ব্ল্যাকমেইলিং দ্য ব্ল্যাক কোট?
বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। তাঁর অনপনেয় সৃষ্টি, বাংলাদেশই, তাঁকে অমরত্ব দিয়েছে। অন্য কোনও মানদন্ড নয়, এই একটি মাত্র অর্জন, বাংলাদেশের সৃষ্টির জন্য হলেও তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। গত একশ, দু'শ বছরের অমর রাষ্ট্রনায়কের মধ্যে শেখ মুজিবকে তাঁর নামেই আলাদা করে চেনা যায়। তবে তাঁকে অসাধারণভাবে আলাদা করবার জন্য যে-বহিরাবণটি অলক্ষ্যে প্রভাব ফেলেছে, তা' তাঁর হাতাবিহীন, গলাবদ্ধ কাল কোট। "মুজিব কোট" বলে তার পরিচিতি। ইংরেজীতে "দ্য ব্ল্যাক কোট" বলে বহির্বিশ্বে "মুজিব কোট" কেই বুঝানো হয়।
বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী, আরও খানিকটা তলিয়ে বলতে, বাঙালি চেতনায় স্নাত, কোটি কোটি মানুষ এই "মুজিব কোট," ভাষাস্তরে "দ্য ব্ল্যাক কোট"-কে শেখ মুজিবর রহমানের বিশাল ব্যক্তিত্বের সাথে মিলিয়ে দেখতে পছন্দ করেন।
ঐ "মুজিব কোট" গায়ে চাপিয়ে অনেক আওয়ামী লীগ নেতা-উপনেতা-কর্মী, কথিত আছে, করে-কম্মে উপরে উঠেছেন। অর্থে-বিত্তে, ক্ষমতায়-প্রভাবে, বাহারে-বহরে বড় হয়েছেন। এমনকি শিক্ষক-গবেষক-ব্যবসায়ী-কবি-সাহিত্যিকসহ নামী-দামী আঁতেল অনেকেই ঐ "মুজিব কোট" পরিধান করে বঙ্গবন্ধুর প্রতি সম্মান জ্ঞাপন করেন আন্তরিকভাবে। কিন্তু স্বাধীনতার ফল ভোগকারী, স্বাধীন বাংলাদেশের তাবৎ সুবিধা ব্যবহার করে "পন্ডিত" বনে যাওয়া স্বেচ্ছানির্বাসিত কেউ একজন ঐ "মুজিব কোট" ভাঙ্গিয়ে যশ-খ্যাতি, অর্থ-বিত্ত কিংবা প্রভাব-প্রতিপত্তিসহ অজানা ফায়দা লুটতে চাইবেন, তাও বিশ্বাস করতে হচ্ছে অধূনা কানাডা-প্রবাসী বাংলাদেশী লেখক নেয়ামত ইমামের দ্য ব্ল্যাক কোট পড়ে।
একাত্তুরের ভয়ংকর স্বাধীনতাযুদ্ধের অব্যবহিত কাল শুরু করে শেখ মুজিব নিহত হবার সময় পর্যন্ত ঘটনাপঞ্জিই এই উপন্যাসের পট।
দুই পর্বে, বুকওয়ান এবং বুক টু, দ্য ব্ল্যাক কোট, মোট ২৬ ও ৩০ অধ্যায়ে ২৪০ পৃষ্ঠার বই। তথাকথিত এই উপন্যাসটির শুরু সংক্ষিপ্ত "প্রলগ" দিয়ে এবং শেষ একটি নাতিদীর্ঘ "এপিলগে"। ফ্রিডম ফাইটার নামক একটি পত্রিকায় চাকুরীরত এক সাংবাদিক, খালেক বিশ্বাসের বয়ানে প্রথম পুরুষে এই উপন্যাসের বর্ণনা।
