ভাঙা সেতুর তলদেশ থেকে
প্রগল্ভতা থেকে সরে এসো
এসো ভিড় থেকে
মোড়ক থেকে সরে এসো, যা সভায় উন্মোচিত হয়
আদানপ্রদান থেকে, ঢাকা-কলকাতা থেকে সরে
এসো এই বাঁচার মরার নিজস্ব জঙ্গলে
মিথ্যা থেকে পারো যদি
অবশ্যই সরে এসো।
সঙ্ঘে সঙ্ঘে যত কথা—
শব্দ বেশি, বস্তু কম।
কবিতা-কবিতা শিল্প,
মউ চুক্তি অনুপম।
অনর্থ শব্দের মুণ্ড
কল্পনায় ফেলে পেষো।
এসো, দূর খাঁড়ির কিনারে এসো
নির্জনতম সরপাতাটির কাছাকাছি
এসো একা
কেউ যেন জানতেও না পারে
তুমি মৃত্যুর সঙ্গে খেলা করতে এসেছিলে
একজন কবিতাপ্রয়াসী অবশ্যই আত্মিক প্রয়োজনে পৌছতে চাইবেন 'নির্জনতম সরপাতাটির কাছাকাছি'। দেখতে চাইবেন হাওয়ায় তার কিরণ-হিল্লোলের বিভঙ্গ। তাঁর কল্পনা, কল্পনার মৃত্তিকায় যে-সব সিক্ত আর রুক্ষ দ্বন্দ্বের বিচরণ— তারা তো ওইসব বিভঙ্গে বিমূর্ত হতে হতে তাঁকে কাছে ডাকে। কিন্তু কারো কারো মনুষ্যসত্তা টেনে নিয়ে যেতে চাইবে ভিড়ের ওই 'শব্দ বেশি, বস্তু কম।/ কবিতা-কবিতা শিল্প,/ মউ চুক্তি অনুপম।'-এর রাজনৈতিক রহস্যভেদে বা তার আশেপাশে। সেখানে গেলে কী দেখতে পাবেন তিনি? আমরাই-বা কী দেখব?
যেহেতু উপরে উদ্ধৃত রচনাটিতে 'ঢাকা-কলকাতা'-র উল্লেখ গায়ে-গায়ে আছে, আছে দুই বাংলার প্রতীকী অর্থে, আমরা এখানে তাই অন্নদাশঙ্কর রায়ের কাছে যেতে চাইব ওই প্রতীকী অর্থেই, যাঁর বিখ্যাত ছড়ায় সেইসব ধেড়ে-খোকাদের প্রতি বালিকার অভিমানী কণ্ঠ লিপিবদ্ধ আছে, যাঁরা একদা ভারত ভেঙে ভাগ করেছিলেন। শুধু সেটুকুই নয়, দীর্ঘ জীবনে সেই অন্নদাশঙ্কর রায় ছিলেন বাঙালির অখণ্ড জাতিসত্তার কাঙাল।
১৯৯৬ সালে সেতুবন্ধন-নামের একটি বই প্রকাশ হয় অন্নদাশঙ্কর রায়ের। প্রথম প্রবন্ধটির নামই সেতুবন্ধন। তাতে তিনি লিখছেন— 'ঘটনাটা (দেশভাগ) একবার ঘটে যাওয়ার পরে তাকে মেনে নেওয়া ছাড়া অন্য গতি ছিল না। বুদ্ধি দিয়ে মেনে নিলে কী হবে, অন্তর দিয়ে মেনে নিতে পারিনি। হৃদয়ে যে বেদনা ছিল, সে বেদনা এখনও রয়েছে।'
কিন্তু, বেদনার উপর সময়ের ধুলো তো জমেই এবং পরের প্রজন্মের উদাসীনতা সেই ধুলোকে জমিয়ে নিরেটও করে দিতে পারে হয়তো-বা। এমনকি মৃত্যুবেদনার উপরও এর ব্যত্যয় ঘটে না। একদিন সে-বেদনার নাম কারো-কারো কাছে হয়ে যায় লাল সালু-র মহব্বতনগর আর সেখানে পৌঁছে যায় নব্য মজিদের দল। আগাছা সরিয়ে মাটির কবরের উপর গড়ে তোলে স্মৃতিসৌধ। তাদেরই কেউ এসে সকাল-সন্ধ্যে ধূপ দেয়। কেউ লাল সালুতে ঢেকে রাখে তার আশা-আকাঙ্ক্ষা। ফলে, দেশভাগের বেদনা থেকে নির্মিত সেই সমাধিসৌধ কালক্রমে অলঙ্কৃত হতে-হতে জন্ম দেয় নতুন এক প্রাতিষ্ঠানিকতার।
