বিজয়ের ৫০ বছর এবং বঙ্গবন্ধুর পুনর্মূল্যায়ন
ডিসেম্বর ১৬, ২০২১ তারিখে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসাবে ৫০তম বিজয় দিবস উদযাপন করেছে, যা তার নিজস্ব সার্বভৌম অস্তিত্ব, আত্মপরিচয়ের জন্য সংগ্রামের হাজার বছরের ইতিহাসে একটি যুগান্তকারী অর্জন। পূর্ব পাকিস্তানের রাজনীতিতে একজন ক্যারিশম্যাটিক এবং শক্তিশালী বক্তা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা সর্বজনবিদিত। ৬-দফা স্বায়ত্তশাসনের পরিকল্পনার রূপরেখা, পূর্ব-পাকিস্তান জুড়ে আইন অমান্যের নেতৃত্ব দেওয়া এবং ৭ মার্চ, ১৯৭১-এর যুগান্তকারী ভাষণের সময় সংগ্রামের ঘোষণা দেওয়ার জন্য তাঁর ভূমিকার অনেক আলোচনা ও মূল্যায়ন করা হয়েছে। বিশ্বব্যাপী শীতলযুদ্ধ, ক্ষমতার সংকট এবং ঐতিহাসিক রাজনৈতিক মেরুকরণের প্রেক্ষাপটে তার ভূমিকা মূল্যায়ন করা হয়নি এবং যথাযথ বিশ্লেষণাত্মক মনোযোগ পায়নি। সহস্রাব্দ প্রজন্ম, সেই সাথে জেনারেশন এক্স বাংলাদেশের মুক্তিযুদ্ধের বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং বঙ্গবন্ধুর অসাধারণ ভূমিকা সম্পর্কে ভালভাবে অবগত নয়, যদিও তাদের ইন্টারনেট এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে তথ্য ও ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার সুবিধা রয়েছে। একই সঙ্গে এই সুবিধা আবার নানান মিথ্যাচার, অপপ্রচার, ভুল তথ্য ও পরিকল্পিত প্রপাগান্ডার কারণে চূড়ান্ত অসুবিধার জন্ম দিতে পারে। একারণেই সমস্ত তথ্য থাকার পরেও রাজনীতিবিদ, কৌশলবিদ এবং কূটনীতিবিদ হিসাবে বঙ্গবন্ধুর ভূমিকার একটি নিরপেক্ষ বিশ্লেষণ এই নতুন প্রজন্মের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় কাজ।
এই বিশাল কাজের জন্য অনেক স্থান, সময়সাপেক্ষ গবেষণা এবং অন্যান্য সংস্থান প্রয়োজন। ২০১৬ সালের বইমেলায় প্রকাশিত আমার একটি বইতে (হার্ভার্ডের স্মৃতি ও অন্য এক আমেরিকা) আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সিআইএর ভূমিকা নিয়ে একটি অধ্যায় লিখেছিলাম। এটি ছিল কিছুটা অসমাপ্ত অধ্যায়। এই অধ্যায়ের প্রস্তুতির সময়, আমি কিছু ঐতিহাসিক ও রাজনৈতিক ঘটনা পেয়েছি যা আমাকে বঙ্গবন্ধুর ভূমিকার এই বিশ্লেষণ ও পুনর্মূল্যায়নে পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করেছিল। আমি কোনভাবেই দাবি করছি না যে এই ধরনের বিশ্লেষণ অতীতে করা হয়নি, তবে, সেগুলি বিক্ষিপ্ত ছিল এবং বৈশ্বিক রাজনীতি, গুপ্তচরবৃত্তির ভূমিকা এবং বিশেষত পরাশক্তির ভূমিকা এবং তাদের বৈশ্বিক প্রতিশোধমূলক আচরণের আলোকে করা হয়নি।
