জন্মশতবর্ষে অদ্বৈত মল্লবর্মণ
আমাদের কথাসাহিত্যের অঙ্গনে স্বাতন্ত্র্যমণ্ডিত এক শিল্পীর নাম অদ্বৈত মল্লবর্মণ। যিনি ১৯১৪ খ্রীস্টাব্দের ১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার গোকর্ণ গ্রামের ধীবর পরিবারে জন্মগ্রহণ করেন। মাত্র সাঁইত্রিশ বছরের এক ঋদ্ধ জীবন যাপন করেন তিনি পৃথিবীতে। বাংলা কথাসাহিত্যে যে ক'জন গুণী শিল্পী নিজেদের প্রতিভাগুণে স্মরণীয় হয়ে আছেন তাঁদের অন্যতম প্রধান সাংবাদিক-কথাসাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণ। ১৯৩৩ খ্রীস্টাব্দে ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করার পর কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে ভর্তি হয়েও অসচ্ছলতার জন্য পড়া এগিয়ে নিতে পারেননি; জীবিকার সন্ধানে কলকাতা পাড়ি জমান। কিছুদিন মাসিক 'ত্রিপুরা' পত্রিকায় কাজ করার পর ১৯৩৬ খ্রীস্টাব্দে কলকাতার 'নবশক্তি' পত্রিকায় কবি প্রেমেন্দ্র মিত্রের সহযোগী হিসেবে সহ-সম্পাদক পদে চাকরি শুরু করেন। পরবর্তীতে তিনি 'আজাদ', 'মোহাম্মদী', 'যুগান্তর' এবং সাপ্তাহিক 'দেশ' পত্রিকার সাথেও যুক্ত ছিলেন। অদ্বৈত মল্লবর্মণ কিছুদিন বিশ্বভারতীর সাথেও যুক্ত ছিলেন। সাংবাদিকতায় যুক্ত থাকাকালেই তিনি সাহিত্য রচনায় নিজেকে নিয়োজিত করেন। স্বল্প পরিসর জীবনে অদ্বৈত মল্লবর্মণ সামান্য কটি উপন্যাস, গোটা চারেক গল্প এবং গোটা কয়েক প্রবন্ধ রচনা করলেও তাঁর রচনার প্রসাদ গুণের কারণে তিনি বিদগ্ধ পাঠকের দৃষ্টি আকর্ষণে সক্ষম হন। 'মোহাম্মদী' পত্রিকায় তাঁর তিতাস একটি নদীর নাম উপন্যাসটি ধারাবাহিকভাবে মুদ্রিত হতে শুরু হলে পাঠক মহলে তোলপাড় তোলে; কিন্তু উপন্যাসটি সম্পূর্ণ পত্রস্ত হবার আগেই খোয়া যায় এর পাণ্ডুলিপি। পরে অবশ্য তাঁর আগ্রহী পাঠকের অনুরোধেই তিনি শেষ করেন তাঁর কালজয়ী উপন্যাস তিতাস একটি নদীর নাম। তিতাস একটি নদীর নাম ১৯৫১ খ্রীস্টাব্দে তাঁর প্রয়াণের কয়েক বছর পর গ্রন্থাকারে প্রকাশিত হয়। অন্ত্যজ মালো নৃগোষ্ঠীর মানুষের জীবনচিত্র নিপুণভাবে চিত্রিত করেছেন অদ্বৈত মল্লবর্মণ তাঁর এ অসাধারণ উপন্যাসে, আত্মজীবনী না হলেও স্ব-গোত্রের মানুষের ঘনিষ্ঠ জীবনের চালচিত্র সুনিপুণ মুন্সিয়ানায় তুলে ধরার কারণেই তিতাস একটি নদীর নাম উপন্যাসটি পাঠকের অন্তরে গভীর রেখাপাত করে বলেই মনে করেন অনেক সমালোচক। সমালোচকের এমন মন্তব্যে কেউ যদি তাঁর যোগ্যতার বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করতে চান, তাহলে তাকে আমি পুনর্বার অদ্বৈত মল্লবর্মণ পাঠের অনুরোধ করবো। আর বলবো অদ্বৈত মল্লবর্মণের অন্যসব রচনা পাঠ করে তাঁকে বিবেচনা করুন। কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মণ-এর জন্ম শতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানাতে বর্তমান রচনায় আমি শুধু তাঁর মহার্ঘ সাহিত্য-কথা স্মরণ করবো এবং তাঁর প্রতি প্রদর্শিত সমস্ত অবহেলাকে ধিক্বার জানাবো।
