প্রয়াত হুমায়ূন স্যার ও কিছু স্মৃতি
১
ছোটবেলায় আমাদের কত-না স্বপ্ন থাকে! বিশেষ করে পরিবারের বাবা-মা, দাদা-দাদি, নানা-নানি বা অন্য সকলের অনেক আশা থাকে যে, বড় হয়ে তাঁদের সন্তানদের কেউ ডাক্তার হবে অথবা ইঞ্জিনিয়ার বা শিক্ষক! কেউবা হতে চায় ব্যারিস্টার, বিজ্ঞানী, কৃষিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, ক্রীড়াবিদ– আরো কত কি! আশার তালিকায় কি কখনো লেখক, সাহিত্যিক, ঔপন্যাসিক, নাট্যকার, চলচ্চিত্রকার এই পেশাগুলো থাকে? কারণ অন্য পেশাগুলোর তুলনায় এই পেশাগুলোতে বৈষয়িক সফলতার হার খুবই কম। প্রায় ১৫ কোটি মানুষে ঠাসা আমাদের এই স্বল্প পরিসরের বাংলাদেশে অনেক সফল ডাক্তার, ইঞ্জিনিয়ার বা শিক্ষকসহ বিভিন্ন সামাজিক পেশার ব্যক্তিদের খুঁজে পাওয়া যাবে। সমাজ গড়ার এই ক্ষেত্রগুলোতে ইতিমধ্যে অনেকেই সফল হয়েছেন। কিন্তু একই ব্যক্তি মাল্টিপল পেশায় সফল হয়েছেন, এমন ক'জনকেই-বা আমরা সচরাচর পেয়ে থাকি, যারা তাঁদের নিজস্ব চিন্তা ও চেতনা দ্বারা অপরকে উদ্বুদ্ধ করেছেন ও সমাজকে নাড়া দিয়েছেন? আমার প্রয়াত শিক্ষক ড. হুমায়ূন আহমেদ ছিলেন এমনই একজন, যিনি তাঁর জাদুকরী হাতের ছোঁয়ায় অত্যন্ত সহজ ও সরল ভাষায় লিখেছেন অসংখ্য গল্প ও উপন্যাস। তিনি নিখুঁত হাতে নির্মাণ করেছেন মানুষের মন-জুড়ানো, হাসি-কান্নায় ও দুঃখ-বেদনায় মিশ্রিত অপূর্ব সব নাটক ও সৃজনশীল চলচ্চিত্র। নতুন প্রজন্মসহ সকল স্তরের মানুষের অগাধ ভালবাসা ও মন যেমন জয় করেছিলেন, ঠিক তেমনি প্রতিটি পেশাতে তিনি ঈর্ষণীয়ভাবে সফলও হয়েছিলেন।
সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে জনপ্রিয়তার শীর্ষে ওঠার পূর্বে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে শিক্ষকতা করেছিলেন দীর্ঘসময়। কোয়ান্টাম মেকানিকসের জটিল তত্ত্বগুলো যেমন সহজ ও সাবলীলভাবে পড়িয়েছেন তাঁর ছাত্রছাত্রীদের, তেমনি তাঁর লেখনীর মাধ্যমে অসাধারণ কিছু চরিত্র রূপায়ন করেছেন: যেমন হিমু, মিছির আলি, শুভ্র, জরি, নিলু ইত্যাদি। এগুলো নতুন প্রজন্মের পাঠকপাঠিকার মধ্যে অভূতপূর্ব সাড়া জাগিয়েছিলা। তদুপরি পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপট চিহ্নিত করে সেগুলো যথাযথভাবে চিত্রায়িত করে নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে উপস্থাপন করেছেন। এভাবে সব শ্রেণীর মানুষের কাছে তিনি নিজেকে চিনিয়েছেন অন্য এক হুমায়ূন আহমেদ হিসাবে। তৈরি করেছিলেন পরিমাপহীন এক বিশাল ভক্তকুল যার একজন আমি নিজেও। স্যারের নির্মিত নাটকের কিছু চরিত্র এখনো মনে লেগে আছে, কখনো সেগুলো মন থেকে মুছে যাবার নয়। সবই যেন জীবন