আমার প্রিয় ব্যক্তিত্ব খালেদা সালাহউদ্দিন
সৃষ্টিশীল ও সমাজহিতৈষী মানুষের শরীরীজীবন সীমিত হলেও তাদের আলোকসত্তা যুগ যুগ ধরে বেঁচে থাকে গণমানুষের মনে। এ জন্যই কবি সাহিত্যিক, বিজ্ঞানী এবং শিল্পীরা বেঁচে থাকেন যুগযুগ ধরে মানুষের অন্তরলোকে। ড. খালেদা সালাহউদ্দিন (১৯৩৫-২০১৪) তার সৃষ্টিকর্মের জন্য, তাঁর অনন্যসাধারণ প্রজ্ঞা ও জ্ঞানের জন্য অসাধারণ সাহিত্য কর্ম এবং সদাচারের জন্য দৈহিক মৃত্যুর পর বেঁচে থাকবেন তাঁর অনুরাগীদের মনে।
বাংলাদেশের সমুদ্রবেষ্টিত এক নিভৃত পল্লীর নৈসর্গিক পরিবেশে বর্তমান ভোলার চরফ্যাসন গ্রামে ১৯৩৫ সালের ১লা মার্চ তিনি জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা নাসির আহমেদ ছিলেন উচ্চশিক্ষিত এবং উদার প্রকৃতির। খালেদা সালাহউদ্দিন নিজেই বলেছেন, আমার জীবনের সবটুকু পাওয়ার পেছনে রয়েছে আমার বাবার অবদান। যে সময়ে আমার জন্ম সে সময়ে মুসলিম সমাজে শিক্ষিত মহিলাদের সংখ্যা ছিল হাতে গোনা।
খালেদা সালাহউদ্দিনের দাদা তার বাবা নাসির আহমেদকে সামাজিক প্রতিকুলতার মধ্য দিয়ে যেমন লেখা পড়া শিখিয়েছেন তেমনি তার বাবাও সমাজের ভ্রুকুটি উপক্ষো করে খালেদা সালাউদ্দিনের হাত ধরে তাকে আলোর পথে এনে দাঁড় করিয়েছেন। তেঁতুলিয়া নদীর পাড়ে অপার নৈসর্গিক সৌন্দর্যের আধার এই গ্রামটি। প্রচুর নারিকেল ও সুপারি গাছের বেষ্টনীতে এ গ্রামটি ছায়া ঢাকা। মায়া ভরা। খালেদা সালাউদ্দিনের বাবার জন্মও এই গ্রামে। গ্রামের নাম চরফ্যাসন।
প্রচলিত নিয়মানুযায়ী বাংলাভাষার সাথে সাথে আরবী ভাষাও শিখতে হয়েছিল তার বাবাকে। আরবী ভাষার উপর অসমান্য দখল ছিল তাঁর। আরবী ভাষায় তাঁর পাণ্ডিত্যও ছিল অসাধারণ এবং ঈর্ষণীয়। তিনি বিদ্যোৎসাহী ছিলেন। স্মরণশক্তি ছিল প্রখর। একজন ধার্মিক ব্যক্তি হিসেবে তিনি যতটাই সম্মানিত ছিলেন একজন পণ্ডিত ব্যক্তি হিসেবে ততটাই পরিচিত ছিলেন। সমাজ সচেতন বিদ্যোৎসাহী পিতা পুত্র কন্যাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। এই অগ্রসরমনা বাবার জন্যই খালেদা সালাহউদ্দিনের যাত্রা শুরু হয়েছিল আলোর পথে। মাওলানা নাসির আহমেদ ছিলেন বিভক্ত ভারতবর্ষের বর্তমান ভোলা জেলার অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি খেলাফত ও স্বদেশী আন্দোলন এবং পরবর্তীকালে কুইট ইন্ডিয়া আন্দোলনে সক্রিয় অংশ গ্রহণ করেছিলেন। মহাত্মা গান্ধীর বরিশাল আগমন উপলক্ষে সেখানে যে বিশাল সভা হয়েছিল সে সভায় সভাপতিত্ব করেছিলেন মাওলানা নাসির আহমেদ। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের তথ্য অনেক সমৃদ্ধ। পুত্র কন্যাদের নিজের আদর্শে তিনি উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলেছেন। খালেদা সালাহউদ্দিন যে আজ ড. খালেদা সালাহউদ্দিন হিসেবে পরিচিতি লাভ করেছেন, তার পেছনে রয়েছে পিতার অফুরন্ত অবদান।
