২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষাকাব্য

শান্তা মারিয়া off শান্তা মারিয়া off

Published : 15 Jun 2014, 11:33 PM

Updated : 23 Jun 2022, 04:05 PM

গল্পটা অনেক পুরনো। প্রায় সকলেরই জানা। কোনো একটি অপরাধে এক তরুণ প্রণয়ীকে নির্বাসন দেওয়া হল তার আবাসস্থল থেকে বহু দূরের এক দেশে, পর্বত শিখরে। এক বছরের জন্য নির্বাসন। সেখানে একটি একটি করে তার কষ্টের দিন পার হতে লাগল। প্রায় আট মাস চলে গেল। এমনিভাবে যখন বর্ষা ঋতু এল, সজল কালো মেঘে ছেয়ে গেল আকাশ। তখন বিরহ যন্ত্রণায় সে অধীর হয়ে উঠল। তার হৃদয়ের বার্তা প্রেয়সীর কাছে পৌঁছানোর জন্য সে ব্যাকুল। গল্পটা যে যুগের, সেসময় ইন্টারনেট ছিল না। মোবাইল ফোনও না। তাই অবশেষে 'আষাঢ়স্য প্রথম দিবসে' মানে আষাঢ়ের প্রথম দিনে আকাশের মেঘকে মনের যন্ত্রণা খুলে বলে সে অনুরোধ করল তার প্রেয়সীর কাছে এই বিরহ-বার্তা পৌঁছে দেবার। সংক্ষেপে এই তো গল্প। হ্যাঁ, মহাকবি কালিদাসের মেঘদূতম কাব্যের কথাই হচ্ছে। কাব্যটি যতটা বিরহের তারচেয়ে অনেক বেশি বর্ষার বন্দনা। কারণ বিরহের বার্তা দ্রুত পাঠাতে হলে তো বিদ্যুৎকে দূত করে পাঠানোই ছিল ভালো। বর্ষায় মানুষের মন যখন হয়ে ওঠে উদাসী তখন অলকাপুরী হোক না হোক ভেসে যেতে ইচ্ছা করে সুদূরে। বর্ষার সেই উদাসী হাওয়ার কাব্যই মেঘদূতম।

বর্ষা পৃথিবীর অনেক দেশেই আসে। কিন্তু বাংলার বর্ষার রূপ একবারেই স্বতন্ত্র। বর্ষা বাংলার অন্যতম প্রধান ঋতু। বাংলার সাহিত্য, শিল্প, সংস্কৃতিকে তা প্রভাবিত করেছে আবহমান কাল ধরে। বৈষ্ণব পদাবলীতে কখনও ঘন ঘোর বর্ষাকে তুলনা করা হয়েছে ঘনশ্যামের সঙ্গে। নিবিড় বর্ষা, নিঝুম বর্ষা, বজ্রবিদ্যুতে প্রমত্ত বর্ষা যেন অমিত শক্তিশালী এক প্রবল পুরুষ। যেন সে স্বয়ং রুদ্র বা নটরাজ অথবা গদা শঙ্খধারী বিষ্ণু।
আবার বর্ষা যখন মনোহারিণী তখন সে এলাকেশী রাধা। আষাঢ়-শ্রাবণে যেন তার অর্ধনারীশ্বর রূপ। বর্ষায় মানব মনের বিরহের রূপ ফুটে উঠেছে বৈষ্ণব পদাবলীর ছত্রে ছত্রে। "এ ঘোর রজনী মেঘের ঘটা/কেমনে আইল বাটে। আঙ্গিনার মাঝে বঁধূয়া ভিজিছে/দেখিয়া পরান ফাটে।"(চণ্ডীদাস)
অভিসার রাত্রির বর্ণনা প্রসঙ্গে বৈষ্ণব কবিরা বহুবার বহুভাবে বর্ষার রূপ এঁকেছেন। অসাধারণ সেইসব চিত্রকল্প। যেমন, "গগনে অব ঘন মেহ দারুণ/সঘনে দামিনী চমকই/কুলিশ পাতন শব্দ ঝনঝন/পবন খরতর বলগই।"(রায় শেখর)।
অনেক ক্ষেত্রে বর্ষণ চিহ্নিত হয়েছে সমাজ-দৃষ্টি থেকে প্রেমিক যুগলকে রক্ষার আবরণ হিসেবে। আবার কখনও বর্ষা যেন দুজনের মধ্যে রচনা করেছে বিরহের দুস্তর ব্যবধান। এ বিরহ যেন জন্মজন্মান্তরের।


