২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আধুনিকতা, উত্তর-আধুনিকতা ও শামসুর রাহমানের কবর-খোঁড়ার গান

মোস্তফা সারওয়ার

Published : 10 May 2021, 11:09 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


ভূমিকা
১৯২৯ সালের ২৪ অক্টোবর দুটো বিপরীতধর্মী ঘটনা ঘটেছে। পৃথিবীর দুই প্রান্তে আট হাজার মাইলের ব্যবধানে। নিউইয়র্কে ঐ দিন ব্লাক টিউসডেতে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ঘটেছে প্রলয়ংকারী বিপর্যয় – যার পথ ধরে শিল্পোন্নত দেশগুলোতে শুরু হয় এক ভয়ংকর অর্থনৈতিক মন্দা, পরবর্তীতে বিশ্বযুদ্ধ। অপরদিকে মঙ্গলময় মঙ্গলবারে ঢাকায় এক আনন্দঘন নীড়ে জন্মগ্রহণ করেন বাংলা কাব্যের অন্যতম রাজপুত্র, শামসুর রাহমান। বাংলা কাব্যের বিশাল জগতে তিনি নিজেই এক অপার ধরণী। নিদারুণ সৌন্দর্যের প্লাবনে প্লাবিত হয়ে আছে তাঁর লাবণ্যময়ী পৃথিবী। তাঁর প্রথম বই, 'প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে', প্রকাশের মধ্য দিয়ে কবিতার আকাশে উঠেছিল এক চমৎকার নক্ষত্র। বেয়াল্লিশ বছর ধরে তিনি অগণন নক্ষত্রের সম্ভারে সমৃদ্ধ করেছেন কবিতার অনন্ত আকাশকে। তাঁর অসংখ্য কবিতার বিশ্লেষণ করতে কেটে যাবে বহু যুগ, পূর্ণ হবে সংখ্যাহীন গ্রন্থ। তাঁর কবিতা নিয়ে বিদগ্ধ পাঠকের মনে অনেক পুলক…… অনেক প্রশ্ন। এই স্বল্প পরিসর প্রবন্ধে শামসুর রাহমানের একটি মাত্র কবিতা 'কবর-খোঁড়ার গান' এর বিশ্লেষণ করবো। আধুনিকতা ও উত্তর-আধুনিকতার প্রেক্ষিতে আমার প্রচেষ্টা হবে এক নিবিষ্ট অথচ অনুসন্ধিৎসু পাঠকের।

আধুনিকতা
আধুনিকতার সংজ্ঞা আপেক্ষিক। উনবিংশ শতাব্দীর শেষ থেকে বিংশ শতাব্দীর প্রায় মাঝামাঝি পর্যন্ত সাহিত্যে আধুনিকতাবাদের বিকাশ ঘটে। এই আন্দোলনকে বুঝতে হলে ১৮৯০ সাল থেকে ১৯৩০ সাল পর্যন্ত যে সমস্ত লেখক এই ধারায় নেতৃত্ব করেন – তাঁদের লেখা ও চিন্তাধারার সাথে পরিচিতি প্রয়োজন। কবিতায় রয়েছেন মালার্মে, ভেলেরি, রিলকে, ইয়েটস, এলিয়ট, পাউন্ড, স্টিভেন্স ও উইলিয়ামস। প্রতীক প্রতিবিম্বের মাধ্যমে তাঁরা Vers Libre প্রয়োগ করেন কবিতায়। তাঁদের প্রভাবিত করেন পূর্বসূরি ফরাসী প্রতীক আন্দোলনের প্রতিভূ বোদেলেয়ার, র‍্যাঁবো ও ভেরলেন। উপন্যাসে আধুনিকতার ছাপ আমরা দেখতে পাই ফকনার, কাফকা, প্রুস্ত, জয়েস, উলফ ও লরেন্সের লেখায়। তাঁরা প্রশ্নবাণ নিক্ষেপ করেছেন প্রচলিত বাস্তববাদের বিরুদ্ধে। প্রচলিত বাস্তববাদ ও প্রকৃতিবাদের পরিবর্তে প্রয়োগ করেছেন চেতনার ফল্গুধারা (stream of consciousness) । কাহিনী বিন্যাস ও বর্ণনার প্রথাগত ধারা প্রত্যাখ্যান করেন। নাটকেও আধুনিকতার প্রভাব ঘটে। উদাহরণ হিসেবে উল্লেখ্য ইবসেন, ব্রেখট ও পিরানডেলোর নাটক।

