জলচিকিৎসা
সূর্য ডুবলো কী মরণ-কামড় দিলো। হাত-পা খিল ধরে আসে, জিহ্বা সরে না, কণ্ঠ চড়ে না — আর, বুকের মধ্যে তেপান্তরের মাঠ। শিশু গোল্লা চোখে তাকিয়ে থাকে, বালিকা পাশ কাটিয়ে যায়, তরুণেরা শত হাত দূরে অবস্থান নেয় ; কেবলমাত্র জানালার পাশের লেবু গাছটি বলে : আয়, আমার কাছে আয়। কাছে যাই। পাতায় গন্ধ মেলে না, বুক চিতিয়ে থাকে সবুজ কাঁটা ; আকাশ তখন ধূসর কী নীল — নীল কী কালোর মধ্যে হামাগুড়ি দিচ্ছে। ভেতরে বাগড়া দিচ্ছে দু'চারটে তারা, যেন সর্বহারা। পশ্চিম কী পুব, কৃষ্ণ কী শুক্ল সব একরকম ; যেন গরম ভাত আর ঠাণ্ডা তরকারি মিলে নৈশভোজের পালাভিনয়। প্রয়োজন ছিলো না, তবু একটি লেবুপাতা ছিঁড়ে বলি : সকালে তুই গন্ধ হোস।
কি ঋতু এখন ? ক্যালেণ্ডারের পাতা জোড়া লাগানো, ইংরেজি মাস দেখে ঋতু নির্ণয় এক অংকখেলা। ও পর্যন্ত আলোও পৌঁছে না ! তাকের ফাঁক দিয়ে যতোটা গলায় তাতে উঁকি দেয় মিনারের মাথা, কাঁথা টেনে আরো একটু ঘন হওয়া। তবে কি ফাল্গুন, ফেব্রুয়ারি — শীত-বসন্ত জড়াজড়ি ! নদীপথে ততক্ষণে নালা নেমেছে, লালা জমতে শুরু করেছে মুখে। তবে তো এ বছরই ষাট বছর পূর্ণ হলো একুশের। ষাট বড়ো কম কথা নয় ! নানান ব্যথা বুকের মধ্যে নড়েচড়ে — আমার চেয়ে মাত্র চার বছর খাটো। তাহ'লে ছোট বোনটির মতো। 'আমি ও আমার বোন / পৌষ ও ফাল্গুন / পিঠে পিঠ সমান আগুন'। সে আগুন নেভার নয় ; বাড়ে, কিন্তু পোড়ায় না। প্রয়োজনের অংশটুকু টেনে নেয় বুকে-মাথায় : তপ্ত করে, সিদ্ধ করে, বিদ্ধ করে একান্ত বিনয়। আমাদের একুশ যেমন বোন, তেমনি আবার ভাইও। ভাইয়ের দাপটে স্বরের সঙ্গে ব্যঞ্জন মিলিয়ে তৈরি করে অপূর্ব এক ভাষা-সরোবর। যাতে জল থাকে, ফল থাকে আর থাকে অনন্ত ফসলের বিস্তারিত উদ্ধার। আবগাহনে-অবতরণে নতুন মাত্রায় ফাল্গুন-ফেব্রুয়ারি আমাদের নাড়ায় : তাড়ায়। আমরা জেগে উঠি ; জাগরণে উন্মুক্ত হয় হৃদয়-প্রণালী, চেতনার সৌধাবলী ! পরিণত বিস্তারে একুশ তার শীর্ষদেশে স্থাপন করে ভাষার সঙ্গে দেশ — বাংলাভাষা এবং বাংলাদেশ।
একুশ আর আগুন, ফাল্গুন আর শিমুল হাত ধরাধরি করে চলতে চেয়েছিলো। কিন্তু পথে-পথে দানব দাঁত-নোখে ছিঁড়ে ফেলতে চায় মাথা ও হাত, পা ও পাঁজর। সে দানব কখনো চণ্ডাল রূপে আবার কখনো গণ্ডার হয়ে গ্রাস করে সবুজ তৈজস, সোনালি সূর্য। সূর্যের মধ্যেই তো ছিলো প্রাণ-ভোমরা। রক্তে রাঙানো, আগুনে দাগানো ছাপ্পান্ন হাজার বর্গমাইল। কথাটা এমন দাঁড়ালো : একুশে ফেব্রুয়ারি আগুন আর শিমুলের মেলবন্ধন, বাংলা ও বাঙালির অভূতপূর্ব জাগরণ।