খালেদা সালাহউদ্দিনের এক ভাই ও তিন বোন। ভাই অধ্যক্ষ সাদ জগলুল (বর্তমানে পরলোকগত)। অন্য ৩ বোন হলেন মিসেস সাজেদা রেজা, ড. নাজিয়া আলম এবং ডা. রেহানা হোসেন। ডা. রেহানা হোসেন বর্তমানে ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালের সিনিয়র পিডিয়াট্রিশয়ান। লে. কর্ণেল পদমর্যাদায় শিশু বিভাগের প্রধানের দায়িত্বে নিয়োজিত আছেন। তাঁর স্বামী ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। তিনি দায়িত্বপূর্ণ পদে থেকেও লেখালেখির অভ্যেস ত্যাগ করতে পারেননি। বাংলাদেশের রক্তাক্ত অধ্যায়, জনগণের রাজকুমারী ডায়না ইত্যাদি গ্রন্থসহ অনেক বিদগ্ধ প্রবন্ধ এবং ভ্রমণ বিষয়ে লেখালেখিতে অবসরে ব্যস্ত থাকেন।
খালেদা সালাহউদ্দিনের মা বেগম জেবুন্নেসা স্কুলের গণ্ডি পার হয়ে বেশী প্রতিষ্ঠানিক শিক্ষায় অগ্রসর হতে না পারলেও ছেলে মেয়েরা পড়াশুনার ব্যাপারে খুবই যত্নশীল ছিলেন, বাবা-মার আগ্রহ ও অনুপ্রেরণায় রক্ষণশীল সমাজের অর্গল ভেঙ্গে খালেদা সালাহউদ্দিন এবং তার ভাই বোনরা উচ্চশিক্ষা লাভে সক্ষম হয়েছিলেন।
খালেদা সালাহউদ্দিনের শিক্ষাজীবন শুরু হয় টাফন্যাল ব্যারেট এম-ই স্কুলে। পরীক্ষায় তিনি ১ম স্থান অধিকার করেন। এর পর সব প্রতিকূলতাকে পেছনে ফেলে তাঁর বাবা তাঁকে চরফ্যাশন প্রাইমারী স্কুলে ভর্তি করিয়ে দেন। সেখান থেকে তাকে নিয়ে আসেন বরিশাল সাইদুন্নেসা গার্লস হাই স্কুলে। মাধ্যমিক পরীক্ষায় তিনি অভূতপূর্ব সাফল্য লাভ করেন। খালেদা সালাহউদ্দিন তাঁর বাবার উৎসাহে চলে আসেন কলকাতা। তাঁকে ভর্তি করিয়ে দেওয়া হয় লেডি ব্রাবোর্ণ কলেজে। এক নতুন জীবনের সাথে পরিচিত হন খালেদা সালাহউদ্দিন।
ম্যাট্রিকুলেশন এবং আই এ পরীক্ষায় তিনি মেধা তালিকায় ৩য় স্থান লাভ করেন। শিক্ষা লাভের জন্য তিনি ভর্তি হন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মেধা বৃত্তি নিয়ে অর্থনীতিতে অনার্সসহ বিএ পাশ করেন। এর পর একই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এ ডিগ্রী লাভ করেন একই বিষয়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব ইকোনমিক রিসার্চ পরিচালিত সোস্যাল সায়েন্স গবেষণা পদ্ধতির উচ্চতর কোর্সে তিনি প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন এবং পুরস্কৃত হন। পরবর্তীকালে যুক্তরাস্ট্রের কলম্বিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পি এইচডি ডিগ্রী লাভ করেন।
