হুমায়ূনের মঙ্গল সত্তা
চিরজীবিত হুমায়ূন অবশেষে পঁয়ষট্টিতে পা দিলো। না, তার আর মৃত্যু হবে না। কেবল বেড়ে যাবে জন্মের পরিধি। দিন আসবে দিন যাবে, হুমায়ূনও তার সৃষ্টির ভেতর নবতর দ্যুতিতে জাগ্রত হতে থাকবে। যেমন সারারাত সুনিদ্রা বা অনিদ্রার পরও সকালে মনুষ্য কিংবা প্রাণীকুল নতুন উদ্যমে জীবন শুরু করে। হুমায়ূনের তো আর আক্ষরিক অর্থে অনিদ্রার কোনো সম্ভাবনা নেই। যা আছে তা হয়তো অনন্ত নিদ্রা, অথবা এক কাঠামো অন্য এক কাঠামো বা আরো বহু কাঠামোতে বিভক্ত হয়ে অন্যরকম জীবনযাপনের সম্ভাবনা।
তবে মানুষ আমরা, মানে তার উত্তরসূরীরা তাকে মনে রাখবো তার মনুষ্যজন্মের কর্মাকর্মের জন্যে। বলা বাহুল্য, সেই কর্মযজ্ঞ একজীবনে কম করেনি হুমায়ূন। বরং বলা যেতে পারে, তার কর্ম বিচিত্র ও ব্যাপক। যেমন পরিমাণে, তেমনি গুণবিচারে। মতানৈক্য যতই থাকুক, আমরা মনে করি তেষট্টি বছরব্যাপী মর্ত্যজীবনে হুমায়ূন যা করেছে, তা-ই নিয়ে যুগের পর যুগ পুনর্মূল্যায়িত হতে থাকবে তার জীবন, সৃষ্টি ও সুকৃতি। তার নমুনা প্রাথমিকভাবে আমরা দেখেছি তার অসুস্থতার পরপরই। তার মৃত্যুর পর দেখেছি তার প্রতি দলমত নির্বিশেষে গোটা জাতির শর্তহীন শ্রদ্ধা। এমনটি যে এর আগে ঘটেনি এমন নয়, তবে তার দৃষ্টান্ত নিতান্তই বিরল।
তবে এ-ও স্বীকার্য, তার পরপরই অন্যরকম ঘটনা ঘটতে শুরু করেছে। বিতর্ক শুরু হয়েছে তার শিল্প-সিদ্ধি নিয়ে, তার বিষয়সম্পত্তি নিয়ে, তাকে লালন ও ধারণ করার পদ্ধতি নিয়ে। সাহিত্যিক সিদ্ধির তর্ক না হয় আপাতত বাদই দিলাম, কেননা তার জন্যে আছে কালের বিবর্তমান নিক্তি; কিন্তু তার রচিত গ্রন্থসহ তার তাবৎ বিষয়-আশয় ও লালন-প্রক্রিয়া সম্পর্কে যথাশীঘ্র ঐকমত্য প্রতিষ্ঠিত হওয়া জরুরি। তা নাহলে হুমায়ূন খণ্ডিত হয়ে যাবে তার উত্তরাধিকারীদের মধ্যে, যার পরিণতি শুভ হবে না। চিরজীবিত হুমায়ূনকে সদর্থকভাবে চিরজীবিত রাখার স্বার্থেই আপাত-বিভক্ত হুমায়ূন-উত্তরাধিকারীদের মধ্যে ঐক্য আবশ্যক। এ নিয়ে আমরা আগেও কথা বলেছি।
এ-বছর ১৯শে জুলাই তার মৃত্যুবার্ষিকীতেই আমরা লক্ষ্য করেছি হুমায়ূন-চর্চায় ভাটা পড়েছে বেশ কিছুটা। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে তার পরিবারের সদস্যদেরকেই উদ্যোগী হতে হবে। তারা যে উদ্যোগী হবেন, এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। সময়েই আমরা তার প্রমাণ পাবো। আর সন্দেহ নেই হুমায়ূন-ভক্তদের বিষয়েও। এইতো এবারেই উদ্বোধন হতে যাচ্ছে হুমায়ূন-চত্বর। তা-ও রাজধানী ঢাকা শহরে নয়, তার আপন জন্মজেলা নেত্রকোণার মোহনগঞ্জে, তার আতুড় ঘরে। এটা তার নানাবাড়ি। জানা গেছে ফেসবুকে নতুন প্রজন্মের প্রতিনিধি মিজান, নাজিম প্রমুখের প্রস্তাবের সূত্র ধরে এই উদ্যোগ। মূলত এই গ্রুপটির নাম হুমায়ূন চত্বর ফেসবুক। হুমায়ূনের ছোটমামা মোহনগঞ্জের পৌর মেয়র জনাব মাহবুব-উন-নবী শেখ এইজন্যে প্রয়োজনীয় জমি দান করেছেন। অন্যতম উদ্যোক্তা সৈয়দ মিনহাজ জানিয়েছেন, এ-জন্যে একটি জাতীয় কমিটি প্রস্তাব করা হয়েছে যার প্রধান হলেন হুমায়ূনের নিঃস্বার্থ সুহৃদ ডা. এম. এ. করিম। কমিটির প্রস্তাবিত অন্য সদস্যদের মধ্যে আছেন কামাল পাশা চৌধুরী, সৈয়দ মিনহাজ, রইস মনোরম, কামরুল হাসান প্রমুখ। মোহনগঞ্জের বাইরের ব্যক্তিদের মধ্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, আলী যাকের, নির্মলেন্দু গুণ, জুয়েল আইচ ও বর্তমান লেখকের নাম প্রস্তাব করা হয়েছে। কমিটি প্রতিবছর হুমায়ূনের জন্মদিন ব্যাপক কর্মসূচীসহ পালন করার পরিকল্পনা নিয়েছে। তবে এবার রাজনৈতিক অস্থিরতার কারণে কর্মসূচি সঙ্কুচিত করা হয়েছে। এই চত্বরে থাকবে ম্যূরাল, পাঠাগার, টঙঘর, সেতু, পার্ক ইত্যাদি। অর্থাৎ এই চত্বরকে কেন্দ্র করে গড়ে উঠবে এমন এক সাংস্কৃতিক বলয়, যা তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র ছড়িয়ে দেবে সৃষ্টি ও কৃষ্টির নন্দন-আলোক। তার কেন্দ্রে জ্বলবে হুমায়ূন-শিখা। আমাদের মতে, দেশের আরো কিছু জায়গায় তাকে নিয়ে গড়ে উঠতে পারে এ-ধরনের চর্চাকেন্দ্র। এই স্বতঃস্ফূর্ততা আমাদের সংস্কৃতির জন্যে অবশ্যই ইতিবাচক।
কিন্তু এ-সব সত্বেও আমরা বিস্মৃত হতে পারি না জীবদ্দশায় হুমায়ূনের স্বপ্নসমগ্রের কথা, যা হুমায়ূন লালন করেছে আমৃত্যু। আর এই স্বপ্নসমগ্রের উৎসবিন্দ্র বা প্রসারণকেন্দ্রের নাম অবশ্যই নুহাশপল্লী। যেখানে চিরশায়িত হুমায়ূনের মর্ত্যরূপ; যেখানে চিরউড্ডীন তার অবিনাশী আত্মা। আসলে বাদশাহ নামদার হুমায়ূন-সাম্রাজ্যের রাজধানীর নির্বিকল্প নাম নুহাশপল্লী। তাকে নিয়ে হুমায়ূনের যে প্রকল্পগুচ্ছ : সমাধিসৌধ, ভেষজবাগান, ক্যান্সার হাসপাতাল, পাঠঘর, সংস্কৃতিঘর, নাট্যঘর, গবেষণা-ঘর ইত্যাকার বহু-কিছু মিলিয়ে যে বহুতলীয় স্বপ্নসৌধ, তার বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে কবে?
