পর্দার ওপারে আলী আনোয়ার
দরজায় কড়া নাড়ার শব্দ। দৌড়ে গিয়ে দরজা খুললাম। কিসেই বা পড়ি– শিশু শ্রেণিতে হবে হয়তো। তখন অমনটাই করতাম। নড়বড়ে মেরুদণ্ডের তুলতুলে বয়সটা পেরিয়ে সবাই বুঝি এমন কাজগুলোয় বড় হবার বাহাদুরি খোঁজে। আমাদের বাসার ফটকের পশ্চিমে বৈঠকঘর, তার পাশে খাবার ঘর। ফটক বরাবর দোতলায় ওঠার সিঁড়ি। দরজা খুলেই বড়সড় একজোড়া গোফওয়ালা মানুষের মুখোমুখি হবো ভাবিনি। সামনে আলী আনোয়ার চাচা দাঁড়িয়ে। মৃদুস্বরে বললেন, 'আলো কোথায়?' তাকে দেখে শিরদাড়া দিয়ে নামতে শুরু করা হিম তলে পৌছানোর আগেই কয়েক লাফে সিঁড়ি ঢিঙিয়ে বাবার শোবার ঘরে হাজির হলাম। -'আলী আনোয়ার চাচা এসেছেন।' উনি বাবার বন্ধু হলেও প্রতিদিন তাকে দেখি না। আমরা তখন রাজশাহী বিম্ববিদ্যালয়ের পশ্চিম পাড়ায় থাকি। ওনার বাস পুব পাড়ায়। মাঝখানে এক/দেড় কিলোমিটার জুড়ে বিশ্ববিদ্যালয়ের যত কাণ্ডকারখানা।
ওঁরা তখন নাটক করতেন। তারা গড়ে তোলেন 'থিয়েটার ওয়ার্কশপ।' দেশে থিয়েটার আন্দোলনের যাত্রা শুরু ওখানেই। নটে গাছ মুড়োনোর মতো তারপর মূলটা ঢাকা কেন্দ্রিকই। ওখানে শিক্ষকরাই শুধু অভিনয় করতেন না। তাদের অনেকের স্ত্রী, এমন কি কারো কারো কন্যাও মঞ্চে উঠতেন। সেখানে নিয়মিত কর্মশালা হতো। জীবনভর শুনেছি 'আলী আনোয়ারের মতো নাটক বোঝে এমন কেউ বাংলাদেশে নেই।' তবে ঢাকা থেকে অতিথিরা আসতেন। নটে গাছের মতো রাজধানীর আলোক ছটায় আবৃত হতেই হবে সব? কে জানে। হয় তো তা-ও নয়। জমিনটা শক্তপোক্ত করতে অভিনয়ের অন্য শূন্যতা ভরাটে অথবা আন্দোলনে মেলবন্ধন রচনায় তারা মিলিত হতেন। গোলাম মোস্তফা, রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার যেতেন মনে পড়ে। আলী আনোয়ার অভিনয়ে অপটু এ কথা শুনিনি কখনো। অন্য অনেকের অভিনয়ের প্রসংশায় বেলা পড়ে গেলে সবাই ব্যস্ত হয়ে ওঠে। তাই তাঁর পরিচালনায় দক্ষতার গল্পই ভাসতে থাকে। উনি চরিত্রগুলো বিশ্লেষণ করেন আর হাসান আজিজুল হক নড়েচড়ে তা দেখিয়ে দেন। এজন্য বন্ধুমহলে হাসান চাচার নাম জুটেছিল- মোশন মাস্টার। তাঁর গল্পের মতোই তার অভিনয়ও খুব তীব্র ছিল।
বিচ্ছিন্ন দ্বীপের মতো আলী আনোয়ারকে বর্ণনা করা আসলে মুশকিল। জ্ঞান হবার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণ্ডির ভেতর ওঁকে দেখছি। ওখানকার মানুষগুলো এমনভাবে জড়িয়ে রয়েছে যে তাকে আলাদা করে ছাড়িয়ে নেয়া যায় না। ছিঁড়ে আলাদা করে নিলেই ফুলের সতেজতা হারাবার মতো তারও এক ধরণের মৃত্যু হয়। '৯৮-এ আমার বাবা মৃত্যুর পর শোক জানাতে চিঠিতে লিখলেন- আমার বাবার চলে যাওয়া তার জীবনেরও একটি অংশের মৃত্যু। তাদের যাপিত জীবন অনেকগুলো জীবনের