জয় নববর্ষ, জয় বাঙালির চিৎপ্রকর্ষ
বার মাস তের পার্বণের দেশ এই দেশ। আমার দেশ তোমার দেশ শতশতাব্দীর বাঙালির দেশ বাংলাদেশ। সেই দেশে আবার ফিরে এসেছে আম্রমঞ্জরীর ডাক। আজ পাখির ডাক। আজ ফুলের ডাক। আজ পহেলা বৈশাখ। আজ আকাশগঙ্গায় ঘুরপাক।
আসলে এটিই এই বছরের প্রথম অনুষ্ঠান। আসলে এটিই এই বছরের প্রধান অনুষ্ঠানও। এই একটি দিন প্রত্যেক ব্যক্তি-বাঙালির তো বটে, এমনকি সামষ্টিক বাঙালিরও আত্মদর্পণের দিন। সেহেতু আত্মদর্শনেরও। নয় শুধু তাদের, যারা এই দেশে থেকেও ছদ্ম-বিদেশি, যারা বাঙালি নাম নিয়েও ছদ্ম-বাঙালি। যারা পহেলা বৈশাখের চেয়ে ভিন্ন কোনো ভাষা-সংস্কৃতির নতুন বছরের প্রথম দিনটিকে অধিক মান্য বা পালনীয় বলে মনে করেন। এদেশে তেমন ছদ্ম-বাঙালির সংখ্যাও কম বলে মনে করি না। কেননা এদেশে আর যাই-হোক, অন্তত ইংরেজি নববর্ষ বাংলা নববর্ষের চেয়ে অনেক বেশি সাড়ম্বরে পালিত হয়। গতবার নববর্ষের এক নিবন্ধে এমন মন্তব্য রেখেছেন একালের এক প্রধান বাঙালি সিরাজুল ইসলাম চৌধুরী : 'আমাদের রাষ্ট্রীয় জীবনে পহেলা জানুয়ারি অনেক বেশি প্রভাবশালী পহেলা বৈশাখের চেয়ে।— পহেলা বৈশাখ আমাদের নিজস্ব, পহেলা জানুয়ারি বিদেশী।' আর এই বিদেশী জিনিসটা নিয়েই আমরা রাত বারোটা থেকে মাতামাতি করি। তাতে আমাদের নিজ সংস্কৃতির কতোটা বারোটা বাজলো, তা আর ভাবার সময় কই? এটি এক নব্যঔপনিবেশিক মানসিকতা নাকি আন্তর্জাতিক সাজার প্রতিযোগিতা, এ নিয়ে তর্ক হতে পারে। কিন্তু এটিই যে ঘটমান বাস্তবতা, এ নিয়ে দ্বিমত করার অবকাশ কোথায়?
এবারের নতুন বাংলা বছরটি ১৪২২। অর্থাৎ স্বীকৃত হওয়ার পর বাংলা সন গণনার ক্ষেত্রে আমরা প্রায় দেড়হাজার বছর পার হয়ে এসেছি। তার সঙ্গে পাল্লা দিয়ে পদ্মা-যমুনা-বুড়িগঙ্গা-সুরমা-কর্ণফুলী তথা বাংলার তাবৎ নদনদীও যেন বেগবতী হয়ে আছে অনন্ত অবধি। কতো-কিছু যে ঘটে গেল এই সুদীর্ঘ সময়ে। এলো অতিথির পর অতিথি, দখলকারের পর দখলকার, ঘাতকের পর ঘাতক, বর্গীর পর বর্গী। বাঙালি ধুতি-গামছা তহবন-লুঙ্গি ছেড়ে প্যাণ্ট-পাজামা শার্ট-পাঞ্জাবি থেকে ধরলো আরো কতো-কিছু। বদলে গেলে কতো পোশাকি ফ্যাশন। তবে লক্ষ কারার বিষয় এই যে, বাঙালি তার আদি রং-ঢং মেজাজ-মর্জি পাল্টালো না । শত বিকৃতির মধ্যেও বাঙালি আজো ধরে রেখেছে তার চিত্তের মৌলিক অভিব্যক্তি। এই তার নববর্ষ, এই তার চিৎপ্রকর্ষ।