১৯৬৯-১৯৭৪ সাল পর্যন্ত আমেরিকান রাষ্ট্রপতি ছিলেন রিচার্ড নিক্সন, যাঁর রাজনৈতিক ক্যারিয়ার প্রস্ফূটিত হয়েছিল অ্যালজার হিস নামের একজন আমেরিকান সরকারী কর্মকর্তা, আইনজীবী এবং জাতিসংঘ প্রতিষ্ঠার মূলহোতাদের একজনের বিচারের মধ্য দিয়ে। নিক্সন বিশ্বাস করতেন যে অ্যালজার হিস একজন সোভিয়েত গুপ্তচর এবং তাকে কারাগারে রাখার চেষ্টা করেছিলেন। নিক্সন কেবল তার কমিউনিস্টবিরোধী মনোভাবের জন্য বিখ্যাত হননি, বরং কমিউনিজমের বিরুদ্ধে প্রচারণার জন্যও বিখ্যাত হয়েছিলেন যা ভিয়েতনাম যুদ্ধের দিকে নিয়ে যায়। নিক্সনের কমিউনিজমবিরোধী প্রচারণা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি সুস্পষ্ট যোগসূত্র রয়েছে। ষাটের দশকের শেষের দিকে এবং সত্তরের দশকের শুরুতে ভারতীয় উপমহাদেশের ভূ-রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আমরা কমবেশি সচেতন। বিশেষ করে ভারত ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক বৈরিতা, সেইসাথে চীনের ভূমিকা। পাকিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর জেনারেল আইয়ুব খান সামরিক সাহায্যের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন এবং সিএটোর (SEATO) মাধ্যমে, পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে, কারণ এই দুটি চুক্তি ছিল মধ্যপ্রাচ্যে সোভিয়েত প্রভাবকে খর্ব করার জন্য। তাই দৃশ্যত পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের সেরা রাজনৈতিক মিত্র হিসেবে বিবেচনা করা হতো। এখন, নতুন ডিক্লাসিফাইড নথিগুলি দেখায় যে প্রধানমন্ত্রী লিয়াকত আলীর সময় প্রথম থেকেই পাকিস্তান সোভিয়েত ইউনিয়নের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করেছিল, কিন্তু পাকিস্তানের ধর্মভিত্তিক নীতির কারণে যা সোভিয়েত ইউনিয়নের ধর্মনিরপেক্ষ নীতির বিপরীত ছিল, সোভিয়েত কর্তৃপক্ষ সেই বন্ধুত্বের আবেদন প্রত্যাখ্যান করেছিল। এই প্রেক্ষাপটে, ১৯৬২ সালে যখন চীন এবং ভারত একটি যুদ্ধে জড়িয়ে পড়ে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে কমিউনিজমের বিরোধিতা করার জন্য ভারতকে সমর্থন করেছিল। এই যুদ্ধের প্রথম সপ্তাহে ২৮শে অক্টোবর প্রেসিডেন্ট জন এফ কেনেডি আইয়ুব খানকে ভারতকে সমর্থন করার জন্য একটি চিঠি পাঠান। যাইহোক, আইয়ুব খান ভারতের সাথে চিরকালের শত্রুতার কথা বিবেচনা করে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিমধ্যে পাকিস্তানের সাথে একটি তিক্ত অভিজ্ঞতা হয়েছিল যখন একটি আমেরিকান ইউ-২ গুপ্তচর বিমান পাকিস্তান থেকে সোভিয়েত ইউনিয়নে পাঠানো হয়েছিল এবং সোভিয়েত ইউনিয়ন এটিকে ভূপাতিত করেছিল। এই ঘটনাটি জেনারেল আইয়ুবের প্রশাসনের উপর দ্রুত ক্রমবর্ধমান অবিশ্বাসে ইন্ধন ঢেলে দেয় এবং মার্কিন সরকার পাকিস্তানের প্রতি হতাশার শীর্ষে ছিল এবং আইয়ুব একটি দ্বৈত ভূমিকা পালন করতে পারে এই ধারণাটি আমেরিকার উচ্চ মহলে প্রতিষ্ঠা পেতে শুরু করে।