সম্মিলন, নাকি একটি জীবনে সবার দেহ লীন হওয়া, রেখা টেনে দেখানো মুশকিল। অথচ সনৎ কুমার সাহা, গোলাম মুরশিদ, জুলফিকার মতিন, সুব্রত মজুমদার, আবদুল খালেক, শিশির ভট্টাচার্য আর সবাইকেই আলাদা আলাদা করে চেনা সম্ভব। চুলের ছাট থেকে কথা বলার ভঙ্গি সবারই স্বতন্ত্র। মননেও তারা যে অভিন্ন তা-ও দাবি করা যাবে না; এত সব স্বাতন্ত্র্য সত্ত্বেও নিবিড় বুননে আবদ্ধ ওঁরা। অনেকটা আলী আনোয়ারের লেখার মতো। তার যে কোন লেখায় ঘন বুনটে শব্দগুলো এমনভাবে গাঁথা যে একটি শব্দও খসিযে ফেলা যায় না।
তাঁর রচনার সামান্য এক পাঠক আমি। রচনার ভেতর থেকে তাঁকে ছেঁকে আনবার বা কালের মাপকে ওজন করবার সাধ্যি আমার নেই। বছর বছর ক্লাস টপকে টপকে গেছি বটে; তবে একে লেখাপড়া বলে না। স্কুলের সাথে আমার কেন জানি শত্রুতা। মুখে গোঁফের রোয়া যতই বেরুতে থাকে ততই পলাতক হতে থাকি ওই সমাজ থেকে। পর্দার আড়ালে দূরে দাঁড়িয়ে ওঁদের হৈচৈ শুনি; ঝাপসা আলোক ছটা কখনো চোখ ধাঁধিয়ে দেয়। ভুলেও মুখোমুখি হই না। নির্বোধ না হলে মুর্খতার সংকোচ প্রবলই হয়। তবে জালে আটকা পড়লে মাছের মতো বোবা হয়েই থেকেছি।
আলী আনোয়ারের পাণ্ডিত্য লেখালেখি পড়াশোনা যেমন আলোচনার বিষয় তেমনই তার গোঁফ, এক সেকেন্ডে মিলিয়ে যাওয়া হাসি, রাগ,
নির্লিপ্ততা, স্নেহময়তা, সংবেদনশীলতাও আলোচিত হতো। ছাত্ররা এতই তাঁকে ভয় পেত যে দরজায় দাঁড়িয়ে 'কী ব্যাপার' শুধালেও ওদের কানে প্রকাণ্ড হয়ে তা বেজে উঠতো। ওঁর এক চিলতে হাসি দেখতে কতজন কত বছর অপেক্ষা করেছে কে জানে। সেই হাসি সব সময় একই অর্থবাহক ছিল মনে হয় না। অনেক ক্ষেত্রেই ওনার সমালোচনা আর প্রশংসা একাকার হয়ে যেত। এক কাব্যগ্রন্থের পর্যালোচনা পড়তে গিয়ে দেখি খুলতে খুলতে কাব্যের অন্তর্বাসও খুলে ফেললেন; তারপরই দক্ষ হাতে ফের সাজিয়েও দিলেন। কোন বোধ নেবে তাতে পাঠকের কতই না স্বাধীনতা!
এই পাণ্ডিত্যের অনিবার্য ফল কি গাম্ভীর্য? সনৎ কুমার, গোলাম মুরশিদ-ও পণ্ডিতজন। তাদের কাছে পৌঁছানো অত দুঃসাহসিক অভিযাত্রা কখনোই ছিল না। এই বৈচিত্র কি তাঁর অতীত পরিবার আর ছেলেবেলার পারিপার্শিকতায় গড়া? অংক কষে বলা মুশকিল। তারুণ্যে তিনিও উদ্দাম ছিলেন। ক্লাস ফাঁকি দিয়ে সিনেমা দেখতেন, সাংস্কৃতিক কাজে জড়াতেন।
কারো শোকে বা আনন্দে সস্ত্রীক তার বাড়ি যাওয়া ওঁদের অভ্যেস ছিল। কেউ তার সাথে দেখা করতে গেলে দোতলা থেকে বৈঠকঘরে আসতেন প্যান্ট পরে। কেউ তাকে লুঙ্গি পরা দেখেছেন কিনা বলা মুশকিল। চাচা-চাচীর, ওঁদের চার ছেলেমেয়ের বন্ধু মহলের প্রতিদিনের আড্ডা ছিল ওঁদের বাসা। পরতে পরতে এত নাস্তা বানাতো কে? একজন চিরস্থায়ী রাঁধুনী নিয়ে চাচী সামলাতেন কিভাবে!
