বিদ্যাসাগর ও বঙ্গীয় মুসলমান সমাজ
সাল উনিশশো ছাপান্ন। জেলা বীরভূম। মাটির দাওয়ায় মুখোমুখি পিতা-পুত্র। সরাসরি মাটিতে বসে। দুজনেরই খালি গা। প্রথমজনের পরনে হাঁটুর নীচ অব্দি ধুতি, গালে হালকা দাড়ি, কপালে সিজদা-চিহ্ন। দ্বিতীয়জনের হাফপ্যান্ট। বর্ণপরিচয়ের দ্বিতীয় ভাগ যে-শিশুটি সবে শুরু করেছে, তার সামনে বাবার কথাগুলো যেন আকাশ থেকে নেমে-নেমে আসছিল— বিদ্যাসাগরের মতো হতে হবে… রবীন্দ্রনাথের মতো…।
বিদ্যাসাগর ঠিক নয়, যেন অসম্ভব রকমের বিরাট একটা-কিছুর সম্বন্ধে এটাই আমার দূরতম স্মৃতি। আজ, বিদ্যাসাগর ও বঙ্গীয় মুসলমান সমাজ— এমন একটা ভারী শিরোনামের তলায় বসে আছি। মনে পড়ল অজ পাড়াগাঁয়ের সেই দিনটার কথা।
কিন্তু এখন অনেকগুলো ঝামেলায় জড়িয়ে গেছি। আমাদের এগিয়ে যেতে হবে সেই মানুষটির দিকে— যিনি পরম দয়ালু, অতিকঠোর আর পাণ্ডিত্যের অপার সমুদ্র। যিনি বাংলাভাষাকে তরঙ্গায়িত করেছেন আশ্চর্য গদ্যে। বলা ভালো— এগিয়ে যেতে হবে আমার বিষয়টিরই দিকে। কোন পথে যাব? কোনো ব্যক্তির নির্দেশিত পথে নয়। যে-পথ সমাজটির দিকে আমাদের নিয়ে যেতে সাহায্য করতে পারে, সেই পথে।
সমাজ— ঘোলা জলের বড়ো জটিল একটা হাওর। তবু ডুব তো দিতেই হবে। তাহলে, যাই।
উনিশশো সত্তর সাল। ডিসেম্বর মাস। বিদ্যাসাগর-নামে একটি প্রবন্ধ-সংকলন প্রকাশ পেল তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে, গোলাম মুরশিদের সম্পাদনায়। বছরটা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মের সার্ধশতবর্ষ। আর ওই বছরটিতেই বৃহত্তর বাংলার এক ভূখণ্ড ছিল অস্তিত্ব রক্ষার লড়াইয়ে অসমসাহসী। ওই ডিসেম্বরেরই সাত তারিখ পাকিস্তানের বিখ্যাত সাধারণ নির্বাচন, যে-নির্বাচনে বিপুলভাবে জয়ী হয় নিপীড়ন থেকে উঠতে চাওয়া পূর্ববাংলার স্বাধীনতাকামী মন। নেতৃত্বে ছিলেন শেখ মুজিব, সঙ্গে তাঁর সহযোগী নেতৃবৃন্দ।
বিরাট কিছু নয়, ২২২ পৃষ্ঠার বই। কিন্তু সে-সংকলনগ্রন্থটি পূর্ববাংলার তৎকালীন মুক্তির আর বন্ধনের আবর্তে এমনই উদ্দীপনা জুগিয়েছিল মুক্তিকামীদের যে, গতশতকের দ্বিতীয়ার্ধে বাংলাভাষার আর কোনো মুদ্রিত গ্রন্থের প্রকাশকালে তেমনটা ঘটেনি বলেই মনে হয়। বইটিকে খান-সেনারা ঠাউরেছিল— ভয়ঙ্কর বিপদজনক। তাদের খতম-তালিকায় রাজশাহি বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় নামটিই ছিল গোলাম মুরশিদের। প্রথম আর তৃতীয় নামও বইটির সঙ্গে গভীরভাবে সংশ্লিষ্ট দু-জনের। সেই বই প্রকাশের চল্লিশ বছর পর পুনঃপ্রকাশের সময় সম্পাদক গোলাম মুরশিদ লিখছেন—
'ছাপা হয়ে যাওয়ার পর আনুষ্ঠানিকভাবে প্রকাশের জন্যে একটি উৎসবের আয়োজন করা হয় ১৯৭১ সালের ১৭ই জানুয়ারি। সমস্ত জাতীয় দৈনিকে এই পুস্তক প্রকাশিত হতে যাচ্ছে— এ খবর প্রকাশিত হয় একেবারে প্রথম পৃষ্ঠায়। প্রকাশনা উৎসবের পরের দিন আবার— গ্রন্থটি প্রকাশিত হয়েছে বলে প্রথম পৃষ্ঠায় সংবাদ বের হয় প্রতিটি জাতীয় দৈনিকে। একটা বই নিয়ে এতো হৈ চৈ হতে দেখে রয়টারও এর খবর করে। আকাশবাণী দিল্লি থেকেও এ সংবাদ প্রচার করা হয়।'
কেন এমন হল? সাত কোটি মুক্তিকামী মানুষ-সমৃদ্ধ এক ভূখণ্ডে এমন উচ্ছ্বাসের কারণ কি শুধুই উষ্ণ রাজনৈতিক পরিমণ্ডলে বইটির প্রকাশ? এর অন্য দিকটাকে কি আমরা দেখব না? মৃত্যুর দেড়শো বছর পর ভিন্ন আবহে নতুন এক বিদ্যাসাগর কি আবির্ভূত হলেন না, যাঁর সূতিকাগৃহ বাঙালি মুসলমানের— হোক-না ওপারের— শ্রমে আর মেধায় বিনির্মিত? এই বিষয়টাকে আমরা একটু দেখতে চাইব।
