লোকায়ত এক উপন্যাসের গল্প
তিনি, সৈয়দ শামসুল হক, সেই পঞ্চাশের দশ থেকে সাহির্তচর্চা করছেন। তিনি অবিরাম লিখেই যাচ্ছেন। তার বয়স যেন বাড়ছে না, তবে অপরের বয়স বাড়াচ্ছেন, মানে তার পাঠকের পরিপক্বতা বৃদ্ধি করছেন। পাঠকের মধ্যবিত্ত-মানস আরও সেয়ানা হচ্ছে। তার চোখ-কান খোলা রাখার ইশারা নিতে পারছেন, অন্যকে দিয়ে তার কল্পবাস্তবাকে আরও নির্দিষ্ট করতে পারছে। তার লেখার পরিধি বিশাল। তার ক্লান্তি নাই। তিনি গ্রন্থ প্রকাশই করেছেন দুই শ'র মতো।
আমরা তার অনেক দিক নিয়েই কথা বলতে পারি। তবে এখানে আমাদের এই পূর্ববঙ্গের সাহিত্যের মেজাজ, তার বেড়ে উঠার প্রত্যয় নিয়ে খানিক কথা বলতে চাই। আমরা পশ্চিমবঙ্গ আর পূর্ববাংলা তথা বাঙলাদেশের সাহিত্যের তুলনামূলক আলোচনা এখানে করছি না। তবে আমরা স্মরণ করতে চাই, আমাদের পূর্ববাংলা কথায়, বার্তায়, চলনে, বলনে, ইতিবৃত্তে পশ্চিববঙ্গ থেকে আলাদা। এবং এই যে আলাদার ইতিবৃত্ত আমরা দেখি তার বড়ো কারণ হচ্ছে, আমাদের কথাও আলাদা। আমাদের কথনশিল্পের বড়ো একটা জায়গা নিয়ে রেখেছে লোকগাথা। মুখে মুখে ফেরি করে বেড়ানো সাহিত্য এখনও আমাদের অন্যতম প্রধান সম্পদ। আমরা এসবকে লালন করতে চাই। এই যে লালনের কথা বললাম, এই সৃজনকর্মে সহযাত্রী জসীমউদ্দীন, ওযালীউল্লাহ, ইলিযাস, মাহমুদুল হক, সুচরিত চৌধুরীকে স্মরণ করতে চাই। এইখানে একজন সৈয়দ হককে পাঠ করব।
আমরা এখানে সৈয়দ শামসুল হকের বুকঝিম এক ভালোবাসার কথাই বলব, এটি তার সৃজিত এক উপন্যাস। তবে আমাদের উদ্দেশ্য শুধু তার এ উপন্যাসের চৌহদ্দীতে ঘুরঘুর করা নয়। এ হচ্ছে এক বীজ মাত্র, যেখানে লোকায়ত জীবন একেবারে জীবন্ত হয়ে আমাদের কাছে ধরা দেয়। তবে এও সত্য, আমরা তার এ বীজকে হালকা চালে নিচ্ছি না। তা নেয়ার কোনো ব্যবস্থাও তিনি রাখেন নাই। বরং তিনি এর মাধ্যমে বিশাল ব্যাপক এক দরজা আমাদের মানসপটে খুলে দিয়েছেন। সেই দরজায় আমাদের লোকায়ত বাংলা দেখা যায়, তার ভিতর দিয়ে আমাদের কথার রাজ্য চেনার ইশারা থাকে। কাজেই তার সৃজিত এ বীজকে বীজের সাধারণ জায়গায় রাখার কোনো বিধান বা প্রচলিত সংস্কারও রাখতে পারব না।
