উচ্ছ্বসিত রবীন্দ্রনাথ: ‘বাহবা, সাবাস, সোভান আল্লা!’
মানুষ কেন কবিতা পড়ে, এ-প্রশ্নের খুঁটিনাটি সব উত্তর এখনো জানা সম্ভব হয়নি। হয়তো প্রসারমান মহাবিশ্বের মতো এই বিষয়টিও কোনো দিনই জানা যাবে না। তবু আমরা কেউ কেউ কবিতা পড়ব। লিখব কেউ কেউ। অনর্গল কথা বলে যাব রাতের অনিদ্র পৃষ্ঠাগুলিকে অসম্পূর্ণ পাঠের দিকে নিয়ে যেতে যেতে।
ধরা যাক, এই মুহূর্তে কোনো-এক কবির কবিতা আমি পড়তে চাইছি। কথা বলার সুবিধের জন্য ধরে নিচ্ছি— পড়তে চাইছি রবীন্দ্রনাথের কবিতা, বা পড়তে চাইছি জীবনানন্দ দাশ। অপঠিত, অথবা হতেও পারে পুনরায় পড়ার টানে, যখন মুখোমুখি হব সেইসব কবিতার— কী দেখব আমরা?
একদিকে দেখছি সানাই কাব্যগ্রন্থের অসম্ভব কবিতাটির প্রথম ছ-পংক্তি—
'পূর্ণ হয়েছে বিচ্ছেদ যবে ভাবিনু মনে,
একা একা কোথা চলিতেছিলাম নিষ্কারণে।
শ্রাবণের মেঘ কালো হয়ে নামে বনের শিরে,
খর বিদ্যুৎ রাতের বক্ষ দিতেছে চিরে,
দূর হতে শুনি বারুণী নদীর তরল রব—
মন শুধু বলে অসম্ভব এ অসম্ভব।'…
অথবা সামনে খোলা রয়েছে সাতটি তারার তিমির। কবিতার নাম জনান্তিকে—
'তোমাকে দেখার মতো চোখ নেই— তবু,
গভীর বিস্ময়ে আমি টের পাই— তুমি
আজো এই পৃথিবীতে র'য়ে গেছ।
কোথাও সান্ত্বনা নেই পৃথিবীতে আজ;
বহুদিন থেকে শান্তি নেই।
নীড় নেই
পাখিরো মতন কোনো হৃদয়ের তরে।'…
যদি কবিতার ধারাবাহিক পাঠক হই, সামনে যে-কবিতা-দুটির শব্দমালা একটির পর একটি গ্রন্থিবন্ধনে বস্তুর আর বিষয়ের দু-টি পৃথক জগৎ রচনা করেছে— চোখের সামনে খোলা থাকলেও সে-সব আমি দেখতে পাব কিছু পরে। তার আগে কী দেখব? দেখব, দু-টি পৃথক মূর্তি ভিন্ন দুই কবিতা-জগৎকে আবৃত করেছে এবং নিজেদের করেছে প্রকট— রবীন্দ্র-মূর্তি এবং জীবনানন্দ-মূর্তি।
অথচ, দুই কবির সাধনা ছিল নিতান্ত সামান্য— নিজেদের কথা নিজেদের ভাষায় লেখার। সেসবই রয়েছে আমাদের সামনে। তবু সেসবকে আবৃত করার মতো ওই মূর্তি-তরঙ্গ এল কোত্থেকে? এর উৎস কোথায়? সমস্যা এখানেই। নানাভাবে এবং নানাজনের দ্বারা এটি নির্মিত হয়। ধরা যাক স্বাক্ষর। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত স্বাক্ষরের আকৃতি, তার ভূগোল। দেখেছি তাঁর নানারকমের ফোটোগ্রাফ, যেগুলোর অধিকাংশই জাঁকজমকে ভরা। পাশে এবং পদতলে দেশ- বা জগদ্বিখ্যাত উপবিষ্টজনেরা। পিছনে অতিখ্যাত জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। দেখেছি জীবনানন্দ দাশের সরু আর তির্যক স্বাক্ষর, ফোটোগ্রাফে তাঁর চোখে আটকে-থাকা ত্রস্ত নীলিমা। অসুখী গার্হস্থ্য জীবন। কখনো চাকরি হারানো, কখনো ছেড়ে দেওয়া। কখনো আবার 'পৃথিবীতে নেই কোনো বিশুদ্ধ চাকরি' জেনেও অনুজ এবং অর্ধপরিচিত সৈয়দ ওয়ালিউল্লাহ নামের এক তরুণকে পোস্টকার্ড লিখে চাকরির জন্যে অনুরোধ।
এইভাবে নানা দিক থেকে জমতে জমতে দুই কবিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে মূর্তি, যাকে আমরা বলতে পারি— অতিকথা। এই-যে অতিকথা, একে আমরা কবির কারিকাপৃথ্বীর সঙ্গে যুক্ত করে একধরণের তৃপ্তিও পেতে চাই। ভাবি— ইস, হাঙ্গরের ঢেউয়ে লুটোপুটি খেতে খেতেও আমাদের কবি মানুষের ইচ্ছের কথা বলে গেছেন। লিখেছেন—
'মানুষ কাউকে চায়— তার সেই নিহত উজ্জ্বল
ঈশ্বরের পরিবর্তে অন্য কোনো সাধনার ফল।'
কবির দুর্বিষহ ব্যক্তি-জীবনের সঙ্গে যুক্ত হয় নানা আলোচকের ব্যাখ্যা আর বিশ্লেষণ। এঁদের অনেকেই সুবিনয় মুস্তাফি। তবু কাউকে হয়তো আমরা পেয়ে যাই, যিনি উদ্দিষ্ট কবির কবিতায় আকাশের ওপারে আকাশে নিয়ে যেতে পারেন আমাদের।
দুই
বিগত একশো বছর ধরে রবীন্দ্র-সাহিত্যের বিস্তর আলোচনা হয়েছে। বহু কাব্যবোদ্ধা, অধ্যাপক, সাহিত্যবিশারদ, সমাজতত্ত্ববিদ, দার্শনিক নানা দৃষ্টিকোণ থেকে নেড়েচেড়ে দেখেছেন রবীন্দ্রনাথকে। ব্রাহ্মসমাজ, ভূমা, উপনিষদ, সীমার মাঝে অসীমের ইঙ্গিত দিয়ে কবি অজান্তে নিজেও হয়তো-বা ইন্ধন জুগিয়েছেন এঁদের কাউকে কাউকে। শান্তিনিকেতনে স্কুল প্রতিষ্ঠার পর সব মিলিয়ে যে-সম্বোধনটি শেষমেশ দাঁড়িয়ে গেল, সেটি অবধারিতভাবে— গুরুদেব। পিছু-পিছু এল কবিগুরু। অবশেষে বিশ্বকবি।
তাহলে একজন কবিতাপাঠক কী করবেন? সপ্তপর্ণী বৃক্ষতল পেরিয়ে 'একা একা কোথা চলিতেছিলাম নিষ্কারণে'-র মতো পংক্তির মুখোমুখি হয়ে বিভ্রান্ত-তিনি বিড়বিড় করবেন উৎপলকুমার বসুর সেই কাব্যাংশটি— 'এতগুলি কামানের মুখোমুখি ভালোবাসা/ আমার ও মাধবীর।'