শুরুটা এরকম : স্বাধীনতা যুদ্ধের অব্যবহিত পরই অন্ন-বস্ত্র সংকটে হাজার হাজার গ্রামের লাখ লাখ মানুষ হয়ে ওঠে রাজধানীমুখী। মালিকপক্ষের নীতির বাইরে অবস্থান নিয়ে, চারিদিকে দূর্দশাগ্রস্থ মানুষের রিপোর্ট লিখে খালেক বিশ্বাস চাকুরী হারায়। খুব সহসাই বেকার খালেক বিশ্বাসের সাথে গ্রাম থেকে এসে যোগ দেয় নূর হোসেন, চাকুরী প্রত্যাশী। নূর হোসেন প্রায় নিরক্ষর, কোনও যোগ্যতা নেই তার। তবে সে গলা ছেড়ে শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ আবৃত্তি করতে পারে বেশ। খালেক বিশ্বাস তার দুঃসহ বেকার জীবনে দু' পয়সা আয়ের কৌশল বেছে নেয় নূর হোসেনকে রাতারাতি একজন মেকী শেখ মুজিবে পরিণত করে। স্থানীয় আওয়ামী লীগ এম.পি. ময়না মিয়ার আশ্রয়-প্রশ্রয়ে খালেক-নূর হোসেন বাঙালি সেন্টিমেন্টকে পুঁজি করে ৭ মার্চের ভাষণ হাটে-বাজারে, রাস্তায়-লোকালয়ে আমজনতার সামনে উপস্থাপনের মাধ্যমে আঙুল ফুলে কলাগাছে পরিণত হয়।
কিন্তু মাঝপথে, ১৯৭৪ সালের দুর্ভিক্ষে, ঢাকায় ছুটে আসা লক্ষ লক্ষ মানুষের দূর্ভোগ ও আহাজারী দেখে নূর হোসেন বিদ্রোহ করে। সে তার প্রতিশ্রুত পথ, শেখ মুজিবের ভাষণ প্রচার, থেকে সরে আসে এবং সেই ভাষণের মাহাত্ব্যের বিপরীতে শেখ মুজিবকে "দানব", "একনায়ক" ইত্যাদি কটূক্তিতে অসম্মান করতে শুরু করে। এতদ্দর্শনে খালেক বিশ্বাস আশংকিত হয়ে পড়ে, পাছে ময়না মিয়া এম.পি. তাকে সন্দেহ করে বসে বিশ্বাস ঘাতক বলে। ময়না মিয়ার সন্দেহ ও রোষানল থেকে মুক্ত থাকার জন্য খালেক নূর হোসেনকে পৃথিবী থেকে বিদায় করে।
নূর হোসেনকে হত্যার পর খালেক নিঃসঙ্গ ও নিঃস্ব হয়ে পড়ে। সে একটা অপরাধবোধ নিয়ে জীবন থেকে পালিয়ে বাঁচার পরিকল্পনা করে।
উপন্যাসের এপিলগে এসে খালেক তার কৃতকর্মের জন্য বিলাপের মধ্যে দিয়ে উপন্যাসের শেষ টানে স্বদেশকে বিদায় সম্ভাষণ জানিয়ে। এ খালেক কোন খালেক? খালেক কি সত্য-মিথ্যা, বাস্তব-অবাস্তব; কিছু চাক্ষুষ, কিছু মন-গড়া, ঘটনার জন্মসূত্র মাথায় নিয়ে লন্ডন হয়ে কানাডায় গেছে? পাঠকের প্রশ্নের সুযোগ থাকে এইখানে।
২০১৩ সালের ২২ মে পেঙ্গুইন বুক ইন্ডিয়া দ্য ব্ল্যাক কোট নামক বইটি (রাজনৈতিক, নাকি ঐতিহাসিক উপন্যাস; স্যাটায়ার নাকি ল্যাম্পুন, বলা মুশকিল) প্রকাশের অব্যবহিত পরপরই এশিয়া-ইউরোপ-আমেরিকার নামী-অনামী ডজনেরও অধিক গণমাধ্যম-সাহিত্য সাময়িকী তার প্রশংসায় মেতে উঠে। ভারত- বাংলাদেশসহ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রে বইটির রিভিউগুলো পড়বার মতো। বলাই বাহুল্য, কোনও রিভিউতেই দ্য ব্ল্যাক কোট যে অনেকখানি একদেশদর্শী মনোভাব নিয়ে বাংলাদেশের স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আত্মাকে আরও একবার হত্যার চেষ্টা করেছে, তা' বিন্দুমাত্র বিধৃত হয়নি। একমাত্র ব্যতিক্রম রেডিও কানাডা, যা'র সংক্ষিপ্ত মন্তব্য, "….দ্য বুক দ্যাট স্লেজ শেখ মুজিব।"