সংকলনগ্রন্থটির লেখক-সংখ্যা বারো। আহমদ শরীফ দিয়ে শুরু এবং আলী আনোয়ারকে দিয়ে শেষ যে-সূচিপত্র, তাতে দেখতে পাচ্ছি জন্মসূত্রে আটজন মুসলমান-বংশোদ্ভুত লেখকের নাম। বাকি চারজন হিন্দু-বংশোদ্ভুত। কিন্তু ওই ভূমিকা পড়েই অনুমান করতে পারছি— সংকলনগ্রন্থটি নির্মাণের পশ্চাৎভূমিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মেধা, মনন, সমর্থন আর সাহায্য সম্পৃক্ত ছিল অধুনা বাংলাদেশের বেশ কয়েকটি জেলার মানুষের। অর্থাৎ বারোজন লেখকেরই শুধু নয়, আমরা হয়তো-বা পাচ্ছি বিরাট এক জনসমষ্টির বিদ্যাসাগর-ভাবনার গ্রন্থিত রূপ। পাচ্ছি বিশেষ কোনো ব্যক্তিকে নয়, সম্মিলিত একদল চিন্তককে— যাঁরা বীরসিংহ গ্রামের জনৈক ব্রাহ্মণসন্তানকে খুঁটিয়ে দেখতে চাইছেন। চাইছেন তেজোদীপ্ত সেই মানুষটির অকপট রূপটিকে, নিজের দৃষ্টিকে ঈশ্বরের দিক থেকে সরিয়ে এনে যিনি মানুষের সমস্যা অশিক্ষা দুঃখ-কষ্ট খুঁটিয়ে দেখতে চেয়েছিলেন। চেয়েছিলেন সেসব দূর করতে। সারা জীবন বঞ্চিতজনের কষ্টকে নিজের কষ্টে রূপান্তরিত করতে চেয়েছিলেন এবং তাদের কষ্ট লাঘব করতে সচেষ্ট হয়েছিলেন।
হোক ওপার বাংলার, তবু এই প্রথম আমরা বিদ্যাসাগর-বিষয়ে বাঙালি মুসলমান সমাজের চিন্তার সম্মিলিত একটা চিত্র পেলাম। বলতে হবে— সম্মিলিত হলেও সংকলনগ্রন্থের রচনাগুলিতে বিদ্যাসাগর-বিষয়ে ব্যক্তির চিন্তাই প্রতিফলিত হয়েছে। তবু, এতগুলি ব্যক্তির পৃথক-পৃথক চিন্তা একটি মাত্র সংকলনগ্রন্থে যেভাবে সমাজ-সময়-ক্ষেত্র একত্রীভূত করেছে, তেমনটি ইতিপূর্বে হয়নি। এর আগে যা পেয়েছি, সেসবেরও গুরুত্ব কম নয়। কিন্তু সেগুলি ছিল মুক্তবুদ্ধিসম্পন্ন ব্যক্তির চিন্তা। সে-চিন্তায় সমাজটির অংশ ছিল কি না, স্পষ্ট করে বলা সম্ভব নয়। কিন্তু এই-যে নিজের সমাজক্ষেত্রে দাঁড়িয়ে বাঙালি মুসলমান সম্প্রদায়ভুক্ত একদল চিন্তকের বিদ্যাসাগরকে দেখা যখন শুরু হল, কেমন ছিল তার আগের পর্যায়গুলো?
তাহলে আমাদের ফিরে যেতে হবে অনেকটা পিছনে, বিদ্যাসাগরের সমকালে। তাঁকে এবং বাংলার মুসলমান সমাজকে দেখার চেষ্টা করতে হবে তাঁরই কর্মজীবনে। আমাদের পরিসর ছোটো; তাই একঝলক দেখে নিতে হবে— উনিশশতকের মধ্যপাদটিতে সমাজসংস্কারে এবং শিক্ষার প্রসারে বিদ্যাসাগর যখন সদাতৎপর, সে-সময় কলকাতার মুসলমান সমাজের রূপটি কেমন ছিল। বিদ্যাসাগরের যুগান্তকারী চিন্তাভাবনার আর কাজের কোনো অভিঘাত কি পড়েছিল ওই সমাজটিতে? নাকি তাদের নিজস্ব ভাবনা কিছু ছিল? থাকলে সেসব ভাবনার প্রকাশই-বা ঘটছিল কীভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা মূলত দু-জন মানুষের কাছে পৌছোতে চাইব, যাঁরা ছিলেন বিদ্যাসাগরের সমসাময়িক।
কে এই দু-জন? তাঁদের পরিবারের— এবং সমাজের— পশ্চাৎপটটি কেমন? কেনই-বা তাঁদের কথা বলব?
দুই
কী হিন্দু কী মুসলমান— কয়েকজন ব্যতিক্রমী এবং প্রতিভাবান মানুষকে বাদ দিলে তৎকালীন কলকাতার পাশ্চাত্য এবং প্রাচ্যের দ্বন্দ্বমুখর এই সমাজটির মাথা ছিলেন জমিদারকুল। অষ্টাদশ শতকের প্রায় শুরু থেকে একদল ভাগ্যান্বেষী এসে ভিড় করে ইংরেজদের আশপাশে। শতকটির শেষ তিরিশ বছরে এবং পরবর্তীকালে রাজধানীর টানে এবং/অথবা স্ফূর্তির আকর্ষণে এঁদের অনেকেই এসেছিলেন বাংলার নানা প্রান্ত থেকে। শেষের দলকে আড়ালে বলা হত— 'অ্যাবসেন্টি জমিন্দার'। কেউ কেউ ছিলেন বিদ্যোৎসাহী। ছোটো একটা গঞ্জ থেকে এশিয়ার— বলতে গেলে বিশ্বের— শীর্ষস্থানীয় নগরী হয়ে ওঠায় এঁদের সবার ভূমিকা কম নয়।
কিন্তু মোটা দাগে ছবিটা যদি আঁকি, দেখতে পাব— অষ্টাদশ শতকের শেষ তিরিশ বছর থেকে দুই সম্প্রদায়ের জমিদারির ইতিহাসে বড়ো পার্থক্য দেখা দিতে শুরু করেছে। কেমন সেই পার্থক্য?
