২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শব্দের আয়নায় রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর রক্তাক্ত মুখ

জাহেদ সরওয়ার

Published : 16 Oct 2012, 08:46 PM

Updated : 02 Sep 2022, 08:37 PM

ভাষার কিষান চোখ মেলে চেয়ে দেখি,
চারিপাশে ঘোর অসম জীবন,
– শব্দ-শ্রমিক/ র. ম. শহিদুল্লাহ

একাত্তর পরবর্তীকালে বাংলাদেশের কবিতায় গুরুত্বপূর্ণদের একজন অথচ কম বিজ্ঞাপিত কবি মহাত্মা রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। বাংলা সাহিত্যে ভুলবুঝা কবিও বলা যাবে তাকে। শুধু একাত্তরই বা বলি কেন। বাংলা কবিতার বিদ্রোহীধারায় নজরুল, সুকান্ত, দিনেশ দাস, সুভাষ মুখোপাধ্যায়ের পর তার মত কণ্ঠস্বর আর খুঁজে পাওয়া যায় নাই।

Image
rudra-p.jpg


'আমি সেই পোড়া ভিত ভেঙে জেগে উঠেছি জীবনে,

আমি সেই কালো ঘোড়ার লাগাম ধ'রে আছি টেনে।
বুকের ভাষাকে সাজিয়ে রনের সজ্জায়,
আমি বুনে দিই শব্দ-প্রেরনা মানুষের লোহু মজ্জায় ॥
-শব্দ-শ্রমিক

যদিও খুব সহজেই নজরুলের কবিতার কথা মনে করিয়ে দেয় আমাদের উপরোক্ত উচ্চারণ। তবুও শহিদুল্লাহর সমস্ত কবিতার আদিসত্য লুকিয়ে আছে এই লাইনে 'ভাষার কিষান চোখ মেলে চেয়ে দেখি/ চারিপাশে ঘোর অসম জীবন।

তিনি ঘোষণা করেন 'আমি কবি নই–শব্দ-শ্রমিক।' সত্যিকার অর্থে রুদ্রের কবিতাকর্মকে নি:সন্দেহে শব্দশ্রম বলা যাবে। মহাত্মা জা পল সার্ত্র আত্মজীবনীর নাম রেখেছিলেন 'শব্দ'। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন। মানুষের জীবন আসলে ভাষা ছাড়া কিছু নয়। সেই ভাষা দাঁড়িয়ে থাকে শব্দের ওপর সুতরাং আত্মজীবনীর নাম এরচেয়ে সত্য আর কি হতে পারে!' কথাটা হেয়ালির মত শোনালেও সত্য। মানুষ তার সমস্ত অভিজ্ঞতা অর্জন ও প্রকাশ করে ভাষার মাধ্যমে। এমনকি মুক মানুষেরাও যেই ইশারায় পরস্পরের সাথে যোগাযোগ স্থাপন করে তাকেও ভাষা বলা যায়। কিন্তু এই ভাষাই আবার দেখার ভিন্নতার কারণে তার চরিত্র বদলায়। যেমন অর্থনৈতিক কারণে সমাজে মানুষের শ্রেণিবিভাজন ঘটে তেমনি শ্রেণিবিভাজনের কারণে ভাষাও তার শ্রেণিচরিত্র নেয়। আলাদা পোষাক পরে।

কিন্তু রুদ্র 'ভাষার কিষান চোখ' বলে আমাদের কাছে প্রথমেই নিজের পরিচয় লিপিবদ্ধ করছেন। কেবল মাত্র এই ভাষার কিষান চোখের চারিত্রিক কারণে তিনি 'চারিপাশে ঘোর অসম জীবন' দেখতে পেয়েছেন। তিনি আরো বৃহৎ পরিসরে নিজেকে স্থাপন করে যাচাই করছেন নিজেকে

