বাবার কলম কোথায়?
সত্তরের দশকের শেষ দিকে আমি টেলিভিশনের দর্শক হই। সে সময়ের সাদা কালো টেলিভিশনে সাপ্তাহিক নাটকগুলো ছিলো আমাদের একমাত্র দেখার বিষয়। এ সময় থেকে শুরু করে নব্বইয়ের দশকের শেষ পর্যন্ত যতদিন বাংলাদেশ টেলিভিশন ক্ষমতাশীন সরকারের মদদ পোষণে নাটক সরবরাহ না করে, আমি মুগ্ধ হয়ে বাংলাদেশ টেলিভিশনের নাটক দেখতাম আর মনে মনে প্রার্থনা করতাম, এ সপ্তাহের নাটকটি যেনো আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় নির্মিত হয়। আমার স্মৃতিতে বিটিভি থেকে প্রচারিত দূরবীন দিয়ে দেখুন, বাবার কলম কোথায়, সার্কাস দেখুন, সুখের উপমা, নীল নকশার সন্ধানে-র মতো কিছু নাটক দেখেছি। এই নাটকগুলো দেখে এক সময় টেলিভিশনে নাটক লেখবো এমন ইচ্ছা আমার ভেতর জাগে। কিন্তু যে লোকটা এই নাটকগুলোর জনক, তাঁর সঙ্গে আমার প্রথমবারের মতো আলাপ হলো গত ২৬ মার্চ ২০১৩।
৮০ বছরের এই জীবনের প্রায় শেষ প্রান্তে তিনি এসে পড়েছেন। মরণব্যাধি ক্যান্সার তাঁকে আক্রমণ করেছে। প্রোস্টেটের ক্যান্সার ছড়িয়ে গেছে এখন তার শরীরের হাড্ডিতে। তাঁর কিডনিও আক্রান্ত। তিনি সবই জানেন, খুব স্পষ্ট করে বললেন, খুব সামান্য দিন আমি বেঁচে আছি, আমার সময় শেষ।
আতিকুল হক চৌধুরী তার জীবন ইনিংস এর শেষ উইকেটের প্রান্তে দাঁড়িয়ে। এর মধ্যে তাঁর সঞ্চয় অনেক। বাংলাদেশ বেতারে আর টেলিভিশন, এ দু'য়ের সূচনা কাল থেকেই তিনি আছেন। ৫৩ বছরের লেখক জীবনে এ পর্যন্ত প্রায় সাড়ে চারশ' বেতার ও টেলিভিশন নাটকের নির্মাতা তিনি। অধিকাংশ নাটকই তার নিজের লেখা। কালজয়ী বেশ কিছু গল্প-উপন্যাসেরও অসাধারণ নাট্যরূপ দিয়েছেন তিনি।
বাংলাদেশ টেলিভিশনে নাটক হয়েছে, পর্দায় সিনেমা হয়েছে। কিন্তু টেলিভিশনের জন্য কী ফর্মে নাটক হবে, এ কাঠামোটি যে দু'তিন জন গুণী নির্মাতা ঠিক করেছিলেন তাঁদের একজন পথিকৃত নাট্যনির্মাতা এই আতিকুল হক চৌধুরী।
সত্তর এবং আশির দশকে প্রায় রাস্তা থেকে ধরে এনে এক সময় যাদেরক তিনি ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দিয়েছিলেন, তাদের অনেকে এবং প্রায় সবাই আজ স্বমহিমায় উদ্ভাষিত তারকা খ্যাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এবং তাদের প্রায় সবারই এখন অনেক ব্যস্ততা। আতিকুল হক চৌধুরী কোথায় কিভাবে দিন যাপন করছেন, তা দেখার মতো সিডিউল তাদের নাই। কিন্তু এ নিয়ে কোনো খেদ নেই এই মানুষটির।
গত ২৬ মার্চ ২০১৩, সন্ধ্যাবেলা কলাবাগানে তার ফ্লাটে আমরা [তারিক আনাম খান ও নিমা আনাম সহ] পৌঁছি, তখন ড্রইংরুমের একটা চেয়ারে তিনি বসা। তাঁর স্ত্রী কোনো একটা কাজে ঘরের বাইরে, দুই পুত্র বিদেশে, বাসায় তার এক সহকারী আছে, সে এখানে বসিয়ে রেখে চলে গেছে। এবার তিনি বিছানায় যাবেন। নিজের শক্তিতে উঠে দাঁড়াবার ক্ষমতা এখন তাঁর নেই। এমন কি বিছানায় বসিয়ে দেবার পর নিজের শক্তিতে শুইয়ে পড়ার ক্ষমতাও হারিয়েছেন তিনি।
বিছানায় শুয়ে যখন কথা বলতে শুরু করলেন, তখন তিনি সাবলীল, প্রখর স্মৃতি শক্তি তাঁর। নিমা আনাম ৪ বছর বসয়ে ১৯৬৭ সালে একটা বাচ্চাদের অনুষ্ঠানে ক্যামেরার সামনে এসে কী করেছিলেন স্পষ্ট মনে আছে তাঁর, মনে নেই নিমা আনামেরই। নিমা আপাকে দেখে বললেন, তোমার এই অভিনয় দেখে পশ্চিম পাকিস্তান থেকে অনেকে চিঠি লিখে জানিয়েছিলেন, এই বাচ্চাটি কার?