বাংলার এবং ভারতের জমিদারি-ব্যবস্থা ছিল সুবেদার এবং দিল্লীশ্বর-নির্ভর। প্রাচীন ভূমিব্যবস্থাকে, সেইসঙ্গে নীচের ধাপের শাসনব্যবস্থাকেও, শাসককুল তেমন ঘাঁটায়নি। কিন্তু জমিদারদের প্রাচীন তালিকাটিতে সাড়ে ছ-শো বছর ধরে ক্রমসংযোজন হয়েছিল বিস্তর। উচ্চপদাধিকারী মুসলমান রাজকর্মচারীদের অনেকে ক্রমে জমিদার হয়ে ওঠেন এবং তাঁদের কারো কারো বিশাল ভুখণ্ড করায়ত্ত হয়। স্বভাবতই তাঁরা ছিলেন অভিজাত এবং অতি-পরাক্রান্তশালী। ১৭৫৭ সালে পলাশির যুদ্ধের পর, আরও নির্দিষ্ট করে বললে— ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্তের পর, এই স্রোতটি রুদ্ধ হয়ে যায়। ব্যতিক্রম আছে, কিন্তু সেটা ব্যতিক্রমই।
ফল কী হল? তখনই ঠিক বোঝা যায়নি। বা, বোঝা গেলেও বিষয়টি অবহেলিত থেকেছে। চোখে পড়ল অনেক পরে। ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহের পর, হঠাৎ ব্রিটিশ সরকারের টনক নড়ে— এখন তো কোম্পানির শাসন নেই; ভারতীয় মুসলমানরা এখনও কেন মহারানির বিরোধিতা করছে? ভাইসরয় লর্ড মেয়ো বিষয়টি দেখার ভার দেন ডব্লিউ ডব্লিউ হান্টারকে। অনেক খেটে ১৮৭১ সালে হান্টার লিখলেন দ্য ইন্ডিয়ান মুসলমানস নামে একটি সন্দর্ভ। বই আকারে বেরোলে সেটি বিখ্যাত হয়ে যায়। ডেপুটি কালেক্টার পদে বীরভূমে থাকার অভিজ্ঞতা-সূত্রে কাছ থেকে দেখেছেন সেখানকার দীন-হীন মুসলমান রাজ-পরিবারকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল নেওয়ার আগে যে-পরিবারের বাৎসরিক আয় ছিল পঞ্চাশ হাজার পাউন্ড। সেই বই থেকে হান্টারের একটি বাক্য এখানে রইল—
'A hundred and seventy years ago it was almost impossible for a well-born Musalman in Bengal to become poor; at present it is almost impossible for him to continue rich.' (পৃষ্ঠা ১৫৮)
তত দিনে নবাবি ভূমিব্যবস্থা পালটে গেছে। প্রাচীন পরিবারগুলির অনেকে— তারা অধিকাংশই মুসলমান— নিজেদের ঠাট বজায় রাখতে ব্যতিব্যস্ত। এসে গেছে ইংরেজদের বন্ধু আর ব্যবসায়িক অংশীদার একদল নব্য ভূস্বামী। এবং মূলত কলকাতাবাসী। এই শ্রেণীর উত্থানের পশ্চাৎপটটি স্পষ্ট করেছেন রণজিৎ গুহ। তাঁর চিরস্থায়ী বন্দোবস্তের সূত্রপাত বইয়ের আঠাশ পৃষ্ঠায় লিখছেন—
'১৭৬৫-৯৩ সালে যেমন বাংলার কৃষিবিপ্লবের ক্ষেত্র তৈরি হচ্ছিল, তেমনি ঠিক এই যুগেই ইংল্যান্ডের শিল্পবিপ্লব কদমে কদমে এগিয়ে যাচ্ছিল। এই দুটি বিপ্লবের ঐতিহাসিক পরিণতি ছিল পরস্পরবিরোধী। আঠারো শতকের শেষ তিরিশ বছরে ইংল্যান্ড ঠিক যতখানি সামন্ততান্ত্রিক অর্থনীতি থেকে দূরে সরে আসে, বাংলাদেশ ঠিক প্রায় সেই অনুপাতেই সামন্তবাদের দিকে আরো এগিয়ে যায়। কিন্তু বিপরীত অর্থে হলেও বিপ্লবের চাকা উভয়তই পুরো এক চক্কর ঘুরেছে: ওদেশে— কৃষিভিত্তিক অর্থনীতি থেকে শিল্পভিত্তিক অর্থনীতির দিকে, বাণিজ্যধনবাদ থেকে অবাধ-বাণিজ্যবাদের দিকে; এদেশে— যৌথ কৃষিস্বত্ব থেকে ব্যক্তিগত মালিকানার দিকে, প্রাচ্যের পুরোনো নবাবি সামন্তবাদ থেকে পাশ্চাত্যের বণিক-রাষ্ট্রের প্রয়োজনে ঢালাও নয়া-সামন্তবাদের দিকে।'
আমরা দেখেছি— নানাবিধ বাণিজ্য থেকে অর্জিত অর্থে দ্বারকানাথ ঠাকুর (এবং আরও অনেক কলকাতাবাসী ধনবান ব্যবসায়ী) একের পর এক জমিদারি কিনেছেন। যাঁদের গতিপথ প্রায়-স্বাভাবিক ছিল উদযোগপতি হওয়ার দিকে, তাঁরা পশ্চাৎমুখী হয়ে পড়লেন।
যা-ই হোক, আমরা অনেকক্ষণ বিষয়টির পিছনে তাড়া করেছি। প্রসঙ্গটি শেষ করি নবাবি আমলের পরও প্রায় দু-শো বছর অবিশ্বাস্যভাবে টিকে-থাকা কিছু মুসলমান জমিদার সম্বন্ধে একটা-দুটো ব্যক্তিগত কথা বলে।