বর্ষার চিরন্তন রূপ পাওয়া যায় বিদ্যাপতি শতকে। "কুলিশ শত শত পত-মোদিত/ময়ূর নাচত মাতিয়া/মত্ত দাদুরী ডাকে ডাহুকী/ফাটিয়া যাওত ছাতিয়া/তিমির দিগভরি ঘোর যামিনী অথির বিজুরিক পাঁতিয়া/বিদ্যাপতি কহ কৈছে গোঙায়বি/হরি বিনে দিন রাতিয়া।"(বিদ্যাপতি)
মধ্যযুগ থেকে সাম্প্রতিক সময় অবধি বাংলা সাহিত্যে বর্ষার প্রভাব অসামান্য।
বর্ষাকে বিভিন্ন ব্যঞ্জনায় আবিষ্কার করেছেন রবীন্দ্রনাথ। তার সৃষ্টিকর্মে আষাঢ় ও শ্রাবণের ভিন্নরূপ প্রকাশিত হয়েছে। আষাঢ় যেমন প্রবল ও প্রমত্ত, শ্রাবণ তেমনি নিবিড় ও সজল। আষাঢ় পুরুষ, শ্রাবণ নারী।

কালিদাসের প্রসঙ্গ বর্ষার সঙ্গে একীভূত হয়ে একাধিকবার উপস্থাপিত হয়েছে রবীন্দ্র-সৃষ্টিতে। রবীন্দ্রনাথ লিখেছেন, "কবিবর, কবে কোন বিস্মৃত বরষে/কোন পুণ্য আষাঢ়ের প্রথম দিবসে/লিখেছিলে মেঘদূত" (মেঘদূত)।
রবীন্দ্রনাথের অজস্র গান ও কবিতায় চোখে পড়ে বর্ষার দুটি সুস্পষ্ট রূপ। তার কবিতায় আষাঢ় প্রথম প্রেমের মতো প্রবল। "হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে।/শত বরণের ভাব-উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ/আকুল পরান আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচে রে।"
আষাঢ়ের রূপ বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, "বজ্রমাণিক দিয়ে গাঁথা, আষাঢ় তোমার মালা।"
রবীন্দ্রনাথের শ্রাবণ নিঃসীম বিরহ, নিবিড় গহন ভালোবাসার আরেক রূপ। যেমন– "সঘন গহন রাত্রি, ঝরিছে শ্রাবণ ধারা– অন্ধ বিভাবরী সঙ্গ পরশহারা।"
সেই কবে 'সোনার তরী'র "গগনে গরজে মেঘ, ঘন বরষা"র দিন থেকে শুরু করে তার "দিন ফুরালো ব্যাকুল বাদল সাঁঝে।" রবীন্দ্রনাথ আমৃত্যু বর্ষার প্রেমে মগ্ন ছিলেন।

বর্ষা বিরহের, বর্ষা মিলনের। বাঙালির বর্ষা ধারণ করে এ দুটি অনুভবকেই। কবি নজরুলের গানে যে বর্ষার রূপ, তা যেন জীবনব্যাপী বিরহের আকুতি। "শাওন রাতে যদি স্মরণে আসে মোরে/বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে।" কিংবা "শাওন আসিল ফিরে, সে ফিরে এল না/বরষা ফুরায়ে গেল, আশা তবু গেল না।"

