দুঃসময়ের রবীন্দ্রনাথ
কী পূর্বে, কী পশ্চিমে— দুনিয়ার অধিকাংশ রাষ্ট্র যাবতীয় ক্ষমতা নিয়ে আজ সর্বগ্রাসী হতে চাইছে। মানুষ আর তার প্রাণাধিক প্রিয় দেশগুলো রাষ্ট্রের জাঁতাকলে হচ্ছে নিষ্পিষ্ট। ঘোর এই সংকটকালে বিষয় হিসেবে আমি বেছে নিচ্ছি রবীন্দ্রনাথকে। তারপরেও কথা থাকে– বহু রবীন্দ্রনাথের মধ্যে কোন রবীন্দ্রনাথ হবে আমার বিষয়? এই মুহূর্তে যে-রবীন্দ্রনাথ আমাদের বেশি জরুরি, তিনি।
প্রতিটি স্বাধীন রাষ্ট্রের অন্তত একটি জাতীয়সঙ্গীতের দরকার হয়। আমাদের ভারতেরও রয়েছে জাতীয়সঙ্গীত। এই বিষয়ে কিছু পুরনো কথার খেই ধরে দু-একটা কথা আমরা বলব। দেখতে চাইব আমাদের জাতীয়সঙ্গীতটিকে। এবং তাঁর রচয়িতাকে।
কোনো রাষ্ট্রের জাতীয়সঙ্গীত বিষয়ে কথা বলবার সময় আমাদের জেনে নেওয়াটা জরুরি, সেই সঙ্গীত-স্রষ্টার রাষ্ট্রভাবনা কেমন ছিল। তাহলে আবার প্রশ্ন উঠবে– রাষ্ট্র কী? বা বলা উচিত— রাষ্ট্রকে কোন চেহারায় তিনি দেখেছেন এবং আমরাই-বা কোন রূপে দেখতে চাইছি সেই রাষ্ট্রকে? প্রশ্ন এ-ও আসবে– দেশই-বা তাহলে কাকে বলব?
রাষ্ট্র আর দেশ কি একই চেহারায় আমাদের সামনে প্রতিভাত হয়? আমরা জানি, এই দুটো শব্দের বাইরে তৃতীয় একটা শব্দ খুব গুরুত্ব পেয়েছে রবীন্দ্রনাথের লেখায়— নেশন। শব্দটিকে বাংলা করার দরকার মনে হয়নি তাঁর। 'নেশন কী?' নামে প্রবন্ধে তার কৈফিয়তও দিয়েছেন।
কিন্তু, এসব প্রশ্ন নতুন তো নয়। কমপক্ষে আড়াই হাজার বছর ধরে নানা দেশের নানা মনীষীর মনে আরও অনেক বড়ো-বড়ো প্রশ্নের মতো এই প্রশ্নটাও তোলপাড় হয়েছে। এই যে আকাশ-বাতাস, জল-স্থল-নদী-সমুদ্র, এই যে বনস্থলী-পর্বত-উপত্যকা-জীবসকল, ছোটো-বড়ো জনপদের সীমানাবদ্ধ কোনো ভূখণ্ড— একেই কি বলব দেশ? অথবা, রবীন্দ্র-কথিত নেশন? আমরা জানি, তা নয়। একটি সমাজের জন্ম হয় মানুষের ক্ষুৎপিপাসা মেটানোর উপকরণে, বসনে, আনন্দউৎসবে, প্রকৃতির সঙ্গে মিলনে, জগৎকে দেখার বিশেষ দৃষ্টিভঙ্গির সাযুজ্যে। হাজার বছরের স্মৃতি এসে দৈনন্দিনতাকে যেখানে অন্যতর অর্থ জোগায়, সেইখানে মানুষের মনের অতিনিভৃত স্বপ্নে কোনো-একদিন কোনো দেশের জন্ম হতে পারে। হয়ও।
কোন মানুষের? যে-মানুষ একদিন দ্বিতীয় মানুষের প্রতি হৃদয়ের টানকে কল্পনামিশ্রিত বাস্তবতায় প্রত্যক্ষ করতে চেয়েছিল, গড়ে তুলতে পেরেছিল সন্ততি-সহ পূর্ণ এক পরিবার। সেই পরিবার থেকে গোষ্ঠী, গোষ্ঠী থেকে সমাজ এবং সেই সমাজ ক্রমে বাড়তে বাড়তে দেশ। এমনই এক চক্রে ঘুরতে ঘুরতে এই সেদিন— খুব বেশি হলে শ-আড়াইয়েক বছর– দেশের ধারণাটিকে ঘাস থেকে আকাশ পর্যন্ত গিলে খেয়েছে সর্বক্ষমতাধর রাষ্ট্র।
এরপরও কথা থাকে। সেই কথাটি হল এই যে, একটা রাষ্ট্রে বসবাস করেও বিহার ঝাড়খণ্ড বা উত্তরপ্রদেশের, এমনকি পশ্চিমবঙ্গের, কোনো জেলার মানুষ ছুটিছাটায় আজও যখন কলকাতা থেকে গ্রামের বাড়িতে যান, তখন তো তিনি 'দেশে' যান! এটা তাহলে কোন দেশ? তবে কি একই দেশের মধ্যে লুকিয়ে আছে এত-এত নিভৃত দেশ!
মানুষের অন্তরের এই 'দেশ'টাকে বুঝতে পারলে অনেক সমস্যার সমাধান আজও হতে পারে।
এই যে দেশ— মনের আর চর্মচক্ষুর দেখাকে মিলিয়ে একদল মানুষ কোনো ভূখণ্ডকে দেশ নাম দিয়ে যুগ-যুগ ধরে সেখানে বসবাস করছে— এটাকে কীভাবে দেখেছেন রবীন্দ্রনাথ?
