ঐতিহ্যভাবনা: বিদেশি কবিতা, বাংলা কবিতা
১৯১৭ সালে এলিয়টের Love Song of J.Alfred Prufork প্রকাশিত হওয়ার পর আধুনিক কবিরা যতখানি আন্দোলিত ও প্রভাবিত হয়েছিলেন, তাঁর কালজয়ী প্রবন্ধ Tradition And Individual Talent পড়ে বোধ হয় তার চেয়ে কম ভাবিত ও উদ্বুদ্ধ হননি। এলিয়টের কবিতা বিংশ শতাব্দীর ঐতিহ্য ও দ্বন্দ্বময় পরিবেশকে ধারণ করে প্রবলভাবে। ইতিহাস-ঐতিহ্যের অবদান স্বীকার করেই এবং তার সংগে যুক্ততা বজায় রেখেই এলিয়ট সেটিকে ভবিষ্যতের দিকে এগিয়ে নেয়ার পক্ষপাতী ছিলেন। বিষয়টিকে তিনি তার প্রবন্ধে একটি দার্শনিক ভিত্তি দিতে সচেষ্ট হয়েছিলেন। এ ক্ষেত্রে তার প্রধান কৃতি হচ্ছে ঐতিহ্যকে হেগেলীয় দ্বান্দ্বিক পদ্ধতি এবং ক্রমবিবর্তনের প্রেক্ষাপটে বিচার করা। এজরা পাউন্ড ১৯১৩ সালে একটা ছোট গদ্য লিখেছিলেন ঐতিহ্যের সংগে কবিতার সম্বন্ধ নিয়ে। খুব সম্ভব ওই লেখাটিই এলিয়টের প্রাগুক্ত প্রবন্ধটি রচনার প্রেরণা হিসেবে কাজ করেছে। তবে দূরদর্শিতা ও মৌলিক কাব্যভাবনার নিরিখে এলিয়টের ওই গদ্যটি পাউন্ডের প্রবন্ধে ধৃত চিন্তাভাবনাকে ছাড়িয়ে গেছে বলেই মনে হয়। যাই হোক, সুধীন্দ্রনাথ দত্ত "ঐতিহ্য ও টি এস এলিয়ট" শিরোনামের যে প্রবন্ধটি(১৯৩৪)লিখেছিলেন তা হয়তো কোনদিনই সম্ভব হতো না যদি এলিয়ট নিজেই ওই বিষয়ে কলম না ধরতেন।
এজরা পাউন্ড, সকলেই জানেন, চিত্রকল্প নির্মাণে গুরুস্থানীয়। ঐতিহ্যকে তিনি আলাদাভাবে না দেখে বস্তুগতভাবে ইতিহাসের প্রেক্ষাপটে দেখেছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ । ঐতিহ্য তো নির্দিষ্ট কোনো সময় থেকে শুরু হয়নি। বহু যুগ ধরে তা প্রবহমান। তাছাড়া এটা একটি পারম্পর্যময় সুষমা সৃষ্টি করে যাকে আমরা রক্ষা করতে চাই আমাদেরই শিল্প-সভ্যতার গরজে। প্রসংগত ইয়েটসকে মনে পড়ছে। শিল্পীর আছে "সুন্দর" দেখার চোখ ও স্বাধীনতার নির্ভীক চেতনা। ইয়েটস শিল্পীজনোচিত ওই স্বাধীনতার ঐতিহ্যসংশ্লিষ্টতা অনুধাবন করেছেন গভীরভাবে। ফলে তার জীবনে ও শিল্পকর্মে এসেছে নতুন উপলব্ধি।
গ্রীসে, ইতালিতে প্রাচীন কাল থেকেই লিরিকের ঐতিহ্য বহমান। দান্তে ও সমকালিক অন্য কবিরা তা থেকে পুষ্টি লাভ করেছেন। ইতালি থেকে ফ্রান্স হয়ে ইংল্যান্ডে তার প্রভাব পড়েছিল। রবীন্দ্রনাথ যে-গীতিকাব্যে তার প্রতিভার সর্বোত্তম প্রকাশ দেখাতে পেরেছিলেন, তার পেছনেও সক্রিয় উনিশ শতকী রোমান্টিসিজম। এজরা পাউন্ড ছন্দ ও ধ্বনির ঐতিহ্যিক উৎস সন্ধানের চেষ্টা করেছেন। ঐতিহ্য তো কোনো একক ব্যক্তির অবদান নয়। এর সংগে সমষ্টির শুভবোধ ও কর্মোদ্যম যুক্ত। রাষ্টিক-অর্থনৈতিক- সাংস্কৃতিক অবস্থার বিবেচনায় আমরা এখন কোন পর্যায়ে আছি তা বুঝতে সাহায্য করে ঐতিহ্য। একজন লেখক বা শিল্পী সমকালিক