নির্মোহ ও নিরাসক্ত এক কবি আবুল হোসেন
যে তারা জাগিয়া থাকে তারে লয়ে জীবনের খেলা/ ভুবনের মেলা/যে- তারা হারালো দ্যুতি, যে পাখি ভুলিয়া গেল গান,/যে-শাখে শুকালো পাতা/ এ ভুবনে কোথা তার স্থান?
কথা ক'টি বলেছেন কবি প্রেমেন্দ্র মিত্র তাঁর 'মৃত্যুরে কে মনে রাখে' কবিতায়। যে তারা জেগে থাকে তাকে নিয়েই কি জীবনের গান? যে তারা নিভে যায় সে কি সত্যিই হারিয়ে যায়? কবি আবুল হোসেনও কি হারিয়ে যাবেন আমাদের হৃদয়পুরের গভীরতম কেন্দ্র থেকে যেখানে তাঁর ঠাঁই মিলেছিল নিবিড় প্রত্যয়ে?
হারিয়ে যায় মানুষ। হারিয়ে যাওয়াই তার নিঃশব্দ নিয়তি। কিন্তু তাই বলে সব মানুষ? বোধ হয় না। অনন্তের আলোক ধামে কেউ কেউ নির্জনতার দীপ জ্বেলে ঠিকই বহমান থাকেন। বর্ণময় বিভায় মোহময় রাখেন প্রতিবেশ, পরিবেশ। তবে তা কতো যুগ, কতোকাল তার নির্ধারণকর্তা সম্ভবত মহাকাল। মহাকালের জোয়ারে কে হবে উজ্জ্বল তারা, কে হবে ক্ষুদ্র কণা, কে হবে বালুকারাশি কিংবা কে হবে বিলীন–আমরা জানি না। জানি না বলেই কুহকিনী আশার কিনার ঘেঁষে আমাদের অবিরাম স্বপ্নযাত্রা। মৃত্যু তার ছেদরেখা মাত্র।
আমাদের বাস্তব জীবন থেকে কবি আবুল হোসেন হারিয়ে গেছেন সত্য। হাজার আর্তনাদেও তিনি আর ফিরবেন না কোনদিন। এ কথাও সত্য। কিন্তু তাঁর বাজানো বীণতো আমাদেরই হাতে। তার উত্তরসূরি হিসেবে যতোক্ষণ তা ধরে রাখতে পারবো ততোক্ষণতো তিনি আমাদেরই, একান্ত আপনার।
একান্ত আপন এ মানুষটির সঙ্গে আমার পরিচয়ের পরিসীমা প্রায় দু'দশক। দীর্ঘ এ সময়ে আমি তাঁর ধানমন্ডির 'সাহানা' নামের বাড়িতে কতোবার গিয়েছি তার হিসেব বলা মুশকিল। গিয়েছি নিজেকে ঋদ্ধ করতে। প্রাণিত করতে। অগ্রজ আধুনিক এ কবির প্রাণময় সান্নিধ্য উদযাপন করতে। যারা তাঁকে চিনতেন ও কাছ থেকে দেখেছেন তারা বুঝতে পারবেন আমার এ কথার মর্মার্থ।
আবুল হোসেন ছিলেন একজন পরিশীলিত, মার্জিত, আধুনিক, সংবেদনশীল, মানবিক, বিচক্ষণ ও পুরোমাত্রায় প্রাগ্রসর ব্যক্তিত্ব। কবিতায় তিনি যেমন বাকসংযমী তেমনি ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও ছিলেন সৌজন্যনিবিড় নাগরিক মানুষ। উপরে যে কটি বিশেষণ আমি উল্লেখ করলাম তার সবকটিই প্রকৃত অর্থেই তাঁর জন্যে প্রযোজ্য। একটিও বাড়িয়ে বলা না। আমরা বর্তমানে এতো বেশি ঠুনকো জীবন যাপন করি, এতোসব বিশেষণ তাই অনেকের কাছে অবিশ্বাস্য ও উদ্ভট মনে হতে পারে। যদিও বলার জন্যে বলতে হয় বলে আমরা হরহামেশাই অনেককেই নানা বিশেষণে বিশেষায়িত করি। যা আসলে কোন কিছু মিন করে না। কিন্তু আমি আগেই বলেছি যারা তাঁকে নিবিড়ভাবে জানতেন তারা বুঝতে পারবেন আমার কথার যথার্থতা।