অনর্গল কথা বলতে শুরু করেন আতিকুল হক চৌধুরী। আমরা মন্ত্রমুগ্ধের মতো তার স্মৃতি কথা শুনি।
আতিকুল হক চৌধুরী বলেন, 'নিজের কথা নিজে বলতে সঙ্কোচ বোধ হয়। কিন্তু আজকে বলছি, "গৃহদাহ" যখন হয় তখন 'মহিম' করেছিলো আব্দুলাহ আল মামুন আর 'সুরেশ' করেছিলো গোলাম মোস্তফা। সুজাতা করেছিলো অচলা। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান দুইজন টেলিভিশন ইঞ্জিয়ারকে ডেকে বলেছিলেন যে আমাদের তো দুইটা টেলিভিশন যদি কোন কারনে একটা টেলিভিশন নষ্ট হয়ে যায় তাহলে সাথে সাথে যেন আরেকটা টেলিভিশন সচল থাকে। রাষ্ট্রের স্বাধীনতা খর্ব করে এমন কোন নাটক ছাড়া সব নাটক টেলিভিশনে চলবে, এর জন্য কারো অনুমতি লাগবে না। উনি নাটকটি দেখেছিলেন। মামুন এই মহিমের চরিত্র করতে চায়নি। আমি বললাম কিছু করার নাই। কারণ সুরেশ হচ্ছে প্রধান। আমি তখন মামুনকে ডিসিশন দিলাম – ক্যামেরা তো আমার হাতে। আমার উপরে ছেড়ে দাও আমি কিভাবে তোমাকে উপস্থাপন করবো সেটা আমার ব্যাপার। কারণ শরৎচন্দ্রের নাটক ন্যারেটিভ। আমি ন্যারেটিভ থেকে সংলাপ বানিয়েছি। ওই সংলাপ থেকে কেউ বুঝতেই পরেনি কোনটা শরৎচন্দ্রের আর কোনটা আমার সংলাপ। এটা বললাম আজকে জীবনের শেষ প্রান্তে এসে। আর হয়তো বলা হবে না। সেই জন্য বললাম।"
খানিক পরে বললেন, 'আমার নাটকের কথা আমি বলছি না- আব্দুল্লাহ আল মামুন, গোলাম মোস্তাফা, মোস্তফা কামাল সৈয়দ, মোস্তাফিজুর রহমান, নওয়াজিশ আলী খান, জিয়া আনসারী, সবার নাটকই ভালো নাটক। দুইজন শিল্পীর নাম আমি কখনও ভুলবো না, একজন হচ্ছে আসাদুজ্জামান নূর আর হুমায়ূন ফরিদী। আমার মনে আছে, নূরকে একবার আমি নাটকে নিয়েছিলাম। নূর ব্যাগ খুলে ব্লেড-কাচি-আঠা বের করে টেবিলের উপর রাখা শুরু করলো, আমি নূরকে বললাম- এগুলো এনেছ কী জন্য? নূর বললো, আপনি কতক্ষণ পর পর সংলাপ দিবেন সেগুলো ব্লেড দিয়ে কেটে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেবো, এ জন্য। দোহাই আতিক ভাই এরপর আর কাটাকাটি করেন না। '
এক সময় জিজ্ঞেস করি, "নাটক তো আপনার প্রাণের সাথেই ছিলো। তারপরে আপনি এডমিনিস্ট্রেটিভ কাজও করেছেন। বিটিভিতে ডিডিজি ছিলেন, একুশে টিভিতে এ্যাডমিনিস্ট্রেটিভ কাজও করেছেন, ওই জায়গাটা আপনি কিভাবে দেখতেন?"
তিনি বলেন, ওই জায়গাটা আমার জন্য একটা বাধা ছিলো। প্রশাসনের কাজে আমি কখনোই তৃপ্তি পাইনি। আমি নাটক বানানোর কাজেই আনন্দ পেতাম।
'জীবনের এই পর্যায়ে এসে আপনি আপনাকে মূল্যায়ন করেন?'
