কবিতার অর্থ-অনর্থ
আমরা কবিতার কথাই বলব হয়তো। তবে, শুরুতে একটা ছবি দেখতে চাইব। কেননা, কথাটা উঠেছিল দে'জ পাবলিশিংয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে তিনদিনব্যাপী কবিতা উৎসবের আনুষ্ঠানিক এক আলোচনা-সভায়। লম্বা কথোপকথনের মাঝে জনপ্রিয়তম এক বক্তা জানিয়েছিলেন— এখন আর কবিতার মানে কেউ খোঁজেন না। কোনো কবিতা পড়ে বলেন না— এসবের মানে কী? যেমন ছবির মানে খোঁজা বন্ধ হয়ে গেছে অনেক আগেই।
সেই কথার সূত্র ধরে যে-ছবিটি এখন আমরা দেখতে চাইছি, সেটি ১৯৬১ সালের। তেলরঙে আঁকা। শিল্পী বাসুদেব এস গাইতোণ্ডে (১৯২৪-২০০১)। কেন গাইতোণ্ডে? দশ বছর হয়ে গেল তাঁর মৃত্যুর। তবু, আমাদের দেশে তিনিই এ-সময়ের সবচেয়ে আলোচিত চিত্রশিল্পী। আন্তর্জাতিক বাজারে তাঁর ছবির দাম এখন আকাশছোঁয়া। উল্লেখিত ছবিটি এ-বছরের ১১ মার্চ বিক্রি হয়েছে এ-পর্যন্ত ভারতীয় ছবির সর্বোচ্চ দামে, ৩৯ কোটি ৯৮ লক্ষ টাকায়।
কী আছে ছবিটিতে? যদি নিমগ্ন হই, দেখব— নীল পটভূমি কোথাও ফ্যাকাসে উজ্জ্বল, কোথাও কালচে গাঢ়। ডানদিকে ছোট্ট লাল বৃত্ত। তার ক্ষুদ্রতা পটভূমিকে বিশাল করেছে। ছবির মাঝখানে কিছু কালচে আঁচড়। বিমূর্ত। কুয়াশায় যেমন, এখানে সেইসব আঁচড় নীলে ঢাকা পড়ে গেছে। অথবা নীল থেকে উদ্ভাসিত হতে চাইছে।
৮০ ইঞ্চি x ৫০ ইঞ্চি মাপের বিশেষ এই ছবিটির কথা কেন বলছি? বলছি এইজন্যে-যে, ছবিটি হয়তো কিছু বলতে চায়। বা, ছবিটি নিজে না-বলতে চাইলেও আমরা কিছু খুঁজতে চাই অবয়বহীন ওই দৃশ্যপট থেকে। কিন্তু সেটা কী, ঠিক জানি না। শিল্পী কোথাও বলেও দেননি। এমনকি, তিনি ছবিটিকেও শিখিয়ে দেননি।
এইখান থেকে, বোবা এপার থেকে, ওপারের বোবা ছবিটিকে আমাদের দেখার শুরু।
দেখতে দেখতে আমাদের অনুসন্ধানী চোখ হতাশায় ক্লান্ত, বন্ধ হয়ে আসে। পরবর্তী জেদ সঞ্চয়ের চেষ্টা করে। অর্থাৎ, যেন জানতেই হবে— ছবিটা কী বলতে চাইছে। ছবিটার মানে কী? খুঁজতে খুঁজতে একসময় সেই মূক আর বধির, বর্ণনাতীত ধূসর উপত্যকায় আমরা পৌঁছে যাব, যেখানে আগের থেকেই বসে আছেন যন্ত্রণাক্লিষ্ট শিল্পী স্বয়ং। যেখানে 'কোনো-যে মানে নেই, এটাই মানে' নয়। কেননা, তিনি জানেন— অর্থহীনতাকেই অর্থ বলি যদি, ফের ফাঁদে পড়তে হবে অর্থেরই। বরং গাইতোণ্ডে বলবেন— এই উপত্যকায় কোনো কিছুর মানে খোঁজা নিরর্থক। এখানে শুধু দেখা। শুধু দেখে যাওয়া।
