সাইফুল্লাহ মাহমুদ দুলাল: কবিতার ঘর-গেরস্থালি
সাইফুল্লাহ মাহমুদ দুলাল (মে ১৯৫৮)সাহিত্যের প্রায় সব শাখায় কাজ করেন। কবিতা, নাটক,গান ছড়া,ছোটগল্প, প্রবন্ধ-গবেষণা, লিটলম্যাগ সম্পাদনা, সর্বোপরি সাংবাদিকতা। কিন্তু এত কিছুর পরেও তার পরিচয় প্রধানত কবি। কবিতার সঙ্গে ঘর করছেন প্রায় চার যুগের কাছাকাছি। উচ্চমাধ্যমিকের ছাত্র থাকাকালেই সাংবাদিকতার শুরু। তার লেখালিখি আর সাংবাদিকতার বয়স যা, আমার সঙ্গে পরিচয়ও ততকালেরই। সেই ১৯৭৬/৭৭ সালে যখন আমি সাপ্তাহিক গণমুক্তি পত্রিকায় কর্মরত,তখন ঢাকায় আসেন সাইফুল্লাহ মাহমুদ দুলাল। আসেন মূলত কবিতা লেখা আর সাংবাদিকতা করার জন্যই। শেরপুরে থাকতেই পত্র- যোগাযোগ, গণমুক্তিতে কবিতা লিখেছেন, সংবাদও পাঠিয়েছেন। সম্পাদক মফিজুর রহমান রোকনের স্নেহাশীষ নিয়েই বসতি গেড়েছেন মিরপুর ২নম্বর সেকশনর কে এম জামান নামের এক চার্টার্ড একাউন্টেটের বাড়িতে। অল্পকালের মধ্যেই নিজেকে গুছিয়ে নিয়েছেন সংগ্রামী তরুণ কবি। এমনকি ওই মিরপুরেই নিজের স্থায়ী বাসস্থান গড়ে নিয়েছেন, মা-বাবা ভাইদের নিয়ে যাপিত জীবনে নিরন্তরসংগ্রাম করেছেন, কিন্তু কাজ করেছেন সাহিত্য নিয়েই। শুধু সাহিত্য নয়, সাংস্কৃতিক যোগাযোগ ক্ষেত্রেও নৈপুণ্যের পরিচয় দেন অল্প দিনের মধ্যে। যে কারণে তার পাঁচ বছর আগে ঢাকায় এসেও আমি বড় কবি সাহিত্যিকদের সঙ্গে পরিচিত হতে পারিনি। দৈনিক বাংলায় কিংবদন্তি সাহিত্য সম্পাদক কবি আহসান হাবীবের হাত দিয়ে যে আমার প্রথম কবিতা ছাপা হয়,তারও সংযোগ সেতু সাইফুল্লাহ মাহমুদ দুলাল। আমি সাহস পাইনি আহসান হাবীবের কাছে যেতে, সাইফুল্লাহ মাহমুদ দুলালই আমার কবিতা নিয়ে গিয়েছিলেন। কবিতা পেয়ে আমাকে দেখা করার জন্য খবরও দিয়েছিলেন দুলালকে দিয়েই। কবি আহসান হাবীবের সঙ্গে সেই সাক্ষাতে এবং মাত্র কয়েক মাসের মধ্যেই দৈনিক বাংলায় চাকরি করার প্রস্তাব, সে আর এক বিশাল অধ্যায়।
কবি দুলাল ঢাকায় আসার পর থেকে প্রথম তিন-চার বছর আমরা ছিলাম প্রায় ছায়াসঙ্গীর মতো। এরইমধ্যে দুলাল কবিতা লেখার পাশাপাশি ছোটকাগজ সম্পাদনা,নাটক লেখাসহ সাহিত্যের নানা রকম কাজ করতে করতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সাময়িক পত্রে যোগদান করেন। সরকারি চাকরি, কিন্তু কবি মানবেন কেন কঠোর শৃংখল! বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ নিয়ে লেখা, গবেষণা এইসব কাজ করতে গিয়ে শেষ পর্যন্ত খালেদা জিয়া-সরকারের আমলে সরকারি চাকরি হারালেন! ব্যক্তিগত এই ঘটনা উল্লেখ করলাম এজন্য যে সাইফুল্লাহ মাহমুদের কবিতা বুঝতে গেলে তার মনোজগতটাও বুঝে নিতে হয়।