বাংলাভাষা তার পর্যায়ক্রমিক বিস্তারে পেলো নতুন এক মাত্রা — যা ধর্ম-সংস্কৃতি, বর্ণবিভেদ এবং ভৌগলিক আয়তনকে ভেঙে দেশ-মহাদেশের গণ্ডি পেরিয়ে গেলো। 'আমার ভা'য়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী' স্পর্শ করলো প্রাণের চূড়ান্ত আবেগ : 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি'। কর্ষিত ভূমিটি বর্ষণে প্লাবিত হলো, অঙ্কুরিত হলো সবুজ শস্য-শির। অন্তরের আকাক্সক্ষা হাওয়ায় দোল খেলো, নীলিমায় লেখা হলো আমার মায়ের নাম।
'আমাদের চিকিৎসাপদ্ধতি আরম্ভ হইল' …
১
সময় ফুরিয়ে গেলে সাধন ঘটে না, কিংবা সাধনের জন্য চাই প্রকৃষ্ট প্রণালী। এ সময়-প্রণালী সূর্যের সঙ্গে তেজ বাড়ায়, হাওয়ার সঙ্গে পাল্লা দেয়। আবার অনন্তের মধ্যে অদৃশ্য হাতে নাড়ায় কলকাঠি। একটি ধারণা মাত্র, একটি অনুভব মাত্র — পাথরে, দেয়ালে, কাগজে কতোগুলো চিহ্ন দেয় ; ভাগ করে যাত্রাপথ ; তারপর শূন্য থেকে এক হয়, এক থেকে অযুত-নিযুত। একক হয়, এককের মান বেড়ে একসময় মুহূর্ত থেকে বছর অব্দি গড়ায়। বছর আবার এক থেকে হাজার-কোটি ! এই যে সময়ের বিচরণ, এই যে সময়ের আচরণ ও শাসন, এই যে সময়ের কাল নির্ধারণের একাগ্রতা — তার কিন্তু মৌলিক কোনো দম্ভ নেই। প্রকৃতির করকমলে নিজেকে সমর্পন ক'রে আছে। সময়-প্রণালীতে ১৯৪৭ সালের রাসায়নিক বর্জ্য পরিস্কার করতে-করতে ১৯৭১ সালে মূল চেহারার বৃহদাংশে জল মিললো। ফুটলো শাপলা ।
'আমাদের জলচিকিৎসা চলিতে লাগিল' …
২
মানুষ হারিয়ে গেলে মানুষ মেলে না। সে যায় ঘড়ির নিয়মে। নিজের ঘড়িতে নিজে দম দেয়। আর অজ্ঞাতেই একদিন বন্ধ হয় দম। এই দম বন্ধ হবার কিসিম নানা স্তরে, নানা সূত্রে ঘটতে পারে। ঘড়ি তার দাগ বোঝে না, সংখ্যা বোঝে না, কাঁটা বোঝে না — ভেতরের ¯িপ্রং কী ব্যাটারিও বোঝে না। বোঝে মানুষের তালে তাল মেলানো। এই সময়-তালে মানুষ তার সাধন ঘটায়। কেউ পূর্ণ করে ধন্য হয়, কেউ অপূর্ণ রেখেই অমর হয়। শতবর্ষ শেষে প্রাণঘড়ি দুয়ারে ঘণ্টা দেয় : আরো কি একশত ? ভেজার জন্য সময় প্রস্তুতি নেয়, ঘটতে থাকে আকাশলীলা। বৃষ্টিতে ডুবে যায় ঘড়ি, বন্ধ হয় কল। নালা কেটে জল বের করতে গেলে বাঁধা দিতে হয় নষ্ট দাপট।
'আমাদের জলচিকিৎসা চলিতে লাগিল' …
৩
