২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৮ ফাল্গুনে ২১ ফেব্রুয়ারি এবং ১ বৈশাখে ১৫ এপ্রিল : সমীচীন ও সম্ভব

asad_ullah

Published : 13 Apr 2015, 08:30 PM

Updated : 23 Jun 2022, 04:05 PM

আমাদের ভাষাদিবস ২১ ফেব্রুয়ারি। ১৯৫২ সালের এই দিনে রফিক, সালাম ও বরকতসহ অনেকেই মাতৃভাষার জন্য রক্ত দেন; প্রাণ দেন। মহান একুশ আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মায়ের ভাষায় কথা বলার অধিকার অন্যতম মৌলিক অধিকার, যার অপর নাম বাক স্বাধীনতা। একটি পরিচিত স্লোগান– 'একুশ আমাদের পরিচয়'। শুধু তাই নয়; ২১ বাঙালির ডাকঘর। মহান ২১ আমাদের ঠিকানা। স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের বন্ধুর পথে ২১ হচ্ছে বাতিঘর। চেতনার ধ্রুবতারা। দিগভ্রান্তের দিগদর্শন। সে-ই ২১ আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

সেই একুশ সংঘটিত হয়েছিল ৮ ফাল্গুন, ১৩৫৮ বাংলা সন। বর্তমান সরকারি ক্যালেন্ডার মতে ৮ ফাল্গুনে ২১ ফেব্রুয়ারি পড়ে না। আমার ব্যক্তিগত সংগ্রহে রক্ষিত ১৯৯২ সালের একটি ডায়েরিতে দেখলাম ৮ ফাল্গুন ২১ ফেব্রুয়ারি; ১ বৈশাখ ১৫ এপ্রিল। ন্যাশনাল ডায়েরি ২০০৪-এ ১ বৈশাখ ১৪ এপ্রিল। অর্থাৎ এ এক বিভ্রান্তি; বিশৃংখলা। তবে নিয়মিতভাবে যদি ১ বৈশাখে ১৫ এপ্রিল হয় এবং ৮ ফাল্গুনে ২১ ফেব্রুয়ারিকে প্রাসঙ্গিক বা সমান্তরাল সমান করা যায়, তাহলে বাঙালির মহান অবিনাশী–মাথা নত না করার চেতনার ৮ ফাল্গুন আর ২১ এর ব্যবধান থাকে না।

এ জন্যই ড. মুহম্মদ শহীদুল্লাহর কমিটির কেউ কেউ ৮ ফাল্গুন ও ২১ ফেব্রুয়ারির প্রাসঙ্গিকতার কথা বলেছিলেন। তারা প্রস্তাব করেছিলেন, ১ বৈশাখ হবে ১৫ এপ্রিল। এভাবে একদিন করে পিছিয়ে পিছিয়ে ২১ ফেব্রুয়ারিতে ৮ ফাল্গুন মিলে যায়। তাহলে কেন মেলানো হল না? কারণ তো কিছু আছেই। অন্যতম কারণ হচ্ছে রাশি, নক্ষত্র ও তিথি।

