২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হতভাগ্য এ জনপদের এক উপেক্ষিত প্রদীপ

মিনার মনসুর মিনার মনসুর

Published : 18 Mar 2014, 06:58 PM

Updated : 23 Jun 2022, 04:06 PM

সুসজ্জিত মঞ্চে যখন চোখধাঁধানো রঙিন আলো এসে পড়ে, সে আলো অনেক সামান্য মুখকেও অসামান্য করে তোলে। চতুরজনেরা তা জানেন বলেই সর্বশক্তি নিয়োজিত করেন মঞ্চ-দখলের কাজে। অনেকটা চর দখলের মতো। এতে বিনিয়োগ নামমাত্র হলেও অর্জন বা সাফল্য শতভাগেরও বেশি। ফলে শিশু ও পাগল ছাড়া সবাই এখন সেদিকেই ধাবিত হচ্ছে। অধ্যয়ন, অধ্যবসায়, সাধনা, নিষ্ঠা, সততা, বিনয় ও দেশাত্মবোধ– কয়েক দশক আগেও যা ছিল আমাদের সবচেয়ে বড়ো সম্পদ– এখন কেউই তার তোয়াক্কা করছে না। সকলের চোখ সুসজ্জিত মঞ্চের দিকে। সবাই এখন অসামান্য হতে চান অন্যের আলোয়। অথচ মঞ্চ যারা তৈরি করেন, আলো যারা জ্বালান– অধিকাংশ ক্ষেত্রেই তারা থেকে যান উপেক্ষার অন্ধকারে। এ উপেক্ষার শর কতো বিষময় হতে পারে তা মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন বাংলার চিরদুঃখী কবি নজরুল। তাঁর একটি পঙ্ক্তি এখানে স্মরণ করা যেতে পারে। সেটি হলো, 'আলো দিতে পোড়ে কতো প্রদীপের প্রাণ/তুমি বুঝিবে না তুমি বুঝিবে না'। গীতিকার-কবি ফজল-এ-খোদা হতভাগ্য এ জনপদের এমনই এক উপেক্ষিত প্রদীপ।

ফজল-এ-খোদার সঙ্গে আমার প্রথম পরিচয় ১৯৮৫ সালের মাঝামাঝি সময়ে। কিছুটা নাটকীয়ভাবেই বলা যায়। আমি তখন বিশ্ববিদ্যালয়পর্ব শেষ করে সবেমাত্র কর্মজীবনে পা রেখেছি। যুক্ত হয়েছি একটি গুরুদায়িত্বের সঙ্গে। 'দেশবন্ধু' নামে একটি সাপ্তাহিক পত্রিকার সামগ্রিক দায়িত্ব অর্পিত হয়েছে আমার ওপর। দায়িত্বটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক। সেখানে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক জননেতা আবদুর রাজ্জাক, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী কমান্ডার (অব) আবদুর রউফ, বিশিষ্ট স্থপতি আলমগীর কবীর, বিশিষ্ট সাংবাদিক মীর মাহবুব আলী, মীর নূরুল ইসলাম এবং মহৎ-হৃদয় মোনায়েম সরকারসহ বহু বরেণ্য ব্যক্তির সান্নিধ্যে আসার সৌভাগ্য আমার হয়েছিল।
আমার যতদূর মনে পড়ে, সদ্যোজাত এ সাপ্তাহিকটির আপসহীন আদর্শিক অবস্থানই একদিন ফজল-এ-খোদাকে টেনে নিয়ে এসেছিল 'দেশবন্ধু' কার্যালয়ে। সঙ্গে ছিল ছড়াকার পুত্র ওয়াসিফ-এ-খোদাও– সিকি শতাব্দীর ব্যবধানে যিনি এখন আমার সহকর্মী। চা-সিঙ্গাড়া সহযোগে সেদিন দীর্ঘ আড্ডা হয়েছিল। ফজল-এ-খোদা বিশেষভাবে আগ্রহী ছিলেন শিশু-কিশোরদের মধ্যে প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক চেতনার প্রসারে। মূল্যবান কিছু পরামর্শও দিয়েছিলেন। সেটাকে বিবেচনায় নিয়ে পত্রিকার পাশাপাশি 'আমরা পলাশ' নামে একটি শিশু-কিশোর সংগঠন গড়ে তোলার উদ্যোগও নিয়েছিলাম আমরা। কিন্তু উচ্চপর্যায়ে রাজনৈতিক টানাপোড়েনের কারণে দুটি উদ্যোগই মুখ থুবড়ে পড়েছিল মধ্যপথে।

২.

