রবীন্দ্র ভাবনার অন্য কিছু দিক
যৌবনের প্রারম্ভে রবীন্দ্রনাথ পাশ্চাত্য জগত সম্পর্কে অত্যন্ত উঁচু ধারণা পোষণ করতেন। ঔপনিবেশিক জমানার আর্থ সামাজিক, রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতীয় রাজা, মহারাজা, জমিদার, আমলা, অমাত্যরা ব্রিটিশদের প্রতি নিঃশর্তভাবে অনুগত ছিল। তাদের অস্তিত্ব¡ নির্ভর করতো রাজানুগত্যের উপর। শাসন কাঠামোর সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত থাকার কারণে পাশ্চাত্য সমাজের শিল্পায়ন, জ্ঞান, বিজ্ঞানসহ তথাকথিত অগ্রগতির নানা বিষয় পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে এ শ্রেণীর উপর প্রভাব ফেলেছিল। যে কারণে পরাধীনতার শেকল পরেও সমাজের এই অগ্রসর শ্রেণীটি ব্রিটিশ এবং পশ্চিমাদের প্রশংসায় থাকতো পঞ্চমুখ। রবি ঠাকুরও যৌবনের প্রারম্ভে এর ব্যতিক্রম ছিলেন না। পাশ্চাত্যের পাদদেশেই তিনি জীবনের স্বরূপ সন্ধানে ব্যাপৃত ছিলেন। প্রাচ্যের অচলায়তনের তুলনায় পশ্চিমের বেগবান সমাজ তাঁর কাছে অনেক আকর্ষণীয় বলে প্রতীয়মান হয়েছিল। তিনি ১৮৭৮ সনের সেপ্টেম্বর মাসে মাত্র ১৭ বছর বয়সে ইতালি, প্যারিস হয়ে বিলেত গিয়েছিলেন। সে সুবাদে যাত্রা বিরতির কারণে তাঁর প্যারিস দর্শন হয়েছিল। প্রথম দর্শনেই তারুণ্যে উচ্ছ্বল কবি ওই শহরের প্রেমে পড়ে যান। এ সম্পর্কে বিশ্বকবি তাঁর অনুভূতি প্রকাশ করেছেন য়ুরোপ প্রবাসীর প্রথম পত্রে। তাঁর সে অনুভূতির আবশ্যিক অংশ বিশেষ এখানে সরাসরি তুলে ধরছি; 'সকাল বেলা প্যারিস গিয়ে পৌঁছলাম। কী জমকালো শহর। অভ্রভেদী প্রাসাদের অরণ্যে অভিভূত হয়ে যেতে হয়। মনে হয় প্যারিসে বুঝি গরিব লোক নেই। মনে হলো, এই সাড়ে তিন হাত মানুষের জন্যে এমন প্রকাণ্ড জমকালো বাড়িগুলোর কী আবশ্যক। হোটেলে গেলেম, এমন প্রকাণ্ড কাণ্ড যে, ঢিলে কাপড় পড়ে যেমন সোয়াস্তি হয় না, সে হোটেলেও বোধ করি তেমনি অসোয়াস্তি হয়। স্মরণ স্তম্ভ, উৎস বাগান, প্রাসাদ, পাথরে বাঁধানো রাস্তা, গাড়ি, ঘোড়া, জন কোলাহল প্রভৃতিতে অবাক হয়ে যেতে হয়'। এর পরও বেশ ক'বার তিনি প্যারিস ভ্রমণ করেছেন এবং এ শহরের অমৃত পান করে তৃপ্ত হয়েছেন। আইফেল টাওয়ারে বসে স্ত্রীকে পত্র লিখতেও কার্পণ্য করেননি। বিভিন্ন পর্যায়ে ব্রিটেনে বসবাসকালে মনে ধারণ করতেন অপার কৌতুহল। স্বদেশে থাকা কালে সমগ্র ব্রিটেনকেই তিনি জ্ঞান বিজ্ঞানের অসীম ভাণ্ডার হিসেবে বিবেচনা করতেন। প্রাথমিক অবস্থায় পাশ্চাত্যের শিল্প, কলা, সাহিত্যের সুধা পান করে নিজেকে ধন্য মনে করেছিলেন। এ সময়কালে সাচ্চা সমাজ বিজ্ঞানীর মতো তিনি আস্বাদন করেছেন ওদেশের শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতিসহ রাজনীতির বহুমাত্রিক স্বাদ। আধুনিক সমাজের অনেক কিছুই তাঁকে বেশ বিমোহিত করেছিল। লন্ডনে অবস্থানকালে বিভিন্ন প্রদর্শনীতে যেমন যেতেন. তেমনি নিয়মিতভাবে হাউস অব কমন্সে যেতেন এবং চলমান অধিবেশন প্রত্যক্ষ করতেন। জন ব্রাইট, গ্লাড স্টোনদের বক্তৃতা শুনে বিমুগ্ধ হতেন। ওদের রাজনৈতিক সংস্কৃতির তারিফ করতেন, একই সাথে পার্লামেন্টে আইরিশ সদস্যদের প্রতি ব্রিটিশদের কটাক্ষপূর্ণ কথায় ও আচরণে ব্যথিত বোধ করতেন।