ড. মুহম্মদ শহীদুল্লাহর কমিটির ১ নম্বর সিদ্ধান্তে বলা হয়েছে, "যেহেতু রাশি, নক্ষত্র এবং ঋতুর সঙ্গে বাংলা মাসের পর্যায়ক্রম নির্ণয় করা হয়, সে জন্য বৈশাখ মাস পহেলা এপ্রিল হইতে গণনা করা সম্ভবপর নহে।"
এ সিদ্ধান্তের আলোকে কমিটির ১ নম্বর সুপারিশ ছিল, "বর্তমান বাংলা মাসের তারিখ গণনা অত্যন্ত দুষ্কর বিধায় ১৩৭১ সালের (১৯৬৪ সালের ১৪ এপ্রিল) বৈশাখ হইতে প্রতিবছর ভাদ্রমাস পর্যন্ত ৩১ দিন এবং আশ্বিন থেকে চৈত্র পর্যন্ত প্রতিমাস ৩০ দিনে গণনা করা হউক।"
বর্ষ পরিক্রমায় মাস ও তারিখ নির্ণয়ে রাশি, নক্ষত্র ও তিথির ভূমিকা গুরুত্বপূর্ণ। ঋতুর আবর্তনও হাজার বছরের সংস্কৃতির মহান ঐতিহ্য। যা ইচ্ছা করলেই রাজাদেশে পরিবর্তনীয় নয়। তবু চান্দ্র সনকে সৌরবর্ষে রূপান্তরিত করার প্রক্রিয়াকে বিজ্ঞানভিত্তিক করার চেষ্টা হয়েছে। সে প্রচেষ্টায় অনেক কিছুই গ্রহণ ও বর্জন করতে হয়েছে। বর্জন করতে হয়েছে নক্ষত্রে চাঁদের অবস্থানের হিসেব। সেই সঙ্গে সূর্যাস্তের পর থেকে দিনের শুরু ধরে সূর্যাস্ত পর্যন্ত পূর্ণ এক দিনের হিসাব পরিহার করতে হয়েছে। দিনের সঙ্গে অমাবস্যা পূর্ণিমার সংশ্লিষ্টতাও গণ্য রইল না। অপরদিকে অন্তর্জাতিক নিয়মে রাত ১২টার পর থেকে দিনের শুরু ধরে ২৪ ঘণ্টা পর রাত ১২টায় দিনের সমাপ্তে গণ্য করার নিয়ম গ্রহণ করা হল। ইংরেজি অধিবর্ষের ফাল্গুন মাস ৩১ দিনে ধরা হল। অর্থাৎ সমন্বয়ের স্বার্থে খ্রিস্টীয় অব্দে বাংলা মাসের ১ দিন যোগ করে নেওয়ার বিধান গ্রহণ করা হল; চলিত বঙ্গাব্দে সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য না হলেও। এ গ্রহণ-বর্জন ও সমন্বয়ের পালায় আরেকটু সদিচ্ছার দাবি পূরণ হলে ৮ ফাল্গুন ও ২১ ফেব্রুয়ারির প্রাসঙ্গিকতা স্থাপিত হতে পারত। ভূপেন হাজারিকার গাওয়া গত শতকের অন্যতম সেরা গানে যেমন আছে–'বল কী তোমার ক্ষতি/জীবনের অথই নদী/ পার হয় তোমাকে ধরে/দুর্বল মানুষ যদি'।
তেমনি বাঙালির জাতিসত্তার অন্যতম আলোকবর্তিকা যে একুশ অর্থাৎ একুশে ফেব্রুয়ারি, যা ১৯৫২ সালের বঙ্গাব্দের ফাল্গুন মাসের ৮ তারিখ; সেই একুশকে যদি প্রাসঙ্গিক করতে গিয়ে ১ বৈশাখ আরেক দিন পিছিয়ে ১৫ এপ্রিল হয়- তাহলে কী এমন ক্ষতি?
বোধ করি ক্ষতি নেই; বরঞ্চ অর্জনের পাল্লাই ভারী হয়ে থাকবে। কেননা, আজও জাতিসত্তাসচেতন অনেক নরনারীর আকাঙ্ক্ষা একুশে হোক ৮ ফাল্গুন। একুশ আর আট ফাল্গুন প্রাসঙ্গিক হলে সেই আশা পূরণের সমস্যা থাকে না। একুশ বর্জন করে আট ফাল্গুন গ্রহণ করার প্রয়োজন হয় না।
১৪০০ সালে ফাল্গুন মাস ৩১ দিন ধরা হয়নি ৪০০ দ্বারা বিভাজ্য নয় বলে। অথচ ৪ দ্বারা বিভাজ্য। রক্ত ও ঐতিহ্যের সংরক্ষণ সুদৃঢ় করার স্বার্থে অন্তত একবার ফাল্গুনকে ১ দিন বাড়িয়ে ৩১ দিন ধরা যায়। এতে অধিবর্ষ না হলেও বছরটি ৩৬৫ দিনের হয়। হোক, ক্ষতি নেই। ফায়দা হল, ১ বৈশাখ ১ দিন পিছাবে। ১৫ এপ্রিল পহেলা বৈশাখ হবে। স্বয়ংক্রিয়ভাবে ধারাবাহিকতায় ৮ ফাল্গুন একুশে ফেব্রুয়ারি মিলে যাবে।

ইউরেকা ! পেয়ে গেলাম। কবি মুহম্মদ নূরুল হুদা বলেছেন, 'যতদূর বাংলাভাষা ততদূর এই বাংলাদেশ।'
কবিকথিত এই সমগ্র বাংলাভাষা দেশজুড়ে একুশে ও ৮ ফাল্গুন প্রাসঙ্গিক হয়ে থাকবে।
একুশ ইতোমধ্যে বাংলাদেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে এবং উদযাপিত হচ্ছে। তাই তা বর্জনের প্রশ্নই ওঠে না। আমাদের শিল্পসাহিত্যের চেতনাসমগ্রের মহীরূহটি একুশ নামেই পরিচিত। এ জন্যেই একুশ আমাদের পরিচয়।

