৬২ বছর আগে আঁকা সুলতানের ছবি আবিষ্কার
সম্প্রতি শিল্পী এস এম সুলতানের একখাতা ছবি পাওয়া গেছে তার বন্ধু অধ্যাপক আবুল কাশেম জোয়ারদারের বাসায়। ৬২ বছর আগে আঁকা বাংলাদেশের মাস্টার পেইন্টার এস এম সুলতান ছবিগুলো এঁকেছেন চারকোলে। খাতায় আঁকা অসাধারণ সব ড্রইং আলোর মুখ দেখল শিল্পীর মৃত্যুর ১৯ বছর পর! বোহেমিয়ান এই শিল্পীর একখাতা ছবি আবিষ্কারের কথা শুনে আমি অবাক হয়নি। শিল্পের ইতিহাসে এ রকম ঘটনা পশ্চিমে অররহ ঘটছে। এখনো উদয় হচ্ছে ভ্যান গঘ, পিকাসো, পল গগার অরিজিনাল ছবি। সেই অর্থে সুলতানের মৃত্যুর মাত্র ১৯ বছর পর ৮৬টি ছবির সন্ধানে অবাক হওয়ার কিছু নেই। সুলতান ছবি আঁকতেন জেলা শহর যশোরে। অনেক সাধারণ মানুষও তার কাছ থেকে ছবি এঁকে নিয়েছেন। আমরা হয়তো সুলতানের আরো শত শত ছবির সন্ধান পাব আগামীতে। এই বোহেমিয়ান শিল্পীর ছবির গল্প আরো ১০০ বছরেও শেষ হবে বলে আমার মনে হয় না। কিন্তু একখাতা ছবির গল্পটা একটু অন্য রকম। এ এক ভিন্ন ধারার এস এম সুলতান। বাংলাদেশের চিত্রকলার ইতিহাসে একসঙ্গে একজন শিল্পীর ৮২টি চারকোলের অসাধারণ ড্রইং খুঁজে পাওয়ার সাফল্যের গল্প এই প্রথম।
এস এম সুলতানের একখাতা ছবির প্রদর্শনী উপলক্ষে গত ২০ সেপ্টেম্বর বেঙ্গল গ্যালারিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে আমাকে আমন্ত্রণ জানান আনন্দপাঠ স্কুলের আমিনুল হক কায়সার। কায়সার ভাই প্রদর্শনী নিয়ে আমার একটি লেখা কোথাও ছাপা হোক এই প্রত্যাশায় আমাকে আমন্ত্রণ জানান । আমি সাংবাদিক নই। কিন্তু সুলতানের ছবির ভক্ত। আমার পঠনের একটা বড় অংশ এস এম সুলতান। ভারতীয় চিত্রকলাসহ জগৎ বিখ্যাত চিত্রশিল্পীদের ওপরও এক সময় আমি বেশ খানিকটা পড়াশোনা করতাম। চারুকলার জুনিয়ার-সিনিয়র বন্ধুদের সাথে শাহনেয়াজ হলে, মোল্লার দোকানে কোনো কোনো গ্যালারিতেও আড্ডা দিতাম দিনের পর দিন। সেই উরাধুরা দিনগুলোকে পুঁজি করে আমার প্রিয় শিল্পী এস এম সুলতানের নতুন ছবির গল্প লেখার চেষ্টা মাত্র।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন সুলতানের বন্ধু আবুল কাশেম জোয়ারদার। ৯৬ বছর বয়সের এই মানুষটির দূর থেকে কথার আওয়াজ খুব একটা শুনতে পাচ্ছিলাম না। সুলতানের ৮৬ ছবির ওপর 'সুলতানের হারামণির প্রদর্শনী' শিরোনামে শিল্প সমালোচক মঈনুদ্দীন খালেদ একটি অসাধারণ প্রবন্ধ লিখেছেন। সেই প্রবন্ধের কোনো কোন অংশের কথা দিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়ার সময় একমাত্র আমিই প্রশ্নই করে জানতে চাইলাম সুলতানের খাতার ছবিতে তার স্বাক্ষর না থাকায় ছবিগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
মঈনুদ্দীন খালেদ এবং সুবীর চৌধুরী দুজনেই বিশ্বের বিখ্যাত শিল্পীদের ছবির প্রদর্শনীর প্রসঙ্গ তুলে সুলতানের খাতার ছবির ব্যখ্যা দেন। আমি মূলত এই প্রশ্ন তুলেছিলাম একারণে যে আমাদের দেশে যারা ছবি কেনে তাদের একটা বড় অংশ ছবির চেয়ে স্বাক্ষরকেই বেশী পছন্দ করে। এস এম সুলতানের স্বাক্ষর ছাড়া এই অসাধারণ ড্রইংয়ের মূল্য কি বাংলাদেশের শিল্প সংগ্রাহকরা দেবে!
