আবদুল মান্নান সৈয়দের নাট্যকাজ
আরো অনেক সাহিত্যিক পরিচয়ের পাশাপাশি আবদুল মান্নান সৈয়দ একজন নাট্যকারও। ১৯৯২ সালে বাংলা একাডেমী প্রকাশিত নাট্যগুচ্ছ ছাড়াও ২০০৯-এ বেরিয়েছে তার সমুদয় নাট্যধর্মী লেখার সংকলন নাট্যসমগ্র। মোটামুটি ছয় ধরনের নাট্যিক রচনা এ সংকলনে সূচিবদ্ধ হয়েছে। এর মধ্যে আছে প্রহসন, কাব্যনাট্য, একাঙ্ক, শ্রুতিনাট্য, পূর্ণাঙ্গ নাটক, অনুবাদ নাটক।
আবদুল মান্নান সৈয়দ এ সংকলনের 'প্রবেশক' অংশে তার নাট্যিক প্রয়াসের যে বর্ণনা দিয়েছেন তার উল্লেখ প্রাসঙ্গিক:
"লিখেছি গদ্যনাটক ও কাব্যনাটক, পূর্ণাঙ্গ নাটক ও একাঙ্ক, শ্রুতিনাট্য লিখেছি, নাটকের অনুবাদ করেছি, ছোটগল্পের নাট্যরূপ দিয়েছি। ষাটের দশকে, আমার সেই প্রথম উত্থানের দিনগুলোতে সাহিত্যের সব রাস্তায় ঘোড়া ছুটিয়েছিলাম। ছোটগল্পের সঙ্গে তার সহোদরপ্রতিম একাঙ্ক নাটক রচনার প্রবল প্রবণতা ছিল আমার। একাঙ্ক নাটক আর ব্যক্তিগত প্রবন্ধ এই দুটি সাহিত্য মাধ্যম কখন অজ্ঞাতসারে আমার হাত থেকে খসে গেছে। তবু কাব্যনাট্যের জন্য আমার ভেতরে একটি দীর্ঘশ্বাস রয়ে গেছে আজো।"
শুধু কাব্যনাট্য নয়, এ নাট্য সংকলনভুক্ত মান্নান সৈয়দের প্রহসন, একাঙ্ক শ্রুতিনাট্য, পূর্ণাঙ্গ নাটক ইত্যাদি পাঠ শেষে আমাদের দীর্ঘশ্বাস তৈরি হয় যে কেন তিনি সাহিত্যের এ মাধ্যমটিতে অক্রিয় হয়ে গেলেন? নাট্যসমগ্র-এ গ্রথিত হয়েছে 'প্রচণ্ড প্রহসন' নামে একটি প্রহসন। ছয়টি কাব্যনাট্য 'বিশ্বাসের তরু', 'জ্যোৎস্না-রৌদ্রের চিকিৎসা', 'ঈশ্বরপ্রাপ্তির ছোট্ট গাঁথা', 'চাকা', 'কবি ও অন্যেরা', 'আটতলার ওপরে'। পাঁচটি একাঙ্ক 'সংসার', 'যুক্তিহীন যুগ', 'সুখ-অসুখ', 'খেলা', 'এসো অসম্ভব, এসো'। একটি শ্রুতিনাট্য 'মৃত্যু একটি দরোজা'। পূর্ণাঙ্গ নাটক 'না ফেরেশতা না শয়তান'। স্পেনিশ কবি ও নাট্যকার ফেদেরিকো গারসিয়া লোরকার নাটকের মান্নান সৈয়দকৃত ভাষান্তর-রূপ 'স্বর্গোদ্যান'ও এখানে অন্তর্ভুক্তি পেয়েছে।
সব কিছু মিলিয়ে এ এক বর্ণাঢ্য আয়োজন। পুরনো পরিচয়ের নতুন প্রত্যাবর্তন। দেড়শ পৃষ্ঠার এই সংকলন প্রমাণ করবে যে এ নেহায়েত 'কবির নাট্যপ্রয়াস' নয় বরং আমাদের সাহিত্যের নানা হুজুগে দরদালানের বাইরে এখানে জাগ্রত এক জ্যোতির্ময় কুঁড়েঘর। শুধু তাই নয়, বাংলা ভাষার নাট্য-সাহিত্যিক সম্ভাবনার কিছু নিদর্শনও এর মধ্যে ধরা থাকলো।