আবুল হোসেনের জীবনে মেধার সঙ্গে মিশেছিল মনন, বুদ্ধির সঙ্গে শালীনতা, আভিজাত্যের সঙ্গে অমায়িকতা। কেবল কবিতার আধুনিকতা নয় মানব জীবনের সার্বিক আধুনিকতাকেই তিনি ধারণ করতে পেরেছিলেন। তাই বলে তিনি উগ্র ছিলেন না। বরং ছিলেন ঐতিহ্যিক এবং কোন কোন বিষয়ে পরিমিত মাত্রায় রক্ষণশীলও। তাঁর পুরো পরিবার সম্পর্কেও কথাগুলো সমান প্রযোজ্য। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও রয়েছে আমার সমান ঘনিষ্ঠতা। কাছ থেকে তাঁর সন্তানদের দেখার সুযোগ হয়েছে। দেখেছি আধুনিকতার ঔজ্জ্বল্যের ছায়ায় বেড়ে ওঠা এসব সদস্য জীবনের মূল স্রোতকে গ্রহণ করেছেন পিতার মতোই পরিমিত বোধ আর মননগত মাত্রা দিয়ে। কেউ তারা উন্মত্ত নন। বরং ঋজু ও সহনশীল। গম্ভীরতার ভেতরেই তারা কীভাবে যেন সাজাতে পারেন উন্মুক্ততার আসর। এ হয়তো পিতারই বৈদগ্ধ্যের ধারাবাহিকতা।
আবুল হোসেন কবিতায় যেমন উদার, উন্মুক্ত ও প্রাকৃতিক আবহকে প্রাধান্য দিয়েছেন তেমনি ব্যক্তি জীবনেও ছিলেন নিরাভরণ এক ব্যক্তিত্ব। অনুভব ও চিন্তার গভীরতা দিয়ে তিনি সৃষ্টি করেছেন সানন্দ বাণীরূপ। তিনি এমনই এক মানুষ ছিলেন যার সঙ্গে অতি সাম্প্রতিকতা থেকে শুরু করে ব্রিটিশ কাল পর্যন্ত যে কোন বিষয়ে অনায়াস আলোচনায় মুখর হওয়া যেত। ব্রিটিশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশ–এ তিন বাস্তবতার প্রত্যক্ষদর্শী আবুল হোসেনের স্মৃতিশক্তি খুবই প্রখর ছিল। এর উজ্জ্বল প্রমাণ তার স্মৃতিকথাগুলো। তিনি কয়েক খন্ডে তাঁর স্মৃতিকথা লেখেন। অনেক অনেক পেছনের কথা কারো কোন সাহায্য না নিয়েই কেবল স্মৃতির কোঠা থেকে তুলে এনে আমাদের সামনে তুলে ধরেন।
এসব স্মৃতিখন্ডে তিনি ব্যক্তিগত বিষয় কমই তুলে এনেছেন। বরং জোর দিয়েছেন স্বসময় ও দেশ, রাজনীতি ও অর্থনৈতিক বিষয়াদির ওপর। কারণ নির্মোহ ও নিরাসক্ত থাকার প্রবণতা ছিল তার প্রবল। স্মৃতিখন্ডগুলোতে ভারত পাকিস্তান ভাগ ও বাংলাদেশের জন্মসহ প্রায় সব ইতিহাসই তিনি তুলে এনেছেন সন তারিখসহ। আমি যতোদূর জানি তিনি ডায়েরি মেনটেন করতেন না। অথচ সন তারিখের কোন হেরফের আমাদের চোখে পড়ে না।
