কবি দিলওয়ার: কবিতার অনন্য ব্যক্তিত্ব
শিল্প-সাহিত্যের যে কোনো অঙ্গনে স্বাতন্ত্র্যমণ্ডিত হয়ে ওঠার জন্য কারো মিডিয়ার সহযোগিতার প্রয়োজন পড়ে না, কিন্তু উল্লেখযোগ্য এবং খ্যাতিমান হয়ে ওঠার জন্য কোনো না কোনোভাবে মিডিয়ার আলোয় আলোকিত হতে হয় শিল্পীকে। বর্তমান এই মিডিয়াশাসিত সময়ে মিডিয়াকে অগ্রাহ্য করার তো প্রশ্নই ওঠে না। পথের ধারে অনামী ফুলের সৌন্দর্য্য কখনো কখনো আমাদের চমকিত করে বটে, কিন্তু তা ব্যক্তির বাইরে ব্যাপ্ত হতে পারে না; সবার অলক্ষে মেঠো পথের পাশে আড়ার সবুজে ছায়ার নিভৃতিতে একদিন অযত্নে-অবহেলায় হারিয়ে যায়। যতক্ষণ না একজন রবীন্দ্রনাথ-জীবনানন্দ অথবা একজন সত্যজিতের সৃষ্টিশীলতার স্পর্শে তা শিল্প হয়ে ওঠে। আলোকোজ্জ্বল বর্ণিল নগরের চোখ ধাঁধানো আলো যতই দৃষ্টিনন্দন হোক, নিভৃত পল্লীর মেঠো পথের পাশে ফুটে থাকা অজস্র বন-টগরের কাছে তা যে কতটা ম্লান তা জানার সুযোগ আমাদের সবার সব সময় হয়ে ওঠে না। আবার কখনো চলার পথে পথপাশে ফুটে থাকা অজস্র ফুল দেখে চমকে উঠি, কিন্তু জানতেও পারি না–এইমাত্র যাদের পাশ কেটে এলাম ওরাই জীবনানন্দের 'ভাঁটফুল'। শিল্পকলার বিভিন্ন শাখার কোনো কোনো শিল্পী অসূর্যস্পর্শা থেকে যান আমৃত্যু যাদের স্বাতন্ত্র্য আবিষ্কারের সুযোগ হয়তো আমাদের হয়ে ওঠে না; তেমন শিল্পী-সাহিত্যিকের সংখ্যা আমাদের সমাজে একেবারে কম নয়। ঢাকার বাইরে যাদের অবস্থান তাদের প্রায় প্রত্যেকেরই নিয়তি একই রকম। কবিতার অজস্র বনজকুসুমের মধ্যে হাতে গোনা যে ক'জন মূল স্রোতের পাশে স্বতন্ত্র প্রবাহ নিয়ে আবির্ভূত হয়েছেন এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন, তাদেরই অন্যতম প্রধান কবি দিলওয়ারকে নিয়ে আজকের আলোচনা।
'গণমানুষের কবি' অভিধায় পরিচিত হয়ে ওঠা পঞ্চাশের শীর্ষস্থানীয় কবিদের অন্যতম দিলওয়ার বাংলাদেশের প্রান্তিক জনপদ সিলেটের দক্ষিণ সুরমার ভার্থখলায় ১৯৩৭ খ্রীস্টাব্দের ১লা জানুয়ারি জন্মগ্রহণ করেন। ১৯৪৯/১৯৫০ খ্রীস্টাব্দে সাপ্তাহিক যুগভেরী পত্রিকায় কবি কাজী নজরুল ইসলামকে নিবেদন করে লেখা 'সাইফুল্লাহ হে নজরুল' শিরোনামে প্রকাশিত কবিতা দিয়ে নিজের কাব্যঅভিযাত্রা শুরু করেন কবি দিলওয়ার এবং আজকের 'ই-মেইল-ইন্টারনেট' সুবিধা ছাড়াই নিজেকে সময়ের অন্যতম কবি হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন নিভৃত জনপদ সিলেটে বসেই। বালক বয়সে কবিতার সাথে যে গাঁটছড়া বাঁধলেন কবি দিলওয়ার, সাতাত্তর বছরের যাপিত জীবনে সম্পর্কের সেই সুতো কখনো ছিঁড়ে যায়নি। ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির মুক্তিযুদ্ধ, প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে দিলওয়ার গণমানুষের পক্ষ অবলম্বন করেছেন, কলম ধরেছেন গণমানুষের পক্ষে। ভাষা আন্দোলনের পক্ষে যেমন গান বেঁধেছেন–