এ উঠতি বয়সকালে সরল বিশ্বাসে তিনি বিলেতি সমাজের প্রতি অনুরক্ত হয়ে পড়েছিলেন। এ সমাজের গতিশীলতা, মুক্ত চিন্তা এবং জীবনের স্বাধীনতার প্রতি আকৃষ্ট হয়ে অপার আনন্দ বোধ করেছিলেন। বিশেষ করে নারীদের স্বাধীনতার বিষয়টি তাঁকে খুব উচ্ছ্বসিত করেছিল। এ সম্পর্কিত তুলনামূলক আলোচনা কালে তিনি লিখেছিলেন, 'মেয়েদের সমাজ থেকে নির্বাসিত করে দিয়ে আমরা কতটা সুখ ও উন্নতি থেকে বঞ্চিত হই, তা বিলেতের সমাজে এলে বোঝা যায়'। কিন্তু তাঁর এ সমস্ত মোহ খুব অল্প সময়েই কর্পূরের মতো বাতাসে উবে যায়। কালে কালে সময়ের প্রবাহে একে একে তার মনোজগত থেকে পাশ্চাত্যের মাদকতা অপসৃত হতে থাকে। বয়স যত পরিণতির দিকে এগুতে থাকে, তত তার চোখের সামনে থেকে সরে যেতে থাকে তথাকথিত পশ্চিমা সভ্যতার নেকাব। পৃথিবীর এ প্রান্ত থেকে ওপ্রান্ত পরিভ্রমণের মাধ্যমে তিনি যে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেন, তার আলোকে বিচার করতে গিয়ে পাশ্চাত্যের বিদ্যা বুদ্ধির অসারতা, নোংরামি এবং পেশী শক্তির উন্মত্ততা তাঁর কাছে উন্মোচিত হতে থাকে। পাশ্চাত্যের পঙ্কিলতা থেকে পরিত্রাণ পেতে তিনি প্রত্যাবর্তন করেন ভারত মাতার কোলে, এখানকার নিষ্কলুষ শিক্ষা, সংস্কৃতি ও নির্লোভ ঐতিহ্যের পুনর্জাগরণের জন্য মাথা তুলে দাঁড়ান।
যে কারণে বাঙালি ও ইংরেজদের মধ্যে পার্থক্য নির্দেশ করতে গিয়ে তাঁকে বলতে হয়, 'বাঙালি চায় গৃহ ও ভালবাসা, ইংরেজ চায় উপকরণ ও আরাম'। পশ্চিমের জীবন দর্শনের অন্তঃসার শূন্যতা হৃদয়ঙ্গম করতে পেরে, উপমহাদেশের সহজ সরল শিক্ষা সংস্কৃতির সাথে ওদের তুলনা প্রসঙ্গে ১৯৯১ সালে প্রাচ্য ও পাশ্চাত্যের মিল অমিল সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, 'ইউরোপীয় সভ্যতা যন্ত্র নির্ভর, নিষ্প্রেম, এর গতি-ব্যস্ততা সংঘর্ষাভিমুখী। স্বকীয় বৈশিষ্ট্য সংরক্ষণ করে তাই ইউরোপীয় শিক্ষা গ্রহণ করতে হবে'। এ বক্তব্যের মাধ্যমে তিনি খোলাশা করেন তাঁর নিজের অবস্থান। তাঁর কণ্ঠে ধ্বনিত হতে দেখি আবহমান কালের উপমহাদেশীয় চালচিত্রের অনন্য রূপ। এ প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখ্য যে, এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থা বরাবরই ছিল সম্পদ বর্জিত, নির্লোভ। শিক্ষা ও জ্ঞানের ধারক বাহক তথা আচার্যদের গৃহে লক্ষ্মীর প্রবেশাধিকার ছিল নিষিদ্ধ। স্বরস্বতী তথা বিদ্যা দেবীর সাথে বৈষয়িক বিষয়ের দেবী লক্ষ্মীর বিরোধের মাধ্যমে বিষয়টি নির্ধারণ করা হয়েছিল। সম্পদের সাথে বিদ্যার পারস্পরিক বৈপরীত্য ছিল এখানকার সমাজের অলঙ্ঘনীয় ভেদ রেখা। আদি সমাজের নানান হিতোপদেশেও এর নমুনা পরিদৃষ্টি হয়। বিষয়টির সারবত্তা উপলব্ধির জন্য এ ক্ষেত্রে কৌটিল্যের নীতিশাস্ত্র থেকে একটি উদ্ধৃতি প্রদান করছি, বিদ্যার্থীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, "The student (brahmacari) should completely renounce the following eight things — his lust, anger, greed, desire for sweets, sense of decorating the body, excessive curiosity, excessive sleep, and excessive endeavor for bodily maintenance."