বসন্ত ঋতুর আদি মাস ফাল্গুন যৌবন ও চেতনার নতুনত্বের প্রতীকী মাস। চরিত্রগুণে একুশ ও ফাল্গুন যমজ সন্তানের মতো যেমন ও তেমন। কাজেই ৮ ফাল্গুন ও একুশের প্রাসঙ্গিকতা প্রতিষ্ঠা পেলে জাতীয় ঐক্যই প্রতিষ্ঠা পাবে। অসংখ্য দেশপ্রাণ নরনারীর মানসিক আকাঙ্ক্ষা পূরণ হবে। অন্যদিকে বর্ষ পরিক্রমায় দিন-তারিখের প্রাসঙ্গিক শৃঙ্খলাও ঠিক থাকে।
তাছাড়া মহামতি আকবরের সময়ে ১৫৮৫ খ্রিস্টাব্দে প্রথম বাংলা সন প্রকাশকালে ১ বৈশাখ ছিল ১০ বা ১১ এপ্রিল। আজ আমরা যৌক্তিক কারণেই কিন্তু তিন-চারদিন পিছিয়ে ১৪ এপ্রিল ১ বৈশাখ মানছি। বৃহত্তর জাতীয় স্বার্থে রক্তরঙিন ৮ ফাল্গুনের গুরুত্ব প্রতিষ্ঠার মহৎ উদ্দেশ্যে আরও একদিন পিছিয়ে ১৫ এপ্রিল পহেলা বৈশাখ হলে বঙ্গাব্দই গৌরবান্বিত হয়ে থাকবে। আমাদের বর্তমান বাংলাদেশে সরকারি ক্যালেন্ডার মতে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ। হিন্দু সম্প্রদায়ের থেকেই আজও ১ দিন পর সনাতনী মতে পহেলা বৈশাখ পালন করে ১৫ এপ্রিল। তারা লোকনাথ পঞ্জিকা মতে চৈত্রসংক্রান্তি উদযাপন করে ১৪ এপ্রিল। ওইদিন হিন্দু সম্প্রদায়ের লোকেরা নিরামিষ, তিতা ও পাচন ভোজন করে। বাংলাদেশের পহেলা বৈশাখে তারা প্রাণ খুলে একাত্ম হতে পারে না। মিষ্টান্ন খেতে পারে না। কারণ ওইদিন তাদের হিসেবে চৈত্রসংক্রান্তির দিন।

বস্তুত ১৫ এপ্রিল পহেলা বৈশাখ হলে, ৮ ফাল্গুন ও ২১ ফেব্রুয়ারি শুধু প্রাসঙ্গিক হবে না; হিন্দু সম্প্রদায়ও পহেলা বৈশাখে বাংলা নববর্ষ স্বতঃস্ফূর্তভাবে উদযাপন করবে। লোকনাথ ডাইরেক্টরি ও মোহাম্মদি পঞ্জিকার বিদ্যমান গরমিল আর থাকবে না। পশ্চিম বঙ্গ, আসাম ও ত্রিপুরার একদিন আগেই বাংলাদেশে বাংলা নববর্ষ উদযাপনের প্রয়োজন হবে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে পহেলা বৈশাখে নববর্ষ হয়ে উঠবে সর্বজনীন আনন্দ-আয়োজন, জাতীয় উৎসব।

বাংলা একাডেমির ১৩৭৩ বঙ্গাব্দের দিনপঞ্জিতে ১ বৈশাখ ও ১৫ এপ্রিল প্রাসঙ্গিক ছিল। ৮ ফাল্গুন ও পহেলা বৈশাখের বিষয়টি মনে রেখে বর্তমান পদ্ধতিতে ফাল্গুন অথবা চৈত্রকে শুধু এক বছরের জন্য ৩১ দিন ধরলেই সব মিলে যায়। ইতিহাস ও বিজ্ঞানের নিরিখেই তা করা যেতে পারে। এটাই আমার প্রস্তাব ও সুপারিশ।