থেকে নেয়া, সংসারে ঘটে-যাওয়া প্রতিদিনের ঘটনার ছোঁয়া। সেই সময় বিটিভিতে প্রচারিত বহুল জনপ্রিয়তা পাওয়া ধারাবাহিক "এইসব দিন রাত্রি"-র ছোট্ট টুনি ও ভাবী (ডলি জহুর) চরিত্র, "বহুব্রীহি" নাটকের ফ্যান্টাসি ক্যারেকটার মামা ও আব্দুল কাদের (আলী জাকের ও আফজাল শরিফ), পাখির কণ্ঠে "তুই রাজাকার" এবং ঐ একই নাটকে সেই যে একেবেঁকে চলা হ্যাংলা ডাক্তার চরিত্র (আফজাল হোসেন) ও রহিমার মা, ঐতিহাসিক নাটক "অয়োময়", আসাদুজ্জামান ও তাঁর স্ত্রীরা, "কোথাও কেউ নেই" নাটকে বাকের ভাই (আসাদুজ্জামান), "একদিন হঠাৎ" নাটকে গৃহশিক্ষক (হুমায়ূন ফরীদি) ইত্যাদি নানাবিধ চরিত্র কি কখনো ভুলে থাকা যায়? কিছু কিছু নাটকের চরিত্র তিনি এমনভাবে নির্মাণ করেছেন যে তা দেখার সময়ে এবং এখনো মনে করলে হাসতে হাসতে পেটে খিল ধরে যায়। স্যারের অনন্য প্রতিভার স্বাক্ষর বিস্তৃতি লাভ করেছিলো নাটক থেকে চলচ্চিত্র জগতেও, যেগুলো তাকে দারুণ জনপ্রিয়তা ও সাফল্য এনে দিয়েছিল। তাঁর মুভিগুলো ছিল মুক্তিযুদ্ধভিত্তিক। তদুপরি এগুলো মিডল ক্লাশ পরিবারের সমস্যাগুলো এবং আমাদের সামাজিক- অর্থনৈতিক বিষয়াদি চিহ্নিত করে। আমার জানামতে স্যারের লেখা গল্প অবলম্বনে যে বারটি মুভি ইতোমধ্যে নির্মিত হয়েছে তাঁর আটটিই তিনি নিজে পরিচালনা করেছিলেন। মুভিগুলো হচ্ছে আগুণের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, চন্দ্রকথা, নয় নম্বর বিপদ সংকেত, আমার আছে জল, শ্যামল ছায়া ও ঘেটুপুত্র কমলা। অন্য পরিচালকের পরিচালনায় যে মুভিগুলো নির্মিত হয়েছিল সেগুলো হল- শঙ্খনীল কারাগার, নিরন্তর, প্রিয়তমেষু, ও দারুচিনি দ্বীপ। এসবের মধ্যে মুক্তিযুদ্ধের উপরে নির্মিত ছবি "আগুণের পরশমণি" বেস্ট ছবি ও বেস্ট ডিরেক্টর সহ মোট আটটি ক্যাটাগরিতে "জাতীয় চলচিত্র পুরস্কারে" ভূষিত হয়েছিল। এছাড়াও স্যারের "শ্যামল ছায়া" ছবিটি বাংলাদেশ থেকে "বেস্ট ফরইন ল্যাঙ্গুয়েজ ফিল্ম" ক্যাটাগরিতে "অস্কার" নমিনেশনের জন্য পাঠানো হয়েছিল। তিনি সরকারি ও বেসরকারি পর্যায়ে অনেক মর্যাদাবান পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তন্মধ্যে মহান একুশে পদক, শেলটেক, বাচসাস, বাংলা একাডেমী, শিশু একাডেমী, জাতীয় চলচ্চিত্র, মাইকেল মধুসূদন স্বর্ণ পদক, জয়নাল আবেদিন স্বর্ণ পদক ও লেখক শিবির পুরস্কার উল্লেখযোগ্য।