আধুনিকতায় থাকে মন্ময়তা, আত্মচেতনা, স্বতঃস্ফুর্ততা ও বহুবর্ণিত আখ্যান। থাকে উপেক্ষিত-জনরার বিভাজন (কবিতা রূপান্তরিত হয়ে যায় কাহিনীর প্রজাপতিতে যেমন এলিয়টের The Waste Land অথবা কাহিনীর সমর্পণ ঘটে কবিতার অপ্সরীতে যেমন উলফের To The Lighthouse)। আধুনিকতায় বিহঙ্গের মত পাখা মেলে অসম্পূর্ণ রূপক, অসংলগ্ন বর্ণনা ও বিবিধ চিত্রকল্পের বিচ্ছিন্ন বিন্যাস। আধুনিকতার আন্দোলন বিচিত্র। যেমন প্রতীকবাদ, চিত্রকল্পবাদ, ইম্প্রেশনিজম, কিউবিজম, দাদাবাদ ও সুররিয়ালিজম (অধিবাস্তববাদ) ইত্যাদি।

বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতার ধারার কবিদের অন্যতম হলেন জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, অমিয় চক্রবর্তী, বিষ্ণু দে, সুধীন্দ্রনাথ দত্ত ও সুভাষ মুখোপাধ্যায়। আরও রয়েছেন সমর সেন, সুকান্ত ভট্টাচার্য, শামসুর রাহমান, শঙ্খ ঘোষ, শক্তি চট্টোপাধ্যায়, আল মাহমুদ, সুনীল গঙ্গোপাধ্যায়, বিনয় মজুমদার, সৈয়দ শামসুল হক, শহীদ কাদরী, জয় গোস্বামী, রফিক আজাদ, মোহাম্মদ রফিক, মহাদেব সাহা, নির্মলেন্দু গুন, হুমায়ুন আজাদ, নুরুল হুদা, এবং আরও অনেকে। সাহিত্যে আধুনিকতা এনেছে এক বিপ্লব। ইতিহাসের দার্শনিক বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করলে দেখা যাবে আধুনিকতা বিপ্লব হলেও এর বিশেষ কতগুলো উপাদান উত্তরাধিকার হিসেবে এসেছে। যেমন: রোমান্টিসিজম থেকে এসেছে লেখক ভিত্তিক দৃষ্টিকোণ যার চূড়ান্ত পরিণতি অযুক্তিবাদ ও এক ধরনের অলীক সম্মোহন, বাস্তববাদ থেকে পেয়েছে নাগরিকতার পরিবেশ ও পুরাতন সংস্কারকে ভাঙার বাসনা; প্রতীকবাদ থেকে এসেছে পরোক্ষ উল্লেখের রীতি। তাই আধুনিকতা অতীতের সাথে একেবারে সম্পর্কহীন নয়।

উত্তর-আধুনিকতা
উত্তর-আধুনিকতার কোন সম্মত সংজ্ঞা নেই। আমি সংজ্ঞা নির্ধারণ করার চেষ্টা করব – আধুনিকতার উপরোক্ত আলোচনার ক্ষীণ আলোক। ডিক হেবডিগের মন্তব্য দিয়ে শুরু করা যাক: "Post Modernity is modernity without the hopes and dreams which made modernity bearable"। কেতাবি শিক্ষা হিসেবে উত্তর-আধুনিকতার প্রকাশ ঘটে ১৯৮০ দশকের মাঝামাঝি। আধুনিকতা বিপ্লব কিন্তু তাই বলে অতীতের সাথে সম্পর্কহীন নয়। তেমনি উত্তর-আধুনিকতার সাথে সংশ্লিষ্ট, অনেকটা আষ্টেপৃষ্ঠে বাধা। আধুনিকতার মতই উত্তর-আধুনিকতার উপাদান হল: জনরা-বিভক্তি তুচ্ছকরণ, অপর শিল্পী অথবা লেখকের অনুকরণ (প্যাসটিস); প্যারোডি, বক্রোক্তি ইত্যাদির গুরুত্ব; আত্ম-চেতনা, অসম্পূর্ণ রূপক, অসংলগ্ন বর্ণনা, দ্ব্যর্থকতা এবং বিমানবীকরণ।