আগেই বলা হয়েছে তিতাস একটি নদীর নাম নামের যে অসাধারণ উপন্যাসটি অদ্বৈত মল্লবর্মণ রচনা করেছিলেন তা কিন্তু তাঁর জীবদ্দশায় গ্রন্থাকারে প্রকাশিত হয়নি। পঞ্চাশের দশকের মাঝামাঝি প্রকাশিত হলেও 'তিতাস' আমাদের দৃষ্টি কাড়েনি; 'তিতাস' আমাদের দৃষ্টি কাড়ে ১৯৭৩-এ গুণী চলচ্চিত্রকার ঋত্ত্বিক ঘটক 'তিতাস একটি নদীর নাম' শিরোনামের সেলুলয়েড-মহাকাব্য রচনার পর। ফকির লালন শাহর কথা আরো একবার আমাদের স্মরণে আসে 'বাড়ির কাছে আরশি নগর/ সেথা পরশি বসত করে/ আমি একদিনও না দেখিলাম তারে।' অবশ্য এ কথা সত্য অদ্বৈত মল্লবর্মণ-এর সৃষ্টিসম্ভার অনেকের তুলনায় সামান্যই; কিন্তু এক 'তিতাস'ই তাঁকে দিয়েছে অমরত্ব। প্রথমত এবং প্রধানত অর্থাভাবেই তাঁকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পাঠ চুকাতে হয়েছিলো। জীবিকার সন্ধানেই তাঁকে পাড়ি জমাতে হয়েছিলো কলকাতা, সেখানেও তিনি সচ্ছলতার মুখ দেখেন নি। পত্রিকায় চাকরীর সুবাদেই পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সাহিত্যসৃষ্টিতে মনোনিবেশ করার সহজ সুযোগ পেয়েছিলেন। তিতাস একটি নদীর নাম ছাড়াও তিনি জীবনতৃষ্ণা, রাঙামাটি এবং শাদা হাওয়া নামের তিনটি উপন্যাস; 'সায়ন্তিকা', 'কান্না', 'বন্দীবিহঙ্গ' এবং 'স্পর্শদোষ' শিরোনামের চারটি ছোটগল্প; ১০/১২টি কবিতা আর ২০/২৫টির মতো প্রবন্ধ/নিবন্ধ রচনা করেছিলেন।
অদ্বৈত মল্লবর্মণ-এর কথাসাহিত্যের মনোযোগী পাঠে পাই তাঁর চরিত্র-চিত্রণ আর গল্প বুননের মুন্সিয়ানা। কখনো কখনো কাহিনীর চেয়ে চরিত্রের অবয়ব মুখ্য হয়ে গেছে। তাঁর সাহিত্যে নগরজীবন আর শহুরে বাস্তবতা যেমন বর্ণিত হয়েছে, পাশাপাশি আলোকিত হয়েছে বাংলার প্রান্তিক জনগোষ্ঠী এবং অন্ত্যজ মানুষের কথা। কৈবর্ত্য পাড়ার চিত্র যেমন আলোকিত হয়েছে, ধীবর শ্রেণীর সংগ্রামের ছবিও তেমনি মূর্ত হয়েছে সযত্ন-নিপুণ কুশলতায়। তাঁর সাহিত্যে মানব-মানবীর জৈবিক তাড়না যেমন আলোচিত হয়েছে, সাথে সাথে মানবিক বুভুক্ষার ছবিও বিধৃত হয়েছে; অর্থনৈতিক অসামঞ্জস্য আর দারিদ্র্যক্লিষ্ট ক্ষুধার্ত মানুষের মানবিক বিপর্যয় যেমন পাঠ করেছেন তাঁর পাঠক, পাশাপাশি পড়েছেন নারীর সন্তানবাৎসল্যের বুভুক্ষা। অনটনক্লিষ্ট জীবনে দেখেছি তাঁর পাঠ-তৃষ্ণা। চরম অভাবেও তাঁকে বই কিনতে দেখা গেছে। মৃত্যুর পর তাঁর নিজস্ব সংগ্রহের বইগুলো বন্ধুরা রামমোহন লাইব্রেরির গ্রন্থভাণ্ডারে হস্তান্তর করেন। অপরিণত হলেও এক সংগ্রামী জীবন তিনি যাপন করেছেন, যা আমাদের জন্য সাহসী হবার দিশা দিতে পারে; তারপরও আমরা তাঁর সীমাবদ্ধ সামান্য জীবনের অসামান্য কীর্তিকে সে অর্থে উদ্ঘাটন করতে পারিনি। যেমন আমরা জীবনানন্দ দাশকেও তাঁর জীবদ্দশায় তো নয়ই, মৃত্যুর পরও জনপ্রিয়ভাবে আবিষ্কার করতে পারিনি; ১৯৬৯-এ বাঙালির উত্তাল আন্দোলন আমাদের সামনে নিয়ে এসেছিলো রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশকে। জীবনানন্দকে যেমন আবিষ্কার করেছিলেন পূর্ববাংলার সংস্কৃতিকর্মীরা, তেমনি অদ্বৈত মল্লবর্মণকেও এক অর্থে প্রথম আবিষ্কার করেন চলচ্চিত্রকার ঋত্ত্বিক ঘটক।