কেন? যে-মুহূর্তে পাঠক ওই অতিকথার মুখোমুখি হবেন, তৎক্ষণাৎ তিনিও অতিকথার ওই জগতের একজন সক্রিয় সদস্য হয়ে যাবেন। এরপর ওই কবিতাটির কাছে পৌছনোর জন্যে তাঁকে অতিকথার জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালিয়ে যেতে হবে।
এত দূর এসে এবার আমরা রবীন্দ্রনাথের লেখা একটি চিঠি পড়ব ওই কবিতাপাঠকের জন্যে। দেখব— অতিকথাকে, তথাকথিত রাবীন্দ্রিক আবহকে, রবীন্দ্রনাথ নিজেই কীভাবে অস্বীকার করেছেন অথবা করেছেন ধ্বংস। এর জন্য আপাতত অপরূপ অতিকথা-আচ্ছাদিত মাইকেল মধুসূদন দত্ত, র্যাঁবো, জীবনানন্দ, বিনয় মজুমদার, আল মাহমুদ, শক্তি চট্টোপাধ্যায় এবং আরও অনেক কবিকে পাশ কাটিয়ে যেতে হবে আমাদের। চিঠিটিতে দেখব— ব্যক্তি-রবীন্দ্রনাথের কবিমন কীভাবে বিক্ষুব্ধ হয়েছে প্রচল সাহিত্য-পরিবেশের বিরুদ্ধে।
চিঠিটি লেখা প্রমথ চৌধুরীকে। সবুজপত্র পত্রিকার দ্বিতীয় সংখ্যা হাতে পেয়ে। আমরা জানি, প্রমথ চৌধুরীর সম্পাদনায় সবুজপত্র প্রকাশ বাংলা সাহিত্যে বিরাট একটি পরিবর্তনের সূচক। বাংলা ১৩২১ সালের পঁচিশে বৈশাখ, রবীন্দ্রনাথের চুয়ান্নতম জন্মদিনে, প্রকাশ পায় প্রথম সংখ্যা, যেটির সূচনায় সম্পাদক লিখেছিলেন—
'এ পৃথিবীটি যথেষ্ট পুরোনো, সুতরাং তাঁকে নিয়ে নতুন কিছু করা বড়ই কঠিন, বিশেষতঃ এদেশে। যদি বহু চেষ্টায় নতুন কিছু করে' তোলা যায়, তা হয় জলবায়ুর গুণে দুদিনেই পুরোনো হয়ে যায়, নয় ত পুরাতন এসে তাঁকে গ্রাস করে' ফেলে। এই সব দেখে শুনে, এ দেশে কথায় কিম্বা কাজে নতুন কিছু করবার জন্য যে পরিমাণ ভরসা ও সাহস চাই— তা যে আমাদের আছে তা বলতে পারি নে।'
কবির সবুজের অভিযান কবিতা দিয়ে প্রথম সংখ্যার শুরু। দ্বিতীয় সংখ্যা প্রকাশের সময় কবি ছিলেন নৈনিতালের অদূরে, রামগড়ে। 'যৌবনে দাও রাজটীকা' পড়ে যেন তারুণ্য ফিরে পেয়েছেন। হিমালয়ের মহীয়ান এবং নিভৃততম নিসর্গশোভায় কবির মন ফের সৃষ্টিমুখর। অ্যান্ডরুজকে আমন্ত্রণ জানিয়ে ১৪ মে ১৯১৪ লিখলেন— 'আমার সমগ্র চৈতন্য এখন পূর্ণসত্তায় নিমজ্জিত। আর এতে কোনো খণ্ডতা বা অপূর্ণতা নেই।'১
তেমন লম্বা-চওড়া কিছু নয়; হুবহু যদি উদ্ধৃত করি, তাহলে চিঠিটি দাঁড়াবে এরকম:
ওঁ
রামগড়
কল্যাণীয়েষু