খ্রিস্টাব্দের বঙ্গাব্দ ও প্রস্তাবিত প্রাসঙ্গিক তারিখ-বিন্যাস

বঙ্গাব্দ খ্রিস্টাব্দ
১৪২১-১২ ২০১৪-১৫
০৮ ফাল্গুন ফেব্রুয়ারি ২১ (প্রতিস্থাপিত ধরে নিয়ে)
১৫ ফাল্গুন ফেব্রুয়ারি ২৮
১৬ ফাল্গুন মার্চ ০১
৩০ ফাল্গুন মার্চ ১৫
০১ চৈত্র মার্চ ১৬
১৬ চৈত্র মার্চ ৩১
১৭ চৈত্র এপ্রিল ০১
৩০ চৈত্র এপ্রিল ১৪
০১ বৈশাখ/১৪২১ এপ্রিল ১৫
১৬ বৈশাখ এপ্রিল ৩০ (প্রাসঙ্গিক হল)
১৭ বৈশাখ মে ০১
৩১ বৈশাখ মে ১৫
০১ জ্যৈষ্ঠ মে ১৬
১৬ জ্যৈষ্ঠ মে ৩১
১৭ জ্যৈষ্ঠ জুন ০১
৩১ জ্যৈষ্ঠ জুন ১৫
০১ আষাঢ় জুন ১৬
১৫ আষাঢ় জুন ৩০
১৬ আষাঢ় জুলাই ০১
৩১ আষাঢ় জুলাই ১৬
০১ শ্রাবণ জুলাই ১৭
১৫ শ্রাবণ জুলাই ৩১
১৬ শ্রাবণ আগস্ট ০১
৩১ শ্রাবণ আগস্ট ১৬
০১ ভাদ্র আগস্ট ১৭
১৫ ভাদ্র আগস্ট ৩১
১৬ ভাদ্র সেপ্টেম্বর ০১
৩১ ভাদ্র সেপ্টেম্বর ১৬
০১ আশ্বিন সেপ্টেম্বর ১৭
১৪ আশ্বিন সেপ্টেম্বর ৩০
১৫ আশ্বিন অক্টোবর ০১
৩০ আশ্বিন অক্টোবর ১৬
০১ কার্তিক অক্টোবর ১৭
১৫ কার্তিক অক্টোবর ৩১
১৬ কার্তিক নভেম্বর ০১
৩০ কার্তিক নভেম্বর ১৫
০১ অগ্রহায়ণ নভেম্বর ১৬
১৫ অগ্রহায়ণ নভেম্বর ৩০
১৬ অগ্রহায়ণ ডিসেম্বর ০১
৩০ অগ্রহায়ণ ডিসেম্বর ১৫
০১ পৌষ ডিসেম্বর ১৬
১৬ পৌষ ডিসেম্বর ৩১
১৭ পৌষ জানুয়ারি ০১
৩০ পৌষ জানুয়ারি ১৪
০১ মাঘ জানুয়ারি ১৫
১৭ মাঘ জানুয়ারি ৩১
১৮ মাঘ ফেব্রুয়ারি ০১
৩০ মাঘ ফেব্রুয়ারি ১৩
০১ ফাল্গুন ফেব্রুয়ারি ১৪
০৮ ফাল্গুন ফেব্রুয়ারি ২১
১৫ ফাল্গুন ফেব্রুয়ারি ২৮ (২১ ফেব্রুয়ারি ও ৮ ফাল্গুন প্রাসঙ্গিক মিলে গেল)
১৬ ফাল্গুন মার্চ ১
৩০ ফাল্গুন মার্চ ১৫
০১ চৈত্র মার্চ ১৬
১৬ চৈত্র মার্চ ৩১
১৭ চৈত্র এপ্রিল ০১
৩০ চৈত্র এপ্রিল ১৪
০১ বৈশাখ ১৪২২ এপ্রিল ১৫ (১৫ এপ্রিল ও ১ বৈশাখ প্রাসঙ্গিক হল এবং হতেই থাকবে)

অধিবর্ষে ফেব্রুয়ারি-ফাল্গুন ও মার্চ-ফাল্গুনের প্রাসঙ্গিকতা
১৪২২ ২০১৬
৮ ফাল্গুন ফেব্রুয়ারি ২১
১৫ ফাল্গুন ফেব্রুয়ারি ২৮
১৫ অ ফাল্গুন (অ-তে অধি) ফেব্রুয়ারি ২৯
১৭ ফাল্গুন মার্চ ০১
৩১ ফাল্গুন মার্চ ১৫
০১ চৈত্র মার্চ ১৬ প্রাসঙ্গিক মিলে যায়।
১৬ চৈত্র মার্চ ৩১
১৭ চৈত্র এপ্রিল ০১
৩০ চৈত্র এপ্রিল ১৪
০১ বৈশাখ/১৪২৩ এপ্রিল ১৫ (প্রাসঙ্গিক মিলে গেল) প্রাসঙ্গিক অটুট রইল।