সমতার নামে ক্ষমতাকে কোরে রপ্ত
আমি জানি কারা জীবনে ছড়ায় পুঁজ, পোকা, বিষ তপ্ত
জানি আমাদের কারা ধুতুরার ফুলে অন্ধ করেছে অবেলায়
ছুঁড়ে দিয়ে গেছে নষ্ট নগ্ন বেদনায়

সুতরাং ভাষার লাগাম তিনি ধরতে পেরেছিলেন। শব্দকে ব্যবহার করতে পেরেছিলেন চেতনার হাতুড়ি পেটানোর মতই। রচনা করতে পেরেছিলেন 'ইশতেহারে'র মত কবিতা।

কার্ল মার্কস দুনিয়ার মজদুরের জন্য এত আহাজারি, এত গণিত, এত পরিসংখ্যান ও যুদ্ধের ডাক দিলেও দুনিয়ার সমস্ত মজদুর মার্কসবাদি নয়। হয়তো তারা মার্কসবাদ বুঝেনও না। তবুও মার্কস তাদের মুক্তির ও রাজত্বের বাসনাই করে গেছেন সমগ্র জীবন তার লেখনী ও চিন্তার মাধ্যমে। নিজের অজান্তেই তারা মার্কসবাদি। অথচ মধ্যবিত্ত শিক্ষার্থীদের অনেক কষ্ট করে মার্কসবাদ অধ্যায়ন করতে হয়। কারণ হিসাবে রুদ্র বলবেন 'পরান সে ভুলে পূর্ন।'

কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর কবিতার সাথে যাদের পরিচয় ঘটেছে তারা অবগত আছেন মার্কসবাদের সাথে রুদ্রের কবিতার ভাব কত গভীর। নির্যাতিত গণমানুষের দীর্ঘশ্বাস কীভাবে রক্তাক্ত করে দিয়ে যায় রুদ্রের মুখ। 'ইশতেহার' কবিতায় তিনি ধরতে চেয়েছেন কমিউনিস্ট মেনিফেস্টোর পুরাটাই। মানবজাতির এক ধারাবাহিক অর্থনৈতিক বিকাশকে যেমনি তিনি এই কবিতায় ধরেছেন তেমনি পুঁজিবাদের সঙ্কট ও এ থেকে বেরিয়ে নতুন সমাজ ব্যবস্থার স্বপ্ন দিয়ে তিনি শেষ করেন তার অমর কবিতা ইশতেহার। এই ধরনের কবিতা বাংলাদেশি সাহিত্যে এই প্রথম দেখলাম আমরা। ১১৯ লাইনের এই দীর্ঘ কবিতাটি সত্যিকার অর্থেই বাংলা কবিতার জগতে মাইলফলক।

রুদ্রের কবিতা বাংলাদেশের আজন্ম রক্তাক্ত ইতিহাসের স্মারক বললেও অত্যুক্তি হয় না। একাত্তরের যুদ্ধের সময় তিনি নবম শ্রেণির ছাত্র। তার বাবাকে ধরে নিয়ে গেছিল পাকিস্তানি হানাদারেরা। ১৯৭৭ সালেই তিনি প্রশ্নবিদ্ধ করেন

এই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিলো
জীর্ন জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আঁধার
আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়।
…. .. .. .. .. .. .. .. ..
এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী
স্বাধীনতা একি তবে নষ্ট জন্ম?

কবিতাকে অনেক দিন ধরেই আলাদা কিসিমের মাল হিসাবে চালানো হয়েছে। তার উপর আরোপন করা হয়েছে কুমারিত্ব, পবিত্রতা। বলা হয়েছে কবিতার ভাষা এক সান্ধ্যভাষা। এখনোব্দি বাংলাদেশি কবিরা সেসব সান্ধ্যভাষায় আলোআধারির কবিতা লেখার চেষ্টা করে চলেছেন। কবিতাকে বহু আগেই বিশেষ করে তিরিশি আধুনিকতাকে বহু আগেই নিরাশ করেছিলেন রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। তার বিষয় গণমুখি, ভাষা গতিশীল, সহজবোধ্য, শব্দ বিচিত্রগামী। সেই হিসাবে রুদ্র নিজেই পরিহার করেন তথাকথিত আধুনিকতার নাগপাশ। তিনি বলেন,
এখন কবিতা খাপখোলা তলোয়ার
এখন কবিতা মেদহীন ঋজু দেহ।
কবিতা এখন স্বপ্নের প্ররোচনা
কবিতা এখন বিশ্বাসী হাতিয়ার ॥