বলা বাহুল্য, শিক্ষা জীবন সমাপ্তির পরও জ্ঞানবানদের জন্য এ সমস্ত নিষেধাজ্ঞা পুরা মাত্রায় বহাল ছিল। যে কারণে অর্জিত বিদ্যাকে পুঁজি করে ধন সম্পদের দিকে দৃকপাত করাটা ছিল আদর্শ চ্যুতির সামিল। আমাদের গৌরবের এই ঐতিহ্যমণ্ডিত অতীতকে হৃদয়ে ধারণ করে বিশ্বকবি আগামীর স্বপ্নে বিভোর হয়ে উঠেছিলেন। স্বদেশীয় শিক্ষা সম্পর্কিত তাঁর এ ধরনের ধ্যান ধারণার প্রকাশ দেখতে পাই ত্রিপুরার মহারাজকুমার ব্রজেন্দ্র কিশোর দেব মাণিক্যকে লিখিত পত্রে। সে পত্রে তিনি লিখেছিলেন, 'আমি ভারত বর্ষীয় প্রাচীন আদর্শে আমার ছাত্রদিগকে নির্জনে নিরুদ্বেগে পবিত্র নির্মলভাবে মানুষ করিয়া তুলিতে চাই। তাহাদিগকে সর্ব প্রকার বিলাতী বিলাস ও বিলাতের অন্ধ মোহ হইতে দূরে রাখিয়া ভারতবর্ষের গ্লানিহীন পবিত্র দারিদ্র্যে দীক্ষিত করিতে চাই'। এ পর্যায় পর্যন্ত ভেবেই তিনি ভাবনার রশি টেনে ধরেননি। অনুসন্ধিৎসু দৃষ্টিতে খুঁজে বের করেছেন উপমহাদেশের গীতিময় গৌরব। তৎপ্রেক্ষিতেই 'নৈবদ্য' কাব্যে অবহেলিত ভারতীয় সমাজের স্বরূপ সন্ধানার্থে লিখেছিলেন,
'অন্তরে যে সম্পদ ফেলেছি হারায়ে
তাই আজি ব্রাহ্মণের বিরল বসন
সম্মান বহে না আর, নাহি ধ্যানবল,
শুধু যপমাত্র আছে, শুচিত্ব কেবল
চিত্তহীন অর্থহীন অভ্যস্ত আচার…
সন্তোষের অন্তরেতে বীর্য নাহি আর
কেবল জড়ত্বপুঞ্জ…
মধুসূধনের মতো কবির হাহাকার ধ্বনিতেও উঠে এসেছে অনুশোচনা বোধ। যে মোহ তাঁকে আশাবাদী করে তুলেছিল, যে আধুনিক জীবন ছিল তাঁর কাছে অনুসরণীয়। সে জীবন, সে আদর্শ থেকে দিনে দিনে তিনি পেছনের দিকে (পশ্চাৎ পথে নয়) ছুটতে থাকেন। কেন তিনি এভাবে পশ্চিম থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন? সেটি একটি 'হেভি ওয়েট' প্রশ্ন। যে প্রশ্নের উত্তরের সন্ধানে এখনো চলছে নিরন্তর প্রচেষ্টা। এখনো এর সদুত্তর মেলেনি। আদৌ উত্তর মিলবে কি না কে জানে। বাজার ব্যবস্থা তথা পুঁজিতান্ত্রিক সমাজের চরিত্র উন্মোচনের নিমিত্ত মহান মার্কস যে বিষয়টিকে দ্বান্দ্বিক বস্তুবাদের নিরিখে ব্যাখ্যা করেছিলেন। এক্ষেত্রে শোষণহীন ন্যায় ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য সর্বহারা শ্রেণীর এক নায়কত্বের কথা বলেছিলেন। মার্ক্সের দর্শন, সমাজ, রাষ্ট্র ব্যবস্থাসহ উৎপাদন ব্যবস্থা আবর্তিত হয়েছিল দ্বান্দ্বিক বস্তুবাদের আলোকে। আর আমাদের বিশ্বকবি সে বিষয়টি বিচার করেছিলেন নৈতিকতার মানদণ্ডে, সহজিয়া ভাববাদী দর্শনের আলোকে। সম্পদ অর্জনের লোভ, পেশি শক্তি, বিজ্ঞানের অপব্যবহারের বিরুদ্ধে আবর্তিত হয়েছিল তাঁর চেতনা, ভাব জগৎ। পাশ্চাত্য সমাজের সমস্ত অসঙ্গতি, জুলুম, শোষণ প্রক্রিয়াকে তিনি বিশ্লেষণ করেছিলেন নিষ্কলুষ দার্শনিক দৃষ্টিভঙ্গিতে। ইউরোপের হানাহানির মূলে যে বৈষয়িক লোভ এ কথাটি তিনি মর্মে মর্মে উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন, যে