তাহলে উত্তর-আধুনিকতার সাথে আধুনিকতার কি পার্থক্য? আধুনিকতার অন্যতম অবতার এলিয়েটের The Waste Land-এর কথা ধরা যাক। এই কাব্যে মানুষের ইতিহাস ও মননের এক বিখন্ডিত চিত্র দেখিয়েছেন এলিয়ট। প্রথম যুদ্ধোত্তর ইউরোপের হিংসা, পুনরায় যুদ্ধের দামামা ও মানবতার ক্ষয়িষ্ণুতাকে তিনি তুলে ধরেছেন। তুলে ধরেছেন এক দুঃখজনক, শোকার্ত, আর্তনাদমূলক অবক্ষয় হিসেবে। যখন সকল প্রতিষ্ঠান হয়েছে ব্যর্থ, তখন সাহিত্য শিল্পকলাই যেন হতে পারে শেষ সম্বল, তাই ছিল এলিয়টের আকুতি।

"These fragments I have shored against my ruins

….Hieronymo's mad againe.

Datta Dayadham Damyata

Shantih shantih shantih"

অপরপক্ষে ইতিহাস ও সভ্যতার এই বিখন্ডতা, সাময়িকতা ও অসংলগ্নতার জন্য উত্তর আধুনিকতার কোন শোক নেই – নেই কোন আর্তনাদ। পৃথিবী অর্থহীন। সাহিত্য শিল্পকলা এই পৃথিবীতে নিয়ে আসবে শান্তি অথবা যথার্থতা? উত্তর-আধুনিকতার উত্তর হল না-বাচক। অতএব……Let's have a party! তাহলে কি উত্তর-আধুনিকতার নিকট আত্মীয় পারস্য দেশের কবি খৈয়াম, সাদী, হাফিজ অথবা রুমী? এপিকিউরীয়ান আনন্দের ব্যাপারে আপাত মিল থাকলেও তাত্ত্বিক দৃষ্টিকোণে দুটোর ব্যবধান নিদারুণ। পারস্য দেশের সুফীবাদীদের অবস্থান ছিল ধর্মের meta-narrative অথবা grand-narrative-এর বিশাল ছায়ায়।

উত্তর-আধুনিকতার তাত্ত্বিক অবতার হলেন জ্যাক দেরিদা, ফ্রাসোয়া লিওটার্ড, ফুকো, বড্রিলার্ড, ফ্রেড্রারিক জেমিসন,ইহাব হাসান্, চার্লস জেনক্স, সুজান সন্টাগ, উম্বার্তো একো ও আরও অনেকে। ফ্রেডরিক জেমিসন মার্কসীয় রীতিতে আধুনিকতা ও উত্তর-আধুনিকতার বিশ্লেষণ করেছেন। পুঁজিবাদের বিকাশকে তিনি তিনটি পর্যায়কালে বিভক্ত করেছেন। অষ্টাদশ শতাব্দী থেকে উনবিংশ শতাব্দীর শেষ নাগাদ বাজারকেন্দ্রিক পুঁজিবাদের সাথে জড়িত ছিল সাহিত্য শিল্পকলার বাস্তববাদ। দ্বিতীয় পর্যায়ে একচেটিয়া পুঁজিবাদের সাথী হল আধুনিকতা – উনবিংশ শতাব্দীর শেষ থেকে বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত। এরপর শুরু তৃতীয় পর্যায় উত্তর-আধুনিকতা। যার সঙ্গী ছিল বহুজাতিক এবং কনজিউমার পুঁজিবাদ। আধুনিকতার অন্যতম মন্ত্র হল সর্বজননীতা (যেমন-ধর্ম, ইত্যাদি meta-narratives)। উত্তর আধুনিকতার কাঠামো স্থানভিত্তিক – সর্বজনীনতার তেমন কোন স্থান নেই উত্তর-আধুনিকতায়।

শামসুর রহমানের 'কবর-খোঁড়ার গান'
আধুনিক ও উত্তর আধুনিকতার উপরোক্ত আলোচনার ভিত্তিতে এখন বিশ্লেষণ করা যাক, শামসুর রহমানের 'কবর-খোঁড়ার গান' । কবিতাটি পড়তে গিয়ে এমিলি ডিকিনসনের একটি কবিতার কয়েকটি পংক্তি আমার চেতনার গভীরে বারবার বাজাচ্ছে এক অদ্ভুত সিম্ফনি:

"By lonely gift and hindered words

The human heart is told

Of nothing

Nothing is the force

That renovates the world."