বলতে যখন হবে আমাকে, শুরু করব আমার শিশুবয়স থেকে।
দুই
অনেকেরই যেমন হয়, আমারও স্কুলজীবন শুরু টলমলে পাঁচ বছর বয়সে। দেশ দু-টুকরো এবং স্বাধীন হওয়ার মাত্র আট বছর পরে। স্বাধীন ভারতের শৈশবকাল তখন। খড়ে-ছাওয়া মাটির লম্বা বাড়ি। সেই বাড়িতে মুখোমুখি দুটো নড়বড়ে দরজা আর ঘুলঘুলির মতো চারটে জানালা। সামনে রুক্ষ বীরভূম জেলার মান রাখতে মস্ত এক ইঁদারা। ছোটোকুষ্টিকুরি প্রাথমিক বিদ্যালয়। বিশাল এই জগতের কথা ভাবলে আজ মনে হয়— হাওয়ায় তিরতির করে কাঁপত আমাদের সেই স্কুলঘরটা। টিকবে কিনা সন্দেহ। নিশ্চয় প্রথম দিনই আমাকে যোগ দিতে হয়েছিল প্রার্থনায়। একটা গ্রাম্য শিশুর মুখ থেকে অজান্তে বেরিয়ে এসেছিল গানের কথাগুলি, বা বলা ভালো– শিশুটি চেষ্টা করেছিল সবাইকে অনুকরণ করতে। এ-দেশের অসংখ্য শিশুর যেমন, আমারও রবীন্দ্রনাথ আওড়ানোর সেই শুরু। যে-গানটি আমাদের জাতীয়সঙ্গীত, শিশুকালে দিনের পর দিন আওড়ে-যাওয়া সেই গানটির মধ্যে কি প্রচ্ছন্ন ছিল রবীন্দ্রনাথের দেশ-ভাবনা? এবং তাঁর রাজনৈতিক চিন্তন?
না-বুঝে আমরা কী গাইতাম? একটি পঙক্তি ছিল— 'জনগণমঙ্গলদায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা।' এই পঙক্তিটির দিকে আজ যখন তাকাই, কোন রবীন্দ্রনাথকে আমরা দেখি? ১৩১৮ বঙ্গাব্দে লেখা (১৯১১ খ্রিস্টাব্দ) গানটিতে জয়গান করা হয়েছে ভারতের ভাগ্যবিধাতার। কোন ভাগ্যবিধাতার? যিনি জনগণের চিরমঙ্গলদায়ক। দেশের নয়, দেশের মানুষের— আজকের রাজনীতিবিদের মুখের লব্জে যারা তখনও জনগণ-অভিধায় এতটা বিমূর্ত রূপ পায়নি, যে-বিমূর্ততায় শাসক গোষ্ঠীর সুবিধা হয়, মস্ত এক ভূখণ্ডকে আর তার বিস্তারকে আশ্রয় করবার জন্যে রবীন্দ্রনাথ সেই জনগণ শব্দটিকেই এখানে ব্যবহার করলেন, যা তিনি কদাচিৎ করেছেন। অথচ জনগণ নয়, বরাবর তিনি নির্ভর করেছেন মানুষের উপর। সেই মানুষের পরিপূর্ণ এবং আনন্দঘন রূপটি বিকশিত হোক, এই ছিল তাঁর আজীবন সংকল্প।
পঙক্তিটিকে— কবিতাটিকেও— পড়ার সঙ্গে সঙ্গে দেখব, সেই সময়পর্বের আগের-আগের চিন্তাভাবনা তাঁর কেমন ছিল।
যদি বলি, দেশভাবনা রবীন্দ্রনাথের শৈশব থেকেই জাগরূক এবং আমৃত্যু, তাহলে তাঁর রাজনৈতিক চিন্তার এবং দেশের— বড়ো অর্থে বললে সমাজের— কাজের একনিষ্ঠতার প্রতি খানিকটা সুবিচার হয়। কথাটা এই জন্যে যে, সেইসব চিন্তাকে মুছে দিয়ে কবি-পরিচয়টি বিশ্বজোড়া এতই বিখ্যাত হয়েছে যে, কখনো-বা রবীন্দ্রনাথ নিজেও বিরক্তি প্রকাশ করেছেন। অনেক পরে শ্রীনিকেতন শিল্পভাণ্ডার উদবোধন অনুষ্ঠানে ক্ষোভের সঙ্গে একবার তিনি বলেও ফেলেন—
'আমার একটা দুর্নাম ছিল আমি ধনীসন্তান, তার চেয়ে দুর্নাম ছিল আমি কবি। মনের ক্ষোভে অনেকবার ভেবেছি যাঁরা ধনীও নন কবিও নন সেই-সব যোগ্য ব্যক্তিরা আজ আছেন কোথায়।…'
আমরা অনেকটা এগিয়ে এসেছি। আবার ফিরে যাই তাঁর শৈশবে।
উনিশ শতকে জোড়াসাঁকোর ঠাকুর-পরিবার ছিল বাংলার সমাজে অগ্রগণ্য। দেশের যে-কোনো উদযোগে এই পরিবারের ভূমিকা অনস্বীকার্য। সেই পরিবারের সন্তান রবীন্দ্রনাথ জন্ম থেকেই দেখছেন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন-এর কাজকর্ম। হিন্দুমেলার শুরু ১৮৬৭ সালে। ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয় দ্য ইন্ডিয়ান লিগ থেকে দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। সমসময়েই গড়ে ওঠে ক্যালকাটা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। ১৮৭৭-এ, তাঁর বিলেত যাওয়ার এক বছর আগে, বড়োলাট লর্ড লিটনের দিল্লি দরবারে জাঁকজমকের প্রতিবাদে লিখলেন কবিতা— 'দিল্লি দরবার'। তখন বয়স মাত্র ষোলো। সে-কবিতা কিশোর-রচনা বলে উপেক্ষিত হয়নি। বরং রাজরোষে নিষিদ্ধ হয়েছিল। সেই প্রথম তিনি সরাসরি ব্রিটিশের বিষনজরে পড়লেন। কী লিখেছিলেন তিনি?