ড. খালেদা সালাহউদ্দিন কর্মজীবনে বিসিএস এডুকেশন ক্যাডারের সদস্য হিসেবে ইডেন বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অর্থনীতি বিষয়ে অধ্যাপনা করেছেন। পরে বাংলাদেশ সরকারের বস্ত্র মন্ত্রণালয়ে কর্মসংস্থান পরামর্শক হিসেবেও কিছুদিন কাজ করেছেন। এরই মধ্যে অব্যাহত রেখেছেন সাহিত্য চর্চা। ইংরেজী এবং বাংলায় তিনি দক্ষতার সাথে গল্প ও প্রবন্ধ রচনায় পারদর্শী ছিলেন। গল্প কবিতা প্রবন্ধ প্রতিটি শাখায় ছিল তাঁর সাবলীল বিচরণ। রম্য গল্প রচনায় তিনি উৎসাহ পেতেন এবং পাঠকমন তৃপ্ত হত তা পড়ে।
ব্যক্তিগত জীবন : পরিতৃপ্ত পারিবারিক জীবন যাপন করেছেন ড. খালেদা সালাহউদ্দিন। একমাত্র ছেলে খালেদা সালাহউদ্দিন টুটু ছিল তার চোখের মণি। একমাত্র কন্যা মলির আকস্মিক মৃত্যু তাঁকে বিচলিত করেছিল। ফলে পরবর্তীকালে ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারাতে শুরু করেন। স্বাভাবিক জীবনে নামাজ রোজা কখনো বাদ দেননি। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুসজ্জিত অবস্থায় যে কোন অনুষ্ঠানে সময়মত উপস্থিত হতে পছন্দ করতেন। বাংলাদেশে অনেক নারী সংগঠন এবং সাহিত্য সংগঠন রয়েছে। সকলের সাথে সুসম্পর্ক থাকায় নিমন্ত্রণ পেলে অংশ গ্রহণ করতেন। তিনি বাগ্মী ছিলেন। ইংরেজীতে যে কোন বিষয়ে অনর্গল বক্তৃতা দিতে পারতেন। শ্রোতা দর্শক বিমুগ্ধ চিত্তে তা শুনতেন। তিনি সাজগোজ পছন্দ করতেন, তবে তা শালীনতার মধ্যে সীমাবদ্ধ ছিল।
ড. খালেদা সালাহউদ্দিন দীর্ঘ ৪০ বছর যাবত বাংলাদেশ লেখিকা সংঘের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। সভনেত্রী ছিলেন প্রায় ২৫ বছর। তিনি এই দায়িত্ব সুচারুরূপে পালন করেছেন। নিরঙ্কারী দীপ্ত প্রতিভার অধিকারী খালেদা সালাহউদ্দিন সংগঠনের প্রতিটি সদস্যের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতেন।
ড. খালেদা সালাহউদ্দিন ছিলেন নানা বিষয়ে সৃষ্টিশীল। তাঁর প্রকাশিত গ্রন্থসমূহ মোটামুটি নিম্নরূপ: ১. The Rainbow (গল্প ১৯৬৬) ২. দুই বৃত্তে (গল্প ১৯৭০) ৩. যখন রুদ্ধশ্বাস (গল্প ১৯৮৬) ৪. হৃদয়ের বিচিত্রগতি (গল্প ১৯৮৮) ৫. নির্বাচিত গল্প (গল্প ১৯৯১) ৬. খালেদা সালাহউদ্দিনের রচনাবলী (গল্প ২০০০) ৭. চয়িত গল্পগুচ্ছ (গল্প ১৯৯৯) ৮. ফিরে আসে স্মৃতির পাখিরা (গল্প ২০০৫) ৯. নির্বাচিত রম্য