বিমূর্ত শিল্প। নন-অবজেক্টিভ আর্ট বা অপ্রতিনিধিত্বমূলক শিল্প। কিসের অপ্রতিনিধিত্ব করে সে? দৃশ্যমান বিশ্বের। কীভাবে? মজার ব্যাপার হচ্ছে— সমস্ত শিল্প রূপ পায় কিছু উপাদানের সাহায্যে। সেইসব উপাদান দিয়ে কুড়ি শতকের আগে মানুষ যা-কিছু এঁকেছে, তাতে ছিল প্রকৃতি, মানবসভ্যতার চিত্র বা অভিব্যক্তিমূলক কাজের আধিপত্য। বিমুর্ত শিল্প তেমনটা রইল না। যেমন আমাদের দেশের গাইতোণ্ডে বা রাজা। বা, আমাদের হিরণ মিত্র। তাঁদের আঁকার উপাদানগুলি আগের মতোই রইল। কিন্তু তাঁরা এইসব কিছুকেই ব্যবহার করলেন সেই কাজে, যেখানে তাঁদের ছবি জগৎসংসারের প্রতিনিধিত্ব করতে আর চাইছে না। সমস্তরকম অনুকৃতিকে অস্বীকার করে ছবিগুলি হতে চাইছে এমন কিছু— যা আকাঙ্ক্ষাময় পৃথিবীতে, গ্রহশোভিত সৌরজগতে, দুই নীহারিকামণ্ডলের মধ্যবর্তী হাঁটু-ভাঁজ-করা অন্ধকারে, এমনকি ক্রমপ্রসারমান ব্রহ্মাণ্ডের কোত্থাও ছিল না।
তবু, যখন ছবি দেখি বা পড়ি কোনো কবিতা, সত্যিই কি ঘন কুয়াশায় খড়ের গাদার ভিতর সেসবের মানে জানার ইচ্ছে নড়েচড়ে ওঠে না? ওঠে। গাইতোণ্ডের যে-ছবিটি এখন আমরা দেখছি, অনুমান করি— সেটি দেওয়ালে টাঙানো আছে এবং ফ্রেমসমেত ছবিটিকে পুড়িয়েও ফেলা সম্ভব। যেমন সম্ভব বিশাল ভূখণ্ড জুড়ে গের্নিকার বিস্তৃত ধ্বংস আর আর্তি। বা, ক্লদ মনের শান্ত লিলিফুলগুলি। আমরা যখন ভ্যানগখের উজ্জ্বল গমখেত পোড়াতে শুরু করব, তখন হয়তো খেতে পাহারারত ডাচ শেফার্ডের দল আমাদের তাড়া করতে পারে। বা, কেউ যদি চান অবনীন্দ্রনাথের ভারতমাতা ছবিটি পুড়িয়ে দিতে, দেশদ্রোহী হয়ে যেতে পারেন; বিপরীত দিক থেকে যেমনটা হয়েছিলেন মকবুল ফিদা হুসেন, নগ্ন সরস্বতীর ছবি এঁকে। কিন্তু গাইতোণ্ডের এই অপ্রতিনিধিত্বমূলক শিল্প পোড়ালে কোনো ডাচ কি জার্মান শেফার্ড তো দূরের কথা, একটা মারাঠা-জাত দেশী কুকুরও আমাদের প্রতি হিংস্র হতে চাইবে না। বা, কারো ধর্মীয় কিংবা রাষ্ট্রীয় ভাবাবেগে আঘাতও লাগবে না। কেননা, ছবিটি জগতের কোনো বস্তুর প্রতিনিধি নয় এবং হতেও চায় না। গাইতোণ্ডের এই ছবি পুড়তে দেখে যদি কেউ নিতান্তই ক্ষিপ্ত হন, তিনি হবেন অমূল্য একটি শিল্প ধ্বংসের কারণে।
শিল্পের অনন্যতা বলে যদি কিছু থাকে, তাহলে, সেই অনন্যতা এইখানেই।
অর্থাৎ, বস্তুগত উপাদান দিয়ে শিল্পী— এখানে গাইতোণ্ডে— ধরতে চেয়েছেন চরমতম অবস্তুকে। অরূপকে? হ্যাঁ, ন্যাপথলিনের মৃদু গন্ধ নাকে লাগলেও তা-ই। কিন্তু, তিনি তা পারেন না। বারবার হোঁচট খান, পিছলে যান। শেষপর্যন্ত হয়তো-বা ধরে ফেলেন বস্তুর গলিত রূপকে। যদি পারেন, যতটুকু পারেন, এখনো পর্যন্ত ততটুকুই তাঁর সাফল্য। এই সাফল্যের কাছে— এবং অতীতের বহুবিধ বর্ণাবলেপনের কাছেও— ছবির অর্থসন্ধানী দর্শক সত্যিই অসহায়।
চিত্রশিল্পের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা এরকম বলেই মনে হয়। কিন্তু কবিতার ক্ষেত্রে?