এই Nothingness-এর বিষণ্ণ মাধুরী দিয়েই আমি আলোচনা করব 'কবর-খোঁড়ার গান'। আমার দৃষ্টিকোণে শামসুর রাহমান আধুনিকতার কবি। তাহলে তাঁর সাথে উত্তর আধুনিকতার কি সম্পর্ক? শামসুর রাহমানকে উত্তর আধুনিক চিহ্নিত করে আমি শামসুর রাহমান ও উত্তর আধুনিকতা উভয়কে অমর্যাদা করব না। রবীন্দ্রনাথ রোমান্টিক কবি। পুনশ্চ, শ্যামলী, ইত্যাদি কাব্যগ্রন্থে তিনি আধুনিকতাময় কবিতা লিখেছেন। তাই তাঁকে আধুনিক কবি বলা ঠিক নয়। তাঁর রোমান্টিক কবিতা সংখ্যা ও গুণে অন্যান্যের চেয়ে অনেক শ্রেষ্ঠ।

'কবর-খোঁড়ার গান কবিতা মাত্রাবৃত্ত ছন্দে সাত ও পাঁচ মাত্রার পংক্তিতে সন্নিবেশিত। অক্ষরবৃত্তের তানের চেয়ে মাত্রা বৃত্তের তালই এই কবিতাটির জন্য সঠিক ছন্দ। স্তবক থেকে স্তবকে পংক্তির পুনরাবৃত্তি কবিতাটিতে এনেছে এক ধরনের কাঠামোগত ও ভাবগত প্রবাহমানতা। প্রথম স্তবকের শুরুতে রয়েছে কবর খনকের ঘোষণা:

"মদের নেশা খাঁটি সারা জাহানে
বাকি যা থাকে তার বেবাক ঝুট।"

গোটা বিশ্বের সবকিছু ভেজাল ও ঝুট – শুধু বিশুদ্ধ ও খাঁটি হল মদের নেশা। মদের নেশায় মাতাল হলে মস্তিষ্কের অনেক ক্রীড়া ব্যাহত হয়। স্থান, কাল, পাত্রের ভেদাভেদ করা নিতান্ত কঠিন হয়ে পড়ে। মদের নেশায় মানুষ যা দেখে অথবা করে, সেটা অনেক সময়ই সত্য থেকে সুদূরে অপসারিত। কবিতাটির শুরু এক বিপ্রতীপ অবস্থান থেকে। মানুষের প্রচলিত মূল্যবোধ ও ধারণাকে প্রথমেই করা হল অভিযুক্ত এবং আঘাত। প্রথম স্তবকে ইঙ্গিত রয়েছে যে কবর খনক আগের রাত কাটিয়েছে বেশ্যালয়ের। (এই স্তবকে রয়েছে নিমজ্জিত রূপক- submerged metaphor: সেই মেয়ে মানুষ/যার আঁধারে)।

সাধারণত বেশ্যার কাছ থেকে অর্থের বিনিময়ে কেনা হয় যৌন আনন্দ। কিন্তু দ্বিতীয় স্তবকে দেখা যাচ্ছে কবর-খনকেরও একটি কোমল মন রয়েছে। তার হৃদয়ে প্রজ্বলিত মেয়েটির 'স্মৃতির জ্বালা'। নেশা যেমন তার কাছে খাঁটি নির্ভেজাল, তেমন স্মৃতির জ্বালাও। মেয়েটির গভীর আলিঙ্গন তাকে ভুলিয়েছে গোটা পৃথিবীকে। পৃথিবীকে ভুলে যাওয়াটা এক ভ্রান্তি অথবা প্রতারণা, তাও বুঝতে পেরেছে কবর-খনক। আধুনিকতা অথবা উত্তর-আধুনিকতার ছাঁচে চমৎকার ব্যবহার হয়েছে দ্ব্যর্থকতা (ambiguity): মদের নেশার রেশ রয়েছে; ঐ মুহূর্তে প্রকট মেয়েটির স্মৃতির জ্বালা; কিন্তু পৃথিবীর অন্য সব কিছু ভুলে থাকাটাও এক ভ্রান্তি, এক প্রবঞ্চনা। এই দ্ব্যর্থকতা কবিতাটিকে দুই ঘাতমাত্রা (dimension) থেকে তিন ঘাতমাত্রায় উত্তরণ করেছে। কবি খুব সাবধানে ব্যবহার করেছেন বৃহত্তর ঘাতমাত্রা। অনুপ্রবেশিত এক ধরনের সাময়িক অদৃঢ়তা। কিন্তু পরিমিতির বিরুদ্ধে রূপকটি বিকট রূপ ধারণ করে কবিতাটিকে ডিকন্সট্রাক্ট করেনি।