আমরা উপন্যাসটির শিরোনাম ধরেই কিছু কথা বলি, আমাদের যে কারও মনে হতে পারে, এ হচ্ছে ব্যাপক রোমান্টিকতার এক আধুনিক আয়োজন! এতে আধুনিকতা আছে, ভাষার অসাধারণ কারুকাজ আর শৈলী আছে। কিন্তু আমরা যখন এর কাহিনীতে ঢুকব, বর্ণনার ধরন পরখ করতে করতে এগুবো, বিষয়টা বোঝার দিকে মন দেবো, তখন অতি সহজেই জানতে পারব, এ হচ্ছে আমাদের মাটি-মানুষ-মা-জল-নদীর সাথে যোগাযোগের এক মাধ্যম। এ যেন আমাদের পূর্ববঙ্গীয় লোকগাথার এক সমকালীন বিস্তার। ভাষায় তার তৎসম, তদ্ভব শব্দের আধিক্য থাকলেও, এর ভিতরকার প্রাণটি একেবারে লোকায়ত ভাব তরঙ্গে ঠাসা। গ্রামীণ এক আবহ তার সৃজিত কথাশিল্পের শরীরে সমানে দাপাদাপি করছে। এমনকি ভালোবাসার একধরনের মানসিক রক্তপাতের সাথেও আমাদের পরিচয় হয়। সেই পরিচয় এমনই মায়াময় যে, আমরা ক্রমাগত সেই মায়ার জগতে নিমজ্জিত হতে বাধ্য হবো।
আমরা এখন এর কাহিনী দেখি: এটি কার্যত ময়মনসিংহ গীতিকার একটা কাহিনীকে উপজীব্য করে লেখা এক উপন্যাস। সেই কাহিনীর নাম হচ্ছে আন্ধাবন্ধুর বাঁশী। তবে সৈয়দ হক তাতে অত সহজভাবে ঢুকেননি, বা এই কাহিনীকে উপজীব্য করে যেনোতেনো কাজ করেননি। তিনি লোককথাকার মনসুর বয়াতীর কথা যেমন বলেছেন, বা তাকে এনেছেন, তেমনি মধ্যযুগের আরেক মহান কবি চন্দ্রাবতীকে কাহিনী-রূপান্তরের ভিতর দিয়ে এ উপন্যাসে ঠাঁই দিয়েছেন। তিনি চাঁদ সুলতানা নামে সারা উপন্যাস দাবড়ে বেড়িয়েছেন। তিনি জমিদার-ভগ্নী, যিনি পালাগানে অংশ নিয়েছেন মনসুর বয়াতীর সাথে, সেটাও প্রকাশ্যে নয়, গোপনে, বাগানবাড়িতে। তারা পরস্পর পরস্পরকে ভালোবেসেছেন। কিন্তু তা তো জমিদার পরিবার মানে না। মনসুর বয়াতীকে এমন এক বিষ খাওয়ানো হয় যে সে পৃথিবীতে বেঁচে থাকে সত্য, কিন্তু তার স্বর যায় বন্ধ হয়ে। এই দিকে চাঁদ সুলতানাকে ঘুমের ওষুধ খাইয়ে, অনেকটা অচেতন করে ফিরোজ দেওয়ানের সাথে বিয়ে দেয়া হয়। কিন্তু চাঁদ সুলতানার মন পড়ে থাকে মনসুর বয়াতী সমীপে। একসময় মনসুর বয়াতীকে আবিষ্কার করে ফিরোজ দেওয়ান। তিনি আবার সঙ্গীতের প্রতি দারুণ অনুরক্ত এক মানুষ। তার মন-টনও ভালো। তাই মনসুর বয়াতিকে ওঝা-বৈদ্যরাজ দিয়ে-টিয়ে সুস্থই করে ফেলতে চান। সব আয়োজন তিনি নিজেই করেন! সেইখানে, মানে বয়াতীকে সুস্থ করার জায়গায় আবার চাঁদ সুলতানার অবদান আছে। কারণই সে-ই সাপের কামড়ের জায়গা দিয়ে মনসুর বয়াতির অতি বিষাক্ত বিষ মুখ সহযোগে টেনে বের করে। মনসুর বয়াতী সুস্থ হয়, মানুষ চেনে। তখন আরও অনেক কাহিনীর সম্ভাবনা থাকলেও ফিরোজ দেওয়ান ভালোবাসাকে সম্মান দেয়, ঘটনা অতি সহজে, অতি নাটকীয়তাই মোড় নেয়! চাঁদ সুলতানাকে মনসুর বয়াতির হাতে সঁপে দেন তিনি। এতে ভালোবাসার জয় সহজেই হতে পারত, কিন্তু এইখানে সমাজ এসে ভিলেনের জায়গা দখল করে। মনসুর বয়াতি নিজেকে ক্ষণে ক্ষণে