হ্যাঁ, আমরা শুধু শুরুর কথাটা ভাবছি, কেননা শুরু হলেই আজ হোক কাল হোক তা সমাপ্ত হবেই। কেননা মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, এই রবীন্দ্রসত্যে আস্থা ছিল হুমায়ূনেরও।
তবে সংশয় যে নেই এমন নয়, যদি অদূর ভবিষ্যতে আমরা সবাই সংশোধনরহিত 'পিশাচ'-এ পর্যবসিত হয়ে যাই। হুমায়ূনের প্রেমের গল্পসমূহের সংকলন-গ্রন্থ 'প্রিয়পদরেখা'। সেই গ্রন্থেরই একটি গল্পের শিরোনাম 'পিশাচ'। নেহায়েৎ সহজ সরল একটি গল্প। তবে শুরু হয়েছে অননুকরণীয় হুমায়ূনীয় ভঙ্গিতে। 'স্যার, আমি পিশাচ সাধনা করি।' এই এক বাক্যের একটি স্বীকারোক্তি দিয়েই গল্পের নাটকীয় যাত্রা। তারপর হুমায়ূন বর্ণনা দিয়েছে লোকটির, "আমি কৌতূহল নিয়ে পিশাচের দিকে তাকালাম। মামুলি চেহারা। মুখভর্তি খোঁচা খোঁচা দাড়ি। মাথায় চুল নেই। শরীরের তুলনায় মাথা বেশ ছোট। সেই মাথা শারীরিক কোনো অসুবিধার কারণেই হয়তো বাম দিকে ঝুঁকে আছে। তার হাতে কালো কাপড়ে ঢাকা একটি পাখির খাঁচা। খাঁচায় যে পাখিটা আছে সেটা খুব সম্ভবত কাক। পা ছাড়া পাখিটার আর কিছু দেখা যাচ্ছে না। কাকের পা বলেই মনে হচ্ছে।" কিছুটা উদ্ভট বর্ণনা। তা সত্বেও সাদামাটা এক নাম এই পিশাচটির : মকবুল। লোকটা হুমায়ূনকে (লেখক আত্মকথনের ভঙ্গিতে বলেছেন বলে কথক চরিত্রটিকে হুমায়ূন বলা যায়) এক-দেড়হাত দূরে মাটিতে হাত ঠেকিয়ে কদমবুসি (?) করলো। পায়ে হাত না ঠেকানোর কারণ, যাতে কথকের অমঙ্গল না হয়। বোঝা যাচ্ছে, এমনকি পিশাচও ভালো মানুষের অমঙ্গল চায় না। এই পিশাচ কাককে এমনভাবে বশীভূত করেছে যে কাকটি খাঁচা খুলে দিলেও তাকে ছেড়ে পালায় না। এর একটি কারণ পিশাচ যা খায় কাকটিকেও সে তার অংশ দেয়। আবার তার পিশাচ হওয়ার কারণ হিসেবে মোটা দাগে দুটি কারণ সনাক্ত করা যায় : এক. মানুষকে ভয় পাইয়ে সহজে খাবার সংগ্রহ; আর দুই. নিজের মামাত বোন কইতরির প্রেমে ব্যর্থ হওয়া। কইতরির বিয়ে হয়ে গেছে এক কাঠমিস্ত্রির সঙ্গে, তার দুটি পুত্র সন্তানসহ সুখের সংসার। সেই সংসার ছারখার করে সে কইতরিকে আপন করে পেতে চায়। মকবুল বলে, "অন্যের সুখের সংসার ভাঙলে বিরাট পাপ হয়। আমি পিশাচ, আমার আবার পাপ-পুণ্য কী? ঠিক বলেছি না স্যার?" হুমায়ুনের