ফজল-এ-খোদা আমার হৃদয়ে আসন করে নিয়েছিলেন আরও প্রায় সিকি শতাব্দী আগে। ঊনসত্তরের গণআন্দোলনের প্রবল তোড়ে সারা দেশ যখন টালমাটাল– আমি তখন চট্টগ্রাম সরকারি মুসলিম হাইস্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। সেই জোয়ারে আমিও ভেসে গিয়েছিলাম। বদলে গিয়েছিল আমাদের পুরো প্রজন্ম। বদলে গিয়েছিল আমাদের শিশুকাল। আমাদের সমগ্র সত্তা জুড়ে তখন তিনটি শব্দের জাদু– বাংলা, বাঙালি ও বঙ্গবন্ধু। রাজনীতি বোঝার বয়স আমাদের হয়নি। অগ্রজদের আড্ডায় পাকিস্তানের দুই অংশের মধ্যে বৈষম্যের যে-সব গুরুগম্ভীর আলোচনা হতো– তাও আমাদের তেমন আকর্ষণ করতো না। বলতে দ্বিধা নেই যে সেই সময়ে আমার শিশু-হৃদয়ে বাংলাদেশের যে অপূর্ব 'কোমল মুরতি'টি স্থায়ীভাবে মুদ্রিত হয়ে গিয়েছিল তার জন্যে আমি প্রধানত তিনজনের কাছে ঋণী। তারা হলেন, বঙ্গবন্ধু– তাঁর ৭ মার্চের অতুলনীয় সেই ভাষণের জন্যে এবং আবদুল গাফ্ফার চৌধুরী ও ফজল-এ-খোদা– তাঁদের অবিস্মরণীয় সেই গান দুটির জন্যে: 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' এবং 'সালাম সালাম হাজার সালাম'।

মুক্তিযুদ্ধের নয়মাস স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে হৃদয়মথিত-করা অসংখ্য গান প্রচারিত হয়েছে। অতুলনীয় সব গান। হায়েনাকবলিত ভয়ঙ্কর সেই দিনগুলোতে অবরুদ্ধ স্বদেশে অগ্নিঝরা এইসব গান একদিকে যেমন আমাদের নিরন্তর ভরসা জুগিয়েছে, অন্যদিকে তেমনি মৃত্যুঞ্জয়ী প্রেরণা সঞ্চারের মাধ্যমে অপ্রতিরোধ্য করে তুলেছে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের। সাহিত্যের ছাত্র ও সক্রিয় কর্মী হিসেবে কখনও কখনও আমার মনে হয়েছে, এগুলো তাৎক্ষণিক আবেগের ফসল। গণজাগরণের জোয়ারে যেভাবে ভেসে এসে জনচিত্তকে আচ্ছন্ন করেছে, ভাটার টানে আবার সেভাবেই তা চলে যাবে দৃষ্টির আড়ালে। ফুরিয়ে যাবে তার আবেদন। মুক্তিযুদ্ধভিত্তিক বেশকিছু কবিতা ও গানের ক্ষেত্রে বাস্তবেও ঠিক তা-ই ঘটেছে। তবে আমি বিস্ময়ের সঙ্গে আবিষ্কার করি যে চার দশক আগে আমার শিশুবয়সে উল্লেখিত দুটি গান আমাকে যেভাবে আলোড়িত করতো, এখনও সেভাবেই আলোড়িত করে। মুক্তিযুদ্ধের টগবগে সেই উত্তেজনা নেই, নেই কাঁচা বয়সের সেই আবেগসর্বস্বতাও। কিন্তু গানদুটি শুধু যে বেঁচে আছে তা-ই নয়, আমার কিশোরবয়সী পুত্রকন্যাকেও তা একইভাবে আলোড়িত করে চলেছে। এটা সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে গানদুটি কালের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। তবু যে-প্রশ্নটি আমাকে তাড়িয়ে বেড়ায় তা হলো, উত্তাল আবেগের গর্ভজাত তাৎক্ষণিকতাপ্রসূত সৃষ্টির ক্ষেত্রে এটা সম্ভব হলো কিভাবে?

উত্তরের সন্ধানে দৃষ্টি নিবদ্ধ করি ফজল-এ-খোদার মাত্র ১৯ পঙক্তির অসামান্য সেই গানটিতে। গভীর মুগ্ধতার সঙ্গে আবিষ্কার করি তার অমরত্বের বীজমন্ত্রটি। কী নেই সেখানে? আবহমান বাঙালির হাজার বছরের অচরিতার্থ আশা, স্বপ্ন, সংগ্রাম ও আত্মত্যাগ মূর্ত হয়ে উঠেছে শব্দের সংযমী, সতর্ক ও সংকেতময় গাঁথুনিতে। কী সেই আশা? কী সেই স্বপ্ন? কীসের জন্যে এই আত্মত্যাগ? পাঠক লক্ষ করুন– মাত্র কয়েকটি পঙক্তিতে কী অনবদ্যভাবে উঠে এসেছে তার উত্তর:
মায়ের ভাষায় কথা বলাতে
স্বাধীন আশায় পথ চলাতে
হাসিমুখে যারা দিয়ে গেল প্রাণ
সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান
তাদের বিজয় মরণে॥

