২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডব্লিউ বি ইয়েটসের কবিতাভুবনে

মোস্তফা তোফায়েল

Published : 08 Jul 2015, 11:26 AM

Updated : 23 Jun 2022, 04:04 PM

উইলিয়াম বাট্লার ইয়েট্স, সংক্ষেপে ডব্লিউ.বি. ইয়েট্স একজন ইংরেজিভাষী কবি, তবে জন্মসূত্রে আইরিশ। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় ও গানে তিনি অতিপ্রাকৃতের গূঢ় শক্তির সন্ধান পেয়েছিলেন এবং বিশ্বাস করতেন যে, গীতাঞ্জলির কবিতা-গানগুলিতে যে মিস্টিসিজম বা গূঢ় শক্তি প্রচ্ছন্ন আছে, তাঁর (রবীন্দ্রনাথ ঠাকুরের) নিজের দেশে যতদিন রবীন্দ্রসংগীত গীত হবে, সেই শক্তির ফলে বাংলা ও বাঙালির কৃষ্টিজাত অন্তর্নিহিত ঐক্যে কখনো ফাটল দেখা দেবে না। সেটা এক শ বছর আগে উপলব্ধিজাত ইয়েটসের প্রতীতি। আর, একালে আমাদের বাংলাদেশের অন্যতম প্রধান কবি মুহম্মদ নূরুল হুদা প্রত্যয় ব্যক্ত করেছেন, "যতদূর বাংলাভাষা ততদূর এই বাংলাদেশ"। দু শতাব্দির দুই কবির এই আধ্যাত্মিক মিল ও প্রত্যয়ঋদ্ধ বাণী আমাদের আত্মশক্তিকে জাগরূক রাখতে সহায়তা করে।

ইংরেজি গীতাঞ্জলির ভূমিকায় ইয়েট্স ইংরেজিতে যা লিখেছিলেন, তার প্রথম দুই অনুচ্ছেদ উদ্বৃত করছি:
"I have carried the manuscript of these translations about with me for days, reading it in railway trains, or the top of omnibuses and in restaurants, and I have often had to close it lest some stranger would see how much it moved me…

If the civilization of Bengal remains unbroken, if that common mind , which- as one divines- runs through all, is not, as with us, broken into a dozen minds that know nothing of each other, something even of what is most subtle in these verses will have come, in a few generations, to the beggar on the roads…..

A whole people, a whole generation , immeasurably strange to us, seems to have been taken up into this imagination; and yet we are not moved because of its strangeness."

("আমি (গীতাঞ্জলির) তর্জমার পাণ্ডুলিপির খাতা দিনের পর দিন সাথে করে নিয়ে বেরিয়েছি, রেলগাড়িতে পড়েছি, যখন বাসে বা রেস্তোঁরায় বসেছি তখনো পড়েছি; আমি এগুলোতে এত তন্ময় হয়ে গিয়েছিলাম যে পাছে আমার তন্ময়তা কোনো অপরিচিত মানুষ দেখে ফেলে, সেজন্য খাতাগুলো কখনো কখনো বন্ধ করে রেখেছি।

গূঢ় শক্তির বলে আমরা জানি যে মানুষের মধ্যে যে অন্তর্নিহিত মনন আছে, যদি তার ফল্গুধারা সকলের মধ্যে এমনি করে বয়ে যেতে থাকে-বাংলার কৃষ্টি যদি অক্ষত অবস্থায় থেকে যায় যা সেখানে আছে-অথচ আমাদের এখানে মানুষের মন এক ডজন টুক্রোয় খান্-খান্ হয়ে পড়েছে–আমি বলতে পারি যে (রবীন্দ্রনাথের) এই কবিতাগুলির মধ্যে এমন একটা গূঢ় সূক্ষ্ম শক্তি আছে যা মাত্র দু এক প্রজন্মের ধারাবাহিকতার মধ্যে পথের ভিখিরকে পর্যন্ত স্পর্শ করে ফেলবে………………