১৯৫২ সালে জমিদারিপ্রথা উচ্ছেদের পরও বীরভূম-মুর্শিদাবাদ-হুগলির এমন দু-একটি প্রাচীন মুসলমান-পরিবারকে দেখা গেছে, যাঁরা নিজেদের পুরোনো গরিমা কিছুটা হলেও টিকিয়ে রাখতে পেরেছিলেন। মুর্শিদাবাদ জেলার সালারের একটি পরিবারকে জানি, ওয়েলেসলিতে যাঁদের কলকাতার বাসভবনের নাম বাগদাদ হাউস। বাড়ির এমন নাম কেন? ত্রয়োদশ শতক থেকে পরিবারগুলো আসতে শুরু করে ইরাক, ইরান, ট্রান্স-অক্সিয়ানা অথবা পড়শি আফগানিস্তান থেকে, এমনকী আরব থেকেও। সেই স্মৃতি বা ঐতিহ্য থেকেই এমন নামকরণ, যেগুলোর চিহ্ন আজও বাংলার কোথাও কোথাও ছড়িয়ে আছে। যেমন ব্রিটিশরা— পৃথিবীময় ছড়িয়ে পড়লেও অনেক ক্ষেত্রে নিজেদের স্থাননাম সঙ্গে নিয়ে যেতে ভোলেনি। পরিবারগুলো বাংলায় এল। স্থায়ী বাসিন্দাও হল। কিন্তু থেকে গেল একধরনের দড়কচা-মার্কা বাঙালি হয়ে। দেশজ নিম্নবিত্ত বাঙালি মুসলমানদের থেকে অভিজাত-দূরত্ব বজায় রাখতে ব্যবহারিক ভাষা হিসেবে বেছে নিল উর্দুকে।
এঁদের কেউ কেউ নিছক জমিদারই ছিলেন না— সমাজভাবনায়, শিক্ষার প্রসারে এবং সাহিত্যচর্চায় এঁদের কাজের আর মেধার স্ফূরণের স্বাক্ষর আমরা দেখতে পাই। কিন্তু বলতেই হবে— মুসলমান জমিদারকুলের অধিকাংশজনই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বা পরে ব্রিটিশ রাজশক্তির বিন্দুমাত্র আনুকূল্য পাননি। কেউ কেউ নিতান্ত জমিদারি-বুদ্ধিতে যতটা পেরেছিলেন, সম্পদ ধরে রেখেছিলেন। সংখ্যায় কম। তবু এঁদেরই বা এঁদের সমগোত্রীয়দের আমরা দেখি উনিশ শতকের মাঝপর্বের কলকাতায়। যেমন মেদিনীপুরের সোহরাওয়ার্দি পরিবার। যেমন ফরিদপুরের আবদুল লতিফের পরিবার।
তিন
প্রথমে আমরা বেছে নেব নবাব আবদুল লতিফকে। অধুনা বাংলাদেশের ফরিদপুরে ১৮২৮ সালে জন্ম। হিসেবে বিদ্যাসাগরের চেয়ে আট বছরের ছোটো। সমসাময়িকই বলা যায়। লতিফের পরিবারটির দাবি রয়েছে— তাঁরা সেই খালিদ-বিন-ওয়ালিদের (জন্ম ৫৯২ খ্রিস্টাব্দ) বংশধর, যিনি নবি মহম্মদের সময় থেকে দ্বিতীয় খলিফা ওমর পর্যন্ত আরবদের অজেয় সেনানায়ক ছিলেন। শুধু তাই নয়, খালিদ কুরাইশ বংশের তিন প্রধান গোত্রের অন্যতম বনু মাখজুম-এর শেখসন্তান। সম্পর্কে মহম্মদের শ্যালিকাপুত্র এবং দ্বিতীয় খলিফা উমরের মামাতো ভাই।
এ হেন আবদুল লতিফের বাবা ফকির মাহমুদ ছিলেন কলকাতা সিভিল কোর্টের আইনজীবী। সেইসুত্রে বাল্যকালেই লতিফের কলকাতা আগমন এবং আলিয়া মাদ্রাসায় শিক্ষা শুরু। ফারসি, আরবি এবং ইংরেজি ভাষা ও সাহিত্যে সর্বোচ্চ ডিগ্রিলাভ। শুরুর পেশা শিক্ষকতা— ঢাকা কলেজিয়েট স্কুলে।
ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকাকালীন তিনিই প্রথম নীলচাষীদের শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করেন। কিন্তু বলতেই হবে— স্বধর্মীয় জনগোষ্ঠীর প্রতি শুরুর থেকেই ছিল তাঁর মমত্ববোধ। ভাবনা ছিল— পাশ্চাত্য শিক্ষার দিকে, আর সেইসূত্রে সমাজের মূল স্রোতের দিকে, বাংলার মুসলমানদের কীভাবে ফিরিয়ে আনা যায়। কেননা, শতবছরের ঘটনাপ্রবাহে ব্রিটিশ এবং হিন্দু প্রভাবশালী সম্প্রদায়ের প্রতি যে-সন্দেহ পুরু হয়েছে তাঁর সমাজে, যে-দূরত্ব তৈরি হয়েছে দুই সম্প্রদায়ে, নিজেকে গুটিয়ে নিয়েছে তাঁর সমাজ এবং অর্থনৈতিকভাবে আর মননে হয়েছে দরিদ্র, সেই অন্ধকার থেকে বের করতে হলে চাই শিক্ষা শুধু নয়— ইংরেজি-শিক্ষা, পাশ্চাত্য শিক্ষা।