আমরা স্কুল পেরোনোর আগেই পুব পাড়া ছেড়ে পশ্চিমপাড়ায় চলে আসেন তারা। আমাদের বাসার একটা বাসা পেছনে অবিকল নকশার বাড়িই তাদের ঠিকানা। দোতলায় তিনটি শোবারঘরের সবটা দেয়াল জুড়ে বইয়ের আলমারি। প্রতি তাকেই আগুপিছু করে দু সারি বই। এত বই! তবে গোসলখানায় কোন বুকশেলভ ছিল না। মাদকাসক্তির মতো বই কেনার নেশা ছিল তার। পাড়ার সব ছেলেমেয়ের সামান্য কোন সুখবরে বই শুভেচ্ছা দেয়া চাই তাদের।
দোতলার পশ্চিমের ঘরে তিনি থাকতেন। তার বড় ছেলে শমী, আমার বন্ধু, থাকতো পুবেরটায়। মাঝেরটায় বোধ হয় অন্যরা। তার অবর্তমানে ওঁর ঘরে ঢুকে দেখেছি টেবিল উপচে-পড়া বই। একটা চিঠি লেখার জায়গাও খালি নেই।
এত পড়েন, কেন তিনি এত কম লিখতেন? বিষয়ের গভীরে নামতে গিয়ে অমীমাংসিত হয়ে পড়াই কি কাল হয়েছে? মানুষটার অসম্ভব চাপা স্বভাবই তাকে কি গ্রাস করে ফেলে? প্রচণ্ড সচেতন মানুষটা কখনো প্রচারক হতে চাননি। তবে স্বাধীনতার পরপরই ধর্মনিরপেক্ষতা বিষয়ে গ্রন্থ তার সক্রিয়তার আভাস দেয়।
জাতীয়তাবাদী-সাম্যবাদী এমন সব মতাদর্শে বা এরও ক্ষুদ্রাতিক্ষুদ্র খোপে ঢেলে ছোটখাটো মানুষের বেলায় কিছু বলা হয়তো অবিচার হয় না। কিন্তু আলী আনোয়ারদের বেলায় তা সংকট তৈরি করে। লালঝাণ্ডার আওয়াজে বধির হবার দশার সময় তারা বিদ্যাসাগর নিয়ে ভাবতে বসেন। সব কিছু ধ্বসে পড়ার কালে বিজ্ঞানীদের নামহীন 'কেউ নন' হয়ে ওঠা দেখতে পান। কথা বলবার সময় বাক্যগুলোয় ইংরেজি শব্দ ঠাসা থাকলেও লেখনিতে তার আভাসটি নেই। যখন তিনি বলেন ভাষাটা নির্মাণ করে নিতে হয়। আমরা বুঝে ফেলি তার সতর্কবাণী। তার চেতনায় বহুস্তরী শিলাখণ্ডের অস্তিত্ব টের পাওয়া যায়। এত গভীরভাবে বিশ্লেষণ করেন যে তার দৃষ্টি ধারণ না করেও তাকে অগ্রাহ্য করা যায় না।
আমার বাবার মৃত্যুর পর একবার তাকে খুব কাছ থেকে পেয়েছি। ভয়হীন চোখে ধরা পড়ে তার স্নেহময়তা। তিনি যেমন ভাবতেন তার বন্ধুদের এক একটি মৃত্যু তার জীবনের এক একটি অংশের মৃত্যু; ঠিক তেমনই আমিও বুঝে নেই তাদের বেঁচে থাকায় আমার বাবারও বেঁচে থাকা। কিন্তু আজ?