সাহিত্যের ইতিহাসে চোখ রাখলে দেখা যায়, গল্প, উপন্যাস, প্রবন্ধের মত কবিতাও একটা প্রকাশ ভঙ্গি। জীবন থেকে আলাদা হয়ে, ছিন্ন হয়ে কোনো প্রকাশভঙ্গিই বাঁচতে পারে না। কিন্তু যুগে যুগে দেখা গেছে কবিদের ভেতর লূম্পেন প্রলেতারিয়েতের ভিড়। তারা স্লোগান দিয়েছে সাহিত্যের কোনো দায় নাই। শিল্পের জন্য শিল্প জাতীয় স্লোগান। যা মূলত পরদেশি এজন্ডা ও আত্মপ্রতারণায় ভরা। রুদ্র তাদের লক্ষ্য করে লেখেন 'নপুংশক কবিদের প্রতি'।

সহস্র মৃত্যুর মধ্যে গেয়ে ওঠো রমন সঙ্গীত,
জ্বলন্ত ক্ষুধার রাজ্যে স্বপ্নে দ্যাখো পুস্পের পেখম।
রাজপথে গুলিবিদ্ধ লাশ রেখে হোটেলের ঘরে
জ'মে ওঠে তোমাদের লাস্যময় কবিতা উৎসব।
.. .. .. .. .. .. .. .. .. .. .. ..
জীবন দেখতে যাও টার্মিনালে, খানকি পাড়ায়,
বেশ্যার নাভির নিচে খুঁজে ফেরো শিল্পের আরক–
অথচ সে-জীবনের জন্যে কোনো পক্ষপাত নেই,
সেই কষ্টের বিপক্ষে কোনো বাক্য নেই তোমাদের।
-নপুংশক কবিদের প্রতি।

তিরিশের দশক থেকে পঞ্চাশের দশক পর্যন্ত আধুনিক কবিতা বলয়ের চরম প্রভাব রয়েছে বাংলা কবিতার জগতে। সেটা উভয় বঙ্গের ক্ষেত্রেই সত্য। যার মোহময় প্রভাব আরও বহুদিন ধরে প্রবাহিত হতে থাকবে। বুদ্ধদেব বসু থেকে শুরু করে সুনীল, শক্তি, শামসুর রাহমান হয়ে প্রবাহিত ধারাটি চলেছে শিল্পের দোহাই দিয়ে। যাদের সম্পর্কে চমৎকার বিশ্লেষণ ওঠে এসেছে এই কবিতায়।
রুদ্র আগাগোড়াই প্রতিশ্রুতিশীল কবি। গণমানুষের প্রতি, মানবতার পক্ষে, গণমুক্তির পথে। কবিতায় সমাজের সবস্তরেই প্রায় হাতড়ে বেড়িয়েছেন তিনি। সমাজ চালনার সমস্ত সুক্ষাতিসুক্ষ বিষয়াষয় উঠে এসেছে তার কবিতায়।