দেশভাগের বিষাদ ছড়িয়ে আছে বাংলার প্রান্তরে, জনপদে, নদী-বিল-হাওরে, তুচ্ছ গুল্মে আর হাওয়ায়— যে-হাওয়া গুল্মদলকে দোলায়, কাঁপায়। আন্দাজ করা যায়— আজও সেই বিষাদ অগণিত মানুষের অন্তরকে আচ্ছাদিত করে রয়েছে। কিন্তু ওই লাল সালুতে ঢাকা প্রাতিষ্ঠানিকতা? কোথায় আর কোন রূপে সে মাথা তুলেছে? এই বিষয়টিই আমরা একটু দেখব।
দেখব, বলছি। তবে অংশত দেখব। কোন অংশ? আমাদের এই আলোচনার সুবিধের জন্য অন্নদাশঙ্করই সেই অংশটি নির্দিষ্ট করে দিয়েছেন। ওই প্রবন্ধেই তিনি লিখছেন— 'এই পরিস্থিতিতে আমার কর্তব্য সেতুবন্ধনের জন্য সক্রিয় হওয়া। দেশ যে আবার জুড়ে যাবে, সেটা সুদূরপরাহত। তিন বৎসরে তো নয়ই, একশো বৎসরেও বোধহয় নয়। কিন্তু বাংলাভাষা, বাংলা সাহিত্য, বাংলা সংগীত, বাংলার কারুকার্য, এক কথায় বাংলার সংস্কৃতি পরস্পরের দ্বারা সমৃদ্ধ হতে পারে, নয়তো আদান-প্রদানের অভাবে দিন-কে-দিন দরিদ্র হতে পারে।'
এই কাজটি অন্নদাশঙ্কর— এবং দুইপারের আরও অনেক বাঙালি— সততার সঙ্গে আজীবন করেও গেছেন এবং করছেন। কিন্তু আমরা যখন একবার জেনে ফেলেছি— 'সততা' শব্দটি বহুমুখী, তখন একে বিশ্বাস করে ছেড়ে দিলে বিপদ সবার।
রাষ্ট্র, জাতি, দেশের মূল স্রোতটিকে বহমান রাখতে শ্রম দেওয়া অগণন মানুষ, সর্বোপরি জাতীয়তাবাদ— এ-সবের থেকে নিরাপদ দূরত্বে সংস্কৃতির, মতান্তরে ভাবের, এই যে আদান-প্রদান— এটাকে কি সমাজের ফিনফিনে ভাববাদী স্তর বলব, যা কিনা পরিত্যক্ত পুকুরের জলতলে ভাসমান শ্যাওলা? যা-ই বলি না কেন, আদান আর প্রদানের দু-টো রূপ এ-পর্যন্ত দেখা গেছে। কেমন সে-দু-টো রূপ? একটি এপারের। অন্যটি ওপারের।
প্রথমে এপারের অর্থাৎ নিজেদের কথা বলি। কেননা, প্রতিষ্ঠান এবং তার ক্ষমতা যেমনই হোক— তার দিকে তাক করে ঢিল ছুঁড়তে গেলে আগে নিজের দিকেই সেটি ছুঁড়তে হয়।
পুরোনো কথা তুলব না। শুধু এটুকু বলি— এপারের প্রথম উদযোগটি নেওয়া হয়েছিল সেই পঞ্চাশের দশকের মাঝামাঝি, সম্ভবত ১৯৫৪ সালে। শান্তিনিকেতনে। দেশভাগের ক্ষত শুকোবার আগেই দুই বাংলার কবি-সাহিত্যিকদের সেই সম্মেলন স্মরণীয় হয়ে আছে। তাতে ছিল আবেগ, বৌদ্ধিক সমাজভুক্ত কিছু মানুষের পরস্পরের প্রতি মিলনের আকুলতা।
সেই শুরু। কিন্তু সার্বিক সেতুবন্ধন— তার কী হল?