ব্রিটিশ-রাজের মহিমা গাহিয়া
ভূপগণ ওই আসিছে ধাইয়া
রতনে রতনে মুকুট ছাইয়া ব্রিটিশ-চরণে লোটাতে শির—
ওই আসিতেছে জয়পুররাজ, ওই যোধপুর আসিতেছে আজ
ছাড়ি অভিমান তেয়াগিয়া লাজ, আসিছে ছুটিয়া অযুত বীর।
এরপর তিনি লিখছেন—
ব্রিটিশ-বিজয় করিয়া ঘোষণা, যে গায় গাক আমরা গাব না
আমরা গাব না হরষ গান,
এসো গো আমরা যে ক'জন আছি, আমরা ধরিব আরেক তান।
এই পটভূমিকায় ১৮৭৮ সালে বাড়ির কর্তারা নিরুপায় হয়ে স্কুল-পালানো ছেলেটিকে বিলেতে পাঠালেন উচ্চশিক্ষার জন্যে। তখন তাঁর বয়স সতেরো পূর্ণ হয়েছে। কিন্তু এন্ট্রান্স পাশ হয়নি। ওদিকে অভিভাবকদের যাবতীয় উদ্দেশ্যে জল ঢেলে দেড় বছর পরেই দেশে ফিরে এলেন। ফিরে আসার আগে বড়োদাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের 'ভারতী' পত্রিকায় তাঁর গদ্য লেখার শুরু। ফিরে আসার প্রায় সঙ্গে সঙ্গে (১২৮৭ বঙ্গাব্দে) একটি প্রবন্ধ ছাপা হল 'পারিবারিক দাসত্ব' নামে, যে-লেখাটি সম্বন্ধে সম্পাদক— তাঁর বড়ো দাদা দ্বিজেন্দ্রনাথ— দ্বিমত পোষণ করেছিলেন।
অনধিক উনিশ বছর বয়সে লেখা এই প্রবন্ধটিকে আমরা বিশেষ গুরুত্ব দেব। ইংল্যান্ডে বসবাসকালে রবীন্দ্রনাথ বেশ কাছ থেকে ভিন্ন এক লোকজীবনের এবং সংস্কৃতির পরিচয় পেয়েছেন সরাসরি। ফিরে এসে জোড়াসাঁকোর বিশাল যৌথ পরিবারে পুনঃপ্রবেশ। ততদিনে যুক্তি দিয়ে সবকিছু বোঝার চেষ্টা জোরদার হচ্ছে এবং তুলনামূলক আলোচনার দিকে চিন্তাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন— পরিবার হচ্ছে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রের অতি ক্ষুদ্রতম একটা সংস্করণ। সেখানে স্নেহ ভালোবাসা মমতা যেমন আছে, শোষণ বঞ্চনা অবদমনও তেমনই প্রকটভাবে ক্রিয়াশীল। ছোটোদের অকারণ শাসন, প্রতি পদে কৈফিয়ত চাওয়া, ধমক এবং অবদমিত করে রাখার মধ্যে যেমন, তেমনই দুর্বল সদস্যের প্রতি সবলের অনুশাসনে তিনি যেন দেখতে পেয়েছেন পরিবারের মধ্যে রাষ্ট্রের ভয়ঙ্কর রূপটির ক্ষুদ্র সংস্করণকে।
এই শুরু হল তাঁর নিজেকে দেখার মধ্যে, নিজের পরিবারের আলোছায়াময় কক্ষগুলোর ভিতরটাকে দেখার মধ্যে, সমাজকে আর দেশকে আর জগৎকে দেখার নিজস্ব দৃষ্টিভঙ্গি। এবং, প্রথম তারুণ্যে অপরকে দেখারও সেই শুরু।
বিস্মিত না-হয়ে পারি না— পরাধীন দেশের শিক্ষিত তরুণের দল যখন ব্রিটিশদের তাড়িয়ে দেশকে স্বশাসনে আনতে চাইছেন, গড়তে চাইছেন স্বাধীন রাষ্ট্র, করছেন সভা-সমিতি, বিলিতি দ্রব্য বর্জনের ডাক দিচ্ছেন, সেই আগুনের ঘূর্ণিতে দাঁড়িয়ে এক সদ্যতরুণ নিজের পরিবারের ভিতরটাকে খুঁটিয়ে দেখতে দেখতে রাষ্ট্রের গঠন আর মেজাজটিকে বুঝে ওঠার চেষ্টায় মগ্ন।
'ভারতী' পত্রিকায় এই পর্বের গদ্যগুলি মোটের উপর ১৮৭৮ থেকে ১৮৮৯ সালের মধ্যে লেখা।
'চীনে মরণের ব্যবসায়', 'জিজ্ঞাসা ও উত্তর', 'সমাজ সংস্কার ও কুসংস্কার', 'হাতে-কলমে' ইত্যাদি। 'হাতে-কলমে' প্রবন্ধে তিনি স্বদেশী আন্দোলনের নেতা-কর্মীদের সম্বন্ধে লিখছেন—
আমাদের স্বদেশহিতৈষীদের কোনো দোষ দেওয়া যায় না। তাঁহাদের এক হাতে ঢাল এক হাতে তলোয়ার— তাঁহাদের হাতের অপেক্ষা হাতিয়ার বেশি হইয়া পড়িয়াছে, এই জন্য কাজকর্ম সমস্তই একেবারে স্থগিত রাখিতে হইয়াছে।… ইহারা স্বদেশের হিতসাধনে অত্যন্ত উন্মুখ, সুতরাং স্বদেশীর হিতসাধনে সময় পান না। ব্যাপারটা যে কীরূপ হইতেছে, তাহা বলা বাহুল্য। ঘোড়াটা না খাইতে পাইয়া মরিতেছে ও সকলে মিলিয়া একটা ঘোড়ার ডিম লইয়া তা' দিতেছেন,…