তাঁর যাবতীয় চেষ্টা ছিল মুসলমানদের পাশ্চাত্য শিক্ষার দিকে টেনে আনা। কিছুটা সফলও তিনি হন। কেউ কেউ বলেন— বাংলার মুসলিম জাগরণের তিনি পথিকৃৎ। কিন্তু, তাঁর চেষ্টা যে পূর্ণতা পায়নি, তার একাধিক কারণের একটি— বিদেশাগত উচ্চবিত্ত মুসলমান পরিবারগুলোর মতো লতিফও ছিলেন উর্দুভাষী এবং বাংলার মুসলমানের মাতৃভাষারূপে উর্দু প্রর্বতনের প্রধান দাবিদার। ফলস্বরূপ আমরা দেখতে পাই ১৮৭৭ সালে উর্দু-বাংলা দ্বি-ভাষিক সাময়িকপত্র মোহাম্মদী আখবার-এর প্রকাশ। কিন্তু লতিফ বাংলায় শেষপর্যন্ত উর্দুকে প্রতিষ্ঠা দিতে পারেননি। ১৮৮১ সালেই প্রকাশ পেল বাংলা পত্রিকা নব সুধাকর। ১৮৯০ সালে মীর মশাররফ হোসেন প্রকাশ করেন পাক্ষিক হিতকারী। এতদিনে বলবার মতো একজনের আবির্ভাব হল বাংলা সাহিত্যের চিরায়ত অঙ্গনে, যাঁর বিষাদসিন্ধু পরে ধ্রুপদী সাহিত্যের সরণিতে স্থান পাবে।
সমসাময়িক হওয়া সত্ত্বেও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে এহেন আবদুল লতিফের মতবিনিময়ের কোনো প্রমাণ আমরা পাই না। অথচ, দেখা-যে হতে পারত বা হয়েছিল, তার সম্ভাবনা বিস্তর। দু-জনেই নানা সমিতিতে এবং সংস্থায় যুক্ত থেকে স্বদেশীয়দের উন্নতিসাধনে চেষ্টা করে গেছেন। যেমন ১৮৫১ সালে সাহিত্য এবং বিজ্ঞান বিষয়ে ইয়োরোপীয় আর এ-দেশীয়দের মধ্যে জ্ঞানচর্চায় সংযোগ তৈরির উদ্দেশ্যে বেথুন সোসাইটি গঠিত হলে বিদ্যাসাগর ছিলেন কার্যকরী সমিতির প্রথম সভাপতি। ওই সোসাইটির সঙ্গে যুক্ত ছিলেন আবদুল লতিফও।
১৮৬৩-তে মোহামেডান লিটার্যারি সোসাইটি প্রতিষ্ঠা লতিফের একটা বড়ো কাজ। শিক্ষার প্রতি, আধুনিক জ্ঞান-বিজ্ঞানচর্চার প্রতি, মূলত মুসলমানদের আগ্রহসঞ্চারে এই সমিতির ভূমিকা অনস্বীকার্য হলেও সমিতিটির সম্প্রদায়-নিরপেক্ষ পরিসরও ছিল বলেই মনে হয়। সুবলচন্দ্র মিত্র কলিকাতার ইতিহাস-এ (পৃষ্ঠা ১৬৩) জানাচ্ছেন— 'সকল সমাজে এই সভার প্রতিষ্ঠালাভ কেবল আবদুল লতিফ বাহাদুরেরই যত্নের ফল, তাহাতে সন্দেহ নাই।'
ওই একই বছরে লতিফ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো নির্বাচিত হন। ১৮৬৭ সালে জেমস লং, মেরি কার্পেন্টার, আবদুল লতিফ প্রমুখের উদযোগে প্রতিষ্ঠিত হয় দ্য বেঙ্গলি সোস্যাল-সায়েন্স অ্যাসোসিয়েশন।
আমরা দেখতে পাচ্ছি: তখনকার কলকাতা শহরে— যে-শহরটির জনবসতি তখন ছিল লাখ-সাতেকের আশপাশে— দুই বিখ্যাত ব্যক্তি নানা কাজে ঘুরছেন, সভা-সমিতিতে যাচ্ছেন, সরকারি দপ্তরে ঢুকছেন-বেরোচ্ছেন, তবু কোথাও-যে তাঁদের মতবিনিময় হচ্ছে, তার কোনো তথ্য এখনও পর্যন্ত হাতে নেই।
এমনই আর-একজন— ওবাইদুল্লাহ আল-ওবাইদি সোহরাওয়ার্দি (জন্ম ১৮৩২-মৃত্যু ১৮৮৫)। বয়সে বিদ্যাসাগরের চেয়ে বারো বছরের ছোটো। আবদুল লতিফের অনুগামী বললে অত্যুক্তি হয় না। উপমহাদেশের বহু কৃতী এবং বিখ্যাত মানুষের জন্মদাতা মেদিনীপুরের যে-সোহরাওয়ার্দি পরিবার, সেই পরিবারের সন্তান। পরিবারটি ছিল উর্দুভাষী। সবার শিক্ষা শুরুই হয়েছে আরবি, ফারসি, উর্দুভাষায়। সঙ্গে ইংরেজি। অনেক পরে, ১৯৪১ সালে, তাঁদের পারিবারিক শিক্ষা-সম্পর্কিত একটি স্বীকারোক্তি পাওয়া যায় বহুমুখী প্রতিভার অধিকারী, কবি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাগীশ্বরী অধ্যাপক শাহেদ সোহরাওয়ার্দির। রবীন্দ্রনাথের প্রয়াণের পর ক্যালকাটা মিউনিসিপ্যাল গেজেট-এর বিশেষ সংখ্যায় টেগোর অ্যাট অক্সফোর্ড-নামের এক স্মৃতিচারণে তিনি লিখছেন—
'I am ashamed to say that owing to defective upbringing I was then, as I am now, ignorant of Bengali except the most debased kind, and so I had heard with a certain amount of skepticism of the great popularity of Tagore's verses, which were being sung, I was told, in every village home in Bengal.'
