কবি আবুল হোসেন: স্মরণাঞ্জলি
"আবুল হোসেন উত্তর-রৈবিক উত্তর-নজরুল আমাদের প্রথম আধুনিক। রবীন্দ্রনাথ ও নজরুল–পূর্বসূরী এই দুজনের সংস্পর্শে তিনি এসেছিলেন; কিন্তু তাঁর কবিতাকে তিনি রচনা ক'রে নিয়েছেন এঁদের দুজনের তো নয়ই, ঠিক তিরিশের কবিদের আদর্শেও নয়।"
'কবি আবুল হোসেন', করতলে মহাদেশ, দ্বিতীয় সংস্করণ, শিল্পতরু, ঢাকা, ১৯৯৩
কবি আবুল হোসেনের কবিতাকে বুঝতে হলে প্রথমেই উপর্যুক্ত কথাগুলো মনে রাখলে সুবিধা হবে। আর, আরেকটি কথা মনে রাখতে হবে যে, কঠিন মননশীলতা দ্বারা পরিশ্রুত না করে কবিতাকে মুক্তি দিতেন না তিনি। তাঁর মতো এমন কঠোর পরিশীলনপ্রবণ কবি প্রায় দেখাই যায় না আমাদের দেশে। বয়স বাড়লে অনেকেরই শরীরের সঙ্গে মনেরও শৈথিল্য বৃদ্ধি পেতে দেখা গেছে। কবি আবুল হোসেন ছিলেন ব্যতিক্রম। জরা তাঁর শরীরকে খানিকটা কাবু করতে পারলেও মনকে একেবারেই পারে নি। বরং সবসময়ই দেখা গেছে তাঁর ব্যক্তিত্বে যুগপৎ স্নিগ্ধতা ও ঝাঁঝ একত্রবাস করেছে। তাঁর মুখে যেমন সর্বদা ছিল প্রসন্ন হাসি তেমনি ছিল ভাবগাম্ভীর্যেরও চিহ্ন। কবিতা থেকে তিনি ঝরিয়ে দিতে চেয়েছেন আবেগের ফেনা ও ভাবালুতার রং। কবিতার সংগ্রামে তাঁর এই বিশিষ্টতা চিহ্নিত হয়ে আসছে সেই চল্লিশের দশক থেকেই! সৃষ্টিকর্ম সংখ্যায় কম হলেও সক্রিয়তায় সবসময়ই ছিলেন ধারাবাহিক। গত ২৯ জুন ২০১৪ সালে, ৯২ বছরের পরিণত বয়সে তাঁর এই ধারাবাহিকতার অবসান ঘটল।
বাংলাভাষার প্রধান কবিমণ্ডলী রবীন্দ্রনাথ-নজরুল-জীবনানন্দ-জসীমউদদীনের সঙ্গে ছিল তাঁর ব্যক্তিগত পরিচয়; জীবনানন্দের বনলতা সেন কাব্যের প্রথম সমালোচকও ছিলেন তিনিই। নজরুল প্রতিক্রিয়া জানিয়েছিলেন তাঁর প্রথম কাব্য নববসন্ত প্রকাশের লগ্নেই। তাঁর কবিতা প্রকাশিত হচ্ছিল সে-সময়কার হিন্দু-মুসলিম নির্বিশেষে পরিচালিত বাংলাভাষার সেরা পত্রিকাগুলিতে। নিজেই জানিয়েছেন পরিশীলনের উৎসাহ তিনি পেয়েছিলেন আবু সয়ীদ আইয়ুবের কাছে। বোধ হয় পরিশীলনের প্রতি এতটা গুরুত্ব দেয়ার জন্যেই হয়তো আবদুল মান্নান সৈয়দ বা অন্যরা তাঁকে আমাদের প্রথম আধুনিক কবি হিশেবে চিহ্নিত করেছেন। কারণ পরিশীলন আধুনিকতা অর্জনেরই অন্যতম উপায়।
আবুল হোসেনের প্রথম কবিতার বই নববসন্ত (১৯৪০) প্রকাশের মধ্য দিয়েই তাঁর খ্যাতির সূচনা। অন্তর্ভুক্ত কবিতাবলি প্রকাশিত হয়েছিল 'সওগাত', 'মাসিক মোহাম্মদী', 'নিরুক্ত', 'পূর্বাশা', 'অরণি', 'দেশ, নবশক্তি, যুগান্তর, আনন্দবাজার পত্রিকায়। বইটির সমালোচনা বেরিয়েছিল মোহাম্মদ নাসিরউদ্দীনের 'সওগাত'-এ, লিখেছিলেন গোলাম কুদ্দুস, হুমায়ুন কবিরের' 'চতুরঙ্গ'তে, লিখেছিলেন শওকত ওসমান, বুদ্ধদেব বসুর 'কবিতা'য় লিখেছিলেন নীহাররঞ্জন রায়, 'কৃষক' পত্রিকায় 'নবীন কবি' শিরোনামে লিখেছিলেন আবুল মনসুর আহমদ, 'রূপায়ণ' পত্রিকায় সুবোধচন্দ্র সেনগুপ্ত, 'নিরুক্ত' পত্রিকায় রজত সেন এবং সলিমুল্লাহ হল বার্ষিকীতে সৈয়দ সাজ্জাদ হোসায়েন। সবচেয়ে শ্লাঘার ব্যাপার বিনয়কুমার সরকারের মতো দার্শনিক-অধ্যাপক তাঁর মতো তরুণ কবির সম্পর্কে লিখিত মন্তব্য করেছেন। এমনকি কাজী নজরুল ইসলামও মন্তব্য করেছিলেন তাঁর বই সম্পর্কে। যদিও তাঁর মন্তব্যে আবুল হোসেনের কবিস্বভাবকে সমর্থন করা হয় নি। কিন্তু আবুল হোসেন অনুভব করেছেন তাঁর কবিতা নজরুলের সমর্থন না পাবারই কথা। কারণ নজরুল ছিলেন অমিত যৌবনের কবি, কবি প্রবল আবেগোচ্ছ্বাসের। বিপরীতে তিনি নিজে কবি আবেগ-সংহতির। সুতরাং এক অর্থে নজরুলের এই অসমর্থনই কাক্ষ্খিত ছিল তাঁর। সুতরাং তাঁর কাছে বরং নজরুলের অপছন্দকে মনে হয়েছে প্রশংসা। নজরুল-স্বভাবের বিপ্রতীপেই আবুল হোসেনের কবিসাফল্য।
নববসন্ত সম্পর্কে সমালোচনা ও মন্তব্যের এই তালিকা থেকেই অনুভব করা যায় যে, বাংলা কবিতায় আরেকটি পালাবদল আসছে যার আভাস সে-সময়ের সাহিত্যরসিকেরা পেয়ে গিয়েছিলেন। লক্ষ করেছি কবি শামসুর রাহমানও আবুল হোসেনকে খুবই গুরুত্ব দিতেন। একই রকম মনোভাব লক্ষ করতাম আবদুল মান্নান সৈয়দের মধ্যেও। তাঁর কবিতার প্রতি দুজনের অনুরাগের কথাই আবুল হোসেন জানতেনও। জীবনের শেষপ্রান্তে সমকালীন মানুষদের কেউই বেঁচে ছিলেন না বলে হয়তো তাঁকে নৈঃসঙ্গ্যর মধ্যে থাকতে হয়েছে। কিন্তু এরই মধ্যে তিনি কবিতা লিখবার প্রেরণা পেয়েছেন, যদিও কবিতা-সৃষ্টিতে তিনি প্রেরণার মুখাপেক্ষী ছিলেন না।
চল্লিশর দশকের কবিতার একটা সাধারণ প্রবণতা ছিল সমাজ-রাজনীতিচেতনতা ও সমাজতান্ত্রিকতা। তাঁর কবিতায়ও নিজের কালের এই ছাপ রয়েছে। তাঁর 'ডি এইচ রেলওয়ে' নামের একটি কবিতা বেশ খ্যাতি অর্জন করেছিল। আরেকটি কবিতা বিখ্যাত হয়েছিল 'ব্যাংককে বৃষ্টি' এই কবিতাটির মধ্য দিয়ে তাঁর কবিপরিচয়েরও খানিকটা বিস্তার ঘটেছিল চল্লিশের দশকে। কিছু কবিতা অনুবাদও করেছিলেন তিনি। অন্য ক্ষেতের ফসল ও ইকবালের কবিতা বইয়ে সেসব কবিতা ধৃত আছে। রুশ কবি রসুল গমজাতভের আত্মজীবনী আমার জন্মভূমি বইটিরও অনুবাদ করেছিলেন।
মুখের ভাষা বা গদ্যের সঙ্গে কবিতার বাকভঙ্গিতে কোনো পার্থক্য করতে চাননি তিনি। ১৯৪০ সালে প্রকাশিত নববসন্ত (দ্বিতীয় সংস্করণ বেরিয়েছিল ১৯৭৭ সালে) বইয়ের পরে তাঁর দ্বিতীয় কবিতার বই বিরস সংলাপ বেরোয় ১৯৬৯ সালে, পরের বই যথাক্রমে হাওয়া তোমার কি দুঃসাহস (১৯৮২), এখনও সময় আছে (১৯৯৭), আর কিসের অপেক্ষা (২০০০) এবং ছোটদের কবিতার বই রাজকাহিনী (২০০৪); আবদুল মান্নান সৈয়দ ২০০৭ সালে আবুল হোসেনের ব্যঙ্গ কবিতা নামের একটি কবিতা সংকলন সম্পাদনা করে তাঁর কবিতার আরেকটি ধারার প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট করেছিলেন।