এটা ইয়েট্সের বিশ্বাস ছিল যে সমাজে বসবাসকারী জনমানসে একটা অন্তর্নিহিত মনঃশক্তি ঐকসাধনের কাজটি নিরন্তর করে চলেছে। ইয়েট্স এই গূঢ়তত্ত্বে বিশ্বাস করতেন। তিনি লোকবিশ্বাস মানতেন। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ পড়ার পর তাঁর প্রতীতি এসেছিল যে এই কাব্যের গান ও কবিতাগুলিতে এমন অন্তর্নিহিত মনঃশক্তি বা ঐন্দ্রীয় ক্ষমতা আছে যা বাংলার কৃষ্টিকে সুদৃঢ় রাখবে, এর সংহতি রক্ষা করতে পারবে।
নোবেল বিজয়ী ইংরেজি গদ্যকাব্য গীতাঞ্জলির ভূমিকালিপিতে ইয়েট্স তাঁর মুগ্ধতার প্রকাশে এরকম ইতিবাচক মন্তব্য করে আত্মপ্রসাদ লাভ করেছিলেন। তিনি তাঁর মাতৃভূমি আয়ারল্যান্ডের মধ্যেও ঐক্য কামনা করে এর অতিপ্রাকৃত শক্তির আরাধনা করেছেন। তিনি চেয়েছিলেন আয়ারল্যান্ডের স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণাধিকার। যুক্তরাজ্যের সাথে যুক্ত আয়ারল্যান্ডকে তিনি অর্ধ স্বাধীন মনে করতেন এবং প্রতীকীভাবে তাঁর কবিতায় অর্ধ-মিলের চর্চা করতেন। তাঁর রচিত কবিতায় অর্ধ-মিল লক্ষ করা যাবে। যে-জাতির জীবনে পূর্ণ স্বাধীনতা অনুপস্থিত, সে-জাতির প্রতিনিধিত্বমূলক কবিতায় পূর্ণমিলের প্রয়োগ কেন?–এমনতর বিবেচনা ছিল ইয়েট্সের। এমনকি কোনো কোনো কবিতার প্রথমার্ধের পঙক্তিগুলো তিনি অর্ধ-মিলাত্মক করেছেন, কিন্তু দ্বিতীয়ার্ধে করেছেন মিলবিহীন। যেমন, তাঁর বিখ্যাত কবিতা 'দি সেকেন্ড কামিং' বা 'দ্বিতীয় আবির্ভাব'। কবিতাটিতে ' ইসপিরিটাস মান্ডি' নামে একটি অতিপ্রাকৃত শক্তির উল্লেখ আছে, যা ইয়েট্সীয়। মিশরীয় লোকপুরাণের স্ফিংক্স একটি আধিভৌতিক দৃশ্যকল্প আকারে এ কবিতায় উপস্থাপিত। ইয়েট্স মানতেন যে, এরকম বিশ্বাস জাতির প্রাকৃত জনগোষ্ঠীর মনস্তাত্ত্বিক ঐকতান রক্ষায় কাজ করে, তার ন্যায়-অন্যায়বোধকে জীবন্ত করে রাখে, জনে জনে টেলিপ্যাথির ভূমিকা পালন করে এবং জনমনস্তত্ত্বে সারল্য ও অপাপবোধকে লালন করে। ইয়েট্সের সর্বাধিক জনপ্রিয় ও তাৎপর্যময় এই কবিতাটির একটি বাংলা তর্জমা এখানে হাজির করছি:
ঘূর্ণনে ঘূর্ণনে প্রসারণে বৃত্তপথ খুঁজে
উড়ে চলে বাজপাখি মালিক ব্যাধের সীমা ফুঁড়ে,
ভরকেন্দ্র অসহায়; হতাশায় থাকে চোখ বুঁজে,
ছিঁড়ে যায় যোগসূত্র; পাখি চলে অনন্তে উড়ে।
কেবলই নৈরাজ্য দেখি পৃথিবীর সর্বপ্রান্তময়,
খুন-রাঙা রক্তময় বিশাল প্রলয়–বল্গাহীন
বেগবান–ধেয়ে চলে; সর্বত্রই নিমজ্জিত হয়
মিলনতীর্থের মেলা, সারল্যের। শুদ্ধ হয় লীন,
হারিয়ে প্রত্যয় তার। বিপরীতে দুর্বৃত্তের দল
প্রবল উল্লাসে ভাসে আনন্দের উদ্বেলিত তালে।
সুনিশ্চিত আলামত এইসব; কর্ম ফলাফল–
যিশুপিতা আবির্ভাব–দ্বিতীয়ত ঘটে যাবে ভালে।
যিশুপিতা আবির্ভাব! উচ্চারণ করেছি মাত্রই
অতল রহস্য থেকে বের হয় দৃষ্টিকে ধাঁধিঁয়ে
ভীষণ মুরতি এক, মরুচরে! সিংহমূর্তি ওই
আজদাহা আকৃতির প্রাণীটির মাথা, মানুষের;
শূন্য, পাষাণ দৃষ্টি খরতাপী সূর্যের মতন।
থপাস্ থপাস্ ভারি ধীর পায়ে আসছে এ-ধামে,
চারপাশ ঘিরে তার মরুভূর লোলুপ পাখিরা
ছায়া ফেলে ঘুরে চলে। কালো পর্দা দৃশ্যপটে নামে।