তৃতীয় স্তবকে কবর-খনক ভুলে যাচ্ছে তার কামনা বাসনা। তার বোধে এটাও এক ধরনের ভ্রান্তি (delusion)। দ্বিতীয় স্তবকে তার যে বিভ্রান্তির (confusion) উন্মেষ ঘটেছে, তৃতীয় স্তবকে দেখছি তার পূর্ণতাপ্রাপ্তি (maturity)। বারবনিতার মিথ্যে কথা, সে সত্য ভাবছে। সে সত্য মিথ্যার থোরাই কেয়ার করছে। মহোদর অথবা ভদ্রলোকের মননের বাচ-বিচার তার কাছে তুচ্ছ। তার পৃথিবীতে সত্য বনাম মিথ্যার বাঁচাই খুবই গৌণ। নৈতিকতা এখানে আপেক্ষিক। আধুনিকতায় সত্য ও মিথ্যার ভেদাভেদ গৌণ নয়; বিজ্ঞানভিত্তিতে এদের যাচাই হয় তন্ময়তার মাপকাঠিতে। কবি শামসুর রাহমান এখানে আধুনিকতা থেকে সরে দাঁড়িয়ে উত্তর-আধুনিকতার জগতে প্রবেশ করেছেন।

চতুর্থ স্তবকে আমরা দেখতে পাই বহুবচন প্রথম পুরুষ বর্ণনাকারী নিজেদের পরিচয় প্রদান করেছে: তারা তিনজন কবর খুঁড়ছে। কেন খুঁড়ছে? এটা তাদের পেশা। কবি এখানে এক অপূর্ব প্রতীক ব্যবহার করেছেন। 'নিপুণ বিদ্রূপে' অন্তহীন/দূরের আসমানে জ্বলে দিনার। সুদূর আকাশে জ্বলে মুদ্রা? হয়ত পূর্ণতাময় সোনালী চাঁদ? কবর-খনকের কাজে একটা জঘন্যতার প্রমাণ বিদ্যমান। সমাজ এই কাজকে যুগযুগ ধরে ইতর শ্রেণীর কাজ বলে গণ্য করে। এই কাজের সাথে মিশে আছে নিষ্ঠুরতা, নোংরামি ইত্যাদি। নোংরা এই কাজ করতে মানুষকে নেশাগ্রস্ত হতে হয়। মানুষের সাধারণ বোধকে প্রতিরুদ্ধ করে নেশার ঘোরে খুড়তে হয় কবর। এই ইতর কাজ ওরা করছে শুধু জীবিকার জন্য – হয়ত ওরা এই অসম সমাজের এমন নিম্নস্তরের যে কবর খোঁড়ার কাজ ছাড়া উপার্জনের অন্যসব দ্বার ওদের জন্য রুদ্ধ।

শেক্সপীয়ারের হ্যামলেটের পঞ্চম অংকে রয়েছে gravedigger's song। শামসুর রাহমানের আলোচ্য কবিতার পঞ্চম স্তবকের দ্বিতীয় ও তৃতীয় পংক্তিতে রয়েছে তার পরোক্ষ উল্লেক (allusion): কোদালে অবহেলে উপড়ে আনি/মাটির ঢেলা আর মুরার খুলী। হ্যামলেটের ওফেলিয়াকে সমাধিস্থ করা হবে, প্রস্তুতি নিচ্ছে দু'জন কবর-খনক। শেক্সপীয়ারের ভাষার ভাঁড়। দু'জনেই মাতাল। gravedigger's song এ প্রতিফলিত জীবনের ক্ষণস্থায়িত্ব। হ্যামলেট নাটকে গানের এক পর্যায়ে প্রথম ভাঁড় (কবর-খনক) Throws up a skull'। শামসুর রাহমান দক্ষতার সাথে পরোক্ষ উল্লেখের ব্যবহার শেষে প্রশ্ন তুলেছেন: শরীফ কেউকেটা কী করে চিনি?

