২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অপরাজেয় নজরুল- জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি

সাহানামৌসুমী

Published : 25 May 2015, 10:26 PM

Updated : 02 Sep 2022, 08:36 PM

Image
kazi-nazrul_31.jpg

রুক্ষ পাথুরে মাটির ধু ধু প্রান্তরের শেষ সীমানায় এক অজ পাড়াগাঁ। গাঁয়ের নাম চুরুলিয়া- উত্তরে অজয় নদী। এ গ্রামে দরিদ্র চাষাভুষো মানুষজনের বাস। দরিদ্র হলেও আছে শিক্ষা আর রুচির ছাপ। গাঁয়ের পশ্চিম দিকে এক পুকুর- পাশে মসজিদ, মক্তব। তার পাশে কাজী বাড়ি। কোন এক কালে- সেই মোগল আমলে আদালতের বিচারক ছিলেন এ বাড়ীর কেউ। সেই থেকে কাজী বাড়ি। বিদ্যাচর্চার ঐতিহ্য নিয়েও পরিবারটি এখন দরিদ্র। মসজিদের মুয়াজ্জিন আর ইমামতিতে সামান্য উপার্জন। এভাবে পিতামহ কাজী আমিনুল্লাহ থেকে পিতা কাজী ফকির আহমদের সংসারযাত্রা। এই সংসারে, এক মঙ্গলবারে- জ্যৈষ্ঠের সেদিন এগারো- বাংলা ১৩০৬- জাহেদা খাতুন জন্ম দিলেন এক শিশুপুত্রের। নাম রাখা হল – কাজী নজরুল ইসলাম। জন্ম নিলেন বাঙালির দ্রোহের সর্বাধিনায়ক যার 'এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী- আর হাতে রণতূর্য'!

এরপর কত ঝড়ো হাওয়ার ঝাপটা শিশু নজরুলের জীবনে! পিতার মৃত্যুর হল আট বছর বয়সে। সেই থেকে শুরু তাঁর বেঁচে থাকার সংগ্রাম। লেটোর দলে- তারপর চা-রুটির দোকানে শিশুশ্রমিক। সারাদিন কাজ- রাতে এক বাড়ীর সিঁড়িঘরে ঘুমানো্‌… এর ওর দয়ায় স্কুলে ভর্তি হওয়া… স্রোতের শ্যাওলার মতো এভাবে ঘাটে অঘাটে ভাসতে ভাসতে বালক থেকে কিশোর হলেন নজরুল। শাপে বর হল এতে। গণমানুষের পাঠশালায় শিখলেন জীবনের পাঠ। বেঁচে থাকার যুদ্ধে হিন্দু-মুসলমান, গ্রাম্য-শহুরে, জ্ঞানী-নিরক্ষর বিচিত্র সব মানুষের পেলেন ঘনিষ্ঠ সাহচর্য। সাধারণ মানুষের প্রতিদিনের দুঃখ বঞ্চনার প্রত্যক্ষ অভিজ্ঞতা না থাকলে কি এমন বজ্রভেদী শিকল ভাঙ্গার গান গাইতে পারতেন! হিন্দু-মুসলমান সব ঘরে ঘর না পাতলে এভাবে কি বলতে পারতেন- 'হিন্দু না ওরা মুসলিম ঐ জিজ্ঞাসে কোন জন?/কাণ্ডারী! বল ডুবিছে মানুষ, সন্তান মোর মা'র!'

তারপর তরুণ নজরুল। চোখের সামনে অগ্নিগর্ভ এক সময়। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। চলছে স্বদেশী আন্দোলন। গড়ে উঠছে ব্রিটিশ শাসনবিরোধী গুপ্ত বিপ্লবী প্রতিষ্ঠান। মাষ্টার দা সূর্য সেনের সতীর্থ নিবারণ ঘটককে পেলেন শিক্ষকরূপে। হাতেখড়ি হল নবতর বোধের- বিপ্লব, পরাধীনতা আর দেশের জন্যে যুদ্ধের। ম্যাট্রিক পরীক্ষা সামনে। দশম শ্রেণির ছাত্র নজরুল যুদ্ধে যাবার আগে বন্ধুদের শুধু বলে গেলেন- এই যুদ্ধবিদ্যা দিয়ে সেনাবাহিনী গড়ে ইংরেজদের হাত থেকে দেশকে মুক্ত করাই তাঁর সংকল্প। পরের ইতিহাস সবার জানা। ফিরে এসে দু'হাতে লিখতে লাগলেন নজরুল। সওগাত, বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা, প্রবাসী আর মোসলেম ভারত পত্রিকায়। ছাপা হতে লাগল 'শাত-ইল-আরব', 'খেয়াপারের তরণী', 'কামাল পাশা', 'বিদ্রোহী' ইত্যাদি একটার পর একটা আলোড়ন তোলা কবিতা! এরপর বাধভাঙ্গা বন্যার মতো কবিতা আর গানের ঢল নামল- বিজলী, ধুমকেতু, নবযুগ পত্রিকায় আর এইচ এম ভি গ্রামোফোন রেকর্ডে।

