পিতৃব্যের জন্য এলিজি
কাজী নূরুজ্জামান চৌধুরী ও বেগম হুরউন্নিসা চৌধুরাণীর শেষ জীবিত পুত্র সন্তান ফখরুজ্জামান চৌধুরী, আমাদের ফকু চাচা চলে গেলেন। গত পনেরো মাসে তিন সহোদর একে একে দুনিয়া থেকে বিদায় নিলেন। সহোদরেরা জমিনে আসে ক্রমধারা অনুসরণ করে। জ্যেষ্ঠতা এদেশের সংস্কৃতিতে মস্ত গুরুগম্ভীর একটা বিষয়। কিন্তু জমিন থেকে বিদায়ের বেলায় জ্যেষ্ঠতার ক্রমধারা মানার বাধ্যবাধকতা থাকে না। অন্তত, আমার পিতামহের সন্তানদের বেলায় সেটা মোটেই অনুসৃত হয়নি।
আমার দাদার সাতজন সন্তান ছিলেন। তাঁদের মধ্যে জ্যেষ্ঠতম মনিরুজ্জামান চৌধুরী। তারপর বেগম হুরমাতুন্নিসা, মশিউজ্জামান চৌধুরী, বেগম হেমায়েতুন্নিসা, আমার আব্বা কামরুজ্জামান চৌধুরী, ফখরুজ্জামান চৌধুরী ও আহমদ জামান চৌধুরী; এই ক্রমধারায় ধরাধামে তাদের আগমন। বর্তমানে বার্ধক্যজনিত অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন আমার ছোটফুপু বেগম হেমায়েতুন্নিসা ব্যতীত সকলেই মৃত। এরা কেউ জ্যেষ্ঠতার ক্রমধারা অনুসরণ করে মৃত্যুবরণ করেননি। সবার আগে চলে যান সাত ভাইবোনের দ্বিতীয়জন বেগম হুরমাতুন্নিসা, ১৯৮৪ সালের ১৯ জুন। এরপর ২০০৩ সালের ২৭ জানুয়ারী প্রয়াত হন মনিরুজ্জামান চৌধুরী। ২০১০ সালের ২০ মার্চ মৃত্যুবরণ করেন মশিউজ্জামান চৌধুরী। আর বিগত পনেরো মাসে, ২০১৩ সালের ৬ মার্চ আহমদ জামান চৌধুরী, ২০১৪ সালের ৩০ মার্চ কামরুজ্জামান চৌধুরী ও ১২ জুন ফখরুজ্জামান চৌধুরী। কাকতালীয়ভাবে ছয় ভাইবোনের মধ্যে তিনজন মার্চ মাসে আর বাকি দুজন জুন মাসে মৃত্যুবরণ করেন।
দার্শনিকরা বলে থাকেন, মানুষের জীবন এক দীর্ঘ বিস্ময়বোধের ভেতর দিয়ে এগিয়ে যায়। ২০১৩ সালের মার্চ মাসের পর থেকে আমি সেই বিস্ময়বোধকেই হাড়েহাড়ে উপলব্ধি করতে পারলাম। যেন ভোজবাজির মতো মাথার উপর থেকে একের পর এক বটবৃক্ষের ছায়া উবে গেলো। আজকের দিনে এসে রিক্ততার সাথে অনুভূত হচ্ছে, সত্যিই মানুষের জীবন অদ্ভুত এক বিস্ময়বোধের মধ্য দিয়েই কেটে যায়।
মোটামুটি ২০০৯ সাল থেকেই ফখরুজ্জামান চৌধুরী অসুস্থ ছিলেন। এই সময়টায় যতবার তাঁর সাথে আমার দেখা হয়েছে, ততবারই তিনি আমাকে বলেছেন, শরীর বিকল হয়ে গেলেও তাঁর চিন্তাশক্তি অটুট আছে, এবং এ জন্য তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞ। গতবছরের সেপ্টেম্বরে শেষ জীবনের অবিচ্ছেদ্য সঙ্গী হুইলচেয়ার আর অক্সিজেন সিলিন্ডার সাথে করে ছোট ফুপুর বাসায় এসেছিলেন ফকু চাচা। তখন সেখানে আব্বাও ছিলেন। আমার বারবার মনে হচ্ছিলো, হয়তো শেষবারের মতো সাতজনের মধ্যে জীবিত এই তিন ভাইবোন একত্র হলেন। এ যেন তিন ভাইবোনের এক অনিবার্য বিদায় সম্মিলনী। সেবার আমাকে পেয়ে চাচার যেন গল্পের নেশা পেয়ে বসেছিল। একবার তো রাত চারটা পর্যন্ত আমরা আড্ডা দেই। আড্ডায় চাচা ছিলেন কথক, আর আমি নিরবচ্ছিন্ন শ্রোতা। চাচাকে অগ্রজরা প্রায়শই জেদি ও একরোখা বলতেন। কিন্তু আমার কাছে তিনি ক্ষুরধার নীতিবান মানুষ। নীতির প্রশ্নে আপোষ না করে বাংলাদেশ টেলিভিশনের পরিচালক পদ থেকে অকালীন অবসর নিয়েছিলেন তিনি, অবসরোত্তর ভাতাদি সম্পর্কে উদাসীন থেকে। সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক, সব ক্ষেত্রেই তাঁর ছিল সুস্পষ্ট ও সরব নীতিবোধ। এসব ব্যাপারে তিনি ছিলেন শুদ্ধাচারী।
