২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফজল শাহাবুদ্দীন, কবি

শান্তা মারিয়া off শান্তা মারিয়া off

Published : 15 Feb 2014, 11:38 PM

Updated : 23 Jun 2022, 04:06 PM

ফজল ভাইয়ের সঙ্গে আমার তৃতীয় দেখার গল্প দিয়ে শুরু করি। ২০০২ সালের ঘটনা। কবি আবিদ আজাদের পঞ্চাশতম জন্মদিন পালন করার জন্য সে সময় আমরা ক'জন কোমর বেঁধে লেগেছি। বাংলাদেশের প্রখ্যাত সব লেখকের কাছে হন্যে হয়ে ঘুরছি লেখা বা শুভেচ্ছাবাণীর জন্য। সে সময় বন্ধু শাকিল রিয়াজ বললেন, "ফজল ভাইয়ের কাছে যেতে হবে।'" ফজল শাহাবুদ্দীন এ দেশের অন্যতম সেরা কবি আর শাকিলের বিশেষ ঘনিষ্ট। মোহাম্মদপুরে আবিদ আজাদের বাড়ি থেকে সোজা চলে গেলাম খিলগাঁওয়ে ফজল ভাইয়ের বাড়িতে।
তখন সন্ধ্যা ছটা। ভাবলাম তিনি মুখে মুখে যা বলবেন তা লিখে নিয়ে বেরিয়ে আসব। কতক্ষণ আর লাগবে। বড়জোর ঘন্টা খানেক। ফজল ভাইয়ের সঙ্গে দেখা হল। আমাদের কপাল ভালো তিনি তখন বাড়িতেই ছিলেন। আমরা বসলাম। কথা বললাম। ফজল ভাই আমাকে চিনতে পারলেন কারণ দশ পনের বছর আগেও তার সঙ্গে বারদুয়েক দেখা হয়েছে। সে কথায় পরে আসছি। সেদিনের কথাই বলি। সেদিন ফজল ভাইয়ের সঙ্গে আমি, শাকিল রিয়াজ, শাহিন রিজভি ও ফারহানা মিলি কথা বলছি। আসলে আমরা তেমন কিছুই বলছি না। তিনি বলছেন, আমরা শুনছি। মন্ত্রমুগ্ধের মতো শুনছি। সেদিন তার বাড়ি থেকে বের হতে রাত ১২টার বেশি হয়ে গিয়েছিল। সেদিনের পর থেকে ফজল ভাইয়ের দরবারে হাজির হওয়া আামাদের ক'জনের নিত্যনৈমিত্যিক কাজ হয়ে দাঁড়ালো। এই ছিলেন কবি ফজল শাহাবুদ্দীন, আমাদের ফজল ভাই। মানুষকে বড় দ্রুত আপন করে নেওয়ার অসাধারণ ক্ষমতার অধিকারী।

পল্টনে হারুণ ডায়রির অফিসে তিনি তখন মোটামুটি নিয়মিত বসতেন। কাজে নয়, আড্ডার জন্য। সেই ছোট ঘরে তার একটি বিশাল টেবিল আর এক পাশে সোফা। দারুণ আড্ডা হতো। প্রায়ই খাওয়াতেন পিঠা, ডিমভাজা পরোটা আর এটা ওটা। আর অফিসে যেদিন থাকতেন না সেদিন চলে যেতাম তার বাড়িতে। তার একতলার ড্রইংরুমের কার্পেটে পা ছড়িয়ে বসে আড্ডা চলতো ঘন্টার পর ঘন্টা। কি কথা হতো সেই আড্ডায়? সেটা বলার আগে জিজ্ঞেস করি কী কথা হতো না? শিল্প সাহিত্যের এমন কোনো দিক কি ছিল যা সম্পর্কে তিনি নিদেন ঘন্টা দুয়েক একটানা বলতে না পারতেন? আর এমন মজলীশিভাবে বলতেন যে তার কথা না শুনে সেখান থেকে উঠে যেতে পারে কোন বেরসিক? ফজল ভাইয়ের সঙ্গে যারাই কথা বলেছেন, তারাই জানেন কী অসাধারণ ছিল তার বলার ভঙ্গী। কত প্রাণবন্ত ছিল তার কথা বলা। তিনি অনেক সময় অনেক কিছু অভিনয় করেও দেখাতেন। আমাদের আড্ডায় শামসুর রাহমান, আল মাহমুদের প্রসঙ্গ থেকে শুরু করে হিন্দিবাংলা ইংরেজি চলচ্চিত্র, সুরাইয়া খানম-আবুল হাসানের প্রেম, ষাট দশকের ঢাকার গল্প, বিউটি বোর্ডিং, পুরান ঢাকার খাবার সব কিছুই প্রবাহিত হতো অতি সাবলীলভাবে। ফজল ভাইয়ের একটা অভ্যাস ছিল তিনি সবাইকে বলতেন, "তোমার নামটা যেন কি?" আবার একেজনকে একেক বিচিত্র নামে ডাকতেন। আমাকে কখনো বলতেন মধুবালা, কখনো মাধুরী । আমি সঙ্গে সঙ্গে বলতাম "জি, দীলিপ কুমার বলুন"।