জল ক্রমে অনেক দূর গড়িয়ে গেল। তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে পাকিস্তান থেকে মুক্ত হল বাংলার পূর্ব ভূখণ্ড। হল বাংলাদেশ। আস্ত একটা স্বাধীন রাষ্ট্র। কিন্তু সেই যে দেশভাগের সমীকরণ, অর্থাৎ পূর্ববাংলা মুসলমান-বাঙালিদের আর পশ্চিমবাংলা হিন্দু-বাঙালিদের— ভারত-নামের রাষ্ট্রের এবং শেখ মুজিবের ধর্মনিরপেক্ষতার সপক্ষে শত ঘোষণার পরও সেই ধারণাটা থেকে গেল।
সাতচল্লিশের সেই বণ্টন-ব্যবস্থায় আর সম্প্রদায়গত এলাকা-বিভাজনে যে-সব নেতা জড়িত ছিলেন, তাঁদের জন্য এপারের সেতুবন্ধন-প্রয়াসীদের ক্ষোভ আজও স্তিমিত হয়নি। তাঁরা চেষ্টাও চালিয়ে যাচ্ছেন দুই সম্প্রদায়ের মধ্যে ভাবের আদান-প্রদানের জন্যে। এতদূর পর্যন্ত ঠিকই আছে। কিন্তু এই ঠিক কাজটিই করতে গিয়ে নিজেদের অজান্তে তাঁরা অনুসরণ করে ফেলছেন দেশভাগের মূল সূত্রটিকে। অর্থাৎ মুসলমান-বাঙালির সঙ্গে 'ভাবের আদান-প্রদানের' জন্যে তাঁরা বারবার ছুটছেন বাংলাদেশের দিকে। এপারের প্রায় সাতাশ শতাংশ মুসলমান-বাঙালি তাঁদের দৃষ্টিপরিধির বাইরেই থেকে যাচ্ছে। যেন এপারের হিন্দু আর মুসলমানের মধ্যে সেতুবন্ধনের তেমন দরকার নেই। আর তাই তাঁদের পুরো কাজটিই হয়ে পড়ছে ব্যর্থ এবং জটিল। যদি সত্যি-সত্যিই এই সম্প্রদায়ভেদ তাঁরা দূর করতে বা কমাতে চান, তাহলে প্রথমেই স্বদেশের প্রতিবেশী মুসলমানদের কথা তাঁদের ভাবতে হবে। তবে কিনা, কাজটা শক্ত। এখানে সহজে পৌঁছোবার কোনো রাস্তা এখনো তৈরি হয়নি। পশ্চিমবঙ্গের মুসলমান-বাঙালির হাতে কলকাতার সমগোত্রীয় একটা ঢাকা শহর নেই। সচ্ছল মধ্যবিত্ত সমাজের চমৎকার ঘেরাটোপে বিখ্যাত অতিথি সৎকারের ব্যবস্থা নেই। রাষ্ট্রীয় অতিথি হওয়ার সামান্যতম সুযোগও এরা করে দিতে পারবে না। সবচেয়ে বড়ো কথা, বাংলা বইয়ের লোভনীয় (লাভজনকও!) মস্ত-একটা বাজারও তাদের হাতে নেই। তবু বাংলাদেশে কম গিয়ে সেতুবন্ধনপ্রয়াসীদের বেশি করে ভাবতে হবে এপারেরই মুসলমান-বাঙালিদের কথা, যেতে হবে তাদেরই কাছে। সংস্কৃতি তো শুধু উচ্চশিক্ষিত মানুষের শিল্পে-সাহিত্যে নেই, আছে লোকায়ত জনজীবনেও। কবে এঁরা পৌঁছবেন ওই পিছনে পড়ে থাকা প্রায় কোটি তিনেক মানুষের অন্তরে?