উল্লিখিত প্রাসঙ্গিক বিন্যাস পর্যালোচনায় দেখা যায় যে, সাধারণ বর্ষে ১ মার্চে ১৬ ফাল্গুন হয়। ১৫ মার্চে ৩০ ফাল্গুন। কিন্তু অধিবর্ষে ফেব্রুয়ারির ১ দিন বৃদ্ধি বা যোগ হওয়ায় মাসান্ত ২৯ তারিখে; যার প্রাসঙ্গিক হয় ১৬ ফাল্গুন। ফলে ১ মার্চে পড়ে ১৭ ফাল্গুন। আর বাংলা মাসের বর্ধিত দিনটি মাস শেষে যোগ হওয়ায় ১৫ মার্চে পড়ে ৩১ ফাল্গুন। ১ চৈত্র যথারীতি ১৬ মার্চে অটুট থাকে। বস্তুত খ্রিস্টাব্দ ও বঙ্গাব্দের মাসের আদি, মধ্য ও শেষটায় প্রায় ১৫ দিনের ব্যবধান। অধিবর্ষে ফেব্রুয়ারি মাসের একদিন বৃদ্ধি পেয়ে যখন মাস শেষ হয়, তখন ফাল্গুনের মধ্যভাগ। সেই একদিন ফাল্গুনের শেষে যোগ হয়ে বছরে দিনের সংখ্যাসাম্য ৩৬৬ বজায় থাকে। শুধু ঘটনাটা এই যে, ফেব্রুয়ারির একদিন বাংলা মাস শেষ হওয়ার ১৫ দিন আগে বৃদ্ধি পায়। অর্থাৎ ফাল্গুনের একদিন বৃদ্ধি পায় ফেব্রুয়ারি শেষ হওয়ার ১৫ দিন পর। ফলে মার্চের ১৬ তারিখের সঙ্গে ১ চৈত্রের প্রাসঙ্গিকতার কোনো ব্যতিক্রম হয় না।
সংক্ষেপে বললে বলা যায়–বিশ্বের দেশে দেশে অধিবর্ষ অনুসরণ করা হয় সময়ের হিসাব যথাসম্ভব বিজ্ঞানভিত্তিক করবার জন্যই।
সৌরবর্ষ বস্তুত প্রায় ৩৬৫.১/৪ দিনে। সাধারণ বছর গণনা করা হয় ৩৬৫ দিনে। ১/৪ দিন বা ৬ ঘণ্টা বাদ পড়ে রয়। পরিপূর্ণ হিসাবে সৌরবর্ষ হয়ে থাকে আসলে ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭.৫ সেকেন্ডে। ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭.৫ সেকেন্ডকে ৬ ঘণ্টা ধরে নেওয়া হয়। তাই ৪ বছর পরপর বা প্রত্যেক ৪র্থ বছরে ২৪ ঘণ্টা তথা একদিন বাড়তি ধরা হয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে হিসাব মিলকরণের জন্যই একদিন যোগ করা হয়। সেই বাড়তি দিনটি ২৯ ফেব্রুয়ারি।
বাড়তি দিনের বছরটিই Leap year বা অধিবর্ষ। একে অতিবর্ষও বলা হত। অধিবর্ষের ফাল্গুনকে বলা হয় মহাফাল্গুন। চমৎকার ধ্বনিময় শব্দ; ব্যঞ্জনাময় নাম–মহাফাল্গুন। অধিবর্ষে ১ মার্চ ১৬ ফাল্গুন না হয়ে ১৭ ফাল্গুন হয়, হোক। ১৫ মার্চ ৩০ ফাল্গুন না হয়ে ৩১ ফাল্গুন হয়- হোক। ১৬ মার্চ ১ চৈত্র ঠিক থাকছে। ফলে আবার ১৫ এপ্রিল ১ বৈশাখ হচ্ছে। বছর ঘুরে ২১ ফেব্রুয়ারির প্রাসঙ্গিক ৮ ফাল্গুন ঠিকই থাকছে। অতএব কেন নয় ৮ ফাল্গুনে মহান ২১? 'সাপও মরল, লাঠিও ভাঙল না।'