কারণে বিশ্ব শান্তি সম্মেলন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে 'বাতায়নিকের পত্রে লিখেছিলেন, 'যতক্ষণ এই লোভ আছে, ততক্ষণ জগতে শান্তি আনয়নে পীসকনফারেন্সের শক্তি নেই'। এ প্রসঙ্গে আরও বলেছিলেন 'এক রাজ্য অন্যরাজ্যের মধ্যে যে অশান্তি তারও কারণ লোভ, আবার রাজা ও প্রজার মধ্যে যে অশান্তি তার কারণও লোভ'। মুক্ত বাজার ভিত্তিক মুনাফা নামের পাশ্চাত্যের এই লোভার্ত মনোবৃত্তি, যা মানবকল্যাণের জন্য অত্যন্ত অহিতকর, তা কবিকে প্রতি পদে পদে দগ্ধ করেছে, হতাশ করেছে, বিক্ষুব্ধ করেছে। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সূচনাকালে সাম্রাজ্যবাদের এই নগ্ন রূপটি উন্মোচনের নিমিত্ত তাই তিনি 'নৈবদ্য' কাব্যে নিঃশঙ্ক চিত্তে লিখেছিলেন,
'শতাব্দীর সূর্য আজি রক্তমেঘ মাঝে
অস্ত গেল, হিংসার উৎসবে আজি বাজে
অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিণী
ভয়ঙ্করী।
পাশ্চাত্য ও ইংরেজদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে প্রতি ক্ষেত্রে তাঁর দ্রোহের স্ফুরণ ঘটাতে থাকেন। যেখানেই সুযোগ পেয়েছিলেন সেখানেই এ বিষয়ে বলিষ্ঠ ভূমিকা পালনে পিছ পা হননি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কার কমিশনের সভাপতি জনাব স্যাডলার ভারতে শিক্ষা বিস্তারের বিষয়ে তাঁর মতামত আহ্বান করলে, তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন যে, মাতৃভাষার মাধ্যমেই স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠ দানের ব্যবস্থা করতে হবে এবং ইংরেজিকে দ্বিতীয় ভাষা হিসেবে পড়াবার ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে নিজেদের পারিবারিক পরিচিতি প্রকাশ প্রাক্কালেও তাঁর মধ্যে প্রতিভাত হয় স্বদেশ প্রেম ও স্বজাত আভিজাত্য। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, 'বাহির হইতে দেখিলে আমাদের পরিবারে অনেক বিদেশী প্রথার চল ছিল কিন্তু আমাদের পরিবারের হৃদয়ের মধ্যে স্বদেশাভিমান স্থির দীপ্তিতে জাগিতেছিল। স্বদেশের প্রতি পিতৃদেবের যে একটি আন্তরিক শ্রদ্ধা তাঁহার জীবনের সকল প্রকার বিপ্লবের মধ্যেও অক্ষুণ্ন ছিল, তাহাই আমাদের পরিবারস্থ সকলের মধ্যে একটি প্রবল স্বদেশ প্রেম সঞ্চার করিয়া রাখিয়াছিল। বস্তুত, সে সময়টা স্বদেশ প্রেমের সময় নয়। তখন শিক্ষিত লোক দেশের ভাষা এবং দেশের ভাব উভয়কেই দূরে ঠেকাইয়া রাখিয়াছিল। আমাদের বাড়িতে দাদারা চিরকাল মাতৃভাষার চর্চা করিয়া আসিয়াছেন'।