নিদেনপক্ষে, ঐ সূত্র ধরে বইটি আর একবার পাঠ করলে অনুসদ্ধিৎসু পাঠক বাংলাদেশের ইতিহাস-বিকৃতি, পূর্বাপর জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনা-দুর্ঘটনা আমলে না নিয়ে একজন বিশ্বনন্দিত রাষ্ট্রনায়ককে শুধুমাত্র হেয়প্রতিপন্ন করবার জন্য বিদ্রুপ; শেখ মুজিবের প্রশ্নতীত দেশপ্রেম, তাঁর বাঙালী মানুষের জন্য নিখাঁদ ভালোবাসা, তাঁর আজীবন লালিত সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্নকে খাটো করে দেখা – ইত্যাদি বিষয়গুলো পরিষ্কার হয়ে উঠবে।
ঐসব অপপ্রচারমূলক প্রসংগের আগে লেখক নেয়ামত ইমামকে অভাজনেরও কিছু সাধুবাদ আছে। বইটি প্রচ্ছদ পরিকল্পনায় মুনশিয়ানা কাজ করেছে। সেই বরাতে দ্য ব্ল্যাক কোট হাতে নিয়েই যে-কেউ পড়তে আগ্রহী হবে। শেখ মুজিবের নিন্দুকেরা, বাংলাদেশের স্বাধীনতার বিরোধীরা, সোৎসাহে এক নিঃশ্বাসে পড়ে এর বহুল প্রচারে নামবে। স্বাধীনতার পক্ষের মানুষেরা, বঙ্গবন্ধুর ভক্তরা, বাস্তবতার নিরিখে সত্যানুসন্ধানী পাঠকেরা; যথেষ্ট বেদনাহত হয়ে বইটির প্রতি পরতে পরতে আরও আহত হতে চাইবে; বাঙালি মানুষের কৃতঘ্নতাবোধ কত নিম্নগামী হতে পারে তা' যাচাইয়ের জন্য। নেয়ামত ইমাম তার নামাংকিত দ্য ব্ল্যাক কোট ব্রান্ডটির লাল সীলমোহরটি কোটি কোটি বাঙালির প্রাণপ্রিয় নেতা, আবহমান বাঙালির মানসপূত্র, শেখ মুজিবের মুখের উপর সেঁটে দিয়ে নগ্ন নোংড়ামির একটি অরুচি-পূর্ণ চিত্র অংকনের চেষ্টা করেছেন। নেয়ামত ইমামের সে চেষ্টা থাকা সত্বেও বলি, এটি একটি "এ্যাকট অব সাটায়ার" বলে পার পাবার কোনও উপায় আছে বলে মনে হয় না। অন্ততঃ বাঙালির সেন্টিমেন্টের ইতিহাস তা বলে না।
দ্য ব্ল্যাক কোট-এর পুস্তক-পরিকল্পনাও ইউনিক। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু প্রলগে এবং কেন্দ্রীয় শহীদ মিনারেই সমাপ্তি, এপিলগে। মাঝখানে ঢাকা শহরে গ্রাম থেকে আসা লাখ লাখ অন্নবস্ত্রহীন মানুষের দৈনন্দিন জীবনের দূর্বিসহ চিত্র। নূর হোসেনের ৭ মার্চ ভাষণ নকল করবার গ্রাম্য-প্রতিভাকে ব্যবহার করে খালেক-ময়না মিয়াদের আর্থিক ও রাজনৈতিক ফায়দা হাসিলের বিশদ বিবরণ। বইয়ের এখানে-সেখানে মৃত্যু, ছল-চাতুরী, বেদনার রাজ্যে বিনোদন, সুযোগ বুঝে প্রোটাগনিষ্টের স্মৃতি রোমস্থনে বুঝিবা আত্মজৈবনিক আত্মশ্লাঘা; কখনও মুক্তিযুদ্ধ -মুক্তিযোদ্ধার বিবরণ – ইত্যাদির ঠাঁসবুননে বইটির কলেবর বাড়ানোর চেষ্টা হয়েছে।