ওবাইদুল্লাহ আল-ওবাইদিও আলিয়া মাদ্রাসার কৃতী ছাত্র। ফারসি, আরবি, উর্দু, ইংরেজিতে পণ্ডিত। ১৮৬৫ সালে হুগলি কলেজে অ্যাংলো-অ্যারাবিক অধ্যাপক পদে যোগ দেন। সৈয়দ আমির আলি ছিলেন তাঁর অন্যতম ছাত্র। ১৮৭৪-এ ঢাকা মাদ্রাসায় সুপারিন্টেন্ডেন্ট পদে যুক্ত হন এবং সেই পদে ছিলেন আমৃত্যু। মোহামেডান লিটার্যারি সোসাইটি, দ্য বেঙ্গলি সোস্যাল-সায়েন্স অ্যাসোসিয়েশন, সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন-এর সঙ্গে যুক্ত ছিলেন সক্রিয়ভাবে। নিজে প্রতিষ্ঠা করেন সমাজ সম্মিলনী সভা এবং ঢাকা মুসলমান সুহৃদ সম্মিলনী। উর্দু, আরবি, ফারসি এবং ইংরেজি ভাষায় লেখা বহু বই রয়েছে তাঁর। অনুবাদও করেছেন এইসব ভাষা থেকে। তাঁরই করা ইংরেজি অনুবাদ রয়েছে রামমোহন রায়ের তুহফাতুল মুওয়াহেদিন-এর। শিক্ষাক্ষেত্রে ওবাইদির মোহামেডান এডুকেশন ইন বেঙ্গল (১৮৬৭) একটি মৌলিক এবং গুরুত্বপূর্ণ গ্রন্থ। লক্ষ্য করার— জ্ঞানচর্চার জন্যে তৎকালীন ভারত সরকার তাঁকে 'বাহরুল উলম' (জ্ঞানের সমুদ্র) উপাধি দিয়ে সম্মানিত করে, সাদা বাংলায় যার অর্থ— বিদ্যাসাগর। বাংলায় একই সঙ্গে দু-দুজন বিদ্যাসাগর? হ্যাঁ, তা-ই! তবু, তাঁর সঙ্গে বিদ্যাসাগরের সরাসরি বা পরোক্ষ যোগাযোগের কোনো সূত্র পাওয়া যায় না। এমনকি, রামমোহন-অনুবাদের পরও না।
এই অনুবাদ-সূত্রে আরও কিছু তথ্য আমরা পাচ্ছি। যেমন, ১৮৮৬ সালে তুহফাতুল মুওয়াহেদিন-এর ইংরেজি অনুবাদ A GIFT TO DEISTS প্রকাশিত হয় আদি ব্রাহ্ম সমাজ থেকে। একটি ছোট্ট ভূমিকা লিখেছিলেন রাজনারায়ণ বসু। ভূমিকায় তিনি ওবাইদুল্লাহ আল-ওবাইদি সম্বন্ধে বলছেন— 'মাই ওল্ড অ্যান্ড রেসপেক্টেড ফ্রেন্ড'। তবু, ওবাইদির সঙ্গে কলকাতার তৎকালীন বিদ্বৎসমাজের নিকট-পরিচয়ের সাক্ষ্য তেমন পাই না।
দুই সম্প্রদায়ের মধ্যে তর্ক থাকতে পারে। কিন্তু দাঙ্গা ছিল না। হিন্দু-মুসলমানের নিজস্ব রাজনৈতিক দল ছিল না। তবু, দুই সম্প্রদায়ের মধ্যে অনতিক্রম্য দূরত্ব কতটা ছিল, আজ স্পষ্ট করে বলা মুশকিল। হতে পারে— নিজ নিজ সম্প্রদায়ের সমস্যা দূরীকরণেই ব্যস্ত ছিলেন তাঁরা।
চার
তাঁদের সেই ব্যস্ততার প্রকৃতি ছিল কেমন? খুব সংক্ষেপে দেখব আমরা।
আবদুল লতিফ ছিলেন একজন সফল রাজ-কর্মচারী। বহু উচ্চপদে যোগ্যতার সঙ্গে কাজ করে একসময় ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ শিখরে উঠেছেন। তাঁর সতীর্থ ডেপুটি ম্যাজিস্ট্রেট বঙ্কিমচন্দ্র কর্মজীবনে সে-তুলনায় ব্যর্থই বলা যায়। তবে, দু-জনের সম্পর্কের অল্প হদিস মিলছে। সেই লতিফের এবং ওবাইদুল্লাহ আল-ওবাইদির সামাজিক ভূমিকা কেমন ছিল?
আবদুল লতিফ— এবং ওবাইদিও— বাংলার এবং ভারতের মুসলমানদের পিছিয়ে পড়ার কারণ হিসেবে চিহ্নিত করেছিলেন সমাজটির ইংরেজি-বিমুখতাকে। বলা হয়তো উচিত— ব্রিটিশ-বিমুখতাকে। পাশ্চাত্য শিক্ষা এবং তৎসম্পর্কিত জ্ঞানের দরজার দিকে মুসলমানদের নিয়ে যাওয়ার জন্যে আজীবন চেষ্টা করেছেন তাঁরা। এমনকি, মোহামেডান লিটার্যারি সোসাইটি-র মাধ্যমে সমাজটির সৃষ্টিক্ষমতা জাগরণেও এই দু-জনের চেষ্টাকে গুরুত্ব দিতে হয়। কিন্তু, পিছিয়ে পড়ার অন্য কারণগুলো খোঁজার জন্যে নিজেদের সমাজ-অন্দরের ঢাকনাটি খুলে দেখতে তাঁরা বিশেষ চাননি। বিশ্বাস করতেন— ইসলাম এক বিশুদ্ধ ধর্ম এবং সেই কারণে অনড়। শরিয়ত অনড়। পরে, নানা দেশে নানা সংস্কারের ফলে সেই শরিয়তি আইনের পরিবর্তন হয়েছে এবং হয়ে চলেছে। আজও সে-কাজ থেমে নেই। আবদুল লতিফরা সেদিকে তেমন দৃকপাত করেননি। হয়তো সেসবের সময় তখনো আসেনি। ফলে পরিবর্তন যেটুকু হয়েছে, সেটা বহিরঙ্গে। মূলত ব্রিটিশ শাসনযন্ত্রে— সেইসঙ্গে হিন্দু-বাঙালির শিক্ষিত সমাজে— সমানতালে অংশগ্রহণে মুসলমান সম্প্রদায়কে যোগ্য করে তোলার চেষ্টা ছিল তাঁদের। সার্বিক জাগরণের কথা তাঁরা ভাবতে পারেননি। বলা হয়— এরই ফলে অন্তরঙ্গে হাজার বছরের ছবিটি প্রায়-অটুট থেকে গেছে। কিন্তু, সত্যিই কি অটুট থেকেছে? একেবারে শেষে গিয়ে দু-কথায় বিষয়টি দেখব আমরা।