পরবর্তী তিন স্তবকে দেখতে পাই সমাজের চোখে ইতর কবর-খনক যেন এক বিদগ্ধ দার্শনিক। তার কাছে সমাজের শক্তিধর উচ্চ শ্রেণীর মানুষের জীবনের মূল্যহীনতা ও মেকি আভরণ পরিষ্কার উদ্ভাসিত। কবরের গভীর অন্ধকারে ধনী-দরিদ্র, ইতর-ভদ্র, সবাই পচে একাকার হয়। থাকে না কোনো ভেদাভেদ। বিশাল শক্তিধর নৃপতি হোক অথবা ক্রীতদাস হোক, সকলের পরিণতি রিক্ত কঙ্কাল। সত্য পীরের অমৃত বাণীকে এই কবিতায় করা হয়েছে কটাক্ষ। সে সব ছেঁদো কথা, মস্ত ফাঁকি। সত্যপীরের যে সমস্ত বাণী বিদগ্ধ জনরা অমৃতের মত পান করে সেই বাণীগুলোকে বলা হয়েছে ভুয়া, মেকি ও ফাঁকি। কবর-খনকের অভিমত, বিবেক বিলকুল লক্ষ্মীছাড়া/মনের পশুটাও চশমখোর।

সপ্তম, অষ্ট ও নবম স্তবকে চিরায়ত মূল্যবোধ, বিশ্বাস ও meta-narratives এর অকস্মাৎ অন্তর্ধান। মনে হচ্ছে উত্তর-আধুনিকতার অবতার ফ্রান্সোয়া লিওটার্ড রূপান্তরিত কবর-খনকের রূপ ধরে। পৃথিবীর প্রচলিত নৈতিকতা, মানুষের আবেগ, অনুভূতি, সবকিছু ভেঙ্গে চুরে টুকরো টুকরো হয়েছে এক নৈরাজ্যে। অষ্টম স্তবকে রয়েছে পরোক্ষ উল্লেখ (allusion) পারস্য কবির শব্দমালা—প্রেয়সীর তিলের চেয়ে গৌণ সমরকন্দ বোখারা। কবর-খনকের কাছে এই অনন্য শব্দমালা নিতান্তই ভুয়া। বুদ্ধিদীপ্ত প্রতিষ্ঠিত সমাজের অবিস্মরণীয় পংক্তিমালার অন্তঃসার শূন্যতার ধ্বনি শুনছি সমাজের অবহেলিত ইতর কবর-খনকের কণ্ঠে। অজ্ঞ কবর-খনকের বোধে যেন ভূতাবিষ্ট হয়েছেন ভয়ংকর বিজ্ঞ ফরাসী দার্শনিক জ্যাক ডেরিডা তাঁর ডিকন্সট্রাকশনের তীক্ষ্ণ ধার ছুরি হাতে নিয়ে। অবিস্মরণীয় পংক্তিমালার নিদারুণ দৈন্যতায় কবর-খনকের কোন দুঃখ নেই। নেই কোন আহাজারি। নেই কোন বিলাপ।

দশম স্তবকে কবর-খনকের গানে পুনরায় উচ্চারিত হয়েছে, রুটি-রুজির তাড়না ও সৌন্দর্যবোধের (প্রতীক: গোলাপ-কুড়ি) কোন পার্থক্য নেই। ওরা একাকার হয়ে আছে চাওয়া পাওয়ার লেলিহান দাবীতে। শেষের স্তবকে শুনতে পাই কবর-খনকের পুনরুক্তি, নেশার মতো খাঁটি নেই কিছুই। পৃথিবীর প্রচলিত প্রথাগত সবকিছু ভুয়া। খাঁটি শুধু নেশা। অথচ নেশার ঘোরে বস্তু জগত ও মনন উভয়ই হয় মেঘাচ্ছন্ন, ঝাপসা, অখাটি। তাঁর কাছে সত্য এক অলীক সত্তা। সত্যের এই inversion পুরনো প্রথাগত মূল্যবোধকে নিদারুণ পদাঘাত করেছে। কবর-খনকের কাছে শুধু গুরুত্বপূর্ণ দেহের দাবী: রুজি রোজগার ও জৈবিক প্রেম। তাই সে মানে না সত্যপীরের বাণী। ওগুলো তার কাছে মেকি ও ধাপ্পাবাজি। এই কবিতাটিতে শামসুর রাহমান খুব দক্ষ শিল্পীর হাত দিয়ে শব্দমালায় চিত্রিত করেছেন চেতনার ফল্গুধারা (stream of consciousness)। যেটাকে আধুনিক ও উত্তর-আধুনিক কবিতায় এক প্রধান বাহন হিসেবে ব্যবহার করা হয়।

