বাংলা নববর্ষ ও নাগরিকসমাজ
যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ জীবন-যাপন করেছে কৃষির ওপর নির্ভরশীল হয়ে। ষড়ঋতুর বাংলাদেশে ছিল ফসলের বৈচিত্র্য। সংবাৎসরিক অন্নসংস্থান হতো মাটির উর্বরতাশক্তির প্রসন্নতায়! ঋতু ও শস্যবৈচিত্র্য এদেশের সাধারণ মানুষকে যুগিয়েছে বেঁচে থাকবার সব উপকরণ! গ্রামীণ শিল্প ও সংস্কৃতি এই কৃষিনির্ভর জীবনযাপনেরই অবিচ্ছেদ্য অংশ। গ্রামীণ শিল্পের স্রষ্টা ও ভোক্তা উভয়েই পেশাগত ও দৈনন্দিন একই জীবনধারারই অংশী। শিল্পসৃষ্টির আকাক্সক্ষা ও শিল্পরসনা চরিতার্থ করবার মাধ্যম যেহেতু একই সুতরাং কৃষিসমাজউদ্ভূত শিল্পের ওপর দুর্বোধ্যতার অভিযোগ আসে নি। কিন্তু ধীরে ধীরে যখন নগর রাষ্ট্রের উন্মেষ ঘটতে লাগল, বাড়তে থাকল কৃষিব্যস্থার ওপর অনির্ভরশীল জনসংখ্যা তখনই জনজীবনে ঘটতে থাকল দৃশ্যমান রূপান্তর। বাংলাদেশে স্পষ্টভাবে গঠিত হতে লাগল নগরসমাজ। সেইসূত্রে ঘটতে লাগল আধুনিকতার বিস্তার। এই আধুনিক যুগে শিল্পচর্চা পেশা বা দৈনন্দিন জীবনধারা থেকে ক্রমশ হয়ে উঠতে লাগল পৃথক। এরই প্রতিক্রিয়ায় আধুনিক শিল্প আস্বাদনকারীর সংখ্যা গেল কমে। আধুনিক শিল্প হয়ে উঠেছিল নগরমানসের উদ্দীষ্টে সীমাবদ্ধ।
আমরা যারা বিশশতকের দ্বিতীয়ভাগে জন্মেছি তারা গ্রামসমাজ থেকে নগরসমাজে রূপান্তরণের দ্রুতগামী প্রক্রিয়ার সাক্ষী। নগরমানস যেহেতু গত শতাব্দী পর্যন্ত দুকূলপ্লাবী হয়ে উঠতে পারেনি সেহেতু নগরসংস্কৃতি তখনও পর্যন্ত ছিল গ্রামসমাজ থেকে নানা অনুষঙ্গ নিয়ে বিকাশমান সীমিত বৈশিষ্ট্যের ধারক। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে নগরায়ণ অনিবার্য কারণেই দ্রুততর হতে থাকে। কিন্তু আশির দশকের বৈশ্বিক পরিস্থিতিতে নব্যসামরিকশাসক গোষ্ঠীর পরিচালনায় দেশের অর্থব্যবস্থায় নগরায়ণ গতি পায়। একই সমান্তরালে গ্রামসংস্কৃতির সঙ্গে নগরমানসের ঘটতে থাকে বিচ্যুতি। হাজার বছর ধরে বয়ে চলা সংস্কৃতির এই নাগরিকতায় রূপান্তরেরই একটি অনুষঙ্গ বাংলা নববর্ষ উদযাপনের সাম্প্রতিক বিস্তার।
নব্বই দশক থেকে সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পতন সারা বিশ্বকে এককেন্দ্রিক বিশ্বায়ন-ব্যবস্থার দিকে ধাবিত করে। বিশ্বাায়নব্যবস্থিত নগর বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ওপরও প্রভাববিস্তার করতে থাকে ব্যাপকভাবে। দেশের সামগ্রিক অভিমুখ নির্দেশিত হতে থাকে ব্যবসা-বাণিজ্যের দিকে। কেবল ঢাকা নগরীতেই নয়, নাগরিকসমাজের ব্যাপক বিস্তার ঘটতে থাকে জেলা ও থানা পর্যায় পর্যন্ত। প্রায় রাতারাতি জেলা ও থানা পর্যায়ে অবসিত হতে থাকে গ্রামীণ সংস্কৃতির প্রভাব। ফলে গ্রামীণ পেশাভিত্তিক শিল্প হুমকির মুখে পড়তে থাকে। চিরকালীন কুটীরশিল্পের পক্ষেও অস্তিত্ব টিকিয়ে রাখাই হয়ে উঠতে থাকে ভীষণ কঠিন। গ্রামের বংশানুক্রমিক পেশায় আর নতুন প্রজন্মের কেউ যুক্ত হতে চায় না! অনুমান করা যায় যে আর কিছুকালের মধ্যেই লোকশিল্পের সজীব নিদর্শনগুলোকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বিশ্বায়নব্যবস্থা যেহেতু ক্রমশ বিস্তারমাণ সেহেতু সে তার নিজের স্বার্থে পণ্যের বাজারবিস্তারের যে প্রয়াস নেয় তাতে গ্রামীণ সংস্কৃতির নগরসংশ্লিষ্টতার প্রয়োজনীয়তা অনুভব করে। আমাদের লোকমানসে গ্রামীণ সংস্কৃতির শেকড় খুবই গভীরে প্রোথিত বলে এর রূপান্তরিত পুনর্জন্ম খুবই সম্ভব! অর্থাৎ গ্রামীণসংস্কৃতি থেকে রস নিয়ে এক নবজীবনে জেগে ওঠার আকাক্সক্ষায় বিশ্বয়নব্যবস্থিত বাণিজ্যিকতা এই জন্যই হয়ে উঠছে উজ্জীবিত।
এই পরিপ্রেক্ষিতেই অতীতের আদিকল্প নতুন বাণিজ্যনীতির সঙ্গে পা মিলিয়ে নবজন্ম লাভ করতে শুরু করেছে। সেটাই বাংলাদেশের নতুন রেনেসাাঁস। বাংলা নববর্ষ উদযাপনের সাম্প্রতিক বিস্তার এরই একটা অংশ। বাংলা নববর্ষবরণের গায়ে গা লাগিয়ে বিকাশমান বাংলাদেশের বুটিকচর্চা এই রেনেসাঁসেরই আরও একটা ছোট্ট দৃষ্টান্ত। পাশ্চাত্ত্যের প্রয়োজনে বাংলাদেশে যে গার্মেন্টস শিল্পের বিস্তার ঘটতে শুরু করেছিল তার বিপরীতে ছোট পরিসরে হলেও বাংলাদেশে বুটিকের উদ্ভব। নতুন নাগরিকজীবনের সঙ্গে পুরোনো পেশাগত গ্রামীণ জীবনধারার স্মৃতি এই বাণিজ্যধারায় নবায়িত হয়ে উঠেছে। একইভাবে অন্যান্য কুটীরশিল্পেরও তাৎপর্যপূর্ণ উদ্ভাসন ঘটা অসম্ভব তো নয়ই, বরং বিপুল সম্ভাবনা দেখা দিয়েছে। নগরজীবনে পহেলা বৈশাখ উদযাপনকে এই দৃষ্টিতে দেখলে আমরা বাংলাদেশের অর্থনীতি ও সংস্কৃতির নতুন মাত্রায় উত্তীর্ণ হতে পারব বলে মনে হয়।