বাংলাভাষী একজন অধূনাপ্রবাসী লেখকের কলমে মাঝেমধ্যে ইংরেজী ভাষায় শিল্পময় বর্ণনা বইটিকে সুখপাঠ্য করে তুলেছে অনেকটা। তা' ছাড়াও, নেয়ামত ইমাম এই উপমহাদেশের বিভিন্ন ভাষা, সাহিত্য ও সংস্কৃতির ভান্ডার থেকে উদ্ধৃতি, অলংকার, সংশ্লেষ, এমনকি ইকবালের "সারে জাহাঁসে আচ্ছা,…."; ভূয়া মানুষের বয়ানে, "ভাইজান মনে কিছু নিয়েন না; বড় ভোক লাগছিলো"; রাজনৈতিক কর্মীর "মুজিবভাই" আমজনতার "ডালভাত-পরাটা", বঙ্গবন্ধুর "জয়বাংলা", এমনকি 'গুড়', 'চাল' ইত্যাদি শব্দের ব্যবহার মূলধারা ইংরেজী ডিকশনের মধ্যেই বইটিকে "স্পাইস্ড আপ" করতে সাহায্য করেছে।
বিশ্বাস করা যেতে পারে যে, বঙ্গবন্ধুর বন্ধু মহল, স্বাধীনতা-বিরোধী চক্র এবং বঙ্গবন্ধুর ভক্তবৃন্দ ছাড়াও প্রচারাক্রান্ত অনেকেই এটি সাগ্রহে পড়বেন। আশা করা যায়, নেয়ামত ইমামকে ইন্টারনেটে 'ওয়ান্টেড রিভিউয়ারস' বলে আযান দিয়ে তাঁর বই বিক্রি বৃদ্ধির কসরত করতে হবে না। যা তিনি ইতিমধ্যেই করে সেরেছেন।
নেয়ামত তাঁর অন লাইন প্রচারনায় 'Wanted: Reviewers' লেখাটিতে পূর্ববর্তী বেশ কয়েকটি রিভিউ থেকে দ্য ব্ল্যাক কোট সম্পর্কে নানা সুসংবাদ পরিবেশন করে বাংলাদেশেও রিভিউয়ার চেয়েছেন। তিনি জানিয়েছেন যে, বাংলাদেশের খ্যাতিমান রিভিউয়ারগণ নাকি কোনও ভয় ভীতির কারণে তা করতে আগ্রহী হচ্ছেন না। এই লেখাটিতেই তার দাবী হয়তো খন্ডন করা যাবে না, তবে চেষ্টাতো করা গেল।
কিন্তু সেকথা থাক। দ্য ব্ল্যাক কোট বইখানি শিল্পের মানদন্ডে কোন অবস্থানে, তা বিচার্য্য বটে। সহজেই অনুমেয়, বঙ্গবন্ধুর বিশ্বনন্দিত ভাবমূর্তিকে উলঙ্গ স্পর্ধায় কলংকিত করার প্রয়াস পেয়েছেন লেখক বইটির নাম-পৃষ্ঠাতেই। এই অপকর্মটিকে তিনি একজন স্যাটায়ারিষ্টের লাইসেন্স নিয়ে জায়েজ করবার সুযোগ নিবেন, জানি, কিন্তু প্রশ্ন থেকে যায়, দ্য ব্ল্যাক কোট কি আসলে স্যাটায়ার?
কিভাবে মানা যায় সেকথা? সেই গ্রীক নাট্যকার এ্যারিস্টোফিনিস থেকে শুরু করে রোমান কবি হোরেস ও জুভেনাল হয়ে তাবৎ কালের সবচেয়ে প্রশংসিত স্যাটারয়ারিস্ট জোনাথান সুইফ্ট অবদি সাহিত্যের ব্যঙ্গরস পরিবেশনের যে-ধারা বা শৈলী অনুসৃত হয়েছে তার কোনটিই নেয়ামত ইমাম অনুসরণ করেন নি। হাস্যরস, ব্যঙ্গরস, কটাক্ষ, চাতুর্য্যপূর্ণ উক্তি ইত্যাদির যুৎসই ব্যবহারে যে-আবহ নির্মাণ করতে হয় উৎকৃষ্ট স্যাটায়ারে, তা করতে ব্যর্থ হয়েছেন নেয়ামত। ১৭০৪ সালে The Battle of the Books গ্রন্থের প্রাক-কথনে সুইফ্ট লিখেছিলেন,"Satire is a sort of glass, where in beholders do generally discover everybody's face but their own, which is the chief reason for that kind of reception it meets in the world, and that so very few are offended with it."