'প্রচণ্ড প্রহসন' দিয়ে এ সংকলনের শুরু। জ্যোৎস্না তালুকদার, কবি কবুতরউল্লা, চৌরবিদ্যা পারদর্শী, চালাক চাটুয্যে, ভুঁইফোড় ভূঁইয়া, খোন্দকার খয়ের খাঁ জাতীয় চরিত্র সমাবেশে যে রসের ভিয়েন প্রহসনকার পাঠকের মাঝে সঞ্চার করেন তা শেষাবধি রসসঞ্চারীই থাকে না, বরং রসের ধারায় জাজ্বল্য হয় বহু গূঢ় সত্য। প্রহসন রচনাকালীন বিষয়-আশয়ের প্রাসঙ্গিকতা শতাব্দী পেরিয়ে আমরা এখনো খুঁজে পাই:
"…সমালোচক : ভদ্র মহোদয় ও ভদ্র মহিলাগণ! পূর্ব পাকিস্তানের সাহিত্যে বিশ্বসাহিত্যের মর্যাদা কত বড় তা আপনারা সবাই জানেন। এদেশে একজন বাজে বিদেশি লেখকের অনুবাদ করে নিজের মৌলিক লেখার দশগুণ টাকা পাওয়া যায়। তাই তো পূর্ব পাকিস্তানের সাহিত্যের খালে আজ বিদেশি সাহিত্যের জাহাজ এসে ভিড়েছে…।"
কাব্যনাট্য মান্নান সৈয়দের দীর্ঘশ্বাসময় শিল্পসন্তানই নয় শুধু বরং বলা যায় নাটকের এ অংশেই তিনি সবচেয়ে অরুনাভ। আর তার গ্রন্থধৃত ছয়টি কাব্যনাট্যের মধ্যে 'বিশ্বাসের তরু'কে বলা যায় তার সেরা নাট্যকাজ। কতিপয় কাঠুরে, দেবদূত, কাঠকুড়ানি মেয়ে প্রমুখ চরিত্র সমাবেশে, শেষ দুপুরে, বনমাঝারের যে দৃশ্য অঙ্কিত হয় তাকে এক কথায় বলা যেতে পারে অদ্ভুত, অপূর্ব। কুঠারে কুঠারে যখন ছেয়ে গেছে সমস্ত নীলিমা, পাতাল তখন কেমনে বাদ থাকে বিশ্বাসের তরু? কাঠুরেদের ধ্বংসধারী লীলা কি শেষ পর্যন্ত রক্তাক্ত জন্মেরও ইশারা নয়! নাটকের সংলাপেই উত্তর খুঁজি। দ্বিতীয় কাঠুরের কণ্ঠে এক সময় ধ্বনিত হয় বৃক্ষবিনাশী গীত:
"ধিতাং কুঠার বাজে, ধ্বংস করো বিশ্বাসের তরু, আজ সে সর্বতোশূন্য যাকে পুরো চেয়েছি ভিতরে ধিতাং কুঠার নাচে, ধ্বংস নাচে, ধ্বংস করো বিশ্বাসের তরু, রক্ত বুকে তীব্র নাদ শ্রাবণের মেঘের মাদলে ধিতাং কুঠার বাজে, শক্ত কাঠে হৃদয় উপড়ে ধ্বংস করো বিশ্বাসের তরু, ভাঙো বিশ্বাসের তরু, শূন্য বুকে তাথৈ সুরমার জল ফুঁসে ওঠে জোরে। ভাঙো, ভেঙে ফ্যালো, মানবিক আদিম শিকড় থেকে বর্তমান ডালপালা ছিন্নভিন্ন করো, ভেঙেচুরে ধিতাং কুঠার চৈতন্যের, বাজো, ধ্বংস করো তরু, উড়োই পিতার ভুল।