শিক্ষক, বিজ্ঞানী, লেখক, কথাসাহিত্যিক, ঔপন্যাসিক, নাট্যকার ও ফিল্মমেকার – সব পেশা যেন সার্থকভাবে যায় তাঁরই নামের সঙ্গে। এগুলো যেন আঠার মত করে লেপ্টে আছে স্যারের নামের সঙ্গে। স্যার তাঁর বর্ণাঢ্য জীবনে অফুরন্ত উদ্যম ও সৃজনশীলতার মাধ্যমে সৃষ্ট তাঁর অবিনাশী কীর্তির জন্যে অগণিত ভক্তের হৃদয়ে অমর হয়ে থাকবেন। তাইতো 'টাইমস অব ইনডিয়া'র আগস্টের সংখ্যায় একটি আর্টিকেলের টাইটেল দেওয়া হয়েছে এভাবে "Tears for Humayun Ahmed: The Shakespeare of Bangladesh"। আর্টিকেলটির দুটি ছোট অংশ এখানে সংযুক্ত করলাম। "It is true that Bengali literature would have remained piteously incomplete, and even imperfect, without the works of Humayun. However, it is also quite apparent that without the works of Tagore or Nazrul, Bengali literature would have broken up into mutually unintelligible dialects. Hence, it is fair to place Humayun after Tagore and Nazrul. However, Humayun never compared himself to Shakespeare, and not even to Tagore and Nazrul. He did not regard himself as a great writer". অন্যটি ছিল এরকমঃ "As with Satyajit Ray, Zahir Raihan or Tareque masud, it is difficult to calculate the full effect Humayun had on Bangla film. But he was indisputably the most talented Bengali filmmaker, more so than his three famous predecessors"।
ছাত্রাবস্থায় ১৯৭২ সালে সেই যে 'নন্দিত নরকে' (IN BLISSFUL HELL) নামক প্রথম উপন্যাসটি দিয়ে স্যারের উত্থানের শুরু, তারপর কখনো তিনি আর থেমে যাননি, শুধুই সামনের দিকে এগিয়ে চলেছেন। স্যার থেমে গেলেন ওপারে যাবার দিনে ১৯শে জুলাই ইউ.এস.এ. সময় (ইস্টার্ন) দুপুর ১টা ২৪ মিনিটে নিউইয়র্কের বেলভু হসপিটালে, তাঁর পরিবার ও বিশাল ভক্তকুলকে অশ্রুসিক্ত করে।
কোলন ক্যান্সারের সঙ্গে প্রায় বছর খানেক যুদ্ধ করে ঐদিন শেষনিঃশ্বাস ত্যাগ করলেন। সবার অশ্রু সিক্ত করে তিনি চলে গেছেন না ফেরার দেশে; সমাহিত হয়েছেন তারই হাতে গড়া নুহাশপল্লীর মাটিতে।
২
রসায়ন বিভাগ এবং ড. মুহম্মদ শহিদুল্লাহ হলের আবাসিক ছাত্র থাকাকালে (১৯৮৮-১৯৯৫) স্যারকে খুব কাছে থেকে দেখার সৌভাগ্য হয়েছিল আমার। যতদূর মনে পড়ে, স্যারকে আমরা ১৯৯০ অথবা ১৯৯১ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পেয়েছিলাম। কারণ বেশী লেখালেখির পাশাপাশি নাটক ও চলচ্চিত্র নির্মাণের কাজে পুরোপুরি মনোনিবেশ করার জন্য স্যার সে সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশাটি ছেড়ে দিয়েছিলেন। স্যার তখন শহিদুল্লাহ হলের মেইন বিল্ডিঙয়ে ঢোকার গেটের বাম পাশের দোতলাতে তাঁর পরিবারসহ (প্রথম স্ত্রী মিসেস গুলতেকিন ও তাঁর সন্তাানরা) থাকতেন। আমি তখন শহিদুল্লাহ হলের এক্সটেনশন টু-এর ৪০৭ নম্বর রুমটিতে সবেমাত্র উঠেছি। তখন ১৯৮৮-৮৯ সালের কথা। ভূগোল বিভাগের সালাউদ্দিন