দুঃখের বিষয়, দ্য ব্ল্যাক কোট বইটির দর্পণে আর সকলের মুখ দেখা যায় না; উদ্দেশ্য প্রনোদিতভাবে, কারুর কারুর মুখ দেখা যায় বিবর্ণ ও বিকৃত উপস্থাপনে। তার মধ্যে বাঙালি জাতির পিতা, সার্বভৌম বাংলাদেশের স্থপতির বিশাল মুখাবয়কে কলংকিত করেই এ বইয়ের যাত্রা।
মূলতঃ, ১৯৭৪ সালের নিদারুণ দূর্ভিক্ষকে উপজীব্য করে দ্য ব্ল্যাক কোট শেখ মুজিবকে প্রধান এবং একমাত্র আসামীর কাঠগড়ায় দাঁড় করিয়েছে। ৭৪-এর দূর্ভিক্ষের জন্য আমেরিকার সর্বজনবিদিত ষড়যন্ত্রের কথা নেয়ামত আমলে নেননি। তৎসময়ে চীন ও রাশিয়ায় খাদ্য সংকটে বাংলাদেশকে ঐসব দেশের সাহায্যের অক্ষমতার কথাও তিনি স্বীকার করেন নি। এমনকি বন্ধুরাষ্ট্র ভারতও অজ্ঞাত কারণে সাহায্যের হাত বাড়াতে ব্যর্থ হয়েছিল, এ-সত্যটিও নেয়ামত বেমালুম ভুলে গিয়েছেন। একা শেখ মুজিব যা করতে পারেন নি, তার জন্য জাতীয় অভ্যন্তরীণ সমস্যার সাথে আন্তর্জাতিক ষড়যন্ত্র-অসহযোগ ইত্যাদি অবশ্যই বিবেচ্য। স্পষ্টতই, নেয়ামত একচোখা দৃষ্টিভঙ্গি নিয়ে শেখ মুজিবের ব্র্যান্ড পোর্টেটের শুধু অবমাননাই করেন নি, অনেকের মতে, তাঁকে নেয়ামত আবারো নিধন করেছেন চরম দায়িত্বহীনতায়।
বুঝা মুশকিল, কী ছিল নেয়ামতের মনে। তবে পূর্বাপর বিশ্লেষণে একথা স্পষ্ট হতে বাধ্য যে, তিনি শেখ মুজিবকে "খুনী", "দানব", "পশু", বা "নিকৃষ্টতম ডিক্টেটর" বলেই ক্ষান্ত হননি, গোটা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার অশুভ প্রয়াস পেয়েছেন। বাংলাদেশের স্বাধীনতার শত্রুরা যেমন স্বীকার করেন না যে, দু'লক্ষ মা-বোনের ইজ্জত এবং ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা, তেমনি নেয়ামতের অস্বীকৃতি, তাঁর সৃষ্ট আব্দুল করিম ও নূর হোসেরন কণ্ঠে,"How could Sheikh Mujub say….at least 3 million people died in the war when the actual number was less than three hundred thousand?"
প্রশ্ন থাকে, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার প্রতি নেয়ামতের কি ন্যূনতম শ্রদ্ধাবোধ আছে? উত্তর, নেই। শুধু কি তাই? দ্য ব্ল্যাক কোট-এর রিভিউয়ার খুঁজতে গিয়ে তিনি অকপটে স্বীকার করেন যে, তিনি শেখ মুজিবকে "জাতির পিতা" মানতেও নারাজ। নেয়ামত কি বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রুদের কারুর হয়ে এ বইটি লিখেছেন? একটু ঘাটাঘাটি করলেই ধরা পড়বে বইটির পরিকল্পনা পর্বেই এটিকে একটি পলিটিক্যাল প্যামফ্লেট হিসেবে বাজারে ছাড়বার প্রয়াস ছিল। তা' না হলে মুক্তিযুদ্ধের ইতিহাস, আওয়ামীলীগের রাজনৈতিক চরিত্র, শেখ মুজিবের শাসন-ব্যর্থতা, চুয়াত্তুরের দূর্ভিক্ষ ইত্যাদি বিষয়ে শেখ মুজিবের নিন্দুকেরা এবং কোনও কোনও স্বার্থান্বেষী মহল যে ভাষায় কথা বলে, নেয়ামতের দ্য ব্ল্যাক কোট হুবহু সেই ভাষাতেই তার বক্তব্য উপস্থাপন করে।
আর একটু দৃষ্টি প্রসারিত করলেই দেখা যাবে যে, নেয়ামত ইমাম বাংলাদেশের রাজনীতির শুধু একজন নিবিড় পর্যবেক্ষকই নন, তিনি একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের রাজনীতিকে "গতিময়' দেখতে চান। নেয়ামতের প্রাসঙ্গিক এবং সমসাময়িক অন্যান্য লেখাগুলি পড়লে তা জানা যাবে পরিস্কার। জানা যাবে, বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধেই তাঁর অবস্থান। এমনকি, অধুনাপ্রসিদ্ধ গণজাগরণ মঞ্চেরও তিনি একজন বিশেষ নিন্দুক। আর তিনি দ্য ব্ল্যাক কোট প্রকাশ করেছেন ২০১৩-র ২২মে, যখন বাংলার রাজপথে বাংলাদেশের অস্তিত্ব নিয়ে চলছে টানাহেঁচড়া। দূর্মুখেরা হয়তো বলবে দ্য ব্ল্যাক কোট-এর মর্মবানী বাঙালি জাতির আত্মবিধ্বংসী আগুনে জাতিসত্ত্বাবিদ্বেষী ঘৃতবর্ষন ছাড়া আর কিছু নয়। আর এ কাজটি শুধু নিম্নরুচির কোনও পলিটিক্যাল প্যামফ্লেট লেখকেরই সাজে, সত্যিকারের কোনো লেখকের নয়।