পল্টনে হারুণ ডায়রির সেই ভবনটা তখনও ছিল। ভেঙ্গে ফেলা হয়নি। সেই ভবনের তিনতলায় তার কবিকণ্ঠের অফিসে বসেও আড্ডা হতো। এই আড্ডাতেই একদিন তিনি তার জীবনের গভীরতম এক ভালোবাসার গল্প বলেছিলেন আমাদের। অসাধারণ সেই গল্প। সেদিন ফজল ভাইয়ের চোখে জল দেখেছিলাম। হাস্যপরিহাসমুখর সেই মানুষটির ভিতরে অন্তশীলা অশ্রু নদীটিকে যেন দেখেছিলাম কিছুক্ষণের জন্য।

ফজল ভাইয়ের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল এই কবিকণ্ঠেই। আমি তখন স্কুলে পড়ি। কবি গুন্টার গ্রাস এদেশে এসেছিলেন ফজল ভাইয়ের আমন্ত্রণে। আমার বাবার সঙ্গে ফজল ভাইযের বেশ ভালো আলাপ ছিল। বাবা আমাকে নিয়ে গিয়েছিলেন গুন্টার গ্রাসের সঙ্গে দেখা করানোর জন্য। আমার কবিতার বই তাকে উপহার দিয়েছিলাম, মনে আছে। সেই সময় আমি তাকে দেখলাম বিখ্যাত কবি ফজল শাহাবুদ্দীন হিসেবে।