অপরদিকে হিন্দুসমাজে শিক্ষা- এবং সংস্কার-আন্দোলনের রূপটির কথা বহু-আলোচিত। সবাই জানি আমরা। এ-সবের পক্ষের পুরোধা ব্যক্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। গ্রাম থেকে আসা ব্রাহ্মণসন্তান। শাস্ত্রজ্ঞ। শুধু ভারতীয় শাস্ত্রেই নয়, ইয়োরোপীয় শাস্ত্রেও পণ্ডিত। তাঁর গ্রন্থাগারে অন্তত কোরআন থাকার কথা জেনেছি আমরা। অনুমান অসঙ্গত হবে না— শুধু কোরআন নয়, ইসলামের সম্যক পরিচয় পেতেও তিনি সচেষ্ট ছিলেন এবং সে-কারণে অন্যান্য দরকারি পুস্তকাদিও সেখানে থাকবার কথা। অর্থাৎ, নিজেকে তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে ধারালো করে তুলেছিলেন লক্ষ্যে অটুট থাকার জন্যে। কী সেই লক্ষ্য? ঈশ্বরের দিক থেকে, শাস্ত্রীয় ধর্মের দিক থেকে, যতটা সম্ভব সরিয়ে নিয়ে এসে মানুষ-কে দেখার দৃষ্টি অর্জন। হিউম্যানিজম শব্দটি মনে পড়তে পারে আমাদের। চলতি বাংলায় সচরাচর এর অর্থ করা হয়— মানবতাবাদ। আমরা জানি, ঠিক শব্দটি— মানবমুখিনতাবাদ। ধর্মকেন্দ্রিক চিন্তার অপসারণ ঘটিয়ে মানবমুখিন দৃষ্টিভঙ্গির প্রতি বিশ্বাস, তার অর্জন আর তার প্রয়োগ।
এই অর্থে বিদ্যাসাগর অবশ্যই ছিলেন হিউম্যানিস্ট। নাস্তিকও কি? অনেকে বলেছেন। আমরাও কি পৈতেধারী কোনো মানুষকে এই অভিধা দেব? হ্যাঁ, পিছনে কয়েকটা বিতর্কের খন্দ পেরিয়েও দেব। আমরা জানি— সেই সময়ে হিন্দুসমাজের যে-সব সংস্কারে তিনি উদযোগী হয়েছিলেন, সেসবের জন্যে তাঁকে যে-সব প্রস্তুতি নিতে হয়েছিল, সেগুলোর কিছুটা তো অবশ্যই বহিরঙ্গের।
আমাদের বিষয়টির সঙ্গে সংযুক্ত, এমন দু-একটা প্রসঙ্গে বিদ্যাসাগরের অবস্থানটুকু এবার একটু দেখব।
১৮৫৪ সাল থেকে বর্ধমান শহরের সঙ্গে বিদ্যাসাগরের সম্পর্ক। ১৮৬৮-তে টানা চারমাস তিনি সেখানে কাটান। সেবার তাঁর বাসস্থানের পাশেই ছিল গরিব মুসলমানদের পল্লি। অল্পদিনে সেই গরিব পল্লিটি তাঁর পোষ্যবর্গে পরিগণিত হয়। চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর গ্রন্থের (১৯০৯ খ্রিস্টাব্দ) ৪৯৬ পৃষ্ঠায় লিখছেন— 'ঐ পল্লীর ছোট ছোট বালক বালিকা তাঁহার বিশেষ স্নেহের পাত্র হইয়া উঠিল। তাহাদিগকে প্রতিদিন খাবার কিনিয়া দেন, তাহাদের স্নেহসূত্রে আবদ্ধ হইয়া তাহাদের পিতা মাতা প্রভৃতিরও নানা অভাব মোচন করিতে প্রবৃত্ত হন।' ১৮৬৯ সালে কালান্তক ম্যালেরিয়ায় বর্ধমানে যখন অসংখ্য লোক আক্রান্ত হয়, ডাক্তার গঙ্গানারায়ণ মিত্রকে নিয়ে বিদ্যাসাগর তখন হতদরিদ্র পল্লিগুলোতে ওষুধ আর পথ্য নিয়ে হাজির। ডাক্তার মিত্রের বয়ান-অনুযায়ী চণ্ডীচরণ ওই গ্রন্থেরই ৪৯৭ পৃষ্ঠায় লিখেছেন— 'কৃশ ও রুগ্ণ মুসলমান শিশুসন্তান তাঁহার পবিত্র ক্রোড়ে স্থান পাইয়াছে, কেহ বা আত্মচেষ্টায় তাঁহার ক্রোড়ে উঠিবার চেষ্টা করিতেছে, কিন্তু তাহাতে তাঁহার উপবীত বা উপবীত পরিশোভিত দেহ অপবিত্র হয় নাই।'