কবি শুনলেই অনেকের মনে ধারণা আসে লোকটি হবে আলুথালু, এলেবেলে। তার সবকিছুই অনিয়মতার সুরে বাঁধা। কিন্তু এ ধারণা আধুনিক কবিদের জন্য প্রযোজ্য নয়। আবুল হোসেনের জন্যেতো আরও নয়। পেশাগত জীবনে তিনি সরকারি চাকুরে ছিলেন। তবে তাই বলে নয় প্রথম থেকেই জীবনের প্যরাগুলোকে যৌক্তিকতা দিয়ে বাঁধতে পেরেছিলেন বলে তিনি ছিলেন অনেক বেশি সময় সচেতন মানুষ। ছিলেন বড়ো বেশি নিয়মানুবর্তি। দীর্ঘ পরিচয়ের এ সময়ে আমি কখনও তার কোন কাজে কোন হেরফের হতে দেখিনি। কেউ কেউ একে ঠিক একজন কবির জীবন প্রবাহের জন্যে অতেটা যথার্থ নাও বলতে পারেন। কিন্তু কবি হলেই কি হতে হবে নিয়মের বেড়াজাল ছিন্নকারী? বরং নিয়ন্ত্রিত জীবনধারার সঙ্গে যদি নিষ্ঠা, শ্রম আর বুদ্ধির শালীনতা ও একাগ্রতাকে একযোগে বাঁধা যায় তবেই হয়তো সৃষ্টিকে আরো সুদূরপ্রসারী করে তোলা সম্ভব হয়। তার খাওয়া, ঘুম, লেখালেখি ও পড়া সবই প্রায় ঘড়ির কাঁটা ধরে চলতো।
জীবনের পরিসর মোটামুটি লম্বা হওয়ায় তিনি সময় পেয়েছেন যথেষ্ট। তাঁর সৃষ্টিশীলতার জোয়ার দেখি কর্মজীবন থেকে অবসরে যাওয়ার পরে। এ প্রসঙ্গে কবিই নিজেই বলেছেন,'৩৬ বছর পরে ১৯৮২ সালে যখন সরকারি চাকুরি থেকে অবসর নিলাম, তখন বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন, সহকর্মীদের অনেকেই বেশ শঙ্কিত হয়েছিলেন যে এরপর আমার কি হবে! কিভাবে আমার দিন কাটবে! সরকারি কাজ যতোদিন করেছি, সারাদিনই ব্যস্ত থাকতে হতো। অফিসের কাজের বাইরে খুব কমই অন্য কিছু করার সময় হতো। যে কাজ করতাম, সে যে আমার আসল কাজ নয়, তা সারা জীবন জেনেছি। কিন্তু তার হাত থেকে রেহাই পাওয়ার কোন উপায় ছিল না। সরকারী কাজ না করে কি করবো? অন্য কিছু করেতো সংসার চলবে না। সংসার যখন আছে তখন তার দায়িত্ব নিতে হয়। যা আমার আসল কাজ বলে চিরকাল চিনে এসেছি, শুধু সেই কাজ করে সংসার চালানো যেত না।…………আমি যা করতে চাই সে কাজের জন্য প্রায় কোনদিনই সময় পাইনি। ৮২ সালে সে সময় এলো। লেখকদের সৌভাগ্য তাদের কখনও অবসর নিতে হয় না। যতোদিন জীবন থাকে, লেখাপড়া চলতেই থাকে। এখন আমি সারাদিন পড়ি আর লিখি। বন্ধুবান্ধব না এলেও নিঃসঙ্গ লাগে না। আত্মীয়-স্বজন এলে সত্যি বলতে কি যতটা খুশি হই, তারচেয়ে অখুশীই হই বেশি। মনে হয় খানিকটা সময় খামোখাই চলে গেল। এই সময়টা যদি পড়তে পারতাম।'