এবার ওপারের, অর্থাৎ বাংলাদেশের, কথা।
অনেকদিনই হল, বাংলাদেশের সাহিত্য একটি সমৃদ্ধ পরিমণ্ডল পেয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে যে-ভিত্তি গড়ে উঠেছিল অতুল ক্ষমতাবান সৈয়দ ওয়ালীউল্লাহ আবু ইসহাক মুনীর চৌধুরী প্রমুখ বেশ কয়েকজন সাহিত্যিকের আর চিন্তাশীল মানুষের সৃষ্টিশীলতায়, যে-বৌদ্ধিক সমাজ গড়ে উঠেছিল, স্বাধীনতা-প্রাপ্তির পর সারা দেশের মুক্ত মানুষের সম্মিলিত আবেগ আছড়ে পড়েছিল সেই বৌদ্ধিক সমাজেরও সমুদ্রতটে। সম্মুখভাগে ছিলেন বেশ কয়েকজন শক্তিমান কবি, গদ্যকার, চিত্রশিল্পী, চিত্রপরিচালক এবং নাট্য আর সঙ্গীতশিল্পী। তিরিশ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে পাওয়া স্বাধীনতার প্রতি সেই আবেগ ছিল স্বতোৎসারিত, নিখাঁদ। কেননা, তাতে এসে লেগেছিল নিজেদেরই রক্তের ফিনকি।
কিন্তু, রক্ত যারই হোক, যেখানেই লাগুক— সে-রক্ত একদিন শুকিয়ে যায়ই। থেকে যায় শুধু তার দাগ। ক্রমে সেই দাগ— হোক-না আত্মজনের— কিছু মানুষের নিভৃত মনে জন্ম দেয় এক দুরভিসন্ধির। আরে, এই দাগটা তো আমাদেরই! এই দাগটা তো আমাদের দরকার! অন্নদাশঙ্কর-কথিত 'বাংলা সাহিত্য, বাংলা সংগীত, বাংলার কারুকার্য, এক কথায় বাংলার সংস্কৃতি' রক্ষার স্মৃতিতে সেই দাগটি ততদিনে এক শ্রেণীর মানুষের মনে গাঢ় হয়েছে এবং তাকে প্রাতিষ্ঠানিকতার রূপ দিতে দরকার হয়ে পড়েছে পশ্চিমবঙ্গীয় সমমনস্কদের। সামর্থ্যও সঞ্চিত হয়েছে অধিক মাত্রায়।
মনে রাখছি— ওজনদাড়িতে মাপার ব্যাপার নয়, তবু হয়তো-বা দেশভাগের বেদনা বেশি বেজেছিল এপারের মনে, অর্থাৎ পশ্চিমবঙ্গে। কেন, তার অনুপুঙ্খে যাচ্ছি না। ফলে অন্নদাশঙ্কর রায়দের মতো আরও অনেকেই সেতুবন্ধনের প্রয়াসে যুক্ত হয়েছিলেন। পরে, দেশভাগের রেশ থেকে ওপারের প্রতি যে-টান ছিল এপারের— বড়ো কথা, যে-সামর্থ্য ছিল— সেই টানের শক্তি এবং সামর্থ্য নানা কারণে ক্রমক্ষয়িষ্ণু হয়েছে এপারের বাঙালি-সমাজে এবং মননেও। বেড়েছে ওপারে।
স্বাধীন একটা দেশ, নিজের দেশের প্রতি মানুষের মমত্ববোধ, এক জাতি, একই ভাষা, এবং সেই দেশের ক্রমোজ্জ্বল হয়ে-ওঠা আস্ত একটা রাজধানী— বাংলাদেশের সেতুবন্ধনপ্রয়াসী কিছু মানুষের মনকে ক্রমে অন্যদিকে প্রলুব্ধ করেছে। তাঁরা বাহান্ন থেকে একাত্তর সাল পর্যন্ত দীর্ঘ সংগ্রামের গৌরবজনক বিজয়গুলোকে— এবং ভয়ংকর ক্ষতগুলোকেও— নিজেদের শরীরে নিপুণ হাতে এঁকে নিয়েছেন।
লাখো মানুষের রক্তের কী নিদারুণ ব্যবহার!