দেখা যাচ্ছে, তাঁর উপবীত বেপরোয়া রকমের সহনশীল। কিন্তু, এই সহনশীলতা তাঁকে সামগ্রিকভাবে ঝুঁকির দিকে নিয়ে যায় না, নিয়ে যায় ব্যক্তিগত ঝুঁকির দিকে, যে-ঝুঁকি সারা জীবন তিনি নিয়েছেন। কিন্তু যখন তাঁকে নারীশিক্ষার পক্ষে লড়তে হয়েছে, সার্বিকভাবে হিন্দু-মুসলমান নারীশিক্ষার জন্য আন্দোলন করতে তিনি পারেননি মূলত দূ-টো কারণে। প্রথমত, দুই সমাজের অন্তর ছিল পৃথক। সেই পৃথকীকৃত সমাজে মুসলমান মেয়েদের সপক্ষে কথা বলার পরিস্থিতি তখন বিদ্যাসাগরেরও ছিল না। দ্বিতীয়ত, উচ্চকোটির মুসলমানদের নেতৃবর্গ, বিশেষ করে আবদুল লতিফ এবং তাঁর অনুসারীরা, উর্দুকে বাঙালি মুসলমানের ভাষা হিসেবে প্রতিষ্ঠা দিতে সচেষ্ট ছিলেন। মুসলিম শিক্ষাপদ্ধতি কেমন হবে, চলছে তারও বিচার-বিবেচনা। আহমদ শরীফ লিখছেন (পথিকৃৎ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিশেষ সংখ্যা, অক্টোবর ১৯৯১)— 'এমন অবস্থায় বিদ্যাসাগরের পক্ষে মুসলমানের জন্যেও বাঙলা বিদ্যালয় প্রতিষ্ঠাপ্রয়াস সম্ভব ছিল না, তাঁর সে অধিকারই ছিল না।'
এছাড়া রইল বহুবিবাহবিরোধী আন্দোলন। এক্ষেত্রেও বিদ্যাসাগরের আন্দোলনের লক্ষ্য অবধারিতভাবে ছিল হিন্দু কুলীন ব্রাহ্মণসমাজ। তাঁর বক্তব্য: 'বহুবিবাহ প্রথা প্রচলিত থাকাতে বাঙ্গালা দেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে যত দোষ ও যত অনিষ্ট ঘটিতেছে, বোধ হয়, ভারতবর্ষের অন্য অন্য অংশে তত নহে, এবং বাঙ্গালা দেশের মুসলমান সম্প্রদায়ের মধ্যেও, সেরূপ দোষ বা সেরূপ অনিষ্ট শুনিতে পাওয়া যায় না।'
শরিয়তে চারটে বিয়ের বিধান থাকার কথা নিশ্চয় তাঁর জানা ছিল। কিন্তু কুলীন সমাজে অগণিত বিয়ে— যা ছিল পেশাবিশেষ— তেমনটা দেশের অন্য হিন্দু সমাজে যেমন, তেমনই ছিল না মুসলমান সমাজেও।
দেখা যাচ্ছে, বিদ্যাসাগরের সামাজিক আন্দোলনগুলোর ক্ষেত্র স্বাভাবিকভাবেই সীমাবদ্ধ থেকেছে হিন্দুসমাজে। বলা উচিত— হিন্দু উচ্চবর্ণ সমাজে। কিন্তু, তাঁর জীবনচর্যায় বাধাহীনভাবে ঢুকে পড়েছে 'অচ্ছুৎ' সমাজের মানুষজন— নমঃশূদ্র (দুর্ভিক্ষের সময় বীরসিংহ গ্রামে), মুসলমান (বর্ধমানে) আর সাঁওতাল (কর্মাটাঁড়ে)।
তাহলে কি বিদ্যাসাগরের জীবনব্যাপী সংস্কার-আন্দোলন কোনো দিশাই দেয়নি বাংলার মুসলমান সমাজকে? না-দিলে সৈয়দ মুজতবা আলী (রচনাবলী, একাদশ খণ্ড, পৃষ্ঠা ২৭০) বিদ্যাসাগর সম্বন্ধে কেন লিখেছেন— 'বাংলার শ্রেষ্ঠতম সন্তান'?
এই দিশার প্রকৃতি কেমন? এখানে আহমদ শরীফের আগের প্রবন্ধ থেকে ফের একটুখানি—
'রামমোহন-বিদ্যাসাগর সমাজের জন্যে যা করেছেন, তা জাগরণ মুহূর্তে প্রতীচ্য বিদ্যাপ্রাপ্ত মুসলিম সমাজকেও দিশা দিয়েছিল। পথিকৃতের চাইতে অনুগামীর স্বাচ্ছন্দ্য যে অনেক বেশী তা কে অস্বীকার করবে? বাঙালী মুসলমান, প্রতিবেশীর পশ্চাদ্গামী ছিল বলেই অনায়াসেই অনেক সমস্যার অনুকৃত সমাধান পেয়েছিল।'
পাঁচ
এই পরিপ্রেক্ষিতেই আমরা দেখতে চেয়েছি ১৯৭০ সালে প্রকাশিত গোলাম মুরশিদ-সম্পাদিত বিদ্যাসাগর বইটিকে, যে-সংকলনগ্রন্থে রয়েছে জন্মপরিচয়ে আটজন মুসলমান লেখকের বিদ্যাসাগর-বিষয়ক বিবেচনা। লেখাগুলোর অন্য গুণাবলি যদি সরিয়েও রাখি, বলতেই হবে এ-কথা— বিদ্যাসাগরের জন্মের দেড়শো বছর পর এই আটজনের দেখার চোখ বিশেষ কোনো ধর্মপরিচয়ে আচ্ছন্ন ছিল না।
এই যে মুক্ত দৃষ্টিতরঙ্গ, আজ বাংলার দুই খণ্ডকেই যা প্লাবিত করছে— এই তরঙ্গে কি সেই একলষেঁড়ে, তেজোদীপ্ত, যুগপৎ বিদ্যার আর দয়ার সুবিশাল সাগরের অন্তর্লীন বেগের ছিটেফোঁটাও নেই?
দুই সমাজের ভেদরেখা মুছে যায়নি। বরং কোনো-কোনো ক্ষেত্রে বিভেদের উগ্রতা বেড়েছে। তবু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহীরুহ হয়ে আজও ছায়া দিচ্ছেন সেই সমাজের মানুষজনকেও— শতবর্ষ আগে যাঁদের একান্ত আপনজন মনে করতেন, যাঁদের মঙ্গলকামনা করতেন, অধুনা প্রায়-বিস্মৃত নবাব আবদুল লতিফ।
এই কারণেই বিদ্যাসাগরের দৃষ্টিভঙ্গি সময়ের সমুদ্র সাঁতরে আমাদের চারপাশের নতুন নতুন দ্বীপভূমি পেরিয়েও অজানার দিকে এগিয়ে যেতে পারছে।