নজরুল ঝড়কে দেখেছেন নিজের ঝঞ্ঝা বিক্ষুব্ধ জীবনের সঙ্গে এক করে। তার রচনায় বর্ষা বিরহের হাহাকার। আবার বর্ষা কখনও চঞ্চলা প্রেয়সী। "খেলে চঞ্চলা বরষা-বালিকা/ মেঘের এলোকেশ ওড়ে পূবালী বায়/ দোলে গলায় বলাকার মালিকা।" কিংবা "রিম ঝিম রিম ঝিম/ঘন দেয়া বরষে/ কাজরী নাচিয়া চল পুর নারী হরষে"।

নজরুলের গানে বর্ষা কখনও মুগ্ধা, কখনও অভিমানিনী নায়িকার প্রতিরূপ। আবার কৃষ্ণের রূপ বর্ণনায় তিনি ব্যবহার করেছেন বর্ষাকে। "রুম ঝুম ঝুম বাদল নূপুর বোলে/ তমাল বরণি যে নাচে গগন কোলে/তার অঙ্গের লাবান যেন ঝরে অবিরল/হয়ে শীতল মেঘলামতীর ধারাজল/তার কদমফুলের পীত উত্তরীয়/পুব হাওয়াতে দোলে।"

বর্ষায় নজরুল স্মৃতিবিধুর। বর্ষা তার কাছে প্রিয়জনের স্মৃতিতে প্লাবিত। "আমি ভুলিয়াছি মেঘেরা ভোলেনি, সেই কালো চোখ, সেই বেনুনী বেনী/প্রিয়ার দূতীসম স্মরণে আনে মম/এসেছিল একদিন এমন শুভলগন/…মনে পড়ে বরষায় তার সেই অসহায়/বিদায় বেলার আঁখি অশ্রু সঘন।"
নজরুলের বর্ষা বাঙালি মানসেরই প্রতিচ্ছবি। তার বর্ষা পেয়ে হারানোর বেদনায় ম্লান, আবার নতুন করে পাওয়ার তৃষ্ণায় উচ্ছ্বল।

বর্ষার কথা বলতে গেলে মনে পড়ে বিভূতিভূষণের আরণ্যক। লবটুলিযা, নাঢ়াবৈহার ও ফুলকিয়া বৈহারের অরণ্য-প্রান্তর আর ঝনঝরি পর্বতে অঝোর বর্ষার সৌন্দর্য পাঠক অনুভব করেন আরণ্যক– এর পাতায়। প্রকৃতি-প্রেমিক বিভূতিভূষণ বৃষ্টির দৃশ্য এঁকেছেন তার বহু লেখায়। পথের পাঁচালী তে বৃষ্টিতে ভেজা কিংবা অপুদুর্গার বৃষ্টিতে আটকে পড়ার কথা বলা হয়েছে। 'মনি ডাক্তার', 'তাল নবমী'র মতো ছোটগল্প কিংবা চাঁদের পাহাড় উপন্যাসে আফ্রিকার অরণ্যে বর্ষার বর্ণনা আমাদের বিমুগ্ধ করে, আপ্লুত করে।

বর্ষার ছবি শরৎচন্দ্রের সৃষ্টিতে উদ্ভাসিত হয়েছে ভিন্ন আমেজে। গৃহদাহতে অচলার জীবনে বৃষ্টি যেন অভিশাপ। বিয়ের পর মহিমের দরিদ্রগৃহে তার পদার্পণ, সেই সঙ্গে পাড়াগেঁয়ে বর্ষার সবটুকু কদর্যতা তার মনে ভবিষ্যত দারিদ্র্যের যে বিষন্ন ছবি এঁকে দিয়েছিল তাই হয়তো মহিমের সঙ্গে তার দাম্পত্যে প্রথম ফাটল ধরিয়েছিল। আর সেই বর্ষার রাতে যেদিন সুরেশ তাকে নিয়ে গেল জীবনের অন্য সড়কে। সেদিনের প্রবল বৃষ্টিতে দিগভ্রান্ত অচলা জীবনের পথেও হয়ে পড়ে দিশেহারা। আবেগের বন্যায় ভেসে যাওয়া মানুষের জীবনের প্রতীক এই বৃষ্টি। যখন প্রবল স্রোতের অবসানে কেদাক্ত চিহ্ন পড়ে থাকে মনে ও মৃত্তিকায়।