গল্প (গল্প ২০০৩) ১০. প্রবন্ধ চতুষ্টয় (প্রবন্ধ ২০০৬) ১১. নদীরা সমুদ্রমুখী (কবিতা) ১২. মহিলা সাহিত্যিকদের রচনায় মুক্তিযুদ্ধ ও অন্যান্য প্রবন্ধ (প্রবন্ধ-গবেষণা ১৯৮৭) ১৩. আধুনিক সমাজ ও বাংলাদেশের নারী (প্রবন্ধ-গবেষণা ১৯৯০) ১৪.Women and Technology: Impact of technological changes in Agriculture on rural women in Bangladesh (প্রবন্ধ-গবেষণা ১৯৮৬) ১৫. Women in Urban informal sector: Employment pattern Activity life and Problems(প্রবন্ধ-গবেষণা ১৯৯২) ১৬. Energy and water crisis in Rural Bangladesh linkages with women's work and time (প্রবন্ধ-গবেষণা ১৯৯৪৫) ১৭.Widows in rural Bangladesh (প্রবন্ধ-গবেষণা১৯৯৫) ১৮. Rural women in poverty: NGO Intervention for Alleviation (প্রবন্ধ-গবেষণা১৯৯৬) ১৯. Income generation of savings of rural women: Institutional Arrangement in Bangladesh (১৯৮৪)
তিনি তাঁর অবদানের জন্যে বিভিন্ন সাহিত্য সংগঠন থেকে পুরস্কৃত হয়েছেন। তার প্রাপ্ত উল্লেখযোগ্য পুরস্কার ও সম্মাননা: নুরুন্নেসা খাতুন বিদ্যাবিনোদিনী স্বর্ণপদক (১৯৭৮), ত্রিভূজ স্বর্ণপদক (১৯৯৩), ঢাকা বিশ্ববিদ্যালয় ইকনমিকস রিচার্স ব্যুরো পুরস্কার, ঢাকা লেডিস ক্লাব সংবর্ধনা (১৯৮১), জাতীয় সাহিত্য সংসদ স্বর্ণপদক (১৯৯০), বাংলাদেশ লেখিকা সংঘ সাহিত্য পদক ও সংবর্ধনা (১৯৯৮), আলপনা সাহিত্য পুরস্কার, শ্রেষ্ঠ নন্দিনী সাহিত্য পুরস্কার (১৯৯৬), সোনালী রোদ সাহিত্য পুরস্কার (কোলকাতা ১৯৯৭), সাজিদুন্নেসা চৌধুরানী সাহিত্য পুরস্কার (১৯৯৮), ড. আশরাফ সিদ্দিকী ফাউন্ডেশন পুরস্কার (২০০০), কমর মুস্তারী সাহিত্য পুরস্কার, সিলেট লেখিকা সংঘ পুরস্কার (২০০০) ইত্যাদি।
রাষ্ট্রীয়ভাবে ড. খালেদা সালাহউদ্দিন পুরস্কৃত হবার উপযুক্ত ছিলেন। বাংলা একাডেমী অথবা অনন্যা পুরস্কারে তাকে ভূষিত করা হয়নি। তিনি যখন শয্যাশায়ী ও চেতনারহিত, তখন তাকে অনন্যা 'শীর্ষ দশ' নির্বাচিত করে। আমাকে এ কথা জানানো হলে আমি বলেছিলাম, এখন আর এর কোন প্রয়োজন আছে কি? তিনি এখন বোধশক্তিহীন, তাঁর স্মৃতিশক্তিও বিলুপ্তপ্রায়। আমাদের সমাজে এরকমই হয়। উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত সময়ে গুরুত্বপূর্ণ পুরস্কার দেওয়া হয় না।
ড. খালেদা সালাউদ্দিন ২০১৪ এর ১৫ জানুয়ারি এ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। কিন্তু রেখে গেছেন তাঁর সৃষ্টিসম্ভার। জাতি তাঁকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