আর কী আশ্চর্য, এই আলোকপথেই এলো বাঙালির মুক্তিসূর্য। রবীন্দ্রনাথের এককালের আড্ডাবাজ বাঙালি তক্তপোষ ছেড়ে রাইফেল-বেয়নেট হাতে মুক্তিযোদ্ধা হলো। স্বাধীনতা ছিনিয়ে আনলো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর ডাকে। প্রায় চৌদ্দশ বছরের বিবর্তনের পর বাঙালি নিজের পায়ে দাঁড়ালো। আর কী কা-, তার পরপরই ঘটতে লাগলো অবিশ্বাস্য সব ঘটনা। উল্টো পায়ে যেন হাঁটতে শুরু করলো স্মরণকালের শ্রেষ্ঠ সময়। মুহূর্তেই শ্রেষ্ঠ হয়ে উঠলো নিকৃষ্ট। ছদ্ম-বাঙালির হাতে সপরিবারে শহীদ হলেন জাতিপিতা। বাতাসে লাশের গন্ধ, আর পুরো দেশটাও যেন মৃত্যু উপত্যকা। সেই সুযোগে ঘাতকেরা আবার দখল করলো বাংলার মসনদ। জাতির পতাকা খামচে ধরলো পুরনো শকুন। কিন্তু না, বাঙালি হার মানতে জানে না। অন্ধকারের বিরুদ্ধে আবার শুরু হলো আলোর লড়াই। সেই লড়াইয়ে বিজয় ছাড়া আর কোনো বিকল্প নাই।
সেই তিমিরকা-ের পর থেকে বছরগুলোও যেন গড়াচ্ছে আলোর বেগে। এবারেও চোখের পলক ফেলার আগেই ফুরিয়ে গেল ১৪২১। নূতনের কেতন উড়ছে কিনা জানি না, আমরা কিন্তু সাধ্যমত জয়ধ্বনি করার প্রলয়োল্লাসে মেতেছি। কবিগুরুর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে প্রাণ খুলে গাইছি 'এসো হে বৈশাখ এসো এসো'। এই একটি মুহূর্তে আমরা প্রত্যেকে হয়ে গেছি একএকজন ঋষি তাপস। আমরা কেবল নিঃশ্বাস ফেলছি না, বরং সেই নিঃশ্বাসে প্রচ- ঝড়ের তা-ব তুলে মুমূর্ষুরে উড়িয়ে নিচ্ছি প্রবলতম বেগে। কিন্তু কে মুমূর্ষু, কে জরাজীর্ণ? যা-কিছু অতীত, যা-কিছু বিগত বছরের, তার সব কিছু তো পরিত্যাজ্য হতে পারে না। হতে পারে কেবল সেই সব, হতে পারে কেবল সেই তারা, যারা আমাদের এগিয়ে যাওয়ার পথে বিছিয়ে রেখেছে কাঁটা। যারা এদেশে থেকেও বাঙালিত্বকে অস্বীকার করছে, যারা কথায় কথায় গণতন্ত্রের মেকি বুলি আউড়ে ক্ষমতাতন্ত্রের মদমত্তে গণমানুষকে পুড়িয়ে মারছে, যারা নিরাপদ বেষ্টনীতে সুরক্ষিত থেকে সংসারী মানুষকে সাতদিন-চব্বিশ-ঘন্টা ঘরে-ও-বাইরে বিপন্ন করে রেখেছে। না, এমন অনিশ্চিতির দুর্দিন, এমন অকহতব্য দুর্দশা হাজার বছরে খুব কমই দেখেছে বাঙালি। ঘরের শত্রু বিভীষণ পুড়িয়ে মেরেছে তারই ঘুমন্ত স্বজনকে। অন্যকে