মুক্ত স্বাধীন বললেও এখানে তারা স্বাধীন হতে পারে না। দেশ ছেড়ে পালানোর কথাও ভাবে না। অথবা, ময়মনসিংহ গীতিকার যে অন্তর্গঠন, তার কাছেই তারা জীবন সমর্পণ করে। অর্থাৎ পুরো ময়মনমনসিংহ গীতিকা যদি আমরা অবজার্ভ করি, তাতে রাজ্যের কথা বললেও তা এখনকার গ্রাম-সরকারের চেয়ে বড়ো কিছু সাধারণত হয় না। তাই তাদের জীবনকে ব্রহ্মপুত্রের কাছেই সমর্পণ করে। তারা জলে ভেসে ভেসে গাঙের মাধ্যমে হয়ত দরিয়ায় চলে যায়। অথবা কিছু একট ঘটে। শেষ পর্যন্ত প্রেমেরই জয় হয়।
এর শুরুটি বা টোটাল বর্ণনাভঙ্গিটি বেশ মজার, মনে হচ্ছে, এই সময়ের স্বরসতীকে তিনি বিদ্যাবতী বলে সম্বোধন করে তার কর্মযজ্ঞ শুরু করলেন। একধরনের বন্দনাপ্রবণতা আছে, লোকসকল কর্তৃক পাঠককে ঘটনা মনে করিয়ে দেয়ার ধারণাটিও নতুন। বেশ কটি উপশিরোনাম আছে এতে, যেমন, বিদ্যাবদী রইলা কতদূর?, প্রেমের নদী উজান বাইয়া যায়, মন-যমুনা ভাইটাল বাইয়া কোথায় কারে খোঁজো, একজন কাঞ্চন পুরুষ দেখবামরে আমি, … আরে পাগল পান্থ তুমি চলো আমার সাথে ইত্যাদি।
তবে আমরা যে ঘটনার ঘনঘটা দেখি, তাতে এটিকে লিটারারি ব্যালাডের মতো কিছু একটা বলতে পারি। ভাষার ধরনে একে উপন্যাস হিসাবেই আমরা মনে করব। কিন্তু ভাষার যে চমৎকার আবহ আমরা দেখি, তাতে এটাকে আমাদের উপন্যাস সাহিত্যের আলাদা একটা শৈলী বলেই ধরব। অতি সাহসের সাথে ঔপন্যাসিক এখানে নিত্যবৃত্ত বর্তমান ব্যবহার করেছেন। অথচ ময়মনসিংহ গীতিকার অতি প্রথাগত ধরনে তিনি সাধারণ অতীত বা পুরাঘটিত অতীত ব্যবহার করতে পারতেন। জসীমউদ্দীনও লোকায়ত গীতিকা লিখেছেন। তার অনেকিছুই কাহিনীর মতো মনে হয়। এতে আবেগ-উচ্ছ্বাস-আহাজারি বেশি থাকে। ভালোবাসার ঘটনাবহুল আবেগী চিত্র এঁকেছেন। তাও একটা সময়ের জন্য। আমরা এইভাবে ভাবতে পারি যে, আমাদের উপন্যাস অর্থাৎ পূর্ববঙ্গের উপন্যাসের আলাদা একটা মেজাজ হয়ত থাকার দরকার আছে। সেই সাংস্কৃতিক মেজাজ আসবে আমাদের মাটির গন্ধ থেকে, বাঙাল নামের হতচকিত কৃষিজ চরিত্র থেকে। তারা দেশজ আবহের ভিতর তাদের জীবনসংশ্লিষ্টতা বজায় রাখবে। এখানেও আমরা এমন কিছু যেন টের পাই। তবে এটাও বলতে হয়, নাম থেকে শুরু করে এর শরীর যেন ময়মনসিংহ গীতিকার কিছু আবহ ধারণ করতে সক্ষম হচ্ছে না। আধুনিক উপন্যাসের সাথে মাটির গন্ধের যে মিলেমিশে যা থাকা দরকার ছিল তা কখনও কখনও হয়ত খানিক ব্যাহত হয়েছে। তবে এ হচ্ছে এক আয়োজন যা আমরা আমাদের নিজস্ব উপন্যাস-ভুবন নির্মাণ করতে গিয়ে এর দ্বারস্থ হবো।
