তিতাস একটি নদীর নাম
অদ্বৈত মল্লবর্মণের একটি অসামান্য কাজ "তিতাস একটি নদীর নাম" উপন্যাসটি। তিতাসের তীরে তিতাসকে ঘিরে, নির্ভর করে গড়ে ওঠা মালোদের জীবন-জীবিকা, সমাজ-সংস্কৃতি, হর্ষ-বিষাদ, হাসি-কান্না, আনন্দ-বেদনা বিধৃত হয়েছে পুরো উপন্যাস জুড়ে। জেলেদের জীবন নিয়ে এত হৃদয়স্পর্শী, অন্তর্ভেদী, সত্যনিষ্ঠ পরিচ্ছন্ন ছবি তুলে ধরা সম্ভব হয়েছে সম্ভবত লেখক নিজেই সে সমাজের একজন বলেই। উপন্যাসের প্রতিটি ছত্রে অভিজ্ঞ পাঠক ধরতে পারে লেখকের মুন্সিয়ানা, অকৃত্রিমতার সুর, সত্যিকারের মালো জীবনের প্রাণের স্পন্দন। নিঃসন্দেহে "তিতাস একটি নদীর নাম" বাংলাসাহিত্যে জেলে-জীবন নিয়ে লেখা সর্বোৎকৃষ্ট জীবন-ঘনিষ্ঠ উপন্যাস। লেখককে উপন্যাসের মাল-মসলা জোগাড়ের জন্য কল্পনার জাল বুনতে হয়নি, বা ওদেরকে বুঝার এবং চিত্রপটে ধরার জন্য পরিশ্রম করতে হয়নি। লেখকের জন্ম এবং বেড়ে ওঠা এই মালোসমাজেই, এ তার নিজের জীবনকাহিনী। উপন্যাসের চরিত্রগুলি তারই চারপাশের মানুষ , তারই আত্মীয়পরিজন, এদের মধ্যেই তাঁর বেড়ে উঠা, এরা তাঁরই জীবনের অংশ। জেলেদের নিয়ে লেখা সমরেশ বসুর "গঙ্গা" অথবা মানিক বন্দ্যােপাধ্যায়ের " পদ্মা নদীর মাঝি " আমাদের স্মরণে আসে এঁরা দুজনেই বাংলাসাহিত্যের দুই দিকপাল , তাঁদের লেখা এ উপন্যাসগুলিও পাঠকের কাছে সুপরিচিত সাহিত্যগুণের জন্য । "গঙ্গা" এবং "পদ্মা নদীর মাঝি" দুটি উপন্যাসের উপর পরিপূর্ণ শ্রদ্ধা রেখে বলবো অদ্বৈত মল্লবর্মণের " তিতাস একটি নদীর নাম " মালোদের জীবন নিয়ে এসেছেন পাঠকের হৃদয়ের গভীরে–তাঁর এ উপন্যাস পাঠকের হৃদয়কে যেভাবে আন্দোলিত করে তার তীব্রতা, তার রূপ ভিন্ন। মূলত এ অসাধারণ কাজটি অদ্বৈত করতে পেরেছেন কারণ এটি তারই জীবনে ঘটে যাওয়া কাহিনী, তিতাস এবং তার পারিপার্শ্বিকতা তার অন্তর্গত রক্তের ভিতর, উপন্যাসের আনন্দের অংশটুকুতে যেমন তাঁর হৃদয়ে পুলকের সঞ্চার হয় তেমনি হৃদয়ের রক্তক্ষরণ হয় মালোদের দুঃখ-কষ্টে । উপন্যাসটি লেখা হয়েছে বড়ো পরিসরে যার মধ্যে রয়েছে অনেকগুলো উজ্জ্বল চরিত্র– সুখপ্রদ উপন্যাস, আগাগোড়াই পাঠককে ধরে রাখে । সে সময়কার অন্ত্যজ, প্রান্তিক গোষ্ঠীর লোকজন, তাদের সাহিত্য-সংস্কৃতি, ভাষা, আচার-অনুষ্ঠান, লৌকিক বিশ্বাস, তাদের ব্যবহৃত শব্দমালা কোথাও পাঠকের বুঝতে অসুবিধা হয় না, পাঠক ঠোক্কর খায় না। প্রচুর শব্দ আমাদের অপরিচিত হলেও লেখক চমৎকার মুন্সিয়ানায় মৌলিকত্ব ধরে রেখে বোধগম্য করে তুলেন শক্তিশালী লেখনী দিয়ে।