প্রমত্ত আষাঢ়, নিঝুম শ্রাবণ, প্লাবিত ভাদ্র মানুষকে আর্দ্র করে নস্টালজিয়ায়। মনে পড়ে হারানো দিনের কত ভুলে যাওয়া কথা। সূর্যের আলো যখন ম্লান, সেই বৃষ্টিমুখর দিনেই ঝাপসা স্মৃতি ফিরে আসে তার সবটুকু স্নিগ্ধতা নিয়ে। তাই হয়তো সুধীন্দ্রনাথ দত্ত বলেছিলেন "এখনও বৃষ্টির দিনে মনে পড়ে তাকে/ প্রাদেশিক শ্যামলিমা যেই পাংশু সাধারণ্যে ঢাকে/অমনই সে আসে"(সংবর্ত)। যে আসে সে চিরন্তন, সে প্রথম যন্ত্রণা, সেই ভালোবাসা। সে আর বর্ষা সমার্থক।

"শ্রান্ত বরষা অবেলার অবসরে/প্রাঙ্গণে মেলে দিয়েছে শ্যামল কায়া/…একদা এমনই বাদলশেষের রাতে/মনে হয় যেন শতজনমের আগে/ সে এসে সহসা হাত রেখেছিল হাতে/ চেয়েছিল মুখে সহজিয়া অনুরাগে/ সেদিনও এমনই ফসল বিলাসী হাওয়া/ মেতেছিল তার চিকুরের পাকা ধানে/ অনাদি যুগের যত চাওয়া, যত পাওয়া/ খুঁজেছিল তার আনত দিঠির মানে/ একটি কথার দ্বিধা থর থর চূড়ে/ ভর করেছির সাতটি অমরাবতী।"(সুধীন্দ্রনাথ দত্ত, শাশ্বতী)
বর্ষা বিধৃত সংগীতে, শিল্পকলায়। মনে কি পড়ছে না সেই গল্প? তানসেন গাইছেন দীপক রাগ। আগুন জ্বলে উঠছে চারপাশে। এমন সময় তারই সুযোগ্য শিষ্যা ও প্রিয়া গাইলেন মেঘমল্লার। প্রশান্তির ধারায় নিভে গেল আগুন। গল্পটি রূপক। গ্রীষ্মের খরতাপে অগ্নিবাণে জীবন যখন অতিষ্ঠ, ক্লান্ত, সে সময়ই বর্ষা আনে স্নিগ্ধ শান্তি। মন বলে ওঠে "এস শ্যামল সুন্দর"। মেঘ,মল্লার, দেশ এসব রাগ তো বর্ষাকে ঘিরেই। বৃষ্টিধারা হয়ে তা মধুবর্ষণ করে শ্রোতার হৃদয়ে।

বৃষ্টিকে অনেক ক্ষেত্রেই পুরাণে চিত্রিত করা হয়েছে দৈব আশীর্বাদ হিসেবে। কোনো পুণ্যবান ব্যক্তির আগমনে রাজ্যে বর্ষিত হয়েছে দেবতার আশীর্বাদস্বরুপ বৃষ্টি।
মহাভারতের একটি খণ্ড কাহিনিতে আছে এমনি ঘটনা। ঋষিপুত্র ঋষ্যশৃঙ্গ ছিলেন সম্পূর্ণ নিষ্পাপ। রাজা লোমপাদ বিভিন্ন কৌশলে ঋষ্যশৃঙ্গকে নিজ রাজ্যে নিয়ে আসেন অনাবৃষ্টি দূর করার জন্য। নিষ্পাপ কুমার ঋষ্যশৃঙ্গ লোমপাদের রাজ্যে প্রবেশ করার পর অনাবৃষ্টির অভিশাপ দূর হয়ে নেমে আসে বৃষ্টির ধারা।
বৃষ্টিকে সমৃদ্ধি ও প্রশান্তির প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছে বিভিন্ন সমাজে। বৃষ্টির জন্য প্রার্থনার রীতি প্রচলিত আছে বাংলাদেশের সব ধর্ম সম্প্রদায়ের মধ্যেই। আছে মেঘরাজার গীত ও ব্যাঙের বিয়ে দেওয়ার লোকজ রীতি।