তাহলে রবীন্দ্রনাথের মতে সেই মরণোন্মুখ ঘোড়াটিকে বাঁচাবার উপায় কী? ওই প্রবন্ধেই তিনি লিখছেন—
পরস্পরের মধ্যে বিশ্বাস, পরস্পরের প্রতি মমতা, পরস্পরের প্রতি নির্ভর— এ তো চাঁদা করিয়া রেজোলিউশন পাস করিয়া হয় না। প্রত্যেকের ক্ষুদ্র কাজের উপর ইহার প্রতিষ্ঠা।
১৮৮৪ খ্রিস্টাব্দের এই লেখাটির মধ্যেই শুধু নয়, স্বাধীনতা আন্দোলনের সেই সময়কার নেতা-কর্মীদের কাজকর্মে দেশের মানুষের সঙ্গে সংযোগহীনতা তাঁকে অত্যন্ত পীড়িত করেছিল। এবং তখন থেকেই নতুন কোনো পথের সন্ধানে ধীর কিন্তু নিশ্চিত পদক্ষেপে তাঁর যাত্রা শুরু। শুরুর এই সময়ে তিনি বুঝে নিচ্ছেন— আমাদের দেশ কী, তার ভিতরের গঠন কী, সেই গঠনের জোরটি ঠিক কোথায়।
সেই যে প্রত্যক্ষ রাজনীতিকদের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়ে গেল, যাঁরা চান একটা রাষ্ট্রকাঠামোকে সরিয়ে সেইখানে আরেকটা রাষ্ট্রকাঠামো গঠন করতে, তাঁদের সঙ্গে মনের সেই দূরত্ব থেকে গেছে আজীবন। কখনো তাঁদের কাছাকাছি এসেছেন, ভালোবাসার স্নেহের শ্রদ্ধার সম্পর্ক গড়ে উঠেছে, কিন্তু নিজের বিশ্বাসে অটল থেকেছেন আজীবন।
তিন
১৮৮৯-এর জুন মাসে শুরু হল তাঁর নতুন এক জীবন। জমিদারি তত্ত্বাবধানে তাঁকে পাঠানো হয় শিলাইদহে। কলকাতার অতি-অভিজাতকুলোদ্ভব এক তরুণ গিয়ে পড়লেন পুববাংলার এমন সব অভাবী গ্রামে, যেখানে উর্বর জমি আছে কিন্তু পেটের খাবার নেই, চতুর্দিকে জল কিন্তু দূষণমুক্ত পানীয় জল নেই, মেধা আছে কিন্তু তার বিকাশের জন্য শিক্ষার ব্যবস্থা নেই। অন্নহীন বস্ত্রহীন শিক্ষাহীন এইসব হতদরিদ্র মানুষ এবং তাদের ঘিরে-থাকা অপরূপ প্রকৃতির বিষম-অবস্থান তাঁর কলকাতাকেন্দ্রিক নিরাপদ জীবনে এমন আঘাত করতে থাকল যে, শিলাইদহে যাওয়ার পাঁচ বছর পর 'সাধনা' পত্রিকায় ছাপা হল 'এবার ফিরাও মোরে' নামে একটি কবিতা:
সংসারে সবাই যবে সারাক্ষণ শত কর্মে রত,
তুই শুধু ছিন্নবাধা পলাতক বালকের মতো
মধ্যাহ্নে মাঠের মাঝে একাকী বিষণ্ন তরুচ্ছায়ে
দূরবনগন্ধবহ মন্দগতি ক্লান্ত তপ্তবায়ে
সারাদিন বাজাইলি বাঁশি। ওরে তুই ওঠ্ আজি ;
আগুন লেগেছে কোথা? কার শঙ্খ উঠিয়াছে বাজি
জাগাতে জগৎ-জনে? কোথা হতে ধ্বনিছে ক্রন্দনে
শূন্যতল? কোন্ অন্ধকারামাঝে জর্জর বন্ধনে
অনাথিনী মাগিছে সহায়?…
একটা বিচ্ছেদ— নাগরিক জীবন, উচ্চশিক্ষিত পরিজন আর বন্ধুবান্ধব, সাংস্কৃতিক পরিমণ্ডল থেকে বহু দূরে সপরিবার বসবাস। সেইসঙ্গে অমূল্য একটা প্রাপ্তি— অফুরান প্রকৃতির মাঝে নির্জীব আর ক্ষয়িষ্ণু আর প্রাণশক্তি ফুরিয়ে-আসা মানুষজনের বিচরণভূমিই যে তাঁর প্রকৃত স্বদেশ, স্বদেশের সেই মাতৃমূর্তিকে খুঁজে পাওয়া। পদ্মা বোটের, শিলাইদহ কুঠিবাড়ির জোলো হাওয়ায় তখন ফিসফিস করছে এইসব আধো-চেনা শব্দবন্ধ— পল্লি-সংগঠন, পল্লি-উন্নয়ন। আমরা সবাই জানি এ-সব কথা। ওই যে তিনি লিখেছিলেন, 'প্রত্যেকের ক্ষুদ্র কাজের উপর ইহার প্রতিষ্ঠা।', সেই 'ক্ষুদ্র কাজের' দিকে তাঁর মন তখন ধেয়ে যাওয়ার জন্যে ছটফট করছে।
যে-বছর লিখলেন 'এবার ফিরাও মোরে', তার কয়েক বছর পরই, ১৯০১ সালে, বীরভূমের এক রুক্ষ প্রান্তরে, পিতৃদেবের শান্তিনিকেতন আশ্রমে, পত্তন করলেন এক মুক্ত বিদ্যালয়ের— যার নাম ব্রহ্মবিদ্যালয়। ওই বছরেই তাঁর বহুল আলোচিত দু-টি প্রবন্ধ প্রকাশ পায়— 'নেশন কী?' এবং 'ভারতবর্ষীয় সমাজ'। তার তিন বছর পর 'স্বদেশী সমাজ'।