সংবাদ সম্মেলন শেষে ফেরার পথে আজিজ মার্কেটের বুটিক ব্যবসা করেন চারুকলার প্রাক্তন দুই ছাত্রের সঙ্গে দেখা। শ্রদ্ধেয় দুই বড় ভাই আমার হাতে এস এম সুলতানের খাতা ভর্তি ছবিগুলো নিয়ে প্রকাশিত স্যুভেনির ধরে নিয়ে দেখতে দেখতে যে আলোচনা করেন শুনে আমার সাম্প্রতিক শিল্পীদের ওপর চরম রাগ জন্মায়। তাদের প্রতি করুণা হয়। একজন বলেন, ওরকম হাজার হাজার ড্রইং ছাত্র জীবনে আমরা শত শত খাতায় করেছি! আমাদের ড্রইংয়ের কোনো মূল্য নেই। আমি কথা বাড়াই না; এই বড় ভাইদের বলি আপনারা একটু কষ্ট কইরা সুলতান হন, দেখবেন একদিন দাম পাবেন!
শিল্পী এস এম সুলতানের এক খাতা ভর্তি ৮২টি চারকোলের ড্রইং আর ৪টি জল রঙের অসমাপ্ত ছবি তার ছাত্র জীবনে আঁকা নয়। ১৯৫১-৫২ সালে তখন তিনি শিল্পী হয়ে উঠেছেন। পৃথিবীর বিখ্যাত শিল্পীদের সাথে তাঁর ছবির প্রদর্শনী হয়েছে। ছবি আঁকার জন্য ঘুরেছেন পৃথিবীর নানা দেশে। কাশ্মীরের অপরূপ নিসর্গ ছেড়ে সাম্প্রদায়িক সংঘাতের জেরধরে দেশ ভাগের সময় সুলতান ফিরে আসেন তার নিজ শহর যশোরে। নড়াইলের চিত্রাপাড় নদী-গাছপালা-কুকুর বেড়াল-সাপ-বেজি জন্তু-জানোয়ার সঙ্গী করে জমিদারের ভাঙা বাড়িতে আশ্রয় নেন এস এম সুলতান। নাগরিক চিত্রকলার বাইরে সুলতানের ছবির বিষয় হয়ে ওঠে গ্রাম আর গ্রামের কৃষক সমাজ। ১৯৫১-৫২ সালে খাতায় আঁকা সুলতানের ছবির গল্প শুনতে, এর সময়কাল বুঝবার জন্য সুলতান বন্ধু তখনকার মাইকেল মধুসূদন দত্ত কলেজের অধ্যাপক আবুল কাশেম জোয়ারদারের মুখোমুখি হই আমি। ৯৬ বছর বয়সী আবুল কাশেম কথা শুরু করেন। এক জায়গায় শেষ করলে অন্য জায়গায় গিয়ে তাঁর স্মৃতি হাতড়ে কথা উদ্ধার করতে থাকি আমি। আবুল কাশেম তখকার কলকাতার প্রেসিডেন্সি কলেজের স্কলার। বয়সে সুলতানের চেয়ে ৩-৪ বছরের বড়। উত্তম কুমারের মতো চেহারা। কলেজে পড়ালেও শিল্পরসিক সুলতানের সাথে পরিচয় যশোরে। বোহেমিয়ান সুলতান গেরুয়া শাড়ি পরে মহিলা সাজেন। গাঁজা খান, বিদেশি মদ খান, বাঁশি বাজান, ঢোল বাজান। গ্রামের সাধারণ মানুষের সাথে মিশে থাকেন মাটির মানুষের মতো, লোকজন কাগজ নিয়ে আসলে তাদের ছবি এঁকে দেন। মাঝে মাঝে ছবি আঁকেন-আবার আঁকেন না। এ রকম পাগল শিল্পীর বন্ধু আবুল কাশেমও