সে সময় তাকে চাচা সম্বোধন করেছিলাম নিশ্চয়ই। পরবর্তিতে সেই সম্বোধনটা টেকেনি। কিন্তু আমার প্রতি স্নেহটা টিকেছিল।
কবিকণ্ঠের উদ্যোগে তিনি এবং কবি জাহাঙ্গীর ফিরোজ কবিকণ্ঠ অফিসে আমার জন্মদিনও উদযাপন করেছেন যা স্নেহ ও আশীর্বাদ হিসেবে আমার চিরদিন মনে থাকবে।
সেই অনুষ্ঠানে ফজল ভাই কবিকণ্ঠ ভবনের আড্ডার অনেক স্মৃতিচারণ করলেন। কত বিখ্যাত কবি এসেছেন এই অফিসে। কবিকণ্ঠের এই ভবনটি ভেঙ্গে ফেলা হবে বলে কাঁদলেনও। শেষদিকে দেখেছি তিনি খুব সহজেই আবেগপ্রবণ হয়ে পড়তেন। তাঁর স্বপ্ন ছিল পোয়েট ফাউন্ডেশন প্রতিষ্ঠা। কবিকণ্ঠ পত্রিকাটিকেও নতুনভাবে প্রকাশ করতে চেয়েছিলেন।
'বিচিত্রা'য় তার কর্মজীবনের স্মৃতিচারণ করতেন প্রায়ই। 'বিচিত্রা' অফিসেই নাকি আজমেরীর সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল। দারুণ প্রেমের ফসল ছিল তাদের বিয়ে। আজমেরী ভাবী নিজেও যথেষ্ট গুণী ও সুন্দরী। তাদের মধ্যে বেশ বয়সের ব্যবধান ছিল। তারপরও তারা ছিলেন সুখেদুঃখে একে অপরের বিশ্বস্ত সাথী। ফজল ভাইয়ের মনটি ছিল খুব রোমান্টিক, এমনকি একেবারে শেষ বয়সেও। তিনি স্ত্রীকে নিয়ে রোমান্টিক ডিনারে যেতেন। আজমেরী ভাবীকে তিনি ভালোবাসতেন প্রাণ দিয়ে। আর তিনিও ফজল ভাইয়ের সব ছেলেমানুষী, খেয়ালখুশিকে প্রশ্রয় দিতেন সস্নেহে। ফজল ভাইয়ের বাড়িতে যতদিন গেছি ভাবী কোনোদিন না খেয়ে আসতে দিতে চাননি। তার রান্নার হাতও দারুণ। কবির উপযুক্ত সহধর্মিনী তিনি।
ফজল ভাই নিজের লেখা কবিতা যেমন শোনাতেন আামাদের তেমনি বিদেশী বিভিন্ন কবিতাও অনুবাদ করে শোনাতেন বা অর্থ বুঝিয়ে দিতেন। তাকে নিয়ে লেখা আমার একটি অ্যাক্রোসটিক শুনিয়েছিলাম। কবিতাটা এখানে তুলে দিচ্ছি।
ফলবান জীবনের সবটুকু পথ হাঁটা হলে
জলস্রোতা নদীটির কাছে এসে দেখি
লহনা, ফুল্লরা, মলুয়ার বারোমাসী গীত বাতাসের কানে
ক্লান্ত শব্দের চাদর বোনে, সেই আলো অন্ধকারে
হাহাকার করে জঙ্গলগড়ের যাবতীয় কারুকার্য।
বুড়ি পৃথিবীর কাছে যদিও এসব নিতান্ত পুরনো কথা
দক্ষিণ জলের তীর ঘেঁষে গড়ে ওঠা জনপদে
দীপ্ত কণ্ঠস্বরে আপনিই আমাদের কাছে সেইসব গল্প
নতুন কথনে হয়তো আরেকবার উচ্চারণ করে যান।
কত কিংবদন্তি হারানো দশকের অথবা নারীর স্মৃতি
বিনা তারে বহমান অবিরল আপনার জন্মদিন ঘিরে।

ফজল ভাই এ কবিতা শুনে হেসেছিলেন, অতি স্নিগ্ধভাবে। কোনো মন্তব্য করেননি। তিনি নিজেকে বলতেন আমি ফজল শাহাবুদ্দীন, কবি।
এই প্রসঙ্গে একটা মজার গল্প বলি। একবার টিভিতে তার একটি সাক্ষাৎকার অনুষ্ঠান হবে। উপস্থাপক নেহাতই আনাড়ি একজন। ফজল শাহাবুদ্দীন সম্পর্কে কিছু না জেনেই উপস্থাপনা করতে বসেছেন। অনুষ্ঠানের শুরুতে তিনি প্রশ্ন করলেন, " আচ্ছা ফজল শাহাবুদ্দীন, আপনি কী করেন?" ফজল ভাই নাকি একটা অশ্রাব্য গালি দিয়েছিলেন। তাকে আর সাক্ষাৎকার দিতে রাজি করানো যায়নি। তিনি নিজের কবি পরিচয়কে ধারণ করতেন নিজের আত্মায়। সেটা নিয়ে গর্বিত ছিলেন। তার আত্মমর্যাদা বোধও ছিল অসাধারণ।