এখানে একটা কথা অপ্রাসঙ্গিক হবেনা। আমরা রুদ্রকে যতটুকু না কবি হিসাবে জানতে চেয়েছি তারচে বেশি জেনেছি পর্ণ লেখক তসলিমা নাসরিনের স্মৃতিকথায়। যেখানে রুদ্রের কবিতাশক্তিকে বাদ দিয়ে তাকে বানানো হয়েছে একজন যৌনদানব, প্লেবয়। তসলিমার রুদ্র আর কবিতার রুদ্র এক নয়। কবিতার রুদ্রকে তসলিমার স্মৃতিকথায় সামান্য টুকুও পাওয়া যায় নাই। তসলিমা নাসরিন রুদ্রের অন্তর্জগত স্পর্শও করতে পারেন নাই। জানতেও পারেন নাই সেখানে কি ঘটে চলেছে। যার রক্তাক্ত সাক্ষী হয়ে আছে রুদ্রের প্রতিটি কবিতা।

৭১ সালে রুদ্র নবম শ্রেণির ছাত্র। তার বাবাকে পাক হানাদার ধরে নিয়া যাবার পর রুদ্র যুদ্ধে যাবার জন্য তৎপর হয়ে উঠেন। কিন্তু প্রথম সন্তান হিসাবে রুদ্রকে যুদ্ধে যেতে দেয় নাই। কিন্তু রুদ্র আজীবন যুদ্ধের মাঠ ছাড়ে নাই। কারণ যুদ্ধ কখনোই শেষ হয় নাই। সেই অসমাপ্ত মুক্তিযুদ্ধই আজীবন চালিয়ে গেলেন কবিতায়, জীবন যাপনে। সমগ্র জীবন ধরে তিনি বিভিন্ন পাঠাগার আন্দোলন, সংস্কৃতি সংগঠন, কবিতা পরিষদ, স্বৈরাচার বিরোধী মিছিল মিটিং, বিদ্রোহী কবিতা সংকলন ইত্যাদি করেছেন। কখনো কর্পোরেটের গোলামী করা খায়েশ তার হয় নাই। যদিও আমরা জানি অনেক দারিদ্র্যতাপূর্ণ দিনাদি তিনি কাটিয়েছেন।

দুনিয়ার মজদুরেরা নির্যাতিত। কিন্তু সবসময় নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত বুদ্ধিজীবীরাই মজদুরদের সংগঠিত করেন। দুনিয়ার সমস্ত বিপ্লবী নেতারাই মধ্যবিত্ত বা নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে আসা। গণমানুষের তথা মজদুরদের সাথে তাদের সংযোগের প্রধান মাধ্যম হচ্ছে সংস্কৃতি। যা বিপ্লবের সাকো তৈরি করে। বন্ধন তৈরি করে মজদুরদের ভেতর। সেই সংস্কৃতির সেতু তৈরির চেষ্টাই ছিল রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জীবনের ঠিকানা। নিজের জীবন সম্পর্কে প্রায় আগাগোড়া উদাসীন এই কবি সত্যিকার অর্থে এক মহান বিদ্বজ্জনের জীবনই কাটিয়ে গেছেন। তিনি কোনো পুরষ্কারের তোয়াক্কা করেন নাই। সেই অর্থে অজস্র বাংলাদেশি গতানুগতিক কবিদের মত ছিলেন না তিনি। রুদ্র বাংলার গণমানুষকে বুঝতেন। তিনি বুঝেছিলেন প্রগতির পথে ধর্মান্ধতাও বাধা হয়ে দাড়িয়ে আছে। যাকে কার্ল মার্কস বলেছিলেন আফিম। কিন্তু রুদ্র বলেন ভিন্ন কথা। তিনি বলেন

একদার অন্ধকারে ধর্ম এনে দিয়েছিলো আলো,
আজ তার কংকালের হাড় আর পচা মাংশগুলো
ফেরি কোরে ফেরে কিছু স্বার্থান্বেষী ফাউল মানুষ
সৃষ্টির অজানা অংশ পুর্ন করে গালগল্প দিয়ে।
আফিম তবুও ভালো, ধর্ম সে তো হেমলক বিষ। -ধর্মান্ধের ধর্ম নেই, আছে লোভ, ঘৃন্য চতুরতা।