এইসব রচনায় রবীন্দ্রনাথ স্পষ্ট করছেন দেশ, জাতি, ভূখণ্ড, দেশের সীমান্ত বিষয়ে তাঁর ভাবনাগুলি। এককথায় তাঁর নেশন-ভাবনা, যা হয়তো-বা তাঁর রাষ্ট্রভাবনা বা স্পষ্ট করে বললে— রাষ্ট্রবিরোধী ভাবনা। ন্যাশনালিজম, বাংলায় যদি বলি জাতীয়তাবাদ— ইয়োরোপ থেকে আমকানিকৃত এই শব্দটির প্রতি বিন্দুমাত্র আস্থা ছিল না রবীন্দ্রনাথের। নেশনের চেয়ে তাঁর কাছে বড়ো ছিল সমাজ, যে-সমাজ ভারতের নিভৃততম কুলুঙ্গিতে হাজার হাজার বছর ধরে জ্বালিয়ে রেখেছে অন্তরের প্রদীপটিকে এবং সচল রেখেছে প্রাচ্য সভ্যতাকে। সরকারের কাছে আবেদন-নিবেদনে নয়, চিৎকার-আস্ফালনেও নয়, নয় সভায় বাগ্মিতা প্রকাশ করে; বরং দেশের মানুষের কাজে আত্মনিয়োগ করে তাদের স্বদেশপ্রীতির উন্মেষ ঘটাতে পারলে মানুষের মনে যে-আত্মমর্যাদার জন্ম হবে, সেই আত্মমর্যাদার বলে বলীয়ান হয়ে অন্তর থেকে তারা নিজেদের স্বাধীন ভাবতে শিখবে। আর, সেই ভাবনাই দেখাবে তাদের মুক্তির প্রকৃত পথ।
রাষ্ট্রনেতাদের পথে গিয়ে ব্রিটিশদের উৎখাত করে দেশ স্বাধীন হলে জন্ম হবে আরেক রাষ্ট্রেরই এবং সেই রাষ্ট্রের সঙ্গেও দেশের মানুষের দূরত্ব কিছু কমবে না। তাতে রবীন্দ্রনাথ দেশের মঙ্গল খুঁজে পাননি।
ভারতীয় সমাজের অন্তরের রূপটি— বহুদিনের অবহেলায়— ততদিনে দীনহীন হয়ে তাঁর সামনে এসে দাঁড়িয়েছে। তাই থেমে থাকার সময় কবির ছিল না। বিদেশী দ্রব্য বর্জনের আন্দোলনে যখন শহরগুলো উত্তাল, সেই আন্দোলনের থেকে দূরে শিলাইদহ আর কুষ্টিয়ায় ১৯০৪ সালে গড়ে তুললেন তাঁত কারখানা। লক্ষ্য ছিল— বর্জন করতে হলে তার আগে চাই অর্জন। বিপুল উৎসাহে সেই কারখানা চলেছিল কয়েক বছর।
এরপর শতচ্ছিন্ন সমাজকে যেন-বা শ্রীযুক্ত করতে ১৯০৭-এ নেমে পড়লেন প্রথমে শিলাইদহে, নিজেদের জমিদারি এলাকায়, শিক্ষা পানীয় জল আর কৃষিব্যবস্থার উন্নতির চেষ্টায়। চাই পথঘাট নির্মাণ। চাই শিক্ষা। চাই মুমুর্ষু গ্রামসমাজের জীবনে নতুন আনন্দ। এইসব কাজের জন্যে বহু ক্ষতিস্বীকার যেমন করতে হয়েছে, তেমনই সমাজের নানাদিকের সমালোচনা বারবার বিঁধেছে। রক্তাক্ত করেছে রবীন্দ্রনাথকে। কিন্তু, হতোদ্যম করতে পারেনি। ফের চেষ্টা শুরু হল আরও শক্তপোক্তভাবে পতিসরে, ১৯১৫ সালে। কী চেষ্টা, কতটা ব্যাপকতা ছিল সেখানকার গ্রাম উন্নয়নে, নানাজনে সে-সব বিষয় নিয়ে ইতিবাচক চর্চা যেমন করেছেন, সমালোচনা করতেও ছাড়েননি কেউ-কেউ। কিন্তু তাঁর প্রজাকুল ছিল তাঁদের প্রিয় কবি-জমিদারের পক্ষে।
এরপর তাঁর দেশ-চিন্তা সবচেয়ে মূর্ত হয়েছে ১৯১৭ খ্রিস্টাব্দে 'Nationalism' নামের বহুচর্চিত বইয়ে। চারটি ভাষণ-সমৃদ্ধ বইটির প্রথম প্রবন্ধ Nationalism in the west-এ তিনি লিখছেন–
Now let us from our own experience answer the question, what is this Nation? A nation, in the sense of the political and economic union of a people, is that aspect which a whole population assumes when organized for a mechanical purpose. Society as such has no ulterior purpose. It is an end in itself. It is a spontaneous self-expression of man as a social being. It is a natural regulation of human relationships, so that men can develop ideals of life in co-operation with one another.