সেই মজিদদের আবার দেখা গেল, একটি ঢিবির উপর লাল সালু চড়িয়ে তাঁরা খাদেম হতে চাইলেন। ঢেউ লাগল সেমিনার, কবিসম্মেলন, সাহিত্যসভা, লিট ফেস্ট আর কুচো থেকে কেঁদো সাইজের রকমারি পুরস্কার আদান-প্রদানের। যে-সাহিত্য নিভৃত মনের সৃষ্টি, নিশি-অন্ধকারে যার বিমূর্ত জন্ম, সেই সাহিত্যকে এসে দাঁড়াতে হল হাজার কিলোওয়াটের চোখধাঁধানো আলোর তলায়। প্রথম-প্রথম সলজ্জ। তারপর অকুতোভয়। কেন অকুতোভয়? অনেকগুলো কারণের মধ্যে বড়ো কারণটি সম্ভবত লুকিয়ে ছিল বাহাত্তর সালের সংবিধানে ব্যবহৃত 'ধর্মনিরপেক্ষ' শব্দটিতে। ব্রহ্মাস্ত্র বলতে যা বোঝায়, শব্দটি তেমনই। এবং, অতি নিরাপদও।
কেন? এইসব সাংস্কৃতিক আয়োজনের চরিত্রটি লক্ষ্য করলে হয়তো আমরা খানিকটা বুঝতে পারব।
এপারের অতি-বিখ্যাত থেকে সদ্যতরুণ— এমনকী পশ্চিমবঙ্গীয় সাহিত্যসমাজে সম্পূর্ণ অচেনা— অনেকেই 'কবি' বা 'গল্পকার' পরিচয়ে বাংলাদেশের এইসব মহতী আয়োজনে সাদরে আমন্ত্রিত হয়ে গেছেন এবং অহরহ যাচ্ছেন। যথাযোগ্য এবং অতিরিক্ত বা অপ্রয়োজনীয় সমাদর পেয়েছেন। কিন্তু বাংলাদেশের কোনো অখ্যাত সাহিত্যসভাতেও জীবিতকালে 'অলীক মানুষ'-এর লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ কোনোদিন একটা ঢিল-ছোঁড়া আমন্ত্রণও পাননি। এর কারণটি আমরা কোথায় খুঁজে পেতে পারি? জানা যায়, বাংলাদেশ-যুদ্ধের সময় এবং তার অনতিপরে ওপারের অনেক কবি-সাহিত্যিক গেছেন সিরাজের বাড়ি। সৌজন্য-সাক্ষাতে অথবা আড্ডা দিতে। ক্রমে যাওয়া কমেছে। কিন্তু, বাংলাদেশ কোনোদিন এই মৃদুভাষী এবং অপর-সমাজের অক্ষরশিল্পীকে কাছে ডাকেনি। কেন? উত্তরটির জন্য অপেক্ষা করলে জানতে পারব আরও দু-টো তথ্য যে, এপারের দুই গদ্যকার আবুল বাসার এবং অকালপ্রয়াত আফসার আমেদও বাংলাদেশে বিস্ময়করভাবে উপেক্ষিত।
দূরের অন্ধকারে নয়, সুড়ঙ্গের মুখেই শিশু-উত্তরটি দাঁড়িয়ে হাত-পা নাড়ছে। যেন বলতে চাইছে— আমরা, দাদা, শেষ পর্যন্ত ধর্মনিরপেক্ষ। তাহলে কি ওই 'ধর্মনিরপেক্ষতা'র পরিচয়টিকে প্রকটভাবে বাঁচিয়ে রাখতেই ঢাকাকেন্দ্রিক সংস্কৃতিজগতের একশ্রেণীর উদ্যোক্তাদের এহেন সতর্ক নির্বাচন?