দুলক ভাই অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম, তিনি বাসায় থাকতেন। তাঁর সিটটিতে দয়া করে তিনি আমাকে থাকতে দিয়েছিলেন। শর্ত ছিল, সেসময়ের তুখোড় ছাত্রনেতা জহিরুদ্দিন স্বপনের "ছাত্রমৈত্রী" নামের ছাত্র সংগঠনের মিছিলে মাঝে মধ্যে যোগদান করতে হবে। ভাবলাম, খারাপ কি? একটা দুটা মিছিল মাত্র, কঠিন কিছু নয়। তারপর এক সিটে ডাবলিং করে থাকতে শুরু করলাম আরেক সিনিয়র ভাইয়ের সঙ্গে। বাসা থেকে হলে এসে প্রথম ধাক্কাটি খেলাম এখানেই। রুমে মোট চারটি সিট, কোনো সিট ফাঁকা নেই। প্রতি সিটে কমপক্ষে দুইজন করে থাকা হয়। বেশ কষ্ট হয়। নতুন বিধায় হলের পরিবেশ পরিস্থিতির সঙ্গে তেমন মানিয়ে নিতে তখনো পারিনি। নিজের পড়ালেখার চেয়েও রুমের অন্য সিনিয়র ভাইদের যেন ডিস্টার্ব না হয় সেদিকেই বেশী নজর ছিল আমার। কোনো কথাবার্তা নাই। একেবারে চুপচাপ থাকতাম। রুমের কারো সঙ্গেই তেমন ভাল বন্ধুত্ব গড়ে ওঠেনি। এরই মধ্যে প্রায় আট দশদিন হয়েও গেছে। একদিন সন্ধ্যার ঘটনা। রাত প্রায় দশ বা সাড়ে দশটা বাজে। রুমে কেউ তখন নেই। হয়ত সবাই টিভি রুমে নাটক দেখছে। আমি টেবিলের সামনে বসে বই নাড়া চাড়া করবো কি করবো না তা নিয়ে কেবল ভাবছি তো ভাবছি। এমন সময় অতর্কিতে একদল শিক্ষক (হাউজ টিউটর) আমার রুমে ঢুকে পড়লেন। সংগে হুমায়ূন স্যারও আছেন। অতগুলো শিক্ষককে একসঙ্গে দেখতে পেয়ে বেশ ভয়ও লাগছিল। মৃত্তিকা বিজ্ঞানের ইমামুল হক স্যার প্রথমে জানতে চাইলেন আমি কে ? ছাত্র না বহিরাগত? পরিচয় পত্র বের করে দেখালাম। স্যার আইডি দেখে বললেন এ তো রসায়নের ছাত্র; এই বলে উনি আমার পরিচয় পত্রটি হুমায়ূন স্যারের হাতে ধরিয়ে দিয়ে বললেন, স্যার, এ তো আপনার ছাত্র, এটিকে আপনি সামলান। ভয়ে মনটা দুরু দুরু করছে। আমার পরিচয় পত্রটি এদিক সেদিক নাড়া চাড়া করতে করতে হুমায়ূন স্যার বললেন, 'কতদিন হচ্ছে তুমি হলে থাক?' 'স্যার, মাত্র কয়েকদিন। প্রায় সপ্তাহ খানেক হবে।' 'তোমার নামে তো হলে সিট বরাদ্দ নাই- তাহলে রুমে থাকছ কিভাবে?' মনে ভয় নিয়ে অতি নিচু স্বরে কোনোরকমে বললাম, "স্যার ডাবলিং করছি"। স্যার বললেন, 'কার সঙ্গে?' যার নাম বললাম তাঁর নামটি তখন স্যারের হাতে থাকা খাতার সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করে স্যার সেই নামটি মোটেই খুঁজে পেলেন না। বললেন, 'সেও কি তোমার মতো ভুয়া থাকে নাকি?' 'স্যার, জানিনা'। তারপর বললেন, 'তোমার কি ঢাকায় থাকার কোনো জায়গা আছে?' বললাম, 'আছে স্যার।' 