এবার ফজল ভাইয়ের সঙ্গে দ্বিতীয় সাক্ষাতের স্মৃতি বলি। আমার এক কবি বোন ছিলেন তার দারুণ ভক্ত। তিনি ধনীকন্যা। তার বাড়িতেই কোনো এক অনুষ্ঠানে দেখেছিলাম। ফজল ভাইকে নারীকুল ঘিরে রাখতো। তার প্রেমে পড়তো। সেটা যেমন তার স্মার্টনেসের জন্য তেমনি তাকে ঘিরে যে রোমান্টিক আবহ ছিল সেজন্য্ও। তার হাসি ছিল অত্যন্ত স্নিগ্ধ, বলতে গেলে মন-কাড়া। ফজল ভাই তার ভক্ত নারীদের সঙ্গে যথেষ্ট ভদ্র আচরণ করতেন, কাউকে আঘাত করতেন না। আবার তাদের সঙ্গে আপন মর্যাদা বজায় রেখেই চলতেন। এই দূরে থেকেও কাছে থাকার স্টাইলটি ছিল বেশ চমৎকার। একজন কবিকে এমনই মানায়।

কথা প্রসঙ্গে প্রায়ই তিনি নিজের মায়ের কথা বলতেন। তার জীবনে মায়ের প্রভাব ছিল অসীম। তিমি মাকে ভালোবাসতেন গভীর আবেগে। প্রায়ই নিজের মায়ের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করতেন।

ফজল ভাই অভিমানীও ছিলেন খুব। তার বাড়িতে না গেলে প্রায় শিশুর মতো অভিমান করতেন। তার গুণমুগ্ধরাও এই অভিমানী কবিকে ভালোবাসতেন নিবিড়ভাবে। এই অভিমান যেন তাকে আরও বেশি প্রিয় করে তুলতো সবার কাছে। ফজল শাহাবুদ্দীন কবি ছিলেন সবদিক থেকেই। বাহ্যিক আচরণ থেকে অন্তরাত্মায় তিনি ছিলেন কবি, একান্তই কবি।

ফজল ভাইয়ের সঙ্গে আড্ডার ইতিবৃত্ত বলে শেষ হবে না। বরং ২০০৩ সালে তার জন্মদিন পালনের ঘটনা বলি। ফেব্রুয়ারির ৪ তারিখে তার জন্মদিন। ২০০২ এর ডিসেম্বরের আমরা স্থির করলাম তার জন্মদিন সাড়ম্বরে হবে। কমিটি গঠন করা হল। মাথা মাথা অনেক ব্যক্তির নাম রইল সেখানে। যদিও কাজ কিন্তু করব আমরা ক'জন। আমাদের সঙ্গে এবার রইলেন কবি জাহাঙ্গীর ফিরোজ। জাহাঙ্গীর ভাইও ফজল ভাইয়ের মতোই খেয়ালী মানুষ। তাই দুজনের সখ্য ছিল দেখার মতো। বয়সে অনেক ছোট হলেও জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে ফজল ভাইয়ের বন্ধুত্ব ছিল অনেকটা সমবয়সীর মতো। সেই বন্ধুত্ব ফজল ভাইয়ের জীবনের শেষ দিন পর্যন্ত অটুট ছিল।

যাই হোক স্থির হলো হোটেল পূর্বাণীতে জন্মদিন পালিত হবে। স্মরণিকা প্রকাশিত হবে আর দাওয়াতপত্র তো হবেই। নাজিব তারেক ডিজাইন করবে। কিন্তু যেখানে ফজল ভাই উপস্থিত সেখানে নাজিব তারেকের সাধ্য কি স্বাধীনভাবে কাজ করার। ফজল ভাই যে কত ভালো পেইজ মেকআপ আর ডিজাইন বোঝেন সেটা আমরা চাক্ষুষ দেখলাম। এক লহমায় তিনি ডিজাইন করে দিলেন কার্ডের। স্মরণিকার ডিজাইনও তিনি নিজেই করেছিলেন।

হোটেল পূর্বাণীর সেই অনুষ্ঠানে বাংলাদেশের নামকার অনেক কবি সাহিত্যিক এসেছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করতে হয়েছিল আমাকে, নির্ধারিত উপস্থাপকের অনুপস্থিতিতে। কথা ছিল ফজল ভাইয়ের প্রিয় শিষ্য আমিনুর রহমান টুটুল উপস্থাপনা করবেন। কিন্তু সেদিন কি এক জরুরি দরকারে তাকে আটকে পড়তে হয়েছিল। শেষ মুহূর্তে আমরা যখন জানলাম, টুটুল আসবেন না তখন আমাকে সেই দায় নিতে হল।