ঈশনির্দেশের পাতা ছিঁড়ে ফ্যালো তাথৈ সুরমায়, ধ্বংস করো বিশ্বাসের তরু, যতোক্ষণ না জাগে ধ্বংসাশী দেবদূত আবার।"
অবাক ব্যাপার। এই কাঠুরেরই নাট্যঅন্তিম উচ্চারণ:
"ভাঙ্গি বিশ্বাসের তরু, তবু ফিরবে একদা জানি, ওরা টেবিলে, চেয়ারে আর নুতন আসবে ফিরে বহু মানবিক আসবাবে।"
এই-ই বোধ করি শিল্পের আদিম ও চির-নবীন কাজ। একই চরিত্রের কণ্ঠে অল্পতম সময়-ব্যবধানে নাটকের দিক রূপান্তরের এ রীতি নাট্যিক ব্যঞ্জনার এক ভিন্নমাত্রিক উদাহরণ।
পাঁচটি একাঙ্ক-মলাটবদ্ধ হয়েছে নাট্যসমগ্র-এ। যদি আলোচনার জন্য বেছে নেয়া যায় 'এসো অসম্ভব, এসো'কে তবে দেখব চারপাশে যখন কেজো সম্ভাবনার রাজত্ব, সুনীতির মচ্ছব তখন সংরক্ত শিল্পীই কেবল দুয়ার খুলে স্বাগত জাগাতে পারেন অসম্ভবকে। কামরান, শামিম, আকবর, আইভি মিলে যে অসম্ভবের সংসার এখানে গঠিত হয়েছে তার প্রতিটি সংলাপের ঘায়ে যেন হুড়মুড় ভেঙে পড়ে আমাদের প্রতিষ্ঠিত রুচি ও তথাকথিত মূল্যবোধের অচলায়তন।
দৃষ্টান্ত:
"কামরান : শামিমও আত্মহত্যা করতে বলে গেল আমাকে। সত্যি আইভি, কেন বাঁচবো, কিসের জন্যে বাঁচবো, আমাদের জীবন যখন এই? কিন্তু আত্মহত্যা? আমি জানিআত্মহত্যা তো নয়, আত্মহত্যা হচ্ছে আত্মবিজয়, ঈশ্বরের উপরে নিজেকে স্থাপনার নামই দিয়েছি আমরা আত্মহত্যা। আমার সেই শক্তি নেই। আমি বেঁচে আছি আত্মহত্যা তথা আত্মবিজয় করতে পারি না বলে। আত্মহত্যা অনেক বড় জিনিস, আইভি। তাকে ওরকম অপমানজনকে কথা বোলো না। আত্মার মৃত্যুর পরে আমাদের বাঁচা, আত্মহত্যা এর চেয়ে অনেক বড়।"
এভাবে বিংশ শতকের মানুষের ফাঁপা অস্তিত্বকে বাক্সময় করে তোলেন মান্নান সৈয়দ তার ত্রিকালদর্শী অবলোকনে।
মাত্র দুই পৃষ্ঠার শ্রুতিনাট্য 'মৃত্যু একটি দরোজা'। এক আধুনিক লেখকের পরিচিতি নির্মাণের সংকটকে কেন্দ্র করে মান্নান সৈয়দ স্বল্পায়তনে যে ঘূর্ণি তৈরি করেন তা প্রমাণ করে কবিতা বা ছোটগল্পেই নয়, নাটকেও তিনি গুপ্তবাস্তবের কারুকার। এ শ্রুতিনাট্যের শেষাংশে উদ্ধৃত করলে বিষয়টি স্পষ্টতা পাবে।
১ম কণ্ঠ : আশাবাদীদের সে সহ্য করতে পারতো না।