কবি হিসেবে সাইফুল্লাহ মাহমুদ দুলাল সূচনালগ্ন থেকেই অস্থির উত্তাল এবং চলতি স্রোতের বিরুদ্ধে নতুন কবিতা লেখার দুর্মর পিপাসায় দগ্ধ। একজন নতুন কবি একেবারে অপরিচিত কবিতা লিখবেন এবং তা প্রচলিত কাব্যধারা স্বীকার করে নেবে , সেটা ততো সহজ নয়। যতদূর মনে পড়ে ঢাকায় আসার৪/৫ বছরের মধ্যে তাঁর প্রথম কাব্যগ্রন্থ "তৃষ্ণার্ত জলপরী"প্রকাশিত হয়। জলপরী,অথচ তৃষ্ণার্ত !কী বিস্ময়কর কন্ট্রাস্ট! এই গভীর কাব্যিক বৈপরীত্য আমাকে মুগ্ধ করেছিল। বিষয়বস্তু ভাষা এবং প্রচলিত ছন্দ আঙ্গিক ভেঙে দুলাল তার প্রথম কাব্যগ্রন্থের কবিতামালা উপস্থাপন করেছিলেন। এরপর যতদূর মনে পড়ে দ্বিতীয় কাব্যগ্রন্থ বের করেছিলেন নাসিমা সুলতানার সঙ্গে যৌথভাবে। কাব্যগ্রন্থের শিরোনাম "তবু কেউ কারো নই"। এই কাব্যগ্রন্থে দুলাল প্রকরণ বিষয়ে ঐতিহ্য পরম্পরা স্বীকার করে নিয়েও নতুন কবিতাই লিখেছেন। কবিতগুলি প্রেমের, কিন্তু উপমা অলংকারের সমকালীন সামাজিক বাস্তবতা তুলে আনেন।
এরপর একে একে তার প্রায় দুই ডজন কাব্যগ্রন্থ এযাবত প্রকাশিত হয়েছে। এসব কবিতায় দুলাল নিরন্তর নিজেকে অতিক্রম করার তথা নতুন কবিতা লেখার প্রয়াস পেয়েছেন। শামসুর রাহমানের ভাষায়–কোন রাজনৈতিক দলে সরাসরি সম্পৃক্ত না হয়েও সাইফুল্লাহ মাহমুদ দুলাল প্রগতি চেতনার পক্ষে কবিতা লিখেছেন। তার কবিতায় মুক্তিযুদ্ধ,বাংলাদেশ ও বঙ্গবন্ধু ঘুরে ফিরে এসেছে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের প্রতি ঘৃণা প্রকাশের পাশাপাশি রাজনৈতিক ডিগবাজি তথা স্বাধীনতা বিরোধীদের ক্ষমতারোহনও তার কবিতার বিষয় হয়েছে। সে কারণেই তার কাব্যগ্রন্থের শিরোনাম "ঘাতকের হাতে সংবিধান"। তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে–শহরের শেষ বাড়ি ঐক্যের' বিপক্ষে একা, সাতে নেই পাঁচে আছি, আমার সঙ্গে শেখ মুজিবের দেখা হতে পারে, তোমার বাড়ি কতদূর, নীড়ে নিরুদ্দেশ, নেশাগ্রস্ত প্রজাপতি, নির্জনে কেন এত কোলাহল, পাখিদের গ্রামে…, এলোমেলো মেঘের মন ইত্যাদি।
সম্পাদনা করেছেন দুটি গুরুত্বপূর্ণ সংকলন–মুক্তিযুদ্ধের কবিতা, মুক্তিযুদ্ধের ছড়া! "বঙ্গবন্ধু সমগ্র" তার একটি গবেষণামূলক গ্রন্থ যেখানে ৭৫পরবর্তীকালে যারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে পত্রপত্রিকায় লিখেছেন, তাদের লেখা যেমন উদ্ধৃত করে ইতিহাসের সাক্ষ্য হিসেবে সংরক্ষণ করেছেন, তেমনি বঙ্গবন্ধুকে নিয়ে যারা ইতিবাচক লেখা লিখেছেন সেসব লেখার