ঋত্ত্বিক ঘটক-এর যমজ বোন প্রতীতি দেবীর জবানী থেকে আমরা জানতে পারি সে গল্প। সদ্যস্বাধীন বাংলাদেশে ঋত্ত্বিক এসেছিলেন 'পদ্মা নদীর মাঝি' ছবি নির্মাণের মানসে, কিন্তু যুদ্ধবিধ্বস্ত দেশে অবকাঠামোগত সংকটের কারণে তা সম্ভব ছিল না। খ্যাপাটে ভাই ঋত্ত্বিককে শান্ত করতেই প্রতীতি দেবী তাঁকে নিয়ে যান কুমিল্লায় তিতাস নদী দেখাতে। ঋত্ত্বিককে কুমিল্লা সার্কিট হাউসে রেখে প্রতীতি দেবী নিজের শ্বশুর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত'র যুদ্ধকালীন সময়ে লুট হয়ে যাওয়া বাড়িটি দেখতে গিয়ে স্যাঁতস্যাঁতে মেঝেতে কুড়িয়ে পান অদ্বৈত মল্লবর্মণ-এর তিতাস একটি নদীর নাম উপন্যাসটি। সার্কিট হাউসে ফিরে ঋত্ত্বিককে পড়তে দিলেন বইটি। 'তিতাস' পড়ে খ্যাপাটে ঋত্ত্বিক পদ্মা পাড় ছেড়ে সোজা তিতাস পাড়ে হুমড়ি খেয়ে পড়লেন। এরপর সবটাই ইতিহাস। ঋত্ত্বিক অদ্বৈত মল্লবর্মণকে আবিষ্কার না করলে দারিদ্র্যক্লিষ্ট ধীবর পরিবারের ছেলে, যিনি মাত্র সাঁইত্রিশ বছরের এক অনটনভরা জীবন যাপন করেছিলেন পৃথিবীতে, মরণব্যাধি যক্ষ্মায় যার পরিসমাপ্তি (সে সময় যক্ষ্মা মরণব্যাধি হিসেবেই পরিচিত ছিলো), তাঁকে তাঁর জন্ম শতবর্ষে স্মরণ করতে পারতাম কী-না সন্দেহ। স্বল্প লিখে মহাকালের গর্ভে টিকে আছেন এমন মানুষ অদ্বৈত মল্লবর্মণ একা নন, মধ্যযুগের কবি রঙ্গলাল সেন-এর কথা স্মরণ করতে পারি, যিনি লিখেছেন 'স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়/ দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায় রে কে পরিবে পায়!' বেঁচে থাকার জন্য তাঁর এ পঙক্তিটিই কি যথেষ্ট নয়? স্মরণ করতে পারি 'আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে' (ভারতচন্দ্র রায়গুণাকর), 'নানান বরণ গাভিরে ভাই একই বরণ দুধ/ জগৎ ভরমিয়া দেখি একই মায়ের পুত।' (লোককবিতা), 'যেজন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী/ সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।' (আবদুল হাকিম), 'আমাদের দেশে হবে সেই ছেলে কবে/ কথায় না বড় হয়ে কাজে বড় হবে।' (কুসুম কুমারী দাশ) এ সব অমর পংক্তির যারা রচয়িতা তাঁরা পরিমাণে কত অজস্র লিখেছেন আমাদের ততটা জানা না থাকলেও তাঁদের অমর সৃষ্টির জন্য আমরা তাঁদের যুগের পর যুগ, শতাব্দী পেরিয়েও স্মরণে রাখি। অদ্বৈত মল্লবর্মণও তেমনি, পরিমাণে অজস্র না লিখেও যিনি কালের গর্ভে টিকে আছেন আপন মেধার মহিমায়। তাঁর জন্মশতবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি অমর চলচ্চিত্রকার ঋত্ত্বিক ঘটক এবং তাঁর যমজ বোন প্রতীতি দেবীকেও; যাঁরা তাঁকে পুনর্বার আমাদের সামনে নিয়ে এসেছিলেন।