উপন্যাসের শুরুতে মনে হয়েছিল, কিশোর উপন্যাসের প্রধান চরিত্র। ক্ষুদ্র পরিসরেই যার শক্তিশালী প্রকাশ–
যেমন ব্যক্তিত্বে তেমনি অন্যান্য দিকেও। একজন সুদর্শন যুবা, যার মধ্যে অক্ষরজ্ঞান নেই কিন্তু চমৎকার কবি-মন আছে, যে মিতবাক এবং সুন্দরের পূজারি, রুচিবান এবং পরিশীলিত আচরণ, প্রেমিক কিন্তু সংযত–সব মিলিয়ে নায়কোচিত একটি চরিত্র। বিস্মিত হলাম মালোসমাজের মধ্যে এতো গুণের আধার এ চরিত্রটিকে লেখক একঝটকায় চলতি গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিলেন। অনেকগুলো চরিত্র এঁকেছেন সুনিপুণভাবে, গুরুত্বের সাথে এসব চরিত্র পাঠকের মনে দাগ কাটে গভীরভাবে। একসময়ে মনে হয় কিশোরের ছেলে অনন্ত হবে প্রধান চরিত্র, তা কিন্তু হয়নি । ঠিক তেমনি নারী চরিত্রগুলিতেও এককভাবে কেউ মূখ্য হয়ে উঠেনি। তবে সুবলা নানাকারণে অসাধারণ হয়ে উঠে , মহৎ চরিত্রে পরিগনিত হয়। গল্পের সমাপ্তিও আসে সুবলারই হাত ধরে–মালোপাড়ায় ক্ষুধায়কাতর মৃত্যুপথযাত্রী শেষ দুটি মানুষকে পানি খাওয়াতে নিজের ক্ষুৎপীড়িত অবসন্ন দেহ চাবুক মেরে টেনে নিয়ে যায় ঘটি হাতে মরা তিতাসের কাছে, পারে না, শিথিল হাত থেকে পড়ে যায় জলের ঘটি, তার সমস্ত শুভ ইচ্ছার মতো, তিতাস নদীর মতো মৃত্যু ঘটে জীবনের শেষ ইচ্ছেরও, কিন্তু পাঠক তাকে তার শুভকামনাকে চরিত্রের দার্ঢ্যতাকে প্রণতি জানায়।
লেখক প্রধান চরিত্র হিশেবে অঙ্কন করেছেন তিতাসকে এবং মালোসমাজকে। মূল চরিত্র তিতাসকে ঘিরে পার্শ্বচরিত্রগুলি আবর্তিত হয়েছে । খুব কাছে থেকে এ মানুষগুলিকে অদ্বৈত দেখেছেন, নিবিড়ভাবে, পরম মমতায়। অসংখ্য চরিত্র উপন্যাসে মাথা উঁচু করে দাঁড়িয়েছে–তাদের মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি, হৃদয়ের প্রসারতায়। নিরক্ষর , অনগ্রসর, সভ্যসমাজের এ মানুষগুলোর মূল্যবোধ, মানসিকতা, মানবিকবোধ পাঠককে চমকে দেয়, আন্দোলন সৃষ্টি হয় মননে।
কিশোর বাকপটু নয়। কথার পৃষ্ঠে কথার মালা সাজিয়ে উত্তর, প্রত্যুত্তর দিতে পারে না। কিন্তু তার জীবনবোধ, জীবনদর্শন, চিন্তার সততা, মূল্যবোধ বিস্ময়কর। তার বন্ধু সুবল যখন বলে, " মনরে চোখ ঠার কেনে কিশোর দাদা? বাসন্তি যে তোমার হাঁড়িত চাউল দিয়া রাখছে–তুমিত কম জানো না । " কিশোর বলে, " নারে সুবলা, আমার মন যেমন কয়, কথাখান ঠিক না। যারে লেংটা থাইক্যা দেখতাসি–ছোটকালে যারে কোলে পিঠে লইছি–হাসাইছি , কাঁদাইছি, ডর দেখাইছি, ভেউরা বানাইয়া দিছি তারে কি বিয়া করন যায়! বিয়া করন যায় তারে , যার লগে কোনোকালে দেখা সাক্ষাৎ নাই। দেখাসাক্ষাৎ খালি মুখাচন্ডীর সময় গীত-জোকারের লগে পিঁড়ির উপর শাড়ির ঘোমটা তুইল্যা যখন চোখ মেইলা চায়। সে হয় সত্যের স্তিরি। আর সগল তো ভইন। "