'কোথায়?' বললাম, 'কল্যাণপুরে মামার বাসা। কিছুদিন সেখানে ছিলাম, তারপর হলে থাকার জন্যে চলে এসেছি স্যার। হলে থাকা না থাকা নিয়ে আরো অনেক কথা শেষে পরিষ্কারভাবে স্যার আমাকে বুঝিয়ে দিলেন, 'এখন রাত প্রায় এগারোটা বাজে। কাল সকালে ঘুম থেকে উঠে বইখাতা হাতে নিয়ে সোজা তোমার মামার বাসার অভিমুখে রওয়ানা দিবে এবং হলে সিট না পাওয়া পর্যন্ত সেখান থেকেই ক্লাসে আসবে। বুঝলে' ? 'জি স্যার!' 'কাল যেন সকাল থেকে তোমাকে আর হলে না দেখি!' 'জ্বি স্যার, কাল সকালে চলে যাব।' তারপর সব স্যার একসঙ্গে চলে গেলেন অন্য রুমের দিকে। স্যাররা চলে যাওয়া মাত্র একটু পরেই এক এক করে রুমের অন্য সদস্যরা ঢুকে পড়লেন। জিজ্ঞেস করলেন, 'স্যাররা কিছু বলেছেন?' হুমায়ূন স্যারের নাম উল্লেখ করে বললাম, 'স্যার কাল সকালে আমাকে হল ছেড়ে চলে যেতে বলেছেন। শুনে তো সবাই হো হো করে হাসতে লাগলেন। তারপর রুমের বড় ভাইরা অভয় দিয়ে বললেন, 'আরে এ কিছু না; স্যাররা আগামী দেড় দুই মাসেও আর আসবে না।' তারা এটাও তালিম দিলেন যে, 'এবার থেকে স্যারদেরকে দেখা মাত্রই রুমে না থেকে বাইরে কোথাও গিয়ে বাতাস খেয়ে আসবে, বুঝলে? বা…তা…স।' হল থেকে আমার আর চলে যেতে হয়নি। শিক্ষাজীবন শেষ করেই তারপর হল ত্যাগ করেছি।
৩
কিছুদিন পর বুকে একটু একটু সাহস সঞ্চয় হয়েছে। হলে কিছু বন্ধুদের সঙ্গে খাতিরও হয়েছে। হুমায়ূন স্যার তখন আমাদের ভৌত রসায়নের ব্যবহারিক ক্লাস নেন। আমাদের এসাইনমেনটগুলো দেখে সেগুলোর উপরে উনি নম্বর দিতেন। আমি কখনো ৫৯% থেকে ৬৫%-এর বেশী পাইনি। স্যার একদিন ব্যবহারিক ক্লাসের বাইরে তাঁর চেয়ারে বসে ছাত্রদের জমা দেওয়া এসাইনমেনটগুলো দেখছিলেন। টেবিলের উপরে সম্ভবত সমরেশ মজুমদারের একটি বই রাখা। মাঝে মাঝে স্যার সেই বইটিও পড়ছিলেন। আবার আমাদের ছাত্রদের কোনো প্রশ্ন থাকলে তাও তিনি বলে দিচ্ছিলেন। কিছুক্ষণ পরে আমরা দেখতে পেলাম স্যার একজন সুদর্শনা ভদ্র মহিলার সঙ্গে বেশ আয়াসে কথা বলছিলেন। উনি ছিলেন স্মার্ট ও পরিপাটি স্বভাবের। স্যার টেবিলের একপাশে চেয়ারে বসা, আর উনি টেবিলের ওপাশের চেয়ারে। আমরা দুষ্ট ছেলেরা উঁকি ঝুঁকি দিয়ে কাছে থেকে উনাকে দেখে আসার চেষ্টা করছিলাম আর জানতে আগ্রহী ছিলাম, উনি আসলেই কে? স্যার এবং উনার মধ্যে হাল্কা হাল্কা কথায় অসম্ভব এক রোমান্টিক সৌন্দর্য আমরা দূর থেকে খুঁজতে শুরু করলাম। এরই মধ্যে আমরা অধীর আগ্রহে উনার পরিচয় জানার জন্য সব ধরনের সোর্স কাজে লাগাতে শুরু করেছি। মুহূর্তের মধ্যে হাওয়াই হাওয়াই তথ্য ভেসে আসতে লাগল ক্লাসের ভিতরে, আমাদের কানে। উনিই হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় স্যার হুমায়ূন আহমেদের সহধর্মিণী শ্রদ্ধেয়া মিসেস গুলতেকিন। সেদিন স্যার এবং মিসেস গুলতেকিনকে দেখে কি যে ভাল লেগেছিল!