'যৌবনে দাও রাজটীকা' লেখাটি আমার খুব ভাল লাগল। খুব উজ্জ্বল এবং শাণিত। অবনের ভ্রমণকাহিনীটাও খুব সুন্দর হয়েছে। আমার তো বোধ হচ্চে তোমার কাগজ এইরকমভাবে যদি বছরখানেক চলে তাহলে বাংলাসাহিত্যকে নতুন শক্তি, গতি, এবং রস দিতে পারবে। সবুজপত্রের উচিত হবে খুব একচোট গাল খাওয়া। সেইটেই একটা লক্ষণ যে ওর কথাগুলো মর্ম্মস্থানে গিয়ে লাগচে। মিথ্যার গায়ে হাত বুলিয়ে তাকে বাপুবাছা সম্বোধন করে আর চলবে না। আমাদের বর্তমান সাহিত্য মানুষকে গাল দেয় কারণ তাতে পৌরুষ নেই— বরঞ্চ সেটা কাপুরুষেরই কাজ— কিন্তু যেখানে যথার্থ বীর্য্যের দরকার— যেখানে সয়তানের সঙ্গে লড়াই, যে সয়তানের হাজার কণ্ঠ এবং হাজার বাহু, সেখানে দেখতে পাই বড় বড় সব সাহিত্যিক গুণ্ডারা কেবল পোষা কুকুরের মত ল্যাজ নাড়চে আর সেই বৃদ্ধ পাপের পঙ্কিল পা আদর করে চেটে দিচ্চে। তোমাদের এইসব লেখা পড়ে আমার উৎসাহ হয় কিন্তু দেখ সাহিত্যের এলাকায় আমার কাজের দিন ফুরিয়ে গেছে— সত্য মিথ্যা বিস্তর কথা জমিয়ে তুলেছি— সেগুলো এখন কালের ছাঁকুনির ভিতর দিয়ে ছাঁকা হতে থাক, আর নতুন জঞ্জাল বাড়াতে ইচ্ছা হয় না— এখন নিজের জীবনটাকে কি করে সম্পুর্ণ সত্য করতে পারব, এই বেদনায় আমাকে দিনরাত্রি জাগিয়ে রেখেছে। এর কাছে আমার খ্যাতি কীর্তি সমস্তই এত ছোট হয়ে গেছে, লোকালয়ের তাগিদ আমার হৃদয়ের মধ্যে এসে পৌচচ্ছে না। যাক এসব কথা আলোচনার বিষয় নয়— যে কথাটি বলবার জন্যে চিঠি লিখতে বসেছি সেটি খুব দীর্ঘ কিছু নয়— সেটি হচ্চে— বাহবা, সাবাস, সোভান আল্লা! ইতি ২২ জ্যৈষ্ঠ ১৩২১
শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর২
দীর্ঘ জীবনে হাজার হাজার চিঠি লিখেছেন রবীন্দ্রনাথ। সেই হাজারো চিঠির ভিড়ে এমন একটাও চিঠি আমরা পাব না— যেটির শুরুতে ওঁ, শেষে সোভান আল্লা! এরপরও আমাদের লক্ষ করতে হবে চিঠির ভাষা। কেন এমন হল? যদিও সবুজপত্র-এ প্রকাশিত বীরবলের অর্থাৎ প্রমথ চৌধুরীর 'যৌবনে দাও রাজটীকা' এবং অবনীন্দ্রনাথের কোনার্ক ভ্রমণকথার (গমনাগমন) উল্লেখ চিঠিতে রয়েছে, চিঠিটি আগাগোড়া 'যৌবনে দাও রাজটীকা' নিয়েই লেখা। দেখা যাচ্ছে— মুগ্ধতা প্রকাশের জন্যে আশপাশে হাতড়ে যুৎসই শব্দ তেমন পাচ্ছেন না। ফলে বেপরোয়া হয়ে আশ্রয় নিচ্ছেন আধো-চেনা ভাষার। 'বাহবা, সাবাস' বলার পর সোৎসাহে বলছেন— 'সোভান আল্লা!'