এখানে, ঘটনা এবং ভূ-রাজনৈতিক পরিস্থিতির এই কুয়াশায় বাংলাদেশের অনেক বিশ্লেষক জোর দেওয়ার চেষ্টা করেছিলেন যে ১৯৭০ সালের নির্বাচনে ৬-দফা স্বায়ত্তশাসনের পরিকল্পনা এবং শেখ মুজিবের উত্থান ছিল জেনারেল আইয়ুব খানকে চাপ দেওয়ার জন্য, এমনকি কিছু বিশ্লেষক বোঝানোর চেষ্টা করেছিলেন যে শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চান নাই। এই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিশ্লেষণ শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৃহত্তর ভূমিকাকে ক্ষুন্নই করে না বরং জটিল বৈশ্বিক রাজনৈতিক আলোচনায় একজন রাজনৈতিক নেতা হিসেবে বঙ্গবন্ধুর অসাধারণ প্রতিভাকেও হ্রাস করার অপপ্রয়াস চালায়। নেতা হিসেবে সাড়ে সাত কোটি বাঙালির নিঃশর্ত সমর্থনে তিনি আমেরিকা, পাকিস্তান ও চীনের বিরুদ্ধে জীবনযুদ্ধ খেলছিলেন। তিনি ১৯৭১ সালের ৭ মার্চ এক ঐতিহাসিক যুগান্তকারী জনসমাবেশে ম্যান্ডেট গ্রহণ করেন, নিজেকে সামনে রাখেন এবং বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। সেই ভাষা, সেই ভাষণের আখ্যানই স্বাধীনতার ঘোষণা। ২৫শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়াটাই তাই ছিল সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত; কারণ তিনি জানতেন যে কোনো জায়গার চেয়ে কিন্তু পাকিস্তানি হেফাজতে নিরাপদ থাকবেন। পাকিস্তানি সেনাবাহিনী তাকে হত্যা করতে পারে না, কারণ বিশ্ব ইতোমধ্যে জানে যে তিনি পাকিস্তানিদের হাতে গ্রেফতার হয়েছেন। একই সঙ্গে সত্তরের দশকের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটে তাঁর নির্ণায়ক জয়ের কারণে ভারত এবং সোভিয়েত ইউনিয়নের পক্ষে বৈধ এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রশাসনের পিছনে সমবেত হওয়া অনেক সহজ ছিল এবং পাকিস্তানের কারাগারের ভিতরে থেকে তিনি বরং আরও বেশি শক্তিশালী নেতা হয়ে ওঠেন।
এখন, আধুনিক যুগে, আমরা সাদ্দাম, গাদ্দাফি এবং আরও অনেক শক্তিশালী নেতাদেরর ভাগ্য দেখেছি আমেরিকার মতো পরাক্রমশালী দেশের বিরুদ্ধে যাওয়ার কারণে কি হতে পারে। এটি বঙ্গবন্ধুর জন্য আরও বিপজ্জনক ছিল, যেহেতু বাঙালি জনগণের জন্য কোনো সার্বভৌম দেশ, সংগঠিত সামরিক বাহিনি আর সম্পদ ছিল না। তাঁর অসামান্য সাহস, কল্পনা করার ক্ষমতা, রাজনৈতিক কৌশল, কূটনীতিতে উজ্জ্বলতা এবং চূড়ান্ত আত্মত্যাগের প্রস্তুতি সমগ্র জনগণকে স্বাধীনতার জন্য লড়াই করতে অনুপ্রাণিতই শুধু করেনি, বরং বিশ্ব মিত্রদের সমর্থনে বিজয় এনে দিয়েছিল। এটি ছিল ব্যাপক জনসংখ্যার চূড়ান্ত আত্মত্যাগ, অনুপ্রেরণাদায়ক এবং ক্যারিশম্যাটিক নেতৃত্ব, বিশ্বব্যাপী সমর্থন সংহতকরণ এবং ঘটনার সময়সূচীর সমন্বয়ের ফল। ১৯৭১ সালের অজানা আরও তথ্য ও ঘটনার আলোকে, বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে, তথ্য প্রসারতার এই যুগে তাই বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা হিসেবে বঙ্গবন্ধুর ভূমিকার পুনর্মূল্যায়ন করতে হবে। এটাই হোক বিজয়ের অর্ধশত বছরে নতুন প্রজন্মের কাছে আমাদের অঙ্গীকার।