দোলনায় শিশুর নিদ্রা, ঘুমঘোরে স্বপ্নদৃশ্য শুধু
মানবের ইতিহাসে দু হাজার বৎসরের কাল।
কঠিন বিচার দেবে উপহার আজদাহা জীব,
সে-সময় সমাগত। বেথেল্হেমের দিকে আসে,
জন্ম নিতে পুনরায়, পাপমোচনের অভিলাষে।

এই কবিতাটির একেবারে প্রথম পঙক্তিতেই আছে ঘূর্ণায়মান জায়ারের উল্লেখ; ইংরেজিতে Gyre (জায়ার) ইয়েট্সের কবিতায় একটি শক্তিশালী প্রতীক। ঘূর্ণায়মান চক্র, জায়ার, বোঁ বোঁ ধ্বনিতে ঘুরতে ঘুরতে উর্ধ্ব আকাশে উড়ে যায়, তার বৃত্ত ক্রমশ প্রসারিত হতে থাকে। এই ঘূর্ণনধ্বনি বুঝাতে ইয়েট্সের কবিতার প্রথম দুটি পঙক্তিতে 'ন' ও 'র' ধ্বনির পুনপৌনিক তরলাত্মক ব্যাঞ্জনা বিশেষ ছন্দোময়তার সৃষ্টি করে:
"Turning and turning in the widening gyre,
the falcon cannot see the falconer.

মানবমেধার গতি নৈরাজ্যময় ঘূর্ণিময়তায় ছুটে চলছে দুর্নিবার গন্তব্যে, মালিক মানব এখন আর তাকে সামাল দিতে পারছে না। আপন বুদ্ধিমত্তার কাছে মানব আপনি পরাভূত। কেন্দ্র নিয়ন্ত্রণ হারাচ্ছে পরিধিরেখার, তার আপন বৃত্তবলয়ের। ইয়েট্স বলেন, এ লক্ষণ শুভ নয়। এর পরিণতি রক্তপ্লাবন বয়ে নিয়ে আসবে। শুভবোধের বিপন্ন অবস্থা ও অশুভের আস্ফালন প্রকৃতি সহ্য করেনা। শুভ ও অশুভের চূড়ান্ত লড়াই মানবসভ্যতার অনিবার্য পরিণতি। এর নাম Armageddon। বোধ করি বাঙালি কবি জীবনানন্দ দাশ যুগসন্ধিক্ষণে আসন্ন এই সংকটেরই নাম দিয়েছেন 'বিপন্ন বিস্ময়'।