৪
কার্জন হলের আর্কিটেকচারটি এতো সুন্দর যে, ক্লাস শেষে বা বিকালে আমরা প্রায়ই হল থেকে সেখানে হাঁটতে বেরুতাম। শহিদুল্লাহ ও ফজলুল হক হলের মাঝখানের পুকুরপাড়ে বিকালে বসে গল্প করতে বেশ ভাল লাগতো। সেখানে বিকালে প্র্যাকটিক্যাল ক্লাস ও চা-পান শেষে কিছুক্ষণ বসলে মনটা এমনিতেই হালকা হয়ে যেত। এমনি এক বিকালে আমি ও আমার এক ক্লাসমেট বন্ধু ইফতেখার হোসেন (বর্তমানে কানাডায় পিএইচডি করছেন) পুকুরপাড়ে বসে খোশ গল্প করছি। দুজনের কেউ তখনো হলে সিট পাইনি। তখনো ডাবলিং করেই যাচ্ছি। পুকুড়পাড়ে বসে দুজনে সিদ্ধান্ত নিলাম, হুমায়ূন স্যারের কাছে গিয়ে আমাদের থাকার কষ্টের কথাগুলো বলবো। স্যার হয়ত নিশ্চয় শুনবেন আমাদের কথা। আমরা দুজনেই সেদিন একটি যুক্তিতে দাঁড়ালাম যে, যেহেতু হুমায়ূন স্যার আমাদের সরাসরি শিক্ষক সেহেতু স্যার আমাদের মুখের দিকে চেয়ে সদয় হবেন এবং দুজনকেই অতি সহজে দুটি সিট বরাদ্দ দিবেন। আমাদের ডাবলিং থাকার দুঃখকষ্টগুলো আপাততঃ দূরীভূত হবে। মন দিয়ে পড়ালেখা করা যাবে। যেই ভাবনা সেই কাজ। এখন ঠিকঠাক মতো সাজিয়ে গুছিয়ে স্যারের নিকট নিজেদের চাওয়া পাওয়ার কথাটা বলতে পারলেই হয়। সিদ্ধান্ত হল, আজকে এবং এক্ষুনি স্যারের বাসায় গিয়ে নক করা। আগেই বলেছি, স্যার তখন হলের মেইন বিল্ডিঙে ঢোকার গেটের বাম পার্শের দোতলাতে থাকতেন। স্যারের কোয়ার্টারের গেটে গিয়ে নক করলাম। স্যারের বড় মেয়ে নোভা দরোজাটা খুলে দিয়ে স্যারকে ডেকে দিল। আমরা প্রথমে সালাম দিয়ে আমতা আমতা করে আমাদের চাহিদার কথাটা এক বাক্যে বলে ফেললাম। স্যার আমাদের কথার কোনো জবাব না দিয়ে কঠোর দৃষ্টিতে আমাদের দুজনের পা থেকে মাথা পর্যন্ত দু তিনবার দেখে নিলেন। আধা চেনার মতো করে বললেন, 'তোমরা কি আমারই ছাত্র?' দুজনেই একসঙ্গে বললাম, 'জ্বি, স্যার। এই হলেই তোমরা থাক?' এবারো বললাম, 'জি স্যার।' বুঝতে আর অসুবিধে হল না যে, কোথায় যেন কি একটা ভুল করে ফেলেছি। কিন্তু কি যে সে ভুলটা সেটা এখনো ধরতে পারিনি। তারপর স্যার বললেন, 'আমার ভাবতেই অবাক লাগে যে, আমারই ছাত্র হয়ে তোমরা লুঙ্গি পরে শিক্ষকের বাসায় শিক্ষকের সঙ্গে দেখা করতে এসেছ?' আরো সতর্ক করে দিলেন এই বলে, 'আর কক্ষনো লুঙ্গি পরে শিক্ষকের