'আয়রে চাষী মজুর কুলি মেথর কুমার কামার
বাংলাভাষা ডাক দিয়েছে বাংলা তোমার আমার।
……………………………………
ও হো, আয়রে ছুটে মেহনতীরা
ছিঁড়তে ভাষার বৈরীশিরা
শোষণমুক্ত গড়তে সমাজ
নেইকো সময় থামা-র
বাংলা তোমার আমার ॥
ভাষা আন্দোলনের পক্ষে তার এ গান যেমন শিল্পীরা কণ্ঠে তুলে নিয়েছেন একইভাবে '৬৯-এর গণ-আন্দোলন এবং মুক্তিযুদ্ধেও তার গান শোনা গেছে স্বাধীনবাংলা বেতার কেন্দ্র থেকে। যুদ্ধকালে তার যেসব গান জাতিকে উজ্জীবিত করেছে তার মধ্যে 'চলছে মিছিল চলবে মিছিল/ চলবে চলবে চলবে/ লক্ষ্য পথে রাত্রির মতোন জ্বলবে জ্বলবে।' অথবা 'বাংলা তোমার আজ শুধু এক নাম/ মরণ বিজয়ী মুক্তির সংগ্রাম।' এভাবেই কবি দিলওয়ার নিজেকে বাঙালির আশা-আকাক্সক্ষা ও স্বপ্নের সাথে সম্পৃক্ত রেখেছিলেন। দিলওয়ার-এর এই আত্মনিবেদনের প্রস্তুতি হয়েছিলো কৈশোরেই। কৈশোরেই কবি দিলওয়ারকে আকর্ষণ করেছিলো কেনিয়ার জাতীয়তাবাদী নেতা জুমো কেনিয়াত্তার ব্যক্তিত্ব। দিলওয়ার জুমো এবং তার দলকে নিয়ে বেশকিছু কবিতাও লিখেছেন। পরবর্তী সময় বাঙালি জাতির অবিসম্বাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে দিলওয়ার খুঁজে পেয়েছিলেন জুমো কেনিয়াত্তাকে।
কবি দিলওয়ার-এর বহুমুখী প্রতিভা বিকশিত হয়েছিলো সিলেটকেন্দ্রিক। ১৯৬৯ সালে সময়ের দাবী মেনেই কবি দিলওয়ারের নেতৃত্বে সিলেট শহরে গড়ে ওঠে 'সমস্বর লেখক ও শিল্পী সংস্থা' নামের সংগঠন। সমস্বরের উদ্যোগে 'সমস্বর' নামে একটি সংকলনও প্রকাশিত হয়। একাত্তরের স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত সমস্বরের কর্মকা- অব্যহত থাকে। কবি দিলওয়ারের গ্রন্থসমুহের অধিকাংশই প্রকাশিত হয় সিলেট থেকে। প্রথম কাব্যগ্রন্থ জিজ্ঞাসা(১৯৫৩), দ্বিতীয় কাব্যগ্রন্থ ঐক্যতান(১৯৬৪), তৃতীয় কাব্যগ্রন্থ উদ্বিগ্ন উল্লাস(১৯৬৯), কাব্যগ্রন্থ স্বনিষ্ঠ সনেট(১৯৭৭), রক্তে আমার অনাদি অস্থি(১৯৮১); এছাড়া তার গানের বই পুবাল হাওয়া(১৯৬৫), বাংলা তোমার আমার(১৯৭২); প্রবন্ধগ্রন্থ বাংলাদেশ জন্ম না নিলে(১৯৮৫), ছড়া সংকলন শতছড়া(১৯৮৯), অ আ ক খ(১৯৯৪); ইংরেজি কাব্যগ্রন্থ ফেসিং দ্য মিউজিক(১৯৭৫), রচনাসমগ্র-১ম খণ্ড(১৯৯৯), রচনাসমগ্র-২য় খণ্ড(২০০০) সবই প্রথম প্রকাশিত হয়েছে সিলেট থেকে। সিলেটের ভূমিপুত্র দিলওয়ার যেমন ছিলেন সিলেটে আদরণীয়, তেমনি সিলেট নিয়েও কবি দিলওয়ারের ছিলো গভীর আবেগ। সিলেট বিষয়ক আগ্রহের চিত্র ফুটে উঠেছে নিচের এ কবিতায়-
নিচে জল কলকল বেগবতী নদী সুরমা,
কান পেতে শুনি সেই অপরূপ তটিনীর ভাষা;
গতিবস্তু প্রাণ যার জীবনের সেই শ্রেয় আশা,
সৃষ্টির পলিতে সেই বীজ বোনে অক্ষয় প্রজ্ঞার।
সহসা ফিরিয়ে চোখ চেয়ে দেখি দূর পুবাকাশে