ইয়েট্সের জীবন প্রদীপ নিভে যায় ১৯৩৯ সালে। জীবনের শেষ প্রান্তে 'জায়ার' নিয়ে তিনি আরো একটি কবিতা রচনা করেন। The Second Coming কবিতাটি Prologue হিসেবে ব্যবহার করেছেন আফ্রিকান লেখক চিনুয়া আচিবে, তাঁর Things Fall Apart নামক সুখ্যাত উত্তর-উপনিবেশবাদী উপন্যাসে। তিনি Things Fall Apart শব্দবন্ধ সম্বলিত নামকরণটিও ব্যবহার করেছেন এই কবিতা থেকে। আমাদের এই প্রবন্ধে আমি Things Fall Apart এর তর্জমা করেছি 'ছিঁড়ে যায় যোগসূত্র'; প্রাবন্ধিক বিনয় বর্মন করেছেন: 'সবকিছু ভেঙে পড়ে'; খালিকুজ্জামান ইলিয়াস করেছেন: 'ধ্বসে পড়ে সবকিছু'। চিনুয়া আচিবে যে-কারণে তাঁর প্রতিনিধিত্বমূলক উপন্যাসে ইয়েট্সের এই কবিতাটিকে প্রোলগ হিসেবে বেছে নিয়েছেন এবং এখান থেকেই নামকরণের শব্দবন্ধ গ্রহণ করেছেন, তা বোধ করি তাঁর মাতৃভূমি আফ্রিকার ইগ্বো সমাজে উপনিবেশবাদীদের আগ্রাসন ও সাংঘর্ষিক তৎপরতার বিষয়টিকে উপস্থাপনের সাথে সাথে সেখানকার আদি জনগোষ্ঠীর মননে চিরাচরিতভাবে বিদ্যমান 'সারল্যে'র উপর বিদেশীদের আঘাত ও আক্রমণ প্রসঙ্গটিকে আরো নিবিড়ভাবে ও ব্যাখ্যাযোগ্য আকারে পরিবেশন করার তাগিদে। The Second Coming কবিতাটিতে একটি কথা আছে: "and every where/the ceremony of innocence is drowned", যা আমাদের তর্জমায় দাঁড়িয়েছে: 'সর্বত্রই নিমজ্জিত হয়/মিলনতীর্থের মেলা, সারল্যের।' উপন্যাসটিতে ওকোনকুয়ো ও ওবেরিকা নামে দুটি চরিত্রের তুলনা-প্রতিতুলনামূলক চিত্রণের মধ্য দিয়ে আচিবে স্বাজাতিকতার বাড়াবাড়ি বর্ণনা করেছেন, আবার ন্যায়ত কিভাবে আদি আফ্রিকান সংস্কৃতি, প্রকৃতিপ্রেম, মাটি-মানুষ-বৃক্ষ ও ঐতিহ্য রক্ষা করা যায়, তা-ও তুলে ধরেছেন। ওবেরিকা চরিত্রটি একটি মানদণ্ড আকারে উপস্থাপিত হয়েছে যেখানে আবেগী ও বিচারিকবোধের নিরিখে আদি সারল্য ও স্বাজাত্যবোধকে সুরক্ষা দানের পাশাপাশি ভাষা-সংস্কৃতি ও ধর্মের সাথে শিক্ষার আলোর সম্মিলন ঘটে।

আফ্রিকান বা এশীয় উপনিবেশভূক্ত দেশ-জাতিগুলোতে বহিরাগত বণিক-দস্যু-রাজনীতিবিদদের দৌরাত্ম্যে মানবতা ভূলুণ্ঠিত হওয়ার বিষয়টি নায়ক অকোনকুয়োর আত্মহত্যাবরণের কাহিনির মধ্য দিয়ে বেদনাদায়ক ভাষায় উপস্থাপন করা হয়েছে। বহিরাগতদের কুটিল কুচক্রীপনার কবলে, আদি অধিবাসীগণের সারল্য কিভাবে বিপন্ন ও খণ্ডিত হয়ে যায় তা অতি বিশদভাবে চিত্রিত হয়েছে উপন্যাসটিতে। বোধ করি, আরো একটি সাড়া জাগানো, জগৎ মাতানো উপন্যাস -গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের One Hundred Years Of Solitude-এ কিছুটা ভিন্ন পরিবেশনায়, অন্য শৈলীতে ও পরিকল্পনায় আদি অধিবাসীদের শত শত বছরের সারল্যের ইতিহাসে ভাঙন সৃষ্টিকারীদের তৎপরতার বর্ণনা দেয়া হয়েছে। Oxford Advance Learner's Dictionary তে Solitude এর অর্থ হচ্ছে আপন ভুবন, স্বকীয় পরিবেশ। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, "ধরণীর এক কোণে রচিব আপন মনে এতটুকু বাসা/ করেছিনু আশা;" অর্থাৎ, নিভৃত নিলয়। এই উপন্যাসের নায়ক বুয়েন্ডিয়া, মাকোন্ডো নামে এক নিরালা উপত্যকায় গিয়ে তেমনই একটি গ্রামের পত্তন ঘটিয়েছিলেন এবং আপন মনে তা বিনির্মাণের চেষ্টায় ব্যাপৃত হন। এই গ্রাম তার স্বোপার্জিত গ্রাম। কিন্তু, বহিরাগতদের আগমন, লাগাতার গৃহবিবাদ, খুন-হত্যা-গুম-রাহাজানিতে সবকিছু তছনছ হয়ে যায়। নিভৃতিচারণ ও শান্তিপূর্ণ জীবনযাপন অসম্ভব হয়ে পড়ে। ল্যাটিন অ্যামেরিকার দেশ কলম্বিয়া, আফ্রিকার দেশ নাইজিরিয়া, এশিয়ার দেশ ভারতবর্ষ- সর্বত্র একই দৃশ্য। ইয়েট্সের কবিতা The Second Coming মাত্র বাইশটি পঙক্তিতে বিশ্ব ইতিহাসের এই বিপন্ন চিত্র অসামান্য বাক্শৈলীতে আমাদের বোধের তন্ত্রীতে ব্যাঞ্জিত করে তোলে।