কবিতার আঙ্গিক সংগঠনের ক্ষেত্রে তিনি পরীক্ষা করেছেন ছন্দ নিয়ে, অন্তমিলে এনেছেন সূক্ষ্ম চমক, মধ্যমিলে ও লুকোনো মিলে তাঁর নৈপুণ্য অন্যদের থেকে তাঁকে আলাদা করেছে। তবে বিষয়বস্তুর দিক থেকে, আবদুল মান্নান সৈয়দ ঠিকই বলেছেন, 'সংবেদন ও অভিজ্ঞতা আবুল হোসেনের কবিতার মূলধন। এই অভিজ্ঞতাকেই অগ্রজ কবি সুধীন্দ্রনাথ দত্ত কবিতায় সর্বাধিক মূল্য দিয়েছিলেন।' কিন্তু মান্নান সৈয়দ এটা লক্ষ করতে ভুল করেন নি যে, 'কিন্তু সুধীন্দ্রনাথের তৎসম শব্দ ব্যবহারকে আবুল হোসেন সুচেতনভাবেই পরিবর্জন করে চলেছেন চিরকাল।' [পূর্বোক্ত]
আবুল হোসেনের কবিতার কথাই মূলত বলা হলো। কারণ মূলত তিনি কবি। কিন্তু তাঁর গদ্যেরও আলাদা মূল্য আছে। বিশেষ করে তাঁর স্মৃতিকথাগুলো খুবই তাৎপর্যপূর্ণ। আমার এই ছোট ভুবন (২০০৩), আর এক ভুবন (২০০৫) , কালের খাতায় (২০০৮), স্বপ্ন ভঙ্গের পালা (২০০৯), অপরাহ্নের স্মৃতি (২০১৪) তাঁর স্মৃকিথার বই। ইতিহাসের এমন একটা কাল তিনি অতিক্রম করেছেন যার সাক্ষ্য তিনি রেখে গেছেন এই বইগুলোর মধ্যে। তাঁর বা তাঁর সমকালীন কবি-সাহিত্যিকদের চল্লিশের দশকের যে সামাজিক-রাজনৈতিক পরিপ্রেক্ষিতে বেড়ে-ওঠা তার পরিচয় এই স্মৃতিকথাগুলোতে পাওয়া যাবে। তাঁর সাহিত্য সমালোচনামূলক গদ্যরচনাগুলোও খুবই মূল্যবান। বাংলাদেশের সাহিত্য ভাবনায় সেগুলোর গুরুত্ব মূল্যায়নের অপেক্ষায় আছে। সেগুলোও পৃথক আলোচনার দাবি রাখে।
আবুল হোসেনের সঙ্গে ঘনিষ্ঠভাবে দীর্ঘকাল ধরে মেলামেশার সুযোগ আমার হয় নি; তবে তাঁর সঙ্গে কয়েকদিনের স্মৃতি আছে সঞ্চয়ে। একটি স্মৃতি কবি-অধ্যাপক-রাজনীতিক হুমায়ুন কবিরের জন্মশতবার্ষিক উদযাপন সূত্রে ২০০৬ সালে, অন্যটি চ্যানেল আইয়ের পক্ষ থেকে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসের অনুষ্ঠান উপলক্ষে তাঁর কাছ থেকে রবীন্দ্রস্মৃতি শোনা ও তা রেকর্ড করার প্রয়োজনে তাঁর ধানমণ্ডিস্থ বাড়িতে যাবার অছিলায় ঐ ঘটনার দু-এক বছর পরে। হুমায়ুন কবির জন্মশতবর্ষ উদযাপন কমিটির তিনি ছিলেন সভাপতি আর আমি ছিলাম সম্পাদক। ২০০৬ সালে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে যে স্মরণ অনুষ্ঠান হয়েছিল তাতেও তিনি সভাপতিত্ব করেছিলেন। তখন তাঁর সঙ্গে একমঞ্চে বসবার সৌভাগ্য হয়েছিল। মূল প্রবন্ধ পাঠ করেছিলাম আমি। তিনি প্রাসঙ্গিক লিখিত বক্তব্য পাঠ করেছিলেন সে-অনুষ্ঠানে। তখন তাঁর সঙ্গে কথা বলে লক্ষ করেছি প্রখর ছিল তাঁর স্মৃতিশক্তি; আর ব্যক্তিত্ব ছিল ঋজু। পরিশীলিত গদ্যে তিনি হুমায়ুন কবির সম্পর্কে লিখেছিলেন এমন কিছু কথা যা ছিল একদিকে খানিকটা স্মৃতি অনুষঙ্গী অন্য দিকে প্রকাশ করেছিল হুমায়ুন কবিরের সামগ্র্যকে। তাঁর সঙ্গে কথা বলে অনুভব করেছিলাম রবীন্দ্র-নজরুল-জীবনানন্দ-জসীমউদদীন ও তিরিশের কবিদের প্রত্যক্ষ স্মৃতিকে তিনি বহন করে চলছিলেন। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে গত শতাব্দীর ইতিহাসের সেই প্রত্যক্ষ সাক্ষীকে আমরা হারালাম!