ভাববার কথা। এও ভাববার কথা— এই 'সেক্যুলারিজম' এতদিন দেশে-দেশে তাহলে কাদের উৎসাহ জুগিয়েছে?
পৃথিবীতে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের অভাব নেই। কিন্তু ওইসব রাষ্ট্র কি প্রকৃতই ধর্মনিরপেক্ষ? রাষ্ট্র যদি নিজেই নিজের কপালে 'ধর্মনিরপেক্ষ' তকমা লাগাতে পারে এবং সে-তকমাই যদি চূড়ান্ত বলে বিবেচিত হয়, তাহলে আমাদের দেখতে হবে— সেই রাষ্ট্রের সমাজটি রয়েছে কাদের হাতে। এই অবস্থানে এলে দেখা যাবে— দুনিয়ায় একটাও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র নেই। কেন? অন্য সব বিষয়ের মতো এই বিষয়টি নিয়েও শেষ কথা বলার জন্যে রয়েছে সেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষেরা। ধর্মনিরপেক্ষতা তখন এবং সবসময়েই সংখ্যাগরিষ্ঠ মানুষের মর্জিমাফিক রূপ বদলায়।
একদা পশ্চিম ইয়োরোপে তারা ছিল— এবং এখনো রয়ে গেছে— উপনিবেশবাদী। কৌঁৎয়ের মানবমুখিনতাবাদ এবং ফরাসি বিপ্লবের আগুনে পুড়ে-আসা এই সেক্যুলারিজম বড়ো আশার আলো দেখিয়েছিল একদিন। কিন্তু পুঁজিবাদ, সাম্যবাদ, প্রগতিবাদ, বিশ্বমানবতাবাদ এবং সর্বোপরি 'সংখ্যাগুরুবাদ'— সবার মনোরঞ্জন করতে করতে, রাষ্ট্রভেদে সামাজিক এবং রাষ্ট্রভেদে চাহিদা এবং জোগানের অন্তর্দ্বন্দ্বে পড়ে, এই তত্ত্বটিরই এখন ল্যাজে-গোবরে অবস্থা!
কিন্তু, কেউ আহত হলে খেলায় তো দ্বাদশ ব্যক্তির ব্যবস্থা আছে। ধর্মনিরপেক্ষতার দুর্দিনে মাঠে নেমে হাজির ডিসেক্যুলারাইজেশন, বাংলায় যাকে বলতে পারি— অনাদিকরণ। দুনিয়া জুড়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই অনাদিকরণের দিকে অর্থাৎ ধর্মের দিকে ঝুঁকে পড়ছে মানুষ। সমাজ ও প্রোটেস্ট্যান্ট ধর্মতত্ত্ববিদ পিটার লুডউইগ বার্গার (১৯২৯-২০১৭) এই সময়ের প্রেক্ষিতে ব্যাখ্যা করেছেন অনাদিকরণকে। এদিকে এসে গেছে এরই তুতোভাই পোস্ট-সেক্যুলারিজম। বাংলায় কী বলব? সুবিধার্থে বলি— উত্তর-ধর্মনিরপেক্ষতাবাদ। জুর্গেন হাবেরমাস এই তত্ত্বটির বড়ো প্রচারক। এই মতের উদ্ভাবকরা বলছেন— ধর্মনিরপেক্ষতাবাদও একটি ধর্ম। এবং এটি এমন একটি সাম্প্রদায়িক বিশ্বাস-ব্যবস্থা, যা প্রচলিত ধর্মের সঙ্গে সম্পর্কিত অতিপ্রাকৃতের রূপকীয় দিকগুলি উপেক্ষা করে।
কিন্তু, আমরা তো জানি, দ্বাদশ ব্যক্তিরা, অর্থাৎ এই দুই তত্ত্ব— অনাদিকরণ এবং উত্তর-ধর্মনিরপেক্ষতাবাদ— শেষ মুহূর্তে নেমে ত্বরিত গতিতে এক-আধটা গোল দিয়ে ফেললেও এরা কেউ নব্বই মিনিটের প্লেয়ার নয়।