সারাজীবন আমলাগিরি করেও অন্তর্গতভাবে তিনি মূলত প্রকৃত লেখক ছিলেন । অনেকেই শিশুতোষ বোধ নিয়ে সাহিত্যের ময়দানে হাজির হন। যৌবনবোধে পৌঁছানোর আগেই হারিয়েও যান। কিন্তু যিনি মূলত সাহিত্যকে ধারণ করেন সময়ের শতো টানাটানিতেও তিনি তার সৃষ্টিসত্তাকে খুইয়ে ফেলেন না। হয়তো তা সুপ্ত থাকে। সুযোগ এলেই তার প্রকাশ ও বিস্তার ঘটে। যেমনটা ঘটেছিল আবুল হোসেনের বেলাতেও। কবির প্রথম বই নববসন্ত বের হয় ১৯৪০ সালে। এরপর দ্বিতীয় কাব্যগ্রন্থ বিরস সংলাপ প্রকাশ পায় ১৯৬৯ সালে। ১৯৮২ সালে তৃতীয় কাব্যগন্থ হাওয়া তোমার কি দুঃসাহস এবং ১৯৮৫ সালে দুঃস্বপ্ন থেকে দুঃস্বপে প্রকাশ পায়। এ দীর্ঘ বিরতির মাঝে কেবল ১৯৭৭ সালে নববসন্ত পরিবর্ধিত সংস্করণে প্রকাশিত হয়। ১৯৮৫ সালের পর তিনি একের পর এক গ্রন্থ প্রকাশ করতে থাকেন। যা ছিল বিরতিহীন। শেযপর্যন্ত তার গ্রন্থ সংখ্যা ত্রিশের কোঠা ছাড়িয়ে যায়।
স্কুল জীবনে 'ঘুড়ি' কবিতার মধ্যদিয়ে আবুল হোসেন নামের সঙ্গে যখন পরিচয় তখন বুঝতে পারিনি তাঁর সান্নিধ্যের ছটায় আমিও একসময়ে আলোকপ্রাপ্ত হব। নিঃসঙ্গ নিবিড়িতায় কবির মর্মভেদী গুঞ্জরণ আমাকেও আপ্লুত করবে প্রত্যক্ষভাবে। কবি ১৯৫৮ সালে বিখ্যাত লেখক আকবর উদ্দীনের মেয়ে সাহানাকে বিয়ে করেন। ১৯৯৪ সালের ৮ মে সাহানা হোসেন আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়েন। তখন কবি স্ত্রীর স্মরণে 'যে আছে জীবন জুড়ে' নামে একটি কবিতা লেখেন। তাতে তিনি বলেন,
যে ছিলো জীবন জুড়ে অভিন্ন ছায়ার
মতো, এক নিষ্ঠুর নিমেষ এসে কেড়ে নিয়ে যাবে
তাকে বিস্মৃতির অনন্ত আঁধারে? পাবে সে কি? শুধু
কিছু রক্তমাংস পেশী হাড়, বাকিটা আমার, তার
নাম ভালোবাসা। কার সাধ্যি ছিনিয়ে তা নেয়?'
চিরসত্য কি জানি না, শুধু জানি স্মৃতি অনির্বাণ
সে থাকে প্রাণের মাঝে সুধার মতোন, চিরকাল।
যতোদূর মনে পড়ে এটি দৈনিক ইত্তেফাকের সাহিত্য পাতায় ছাপা হয়। কবিতাটি আমাকে ভীষণ নাড়া দেয়। তার অর্থ কবিতাটি আমার ভালো লেগেছিল। কবির বন্ধু ঔপন্যাসিক রশীদ করিম বলেছেন, আবুল হোসেন আবেগকে বাঘের মতো ডরান। আবার একই সঙ্গে বলেছেন, কবি আবুল হোসেন কবিতার জন্যে কিছুটা আবেগের জায়গা ছেড়ে দিলেই তার কবিতা অনেক বেশি হৃদয়গ্রাহী হয়ে ওঠে। কবিতাটির ক্ষেত্রে কথাটি অনেকাংশে সত্যি। কবিতাটি পড়ার পর কবিকে দেখার কথা মনে হয়েছিল কিনা তা মনে নেই। কিন্তু কবি হিসেবে আবুল হোসেন আমার অন্তর পাত্রে ঠাঁই নিয়েছিলেন অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে।