এর উত্তর আমরা বিপরীত দিক থেকে— অর্থাৎ পাঠকের দিক থেকে নয়, আয়নার ভিতরে যেখানে কবি আছেন, সেইদিক থেকে— পেতে চেষ্টা করব।
তাহলে ঢুকে পড়ি আয়নাজগতে?
দুই
কবি যেখানেই থাকুন, তাঁর চারপাশে দৃশ্য থাকবার কথা। এখানে আছেও। ধরা যাক, তিনি এখন লিখছেন না। আয়না থেকে বেরিয়ে এসে একীভূত হয়েছেন জৈবসত্তায় এবং হেঁটে যাচ্ছেন জানালার দিকে। নীচে রাস্তা। ফুটপাথে কাঞ্চন গাছ। বেদিটি যত্ন করে বাঁধানো হলেও ডাল ছেঁটে-ছেঁটে গাছটি এখন বিকলাঙ্গ। তার গোড়ায় পাড়ার রেখে-যাওয়া ছোটো-ছোটো সরস্বতী ঠাকুরের গলিত জটলা। 'সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।/বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।'— বছর পেরিয়ে এই অঘ্রানে সেসব বিবর্ণ হয়ে গেছে। একটা ছোটো হাতি, ওই-যে টাটা-এস, বছর দেড়েক তো হবেই, কেন-যে গাছটার তলায় দাঁড়িয়ে! ওর মালিকই-বা কে, জানা যায় না।
হ্যাঁ, তিনি এখন লিখছেন না। কিন্তু দেখছেন। যা-কিছু দেখছেন, সবই বস্তু। কিন্তু সব বস্তুই তাঁর কাছে আসছে শব্দের বিমূর্ত রূপে। যতই ছেঁটে ছোটো করুক পুরসভার লোকেরা, ডালপালা আর পাখির বাসা-সমেত গাছটিকে তিনি ঘরে আনতে পারেন না। আনেন তার চিহ্নরূপ। গ-এ আকার ছ— আমাদের অক্ষর। কোনো মুহূর্তে যদি তিনি লিখেও ফেলেন, তাহলে তাঁকে লিখতে হয় এই অক্ষরমালা, এই চিহ্নটুকুই। পাঠক যখন পড়েন, এইসব চিহ্নের ছায়াঘন কুণ্ডলীর নীচে হয়তো বৃক্ষের শীতলতা আকাঙ্ক্ষা করেন। কখনো পানও।
কিন্তু মহত্তম কবির সমস্যা তো অন্যত্র। তিনি জানেন— কবিতা শব্দ দিয়ে লিখিত হয়, কদাপি বাক্য দিয়ে নয়। তবু তাঁকে অতিক্রম করে যেতে হয় বাক্যের সেইসব টানা বারান্দা— যার একদিকে বালিয়াড়ি, লোনা গর্জন, লুটিয়ে-পড়া ঢেউ; অন্যদিকে পরপর দরজা— কোনোটা বন্ধ, আধখোলা কোনোটা। ভিতরে খুটখাট আওয়াজ। এইসব কিছুই অর্থবহ। শুধু তা-ই নয়, কবির সামনে সুবিন্যস্ত বাক্যের প্রতিটি শব্দ থেকে উঁকি মারতে চায় এক বা একাধিক অর্থ, যেসব অর্থ পূর্বনির্ধারিত। এত-এত অর্থযুক্ত শব্দের মাঝে কবি হয়ে পড়েন অসহায়। কেননা, এইসব শব্দই তাঁর লেখার অন্তিম উপকরণ। এত সব ভিন্নমুখী অর্থের টানাপড়েনে জর্জরিত কবি কোন্ উপায়ে নিজের কথাকে নিখুঁত সম্পূর্ণতার জগতে পৌঁছে দেবেন?