উদ্ধৃতি ও আলোচনা রয়েছে। বৃহৎ কলেবর গ্রন্থটি নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ সংকলন বলে মনে করি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি বন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সাইফুল্লাহ মাহমুদ দুলালের কবিতার বাইরে আরও বেশকিছু উজ্জ্বল কাজ রয়েছে। এরমধ্যে সাহিত্যের শুভ্র কাফনে শেখ মুজিব উল্লেখযোগ্য এ কারণে যে গত শতাব্দীর আশির দশকের বৈরী সময়ের কাজ এটি। বঙ্গবন্ধুকে নিয়ে শুধু বাংলা ভাষার কবি-সাহিত্যিকরাই লেখেননি, লিখেছেন বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার কবি সাহিত্যিকেরাও। আজ থেকে প্রায় ৩০বছর আগে বিশ্বের বিভিন্ন ভাষার কবিদের বঙ্গবন্ধু বিষয়ক কবিতা সংগ্রহ করে একটি ছোট্ট সংকলন করেছিলেন সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কলেবরে ছোট হলেও নি:সন্দেহে তা গুরুত্বপূর্ণ সাহিত্য-দলিল। করে সাইফুল্লাহ মাহমুদ দুলাল কবিতার বাইরে আরও নানা রকমের কাজ করেছেন। যেমন কানাডাপ্রবাসী দুলাল সেখানে বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত পলাতক আসামী নুর চৌধুরীর বাড়ি খুঁজে বের করেছেন এবং কানাডায় তার অবস্থান এবং ভূমিকা নিয়ে গ্রন্থ রচনা করেছেন। নিঃসন্দেহে ঝুঁকিপূর্ণ কাজ এটি। সেইবই প্রকাশের পাশাপাশি ইত্তেফাক প্রতিনিধি হিসেবে সাংবাদিক সাইফুল্লাহ মাহমুদ দুলাল ঢাকার কাগজে রিপোর্টিং করেছেন, চাঞ্চল্য সৃষ্টি করেছে সেইসব রিপোর্ট।
আগেই বলেছি কবিতা রচনার ক্ষেত্রে দুলাল দুঃসাহসিক' ভাবে এতসব নিরীক্ষা করেছেন যা তার কবি হিসেবে আত্ম প্রতিষ্ঠার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। বয়সের বিবেচনায় ষাটোত্তীর্ণ কবি। তবে স্বভাবে তিনি একেবারে অস্থি র দুরন্ত তরুণ,কবিতা তার নবীন কবির আপন মনে আপন পথে চলার উদ্যমে দারুন বোহেমিয়ান। তার কবিতায় ছড়িয়ে আছে ছেঁড়া ছেঁড়া মেঘের মতো আশ্চর্য সব চিত্রকল্প, দৃশ্য আর পারম্পর্যহীন ভাবনাও। সব সময় যে দুলাল কবিতার দায়বদ্ধতা মেনে চলেন, তাও নয়, আপন বিশ্বাসে পরীক্ষা-নিরীক্ষা করেন, সেসব কবিতা তাকে আলোচিত-সমালোচিত করেছে এবং এখনো করছে। কিন্তু তাতে তার নিজস্ব কাব্যভাবনা এতটুকু বিচলিত নয়। কবিতা নামের রহস্যময়ীর মায়াবী হাতছানিতে কখনো কখনো জটিল অসংলগ্ন আলো আলোছায়ার পথে, কখনো চেনা জানা সমকালীন সামাজিক রাজপথ ধরে নিরন্তর ছুটে চলেছেন এই বর্ষীয়ান তরুণ কবি। জয়তু সাইফুল্লাহ মাহমুদ দুলাল। রহস্যময়ী কবিতার এই যাত্রাপথ দীর্ঘ থেকে দীর্ঘতর হোক।