সেই ১৯৯৬ সালে ফার্সি ভাষা শেখার জন্যে ধানমন্ডির ইরানী সাংস্কৃতিক কেন্দ্রে যাতায়াতের সূত্র ধরে শুরু হল কবির গৃহেও আসা যাওয়া। কবিকে চাক্ষুষ দেখে যতো না আগ্রহী হলাম তারচে অনেক বেশি আপ্লুত হলাম তার অন্তরমথিত ভাব গাম্ভীর্যের দ্বারা। দেখলাম একজন স্নেহময় উদার মানুষকে। যার স্নেহের জোয়ার আমার ভেতরেও জাগালো তার প্রতি গভীর মমত্ব ও শ্রদ্ধাবোধ। কোনকালেই আমি তার থেকে বিযুক্ত হতে পারলাম না । কিংবা বলা যায় তিনিও করলেন না। তাঁর চরিত্রের মাধুর্যময় অবয়ব আমার আগ্রহকে শাণিত করতো, কবিতার ভাব বিন্যাসকে আরো সরল রৈখিক ও গ্রন্থিভুক্ত করতো। জীবন ও সাহিত্যকেন্ত্রিক ভাবনার জটিলতা সুষ্পষ্ট হতো। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন,' জীবনের সুষ্পষ্টতাই জীবনের সফলতা।' সাহিত্যের জন্যও এ কথা সমান প্রযোজ্য।
কবি আবুল হোসেনের ভাবনা ও বয়ানে কোন অষ্পষ্টতার ছাপ আমার নজরে কখনও পড়েনি। বলা হয় অভিজ্ঞতার সঙ্গে প্রাজ্ঞতার মিশ্রণ যে কোন প্রকাশকে সরল করে তোলে। কবি শিল্পচৈতন্যের গভীর বলয় জুড়ে সচেতন প্রয়াসে যে বাণী ও মাধুর্য ছড়িয়েছেন তাতে মিশেছে জীবনের অভিজ্ঞতার নিষ্করুণ নির্যাস। কবি তার প্রাজ্ঞতা দিয়ে তাকে করেছেন আরো শানিত ও গভীর।
স্মৃতির যেমন দিনানুদিনের গতানুগতিকতা থাকে তেমনি থাকে দিগন্ত ভোলানো দূরর্স্পর্শী চেতনা। সে চেতনায় শোক আর দুঃখের হাত ধরে আনন্দ আখ্যানও থাকে। তাকে কেউ ভোলে। কেউ ভোলে না। কেউ আবার ভুলতেও দেয় না।
কারণ, রবীন্দ্রনাথের কথায়,
আলো তার পদচিহ্ন
আকাশে না রাখে
চলে যেতে জানে, তাই
চিরদিন থাকে।
আবুল হোসেন তেমনই এক আলো। আধুনিক বাংলা কবিতার অগ্রণী পুরুষ। চল্লিশ দশকের স্বাতন্ত্র্যবাদী কবি। তিনি অনুভবী দ্রষ্টা ও প্রশান্তময় অন্তরঙ্গ কবি। কবিতার সজীব বিশ্বে প্রতিষ্ঠিত করেছেন নিরাভরণ নন্দিত উপাখ্যান। যেন ফরাসী দার্শনিক রুশো বর্ণিত 'ম্যান ইন দ্য ন্যাচারাল স্টেট'। মানুষ ও প্রকৃতিকে এক সূত্রে গেঁথে ব্যক্তিত্বের তারুণ্য ও বুদ্ধিবৃত্তিক চর্চায় প্রাত্যহিক জড়ো অভিজ্ঞতাগুলোকে তিনি প্রাণময় ও শানিত করেছেন।
১৯২২ সালে বাগেরহাটে জন্ম নেয়া কবি ২৯ জুন রোববার রাতে দেহগতভাবে বিলীন হয়েছেন। কিন্তু তার পদচিহ্ন আমাদের প্রাণের জমিনে এক আলোর আকাশ। যা দীপ্যমান আছে, থাকবে।