শুধুমাত্র ১ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত বাংলা তারিখের প্রাসঙ্গিকতা একদিন পিছিয়ে যায়। অর্থাৎ সাধারণ বর্ষে পরপর তিনবছর ১ মার্চ ১৬ ফাল্গুন হয়; কিন্তু অধিবর্ষে ১ মার্চ হবে ১৭ ফাল্গুন। তেমনি ১৫ মার্চ হবে ৩১ ফাল্গুন; অথচ সাধারণ বর্ষে পরপর তিন বছর ১৫ মার্চ হয় ৩০ ফাল্গুন। এই ব্যতিক্রম প্রাসঙ্গিকতা মেনে নিয়েই তো বাংলা সনের পঞ্জিকা চালু রয়েছে। যা বিজ্ঞানসম্মত হতে হতেও ত্রুটিপূর্ণ রয়ে গেছে বৈকি।
একটু অন্য রকম অনুশীলনের অভ্যাসও করা যেতে পারে। সে ক্ষেত্রে খ্রিস্টাব্দ ও বঙ্গাব্দের তারিখের প্রাসঙ্গিকতার স্থায়ী রূপ দেয়া যায়। এ জন্য কেবল ঐকমত্য ও সদিচ্ছার প্রয়োজন। লিপ-ইয়ার বা অধিবর্ষের ফেব্রুয়ারি মাস ২৯ দিনের হয়। ২৮ তারিখের পর ক্রমানুযায়ী ২৯ তারিখ গণনা করা হয়। বর্তমান বাংলা পঞ্জিকা অনুসারে ২৯ ফেব্রুয়ারিতে ফাল্গুন মাসের ১৬ তারিখ হয়। ফলে ১ মার্চ ও ১৬ ফাল্গুনের প্রাসঙ্গিকতা অধিবর্ষে ঠিক থাকে না। পরবর্তী তিন বছর ২৮ ফেব্রুয়ারি ও ১৫ ফাল্গুন এবং ১ মার্চ ও ১৬ ফাল্গুনের প্রাসঙ্গিকতা অক্ষুন্ন থাকে। সাধারণ ও অধিবর্ষে বাংলা ও ইংরেজি মাসের প্রাসঙ্গিকতা অব্যাহতভাবে অটুট রাখার উপায় আছে। তবে তা মেনে নিতে হবে। খ্রিস্টাব্দের লিপ-ইয়ারে বাংলা সন জোড় কিংবা বেজোড় এবং ৪ দ্বারা বিভাজ্য হোক বা না হোক; তবু ফাল্গুন মাসে আমরা ১ দিন যোগ করি। এই যোগ করাটা হিসাবের শৃঙ্খলার স্বার্থে। তেমনি ২৯ ফেব্রুয়ারিকে যদি একটি ভিন্ন সংখ্যা দ্বারা পরিচিহ্নিত করা যায়; তা হলেই অধিবর্ষের জন্য ঐ চিহ্নটি নির্ধারিত হয়ে থাকবে। তারিখের প্রতীক ঐ চিহ্নটি হতে পারে ৯৯। ২৯ ফেব্রুয়ারিকে '৯৯' (লী) দ্বারা প্রকাশ নির্ধারিত হয়ে গেলে ১ মার্চের প্রাসঙ্গিক ১৬ ফাল্গুনই বজায় থাকে। বাংলা ভাষাভাষী মাত্রেই ফাণ্ডনের ৯৯ (লী) তারিখের উল্লেখমাত্রই বুঝে থাকবে তা ২৯ ফেব্রুয়ারি এবং অধিবর্ষের অতিফাল্গুন বা মহাফাল্গুন। ২৫শে বৈশাখ, ১১ই জৈষ্ঠ, ২২শে শ্রাবণ ও ১২ই ভাদ্র গণনা ও উদযাপনের জন্য খ্রিস্টাব্দের মাস ও তারিখের প্রয়োজন হয় না। তেমনি একদিন লী ফাল্গুনের জন্যও ২৯ ফেব্রুয়ারি মনে রাখা অত্যাবশ্যক হবে না। সাংস্কৃতিক অভ্যাস অপরিহার্য। তারিখটা ৯৯(লী) না হয়ে '১৫ অ' হতে পারে।
প্রশ্ন হতে পারে ২৯ ফেব্রুয়ারির প্রাসঙ্গিক ১৫অ বা ৯৯ কেন? '৯৯' একটি অপ্রচলিত বাংলা স্বরবর্ণ। ৯-এর পিঠে ৯ দিয়ে যে বর্ণ হয় তার নাম ছিল 'ল' । অর্থাৎ দীর্ঘ 'লি'। ৯ দ্বারা হ্রস 'লি'। ফাল্গুন ও ফেব্রুয়ারি আমাদের ভাষার মাস। বাংলা বর্ণমালা আমাদের প্রাণের অক্ষর।