এইখানেই চিত্রশিল্পীর পথ ছেড়ে কবিকে ধরতে হয় দুর্গমতম পথ। কেন? শিল্পীর বাহ্যিক উপকরণ রং, তুলি, ইজেল, ক্যানভাস আর আঁকার মতো একটু পরিসর। কবির? ভাষা, কলম, কাগজ অথবা ডেস্কটপ বা ল্যাপটপ। এবার আমরা তুলনায় আনতে পারি রং আর ভাষাকে।
সৃষ্টির শুরুর থেকেই ব্রহ্মাণ্ডের প্রতিটি বস্তুর নিজের নিজের রং রয়েছে। যেদিন মানুষ প্রথম আঁকতে চাইল, সেদিন হাতের কাছে যা পেয়েছিল, তাই দিয়েই (সম্ভবত কাঠকয়লা) আঁচড় কেটেছিল পাথরের গায়ে। পরে তৈরি করে নিয়েছে নিজের মতো রং। রঙেরও বলবার কথা আছে, রংও প্রকাশ করতে চায় নিজ বস্তুনিহিত অর্থ। কিন্তু ভাষার মতো বাঙ্ময় না-বলে বলতে পারি বাচাল— সে নয় সম্ভবত। আর, কবিকে সামলাতে হয় ভাষার ওই বাচালপনা।
আমরা শক্তি চট্টোপাধ্যায়ের দু-একটি কবিতা এখন পড়তে চাইব। দেখব, শব্দের এই বাচালপনা কেমন সামলেছেন তিনি। কবিতাগুলি বেশ-একটু পাঠকপ্রিয়। আশঙ্কা করি— হয়তো-বা আলুলায়িত ছন্দের কারণে, কখনো-বা মিলের কারণে, পাঠকপ্রিয়তা পেয়ে থাকলেও কবিতাগুলির সামুদ্রিক আহ্বান-যে আমাদের লবণাক্ত করেছে, সেসবের লিখিত প্রমাণ এখনো পর্যন্ত তেমন নেই। হয়তো-বা আমরা মুগ্ধ হয়েছি কবিতানিহিত ছন্দের মাত্রাজ্ঞানে।ইন্দ্রিয়জাত এইসব শব্দের স্বাধীন মুখরতা স্তব্ধ করে শুদ্ধ বুদ্ধির উত্তুঙ্গ শীর্ষে নিয়ে যাবার আপ্রাণ চেষ্টার মধ্যে শব্দ বিন্যাসের প্রতি কবির যে-মাত্রাজ্ঞান, আমরা সেসব লক্ষ্য করিনি। সেদিক থেকে এসব রচনা বেশ অনালোচিতই থেকে গেছে। না কি দুর্বোধ্য? আসুন, দেখি হে প্রেম, হে নৈঃশব্দ্য থেকে এমন কয়েকটি কবিতা। যেমন— 'কারনেশন', 'চিত্রশিল্প অনন্তকাল', 'ঝর্না', 'পাবো প্রেম কান পেতে রেখে' বা 'অন্ধকার শালবন'-এর যে-কোনোটা। এখন আমরা পড়ব 'কারনেশন' কবিতার প্রথম অংশটুকু:
প্রভেদ জটিল, অবগুণ্ঠিত সড়কে চাঁদের আলো
তাকে দিয়ো অই ফুলটি কারনেশন।
কতদিন তার মুখও দেখিনি, চেনা পদপাত পিছল অলক কালো
ও-ফুলের কথা ব'লো না কাউকে বুড়ো মালঞ্চ।
মায়াবী সকাল ফিরে এনেছে কে, কে মঞ্জরীর অস্বচ্ছ আলোছায়
বাগানে ঘুরছে স্খলিত নিদ্রা, কেই-বা দুপুরে
ঘুমায় উষ্ণ বায়ুর বিলাসে ঝাঁঝাঁ গায়ে গায়ে
ফুরোয় দুপুর ফুরোয় সন্ধ্যা শুধু জলরেখা শুধু জলরেখা।
এখানে কবিতায় ব্যবহৃত প্রতিটি শব্দেরই অর্থ আমরা জানি। তবু, এটা কি আমাদের কাছে স্পষ্ট— কবিতাটি কী বলতে চাইছে? এর অর্থ কী? স্পষ্ট নয় এবং তার দরকারও নেই। কিন্তু, ব্যাপারটা কী করে সম্ভব হল? প্রতিটি শব্দ চেনা। এইসব পরিচিত, গৃহপোষ্য শব্দেরই সাহায্যে কবিকে করতে হয়েছে নিজের অনুরূপের পূর্ণতর প্রকাশের চেষ্টা। শব্দের নিজস্ব বিন্যাসপদ্ধতির উপর দাঁড়িয়ে কবির ঊর্ধ্বমুখী আবেদন— 'অচেনা, কিছু চেনাও চিরতরে।'
এরপর এই কবিতার একটা প্রতিচ্ছবি নির্মাণের চেষ্টা আমরা করতে পারি বড়ো জোর। তার আগে ঘুরে আসব একটি ছোটো গদ্যে, যার নাম 'কবিতার ভাষা', যেটি আমরা পড়তে পাই শঙ্খ ঘোষের জার্নাল গ্রন্থে। তিনি লিখছেন—