ইয়েট্সের কবিতায় জায়ার, অর্থাৎ চক্রাকারে ঘূর্ণায়মান পাখি যেমন একটি প্রতীক, ঘূর্ণায়মান সিঁড়িও তেমনই একটি প্রতীক। আবার গ্রিক মহাকাব্যের হেলেন তাঁর হাতে হয়ে ওঠে সুন্দরী প্রিয়তমা মড্গনের প্রতীক, যে মড্গনকে তিনি জীবনভর ভালোবেসেছেন, বারংবার বিয়ে করার প্রস্তাব দিয়েছেন এবং প্রত্যাখ্যানে ক্ষুব্ধ ও বিরক্ত হয়েছেন। মড্গন ইয়েট্সের কবিতায় এমন এক হেলেন যার রূপের অনলে দগ্ধ হয়ে যেতে পারে আয়ারল্যান্ড। No Second Troy কবিতায় মড্গনের শারীরিক সৌন্দর্যকে তিনি ভয়ংকর সৌন্দর্য আখ্যায় আখ্যায়িত করেন এবং আইরিশ জাতীয়তাবাদী চেতনাগঠনে তার ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন। এভাবে মড্গন ইয়েট্সের কবিতায় মিথ ও প্রতীকে পরিণত হয়।
ইয়েট্সের প্রতীকবাদ মালার্মের প্রতীকবাদের মতো আপাতঃদুর্বোধ্যতায় আকীর্ণ নয়, বরং সজীব ও চাক্ষুষ, বর্তমান ও মিথপ্রধান, জাতিক ও ঐতিহ্যিক এবং লোকগল্প বা উপকথা আশ্রিত বিধায় সহজে বোধগম্য। ইয়েট্সীয় প্রতীকবাদের পরমসফল কবিতা The Shadowy Waters। এই পর্যায়ে পৌঁছে তিনি একপ্রকার ঘোষণা উচ্চারণের মধ্য দিয়ে মালার্মে প্রদর্শিত প্রতীকবাদী পথ থেকে সরে যান এবং নিজস্ব পথ ও মত পরিষ্কার করেন:
"This was the road I and others of my time went for certain furlongs…It is not the way I go now but one of the legitimate roads." (মালার্মের পথেই তো অন্যরা ও আমি এতকাল বেশ কয়েক ফার্লং চলে আসছিলাম …কিন্তু, অধুনা আমি আর সে পথে চলছি না, বরং আমার নিজের সিদ্ধ পথেই চলতে চাই।"
The Happy Townland কবিতায় ইয়েট্স একটি জনপ্রিয় আইরিশ মিথ বা উপকথা অবলম্বন করেন। The Happy Townland বা সুখনগরের বর্ণনা তাঁর কবিতায় ভাষা খুঁজে পায় একটি রহস্যময় স্থাপনার, যা একই সাথে বিপজ্জনক অথচ অপরূপ সৌন্দর্যে মহীয়ান, যাকে তিনি সচরাচর বাক্বিধিবদ্ধ করে থাকেন 'Terrible Beauty' নামক একটি বচনে। সেই 'ভয়ংকর সুন্দর' সুখনগরে সাহসী রাজকুমার যাবেই যাবে, যতই থাক্ক্ ুবিপদের হাতছানি :
The little fox he murmured,
"O what of the world's bane?'
The sun was laughing sweetly,
The moon plucked at my rein,
But the little red fox murmured,
ÔO do not pluck at his rein,
He is riding to the townland
That is the world's bane."