তাঁর সময়কালে একদিকে চলছিল আন্তঃ মহাদেশিয় দর্শনের দ্বন্দ্ব, আরেক দিকে চলছিল রাজনৈতিক চড়াই উৎরাই। মিছিলে মিটিঙে তাঁর রাজনৈতিক সরব উপস্থিতি দৃশ্যমান না হলেও, তিনি এক্ষেত্রে হাত পা গুটিয়েও বসে থাকেননি। প্রয়োজন মাফিক প্রতিবাদ মুখর হতে একটুও দ্বিধা করেননি। এ দোদুল্যমান পরিস্থিতিতে ইউরোপ নিয়ে যখন তাঁর ভেতরে ভাঙা গড়ার খেলা চলছিল তখনই ব্রিটিশ ভারতে ঘটে যায় আরেক বেদনাদায়ক হত্যাকাণ্ড। ১৯১৯ সালের ১৩ এপ্রিল পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে লর্ড ডায়ারের নেতৃত্বে সংঘটিত হয় ইতিহাসের জঘন্যতম গণহত্যা। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ভাইস রয়কে পত্র লিখে তাঁর অবস্থান জানিয়ে দেন। পত্রের কিয়দংশ এখানে তুলে ধরছি, 'নিজের সমস্ত বিশেষ সম্মান চিহ্ন বর্জন করিয়া আমি তাহাদেরই পার্শ্বে নামিয়া দাঁড়াইতে ইচ্ছা করি'। সম্মান চিহ্ন তথা ইংরেজ কর্তৃক প্রদত্ত 'স্যার' উপাধি বর্জনের মাধ্যমে তিনি ভারতীয় বিদ্রোহীদের একজন হয়ে ওঠেন।
প্রতিবাদ প্রতিরোধে প্রেমের কবি, গানের কবি, ছবির কবি হয়ে ওঠেন দ্রোহের কবি। এই দ্রোহের বাণী ছড়িয়ে দেন সারা বিশ্বে। যেখানে অসঙ্গতি পরিদৃষ্ট হয়েছিল সেখানেই তিনি তার উৎস সন্ধানে নিজেকে ব্যাপৃত করেছিলেন। পাশ্চাত্যের ক্ষমতা ও লোভকেন্দ্রিক মানসিকতা তিনি কিছুতেই গ্রহণ করতে পারেননি। এরই ধারাবাহিকতায় ১৯২৪ সালের ১৭ এপ্রিলে সাংহাইতে এক বক্তৃতায় পশ্চিমাদের মন মানসিকতা এবং নৈতিকতার অবক্ষয়ের দিকটি তুলে ধরতে গিয়ে বলেছিলেন যে, " not to acquire that mentality of the primitive man, the mentality of the west eternally striving after power."
ভ্রমণের এক পর্যায়ে তিনি সোভিয়েত রাশিয়াতেও পদার্পণ করেছিলেন। সেখানকার সামাজিক সাম্য, সার্বজনীন শিক্ষা ব্যবস্থা, জনগণের খাদ্য নিরাপত্তা তাঁকে আপ্লুত করেছিল। মানুষে মানুষে ভেদাভেদের প্রশ্নে তিনি হয়ে উঠেছিলেন একজন পরিপূর্ণ বর্ণহীন সাম্যবাদী মানুষ। জাতিগত বিদ্বেষ দূরীভূত করণের জন্য তাঁর মনোজগতে দোলা দেয় এক স্বপ্নীল পারিবারিক পরিমন্ডল। এক্ষেত্রে বিরাজমান হিন্দু মুসলিম বিভেদকে চিহ্নিত করতে গিয়ে তিনি যে কারণগুলো ব্যাখ্যা করেছিলেন তা হলো: সরকারি বিভেদ নীতি, অর্থনৈতিক, শিক্ষাগত ও অন্যান্য বৈষম্য; ধর্মের উগ্রতা ও আচার সর্বস্বতা এবং রাজনৈতিক আন্দোলন। এই সংকটাপন্ন পরিবেশেও তিনি স্বপ্ন দেখেছিলেন সুন্দর আর কল্যাণের। যে কারণে অবলীলায় চিন্তা করতে পেরেছিলেন, 'কোনো হিন্দু পরিবারে এক ভাই খ্রিস্টান, একভাই মুসলমান, একভাই বৈষ্ণব, একই পিতামাতার স্নেহে একত্রে বসবাস করিতেছে এই কথা কল্পনা করা কখনো দুঃসাধ্য নহে বরঞ্চ ইহাই কল্পনা করা সহজ, কারণ ইহাই যথার্থ সত্য, সুতরাং মঙ্গলজনক ও সুন্দর'। নির্মল কবির নির্মল ভাবনাই যেন উদ্ভাসিত হয়েছিল এ ধরণের বক্তব্যের মাধ্যমে।
