুষ্যত্বের ভয়াবহ অবনমনে মর্মাহত, শঙ্কিত কবি। চারদিকে দুর্বৃত্তায়নের ডামাডোলে বিনয়, নিষ্ঠা, সততা যেন নির্বাসিত আমাদের এই সমাজ থেকে। এসব দেখে, আমাদের ভবিষ্যত ভেবে বিহ্বল কবি।

'মানুষ কোথায় যাবে'

"………………
যারা এখনও সদাহাস্য এবং বিনয়ী,
পদোন্নতির জন্য
নিরপরাধ সহকর্মীর নামে
যারা কুৎসা রটায় না।
বাতাস বুঝে যারা ভোল পালটায় না,
সুযোগ পেলে যারা রাজাকার বনে যায় না,
প্রাসাদে না থাকলেও যারা খুশি,
পাজেরো জিপে না চড়লেও যাদের চলে,
মানুষের কষ্টে এখনও
যাদের চোখে জল আসে,
তারা কোথায় যাবে?"

আগামীর স্বপ্ন নিয়ে যে কিশোরের জন্ম তাদের বিরাট একটা অংশ হারিয়ে যায় সে স্বপ্নের পথ থেকে দারিদ্র্যের কারণে।

"আমরা যখন খাচ্ছি ডিনার
কাটা চামচ হাতে
লক্ষ শিশুর স্বপ্নগুলো
মরছে অপঘাতে।"

তারুণ্যের গান গেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। আরও অনেকেই। কবি আহসানুল হকও তারুণ্যের দ্রোহে পংক্তি সাজিয়েছেন শুধু চার লাইনের- তারুণ্যে।

'তারুণ্য'
"তারুণ্যে থাকুক প্রাণ
দ্রোহেও নেই ক্ষতি,
আপত্তিটা রইল শুধু
অশালীনতার প্রতি।"

কুড়িগ্রামে দরিদ্র কিশোরী ফালানির মৃত্যুর কথা বারবার এসেছে কবিতায়। কবি বিভিন্ন আঙ্গিকে এ দুঃসহ ঘটনায় ক্ষোভে প্রকাশ করেছেন। ঘৃণা প্রকাশ করেছেন। ধিক্কার দিয়েছেন মানুষ নামের পরিচয়কে।

'ফালানি'
"ফালানির ঝুলে থাকা দেহ,
যেন যিশুর ক্রুশবিদ্ধ শরীর
ফালানির মৃত্যু
সে তো মানবতার জানাজা,
'মানুষ' শব্দটাই অভিধান থেকে
উঠিয়ে দিলে কেমন হয়?"

আমেরিকা (যুক্তরাষ্ট্র) দেশটি পৃথিবীর সব প্রান্তের মানুষের কাছে এক স্বপ্নের দেশ। জীয়নকাঠির ছোঁয়ায় এখানে মানুষের জীবন পাল্টে যায়। এই দেশে থেকেও আবার কেউ কেউ অশান্তির কথা বলে। জীবনের অস্থিরতায় ব্যাকুল হয়ে ওঠে। সেই স্বপ্নভূমি'র জন্য পদ্য লিখেছেন 'জীবন-যাপন'।

"ভাবছো তুমি মহান দেশে আছি মহাসুখে,
বিমূর্ত এই জীবন-যাপন ফেসবুকে ফেসবুকে।
কাজের চাপে কথা বলার সময় কারো নাহি,
মহান দেশের প্রজারা সব করছে ত্রাহি ত্রাহি।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
অ্যামেরিকা অ্যামেরিকা আমার স্বপ্ন ভূমি…."

'স্বার্থপর'

"বাংলার মাটির ঘ্রাণ
এখনও স্পষ্ট ভেসে আসে
প্রতিদিন বিরতিহীন,
নিদ্রায় জাগরণে,
এই সুদূর আমেরিকায়।
মনে হয় অনেক অভিমান নিয়ে
সাদা শাড়ি পরিহিতা
আমার জননী
তাকিয়ে আছেন অপলক
তার সন্তানের দিকে।
আজকাল নিজেকে
বড় স্বার্থপর মনে হয়।"

প্রিয় শিল্পী ভূপেন হাজারিকার নিখোঁজ সংবাদ লিখেছেন কবি বিহ্বল ব্যাকুলতায়, 'নিখোঁজ সংবাদ' কবিতায় তিনি প্রয়াত ভূপেন হাজারিকার গানের সেই পংক্তিগুলোকে যুক্ত করেছেন কবিতার চিত্রকল্পে। নির্লজ্জ গঙ্গা, সাগর সঙ্গমের অশান্ত উর্মি মালা, ইলোরার রঙ, শিকাগো শহর সবকিছুতেই ভূপেন হাজারিকাকে খুঁজে ফিরেছেন কবি সীমাহীন 'নস্টালজিয়ায়'।

নারীর অসহায়ত্বকে কাটিয়ে ওঠার আহ্বান জানিয়েছেন তিনি। পুরুষের লোভাতুর দৃষ্টি থেকে নিজেকে রক্ষা করে উন্নতির পানে এগিয়ে যাওয়ার কথা বলেছেন প্রিয় কন্যাদের।

'সবুরে ফলবেই মেওয়া'
"………….
অবিচল থেকো সততায়,
পুরুষের পণ্য হয়ো না
দ্রুত উন্নতির আশায়,
সবুরে ফলবেই মেওয়া।"

তিনটি ইংরেজি কবিতা স্থান পেয়েছে বইয়ের শেষ দিকে। 'Elusive', From Desert with Love' এবং'want to See Your Face'. প্রেমের দুটি কবিতার পর তৃতীয়টিতে এনেছেন বর্তমান সময়ের অস্থিরতার কথা, জীবনের নানা জটিলতা, স্বার্থপরতার কথা।

Elusive
"…………………..
I am aging fast in this fast age
Death could claim me before long,
And what a shame, what a shame
I am yet to touch love."

From Desert with Love

"———
I try to remember my last words with you
How you filled my heart with love,
Before you left with downcast eyes
Kissed my lips and made me blessed!"

Want to See Your Face

"…………………….
There is no time to think
Or we do not want to think.
We take pride in wealth
We talk smart, politically correct
Simple truth evades our desensitized mind.

We watch war on TV everyday
Rape scenes dominate films and newspapers
Our daughters will never be safe
We take it as normal
And sleep unperturbed."

ইংরেজি সাহিত্যে উচ্চ শিক্ষিত প্রবাসী এই বাঙালির কবিতা আমাদেরকে চিন্তার এক নতুন জগতে নিয়ে যায়। আমরা ফিরে তাকাই আরেকবার যাপিত জীবনের দিকে। ভাবতে চেষ্টা করি বর্তমান সময়, যুদ্ধ বিগ্রহ, আমাদের শিশু, কন্যা কিংবা হারিয়ে যাওয়া শিল্পীর কথা।

মুন্নী প্রকাশনের এই বইটার প্রচ্ছদ করেছেন ফারহান শাহারিয়ার।