একজন বন্ধু লিখেছেন সেদিন, জীবনানন্দের ভাষা তাঁর কাছে কোনো কিছুর বাহন নয়, না আবেগের না প্রজ্ঞার। ভাষাই না কি তাঁর সেই চৈতন্য যাতে 'নিখিল প্রপঞ্চের উদ্ভাস ঘটে'। আর তাঁর সমকালীন অন্য কবিদের ভাষা সামাজিক, বাচনিক, অর্থাৎ ভাষা দিয়ে তাঁরা 'কিছু একটা ব্যক্ত করেন'।
এতটা মেনে নিতে পারেননি শঙ্খবাবু। তাঁর বক্তব্য:
এটা ঠিক যে অন্য অনেক কবির তুলনায় জীবনানন্দের ভাষায় তাঁর নিজস্ব গহনতার মুদ্রা খুব বেশি, এটা ঠিক যে সেই কারণে বক্তব্যটাই চেপে ধরে না ওঁর লেখাকে। কিন্তু তাহলেও, এও কি সত্যি নয় যে সে-ভাষা প্রকাশ করছে স্পষ্টই কোনো আবেগ বা ভাবনা, প্রজ্ঞা বা দর্শন?
তাঁর মতে, ব্যতিক্রম হিসেবে আছে হয়তো-বা কিছু লেখা, যেমন 'বিড়াল' বা 'ঘোড়া'; কিন্তু 'সব নিয়ে বন্ধুর ওই ভাবনার সঙ্গে' তাঁর মিলছে না ঠিক। আর এরপরই শঙ্খ ঘোষকে আমরা পাই তাঁর সমসাময়িকতায়, যখন তিনি লেখেন—
কিছু-না-বলা উদ্ভাসের কিছু উদাহরণ আছে হয়তো শক্তির কবিতায়, আর নিশ্চয়ই উৎপলের 'পুরী সিরিজ'-এ। কিন্তু কেবল এই উদ্ভাস নিয়ে যে খুব বেশিদিন থাকা যায়, মন তা মানতে চায় না।
এরপরই তিনি চলে যান 'কিছু-না-বলা উদ্ভাসের' উৎস সন্ধানে মালার্মের কাব্যভাবনায়— 'এরকম ভাবনার পিছনে কি কাজ করে মালার্মের কোনো ইঙ্গিত?'
ফলে এখন বাধ্যত আমাদের একটু ঘুরে আসতে হবে মালার্মের গহন মনের গহ্বর থেকে, যা তিনি নির্মাণ করেছিলেন একনিষ্ঠ সাধনায়।
স্তেফান মালার্মের জন্ম ১৮৪২-এ। ১৮৯৮-এ মৃত্যু। আঠারো/উনিশ বছর বয়সে যখন ছাপা শুরু করেন কবিতা, তাঁর লেখায় বোদলেয়ারের ছাপ স্পষ্ট। তবু বোদলেয়ার থেকে অনেক দূরের তিনি। তীক্ষ্ণ বুদ্ধির দীপ্তিতে, আদর্শে আর পবিত্রতায় মালার্মের পরম লক্ষ্য ছিল সেই ভাব প্রকাশের সাধনায় মগ্ন, যা আসলে সত্য। নিজের কবিতায় জগৎকে নতুন করে নির্মাণ করতে চেয়েছিলেন তিনি, জগতের সত্য রূপটিকে চেয়েছিলেন প্রকাশ করতে। অনুপ্রেরণায় বিশ্বাস করতেন না। বিশ্বাস করতেন, লেখা মানে জেগে থাকা— 'সাদার উপর সারি সারি কৃষ্ণ অক্ষরসমূহ যেন তমসা-অঙ্কিত ফিতেয় গভীরের ভাঁজ, অনন্তকে যা ধরে রাখে।' সারা জীবন করে গেছেন বিশুদ্ধতম কবিতার সাধনা।
কিন্তু কবি তো সীমায়িত জগতের বাসিন্দা, যেখানে রূপকথার ঢেউ। সেই রূপকথাকে ভেঙে দুমড়ে ধারালো আর ছুঁচলো করে, কখনো-বা প্রসারিত করে, গুঢ় সত্যের প্রকাশে যতই সাধনা করুন, ব্যর্থ হতেই হবে কবিকে। আর তাই লোকনাথ ভট্টাচার্যর মতো মালার্মে-ভক্তকে এক দিগন্ত দিনান্তের বইয়ে 'তিনজন ফরাসি কবি, যাঁরা আমাদেরও' নিবন্ধে শেষপর্যন্ত লিখতে হয়েছে—
সারা জীবন ক্ষুরধার বুদ্ধির এই সাধনায় তাঁর কবিতাকে হতে হয়েছে অনিবার্যভাবে দুর্বোধ্য, তা প্রাণপণ প্রয়াস ও আন্তরিকতা সত্ত্বেও প্রকাশ করতে নিশ্চয় পারেনি সেই এক ও গুপ্তের অদ্বিতীয়কে, শুধু তার মুখে অজস্র চিহ্ন অমানুষিক এক আকাঙ্ক্ষার, অলৌকিক এক হতাশার।
কিন্তু এইসব যুদ্ধ-পরবর্তী চিহ্নগুলোই-যে কবিতার পরম অলঙ্কার, নিশি-অন্ধকারে যেগুলো দৈব কানপাশার মতো ঝলমল করে!