বীরের আত্মত্যাগ যে কখনই বৃথা যায় না রবীন্দ্রনাথ আমাদের তা স্মরণ করিয়ে দিয়ে গেছেন বহু আগেই। তাঁর উত্তরসূরি ফজল-এ-খোদার উপলব্ধিও ভিন্ন নয়:
ভায়ের বুকের রক্তে আজিকে
রক্ত মশাল জ্বলে দিকে দিকে,
সংগ্রামী আজ মহাজনতা
কণ্ঠে তাদের নব বারতা
শহীদ ভায়ের স্মরণে।

বিশেষ করে 'মহাজনতা' এবং 'নব বারতা' শব্দদুটির সুদূরপ্রসারী তাৎপর্য সচেতন পাঠকের দৃষ্টি এড়িয়ে যাওয়ার কথা নয়। বঙ্গবন্ধুর জাদুকরী নেতৃত্বে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত জনতার এই যে মহাঐক্য এবং স্বাধীনতার জন্যে এই যে ব্যাকুলতা– বাঙালির হাজার বছরের ইতিহাসে তার তুলনা খুঁজে পাওয়া যাবে না।

আরও লক্ষণীয় যে এটাকে কবিতা বা গান যাই বলা হোক না কেন, তার উপস্থাপনা সরল কিন্তু কোনোভাবেই সাধারণ নয়। সেই সময়ের প্রেক্ষাপটে তো নয়ই। প্রথম দুটি পঙ্ক্তি একেবারেই সাধারণÑ 'সালাম সালাম হাজার সালাম/সকল শহীদ স্মরণে', কিন্তু পরবর্তী দুটি পঙ্ক্তিতে এসে থমকে দাঁড়াতে হয়Ñ যখন অবলীলায় কবি বলেন, 'আমার হৃদয় রেখে যেতে চাই/তাদের স্মৃতির চরণে॥' এ দুটি পঙ্ক্তির যে-ব্যঞ্জনা তা কখনো ফুরাবে বলে মনে হয় না।

প্রায় অর্ধশতকের দীর্ঘ পথযাত্রায় ফজল-এ-খোদার কলম কখনো ক্লান্ত হয়নি। বিপুল বিচিত্র তার সৃষ্টিসম্ভার। অসংখ্য গান তিনি লিখেছেন। তার মধ্যে আমার প্রিয় গানের সংখ্যাও একেবারে কম নয়। দেশ যখন অন্ধকারকবলিত তখন গানের আলো দিয়ে সেই অন্ধকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছেন তিনি। নিরাপদ চাকরি ছেড়ে অংশ নিয়েছেন মুক্তিযুদ্ধে। দেশের প্রতি এ ভালোবাসার জন্যে উপযুক্ত মূল্যও দিতে হয়েছে তাঁকে। কিন্তু তিনি তাঁর স্বধর্ম ত্যাগ করেননি কখনোই। ভাবতে গ্নানি বোধ করি যে স্বাধীনতার পর চার দশক চলে গেছে। কতো বামনের গলায় ঝুলেছে চন্দ্রহার। কিন্তু জীবনের পড়ন্ত বেলায় এসেও ফজল-এ-খোদার প্রাপ্তির খাতা শূন্যই রয়ে গেছে।

৩.
কবিরা প্রায়শ তাদের সৃষ্টির অমরত্ব নিয়ে তুমুল তর্কে লিপ্ত হন। যখন থেকে কবিতা-গান রচিত হচ্ছে, সম্ভবত তখন থেকেই এ-তর্ক চলে আসছে। যতোই সাবধানতা অবলম্বন করি না কেন, এ ধরনের তর্কের লু-হাওয়া থেকে সবসময়ে নিজেকে রক্ষা করা সম্ভব হয় না। অনিচ্ছা সত্ত্বেও বলতে হয় দু'একটি কথা। তখন আমি আবদুল গাফ্ফার চৌধুরী ও ফজল-এ-খোদার শরণাপন্ন হই। বলি, তাঁরা যদি আর কিছু রচনা নাও করতেন, শুধু এ দুটি গানের জন্যেই আমরা যেমন তাদের মনে রেখেছি, তেমনি ভাবীকালও তাদের মনে রাখবে। শিল্পদেবীর পদতলে প্রতিদিন কতো সহস্র অর্ঘ্যই না নিবেদিত হয়, কিন্তু এমন সৌভাগ্য যে সকলের হয় না তা কি বলার অপেক্ষা রাখে?