মন্তব্য, "কাকের খাঁচা নিয়ে আমার সামনে যে উবু হয়ে বসে আছে, সে কোনো সাধারণ মানুষ না। পিশাচ-সাধনা করুক বা না করুক, সে বিরাট প্রেমিকপুরুষ।" কাকটাকে মুক্তি দিয়ে মকবুল তার পিশাচ-সাধনা শেষ করতে চায়। কিন্তু পারে না। কাক নামক অসূয়া তাকে ছাড়ে না। তাহলে তো কাকটাকে মেরেই ফেলতে হবে। তার জন্যে দিল শক্ত করতে হবে। "দিল শক্ত করার চেষ্টা নিতাছি। হবে, দিল শক্ত হবে। সময় লাগবে। লাগুক। তাড়াহুড়ার তো কিছু নাই। কী বলেন স্যার?" তারপর হুমায়ূনের বিস্ময়াশ্রিত মীমাংসা : "আমি তাকিয়ে আছি। অবাক হয়ে এমন একজনকে দেখছি যে হৃদয়ে ভালোবাসার সমুদ্র ধারণ করে পিশাচ হবার সাধনা করে যাচ্ছে"। পাঠ শেষ করে আমরাও তাকিয়ে থাকি গল্পকার হুমায়ূনের বোধসত্তার দিকে। কত গভীর, কত তীক্ষ্ণ, কতো নির্ভুল তার মনুষ্যবীক্ষণ। রানা প্লাজা বলি, হরতালে সুপ্তিমগ্ন গাড়িচালকের দহনমৃত্যু বলি, নির্বিচার গুপ্তহত্যা বলি – চলমান সমাজে ক্ষমতান্ধদের পৈশাচিকতা দেখে বিশ্বাস করতে ইচ্ছে করে এদের প্রত্যেকের ভিতর একজন করে প্রেমিক মকবুল আছে যে অসূয়া-মুক্ত হয়ে মানুষকে ভালোবাসতে চায়। হুমায়ূন মানুষের এই চিরপ্রেমিক সত্তায় আস্থাবান। তাই তার রচনা সরল, নাটকীয়, ব্যঙ্গপ্রবণ আর জনপ্রিয় হয়েও মহত্ব-চিহ্নিত। এই হুমায়ূনকে প্রয়োজন ভাবীকালের বাঙালির, ভাবীকালের মানবজাতির।
প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশের রাজনীতিতে চলমান পৈশাচিকতা দেখে যদিও ভ্রম হয় যে এদেশের ক্ষমতালিপ্সুদের হাতে বিদ্যমান সমাজের তেমন দুর্দশা উত্তরণ-রহিত, তবু জনগণের সৃষ্টিশীল অগ্রযাত্রা আমাদের আশান্বিত করেছে। এতো বৈরিতার মধ্যেও এগিয়ে চলছে বাংলাদেশ, আর সেই এগোনোর মূল নিয়ামক তার সদাচারী জনগণ। হুমায়ূন সেই সদাচারী জনগণের লেখক, কাজেই তাদের হাতেই তার ও তার মতো সদাচারী স্রষ্টাদের আদর্শ বেঁচে থাকবে। আজ হোক কাল হোক তেমন সদাচারী হুমায়ূন-ভক্তদের মিলিত উদ্যোগে নুহাশপল্লী হয়ে উঠবে চিরজীবিত হুমায়ূনের মঙ্গলপল্লী হয়ে। তার পঁয়ষট্টিতম জন্মবার্ষিকীতে আমরা সেই সদিচ্ছাকে জাগ্রত রাখতে চাই। আসুন, আমরা এই মানবিক লক্ষ্যে একটি সর্বমাঙ্গলিক হুমায়ূন-সংঘে মিলিত হই।
১২.১১.২০১৩