তরুণ রক্তের মতো জাগে লাল সাহসী অরুণ,
পাখির কাকলি জাগে। ঝিরঝিরে শীতল বাতাসে
দিনের যাত্রা শুরু। অন্তরালে রজনী করুণ।
ধারালো বর্শার মতো স্বর্ণময় সূর্যরশ্মি ফলা
কিন ব্রিজে আঘাত হানে। শুরু হয় জনতার চলা।
(কিন ব্রিজে সূর্যোদয়)
ষাটের দশকের গোড়ার দিকে কবি দিলওয়ার-এর 'তুমি রহমতের নদীয়া/ ক্ষমা করো মোরে হযরত শা'জালাল আউলিয়া' গানটি দিয়ে যাত্রা শুরু করেছিলো সিলেট বেতার কেন্দ্র। এভাবেই কবি দিলওয়ার হয়ে উঠেছিলেন সিলেটের আর সিলেট হয়ে উঠেছে দিলওয়ার-এর।
কবি দিলওয়ার-এর সৃষ্টি-বৈভব কেবল সিলেটবাসীকে নয়, সমগ্র বাঙালি জাতিকে দিয়েছে ঋদ্ধি। তার লেখা মুর্শিদী, মারফতি, দেশের গান ও গণসঙ্গীত বাংলার মানুষের মুখে মুখে গীত হয়েছে, জাতিকে সংঘবদ্ধ হতে প্রেরণা যুগিয়েছে, দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছে-সাহস যুগিয়েছে বিজয় ছিনিয়ে আনতে। নিজের সৃষ্টির প্রসাদগুণেই দিলওয়ার বাংলাদেশের এক প্রান্তিক জনপদ সিলেটে অবস্থান করেও হয়ে উঠেছিলেন গোটা বাংলার। বাংলার সাধারণ মানুষকে ভালোবেসে, সাধারণের কথা উচ্চারণ করে হয়ে উঠেছেন 'গণমানুষের কবি'। আধুনিক চিন্তা-চেতনায় ঋদ্ধ, বিজ্ঞানমনষ্ক মানুষ হিসেবেই কবি দিলওয়ার নিজেকে গড়ে তুলেছেন সময়ের যোগ্য এবং সাহসী সন্তান হিসেবে। নিভৃতির ছায়ায় বসেই জয় করেছেন আলোকিত বাংলাদেশ। যে বিজয় অর্জনের দৃষ্টান্ত তার পূর্বসুরী রাধারমন ঘোষ, হাসনরাজা স্থাপন করে গেছেন, সেই দৃষ্টান্তকে সামনে নিয়ে পুনরায় দৃষ্টান্ত স্থাপন করে গেলেন গণমানুষের কবি দিলওয়ার। ভালোবাসা পেলেন সিলেটের, ভালোবাসা পেলেন বাংলার আপামর জনগনের। ১৯৮০ খ্রীস্টাব্দে পেলেন বাংলা একাডেমী পুরস্কার, ১৯৮১ তে পেলেন বাংলা একাডেমীর ফেলোশিপ, ২০০৮ খ্রীস্টাব্দে পেলেন সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান 'একুশে পদক'। পেলেন আবুল মনসুর আহমদ সাহিত্য পুরস্কার, দেওয়ান গোলাম মোর্তাজা স্মৃতিপদক, ঋষিজ শিল্পীগোষ্ঠী পুরস্কার, ত্রিপুরায় ভারত-বাংলাদেশ মৈত্রী সংঘ সংবর্ধনা ইত্যাদি। ১০ অক্টোবর ২০১৩ কবি দিলওয়ার-এর প্রয়াণে তাই হাহাকার করে উঠলো সিলেট, হাহাকার করে উঠলো বাংলাদেশের প্রত্যন্ত জনপদের সংস্কৃতি সচেতন প্রতিটি মানুষ। নগর থেকে দূরে গ্রামের নিভৃতিতে থেকে সাহিত্য সাধনা করে দিলওয়ার যেমন নগর কেন্দ্রিক কূপ-মণ্ডুকদের মুখে ঝামা ঘষে দিয়েছেন, তেমনি মফঃস্বলের আড়ষ্ঠ কবিদের জাগিয়ে দিয়ে গেছেন; বলে গেছেন– আগুন যেখানেই জ্বলবে সেখানেই দ্যুতি ছড়াবে।
কবি দিলওয়ার-এর কবিতায় আধুনিকতা, প্রেম এবং জনসম্পৃক্ততা বুঝতে তার কবিতার দুটি লাইন উচ্চারণ করে এ আলোচনার ইতি টানবো।
কেন যে তোমাকে চাই শোন তুম হে আমার নারী
মৃত্যুর মিছিলে তুমি জীবনের খর তরবারি।