বেলা ফুরিয়ে আসে, শিশিরেরা বাঘ-বন্দি খেলে। পালানের পিঁপড়ে মাঠ থাকে না, আবার ঘরেও ওঠে না। শুরুতে যে ঝরার গল্প ছিলো এখন তা নড়ার পাঠে রূপান্তরিত। কঠিনে নড়ে এবং কোমলে বুঝেসুজে সরেও। দূরত্ব বাড়তেই থাকে। বিন্দুটি যদি বেশি সম্মুখে থাকে যেমন নজরে আসে না, তেমনি পেছনে পড়ার মাত্রাও অধিক হলে ঝাপসা লাগে। এই মধ্যবর্তী অঞ্চলে জল জমতে চায়, বড়ো হতে চায় প্রতিবিম্ব-মাত্রা। প্রতিবিম্বের প্রয়োজনীয়তাও নানাবিধ। এতে দৃষ্টিশক্তির পরীক্ষা যেমন হয় তেমনি অস্তিত্বের অংশটুকু অবলোকন করা যায়। তারপরেও আছে প্রতিরূপের মায়াখেলা। যে খেলা বাঁচার আকাক্সক্ষায় গভীর কোনো পর্ব দোলায়। জাগরণে ও স্বপ্নে লুপ্ত হয় ভেদ-অঞ্চল। ফুল ফোটা নড়েচড়ে বসে, পাখি ডাকা ডিলিক দেয় — আগুন জ্বলে, বায়ু বহে ; এবং অন্তর্গত জলমালা বিকশিত হবার অভিপ্রায়ে সমুদ্রমুখী হতে চায়।
'আমাদের জলচিকিৎসা চলিতে লাগিল' …
৪
লাল খাওয়া হবে বলে একটি গাঢ় সবুজ তরমুজ কেনা হয়েছিলো। গাঢ় এবং পাকা দু'টিই ঝাঁজের। গাঢ় এক প্রকার ঢল এবং সেই গাঢ়ই অন্যপথে ছল। ওদিকে আবার পাকার অবস্থা টাল-মাটাল। কেউ পাকলে ঊন, কিছু পাকলে দুনো। খাবার ভেতর কতো যে লস্কর তা বুঝে উঠতে উঠতেই তস্কর তার পাইক-পেয়াদা নিয়ে হাজির। মিষ্টির মাত্রা মানো, কাল-আকাল বোঝো আর গরম-ঠাণ্ডা দেখো। তরমুজের জায়গায় তরমুজ থাকে, ছুরির খাপে ছুরি ! মিলন ঘটলে না লাল বোঝা যাবে ! দপদপ করে ক্ষিদে বাড়ছে, রক্ত ছুটছে ডবল কদমে। ওড়ার জন্য মাছি যে প্রস্তুতি নিয়েছিলো, তা থেমে আছে। পড়ার জন্য যে গতর খোলার আয়োজন করেছিলো, তার মন খারাপ। এখন সিদ্ধান্তের অপেক্ষা, তরমুজটির কি হবে — থাকবে না ফেরত যাবে ? এ নিয়ে একটি বিতর্ক অনুষ্ঠানের কথা ভাবা যেতে পারে। এবং তা যদি রাজনৈতিক চরিত্র পায় তবে তো অতি উত্তম ! সবুজ বনাম লাল। বিচারক হিশেবে থাকুক ছুরি। না, ছুরি পক্ষ হয়ে যায়। তা হলে সময়। আর সময়ের সঙ্গে জলসীমা স্পর্শ করুক অনন্ততরঙ্গ।
'আমাদের জলচিকিৎসা চলিতে লাগিল' …
৫
শিশুরা ছাদে খেলছে ; বালকেরা গলিতে। তরুণীদের জন্য পার্কিং-স্পেসে পুষ্প-প্রদর্শনীর ব্যবস্থা হলে তারা সানগ্লাস খুলে ভ্রƒ-র ভঙ্গি দেখাতে পারতো। কিন্তু সে সুবিধা নেই। এমন কি অপরাহ্ণের মাধুর্যে তারা যে দু'দণ্ড পার্কে ঘোরাফেরা করবে, তা-ও দুষ্কর। বড়োই চিন্তার বিষয়। ওদিকে ছ'তলার প্রৌঢ়া তার পরচুলা বদলিয়ে কুকুরের চেইন হাতে নিলেন। এরপর ধীরে-সুস্থে লিফটে নিচে নেমে সান্ধ্যভ্রমণে বেরুলেন। এ অঞ্চলের রাস্তায় রিকশার যা দাপট তা সামলিয়ে লেক পর্যন্ত পৌঁছানো বড়োই কঠিন ! যা বৃত্তান্ত তাতে সূর্য ডোবার অপেক্ষায় থাকে লোকাল মাস্তান, এঁটো ছিনতাইকারী ও পোশাকী খুনী। শিশু-বালক-তরুণী ও প্রৌঢ়া সামলিয়ে কবিরাজ সাহেব হাসপাতালের রাস্তায় পড়লেন। নকল ক্লিনিক, ভেজাল কারখানা ডিঙ্গিয়ে এ্যালোপ্যাথির ভাঁজে হোমিওপ্যাথি পুরে তাঁর মাথা গরম হ'লে মহাভৃঙ্গরাজের শিশি উপুড় করে দিলেন। তেল-জল এককার হয়ে গেলো।