কিশোরের সত্যিকারের বয়সটা আমরা জানি না। কিন্তু আন্দাজ করতে পারি। শুরুতেই বলা হয়েছে কিশোর সুবলের তিন বছরের বড়ো। ওরা দুজনেই বাসন্তির ছোটোবেলার সঙ্গী। লেখক বলছেন, 'যখন মালোদের অফুরন্ত চাহিদা মিটাইতে গিয়া, দিতে দিতে তিতাস ক্লান্ত হইয়া পড়িয়াছে , মাছের জো গিয়াছে ফুরাইয়া'– কিশোর সুবলকে বলিল, ' জান বাঁচাইতে চাস্-ত, উত্তরে চল সুবলা' একদিন ওরা উত্তরে রওনা দিল। সেদিন বাসন্তির বয়স লেখক আমাদেরকে জানিয়ে দেয়– এগারো। ঐ ইঙ্গিত থেকে ধারণা করে নিতে পারি কিশোরের বয়স বড়োজোর ১৯-২০ বছর বা আঠারোর ধারে কাছে। ঐ বয়সের একটা ছেলে যখন বিয়ে নিয়ে মন্তব্য করে, বুঝা ঢ়ায় কতোটা স্থিতধী, প্রাজ্ঞ এবং চারিত্রিক দৃঢ়তা । বাক্যেট শেষে বলে স্ত্রী ছাড়া বাকি সবাই বোন।
শুরুতে বলা হয়েছে কিশোর ডানপিটে ছেলে। তখন সে সত্যিই কিশোর-কৈশোর পেরোয়নি। কিন্তু শরৎচন্দ্রের ইন্দ্রের মতো কিশোরের দুরন্তপনার তেমন কোনো ছবি দৃশ্যমান নয় । অবশ্য গুটিকয়েক লাইনে শৈশবের দুটি চিত্র দেখি। এক — ' দুইজনে বর্ষাকালে সাপেভরা বটের ঝুরিতে বসিয়া খোপের মধ্য দিয়া বড়শি ফেলিত। শিং মাছের জাল বুনিয়া আঁধার রাতে বুকজল ভরা পাট ক্ষেতের আল ধরিয়া অনেক দূরে গিয়া পাতিয়া আসিত। রাত থাকিতে উঠিয়া শিংমাছ-কৈমাছ-গাঁথা জাল তুলিয়া আনিত। এসব জালে অনেক সময় সাপ গাঁথা পড়ে। কিন্তু মালোর ছেলেরা তাতে ভয় পায় না। অনেক মালোর ছেলে এভাবে মারা পড়ে দেখিয়াও ভয় পায় না। কেননা অনেক মরিয়া গিয়াও তারা অনেক বাঁচিয়া থাকে। '
এখানে আর দশটি ছেলের সাথে তুলনা করলে মনে হতে পারে ডানপিটে ছেলে, কিন্তু লেখকই তা আবার নিজে হালকা করে দেয় কিন্তু মালোর ছেলেরা তাতে ভয় পায় না।' এই বাক্যেই বুঝা যায় মালোর ছেলেদের জন্য এ অতি সাধারণ বিষয়, ডালভাত। মাছধরা নিয়ে ইন্দ্রের যে দুরন্তপনা আমরা দেখি তা আমাদেরকে শিহরিত করে , উত্তেজনায় টানটান হয়ে থাকে স্নায়ু। শ্রীকান্তের মতো ইন্দ্রের এক-একটি কর্মকাণ্ডে আমরাও ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ি। ঐটুকু বয়সের একটা ছেলের দুরন্তপনা, দুঃসাহস, বুনো শক্তির প্রাচুর্য দেখে আমাদের বিস্ময় জাগেযে প্রতিনিয়ত মৃত্যুকে থোড়াই করে তুড়ি বাজিয়ে নৃত্য করে আপনমনে । দ্বিতীয় চিত্রটি কিশোরের সুবলসহ স্কুলত্যাগ। ভিন্নপাড়ার ছেলেদের সাথে মারামারি এবং শিক্ষকের মার খেয়ে তৃতীয় দিনেই চিরজীবনের জন্য পাঠশালা ত্যাগ । না, পাঠক হিশেবে এ কাজটি আমাদেরকে তেমন নাড়া দেয় না। কারণ কিশোর যে সমাজে বাস করে, পাঠশালা সেখানকার ছেলেদের জন্য প্রয়োজনীয় অনুষঙ্গ নয়।