ধর্ম সম্পর্কে তিনি আরো প্রশ্ন তোলেন পরলৌকিক মুলোসহ অনেক কবিতায়। তবে তিনি সমস্ত ধর্মাধর্মের উর্ধ্বে অন্য এক পরিচয়ের কথাও বলেন।

আমরা অনার্য- আজ এই কথা বলুক সবাই
বাঙালি না বাংলাদেশি, হিন্দু না বৌদ্ধ মুসলমান
বন্ধ হোক এইসব অর্থহীন তর্কের প্যাঁচাল।
আমরা অনার্য আজ এই কথা বলুক সবাই– আমরা অনার্য

'অনার্য' শব্দটা আমরা শোষিতের প্রতিশব্দ হিসাবে নিতে পারি। মার্কসবাদেও জাতীয়তাবাদ, ধর্মান্ধতার কোনো স্থান নাই। পৃথিবীতে মূলত দুইটা জাতি শোষক ও শোষিত, প্রলেতারিয়েত ও বুর্জোয়া। শোষক বা পুঁজিবাদিরা মূলত সংখ্যালঘু কিন্তু ক্ষমতাবান। দুনিয়ার বেশিরভাগ মানুষকে যারা দোহন করে। বেশির ভাগ মানুষের শ্রম যারা লুটে নেয়। বস্তুত শোষিত গণমানুষের পক্ষই ন্যায়। তাদের পক্ষেই জগতের কবি সাহিত্যিক দার্শনিকদের পক্ষপাতিত্ব।

অন্যদিকে তৃতীয় বিশ্বে সামরিক শাসন সা¤্রাজ্যবাদের সবচাইতে প্রিয় বিষয়। কারণ ভিয়েতনাম বিপ্লবের পর মার্কিন সা¤্রাজ্যবাদিরা তাদের শোষণের কৌশল পরিবর্তন করে। তারা একেকটা গরীব দেশে সরাসরি শোষন শাসনের বদলা সেই দেশেই তাদের লোকজন আর বাহিনী তৈরি করে সাম্রাজ্যবাদি আগ্রাসন চালানোর মনস্থির করে। তারই ফলশ্রুতি হিসাবে একদিকে এনজিও সংস্কৃতির জন্ম অন্যদিকে বলা হয় দুনিয়ার সমস্ত সেনা বাহিনীই মার্কিন সেনাবাহিনী। বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। একাত্তরের পর রক্ষীবাহিনী ও মুজিববাহিনীর গণহত্যা, সপরিবারে মুজিব হত্যা, অজস্র সামরিক ক্যু, কর্ণেল তাহেরসহ অনেক সামরিক বিপ্লবীর ফাঁসি, জিয়ার ক্ষমতাদখল, জিয়া হত্যা, এরশাদের ক্ষমতাদখল থেকে শুরু করে সসস্ত্র বাহিনীর ভেতর অনেক হত্যা সংগঠিত হয়েছে। যার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ জড়িত ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র' ও মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। একাত্তরের পর আরো বহুবার রক্তাক্ত হয়েছে বাংলাদেশের রাজনীতি। এখনো হচ্ছে। এখনতো সশস্ত্র বাহিনী পরিণত হয়েছে ভাড়াটে খুনীতে। তা এড়ায় নাই রুদ্রের সচেতন কবি মানসও।

দাঁড়াও, নিজেকে প্রশ্ন করো– কোন পক্ষে যাবে?
রাইফেল তাক কোরে আছো মানুষের দিকে।
সঙ্গিন উঁচিয়ে আছো ধূর্ত নেকড়ের মত।
পায়ে বুট, সুরক্ষিত হেলমেটে ঢেকে আছো মাথা।
সশস্ত্র তোমার হাত,সংগঠিত, কে তোমাকে ছোঁয়।
… .. .. .. .. .. .. ..
সীমান্ত রক্ষার নামে তৈরি করা হয়েছে তোমাকে
সার্বভৌমত্বের নামে অস্ত্র দেয়া হয়েছে তোমাকে
শৃংখলা রক্ষার নামে তৈরি করা হয়েছে তোমাকে
আইন রক্ষার নামে অস্ত্র দেয়া হয়েছে তোমাকে

সীমান্ত রক্ষাও নয়, সার্বভৌমত্বও নয়, শুধুমাত্র পুঁজি
শুধুমাত্র পুঁজিবাদ রক্ষাই এখন তোমাদের মৌল কাজ।
.. .. .. .. .. .. .
দাঁড়াও, নিজেকে প্রশ্ন করো– কোন পক্ষে যাবে?