তবু, সমাজতাত্ত্বিকরা খুঁজেও পেয়েছেন এমন একটা রাষ্ট্র, যার নাম নিউজিল্যান্ড— জেনে অথবা না-জেনে এই মুহূর্তে অঘোষিতভাবে যেটি পোস্ট-সেক্যুলারিজমকে অনুসরণ করতে চাইছে। কেউ আবার দ্বিতীয় দেশ হিসেবে চিহ্নিত করছেন কানাডাকে।
এহেন অবস্থায় বাংলাদেশের অবস্থানটিকে দেখতে পারি তার সাংস্কৃতিক পরিমণ্ডল থেকে।
দেশটি প্রবলভাবে মুসলিম সংখ্যাগুরু। সেখানকার ধর্মনিরপেক্ষতা রক্ষার দায় পৃথিবীর আর-সব দেশের মতোই সংখ্যাগুরুজনের হওয়াই স্বাভাবিক। এবং প্রায় সব ক্ষেত্রে সেই ধারা বজায়ও আছে। কিন্তু, সাংস্কৃতিক ক্ষেত্রে তার ভূমিকা অনেকটা কেন, প্রায় পুরোটাই বিপরীত। এমনটা কী করে হল?
ধরে নিতে হয়— সমাজের আলোকপ্রাপ্ত (Enlightened) অংশটির আয়ত্তে রয়েছে এই পরিমণ্ডলটি; এককথায় যার নাম— সংস্কৃতি। পরিমণ্ডলটির উৎস কী? যদি বলি, কলকাতার উনিশ শতক— খুব ভুল হবে না। কার্যত তা-ই। সেই যে বাংলার তথাকথিত রেনেসাঁ; মুখে প্রকাশ না-করলেও, তার পর থেকে ধীরে হিন্দু-বাঙালির শ্রেষ্ঠত্বকে একরকম স্বীকার করেই নিয়েছিল অবিভক্ত বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ, যারা মুসলমান-বাঙালি নামে অভিহিত। তারপর দেশ ভাগ হয়েছে। স্বাধীনতা এসেছে। পাকিস্তান থেকে ফের স্বাধীন হয়েছে বাংলাদেশ। কিন্তু, হিন্দু-বাঙালির উনিশ শতকীয় শ্রেষ্ঠত্বকে ভুলতে পারেনি ওপারের মানুষ। সেইসঙ্গে যোগ হয়েছে আরও একটা গুরুত্বময় কারণ। ভারতীয় উপমহাদেশ— তার বিশাল স্মৃতি এবং সেই স্মৃতির জাল এখনও তার মাথায়। আর সেই জালের বেশির ভাগ বুননে রয়েছে উপমহাদেশীয় হিন্দু-সংখ্যাগরিষ্ঠতার ডিজাইন। আর এভাবেই হয়তো-বা বুননের সেই ডিজাইনই নিয়ন্ত্রণ করছে বাংলাদেশের সাংস্কৃতিক মস্তিষ্ক। এবং সেইসূত্রে তার ধর্মনিরপেক্ষতাও!
তাই যদি হয়, সৈয়দ মুস্তাফা সিরাজ বা আবুল বাশার বা আফসার আমেদ জটিল ওই 'ধর্মনিরপেক্ষ' প্রাসাদচত্বরে কীভাবে প্রবেশের আমন্ত্রণ পেতে পারেন? বা, কবি শামশের আনোয়ারই-বা পেতে পারতেন কীভাবে? এখানে উল্লেখ থাক— এঁরা কেউ চাননি বা আগ্রহ দেখাননি এমন আমন্ত্রণের। কিন্তু বিষয়টি বাংলাদেশের সংস্কৃতিজগতের চেতন-অবচেতনের দ্বন্দ্বমূলক একটা সমস্যা, যে-সমস্যা কিছুটা সামাজিকও— যেটা বহমান।
এই ছোট্ট কথাটুকুই শুধু বলার। এর বেশি কিছু নয়।