সত্যিকারের কিশোরকে দেখি যখন পাঁচপীর বদরের ধ্বনি দিয়া প্রথম লগি ঠেলা দিল তিলক। সুবল হাতের বৈঠা ধরিল। তার জোর টানে নৌকা সাপের মতো হিস্ হিস্ করিয়া ঢেউ তুলিয়া ঢেউ ভাঙিয়া চলিল। তিলকচাঁদ গলুইয়ে গিয়া দাঁড় ফেলিয়াছে। কিন্তু তার দাঁড়ে জোর বাধিতেছে না। শুধু পড়িতেছে আর উঠিতেছে। ছই-এর উপর একখানা হাত রাখিয়া কিশোর মাঝ-নৌকায় দাঁড়াইয়া ছিল। দেখিতে ছিল তাদের মালোপাড়ার ঘরবাড়ি গাছপালাগুলি , খুঁটিতে বাঁধা নৌকাগুলি, অতিক্রান্ত ঊষার স্বচ্ছ আলোকেও কেমন অদৃশ্য হইয়া যাইতেছে। অদৃশ্য হইয়া যাইতেছে সারাটি গ্রাম, আর গোচারণের মাঠ। অদৃশ্য হইতেছে কালীসীমার ময়দান আর গরীবুল্লার বটগাছ দুইটি। জলের উষ্ণতায় শীতের হাওয়াও কেমন মিষ্টি। গলুইর দিকে আগাইয়া গিয়া কিশোর বলিল ' যাও তিলক, তামুক খাও গিয়া। দাঁড়টা দেও আমার হাতে '।
এই যে অস্তিত্বের সন্ধানে অজানার পথে পা দেয়া সদ্য যুবক জীবনের প্রথম পাড়ি দিল, এখানে কিন্তু সে মালিক, নেতা। বাকি দুজন তার কর্মচারী। তিতাসের ছোট্ট গন্ডি পেরিয়ে সে যাচ্ছে বিশাল মেঘনার বুকে যার কোনো অভিজ্ঞতাই তার নেই অথচ নেতৃত্ব তার হাতে। উপরের বর্ণনায় আমরা প্রত্যক্ষ করি একজন ভাবুক, কবিমনের কিশোরকে। বিষয় চিন্তা ছেড়ে যার মনোজগতে কাজ করছে প্রকৃতি, পেছনে ফেলে আসা তার শৈশব-কৈশোর, বাস্তুভিটা, সমস্তকিছু নিয়ে মালোপাড়া, তার গ্রাম। কিন্তু কিশোর শুধু ভাবজগতেই মগ্ন থাকে না, বাস্তববাদীও বটে, নেতৃত্বের গুণাবলিও তার রক্তে। বয়স্ক তিলককে তামুক খাওয়ার জন্য বিশ্রামের সুযোগ দেয়, দাঁড় তুলে নেয় নিজের হাতে। এই পরিভ্রমণের পুরোটাজুড়েই দেখি কিশোর মানবিক, পরিশ্রমী, বিপদে ধীরস্থির।
তার সঙ্গী দুজন কর্মচারীকে কখনো ভৃত্য মনে করে না বা বেশি খাটায় না, সে তাদেরকে নিজের স্বজন ভাবে। মেঘনার বুকে তারা যখন কুলহারা হয়ে পড়লো, রাতভর আঁধারের সাথে ভয়ে অন্ধকার নেমে আসলো বাকি দু'জনের মনে, মনের জোর হারিয়ে অভিজ্ঞ বয়স্ক তিলক এবং সুবল যখন হাল ছেড়ে দেয় বেঁচে থাকার, তখন অকুতোভয় কিশোর, আশাবাদী কিশোর সুবলের পরিত্যক্ত হাল খানা নিয়ে নেয়, এগিয়ে চলে। আচমকা নৌকা কীসের উপর আটকে যায়, একেবারে নিশ্চল হয়ে যায়। আতঙ্কিত তিলক বলে উঠে, " আর আশা নাই সুবলা, কুমিরের দল নাও কান্ধে লইছে। "–ভয়হীন কিশোর কাজ করে আলোকবর্তিকা হিশেবে, উত্তরে বললো, " আমার মাথা হইছে। নাও আটকাইছে চরে। বাইর অইয়া দেখ না। "