আমেরিকার আদি অধিবাসী রেড ইন্ডিয়ানদের বিভিন্ন গোত্রে রেইন ডান্সের রীতি ছিল যা এখনও অনেক ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে পালন করা হয়। মহান ঈগল দেবতা আকোটাংকার কাছে প্রার্থনা করা হয় জলভরা মেঘ প্রেরণের জন্য।

বৈদিক যুগে বৃষ্টির প্রার্থনায় দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে যজ্ঞ করা হতো। কারণ বজ্র-বিদ্যুৎ-বৃষ্টির দেবতা ছিলেন ইন্দ্র। জিউস, জুপিটার, থর, পেরন, ইন্দ্র এরা সবাই প্রাচ্য ও পাশ্চাত্যের পৌরাণিক পৃথিবীতে বজ্রবিদ্যুৎ বৃষ্টি নিয়ন্ত্রণ করেছেন।

বাংলাদেশে শ্রাবণ মাসে আজও পালন করা হয় ঝুলন উৎসব। প্রধানত বৈষ্ণব সম্প্রদায়ের এই উৎসব দোলযাত্রা বা হোলির মতোই রাধা-কৃষ্ণের ঝুলন শ্রাবণ মাসের লোকজ উৎসব।ঝুলন উৎসবে রাধা কৃষ্ণের বিগ্রহকে দোলনায় চড়িয়ে দোল দেওয়া হয়। সাঁওতাল সম্প্রদায়ের মধ্যেও ঝুলন উৎসবের প্রচলন আছে। সারা রাত মাদলের বাজনার সঙ্গে চলে নাচ আর গান। সাঁওতাল সম্প্রদায়ের ঝুলন উৎসবের রীতি বৈষ্ণবদের চেয়ে কিছুটা অন্যরকম। জন্মাষ্টমীর উৎসবও হয় ভাদ্র মাসে ভরা বর্ষায়।

বর্ষায় ভিক্ষু সম্প্রদায়ের মধ্যে বর্ষাবাস একটি শিক্ষাব্রত। বর্ষাবাসের সময় ভিক্ষুরা ধ্যান সমাধির চর্চা করেন এবং শাস্ত্র অধ্যয়নে নিমগ্ন থাকেন। গৌতম বুদ্ধের সময় থেকে এই ব্রত পালিত হয়ে আসছে। বুদ্ধদেব স্বয়ং ভিক্ষু সংঘের জন্য এই বর্ষাবাস বিধানের প্রবর্তন করেন। বর্ষাকালে জলমগ্ন ও কাদাময় পথ দিয়ে যাতায়াত করলে নিজের অজ্ঞাতে অনেক ছোটপ্রাণী, লতা পাতা, ছোট উদ্ভিদ ও পতঙ্গ পায়ের নিচে পড়ে মারা যেতে পারে। তাই এ সময় বুদ্ধদেব যথাসম্ভব কম ভ্রমণ কওে নিজ নিজ বিহারে থেকে শাস্ত্র চর্চা করার বিধান দিয়েছেন। এই সময় শীল, সমাধি ও প্রজ্ঞাচর্চার জন্য ভালো বলে বিবেচনা করা হয়। তিনি নিজেই আষাঢ়ী পূর্ণিমা থেকে অশ্বিনী পূর্ণিমা-এই তিনমাস বর্ষাবাসের সময় নির্ধারণ করে দিয়েছেন।