আলোচনার প্রায় শেষপ্রান্তে এসেও কতকগুলো প্রশ্ন থেকে গেল। কবর-খনক সমাজের অবহেলিত অংশের ক্ষুদ্রতম ব্যক্তি। তার কাছে কিভাবে পরিষ্কার – উচ্চতম ও বিদগ্ধ সমাজের মেকি, ভণ্ড ও মিথ্যার আভরণ। কবর-খনক কি করে জেনেছে পারস্য দেশের কবির সমাদৃত শব্দমালা? এই দ্ব্যর্থতা (ambiguity) কবিতার মর্মস্থলে বিদ্ধ হয়ে যোগ করেছে আরও একটি ঘাতমাত্রা (dimension)। কবিতাটিকে দিয়েছে এক অলৌকিক সৌন্দর্য। এর যথার্থতা খুঁজতে গিয়ে আমি দেখতে পাই অতিরূপক (allegory)। তাহলে কি কবর-খনক বিদগ্ধ, বুদ্ধিদীপ্ত, এক শুদ্ধ মানুষ? যার দিব্য দৃষ্টিতে প্রতীয়মান

"Nothing is the force

That renovates the world."

আমার কাছে এর সঠিক উত্তর নেই।

অবশেষে আমি নিতান্ত শঙ্কিত চিত্তে আমার অনিশ্চিত মন্তব্য প্রদান করবো। সফল কবিরা কবিতা লেখার সময় কোনো ছকবাঁধা রীতিনীতি মেনে চলেন না। শিল্প ও সাহিত্যের প্রতিভূরা নিয়ম ভেঙ্গে চলেছেন অহরহ। তাই শামসুর রাহমানকে বিচার করতে কোনো ছকে ফেলা সমীচীন নয়। একটি মাত্র কবিতা আলোচনার মাধ্যমে বাংলাদেশের শ্রেষ্ঠতম কবির বিচার নিতান্তই ধৃষ্টতা। অবশ্য তাঁর বিপুল সংখ্যক কবিতায় আমি দেখতে পাই আধুনিকতার অমোঘ পাপ। কিছু কিছু কবিতায় রয়েছে নিদারুণ রোমান্টিকতা। আবার কোনো কোনো কবিতায় রয়েছে মিশ্রণ, তুচ্ছ হয়েছে 'জনরার' নিষ্ঠুর প্রাচীর।

আলোচ্য কবিতায় কোথাও কোথাও চোখে পড়ে নৈরাজ্য, যেটা আলতোভাবে ছুঁয়ে যায় নিটশে (Nietzsche) এর নাইলিজম (Nihilism)। কোথাও বিরাজিত রয়েছে সত্যপীরদের বাণীর প্রতি ঘৃণা বিদ্রূপ যেন উত্তর-আধুনিকতার অবতার দেরিদা (Derrida) 'র প্রতিধ্বনি। কিয়ারকেগার্ড (Kierkegaard) এর পথ ধরে প্রচলিত মূল্যবোধের প্রতি প্রকাশিত করছে উপেক্ষা অশ্রদ্ধা। এসবের আলোকে আমার মনে হয়, শামসুর রাহমান যে অন্ধকার ও ইতর জগতের মানুষের বক্তব্য কাব্যে চয়ন করেছেন, সেথায় উত্তর-আধুনিকতার রেশ বিদ্যমান। তবে আধুনিকতার অলংকারে আলোচ্য কবিতাটি হয়ত পড়েছে অন্তহীন মণিহার।