মহাভারতে বকরূপধারণকারী ধর্ম যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিল পৃথিবীতে সুখী কে? উত্তরে যুধিষ্ঠির বলেছিল, "অঋণী, অপ্রবাসী, শাকান্নভোজী। " আমরা জানি, ঐ সুখের বৃত্তে বন্দী হয়ে থাকলে সভ্যতার ক্রমবিকাশ ঘটতো না। অজানাকে জানার, অজেয়কে জয় করার বাসনা মানুষকে বৃহতের মাঝে নিয়ে যায়, মানুষ আলোকিত হয়। মালো কিশোর তিতাসের গন্ডির বাইরে কখনো যায়নি। কিন্তু তার মধ্যে জগৎ-তৃষ্ণা সুপ্ত ছিল। মূলত বেঁচে থাকার তাগিদে ক্ষুধা-নিবৃত্তির রসদ সংগ্রহের জন্য মেঘনায় পাড়ি দিলেও বিশাল পৃথিবীর হাতছানি তার অন্তর্গতরক্তের ভিতর কাজ করে , সে মুগ্ধ হয় মেঘনার বিশালতায়, অতলস্পর্শী জলরাশি দেখে, এগুতে এগুতে বিভিন্ন চরিত্রের মানুষ দেখে, জনপদ দেখে। পিছনে ফেলে আসা জীবন তাকে স্মৃতিকাতর করে তুলে না, অজানা জগতের ভয়-সংকুল পরিস্থিতিতে অন্যদের মতো শংকায় পীড়িত হয় না, বরং প্রকৃতি পরিবেশ নতুন নতুন মানুষ আর অভিজ্ঞতা তাকে আনন্দ দেয়, এগিয়ে যাবার প্রেরণা দেয়, সে স্বপ্ন দেখে সুন্দর জীবনের। তার চোখে ভেসে উঠে সদ্য দেখা সুন্দর পরিবারের স্মৃতি , যে পরিবারে একটি নারী আছে, একটি নন্দিনী আছে যেখানে পুরুষকে মাছ ধরার জন্য সারারাত নদীতে পড়ে থাকতে হয় না। কৃতী মানুষ স্বপ্ন দেখে, স্বপ্নকে বাস্তবায়ন করে মেধা এবং শ্রম দিয়ে। কিশোরের মধ্যে সে গুণটি আমরা লক্ষ্য করি। তার পর্যবেক্ষণ ক্ষমতা, দেখার চোখ, বোধের গভীরতা বলে দেয় সে তিতাসপাড়ের অভাবগ্রস্ত মালোদের নতুন জীবনের পথ দেখাবে। স্বপ্নহীন অনালোকিত কৈবর্তদের সুন্দর এবং সমৃদ্ধ জীবনের পথ দেখাবে।
মানবিক, স্বাপ্নিক, মিতবাক, লাজুক, ব্যক্তিত্বসম্পন্ন সদ্য যৌবরাজ্যে উত্তীর্ণ কিশোরের আকস্মিক এবং অপ্রত্যাশিত পতন পাঠককে বিস্মিত, ব্যথিত করে, মনে পড়িয়ে দেয় সফোক্লিসের ইডিপাসের কথা। একটি উজ্জ্বল সম্ভাবনাময় জীবনের পতন ঘটে নিয়তির অমোঘ বিধানে। উপন্যাস কিন্তু এখানে শেষ হয়নি, বরং বলা যায় শুরু হয়েছে। সামান্য একটু অংশে কিশোর থাকলেও অত্যন্ত অনুজ্জ্বল তার উপস্থিতি, যেখানে পাঠকের কাছে কিশোর গুরুত্বহীন, পাগল কিশোরের জন্য আমাদের কোনো মায়া বা ভালোবাসার উদ্রেক হয় না, তার মৃত্যুও আমাদের মনে আলোড়ন সৃষ্টি করে না। ততক্ষণে পাঠকের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠে অন্য আরো চরিত্র যাদেরকে নিয়ে লেখক আমাদেরকে ভাবায়, চিন্তার খোরাক জোগায়। একক প্রধান চরিত্র না হলেও মূলভূমিকায় রয়েছে একাধিক নারী যারা মহত্ত্ব দিয়ে, চরিত্রের মাধুর্য দিয়ে, নিজেদের প্রাণপ্রাচুর্য দিয়ে পাঠকের মনে ছাপ রেখে যায়।