বাসায় আসবে না এবং এক্ষুনি রুমে গিয়ে লুঙ্গি চেঞ্জ করে ফুলপ্যান্ট পরে আবার এখানে আসবে এবং যে কথাগুলো বলতে এসেছিলে তা পুনরায় আমাকে আবার বলবে; এখন যাও।' এক মুহূর্ত দেরী না করে আমরা দুজনেই সেদিন চলে এসেছিলাম আমাদের স্ব স্ব রুমে। কিন্তু পরে ফুলপ্যান্ট পরেও স্যারের কাছে যাওয়ার সাহস সঞ্চয় করতে পারিনি। আমাদের ডাবলিং থাকার আর শেষ হলনা।
৫
স্যার যেহেতু শহিদুল্লাহ হলের হাউজ টিউটর ছিলেন, তাই স্যারকে সহজেই পাওয়া যেত হলের সাংস্কৃতিক প্রোগ্রামগুলোতে বিচারকমণ্ডলীর একজন হিসাবে। স্যারের মতো এতো বিশাল একজন ব্যক্তিত্বকে কাছে থেকে দেখতে পেলে কার না ভাল লাগে। ১৯৮৯ সালের দিকের কথা। ডাকসু নির্বাচন হয়েছে। সুলতান মোহাম্মদ মন্সুর ও ডাঃ মুশ্তাকের ছাত্র সংগ্রাম পরিষদ বিপুলভাবে জয়লাভ করেছে। শহিদুল্লাহ হলে হয়েছে যত সমস্যা। কারণ ভিপির পদটি যুগ্মভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। কারণ খুবই সোজা। ছাত্রদলের খোকন ও জাসদের রোকন ভাই সমান ভোট পেয়ে জয়লাভ করেছেন। সারা ইউনিভার্সিটিতে হলের নতুন সংসদ গুলোর মাধ্যমে সাংস্কৃতিক প্রোগ্রামগুলো তখন জমজমাট। শহিদুল্লাহ হলে তো বটেই। কবিতা আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক আইটেম ছিল সেখানে। আমার যোগ্যতা ছিল দর্শক সারিতে। আমার বন্ধু বায়োকেমিস্ট্রির নাজমুল আলম। দেশে এখন সরকারী চাকুরী করে (বিসিএস ক্যাডার)। সে খুব ভাল আবৃত্তি করতো। সুনীলের সেই বিখ্যাত কবিতা "কেউ কথা রাখেনি", "তেত্রিশ বছর কেটে গেল কেউ কথা রাখেনি… কেউ কথা রাখে না"- তাঁর সুমিষ্ট কণ্ঠে আবৃত্তি করে শোনালো। একের পর এক প্রতিযোগী আসছে আর তাঁদের আইটেম গুলো পারফর্ম করে যাচ্ছে। হুমায়ূন স্যার বিচারকমণ্ডলীর সারিতে বসে খুব মনোযোগ সহকারে ছাত্রদের পারফর্মেন্স দেখছেন এবং তা মূল্যায়ন করছেন। এবার এলো রবীন্দ্রসঙ্গীতের পালা। পুরস্কার তিনটা। প্রতিযোগীও তিনজন। তিনজনের মধ্যে দুজন তাঁদের সঙ্গীত মোটামুটি পরিবেশন করে চলে গেলেন। এবার এলো সর্বশেষ ও তৃতীয় জন। শুরু করল রবীন্দ্রনাথের সেই কানে আটকে থাকা গানটি "আজি এই বসন্তে এতো ফুল ফোটে, এত পাখি গায়"- গানটি গাওয়ার সময় হয়ত রবীন্দ্রনাথের নামটি সে একেবারেই