রবীন্দ্রনাথের ন্যাশনালিজম-বিরোধিতা নিয়ে আশিস নন্দীর একটি মন্তব্য আমরা আরেকবার একটু দেখব। এক সাক্ষাৎকারে জি গোপালকৃষ্ণ শ্রীনন্দীর জানতে চেয়েছিলেন: 'How do you address Tagore's concept of nationalism which seems contradictory to many people? উত্তরে আশিস নন্দী বলেছিলেন—
Well, a lot of people look very internally inconsistent. To a lot of people, it will seem an inner contradiction, as if Tagore did not know his mind because there are thousands of people who went to jail or marched in demonstrations singing Tagore songs. He has not only recently written our national anthem, Jana Gana Mana, he has also scored Vande Mataram. But I want to distinguish between patriotism and nationalism.
Tagore was a patriot. Patriotism means love for one's country— a sense of territoriality. This is not only common to humankind. You see it in many species other than the Homo sapiens. You see it in dogs, cats. You even use it in birds to send messages. At one time, they used to do that. That is territoriality. Patriotism is a form of territoriality— a certain emotional attachment to place of one's birth, the place where you have grown up, place which frames your earliest memories. Nationalism is different. Nationalism is not a sentiment. It is an ideology. It is based on the idea of that nation.'
আশিস নন্দী এখানে প্যাট্রিয়টিজম এবং ন্যাশনালিজমের পার্থক্য দেখিয়ে রবীন্দ্রনাথকে প্যাট্রিয়ট বলেছেন। অন্যত্র তিনিই দুরূহ পথে হেঁটে দেখতে চেয়েছেন রবীন্দ্রনাথের নেশনবিরোধী অবস্থানকে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রবীন্দ্রনাথের সমাজ-উন্নয়নের চিন্তা ও কাজকে, পরকে আপন করার ব্রতকে, প্রাচীন ভারতের স্মৃতির পুনর্জাগরণের চেষ্টাকে, তিনি বলেছেন— এর ভিত্তিতে রয়েছে 'নেটিভ মিনিং'। এরই সূত্র ধরে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে রাবীন্দ্রিক নেশন-বিষয়ক এক তর্কে গিয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায় নেশনবিরোধী রবীন্দ্রনাথকে বলেছেন উত্তর-আধুনিক চিন্তক।
এ-প্রসঙ্গে কোনো আলোচনায় আমরা যাচ্ছি না। শুধু মনে করিয়ে দিতে চাইব যে, ওই ইয়োরোপ থেকেই ন্যাশনালিজমের ফেউ হয়ে সারা পৃথিবীতে একদিন ছড়িয়ে পড়েছিল সেক্যুলারিজম শব্দটিও। বেশ গাল-ভরা শব্দটি এখন ছিঁড়েখুঁড়ে দীনহীন অবস্থায় ধুঁকছে। সারা পৃথিবী জুড়ে সেক্যুলারিজমের রুগ্ণতা আজ প্রকট। আর তারই পিছু-পিছু অতি সম্প্রতি পোস্ট-সেক্যুলারিজম শব্দটি গুটিগুটি পায়ে এগিয়ে এসে আমাদের মাথায় ধাক্কা দিতে শুরু করেছে।
এত-এত দিন পরে তাহলে কি সেক্যুলারিজমের গায়েও ঘা লাগতে শুরু করল?