অদ্বৈত তিতাস এবং মালোসমাজকে উপন্যাসের প্রধান চরিত্র বানিয়েছে, ব্যক্তিকে নয়। তিতাসের বুকে চর জাগে, ধান বুনে অন্য মানুষেরা, তারা অন্য মানুষ, তাদের সমাজ-সংস্কৃতি আলাদা। মালো সমাজ হারিয়ে যায় , আপোষহীন, সাহসী, দ্রোহী বাসন্তীর হাত থেকে জলের লোটা পড়ে যায়, লেখক ইতি টানে এখানে –" কিন্তু এখন সে মালোপাড়ার কেবল মাটিই আছে। সে মালোপাড়া আর নাই। শূন্য ভিটাগুলিতে গাছ-গাছড়া হইয়াছে। তাতে বাতাস লাগিয়া সোঁ সোঁ শব্দ হয়। এখানে পড়িয়া যারা মরিয়াছে, সেই শব্দে তারাই বুঝি বা নিঃশ্বাস ফেলে। "আমাদের পাঠকের মনে হয় সমস্ত চরাচরে চিরকালীন নৈঃশব্দ্য নেমে আসে মৃত্যুর কালো আংরাখা পরে, ঐ অচেনা অজানা হারিয়ে যাওয়া মানুষগুলোর জন্য মনের অগোচরেই দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ে।
আমরা বুঝি, "তিতাস একটি নদীর নাম " নিছক একটি উপন্যাসই নয়, এটি বস্তুত অচ্ছ্যুত, অবহেলিত, জীবনযুদ্ধে হেরে যাওয়া এক মানবগোষ্ঠীর করুণ ইতিহাস। ইতিহাসে আরো অনেকের মত এরা জায়গা করে নিতে পারেনি, কিন্তু তাদেরই একজন তাঁর অসামান্য লেখনীতে কালজয়ী সাহিত্যের মধ্য দিয়ে পাঠকের হৃদয়ে তাদের জায়গা করে নিয়েছেন।
দেবেশ রায়, কমলকুমার মজুমদার-এর মূল্যায়নে খুব চমৎকার বলেছেন " বাংলা গল্প উপন্যাস প্রধানত ব্যক্তিগত কাহিনী নির্ভর। নৈর্ব্যক্তিক সমষ্টি-জীবন আমাদের উপন্যাসের প্রচলিত বিষয় নয়। এমন-কি, আদিবাসী বিদ্রোহ বা কৃষক বিদ্রোহের মতো সামাজিক প্রক্রিয়ার কাহিনীও আমরা কোনো ব্যক্তি বা ব্যক্তিসম্পর্ক, না-ধরে বলতে পারি না। আমাদের উপন্যাসে ব্যক্তি সমষ্টিতে মিলে যাচ্ছে– এই প্রক্রিয়া প্রায় অচেনা। বরং এর উল্টো প্রক্রিয়া অনেক বেশি চেনা, সমষ্টি থেকে ব্যক্তি বিশিষ্ট হয়ে উঠছে। কমলকুমার বাংলা কথাশিল্পের সেই বিরল লেখক যিনি সমষ্টি জীবনকেই তাঁর লেখার বিষয় করে তুলেছিলেন। এই সমষ্টিজীবন মানেই তো জীবনের এক সামাজিক সত্য।
কথাটি অদ্বৈতের বেলায়ও প্রযোজ্য। কী অদ্ভুত, নিজের নামের মতোই তিনি অদ্বিতীয়, অনন্য। " তিতাস একটি নদীর নাম" ব্যক্তিনির্ভর উপন্যাস নয়, সমষ্টিজীবনের চিত্ররূপ।