অপরাপর সৃষ্টিশীল মানুষদের মাঝখানে নিজের অবস্থান চিহ্নিত করতে পারেন ঐতিহ্যবোধের জন্যই। কেননা ইতিহাসচেতনা হচ্ছে একই সংগে চিরন্তনতা ও সাম্প্রতিকতার মিলনফল। আমরা যখন একজন কবির লেখায় স্বাতন্ত্র্য দেখতে পাই ও তা উপভোগ করি, আমাদের মনে থাকে না পেছনের কথা। ওই স্বাতন্ত্রের ও ভাবুকতার ভেতর অতীতের প্রয়াত ও বর্তমানের জীবিত বর্ষীয়ান কবিদের কীর্তির নানা রকম চিহ্ন মুদ্রিত থাকে। এ জিনিস কবির পরিণত বয়সের রচনাতেও লক্ষণীয়। জীবনানন্দ কবি হিসেবে কেন এত আলাদা ও বড়? তার কারণ বাংলাদেশ ও বাংগালিশোভন ভাবকল্পনা এবং চিত্রকল্পের বিশিষ্ট ধারণার সংগে ইতিহাস-ঐতিহ্যের বোধকে তিনি মেলাতে পেরেছিলেন সফলভাবে। কম-বেশি তা ঘটেছে বিষ্ণু দে, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, আবুল হাসানদের বেলায়ও।
বড় মাপের ভাবুকদের বেলায় কী ঘটে? তারা শুধু নিজেদের মন নয়, নিজেদের সময়কেও সাধ্যমতো বুঝতে চান এবং তা অতীতকে মনে রেখেই। কবির মনে যদি ঐতিহ্য ও নৈর্ব্যক্তিকতার চেতনা সজীব থাকে, তাহলে একান্ত ব্যক্তিকভাব-অনুভূতিকেও বহুজনীনতার ব্যঞ্জনা দেয়া সম্ভব হয়। রোমান্টিক কবিতার পরিমন্ডলে তা অবহেলিত ছিল। আধুনিক সাহিত্য কিন্তু নৈর্বক্তিক শিল্পই বেশি পছন্দ করে ।
প্রাচীন কাব্যের সংগে কাহিনি ও ধর্মের যোগ অবিচ্ছেদ্য। ক্ষেত্রবিশেষে আধ্যাত্মিকতাও লক্ষণীয়। হোমার, মিল্টন, মধুসূদন প্রমুখের মহাকাব্য সেকথাই বলে। এ যুগের মহাকাব্য ধর্মকে তো নয়ই, গল্পকেও ব্যবহার করতে অনিচ্ছুক। আধুনিক মহাকাব্য বরঞ্চ ইতিহাসের জ্ঞান ও মানসপ্রতিক্রিয়া তুলে ধরে। ডেরেক ওয়ালকটের " ওমেরস ", গ্রীক কবি নিকোস কাজানজাকিস- এর " জোরবা দ্য গ্রীক " প্রভৃতি গ্রন্থে তার সমর্থন পাই। অমিয় চক্রবর্তী, অনুরাধা মহাপাত্র প্রমুখের কবিতায় যে অধ্যাত্মভাব ও নিরাসক্তি উপস্থিত, তার পেছনে জেরার্ড মেনলি হপকিন্স, রবার্ট ব্লেক- এর মতো কবিদের দূরবর্তী প্রভাব থাকা অসম্ভব নয়। এলিয়টের অধ্যাত্মসংকট, শূন্যতাবোধ ও শেষ জীবনে ধর্মে আশ্রয় গ্রহণ তো দূর অতীতের ধর্মীয় কবিতার ঐতিহ্যেরই স্মারক। এলেন গিন্সবার্গ-এর মতো পাড় বোহেমিয়ান, বিকারগ্রস্ত, বিদ্রোহী কবিরও শেষ পরিণতি ওই এলিয়টের মতই। অমামুলি প্রতিভার অধিকারী, আত্মহন্তারক মার্কিন কবি হার্ট ক্রেন গুরু মানতেন ওয়াল্ট হুইটম্যানকে। কাব্যগ্রন্থ The Bridgeখ্যাত এই অকালপ্রয়াত কবি তো হুইটম্যানকথিত মার্কিনী শ্রেষ্ঠতারই নতুন ভাষ্যকার; কেবল ভাষায় ও ভঙিতে পূর্বসুরির থেকে আলাদা। ফররুখ আহমেদের কবিতা, আমরা জানি, জীবনের উজ্জীবনচিন্তা ও কাব্যভাষার স্বাতন্ত্র্য– দু' দিক থেকেই বিশিষ্ট। তিনি যে pan Islamism এ বিশ্বাসী ছিলেন ; সাম্প্রদায়িক ভেদবুদ্ধির উর্ধ্বে যে