শক্তির হে প্রেম, হে নৈঃশব্দ্য-এর বেশ কিছু কবিতার অন্ধকার অলিন্দসমূহে সেইসব চিহ্নের দেখা আমরা পাই— 'দুয়ার, জ্যোৎস্না, তাঁবুর পাশে ইতস্তত পোড়া কয়লা…'।
তিন
অর্থসন্ধান নয়, আলোচনা নয়, বলেছিলাম— শক্তি চট্টোপাধ্যায়ের উদ্ধৃত কবিতার একটি প্রতিচ্ছবি আমরা নির্মাণ করতে পারি বড়ো জোর।
কেমন সে-প্রতিচ্ছবি?
কবিতাটির জন্মমুহূর্তের বর্ণনা আমরা পেয়েছি সন্দীপন চট্টোপাধ্যায়ের এক লেখা থেকে, যেটি ছাপার সময় বিজ্ঞাপিত হয়েছিল উপন্যাস রূপে। যস্মিন দেশে যদাচার! ফলে বর্ণনার সত্যাসত্যের দায় একান্তই সন্দীপনের।
হেসাডির বনবাংলোয় বিনি পয়সায় থাকার পরীক্ষায় বসেছেন শক্তি এবং কবি হিসেবে পাশ করতেই হবে তাঁকে। পরীক্ষক ডিএফও কমলাকান্ত্ উপাধ্যায় স্বয়ং। জঙ্গলের দিনরাত্রি গ্রন্থে একমাত্র সঙ্গী সন্দীপন লিখছেন—
উনি আদেশ করলেন, 'রাইট এ সনেট প্লীজ। ফোর্টিন লাইনস। এ-বি-বি-এ।'
লেমসা হ্যারিকেন বসিয়ে দিয়ে গেল। চারিদিকে ঘোর অন্ধকার। সাহেবের জীপ থেকে এল গোটা তিনেক মহুয়ার বোতল। রিয়েল স্টাফ বট ফ্রম রোগোদ।
তিনটে গ্লাসে মহুয়া ঢালা হল। লেমসা বসে রইল হাত পা মুড়ে, কুকুরের মতো।
'নাউ স্টার্ট।' উনি এক চুমুকে ফাঁক করে দিয়ে ঠক করে গ্লাস টেবিলে নামিয়ে রাখলেন। শক্তি ও আমি ওঁকে অনুসরণ করি।
শক্তি পাতার ওপর লিখল:
'প্রভেদ জটিল'
বলে আমার দিকে তাকিয়ে দাড়ির জঙ্গলের ভেতর থেকে হায়েনার হাসি হাসল। তারপর লিখে গেল:
'প্রভেদ জটিল; অবগুণ্ঠিত সড়কে চাঁদের আলো/ তাকে দিয়ো ঐ ফুলটি কারনেশন/ কতদিন তার মুখও দেখিনি/চেনা পদপাত পিছল অলক কালো/ ও ফুলের কথা বলো না কাউকে, বুড়ো মালঞ্চ…'
উনি পাতাটা কেড়ে নিয়ে আমাকে দিলেন। বললেন, 'ক্যা মতলব? ক্যায়সা সায়ের, বাতাও!'