'আমি মনে করি, আমি একজন সাধারণ নাট্য নির্মাতা ছিলাম।'
'বাংলাদেশ টেলিভিশন থেকে শুরু করে এই স্যাটেলাইট যুগের স্ক্রীপ্টহীন নাটক পর্যন্ত সবগুলোই আপনার দেখা। প্রায় ৫০ বছর টেলিভিশনের পর্দায় নাটকের অনেক বিবর্তন আপনি দেখেছেন। এটাকে কেমন করে মূল্যায়ন করবেন ?'
'নাটকের কোন অবস্থাকে দোষ দেওয়া যায় না। এটা গতিশীল জিনিস। এ অবস্থা চলবে। আবার এই অবস্থায় থাকবে না, নতুন অবস্থায় যাবে। তবে এখন এতো হাজার হাজার নাটক হচ্ছে, এর মধ্যে ভালো কোনটা খারাপ কোনটা এটা দর্শকরাও বুঝতে পারছে না। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম, এরা কিন্তু ভালো ভালো নাটক তৈরি করছে। কিন্তু সেই নাটকগুলো চোখে পড়ছে না। আর ভালো নাটক তৈরি না হাওয়ার প্রধান কারণ হলো বাণিজ্যিক। টেলিভিশনের মালিকরা বাণিজ্য ছাড়া কিছু বোঝে না।'
'আপনার সেই বিখ্যাত নাটকগুলো কি আছে?'
'না নেই…'
'ইরেজ করে ফেলেছেন?'
'বলবো না…বলবো না এই জন্যে যে তারা কেউ আছেন কেউ নেই। আমি এটা সম্পর্কে কোন নেতিবাচক কথা বলবো না। আমার নাটক যেদিন প্রচার হয়েছে তার পরের দিন সকালে এসে ইরেজ করে দেওয়া হয়েছে।
আতিকুল হক চৌধুরী বলেন সেলিম আল দীনকে নাটকে এনেছি আমি। কোন কারণ ছাড়া সেলিমের একটা নাটক পড়লাম 'লিভমিয়াম,' আমি বললাম,বাবা সেলিম [সেলিম তখন ইউনিভার্সিটির ছাত্র ছিলো] লিভমিয়াম তো ঘুমের ওষুধের নাম। নামটা একটু পরিবর্তন করে দাও না বাবা। সেলিম কাচুমাচু করে বলে- আমার নাটক কি হবে? আমি বললাম, অবশ্যই হবে। এটার নাম 'ঘুম নেই' করে দি।
নাটকটা যখন টেলিকাষ্ট হলো সেলিম একদিন টাকা আনতে গেলো। পায়জামা পাঞ্জাবী গায়ে স্পঞ্জের স্যান্ডেল পরা। এ্যাকাউন্ট্যান্ট বললো, এ কে ? এ কি নাটক লেখে? এ তো টাকা চাচ্ছে! আমি বললাম, হ্যাঁ। সেলিম পরে অনেক ভালো ভালো নাটক লিখেছে যেমন 'রক্তের আঙ্গুর লতা'। আমি বানালাম 'মাশারী ৭৩'।
' পরবর্তী প্রজন্ম নিয়ে কিছু বলুন।'
' আমি কিন্তু হতাশ না। এই সময় থাকবে না। তরুণ প্রজন্ম আসবে, ভুল ত্রুটি বুঝতে পারবে নতুনভাবে নতুন আঙ্গিকে নাটক করবে। দেশটাকে জানতে হবে, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, এগুলো জানতে হবে। নাটক আগে কী ছিলো, এখন কী আছে, আগামীতে কী হবে, সর্বোপরি সেটা বুঝতে হবে, দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার থেকে বড় জিনিস আর কিছু নাই।
নাট্যকার মামুনুর রশীদের উদ্যোগে ফরিদুর রেজা সাগরসহ খুব অল্প সংখ্যক সংস্কৃতিকর্মীর কাছ থেকে সামান্য কিছু অর্থ সংগ্রহ করেছিলাম আমরা। তাঁর হাতে দিয়ে আসি। প্যাকেটটি তার স্ত্রীর কাছে দিয়ে বললেন, এই মুহূর্তে এটা আমার খুব দরকার ছিলো। তোমাদের এই ভালোবাসার ঋণ আমি কোনভাবেই শোধ করতে পারবো না।
আমরা বলি, এ সামান্য মাত্র পিতৃঋণ শোধ। বাবার কলম কোথায় হারিয়ে গেছে বলে কি সন্তানের দায়িত্ব শেষ হয়ে যাবে?