মায়ের দুধের ধারা আর বাংলা বর্ণমালা আমাদের পরিপুষ্টি। মায়ের দুধে দেহ বলশালী হয়। মায়ের ভাষার বর্ণমালার পরিচয়ে মন বড় হয়। দু-ই আমাদের শক্তি ও চেতনার উৎস। সেই বর্ণমালার অপ্রচলিত একটি বর্ণ যদি ২৯ ফেব্রুয়ারির প্রসঙ্গিক হিসেবে পুনরায় জারি করা যায়, তা আমাদেরই অহংকার। প্রত্নরত্ন পাথরের মতো আরেকটি প্রত্নরত্ন– পুরনো বাংলা বর্ণ কেবল আবিষ্কৃত হল না; তার অনুশীলনও করা হয়ে থাকবে। ২৯ ফেব্রুয়ারিকে ৩১ ফাল্গুন ধরে নেওয়া যায় না। সম্ভব নয়। কেননা ১ মার্চ ১৬ বা ১৭ ফাল্গুন। তারিখের ধারাক্রম বজায় রাখার স্বার্থেই মাসের মাঝখানে ৩১ তারিখ ব্যবহার বিজ্ঞানঅসম্মত; শৃঙ্খলাপরিপন্থী। কিন্তু ইংরেজি তারিখ গণনার সে সমস্যা নেই। ধারাবাহিকভাবেই ২৮ এর পর ২৯ ফেব্রুয়ারি হয়। সেই ২৯ ফেব্রুয়ারি যদি আমরা প্রকাশ করি নতুন প্রতীকি সংকেত ৯৯ (লি) দিয়ে; তাহলে সমস্যা থাকে না। বাংলা সনের আধুনিক বর্ষপঞ্জিকা চালু হওয়ার পূর্বে কোনো কোনো মাস ২৯ ও ৩২ দিনে গণনা করা হত। নিরানব্বই কোনো মাসের তারিখ হতে পারে না। তাই নিরানব্বইয়ের মতো দেখতে ৯৯ (লি) দিয়ে মহাফাল্গুনের বাড়তি দিনের তারিখ বোঝানো যায়। বোঝা যায়।
তাছাড়া অধিবর্ষের কারণে ফাল্গুন মাস ৩১ দিনে হয়। অর্থাৎ দীর্ঘ হয়। ১ দিনের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এই দৈর্ঘ বুঝানোর জন্যও দীর্ঘ লি '৯৯' প্রযোজ্য হওয়া বিজ্ঞানসম্মত বিবেচনা করি। তাছাড়া দেখতে সংখ্যা মনে হলেও ৯৯ কোনো সংখ্যা নয়। বর্ণ। অংক ৯-এর বদলে বাংলা বর্ণ ৯ (লি) দ্বৈত ও যুক্ত হয়ে ৯৯ (লি) হয়। বস্তুত ৯৯ (লি) সংখ্যা নয় বর্ণ। বর্ণ হলেও সংখ্যার মতো। ৯৯ হচ্ছে আদতে ডিজিটাল লেটার বর্ণ।
মহাফাল্গুনের অতিরিক্ত দিনের তারিখ নির্দেশক হতেই পারে। সমস্যা তবু শেষ নয়। আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হওয়া দরকার। অন্যথায় লি ফাল্গুন বা ৯৯ ফাল্গুন চালু হওয়া সম্ভব নয়। সমস্যাটা হল ফাল্গুনের শেষ তারিখের উল্লেখপ্রক্রিয়া। ক্যালেন্ডার বা পঞ্জিকায় ২৯ ফেব্রুয়ারি লি (৯৯) ফাল্গুন ঠিক রাখা যাক। সে ক্ষেত্রে ১ মার্চ ১৬ ফাল্গুন। আসলে ২৯ ফেব্রুয়ারি ১৬ ফাল্গুন হওয়ার কথা। নতুন পদ্ধতি প্রয়োগের ফলে অধিবর্ষের বাড়তি দিনটি ১৫ ও ১৬ ফাল্গুনের মধ্যে গণ্য হল। ফাল্গুনের ১৬ তারিখে আসলে ১৭ দিন গত হবে। ৩০ তারিখে মোট ৩১ দিনের ফাল্গুন মাস শেষ হবে। আমার প্রস্তাবিত বাংলা সনের সংস্কার মেনে নিয়ে অন্তত এক বছর অধিবর্ষ ছাড়াই ফাল্গুন মাস ৩০-এর স্থলে ১ দিন বাড়িয়ে ৩১ দিন ধরতে হবে। এতে ১ চৈত্র ১ দিন পিছাবে; যথারীতি ১ বৈশাখ ১ দিন পিছিয়ে ১৫ এপ্রিলে প্রসঙ্গিক হবে। দিনে দিনে ৮ ফাল্গুন ও ২১ ফেব্রুয়ারি মিলে যাবে। এ ক্ষেত্রে বছরের শেষ মাস চৈত্রকেও ১ দিন বাড়িয়ে ৩১ দিন ধরা