ক্রান্তদর্শী নজরুল একাধারে রচনা করে চলেছেন অসাধারণ সব ইসলামী গজল আর শ্যামাসংগীত। বাঙালির হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনার ধারায় স্নাত হয়ে। সেই চেতনা বাঙালির লৌকিক ধর্মের চেতনা। উঠে এসেছে সমাজের ধুলোকাদা গায়ে মাখা গণমানুষের সংস্কৃতি–রুচি-মননের অনুগামী হয়ে। সেখানে কোরান পুরাণে বিবাদ নেই। সকলেই এক স্রষ্টার সৃষ্টি। বিধিবদ্ধ কঠোর ধর্মীয় অনুশাসন এ মাটির সহজিয়া ভক্তিবাদের জারক রসে জারিত হয়ে মানবিক রূপ পেয়েছে। তাই নজরুল বলতে পেরেছেন, 'আমাকে কেবল মুসলমানের বলে দেখবেন না। আমি আসব হিন্দু- মুসলমান সকল জাতির ঊর্ধ্বে যিনি একমেবাদ্বিতীয়ম, তাঁরই দাস হয়ে।'

এই লৌকিক ধর্ম চেতনায় ব্রাহ্ম ধর্মে পড়ে ইসলামী প্রভাব। বাউল বৈষ্ণবরা দিতে থাকেন উদার মানবতাবাদী শিক্ষা। ইসলাম অনুরাগী রাজা রামমোহন রায় সঙ্কল্প করেন মহানবীর জীবন গাঁথা রচনার। বিবেকানন্দ উপলব্ধি করেন 'বৈদান্তিক মাথা আর ইসলামিক দেহ' নিয়েই গড়ে উঠতে পারে সুষ্ঠু সমাজ। 'সঞ্চয়', 'সমাজ' ইত্যাদি গ্রন্থে কবিগুরু ইসলামী মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন। এই চেতনায় হিন্দুসন্তান গিরিশ চন্দ্র সেন কোরানের প্রথম বাঙলা অনুবাদ প্রকাশ করেন। কৃষ্ণকুমার মিত্র রচনা করেন মহানবীর জীবনচরিত। আর উপমহাদেশের প্রখ্যাত অসাম্প্রদায়িক রাজনীতিক মাওলানা আবুল কালাম আজাদ তাঁর ঐতিহাসিক গ্রন্থ India Wins Freedom' এর বিক্রয়লব্ধ টাকা মুসলিমের হিন্দু ধর্মের উপর আর হিন্দুর মুসলিম ধর্মের উপর সুলিখিত কোন রচনার জন্যে রেখে যান।

আশ্চর্যের কথা, লেখক হুমায়ুন আজাদ এই লৌকিক ধারায় ইসলামি গজল আর শ্যামাসঙ্গীত রচনার জন্যে তীব্র সমালোচনা করে নজরুলকে 'বাঙলা ভাষার বিভ্রান্ত আর কুসংস্কার-উদ্দীপ্ত লেখকদের প্রধান' বলে নিন্দা করেছেন। তাতে অবশ্য এই অপরাজেয় কবির কিছু যায় আসে না। কিছু যায় আসে না এই সব যুগস্রষ্টা মনীষীদেরও। তাঁরা জানতেন, সাম্প্রদায়িক ধর্মান্ধতার বিস্তারকারীরা হচ্ছে মানবধর্মের মূল সত্যের শত্রু। সেই শত্রুর বিরুদ্ধে লড়তে হলে মানবধর্মের মূল সত্যের ধারক গণমানুষকে সংগঠিত করতে হবে। তখন গণমানুষ পারস্পরিক শ্রদ্ধার লৌকিক ধর্মচর্চার আদর্শিক হাতিয়ারে রুখে দেবে শাস্ত্রীয় ধর্মের নামে ক্ষমতাবানদের কর্তৃত্ব। নব্য প্রগতিশীলদের মতো নজরুল গণমানুষের হাজার বছরের ধর্মবোধ, অধ্যাত্বচিন্তা আর পুরুষানুক্রমিক সংস্কৃতি পত্রপাঠ বিদায় করার হঠকারী চিন্তা করবেন না এটাই তো স্বাভাবিক।

'দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার/ লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুঁশিয়ার' বলে তিনি সাবধান করেছিলেন আমাদের। আমরা সাবধান হইনি। আমরা সভা- অনুষ্ঠানে 'বিদ্রোহী' আবৃত্তি করি, নিজেরা বিদ্রোহ করার কথা ভাবি না। শিল্পকলার মঞ্চে আমাদের ছেলেমেয়েরা নৃত্য পরিবেশন করে- 'কারার ঐ লৌহ কপাট- ভেঙে ফেল্ কর্ রে লোপাট…'।আমরা মুগ্ধ হই। কিন্তু আমাদের কুসংস্কার, গোঁড়ামি আর নির্লিপ্ততার লৌহ কপাটে টোকা দিতেও ভুলে যাই আমরা।

দৃশ্যত এদেশের শিক্ষা-সুবিধাপ্রাপ্ত নাগরিক শ্রেণীর অধিকাংশের মন থেকে মুছে গেছেন তিনি। অনুষ্ঠান আয়োজনে তাঁর নাম বলাবলি হয় বটে– তবে তা স্মরণের মোড়কে তাঁর জীবনদর্শন বিস্মরণের বৈধতার অভিনীত পালা ছাড়া বেশি কিছু নয়। যেভাবে আমাদের ন্যায় নীতির বোধ- আমাদের মনুষ্যত্বের গৌরব বিলীন হয়ে গেছে- তেমনিভাবে বিলীন হয়ে গেছেন তিনি বাঙালির চেতনার আকাশ হতে।

আজ স্বপ্নের মতো মনে হয়– রাঢ়বঙ্গের মাটি থেকে উৎসারিত নিম্নবর্গীয় কণ্ঠটি– বজ্রনিনাদে 'সব বাধা ব্যবধান এক' করে দেয়া সাম্যের কথা বলত! ধর্মীয় সাম্প্রদায়িকতায়- লিঙ্গ বৈষম্যে- সামাজিক অসাম্যে– সব অন্যায়ের বিরুদ্ধে ত্রিশূল তলোয়ারের যুদ্ধসাজে ধুমকেতুর ঝাণ্ডা হাতে দশ-দিগন্ত কাঁপিয়ে এসে দাঁড়াতেন বাঙালির দ্রোহের সর্বাধিনায়ক- কাজী নজরুল ইসলাম!

অথচ- সাঁতার না জানা এ জাতির অসহায়ভাবে ডুবে মরার এই দুর্দিনে আর কে হতে পারেন 'দুস্তর পারাবারের' কাণ্ডারী- তিনি ছাড়া? কে শেখাবে 'মাতৃমুক্তির' মন্ত্র? তাঁর পারস্পরিক শ্রদ্ধার লৌকিক ধর্মচর্চার শ্যামাসংগীত আর ইসলামী গজলের যুগলবন্দী ছাড়া কি বন্ধ করা যাবে স্বার্থ উদ্ধারের ধর্ম বিদ্বেষ? কালের শিলায় খোদাই করা অক্ষরে তিনিই তো লিখবেন 'মানুষের চেয়ে মহীয়ান' আর কিছু নেই! 'উৎপীড়িতের ক্রন্দনরোল' না থামা পর্যন্ত যে প্রলয়যুদ্ধের মহাঘোষণা তিনি জারি রেখেছেন- তাতে শামিল হওয়া ছাড়া তাঁকে শ্রদ্ধা জানাবার আর কোনো পথ খোলা নেই।

Image
Flag Counter