কী সেই লেখা, যার প্রশংসার ভাষা খুঁজে পাচ্ছেন না, বা বেছে নিচ্ছেন এমন সব শব্দ, যা তিনি কদাচিৎ ব্যবহার করেছেন? তাহলে একবার পড়ে নিতে হয় বীরবলের লেখাটি। কিন্তু, স্থানাভাবের জন্য তেমন সুযোগ এখানে নেই। পাঠক বরং কবির চিঠিটি পড়ে আন্দাজ করে নিতে পারেন।
একটি নতুন পত্রিকা বেরোচ্ছে। এটি দ্বিতীয় সংখ্যা। পত্রিকাটির উচ্চাশা কম ছিল না। সাধু ক্রিয়াপদকে বিদায় জানিয়ে বাংলা গদ্যে চলিত ক্রিয়াপদের প্রতিষ্ঠা যদি বড়ো একটা সংকল্প হয়, আরও বড়ো সংকল্প ছিল— বাংলা সাহিত্যে নতুন প্রাণের সঞ্চার। ঘটনাটি যদি আজকের হত, কোনো বর্ষীয়ান কবি লিটল ম্যাগাজিনটির নতুন স্ফুলিঙ্গ দেখে আশান্বিত হলে হয়তো-বা রবীন্দ্রনাথের মতোই বলতেন— 'পত্রিকাটির উচিত হবে খুব একচোট গাল খাওয়া। সেটাই একটা লক্ষণ যে ওর কথাগুলো মর্মে গিয়ে লাগছে।' কিন্তু, যে-সময়ের মধ্য দিয়ে এখন যাচ্ছি আমরা, এখনকার বর্ষীয়ান কোনো কবি বা সাহিত্য-ব্যক্তিত্ব বড়ো জোর আর্থার কোয়েসলারের মতো 'রুচিসম্মত' কণ্ঠে বলতে পারেন— 'সাহিত্যের প্রশাসক'। রবীন্দ্রনাথের মতো 'সাহিত্যিক গুণ্ডা' বলতে সমর্থ হবেন কি? বলা বেশ শক্ত।
অথচ, সাল উনিশশো চোদ্দো। বাংলা তেরোশো একুশ। তিপান্নটা বছর পেরিয়ে এসেছেন রবীন্দ্রনাথ। লিখে ফেলেছেন রক্তকরবী, ডাকঘর, রাজা-র মতো নাটক। উপন্যাস গোরা। সোনার তরী, গীতাঞ্জলি। বেশি কথা কী, সদ্য আগের বছরই পেয়েছেন নোবেল। তবু তিনি সর্বার্থে নতুন একটি পত্রিকার জন্যে বেপরোয়া ভাষায় উচ্ছ্বাস প্রকাশ করছেন।
এই উচ্ছ্বাস প্রকাশে রবীন্দ্রনাথ-নামের অতিখ্যাত সেই প্রৌঢ়ের চোখেমুখে আমরা কি দেখতে পাই? জীবনের বড়ো একটা পর্ব জুড়ে নিঃসঙ্গ এই মানুষটির চোখেমুখে দেখতে পাই তারুণ্যের দীপ্তি, শুনি অন্তর্লীন বিদ্রোহের ধ্বনি, হার না-মানার প্রবণতা, এত-এত বছর পেরিয়ে এসে যা ক্রমে দুর্লভ করে তুলেছি আমরাই।
এরপরও কি তাঁকে ঘিরে গড়ে-ওঠা অতিকথায় আচ্ছন্ন হয়ে থাকব আমরা? সহজভাবে, আপনভাবে, নিছক একজন কবির নিরাভরণ কণ্ঠে কি শুনব না— 'একা একা কোথা চলিতেছিলাম নিষ্কারণে।'?
——
১। Letters to a Friend গ্রন্থের মলিনা রায়-কৃত অনুবাদ 'রবীন্দ্রনাথ-এন্ডরুজ পত্রাবলী', পৃষ্ঠা ৬, বিশ্বভারতী, ১৯৬৭
২। চিঠিপত্র (পঞ্চম খণ্ড), বিশ্বভারতী গ্রন্থালয়, প্রথম প্রকাশ: পৌষ ১৩৫২, পৃষ্ঠা ১৭৮-১৭৯।
চিঠির নিম্নরেখ আমার।