ন্যাশনালিজমের উপর রবীন্দ্রনাথ ঘা দিয়েছিলেন সেই কবে, যখন নাকি দার্শনিক এরনেস্ত রেন্যাঁর বিপুল প্রভাবসঞ্চারী বই 'হোয়াট ইজ এ নেশন' ১৮৮২-তে বেরোলে সে-বইয়ের ইংরেজি তরজমা হয়ে রবীন্দ্রনাথের হাতে পৌঁছেছিল।
আমরা চলে এসেছি ১৯১৭ খ্রিস্টাব্দে। এবং আমাদের উদ্দিষ্ট সময় পেরিয়ে গেছি।
সময় পেরিয়ে গেলেও রবীন্দ্রনাথের দেশভাবনা, বলা উচিত বিশ্বভাবনা, থেমে থাকেনি। বরং থেমেছে জীবনের অন্তিম সময়ে, সেই 'সভ্যতার সংকট' লেখার পর। 'সভ্যতার সংকট' প্রথম পড়া হয় শান্তিনিকেতনে, কবির অশীতিপর জন্মদিনে, ১৯৪১ সালে। সেই অনুষ্ঠানের মাত্র তিন মাস পরই কবির প্রয়াণ।
যদি তাঁর বিপুল প্রবন্ধ-সম্ভার খুঁটিয়ে লক্ষ্য করা হয়, দেখা যাবে— সাহিত্য-বিষয়ক রচনার চেয়ে সেইসব রচনা পরিমাণে কম তো নয়ই, হয়তো-বা বেশিই, যেগুলিতে সমাজ এবং দেশ এবং রাজনৈতিক চিন্তা লিপিবদ্ধ হয়ে আছে। সেইসব চিন্তা ধেয়ে গেছে নতুন নতুন পথের দিকে, যে-সব পথ উচ্চাবচ আর বন্ধুর আর শেষহীন। আমাদের দেশের রাজনৈতিক নেতাদের চটজলদি ভরসা জোগানোর মতো নয়। আর, শুধু লেখায় এবং চিন্তায় যে তিনি মগ্ন থাকেননি, নিজের চিন্তাসম্ভারের ফলিত রূপ দিতে চেষ্টা করেছেন, সেসবের প্রমাণ নানা সময়ে নানা ভাবে আমরা পেয়েছি— শিলাইদহে, পতিসরে, শ্রীনিকেতনে। এসব চিন্তাকে 'কবির চিন্তা' বলার কোনো সুযোগ তিনি রাখেননি। মানবপ্রজাতির জন্যে পরিপূর্ণ এক মানুষের চিন্তা হিসেবেই দেখতে হবে আমাদের। তার সবচেয়ে দগদগে এবং দেশীয় প্রমাণ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে তাঁর প্রবল প্রতিবাদ জানানোয় এবং ব্রিটিশ আইন ভেঙে সগান্ধি পাঞ্জাব প্রদেশে পৌছোনোর তাগিদে, যা গান্ধির অনিচ্ছেয় বাস্তবায়িত হয়নি।
চার
অতি সংক্ষেপে, নির্মম কাটছাঁট করে, রবীন্দ্রনাথের সুদীর্ঘ রাজনৈতিক জীবনের বিবরণ খানিকটা এরকম। এবং এরই মাঝপর্বে লেখা 'ভাগ্যবিধাতা'। গানটির প্রথম স্তবক আমাদের জাতীয় সঙ্গীত এবং সেটি আমি হয়তো-বা আওড়েছিলাম সেই পাঁচ বছর বয়সে।
আমরা জানি— 'ভাগ্যবিধাতা' গানটি 'ব্রহ্মসঙ্গীত' অভিধায় প্রথম ছাপা হয় তত্ত্ববোধিনী পত্রিকায়, ১৩১৮ মাঘ-সংখ্যায়। 'ভারত-বিধাতা' নামে। পরে ধর্মসঙ্গীত আখ্যা পায়। অবশেষে 'গীতবিতান'-এ স্বদেশ পর্যায়ের অন্তর্ভুক্ত হয়েছে। এবং আজও সেখানেই রয়ে গেছে।
গানটি নিয়ে পঞ্চম জর্জীয় একটা তর্কও ছিল। রবীন্দ্রনাথের জীবদ্দশায় এবং পরে প্রবোধচন্দ্র সেন-সহ আরও অনেকের যুক্তি-প্রমাণ সহযোগে জর্জীয়-প্রসঙ্গটি নিষ্প্রাণ হলেও, আজও সে-প্রসঙ্গ— অন্য নানা তর্কও— মাঝে মাঝেই ওঠে এবং উঠছে।
এই বিতর্কে শেষ জলটি ঢেলেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। ১৯৩৭ সালে কংগ্রেস-কর্তৃক গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত গ্রহণের প্রস্তাব উঠলে ফের যখন পঞ্চম জর্জ-সম্পর্কিত তর্কটি প্রবল হয়, পুলীনিবিহারী সেনের এক চিঠির উত্তরে ওই বছরের ২০ নভেম্বর কবি লিখেছিলেন—
সে বৎসর ভারতসম্রাটের আগমনের আয়োজন চলছিল। রাজসরকারে প্রতিষ্ঠাবান আমার কোনো বন্ধু সম্রাটের জয়গান রচনার জন্যে আমাকে বিশেষ করে অনুরোধ জানিয়েছিলেন। শুনে বিস্মিত হয়েছিলুম, সেই বিস্ময়ের সঙ্গে মনে উত্তাপেরও সঞ্চার হয়েছিল। তারই প্রবল প্রতিক্রিয়ার ধাক্কায় আমি জনগণমন-অধিনায়ক গানে সেই ভারতভাগ্যবিধাতার জয় ঘোষণা করেছি, পতন-অভ্যুদয়-বন্ধুর পন্থায় যুগ-যুগ ধাবিত যাত্রীদের যিনি চিরসারথি, যিনি জনগণের অন্তর্যামী পথপরিচায়ক, সেই যুগযুগান্তরের মানবভাগ্যরথচালক যে পঞ্চম বা ষষ্ঠ বা কোনো জর্জই কোনক্রমেই হতে পারেন না সে কথা রাজভক্ত বন্ধুও অনুভব করেছিলেন…।
১৯৩৯-এ জওহরলাল নেহরুর আগ্রহে 'ভাগ্যবিধাতা' হয়েছে আমাদের জাতীয় সঙ্গীত। কলকাতায় প্রশান্তচন্দ্র মহলানবিশের বাসভবনে এসে কবির সাক্ষাৎ অনুমতি নিয়ে নেহরুর এই নির্বাচন। স্বাধীনতার তখনও আট বছর দেরি।
কবিতাটিতে আমরা কী পাই? একশো আট বছর বয়স হল 'ভাগ্যবিধাতা'র। কবির রাষ্ট্রচিন্তা নিয়ে, জাতীয়তাবাদ নিয়ে, অনেক তর্ক-আলোচনা পেরিয়ে এসে আমরা যখন পড়ি বা বিখ্যাত কোনো গায়কের কণ্ঠে শুনি— অস্বীকার করি কী করে যে, চোখের সামনে তখন প্রলম্বিত তরঙ্গের পর তরঙ্গ বইতে থাকে!
'পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ/ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছলজলধিতরঙ্গ'— গাইতে গাইতে শরীরে-মনে শিহরন যে জাগে, কে অস্বীকার করবে? পশ্চিম ভারত থেকে পশ্চিমঘাট পর্বতমালা বেড় দিয়ে পূর্বঘাট অতিক্রম করে আমরা পৌঁছোই বঙ্গে। ফের যাই মধ্য ভূখণ্ডে— বিন্ধ্য থেকে দুর্গম উত্তরের হিমাচলের পথে। যাই গঙ্গা-যমুনার জলধিতরঙ্গে, তাদের অববাহিকা অঞ্চলে। এবং এই ভূখণ্ড প্রতিদিন সেই ভারতভাগ্যবিধাতার শুভ নামে জেগে উঠছে, আশিস প্রার্থনা করছে এবং জয়গাথা গাইছে। একটা বিশাল ভূখণ্ডের তরঙ্গায়িত রূপের এই যে ভাগ্যবিধাতার প্রতি নির্ভরশীলতা— এটাকে কোন চোখে আমরা দেখব?
আমরা কি জানতে চাইব না, ভারতের ভাগ্যবিধাতার সঙ্গে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার ভাগ্যবিধাতার সম্পর্ক কেমন? বাংলাদেশের, পাকিস্তানের এবং নেপালের ভাগ্যবিধাতাদেরই-বা কেমন সম্পর্ক? কেননা, ভারতের ভাগ্যবিধাতা থাকলে শ্রীলংকার এবং বাকি তিন দেশেরও ভাগ্যবিধাতা নিশ্চয় থাকার কথা! এই প্রশ্নের জালিকায় চোখ রাখলে রাষ্ট্রের নিয়মশৃংখলে বাঁধা নানা সীমান্তের অতিকায় এবং সশস্ত্র এক বিধাতাকে আমরা দেখতে পাব; প্রকৃত ভাগ্যবিধাতার দর্শন আমরা পাব না। এই ভাগ্যবিধাতাকে আমাদের দেখতে হবে তাহলে অন্য চোখে। অন্যত্র খুঁজতে হবে ভারতভাগ্যবিধাতাকে, প্রচলিত রাষ্ট্রভাবনার বিরোধী রবীন্দ্রনাথ যে-চোখে খুঁজেছিলেন।
পুলিনবিহারী সেনকে লেখা ওই চিঠিতে রবীন্দ্রনাথ ভারতের আবরণে বৃহত্তর কোনো-এক মানবভাগ্যরথচালকের কথা জানিয়েছিলেন। নেশন-বিরোধী কবির বা কবিরচিত গানটির অন্তরে অনুরণিত সেই ভুবনপ্রসারী বিধাতার উত্তরীয়কে আমরা ছিন্ন করব না। তবে আমাদের অন্য কথা রয়েছে। আর, সে-কথায় আশিস নন্দী-বর্ণিত 'নেটিভ মিনিং' কাজে লাগতে পারে আমাদের। তাহলে হয়তো পৌঁছোতে পারব সেই চিত্তের কাছে, ধীরে পুণ্যতীর্থে যে জাগতে চাইছে 'এই ভারতের মহামানবের সাগরতীরে।' এবং পৌঁছোতে পারব পরের দু-টি পঙক্তির কাছেও—
'হেথায় দাঁড়ায়ে দু বাহু বাড়ায়ে নমি নরদেবতারে–
উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তাঁরে।'
ব্রহ্মসঙ্গীত বা ধর্মসঙ্গীত— যে-নামেই প্রাথমিক পরিচিতি পাক 'ভাগ্যবিধাতা', এর মর্মটি রয়েছে ভারতের দূর অভ্যন্তরে, গাছপালায় ঢাকা গ্রামীণ জনপদে, যেগুলো নীচু, পড়োপড়ো হয়েও হাজার হাজার বছর টিকে রয়েছে। যেখানে নরদেবতাদের বসবাস, সেইখানে—
'তিনি গেছেন যেথায় মাটি ভেঙে
করছে চাষা চাষ
পাথর ভেঙে কাটছে যেথায় পথ,
খাটছে বারো মাস।'
সেই নরদেবতারাই আমাদের ভাগ্যদেবতা। যে-উদ্দেশ্যেই তিনি লিখতে বসুন, শেষপর্যন্ত কবিতাটিতে তাঁদেরই জয়গান ধ্বনিত হয়েছে সমাজচিন্তক রবীন্দ্রনাথের মানস-কণ্ঠে— এমন সিদ্ধান্ত নিলে নিজেদের প্রতি, এবং কবির প্রতিও, সুবিচার হয় বলেই আমি মনে করি।
এবং, এই সুযোগে সাহস করে বলেই ফেলি: ভারত জুড়ে শ-তিনেক বছরের প্রেক্ষিতে যদি মাত্র একজন রাজনৈতিক ব্যক্তিকে বেছে নিতে বলা হয়, তাহলে আমার মুখে যাঁর নাম উচ্চারিত হবে, তিনি গান্ধি বা সুভাষ বা আম্বেডকর নন— অবশ্যই তিনি রবীন্দ্রনাথ।