২য় কণ্ঠ : নিরাশাবাদীদেরও পারতো না।
৩য় কণ্ঠ : সে নিজেকেও সহ্য করতে পারতো না।
৪র্থ কণ্ঠ : বাপ-মাকে খুব ভক্তি করতো বটে।
৫ম কণ্ঠ : কে বলেছে? সে বলতো আমরা হচ্ছি বাপ-মায়ের কামের ফসল।
৬ষ্ঠ কণ্ঠ : তার তাহলে মৃত্যু হলো
৭ম কণ্ঠ : না। এত তার জন্ম
(মৃত্যু একটি দরোজা)
এভাবে মান্নান সৈয়দ তার নাটকের দু'একটি রেখায় পেতে দেন স্বচ্ছ আয়না। আমরা তাতে নিজেকে ক্ষয়িত-গলিত রূপে দেখি। এই দেখানোর কাজটাই শিল্পীর।
আবদুল মান্নান সৈয়দের পূর্ণাঙ্গ নাটক 'না ফেরেশতা না শয়তান'। ছয়টি দৃশ্য ও পনেরটি চরিত্রের নাটক এটি। স্বপ্নকল্পনা ছেড়ে এখানে মান্নান সৈয়দ অনেক বিষয়লগ্ন, শানিত। গুরুভার বিষয় নিয়ে এই নাটকের চরিত্রেরা উত্তপ্ত তর্কবিনিময় করে। নাট্যিক দ্বন্দ্বের পরিণতি সাধনে নাট্যকার এখানে যান্ত্রিক পদ্ধতিকে প্রত্যাখ্যান করে অন্তর্লীন অগ্রসরমানতায় মনোযোগী ছিলেন। একটি আধা-বিকশিত নগরের কতিপয় সচেতন নাগরিকের বাহাসে এখানে একে একে হাজির হয় গণসাহিত্য-সৎসাহিত্য বিতর্ক, বাস্তববাদ ও নান্দনিকতাবাদের দ্বন্দ্ব ইত্যাদি আর নাট্যকার আমাদের নতুন এক বাস্তবের দিশা দেন। অন্তর্বাস্তবতা। হঠাৎ এক দুর্ধর্ষ সত্যের সম্মুখীন হই আমরা:
"জামিল : দুটো জিনিসের কথা আমার সামনে বলবে না। এক. রাজনীতি; আর দুই. ডিকশনারি। রাজনীতির পর অভিধান মানুষকে সংকীর্ণ করে তোলে। শব্দের মধ্যে আবদ্ধ করে রাখে জীবনকে।"
(না ফেরেশতা না শয়তান)
প্রথাভাঙা এমনতর বহু উপলব্ধির জন্য এ নাট্য সংকলনের কাছে আমাদের আসতেই হবে। বিষয় নির্বাচনের শ্রীতে, সর্বাধুনিক নাট্য-আঙ্গিকের ব্যবহারে আবদুল মান্নান সৈয়দ তার নাট্যকাজের মধ্য দিয়ে আমাদের সীমায়িত সাহিত্যিক ভূগোলে যুক্ত করলেন তার স্বচিহ্নিত আরো একটি ব-দ্বীপ। এক নাটকে তিনি বলেছেন:
"সময় একটা জেলখানা, জন্ম একটা জেলখানা, মিথুন একটা জেলখানা, মরণ একটা জেলখানা।… মানুষ একটা সুনির্দিষ্ট অঙ্ক…।"
আমরা বলবো আবদুল মান্নান সৈয়দের নাট্যপ্রচেষ্টা সর্বগ্রাসী জেলখানা এবং অঙ্কবদ্ধ নিয়তির বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। এখানকার নাট্যিক অভীপ্সাই যেন জেলখানা ভাঙা সমুদ্রসম্ভোগের আবাহন।
