২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সীগার সান্নিধ্যে এক সন্ধ্যা

আলম খোরশেদ আলম খোরশেদ

Published : 31 Jan 2014, 12:57 PM

Updated : 02 Sep 2022, 08:36 PM

ভূমিকা: বিশ্ববিশ্রুত গণমানুষের সঙ্গীতশিল্পী পীট সীগারের প্রয়াণের খবর পেয়ে অনেক স্মৃতি ভিড় করে আসছিল মনে। ন্যুয়র্কে খুব সামনে থেকে তাঁর অনুষ্ঠান দেখা, বিভিন্ন প্রতিবাদী মিছিল-সমাবেশে তাঁর অনুবর্তী হওয়া, কোলকাতার বন্ধু সুদীপ্ত চট্টোপাধ্যায়ের পরিচালনায় আমাদের আরেক প্রতিবাদী, প্রিয় শিল্পী কবীর সুমনকে নিয়ে প্রামাণ্যচিত্র Free to Sing নির্মাণকালে তাঁর সান্নিধ্য পাওয়া, তাঁর অসাধারণ আত্মজীবনী Where have all the flowers gone? পাঠের আনন্দময় অভিজ্ঞতা ও পত্রপাঠ তার আলোচনা লেখা ইত্যাকার অনেক স্মৃতি। মনে পড়ে ১৯৯৩ সালে তাঁর অনুষ্ঠান শোনার অভিজ্ঞতা নিয়ে একখানি ছোট্ট নিবন্ধও লিখেছিলাম ঢাকার কোন এক কাগজের জন্য। সীগার অনুরাগীদের জন্য সেই অভিজ্ঞতাটি বিবরণ এখানে পত্রস্থ হলো।

সীগার সান্নিধ্যে এক সন্ধ্যা
চট্টগ্রামের যে আধাসামরিক বিদ্যালয়টিতে আমার স্কুল ও কলেজ জীবন কেটেছে সেখানে একটি গান আমাদের মুখে মুখে ফিরতো, 'Rolling, rolling on the river'। সেই গানটি, এবং তারপর যৌবন উন্মেষের সঙ্গে সঙ্গে রাজনৈতিক সচেতনতা, সংশ্লিষ্টতার সূত্রে বিভিন্ন প্রতিবাদ মিছিলে ও সমাবেশে অসংখ্যবার গলা মিলিয়েছি যে অভয়মন্ত্রসুলভ গানটির সঙ্গে, সেই কিংবদন্তিতুল্য 'We shall overcome' গানটির পেছনে মার্কিন লোকগীতিসম্রাট, শান্তি ও প্রতিবাদের গানের প্রধান প্রবক্তা পীট সীগারের অবদানের কথা তেমন করে জানা ছিল না, যা জানতে পারি আট এর দশকের শেষপাদে ন্যুয়র্কে পড়াশোনা করতে এসে। তো সেই পীট সীগার গত পঞ্চাশ বছর ধরে ন্যুয়র্কের উপকন্ঠে বীকন নামের একটি ছোট্ট গ্রামে বাস করছেন। ন্যুয়র্কের নানারকম প্রগতিশীল অনুষ্ঠানাদিতে প্রায়শই ডাক পড়ে পঁচাত্তর বছর বয়সী এই চিরতরুণ সংগ্রামী শিল্পীর। গেল ফেব্রুয়ারি মাসের এক শীতসন্ধ্যায় ইয়াং মেনস হিব্রু এসাসিয়েশন নামে একটি সংগঠন আয়োজন করেছিল সীগারের এক অন্তরঙ্গ সঙ্গীত সন্ধ্যার। খবর পেয়ে আমার কালকাতার বন্ধু সৌমিত্র, অলকেশসহ দলবেঁধে হাজির হয়েছিলাম গ্রিনিচ ভিলেজসংলগ্ন ছোট্ট মিলনায়তনটিতে তাঁর স্বকণ্ঠের গান শুনবো বলে।