বর্ষাবাস, প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান-এই তিনটি একে অন্যের সঙ্গে সম্পর্কিত। গৌতম বুদ্ধের সময় গয়া, উরুবেলা,রাজগৃহ,নালন্দা, পাটলিপুত্র, একনালা, শ্রাবস্তী, সাকেত ও উজ্জয়িনীতে বর্ষাবাস পালন করা হত উৎসবমুখর পরিবেশে।

বর্ষায় বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠি বিভিন্ন উৎসব পালন করে। বর্ষায় বাংলাদেশের জেলে সম্প্রদায়ের মানুষ মেতে ওঠে মাছ ধরায়। এটিই তাদের আয় রোজগারের মৌসুম। যদিও পরিবেশ দূষণের ফলে বহু প্রজাতির মাছ ধ্বংস হয়ে গেছে, দিনের পর দিন দরিদ্রতর হচ্ছে জেলেরা। তবু তো এসেছে বর্ষা। ছোট ছোট জেলে নৌকা ভাসছে নদীতে। "আকাশে আষাঢ় এলো; বাংলাদেশ বর্ষায় বিহ্বল। মেঘবর্ণ মেঘনার তীরে তীরে নারিকেল সারি/ বৃষ্টিতে ধূমল; পদ্মাপ্রান্তে শতাব্দীর রাজবাড়ি/ বিলুপ্তির প্রত্যাশায় দৃশ্যপটসম অচঞ্চল।"(বুদ্ধদেব বসু, ইলিশ)

বর্ষা ভালোবাসার ঋতু। ভালোবাসার মতোই প্রবল, সজীব, কূলভাসানো। বৃষ্টি মানেই ভালোবাসা। বৃষ্টি মানেই শুভঙ্কর ও নন্দিনীর অবিশ্রান্ত কূজন। "আকাশ আলকাতরা হয়ে আসছে, চলো উঠি। এখুনি সেনাবাহিনীর মতো ঝাঁপিয়ে পড়বে বৃষ্টি, চলো উঠি। তুমি ঘাসের উপর বুড়ো বটগাছ হয়ে বসে রইলে। কলকাতা ডুবল, তুমিও ডুবলে, আমাকেও ডোবালে"(কথোপকথন, পুর্ণেন্দু পত্রী)।

বর্ষা নিয়ে, প্রথম বৃষ্টি নিয়ে সেই কালিদাস থেকে শুরু করে এখনও কবিরা লিখেই চলেছেন। আল মাহমুদ উচ্ছ্বসিত প্রথম বৃষ্টি নিয়ে। "প্রথম বৃষ্টির গন্ধ, প্রথম পানির ফোঁটা ঘাসে লাগা মাত্র মনে হলো অলৌকিক পাহাড় প্রান্তর।"( প্রথম বৃষ্টি)

শামসুর রাহমান বৃষ্টির দুপুরে আবেগমথিত হয়ে বলেন, "মেঘে-ঢাকা রাত্রি নয়, ভরা দুপুরেই/যখন পরীর মতো গান গেয়ে ওরা আসে এই/বাংলার আকাশ থেকে নিচে/ দিগন্তের ঘাসে দক্ষিণের শান্ত বিলে শহরের পিচে/ আমারো প্রাণের ভাষা সুর হয়ে ঝরে/ এ মাহ ভাদরে।..বৃষ্টির দুপুরে মনে পড়ে/বর্ষার মতো গাঢ় চোখ মেলে তুমি আছো দু'দিনের ঘরে।"(অতি পুরাতন বৃষ্টি)

কিংবা আবিদ আজাদ বলেন "তোমাদের উঠোনে কি বৃষ্টি নামে, রেলগাড়ি থামে?"
ফজল শাহাবুদ্দীন, আবুল হাসান, জাহাঙ্গীর ফিরোজ, নাসির আহমেদ থেকে বাংলাভাষার নবীনতম কবি পর্যন্ত প্রত্যেকের কবিতাতেই বৃষ্টি এসেছে। বৃষ্টি আসবে। বাংলার প্রকৃতিতে ও সাহিত্যে বৃষ্টি চিরন্তন। স্বাগত আষাঢ়, স্বাগতম বর্ষা।