বুঝলাম, এ পদ্য-পাগলাকে এখন বাতাতেই হবে।
এইভাবে শক্তি ২/৪ লাইন লেখে। আর আমি বাতাতে থাকি। কখনও ইংলিশে, কখনও হিন্দিতে। মোট তিনটি কবিতা উপাধ্যায়ের সভাকবি সেদিন রচনা করেছিল।
তারপর চলল হোলনাইট মদ্যপান। সঙ্গে মুর্গির রোস্ট।
ফলে জানা যায়নি বাকি দু-টো কবিতার কথা। এমনকি এও জানা যায়নি, উপাধ্যায় সনেট লিখতে বললেও শক্তি কোন্ উপায়ে পার পেয়েছিলেন দুই পর্বে আট পঙক্তি করে মোট ষোলো পঙক্তির একটি কবিতা লিখে, যেখানে ভেসে গিয়েছে অন্ত্যমিলেরও শর্ত।
অথচ, অসাবধানি উদ্ধৃতি সত্ত্বেও কবিতাটি তো মিথ্যা নয়! সে-রাতের মহুয়ায় ভেসেও যায়নি। তবে কবিতাটি সম্বন্ধে এর চেয়ে বেশি কিছু জানতে পারছি না আমরা— 'হয়তো সড়ক জমাট অন্ধ, কেন আলো ফেলো।/ কেন আলো ফেলো অকারণ মৃদু চমকায় মন;…।'
এসব সেই ১৯৫৯-এর কথা। অনেকটাই হেসাডি, বুরুডি, চাইবাসা আর চক্রধরপুরের অরণ্য আর তার আদিম শিকড়বাকড়। হাজার হাজার বছরের প্রাচীন অরণ্যে ভ্রাম্যমাণ এক তরুণ বিড়বিড় করছেন বিস্ময়কর সব পঙক্তি—
কোথা ব'সে ছিলে? যাবার সময় দেখছি শুধুই
ঝরছে পাতার শিখর-গলানো কার এলো চুল।
অবসাদ আর নামে না আমার সন্ধে থেকে।
ছুটে কে তুলিলে শালবন, ঘনবন্ধন চারিধারে?
লিখছেন—
তোমার আলোই তোমায় মধুর করেছিল একা।
বা, ওই একই 'অন্ধকার শালবন' কবিতায়:
সময়, হে ডুবো বিষণ্ণ ত্রস্ত মুখোশ
অথবা,
ব'সে আছো হায়, আত্মার মাঝে জড়ানো পশম,
কিংবা আমরা পড়তে পারি 'ফুল কি আমায়' কবিতাটি, যেখানে কবি লিখছেন—
স্পৃহায় ক্লান্ত মর্ত্যভূমির সীমানায় দেখি
রেখার আঁধার ধারাবাহিকতা চায় না আলোরে;
ফুল কি আমায় অমোঘ মুঠায় ফিরে যেতে বলে?
তার পরের বছরই কবিতাগুলি বই হয়ে যখন বেরোয়, একটি নামের বন্ধন তারা পায়— হে প্রেম, হে নৈঃশব্দ্য। কিন্তু, কী-যে অসীম সাহসে তিনি লিখেছেন এসব কবিতা! শব্দের সহজ ব্যবহারকে কোন জাদুবলে-যে অস্বীকার করেছেন, সাধনা করেছেন দুরূহতার! একেই কি বলব 'ভাষায় তাঁর নিজস্ব গহনতার মুদ্রা'? না কি বলব তাঁর কবিতায় 'কিছু-না-বলা উদ্ভাস'? যা-ই বলি না কেন, 'ভাষার এই গহনতার মুদ্রা' বেশি দিন ধরে রাখতে পারেননি শক্তি চট্টোপাধ্যায়। 'কিছু-না-বলা উদ্ভাস'-এর সাধনা ছেড়ে তাঁকে বেছে নিতে হয়েছে সেই সহজ পথটি, যে-সহজতা মধ্যবিত্ত বাঙালিয়ানায় মানানসই। যে-সব কবিতার কিছু-একটা মানে বা তার কাছাকাছি কোনোকিছুর আভাস পাঠক সহজেই পেতে পারেন।
কিন্তু যত দিন পেরেছেন, পেরেছেন খুব অল্প দিনই, শক্তি চট্টোপাধ্যায় এবং তাঁর সমসাময়িক আর এক-আধজনই— পরে কেউ-বা— বাংলা কবিতাকে নিয়ে গেছেন সেই উত্তুঙ্গ শীর্ষে, যেখানে বিজ্ঞান আর ইন্দ্রজাল আর কল্পনাপ্রতিভার মিলন হয়তো সম্ভব।
চার
তারপর কোথায় গেলেন শক্তি চট্টোপাধ্যায়? কী-এক অমোঘ টানে তিনি চলে গেলেন সেইখানে, যেখানে বাঙালি কবিতাপাঠক তাঁকে আপনার করে চেয়েছিল, যেখানে 'মানুষ বড়ো কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও'। কখনো বললেন— 'যেতে পারি, কিন্তু কেন যাবো?' যেমন তাঁর সখা আগেই লিখে রেখেছিলেন— 'কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি'।
মধ্যবিত্ত-আমরা আশ্বস্ত হলাম। আমাদের ভয় ছিল ওঁকে নিয়ে। কেননা 'অসংকোচ' নামের কবিতায় তিনিই লিখেছিলেন—
মাঝখানে পথ নেই, শুধু সম্ভবত কিছুক্ষণ
ঝর্নার নির্মল জল ধুয়ে যায় উদ্গত স্তাবকে।
এ-কোন্ বিকালবেলা, মায়াবী এ-কোন্ সন্ধ্যাকাল?