প্রতীকবাদী চর্চার মধ্য দিয়েই ইয়েট্স পৌঁছে যান তাঁর নিজের অন্তর্লোকের অনির্বচনীয় সৌন্দর্যের কাছাকাছি; আবার এই উপলব্ধিতেও আসেন যে অতিপ্রাকৃতের ভয়ংকর সৌন্দর্যের সন্ধানও তাঁকে করতে হবে, যেমনটি তিনি করেছেন The Happy Townland কবিতায়। বাংলা তর্জমায় পড়লে কবিতাটি দাঁড়ায়:
ছোট খেকশিয়ালকে সুধায় কুমার,
'জগতের রহস্যটা জানা কি তোমার?'

সূর্যিটা শুনে সেটা মিটিমিটি হাসি দিল,
চাঁদাভাই রাশ টেনে গলাটায় ফাঁসি দিল;
লাল খেকশিয়ালটা বলে মুখ খেকিয়ে,
'দিও না দিও না তোরা কুমারকে ঠেকিয়ে-
কুমারের ঘোড়া ঠিক যাবে সুখনগরে,
বিপদ যতই থাক্ পৌঁছবে সে শহরে।'
অধরা মাধুরীর সন্ধানে অগম পাড়ে যাবার যে স্পৃহা, তাকেই বলে 'ভয়ংকর সৌন্দর্যে'র সাধনা। রূপকথার কাহিনি, উপকথার মিথ, মহাকাব্যের যুদ্ধ, লোককথার কল্পগল্প–সবই একটি বাণী জানান দিচ্ছে : 'কোথায় আছে ভয়ংকর সৌন্দর্য? ধরতে হবে মায়া হরিণ, পৌঁছতে হবে স্বপ্নপুরীতে, সুখনগরে।' মনে রাখা উচিত, গুরুত্বে ও কলেবরে ইয়েট্সের কবিতার এই অধরা মাধুরী বা ভয়ংকর সৌন্দর্য যেকোনো প্রয়োজনে যেকোনো মাত্রা ও আকার ধারণ করতে পারে, এমনকি Spiritus Mundi পর্যন্ত!

আমাদের আপন দেশের সাহিত্যেও খুঁজে পাই এই প্রতীকী গল্প, অধরা মাধুরী ধরার সাহিত্য, 'ভয়ংকর সৌন্দর্য' সাধনার সাহিত্য। কবি মুহম্মদ নুরুল হুদার উপন্যাস, মৈনপাহাড়ে (প্রকাশক সাহিত্যপ্রকাশ, ফেব্রুয়ারি ২০১৫) বর্ণিত সেই গল্প। উপন্যাসটিতে বর্ণিত গল্পের প্রায় শেষ পর্যায়ে আমরা পাঠ করি:

"বছরখানেকের মধ্যেই বিশাল মৈনপাহাড় ও তার সমুদয় উপত্যকা হাজারো গাছপালায় ভরে গিয়ে সবুজ অরণ্য হয়ে উঠলো। আর উচ্ছ্রিত হলো অজস্র ঝরনাধারা। হিমছড়ি, ফুলছড়ি, শঙ্খ, মাতামুহুরি আরো কত কি! আর সর্ব্বোচ্চ মৈনচূড়া, যেখানে সমাধি মৈনকুমারীর, সেটি ঘোষিত হলো এক মহান তীর্থ। কিন্তু নিষিদ্ধ করা হলো সেই তীর্থে গমন। মৈনকুমারীর সমাধি তাই তীর্থ হয়েও এক নিষিদ্ধ গন্তব্য।

তবু প্রশ্ন করে কেউ কেউ। কেউ কেউ যায়।
কিন্তু কোথায় যায়?
কোথায় সে তীর্থ?
কোনটি সর্ব্বোচ্চ মৈনশিখর?
না, আজ পর্যন্ত কেউ তা জানে না।
যে যায় ওই শিখর খুঁজতে,
যে খুঁজে পায় ওই মৈনকুমারীর সমাধি,
সেও সেই সমাধিরই অধিবাসী হয়ে যায়।
কিশোর শোনে সেই কাহিনি। সেই কিংবদন্তি।
সে জোড়া চোখ মেলে মৈনপাহাড়ের দিকে তাকায়।

উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে, দশদিকে দশপ্রান্তে তাকিয়ে দেখে কিশোর। সবদিকেই এই মৈনপাহাড়। নড়ে না, চলে না। যেন সীমানাহীন স্থলসমুদ্রে আটকে যাওয়া একটা বিশাল জাহাজ। কিশোর নিজের অজান্তেই আউড়ায়:

আগে পুরুষ, পিছে পুরুষ
মধ্যিখানে নারী,
এই জীবনে পেলাম শেষে
মৈনকুমারীর বাড়ি।

না, আর দেরি করে কাজ নেই। নিজেকে তৈরি করে নেয় কিশোর।
যাত্রা শেষে আরেক যাত্রা এগিয়ে যায়। বাঁশিপাগলার বাঁশি শুনতে পায় সে।
নিজের শরীরটাকে বাঁশিপাগলার শরীর করে নেয়।

ওদিকে সর্ব্বোচ্চ মৈনচূড়ার অনেক দূরে, অনেক অনেক দূরে, হয়তো অন্য এক অপার্থিব মৈন চূড়ার হাত তিনেক উপরে উঠেছে একটা চাঁদ।

সেই ঠাণ্ডা চাঁদ,
নির্বাক চাঁদ,
প্রতিবাদহীন চাঁদ।

যবেদালি কীরিচটা বের করে চাদরের আড়াল থেকে।
সেই কীরিচটা বাতাসে ঘূর্ণি তুলে কিশোরের মাথার দিকে ধেয়ে আসে।
চাঁদের আলোয় ধাবমান সাপ আর কীরিচে কোনো প্রভেদ বোঝা যায় না।

কিশোরের মনে হয়,
দুটোই সুন্দর।
দুটোই ভয়ঙ্কর। "

"উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে, দশদিকে দশপ্রান্তে তাকিয়ে দেখে কিশোর। সবদিকেই এই মৈনপাহাড়"………এই বাক্যটির মধ্যেই সুপ্তভাবে প্রতীকাশ্রিত হয়ে আছে এক বিশাল সম্ভাবনাময় সত্য। ইংগিতটা আর একটু স্পষ্ট হয় গল্পের শেষ সাতটি শব্দে:

"কিশোরের মনে হয়,
দুটোই সুন্দর।
দুটোই ভয়ঙ্কর। "

কবি মুহম্মদ নূরুল হুদার মৈনপাহাড় উপন্যাসের গল্প প্রতীকীভাষায় স্পর্শ করে সমকালীন ইতিহাসকে, বাঙালি জনগোষ্ঠীর অবিস্মরণীয় এক ইতিহাসকে, বাংলাদেশ নামক এক ভূখণ্ডকে এবং এর প্রকৃতি, রহস্যঘেরা মুখচ্ছবি, এর মানবিক সত্তাকে। এমনি করেই উনিশ শ একাত্তর সালের সাতই মার্চ বনবিটপীতৃণচ্ছায়া ঘেরা, পাখপাখালির কলকাকলীভরা, লাখো-লাখো বাঙালিকণ্ঠমুখরা রমনা রেসকোর্সের পাহাড়চূড়ায় আরোহন করেছিলেন এক রাজকুমার; তাঁর মাথার উপর পাক দিচ্ছিল ভয়ংকর সর্পিল চঞ্চল অস্থির শত্র"বিমান, তাঁর চোখের সামনে অসম্ভব সুন্দর বাংলার প্রকৃতি ও সরল মানুষ। দুয়ে মিলে এক 'ভয়ংকর সুন্দর'। এক অধরামাধুরী বাংলাদেশ। 'স্বর্ণসন্ধানী শিল্পপ্রয়াস' এই উপন্যাস মৈনপাহাড়।

ইয়েট্সের সাফল্য এখানে যে, তাঁর মৃত্যুর পৌনে এক শ বছর পরেও তিনি এশিয়া, আফ্রিকা, ক্যারিবীয় ও ল্যাটিন আমেরিকান দেশগুলোতে আজও সমান তাৎপর্যময়, সমান অর্থবহ। তাঁর কবিতায় সৃষ্ট ব্যক্তিক মিথ, গ্রিক পৌরাণিক মিথ, মিশরীয় মিথ, লোকজ মিথ, প্রতীকবাদ, আধুনিকতাবাদ, উত্তর-উপনিবেশবাদ আজও ধন্য প্রাতিস্বিক সৌন্দর্যের দুর্মর আভায়। ১৫ জানুয়ারি ছিল তাঁর জন্মদিন; সেই জন্মদিন উপলক্ষ্যে এই সামান্য প্রয়াস।