ভাইবোনদের প্রতি তাঁর ছিল প্রগাঢ় ভালবাসা। গতবছরের মার্চে ছোট চাচা আহমদ জামান চৌধুরী মারা যাবার পর থেকে বারবার কার্যত প্রলাপের মতো অভিযোগ করতেন জ্যেষ্ঠতা লঙ্ঘন করে তাঁর অনুজের আগে চলে যাওয়ার। গত মার্চে যখন আমার আব্বা মারা যান, তখন চাচা হাসপাতালে আধো আধো চৈতন্যে ছিলেন। অগ্রজের মৃত্যু সংবাদ শুনে তার মধ্যেই অশক্ত দুহাত তুলে আহাজারি করে উঠেছিলেন তিনি। আমার আম্মার হাতের রান্না করা নোনতা ইলিশ ভুনা খেতে খুবই পছন্দ করতেন চাচা। বেশ কয়েক বছর আগে শেষবারের মতো চাঁদপুরে নিজের পৈত্রিক ভিটায় এসেছিলেন তিনি। যাবার সময় তিনি অত্যন্ত সম্মানের সাথে আম্মার পা ছুঁয়ে সালাম করেছিলেন। ঠিক যেমন ঘরের ছেলে বিদায়ের আগে নিজের মাকে সালাম করে। এতে বাংলার আবহমান পারিবারিক তমুদ্দুন বা সংস্কৃতির বিষয় ছিল, একারণেই বয়সে ছোট হলেও সম্পর্কে বড় হবার কারণে আম্মাকে নিঃসংকোচে কদমবুসি করেছিলেন চাচা। কর্মজীবনে বরেণ্য কৃতিত্বের অধিকারী হবার পরও বাবার বাড়ি এসে তিনি যেন সবার স্নেহের 'ফকু'।
গতবছর ছোটভাই আহমদ জামান চৌধুরীর মৃত্যুর পর 'অনুজের জন্য এলিজি' নামে একটি লেখা লেখেছিলেন ফকু চাচা। http://opinion.bdnews24.com/bangla/archives/8525
আজ ফকু চাচার জন্য এলিজি বা শোকগাথা লেখার মতো কোন অগ্রজ বা অনুজ রইলো না। হাসপাতালে শয্যাশায়ী একমাত্র জীবিত বোনটি এখনো জানেন না, এই ধরাধামে তাঁর আর কোন ভাই বেঁচে নেই। যারা তাকে 'ছোট্ট বু' বলে ডাকতো, তাঁরা সবাই আজ মহাকালে লীন হয়ে গেছেন। সারাক্ষণ ভাইদের প্রতি অন্তঃপ্রাণ ফুপুকে ফকু চাচার মৃত্যু সংবাদ জানাতে সবাই চরম আড়ষ্টতা বোধ করছে। তবে জীবন তো 'খাজা নাজিমুদ্দীনের ফাইলের' মতোই। সকল কঠিন কাজ একটা সময় অনায়াস হয়ে যায়।
আমার ফকু চাচা জীবদ্দশায় হয়তো নিজের ক্ষতি হতে দিয়েছেন, কিন্তু কখনো অপরের ক্ষতি করেননি। কেবল তিনিই নন, নিজের পিতা ও পিতৃব্যদের সকলের ব্যাপারেই এই অভিন্ন অভিমত বুকে হাত দিয়ে বলার মতো সৎসাহস আমার আছে।পরম করুণাময় নিশ্চয়ই এদের প্রতি সদয় থাকবেন।
ফকু চাচার সাথে আমার শেষ দেখা হয়নি। তাঁদের কারো সাথেই আমার শেষ দেখাটি হয়ে ওঠেনি। এমনকি আব্বার মৃত্যুকালেও আমি তাঁর পাশে ছিলাম না। এটা কি নেহায়েতই কাকতালীয় ব্যাপার, নাকি কোন দুর্জ্ঞেয় রহস্য এতে লুকায়িত আছে? এই রহস্য উদঘাটনে অপারগ আমি। কিংবা বলা যায় অনিচ্ছুক। এক্ষেত্রে ফকু চাচার ভাষাতেই বলি, "এসব দুর্জ্ঞেয় রহস্যের কথা আমাদের অগম্য। আকাশ আর জমিনের মধ্যে অনেক কিছু ঘটে হোরেশিও যা আমাদের স্বপ্নেও দূরাগত।"
এই ছিল পিতৃব্যের প্রতি একজন ভ্রাতুষ্পুত্রের এলিজি, সাথে সাথে ফখরুজ্জামান চৌধুরী নামের মানুষটির প্রতি আমার অনুভূতির একটি ক্ষুদ্র আলেখ্য।