তুমিও পাথর থেকে স্ফটিকধারার মতো ঝুঁকে।
তুমি কে, তুমি কে নীল, অক্লেশ-ভরানো অনুপম,
স্মৃতির নিভাঁজ ঢেউ মুছে কিবা লুকানো প্রান্তরে
ঝর্নার মতন ক্রুর, পুণ্য কত নিষ্ঠুরতা জানে
এ-তীর তরণী-শূন্য, কেন পার হবো বনান্তরে?
আমার দুরাশা, খুঁজে ভিতরে বাহিরে এই পথ
মিলেছিলো শুধু, আর ধু-ধু উদ্বেলার সারস
নিভৃত কবিতা, মৃত নিশ্চিত, উদ্বেগহীন শ্লেষ।
মাঝখানে ছিলো পথ প্রতিভার দুর্নিরীক্ষ্য ক্ষত।
বারো পঙক্তির কবিতাটি সম্পূর্ণই উদ্ধৃত করলাম। আমি আমার মতো পড়েছি। আজও পড়ি। পাঠক, কোনো কিছুর প্রত্যাশা না-করে আপনিও পড়ুন। এ সেই কবিতা, ইন্দ্রিয়ানুভূতির নিম্নভূমি থেকে উঠে পৌঁছতে চাইছে উচ্চতম শৃঙ্গে, যে-তীক্ষ্ণ অঞ্চলে কল্পনাপ্রতিভার সাহায্যে বিজ্ঞান আর ইন্দ্রজালের মিলন ঘটা সম্ভব।
কবিতার কাছে কোনো আবেগের বা ভাবনার, প্রজ্ঞার বা দর্শনের প্রত্যাশা যদি করি, করতেই পারি। হয়তো-বা কখনো সঙ্গতও হবে প্রত্যাশা করা। কিন্তু, প্রত্যাশার যে-গণরূপ আছে, সেই গণরূপ-যে স্বভাবদোষেই থামতে জানে না! টানতে টানতে কবিতাকে সে নিয়ে যাবে— বারবার গেছেও— সেইখানে, যেখানে
একটি মানুষ দেখেছিলাম, দাঁড়িয়েছিলেন একা
হঠাৎ পথে দেখা আমার, হঠাৎ পথে দেখা
সবাই তাঁকে দেখতে পায় না
সবাই তাঁকে দেখতে পায় না
কিন্তু, তিনি দেখেন—
ফলে বাঙালি পাঠক কবিতার কাছে, ছবির কাছেও, অর্থ ভিক্ষা করে না– এমন দাবি অসঙ্গত। কেননা দাবিটি অর্ধসত্য। মানে মিথ্যা। আর সেই কারণেই চারপাশের হাওয়ায় হাওয়ায় এত 'অর্থযুক্ত' কবিতার পাতা ওড়ে।
একক সাধনায় চিহ্নের স্বকীয় বিন্যাসে নিজের সত্যকে অন্যের কাছে পৌঁছে দেওয়াই ছিল কবিদের কাজ। অলৌকিক সেই বজ্রাসন থেকে টেনে তাঁদের নামাতে চেয়েছি আমরা। খেয়াল করিনি, কারো-কারো 'মাঝখানে ছিলো পথ প্রতিভার দুর্নিরীক্ষ্য ক্ষত।'