একদিকে বিত্তবান,
অন্যদিকে বিত্তহীন ক্ষুধার্ত মানুষ।
একদিকে পুঁজিবাদ,
অন্যদিকে সাম্যবাদী শান্তির সমাজ।
ইতিহাস সাক্ষী দ্যাখো, অনিবার্য এ লড়াই কোন পক্ষে যাবে?
সশস্ত্র বাহিনীর প্রতি

লেলিন তার রাষ্ট্র নামক বক্তৃতায় বলেছিলেন, রাষ্ট্র হচ্ছে এক শ্রেণি কর্তৃক অন্য শ্রেণিকে শোষণ করবার যন্ত্র। আর সশস্ত্র বাহিনী হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য স্তম্ভ। যাদের ব্যবহার করা হয়ে শোষিত জনগণের বিরুদ্ধে। সেই সশস্ত্র বাহিনীকেই প্রশ্নবিদ্ধ করেছেন তিনি এই কবিতায়। এতদিন বেঁচে থাকলে তিনি ক্রসফায়ার সম্পর্কেও সোচ্ছার হতেন তাতে সন্দেহ নাই।

রুদ্র যে প্রচ- রাজনীতি সচেতন, সমাজ মনস্ক কবি ছিলেন শুধু তাই না। তিনি কবিতার অনেক ব্যকরণ সচেতন হয়েও কবিতা লিখেছেন। যাকে আমরা বলতে পারি ছন্দ, অনুপ্রাস ইত্যাদি নিয়াও অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন তিনি। তার কবিতার ভেতর বাংলা কবিতার স্বীকৃত মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত ও অক্ষরবৃত্ত তিন ধরনের ছন্দেরই দেখা মেলে। আর বিভিন্ন অনুপ্রাসের দোলায় কবিতায় সৃষ্টি করেছেন জোয়ার। তবে কিছু কিছু জায়গায় তিনি 'কমা'র বদলে ইংরাজি ফুলস্টপ ও ব্যবহার করেন। হয়তো নতুনত্বে খাতিরে। কিন্তু এতে ভাষা আগ্রাসন নিয়া তার চেতনা সম্পর্কে সন্দেহ তৈরি হয়।

রুদ্রের যাপিত সমাজ ও রাষ্ট্রের খুব কাছে আমরা এখনো বাস করি। এখনো রুদ্রের রক্তাক্ত বেদনাই আমাদের বাস্তবতা। যেই গণমুক্তি ও শোষনহীন সমাজের কথা রুদ্র তার কবিতাজুড়ে বয়ান করে গেছেন। যে সমস্ত বাধাবিঘ্নের চলচ্চিত্র রুদ্র আমাদের চোখের সামনে তুলে ধরেছেন। আর সেসব সমাধানের যেসব পথ তিনি বাতলে দিয়েছেন তাতে মনে হয় জাতি হিসাবে আমাদের অন্যতম সংস্কৃতির সেতুর নাম রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। তার কবিতা পথ দেখাবে গণমানুষের কবিতাকে। যাদের কবিতা বারংবার ক্রমশ নতুন দিশা নিয়া হাজির হবে রুগ্ন, শোষিত, বঞ্চিত, পীড়িত মানুষের কাছে, রুদ্রের কবিতা তাদের মধ্যে অন্যতম।

Image
Flag Counter


free counters