অতঃপর যৌবনের প্রারম্ভে পশ্চিমের যা কিছু গ্রহণ করেছিলেন সবই যেন তিনি অনাবশ্যক মনে করে জীবনের অন্তিম অধ্যায়ে এসে উগলিয়ে দিয়েছিলেন। ভুল স্বীকার করতেও যেন তাঁর আর কোনো দ্বিধা ছিল না। যে কারণে নির্দ্বিধায় লিখেছিলেন, 'একদিন জেনেছিলুম আত্মপ্রকাশের স্বাধীনতা য়ুরোপের একটি শ্রেষ্ঠ সাধনা, আজ দেখছি য়ুরোপে এবং আমেরিকায় সেই স্বাধীনতার কণ্ঠরোধ প্রতিদিন প্রবল হয়ে উঠছে'। এই কণ্ঠ রোধ করতে করতেই একদিন বেজে ওঠে যুদ্ধের দামামা। পশ্চিমাদের এই রণ সজ্জায় অবাক, বিস্মিত ও হতাশ হয়ে কবি ক্ষোভের সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করে শেষ বিদায়ের আগে অসত্যের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানাতে গিয়ে তিনি লিখেছিলেন;
নাগিণীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস
শান্তির ললিতবাণী শোনাইবে ব্যর্থ পরিহাস
বিদায় নেবার আগে তাই
ডাক দিয়ে যাই
দানবের সাথে যারা সংগ্রামের তরে
প্রস্তুত হতেছে ঘরে ঘরে।
পাশ্চাত্য সমাজের পতনের দিকটিও একটু ভিন্নভাবে তার চিন্তাকে নাড়া দিয়েছিল। অতি উৎপাদন, পুনরুৎপাদন, বিচ্ছিন্নতাবোধগত কারণে পুঁজিবাদ তার নিজের সমাধি নিজেই রচনা করে, এমনটাই অনেকে ভেবে থাকেন। বিষয়টাকে একটু ঘুরিয়ে বলেছিলেন বিশ্ব কবি। তাঁর মন্তব্য জটিল অঙ্কের নিরিখে নিকষিত নয়। তিনি সরল পর্যবেক্ষণের মাধ্যমে স্বীয় প্রজ্ঞায় ইউরোপের আসন্ন সংকট নিয়ে ভাবতে গিয়ে বলেছিলেন, 'বেগবতী মহানদী নিজে বালুকা সংগ্রহ করে এনে অবশেষে নিজের পথ রোধ করে বসে। ইউরোপীয় সভ্যতাকে সেইরকম প্রবল নদী বলে মনে হয়। তার বেগের বলে মানুষের পক্ষে যা সামান্য আবশ্যক এমন সকল বস্তুও চতুর্দিক থেকে আনীত হয়ে রাশীকৃত হয়ে দাঁড়াচ্ছে। সভ্যতার প্রতিবর্ষের আবর্জনা পর্বতাকার হয়ে উঠছে'। ভারতীয় সমাজের ভাববাদী নিষ্কলুষ নৈতিকতার দিকটি বারবার তাঁর চেতনা জগতে উঁকি দিয়েছিল এবং তার আলোকেই তিনি অবমূল্যায়ন করেছিলেন পশ্চিমের সমাজ ব্যবস্থাকে। এখানে এ বিষয়ক একটি কথোপকথন উদ্ধৃত করছি; ১৯২৬ সালে ৬৫ বছর বয়সে অধ্যাপক ফার্মিকির আমন্ত্রণে কবি ইতালির পথে যাত্রা করেছিলেন। এ যাত্রায় তিনি রোম, ফ্লোরেন্স, তুরিন, জুরিখ, ভিয়েনা প্যারিস, লন্ডনসহ আরও অনেক দেশ, শহর পরিভ্রমণ করেছিলেন। এক পর্যায়ে তাঁর সাথে ফরাসি দার্শনিক এম বার্গসনের সাক্ষাৎ হয় এবং তাঁদের দু'জনের মধ্যে পাশ্চাত্য ও ভারতীয় দর্শনসহ বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হয়। সে সব কথোপকথনের প্রাসঙ্গিক অংশ বিশেষ তুলে ধরছি; কথপোকথনের এক পর্যায়ে রবীন্দ্রনাথ বার্গসনকে বলেছিলেন, 'তিনি এটা অনুভব করেন যে, পশ্চিমী সভ্যতা সারা দুনিয়ার উপর স্বার্থপর আগ্রাসন চালিয়ে তাঁর নিজের আত্মায় এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে'। এ বক্তব্যে বার্গসন দ্বিমত পোষণ করেননি। এরপর একই কথোপকথনের এক পর্যায়ে তিনি আরও বলেন যে, 'পৃথিবীর প্রতিটি দেশেরই একটি মহৎ লক্ষ্য অর্জনের তাগিদ আছে। ইতিহাসের এই কালপর্বটি ইউরোপের; কিন্তু ইউরোপ তার প্রকৃত লক্ষ্য ও উদ্দেশ্যের ডাকে সাড়া দেয়নি। কিছু মহান সত্য ও কিছু মহান আদর্শ বিশ্বকে শিক্ষা দানের পরিবর্তে ইউরোপ তার নতুন প্রাপ্ত জ্ঞানকে সম্পদ গ্রাসের উদ্দেশ্যে দুর্বল জনগোষ্ঠীর দেহ ও মনকে উৎপীড়ন করার অশুভ কাজে ব্যবহার করেছে'। এ সমস্ত কখপোকথনের মাধ্যমে তিনি সাম্রাজ্যবাদের শেকড় ধরে টান দিয়েছিলেন। উৎপাটন করেছিলেন তথাকথিত সভ্য সমাজের নগ্ন রূপ। এ সমস্ত প্রশ্নের কোনো উত্তর পশ্চিমি পণ্ডিতেরা আগেও যেমন খোঁজেনি এখনো তেমন খোঁজার তাগিদ বোধ করেন না, কারণ এ অসত্যর উপর দাঁড়িয়ে ছিল সাম্রাজ্যবাদ, এ অসত্যর উপর দাঁড়িয়ে আছে আজকের কর্পোরেট সংস্কৃতি, এ অসত্যকে কেন্দ্র করেই আজও আবর্তিত হচ্ছে তথাকথিত মুক্ত বাজার ভিত্তিক তথ্য প্রযুক্তির প্রাগ্রসর সমাজ, রাষ্ট্র ও বিশ্ব। রবি ঠাকুরের 'কিছু মহান সত্য' স্বীকার করে নেয়া মানে সংঘাতহীন পৃথিবী আর সংঘাতহীন পৃথিবী মানেই প্রকারান্তরে আজকের অর্থনীতির অপমৃত্যু, সমাজের ও রাষ্ট্রের বিনাশ। এ বিষয়গুলোর প্রেক্ষিতেই তিনি মৃৃত্যুর আগে দিয়ে উপলব্ধি করেছিলেন যে, পাশ্চাত্য সভ্যতা আদতেই কোনো সভ্যতা নয়। যে কারণে বেদনার্ত সুরে বলেছিলেন, 'জীবনের প্রথম আরম্ভে সমস্ত মন থেকে বিশ্বাস করেছিলুম ইউরোপের অন্তরের সম্পদ এই সভ্যতার দানকে। আর আজ আমার বিদায়ের দিনে সে বিশ্বাস একেবারে দেউলিয়া হয়ে গেল'। একই কথা আমরা পণ্ডিত নেহেরুর মধ্যেও প্রতিধ্বনিত হতে দেখেছিলাম। পাশ্চাত্যের নানাদিকের চুলচেরা বিশ্লেষণের পর নেহেরু এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে, 'আজকের পৃথিবী নানা দিক দিয়ে উন্নতি লাভ করেছে সত্য। কিন্তু যত বড় গলা করেই সে আজ বলুক না যে মানুষকে সে ভালবাসে, এ কথা অস্বীকার করার জো নেই যে, আজকের পৃথিবীর ভিত্তিই হলো ঘৃণার উপর, হিংসার উপর, প্রেমের উপর নয়'।
এ সমস্ত কথার দিন বিগত হয়েছে বহু আগে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা, পারমাণবিক বিভৎসতা বিশ্ব কবিকে দর্শন করতে হয়নি। তিনি দেখেননি ১৯৪৭'র রক্তাক্ত অধ্যায়। দেখেননি ১৯৭১। দেখেননি বসনিয়া, ইরাক আর প্যালেস্টাইনের উপর অমানবিক অত্যাচারের আখ্যান। ব্রিটিশদের শেষ পরিণতিও তিনি দেখে যেতে পারেননি। যে সাম্রাজ্যে সূর্য ডুবতো না, সে সাম্রাজ্যও একদিন ইতিপূর্বেকার রোম, মৌর্য, শ্রী বিজয়া, অটোমান, মোগল ও অন্যান্য সাম্রাজ্যের মতো জৌলুষ হারিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবনমিত হতে থাকে ইউনিয়ন জ্যাক। ব্রিটিশদের এই বিপর্যয়কর করুণ অবস্থাটি খুব চমৎকারভাবে চিত্রিত হয়েছিল কিপলিং এর একটি কবিতায়। সে কবিতার কয়েক ছত্রে তিনি লিখেছিলেন;
Far called our natives melt away
On dune and headland sinks the fire
Lo, all our pomp of yesterday
Is one with Nineveh and Tyre.