ভুলে গিয়েছিল এবং তাঁর নিজ সুর সেখানে সংযোগ করে রবীন্দ্রসঙ্গীতের বারোটা বাজিয়ে দিল। হুমায়ূন স্যার ব্যতীত অন্য বিচারকরা ও আমরা শ্রোতারা অনেক চেষ্টা করেও চেপে ধরা হাসি কোনোমতেই আটকাতে পারছিলাম না। শিল্পী তাঁর গান গেয়েই চলেছেন, আর বিচারকম-লী ও শ্রোতারা সবাই হেসেই চলেছেন। এভাবেই এই পর্বটি শেষ হল। তারপর এল পুরস্কার বিতরণীর পালা। আবৃত্তি পর্বে আমার বন্ধু নাজমুলের একটি পুরস্কার সংগ্রহ করতে মোটেই বেগ পেতে হল না। বিপর্যয় দেখা দিল রবীন্দ্রসঙ্গীত পর্বের পুরস্কার বিতরণীতে। হুমায়ূন স্যার এই তৃতীয় প্রতিযোগীর সঙ্গীত চর্চায় এতটায় বিরক্ত ও কঠোর ছিলেন যে, তিনি বিচারক হিসাবে তৃতীয় জনকে পুরস্কারের জন্য কোনভাবেই নমিনেট করতে পারলেন না, যদিও ঐ সেশনে মাত্র তিনজনই প্রতিযোগী ছিল। উপরন্তু, তিনি ঐ প্রতিযোগীকে ভবিষ্যতে রবীন্দ্রসঙ্গীত যথাযথ সুরে ও বাণীতে গাওয়ার পরামর্শ দিলেন। আমার এখনো জানতে ইচ্ছে করে ঐ ছেলেটি আর কখনো রবীন্দ্রসঙ্গীত গেয়েছিল কিনা।
এভাবে হলে ও ডিপার্টমেন্টে থাকাকালে বিভিন্নভাবে স্যারের সঙ্গে আমাদের ইন্টারেকশন হতো। ছাত্র-শিক্ষক ব্যতীত স্যারের সঙ্গে কখনই কোনো ব্যক্তিগত পরিচয় ছিল না আমার। তারপরেও মনে হত স্যার যেন কাছেই আছেন। একদিকে বিটিভিতে স্যারের ধারাবাহিক নাটকগুলো দেখতাম এবং মনে অসম্ভব এক ভাললাগা নিয়ে সামনের সপ্তাহের ইপিজডের জন্য অপেক্ষায় থাকতাম। অন্যদিকে হলে ও ডিপার্টমেন্টে স্যারকে স্ব-শরীরে আমরা দেখতে পেতাম। মনে হত, সব সময়ই স্যার যেন আমাদের আশেপাশেই ঘোরাফেরা করছেন। এ-ধরনের অনেক স্মৃতি এখনো চোখের সামনে অজান্তেই ভেসে ওঠে। তখন মনে হয় স্যার যেন এখনো সেইরকম তরুণই রয়ে গেছেন। অথচ তিনি তো চলে গেছেন চিরতরে না ফেরার দেশে, তার পরিবার ও বিশাল ভক্তকুলকে অশ্রুসিক্ত করে। অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন ও মেধাবী এই শিক্ষককে জানাই পরম শ্রদ্ধা। কোটি কোটি মানুষের হৃদয়-নিংড়ানো ভালবাসা পাওয়া আমার শ্রদ্ধেয় শিক্ষক ড. হুমায়ূন আহমেদ। আমি তাঁর আত্মার মাগফেরাত কামনা করি। আল্লাহ যেন তাকে বেহেশত নসীব করেন এবং তাঁর পরিবার ও ভক্তকুলকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দেন।