যায় । ৯৯ (লি) ফাল্গুনকে '১৫অ' দিয়েও চিহ্নিত করা যায়। ১৫অ হচ্ছে ১৫ অধি বা অধি ১৫। অ-তে অধি অর্থাৎ অধিফাল্গুন বা অতিফাল্গুন। '১৫অ'-ব্যবহারের একটা বিশেষত্ব হচ্ছে সংখ্যা ও বর্ণের সম্মেলন। বাংলা বর্ণ বা অক্ষরের নামকরণের তাৎপর্য যেমন উচ্চমার্গীয়; তেমনি তা গূঢ় রহস্যময়। বর্ণ অর্থ রং। অক্ষর অর্থ অ-ক্ষর অর্থাৎ যা ক্ষরিত হয় না; অটুট। অ হচ্ছে এমন একটি বর্ণাক্ষর বা অটুট রং; যার একটি অবস্থান আছে। হিন্দু তন্ত্রমতে অ-এর অধিষ্ঠান কন্ঠে অবস্থিত বিশুদ্ধ চক্রে। এ চক্রে ১৬টি (ষোল) দল বা বর্ণ রয়েছে। সাধন মার্গের এক উচ্চ অধিষ্ঠান-অ অক্ষর বা বর্ণ। বৌদ্ধ তন্ত্রমতে বক্ষ বা হৃদয়ের ধর্মচক্রে রয়েছে ৩২টি (বত্রিশ) দল বা বর্ণ। প্রথম বর্ণ বা অক্ষর হচ্ছে-অ। অর্থাৎ অ-যে অধি বা উচ্চ, তা সিদ্ধাদের সাধনাসূত্রেও জানা যায়। এ প্রেক্ষিতে অধি ফাল্গুনের অতিরিক্ত দিনের সংখ্যাস্মারক হিসেবে ১৫অ যথার্থ ও সমীচীন বলেই প্রতীয়মান হয়।
আর একটা কথা, অধিবর্ষে দর্শক ক্যালেন্ডার দেখে কী করে বুঝবে যে ৩০ ফাল্গুনের তারিখে মাসের ৩১ দিন গত হল। সমস্যাটার একটা গ্রামীণ বাস্তবতা তুলে ধরলে বোধকরি সহজ হয়। ছোটবেলায় (বিশেষ করে স্কুলের পরীক্ষার সময়) মা আমাদের জন্য দুধ রোজ নিতেন। আমার মায়ের মতো কোটি নারী ও জনসাধারণ ক্যালেন্ডারে ফাল্গুনের শেষ তারিখ ৩০ দেখে ভুল করা স্বাভাবিক। ৩০ তারিখ দেখে ৩০ দিনে সাড়ে সাত সের দুধের দাম দিতে গেলে দুধওয়ালার সঙ্গে কাইজ্যা হওয়ার আশংকা শতভাগ। কেননা অধিবর্ষের ফাল্গুন তো ৩১ দিনের। লি ফাল্গুনের রোজসহ দুধের পরিমাণ হয় পৌনে ৮ সের। এ অবস্থায় সর্বসাধারণের জন্য এমন কিছু জ্ঞাতব্য থাকা আবশ্যক, যা দেখে মার্চের ১৫ তারিখে ফাল্গুনের ৩০ তারিখ স্থায়ী প্রাসঙ্গিক বুঝালেও মাসের দিনের সংখ্যা ৩১ বুঝাবে। সেটা হতে পারে বৃত্তাবদ্ধ ৩০-৩১। এ প্রস্তাবটিও মেনে নিয়ে সরকারিভাবে চালু হলেই ভুল বুঝাবুঝির আর কোনো আশংকা থাকে না। বৃত্তাবদ্ধ ৩০ বড় হবে; ৩১ হবে ছোট। তবে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ও বিপ্লবী কাজ করা দরকার। সেটা হল :
১) বাংলা তারিখের ব্যবহার প্রধানত ঠিক রাখা।
২) বাংলা তারিখের পাশাপাশি প্রাসঙ্গিক ইংরেজি মাসের তারিখ (অন্তত সরকারি চিঠিপত্রে) লেখা।
৩) বাংলা সনের দেয়াল পঞ্জিকায় ছোট করে ইংরেজি মাসের তারিখ লেখা (বর্তমানে উল্টো হচ্ছে)।
৪) বঙ্গাব্দে অর্থ বছর চালু করা।

নির্দেশক :
১) বাংলা সনের জন্মকথা, মুহম্মদ আবূ তালিব; বাংলা একাডেমি।
২) অজয় রায়; বঙ্গাব্দের উৎস সন্ধান : একটি সমীক্ষা।