'আমাদের জলচিকিৎসা চলিতে লাগিল' …
৬
ফেব্রুয়ারি মানে বইমেলা, আর মেলা মানে বাড়ির আঙ্গিনায় সারা বাংলাদেশ সাজিয়ে বসা। বট-বহেরার তলে, পুকুরের পাড়ে, মসজিদের পাশে, পোস্টাপিসের সম্মুখে, — এমনকি হাঁটা-চলায় বই আর বই। বই হরেক জাতের, তার সঙ্গে খালা-মাসি হয়ে আছে মুড়ি-মুড়কি থেকে চুড়ি-বাঁশি-সাঁড়াশি। বইয়ের টান যতো না — তার চেয়ে বেশি টান আড্ডার। কেউ আবার মেলায় আসেন নতুন পাঞ্জাবির ভাঁজ ভেঙে টেলিভিশন ক্যামেরার সামনে গলা বাড়িয়ে দিতে। টেলিভিশনঅলারাও আছে, ট্যাটা হাতে বসে থাকে এবং এ-মোচড় সে-মোচড়ে খপ করে বিখ্যাতদের গেঁথে ফেলে। বলুন তো, বই পড়া ভালো নাকি কই মাছের কাঁটা বাছা ভালো ? বই কিনবেন না বাচ্চার হিসি ধরার জন্য প্লাস্টিকের বালতি ? খই-বাতাসা হয়ে নতুন লেখক চরকি দিচ্ছে, জনপ্রিয়রা অটোগ্রাফ দেবার জন্য কলম উঁচিয়ে বসে আছেন। শিশুদের সঙ্গে পাল্লা দিয়ে তরুণীরা লাল-সবুজে গালে-কপালে হৃদয় থেকে মিনার আঁকিয়ে নিচ্ছে। ফেব্রুয়ারি ফুরোবে, ফাল্গুন ফুরোবে না — মেলা শেষ হবে। হিশেব-নিকেশ বকেয়া রেখে লেখক ব্যাগ কাঁধে আস্তাবলে ফিরবে। এবং প্রকাশক ঠেলায় বই তুলে ভরা কলসে হাত দেবে, জল যে উপ্চে পড়ছে !
'আমাদের জলচিকিৎসা চলিতে লাগিল' …
৭
শব্দগুলো ভিক্ষুকের মতো পেছনে-পেছনে আসে, আবার ফিরেও যায়। ব্যবধান বাড়লেই গ্লানির শরীরে ধরে চিড়। শ্রী-ছাদ না থাকাই যেন চল্। খাদ যা — তাতে নতুন মাল বসে না, জোড় লাগে না ভ্রম ও ভনিতার। পায়ে-পায়ে কেবল ধরনা : নুন-লেবুর মিশেল-কৌশল ! তা গরখেয়ালে পয়মাল হয় নুন, আর চটকালে বরবাদ হয় লেবু। ভিক্ষুক জিহ্বায় আওয়াজ তোলে : নুন-লেবুর শোরগোলে তখন মুখভর্তি ফুর্তি। জুৎসই মক্কেল সামনে পড়লেও মনে হয় — যান, ভিক্ষে চাই না। শব্দ তখন ঘোর এলেমদার, তাবেদারিতে ভিজতে থাকে খরা। সামনে-পেছনে মিলের জোগান দেয় আনকোরা নারী। একটা ফুরসতের কল পেলে নৈশভোজের প্রাক্কালে সালাদ প্রস্তুত করা যেতো। সমুদ্রের পানি এবং চোখের জল কারখানায় নতুনভাবে প্যাকেটজাত হচ্ছে ; আর বোতলের ভেতর ফন্দি আটছে ফ্রেশ লেমন। নুন ও লেবুর ঘোরতর আহ্লাদে দেশি-বিদেশি উভয়েই চমকিত হতে পারে, ভাসতে পারে শব্দকাঠি।
'আমাদের জলচিকিৎসা চলিতে লাগিল' …
পাদটিকা :
জলচিকিৎসার সাত ফর্দ প্রেসক্রিপশন থেকে যা মেলে তার সার শূন্য। আর সূর্য ডুবে গেলে তো কিছু গরম থাকে না, এবং গরম গ্রহণ করাও যায় না। তাই চিকিৎসা বলবৎ রাখার জন্য পরবর্তীতে জলের আয়োজন বাঞ্ছনীয়।
'আমাদের জলচিকিৎসা জারি রহিল'।