পুড়িয়ে মেরে নিজেই কি চিরজীবিত থাকতে চায় সেই ঘৃণ্য আততায়ী? চায় বটে, কিন্তু পারে না। কেননা চোরের দশদিন তো, গেরস্থের অন্তত একদিন। তার চেয়েও বড় কথা, প্রকৃতির অপ্রতিরোধ্য প্রতিশোধ। যে অন্যকে পোড়ায় বিনা বিচারে, একদিন সে-ও পুড়ে নিঃশেষ হয় অনুরূপ বিচার-বহির্ভূত আগুনে। যে অন্যকে গুম করে, একদিন সে-ও গুম হয়ে যায় প্রকৃতির কুহক গর্তে। কবির বাণীই সত্য : 'বাংলার মাটি দুর্জয় ঘাঁটি চিনে নিক দুর্বৃত্ত'।
সেই দুর্জয় ঘাঁটিতে নতুন বছরের জয়ধ্বনি তোলে সংশপ্তক বাঙালি জনতা। আবালবৃদ্ধবনিতা। নজরুলের কণ্ঠে তারা প্রশ্ন করে : 'ধ্বংস দেখে ভয় কেন তোর? – প্রলয়-নূতন ছেদন-বেদন/ আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন'। এই অসুন্দরই প্রতিদ্বন্দ্বী তোমার-আমার, সকল নৈয়ায়িক বাঙালির। যা কিছু মানবিকতার বিপক্ষে তা-ই অসুন্দর। যা কিছু মানুষের পক্ষে তা-ই সুন্দর। যা সুন্দর তা-ই সত্য, যা সত্য তা-ই সুন্দর। নববর্ষের অরুণোদয়ে বাঙালি এই সুন্দরের কথা বলে, এই সুন্দরকে নিজের ভেতর জাগ্রত করে। নতুন সূর্যের প্রথম রশ্মি দিয়ে বাঙালি বানায় আলোকাস্ত্র। তার আঘাতে সে হনন করে তিমির, তার স্পর্শে সে পুনর্জীবিত করে বাংলার মানুষ-নদী-বৃক্ষ-পাখি-ফুল-ও-ফসল। তখন বজ্রে বজ্রে বাঁশি বাজায় মেঘদল। কালিদাস-জয়দেব-বিদ্যাপতি-চ-ীদাস-রবি-নজরুল-জীবনানন্দ আরো কতো কবি-গায়েন উড়ে আসে শঙ্খচিল শালিখের বেশে। কচি-আম-জল লবণ-পান্তা-ইলিশ দিয়ে সংক্রান্তির মুহূর্তে তৈরি হয় কিষাণির হাতের আমানি। সন্ধ্যায় হালখাতা, প্রভাতে পুণ্যাহ, দুপুরে মঙ্গল শোভাযাত্রা, আর দিনভর মেলা-বলিখেলা-গম্ভীরা-ষাঁড়ের লড়াই। এই নিয়েই চিরবহমান বাংলা ও বাঙালির সহেতুক বড়াই।
যুদ্ধে যুদ্ধে নয় মাস নয়, আসলে যুদ্ধে যুদ্ধে হাজার বছর। এই যুদ্ধ বাঙালির কৃষ্টিযুদ্ধ, এই যুদ্ধ বাঙালির সৃষ্টিযুদ্ধ। আর সেই কৃষ্টি ও সৃষ্টিযুদ্ধের নবায়নের মুহূর্ত প্রতিটি নববর্ষ। প্রতিটি নববর্ষের আলোকভোরে বাঙালির অঙ্গীকার নতুন মানবিক উৎকর্ষ। কৃষক বাঙালি হাল বায়, মাঝি বাঙালি ধরে হাল। এভাবেই এই জলে-মাটিতে, এই আকাশগঙ্গায় তামাটে বাঙালির বিজয় চিরকাল। আমরা উদযাপন করি সেই হর্ষ। জয় বাংলার নববর্ষ। জয় চিরবাংলার চিৎপ্রকর্ষ।
০১-০১-১৪২২বঙ্গাব্দ