প্রচণ্ড দাপুটে শক্তির সমাপ্তি এভাবেই ঘটেছিল, কিন্তু তারপরও কি ব্রিটেন এবং পাশ্চাত্য দুনিয়ার প্রভাব এতটুকুও ম্লান হয়েছে বা হয়েছিল? ভূখণ্ড হারানোর পরও প্রযুক্তির কল্যাণে, অর্থের জোরে, ক্ষেত্র বিশেষে কূট কৌশল এবং শক্তির মাধ্যমে পাশ্চাত্য প্রবেশ করেছে সাম্রাজ্যের আরেক অধ্যায়ে, নব্য ঔপনিবেশিক এ ধারার সাথে পরবর্তীতে সম্পৃক্ত হয়েছে এশিয়ারও অনেক দেশ। খোদ নেহেরুর ভারতও প্রবেশ করেছে গতানুগতিক ধারার পুঁজির সা¤্রাজ্যে। সময় এগিয়েছে, মানুষ এগিয়েছে, সেই সাথে এগিয়ে চলছে মানুষের লোভ লালসার প্রবৃত্তি। গায়ের জোর, লোভ, জ্ঞানের মাধ্যমে সম্পদ অর্জনের স্পৃহা আজও পৃথিবী থেকে অপসৃত হয়নি। বরং এর পরিধি আরও বিস্তৃত হয়েছে এবং হচ্ছে। পেশি শক্তি, মুনাফা, জোচ্চুরির থাবা হয়েছে আরও তীক্ষè। মরালিটির প্রশ্নটি প্রশ্ন হয়েই থেকে গেছে। উপনিবেশ থেকে মুক্ত হয়ে এ উপমহাদেশ রবি ঠাকুরের প্রত্যাশিত নির্লোভ সমাজ বিনির্মাণের পথে হাঁটেনি। পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে এনে পুনঃপ্রতিষ্ঠিত করবার কোনো কোশেশও করেনি। বরং নিজেদেরকে আগের চেয়ে আরও উলঙ্গভাবে মেলে ধরেছে পাশ্চাত্য সমীপে। প্রাচ্য সমাজের যুগ যুগান্তরের প্রবহমান নৈতিকতার অনবদ্য সত্তাটি অনুদ্ঘাটিই রয়ে গেছে। অথচ এ স্বকীয়তাই আমাদের অলংকার। এই অনন্যতাই অন্যদের থেকে আমাদেরকে আলাদা করে রেখেছিল। এ সম্পর্কিত কৌটিল্যের উক্তি এখানে প্রাসঙ্গিক মনে করে তুলে ধরছি: Moral excellence is an ornament for personal beauty. এ কথার জের ধরে রবীন্দ্র মানসের একটি উদৃতি দিয়ে এ প্রসঙ্গের সমাপ্তি টানছি। দেশকে কেন ভালবাসেন সে প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছিলেন, 'ভারতকে আমি ভালবাসি সত্য। কিন্তু দেশ পূজার মতো পৌত্তলিকতা আমার নেই। অদৃষ্টক্রমে এই দেশের মাটিতে জন্মেছি বলেই যে ভারতকে ভালবাসি-তা না। ভারত নানা সংঘাতের মধ্যে, যুগ যুগ ধরে মহাসাধকদের প্রাণবন্ত বাণী বহন করে এসেছে, সারা পৃথিবীর মঙ্গলের জন্য সেই মন্ত্র রক্ষা করে এসেছে। এ কারণেই আমি ভারতকে ভালবাসি'।
এখন রবীন্দ্রনাথের 'নির্লোভ' দর্শন 'সাধকের বাণী' ঘুমিয়ে আছে পুঁজি পরিবেষ্টিত এক প্রশ্নবিদ্ধ শয্যায়। এ উপমহাদেশে এখন একদিকে চলছে পরমাণু বোমা তৈরীর মচ্ছব, আরেক দিকে বাড়ছে ক্ষুধার্থ মানুষের বহর। বিশ্বায়নের কাফেলায় শামিল হয়ে এ উপমহাদেশের লোকেরাও চলছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। পেশিঅলারা ইচ্ছে হলেই ঝাঁপিয়ে পড়ছে সেখানে সেখানে। তারপরও জেগে উঠছে মানুষ, কেঁপে উঠছে ওয়াল স্ট্রটি। অতঃপর শুধু এ উপমহাদেশে নয়, সমগ্র মানব সমাজের কাছে যে দিন একটি সুষম পৃথিবীর প্রয়োজন অনুভূত হবে, একটি নির্লোভ পৃথিবীর বিনির্মাণ অনিবার্য হয়ে উঠবে, এ ধরিত্রীকে রক্ষার জন্য যে দিন স্থান কাল পাত্র ভেবে পরস্পর পরস্পরের দিকে সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়ার তাগিদ অনুভব করবে, সেদিন আমাদের রবীন্দ্রনাথও নতুন করে সারা বিশ্বের কাছে অপরিহার্য হয়ে উঠবে, তার দর্শন হয়ে উঠবে অন্ধকারকে দূরে ঠেলে দেয়ার এক অনবদ্য আলোক-নিদান।
সহায়ক তথ্য
১ ইতালির সম্রাট ও এম বার্গসনের সঙ্গে রবীন্দ্র নাথের কথোপকথন। অনুবাদ: কামরুল হাসান। দৈনিক কালের কণ্ঠ ঢাকা। ১৯ মে। ২০১১
২ জওহরলাল নেহরু। দ্য ডিসকভারি অব ইণ্ডিয়া। ঢাকা। চারদিক। ২০১১
৩ রবীন্দ্র ভ্রমণ সাহিত্য সমগ্র। প্রথম খণ্ড: পাশ্চাত্য। গ্রন্থনাঃ আবুল মোমেন। ঢাকা। প্রথমা প্রকাশন। ২০১০
৪ হুমায়ুন আজাদ। রবীন্দ্রপ্রবন্ধ রাষ্ট্র ও সমাজচিন্তা। ঢাকা। আগামী প্রকাশনী। ২০০৪
৫ ইন্টারনেট'র সংশ্লিষ্ট ফ্রি উইকিপিডিয়া