Image
pete.gif


হলে ঢুকতেই এককোণায় সীগারকে দেখা গেল ভক্তপরিবেষ্টিতরূপে। লম্বা, ছিপছিপে, মুখে শ্বেত শ্মশ্রু। হাতে তাঁর সেই বিখ্যাত ব্যাঞ্জো। তবে সেদিন তিনি একা ছিলেননা, তাঁর সঙ্গে ছিল ন্যুয়র্কের জলের মিস্ত্রিদের একটি গানের দল 'স্টোন-স্যুপ' এবং 'স্ট্রীট কয়্যার অভ্ ন্যুয়ক' নামে আরেকটি লোকগীতির দল। কিন্তু হলভরা শ্রোতাদের প্রধান আকষণ যে তিনিই সেটি বলাইবাহুল্য। অনুষ্ঠান শুরুতে মিষ্টি, অমলিন হাসি হেসে সীগার এসে দাঁড়ালেন মাইক্রোফোনের সামনে। তারপর, সম্ভবত সমবেত শিশুকিশোর শ্রোতাদের দেখেই, তাঁর সেই বিখ্যাত শিশুতোষ গল্পগান Abiyoyo র সুর তুললেন গলায় আর ব্যাঞ্জোর তন্ত্রীতে। অম্নি আনন্দের লহরি বয়ে গেলো হল জুড়ে। ছেলেদের সঙ্গে বুড়োরাও সমান উৎসাহে গলা মেলালো আফ্রিকান উপকথা থেকে নেয়া এই আর্শ্চয সুন্দর রূপক গানটিতে। মুহূর্তে জমে উঠলো আসর। বাকপটু, গল্প-বলিয়ে সীগার গানের ফাঁকে ফাঁকে নানারকম টীকাটিপ্পনী কেটে আর গল্পগাছা করে শ্রোতাদের একাত্ম করে নিলেন সহজেই।

তারপর এক এক করে গাইলেন তাঁর সেইসব বহুলগীত, দেশকালের গণ্ডি-পেরুনো, শ্বাশ্বত মানবিকতার গান সমূহ: We turned the clock back, You can't keep this world from turning round, Whistling past a grave yard, When I was most beautiful, Seek and you shall find, No closing chord, Give peace a chance, বিখ্যাত কুবান কবি হোসে মার্তির লেখা প্রবাদপ্রতিম কৃষকগীতি 'গুয়ান্তানামেরা', আর চিলের বিখ্যাত বিপ্লবী গায়ক বিক্তর হারার If I had a hammer এবং অবশ্যই পূর্বোল্লিখিত সেই Rolling, rolling on the river' এবং We shall overcome গান দ 'খানি। সীগারের সৌম্য ব্যক্তিত্ব, তাঁর গলার লোকজ আমেজ, ব্যাঞ্জোর বিনম্র ঝংকার, সর্বোপরি এইসব অমর গানসমূহের তীব্র গভীর মানবিক, প্রতিবাদী অভিব্যক্তিতে ও আর্শ্চয সরল, বিশ্বজনীন সুরের মাহাত্ম্যে এক আপ্লুত আবেগে শিহরিত হয়েছিলাম আমরা থেকে থেকে। আর অজান্তেই মাথা নত হয়ে আসছিল সাম্যবাদী দশর্নে বিশ্বাসী, প্রকৃত গণমানুষের শিল্পী সীগারের সংগ্রামী ব্যক্তিত্বের প্রতি ।

নিজের গানের পাশাপাশি সীগার সেদিন তাঁর অনুবর্তী দল দু'টোর শিল্পীদের দিয়ে গাইয়েছিলেন পৃথিবীর বিভিন্ন ভাষার, বিভিন্ন দেশের সব গান যাদের মূল সুর ছিল শান্তি, সাম্য আর বিশ্ব-মানবিকতা। পেরুর লোকগীতি, মেহিকোর আদিবাসী সঙ্গীত থেকে শুরু করে দক্ষিণ আফিকার সংগ্রামী গান আর হিব্রু ভাষার শান্তি-সঙ্গীতে সেদিন একাকার হয়ে গিয়েছিল উপস্থিত কসমোপলিটান ন্যুয়র্কের বিচিত্র দেশ, ভাষা ও ধর্মের শ্রোতারা। সীগারের মূল কৃতিত্ব ঠিক এখানেই। এই বয়সেও কী অসম্ভব প্রাণশক্তি, শিশুর সারল্য আর র্দুমর আশাবাদে তাঁর সমস্ত ব্যক্তিক্ত। বিশ্বমানবের ঐক্য ও প্রগতির পথে সঙ্গীত-এর ভূমিকা কীরকম লক্ষ্যভেদী ও অমোঘ হয়ে উঠতে পারে তা সেদিনের সেই সঙ্গীতসন্ধ্যায় এ-যুগের এক মহান গণমানুষের শিল্পী পীট সীগারের সান্নিধ্যে এসে মনেপ্রাণে অনুভব করতে পেরেছিলাম।

Image
Flag Counter