মাঝে মাঝে গাঁজা খান, মদখান তাকে সঙ্গ দেয়ার জন্য। এক সময়ের স্কলার আবুল কাসেমের নাম হয় পাগলা কাশেম! কারণ সুলতান এবং তিনি যা করতেন তা কোনো স্বাভাবিক মানুষের কাজ নয়। কলকাতায় কমিউনিস্ট পার্টির কর্মী আবুল কাশেমও দেশভাগের ফলে অস্বাভাবিক জীবন যাপন করতেন। কাশেম পাগল আর সুলতান পাগলের পাগলামির ফসল এক খাতা চারকোলের অসাধারণ ড্রইং।
আবুল কাশেমের বাড়িতে ১০-১২ জন সঙ্গী নিয়ে আড্ডা মারতে আসতেন শিল্পী সুলতান টোবাকো (গাঁজা) টানা শেষ হলে, তার বাকি সঙ্গীরা চলে যেত। সেই সময় সুলতান সেই বাড়িতে বসে এই ছবিগুলো আঁকেন। সুলতান ধীরে ধীরে তৈরি করেন তাঁর শিল্প দর্শন, রোগা কৃষক-কৃষানী তার তুলির আঁচড়ে হয়ে ওঠেন পেশীবহুল মানুষ। খাতায় ক্ষুদ্র পরিসরের ড্রইং ছেড়ে বাদামি রঙে সুলতান আঁকেন বিশাল আকৃতির সব ছবি। সুলতানের এই চেনা ছবিগুলো নেই এই খাতায়। এই খাতায় আছে সুলতানীয় নারী, আবার আছে প্রকৃতি পশুপাখি আছে গ্রামের বাউল, গ্রামের ঢুলী। খাতা ভর্তি ৮২টি চারকোলের ড্রইং ভারতীয় চিত্রকলার নতুন সংযোজন বলে আমার মনে হয়েছে। আমরা যারা নন্দলাল বসু, যামিনী রায়-এর ড্রইং দেখেছি সেই ধারার শ্রেষ্ঠ ড্রইং এস এম সুলতানের এই ছবি। সুলতানের স্বাক্ষর ছাড়াই এই ছবি চিনতে কোনো দ্বিতীয় পক্ষের প্রয়োজন হবে না। যারা সুলতানের কাজের সাথে পরিচিত তারা সহজেই এই ছবি চিনতে পারবে।
এস এম সুলতানের খাতা ভর্তি ছবি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পড়েছিল অধ্যাপক কাশেমের বইপত্রের র্যাকের থাকে। আমাদের ভাগ্য ভালো যে মহামান্য ইঁদুরেরা এই খাতাটির প্রতি নজর দেয়নি। চারকোলে আঁকা ছবিগুলোর কালার ঝড়ে পড়ে নষ্ট হয়নি। আবুল কাশেমের বাড়ি থেকে এই খাতাটি উদ্ধার করেছেন টাঙ্গাইলের আনন্দপাঠ স্কুলের প্রতিষ্ঠাতা আমিনুল হক কায়সার। কায়সারের বছরব্যাপী দৌড়ঝাপের মধ্য দিয়ে বেঙ্গল গ্যালারিতে আবুল কাশেম জোয়ারদারের সংগ্রহে থাকা এক খাতা ছবি ফ্রেমে বন্দি হয়েছে। হয়তো তার সব ছবি বিক্রি হয়ে যাবে। কিন্তু সুলতানের এই ছবিগুলোর মুদ্রিত কপি ছড়িয়ে যাবে শিল্পরসিক শিল্পবোদ্ধাদের কাছে। আর সুলতানের ৮২টি চারকোলের ড্রইং বাংলাদেশের চিত্রকলায় ইতিহাস হয়ে থাকবে।