ফজল ভাইয়ের সর্বশেষ জন্মদিন অনুষ্ঠান হলো ব্র্যাক সেন্টারে ২০১৩ সালে। ঘটনাক্রমে এই অনুষ্ঠানটিও আমাকে উপস্থাপনা করতে হয়েছিল। আমি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম দর্শক ও তার অনুরাগী হিসেবে। কিন্তু ফজল ভাই আমাকে মঞ্চে ডেকে নিয়ে উপস্থাপনার ভার দিয়ে দিলেন।

ফজল ভাইয়ের বন্ধুত্ব ধরে রাখার অসাধারণ ক্ষমতা ছিল। আমি তখন জনকণ্ঠে চাকরি করি। সেখানে তিনি প্র্য়াই আসতেন তার বন্ধু তোয়াব খানের কাছে। তোয়াব ভাইয়ের সঙ্গে কথা শেষ করেই কিন্তু চলে যেতেন না। শাকিল, মিলি ও আমার সঙ্গে খানিকক্ষণ গল্প করে যেতেন অবধারিতভাবে। বিভিন্ন রকম মতপার্থক্য সত্ত্বেও তোয়াব খান ফজল ভাইকে বেশ ভালোবাসতেন। তার সঙ্গে আড্ডায় বেশ প্রাণখোলা হয়ে উঠতেন গুরুগম্ভীর তোয়াব ভাই।

ফজল ভাইয়ের সব বন্ধুই কেন যেন তাকে ভীষণ ভালোবাসতেন। তার খেয়ালি ও ছেলেমানুষী আচরণকে প্রশ্রয় দিতেন।
ফজলভাইয়ের একজন বন্ধুর কথা বলি। তিনি হুসেইন মোহাম্মদ এরশাদ। সাবেক রাষ্ট্রপতি ও স্বৈরশাসক। ফজল ভাই বন্ধু হিসেবে তাকে খুব কদর করতেন। ফজল ভাইয়ের জন্মদিনে এরশাদ আসতেন। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই বন্ধুত্ব ফজল ভাইয়ের জন্য শুভ হয়নি। স্বৈরশাসকের সঙ্গে তার এই বন্ধুত্ব আশি ও নব্বই দশকের শুরুতে শিল্প সাহিত্য মহলে তাকে অনেকটা একঘরে করে ফেলেছিল। এটা আমার ব্যক্তিগত মত। তার ইমেজও এতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে তিনি এত হিসেব করে বন্ধুত্ব করাতে বিশ্বাস করতেন না।

পূর্বাণীর সেই জন্মদিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফজল ভাইয়ের দীর্ঘদিনের বন্ধু হারুণ ডায়রির একজন সত্ত্বাধিকারী হারুণ সাহেব। তিনি তার বক্তব্যে বলেছিলেন, "বন্ধুত্ব করা খুবই সহজ কাজ, যে কেউ তা করতে পারে। কিন্তু বন্ধুত্ব ধরে রাখা, বন্ধুত্বের দাবিগুলো পূরণ করা সহজ নয়। সারা জীবন দিয়ে বন্ধুত্বের প্রমাণ দিতে হয। ফজলসাহেব আমার বন্ধু, সারাজীবনের বন্ধু। তিনি বন্ধুত্ব ধরে রেখেছেন।" কথাটা সত্যি। ফজলভাই বন্ধুত্ব শুধু না, ভালোবাসাও ধরে রাখতে জানতেন।

আমরা যারা তার কাছে এসেছি, তাকে শ্রদ্ধা করেছি, ভালোবেসেছি, তার কবিতা পড়ে মুগ্ধ হয়েছি, তারাও এই ভালোবাসা ধরে রাখবো আজীবন। পৃথিবীতে মানুষের ভালোবাসার মধ্যে বেঁচে থাকাই তো একজন কবির সবচেয়ে বড় প্রাপ্তি। ফজল শাহাবুদ্দীন কবি, বেঁচে থাকবেন কাব্যপ্রেমীর ভালোবাসায়।