আস্তিকতাময় সহমর্মী মানবসমাজের স্বপ্ন দেখতেন, তারও পশ্চাতে গোলাম মোস্তফা কিংবা সাগরপারের হপকিনস, এলিয়টদের প্রণোদনা থাকতেই পারে। তবে বাঙালির ঐতিহ্যধারণা বাঙালির রাজনীতিবোধের মতই বেশ গোলমেলে মনে হয়। কবিরাও, তাই, এর বাইরে নন। অতীত থেকে কী শিক্ষা নেবেন, কী গ্রহণ করবেন কী বর্জন করবেন এসব বিষয়ে আমাদের ৯৫% কবিরই পরিষ্কার ধারণা নেই। বড় বড় সব সাহিত্যআন্দোলনের পরেও, প্রতীকবাদ, চিত্রকল্পবাদ,পরাবাস্তববাদের মতো বিশ্ব-নাড়া-দেয়া সাহিত্যিক তরঙ্গসমুহের পরেও আমাদের এ অঞ্চলে এখনও দেখতে পাচ্ছি ব্যক্তিগত ভাবোচ্ছ্বাসপ্রধান কবিতার প্রাদুর্ভাব। বিচ্ছিন্নতাবোধ বা বিষণ্ণ ভাবুকতার (বাংলা কবিতায় এই জিনিসটা বেশ
চোখে পড়ে) মতো বিষয়কেও যদি যোগ্য ভাষায়, কল্পনায় তুলে আনতে পারতেন অনেক কবি,
আমরা অনেকখানি ঋদ্ধ হতে পারতাম।বিদ্রোহী মধুসূদনে, কপোতাকখ নদসহ আরও কিছু অজর কবিতায়, মূল্যবান পথনির্দেশ ছিল ও আছে । কিন্তু বাংলাভাষী কবিরা মধুসূদনের দেখিয়ে দেয়া পথে হাঁটেননি। তারা রবীন্দ্রনাথের গীতি-কাব্যভাষার প্রতারক সারল্যে ডুবেছেন। নজরুলের ভাষার স্বাতন্ত্র্য ও ভাবের সমন্বয়বাদী তেজ না বুঝে শুধুই তার ভাষিক সহজতাকে ভালোবেসেছেন, গ্রহণ করেছেন দ্রোহী মনোভাব। অনেক পরে জীবনানন্দ, বিষ্ণু, অমিয়দের মাধ্যমে পরবর্তী সচেতন-সামর্থবান কবিরা ইউরোপের কবিতাসংক্রান্ত নতুন ধ্যান-ধারণা গ্রহণ করলেন। ততদিনে অনেকখানি পিছিয়ে পড়লাম আমরা। উত্তরকালে অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে নিরন্তর প্রয়াস ও অনুধ্যানের মাধ্যমে কৃতী কবিরা ওই ক্ষতি পুষিয়ে নিতে পেরেছেন বেশ খানিকটা। কিন্তু প্রতিভা থাকা সত্ত্বেও দূরদর্শিতার অভাবে সঠিক পথ বেছে নিতে না পারায় উভয় বাংলার অসংখ্য কবির উল্লেখযোগ্য বিকাশ ঘটেনি।
এখন দেখতে পাচ্ছি আরেক দুর্মতি। ইউরো-কেন্দ্রিক ভাবদাসত্ব(?) না মানার অজুহাতে ঐতিহ্যের দোহাই দিয়ে আজ অনেকেই বাংলা কবিতার মুক্তি খুঁজতে চাইছেন জয়দেব, ভারতচন্দ্র, মুকুন্দ দাস, ঈশ্বরগুপ্ত প্রমুখের প্রদর্শিত পথে। এ জাতীয় ভাবনা পেছনের দিকে হাঁটার সমতুল। এরকম যারা ভাবছেন তারা বাংলাদেশের সমাজ-সংস্কৃতি-ধর্মাচার-রীতিনীতির কথা বলেন। কিন্তু তারা ভুলে যান যে, আমাদের প্রাচীন মূল্যবোধআক্রান্ত জীর্ণ সমাজ, আমাদের পুরনো ধ্যানধারণা ও দৃষ্টিভংগি এযাবৎ যতটুকু আলোকিত, সংস্কৃত ও মার্জিত হয়েছে তা ইউরোপেরই অবদান। পশ্চিম আমাদেরকে যেসব শিলপকৌশল শিখিয়েছে তা আজ ফেলে দেবো আমরা? এখন কথা হচ্ছে, সতর/আঠারো/উনিশ শতকের বাঙালি কবিদের কারও কারও লেখায় যদি নতুন সাহিত্যপথের ইংগিত থাকেও, ইউরোপ উদ্ভাবিত শিল্পরীতিগুলোর প্রয়োগ ব্যতিরেকে সেটা কীভাবে ফলবান করে তোলা সম্ভব?
