মনস্বী ও প্রগতিশীল খালেদা সালাহ্উদ্দিন
ছিপপিছে গড়ন, চোখে কালো সানগ্লাস। যে কোনো সাহিত্যবাসর কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানে এক ঝলকেই তাঁকে চেনা যেত। দেখা হলেই জিজ্ঞেস করতেন:
"কেমন চলছে লেখালেখি, সংগীত চর্চা?"
একটি দুর্লভ গুণ ছিল তাঁর। অকপটে প্রশংসা করতে পারতেন। পরশ্রীকাতরতা একেবারেই ছিল না তাঁর মধ্যে। পেশায় ছিলেন অর্থনীতির অধ্যাপক। বাংলাদেশের ঐতিহ্যবাহী কলেজ ইডেনের অর্থনীতির অধ্যাপক ছিলেন তিনি। অত্যন্ত প্রিয় শিক্ষক ছিলেন ছাত্রীদের কাছে। তাঁর বাচনভঙ্গী, তাঁর নিয়মানুবর্তিতা, তাঁর ব্যক্তিত্ব এবং তাঁর আকর্ষণীয় ও মার্জিত পোশাক পরিচ্ছদও অনুকরনীয় দৃষ্টান্ত স্থাপন করেছিল কলেজের ছাত্রী এবং তাঁর সহকর্মীদের কাছে। অমায়িক, কিন্তু দৃঢ় চরিত্রের মানুষ ছিলেন খালেদা সালাহ্উদ্দিন।
অধ্যাপনা পেশা হলেও মূল নেশা ছিল সাহিত্য চর্চা। সাহিত্য ও সুস্থ্য সংস্কৃতি চর্চায় তিনি ছিলেন অগ্রনী একজন মানুষ। ঐতিহ্য সংলগ্ন হয়েও আধুনিকমনস্ক। তাঁর সামগ্রিক আচরণের মধ্যেই এই আধুনিকতা ও আভিজাত্যের পরশ ছিল।
প্রচুর লিখেছেন। গল্প, কবিতা, প্রবন্ধ, রম্য রচনা, গ্রন্থ সমালোচনা ইত্যাদি। তবে গবেষণাধর্মী প্রবন্ধ রচনাই ছিল তাঁর মূল ক্ষেত্র। বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই দক্ষতার সঙ্গে লিখতেন।
বাংলা ও বাঙালির দৃষ্টিতে নারীর অবস্থা ও অবস্থান, নারীর প্রতি সমাজের বৈষম্যমূলক আচরণ, নির্যাতন, নিপীড়ন, এর মূল কারণ, এর প্রতিকারের উপায় অর্থাৎ সমস্যা ও সমাধানের দিকগুলোকে খুব স্পষ্টভাবেই তুলে ধরেছেন, বিশ্লেষণ করেছেন সমাজতাত্ত্বিক ও অর্থনীতিবিদের দৃষ্টিকোণ থেকে। "একুশ শতকে বাংলাদেশের নারী', 'বাংলাদেশের সংস্কৃতির স্বরূপ ও নারী সমাজ', 'স্বাধীনতা উত্তর বাংলাদেশের সাহিত্যে লেখিকাদের অবদান' তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ।
'দুই বৃত্তে', 'হৃদয়ে বিচিত্র গতি', 'যখন রুদ্ধশ্বাস' ইত্যাদি চমৎকার নামের গল্পগ্রন্থগুলো তাঁর রুচি, প্রজ্ঞা এবং আধুনিকতারই পরিচয়বাহী।
সমাজের নানা ধরণের অসংগতি ও ভন্ডামীর চিত্র সূক্ষ্মভাবে তুলে ধরে স্যাটায়ার ধর্মী লেখাও লিখেছেন বেশ কিছু। মানুষ ও মানবতার প্রতি সহমর্মিতার মানসিকতা থেকেই এই লেখাগুলো বেরিয়ে এসেছে তাঁর কলম থেকে।
'বেগম' পত্রিকার সঙ্গে প্রায় গোড়ারদিক থেকেই জড়িত ছিলেন লেখার মাধ্যমে। লিখেছেন অনন্যা, ললনা সহ বহু পত্রিকায়। পেয়েছেন অনেক সম্মাননা ও পুরস্কার।
দীর্ঘ ২৩ বছর তিনি ছিলেন 'লেখিকা সংঘ'-এর প্রেসিডেন্ট। এই সংগঠনটির প্রতি তিনি আত্মিক টান অনুভব করতেন। প্রতিটি সদস্য ছিল তাঁর আপনজন।
তাঁর ইস্কাটনের বাড়িতে প্রায়ই 'লেখিকা সংঘ' বা অন্য সংগঠনের মিটিং হতো। নানা রকম খাদ্য সম্ভারের সঙ্গে বিভিন্ন সব্জি ও ফল দিয়ে বানাতেন সুস্বাদু সালাদ। একটু অলিভ অয়েল এবং সেসেমি অয়েল বা তিল তেল সালাদে ছড়িয়ে দিয়ে বলতেন: "জয়তুন, মানে অলিভ এবং এর তেল স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে হৃদযন্ত্র সুস্থ থাকে। নবী করিম হযরত মুহম্মদ জয়তুন বা অলিভ খেতেন এবং এর তেল গায়ে মাখতেন। আমিও অলিভ নিয়মিত খাই এবং এর তেল গায়ে মাখি।" তাঁর এই সরল উপদেশ বানী শুনে সবাই খুব মজা পেত।
পুলিশ কর্মকর্তা স্বামী, এক ছেলে এবং এক মেয়ে নিয়ে ছিল তাঁর সুখের সংসার। ছেলে ব্যাঙ্কার, মেয়ে মার মত অর্থনীতিবিদ। চাকরী সূত্রে মেয়ে গিয়েছিল লন্ডনে। হঠাৎ ব্রেণ হেমারেজে চিরকালের জন্য হারিয়ে গেল পৃথিবী থেকে। এই কঠিন আঘাত তাকে পর্যুদস্ত করে তুলল। আনমনা থাকতেন প্রায় সব সময়। ধীরে ধীরে গুটিয়ে নিলেন নিজেকে। শেষের দিকে 'আলজাইমার্স', রোগে আক্রান্ত হয়ে স্মৃতিশক্তিও হারিয়ে ফেলেছিলেন। ভুলে যেতেন সবকিছু। ছেলেকে ছাড়া আর কাউকে চিনতেও পারতেন না।
প্রকৃতির অমোঘ নিয়মে এক সময় ডাক এল পরপার থেকে। ১৯৩৫ সালে জন্মেছিলেন ভোলার চরফ্যাশনে। ২০১৪-এর ৫ জানুয়ারি ঢাকা থেকে পাড়ি জমালেন না ফেরার দেশে। পড়ে রইল তাঁর স্মৃতি, তাঁর কর্ম এবং তাঁর গুণমুগ্ধ সহকর্মীরা।
