২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেটি ফ্রিডান ও ‘দ্য ফেমিনিন মিস্টিক’: জেগে ওঠার ঘণ্টাধ্বনি

মোস্তাক শরীফ মোস্তাক শরীফ

Published : 13 Apr 2021, 11:12 AM

Updated : 23 Jun 2022, 03:58 PM


১৯৬৩ সাল। প্রকাশিত হলো 'দ্য ফেমিনিন মিস্টিক' নামের একটি বই। লেখকের নাম বেটি ফ্রিডান। প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোড়ন তুলল, বিক্রি হলো কয়েক লক্ষ কপি। যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বের নারী অধিকার আন্দোলনকারীদের জন্য বিশাল এক অনুপ্রেরণা হিসেবে কাজ করল বইটি, সূচনা করল নারীবাদী আন্দোলনের দ্বিতীয় তরঙ্গের। নারীবাদের বিপক্ষশক্তির সঙ্গে যেমন তেমনি নারীবাদীদের বড় এক অংশের সঙ্গেও জীবনভর লড়াই চালিয়ে যেতে হয়েছে বেটি ফ্রিডানকে। কিন্তু যে প্রতীতি নিয়ে নারীর অধিকার আদায়ের সংগ্রামের সূচনা করেছিলেন তা থেকে বিচ্যুত হননি এক পা'ও। বেটি ফ্রিডানের জন্মশতবার্ষিকী এ বছর। এ লেখা তাঁর জীবন ও অবদানকে স্মরণ করে।

"মার্কিন নারীদের মনের মধ্যে বহু বছর ধরে চাপা পড়েছিল সমস্যাটি, মুখ ফুটে কেউ বলেনি। অদ্ভুত একটি আলোড়ন, একটি অসন্তষ্টির বোধ, একটি আকাঙ্ক্ষা-বিশ শতকের দ্বিতীয়ার্ধে যুক্তরাষ্ট্রের নারীরা যেটি অনুভব করেছিল। শহরতলীতে বসবাসকারী প্রতিটি বিবাহিত মেয়ে একা যুদ্ধ করেছে এই অনুভূতির সঙ্গে। বিছানা গোছানো, দোকানে সদাই করা, পর্দা-বালিশের মোড়কের রঙ মেলানো, বাচ্চাদের নিয়ে পিনাট বাটার স্যান্ডউইচ খাওয়া, কাব স্কাউট বা ব্রাউনিদের (গার্ল গাইডের কনিষ্ঠ সদস্য) গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া, রাতে স্বামীর পাশে শুয়ে থাকা-এ সবকিছুর মধ্যেই নীরব সে প্রশ্নটা এমনকি নিজেকেও করতে ভয় পেত সে-'এই কি সব?'"
'দ্য ফেমিনিন মিস্টিক' নামের একটি বইয়ের সূচনা-অনুচ্ছেদ এটি, বইয়ের প্রকাশ ১৯৬৩-র ১৯ ফেব্রুয়ারি। লিখেছিলেন বেটি ফ্রিডান নামে এক উঠতি সাংবাদিক। এই একটি বই ফ্রিডানকে দুনিয়াজোড়া নারী অধিকার আন্দোলনের মুখপাত্রে পরিণত করেছিল, সূচনা ঘটিয়েছিল নারীবাদের দ্বিতীয় তরঙ্গের। ডজনখানেক ভাষায় অনূদিত হয়েছে বইটি। বিক্রি হয়েছে ত্রিশ লাখ কপির বেশি। বই লিখেই অবশ্য থেমে থাকেননি বেটি ফ্রিডান। বাকী জীবন ক্লান্তিহীন পরিশ্রম করে গেছেন অধিকার আদায়ে নারীদের সংগঠিত করার কাজে। যতদিন বেঁচে ছিলেন বিতর্ক ছিল তাঁর নিত্যসঙ্গী, পুরুষদের কাছ থেকে যেমন তেমনি নারীবাদীদের একাংশের কাছ থেকেও কুড়িয়েছেন নিন্দামন্দ, তবে নারীদের অধিকার আদায়ে তাঁর অবদানের কথা সম্ভবত তাঁর সবচেয়ে কট্টর সমালোচকও অস্বীকার করতে পারবে না।
বেটি নাওমি গোল্ডম্যান-এর জন্ম ১৯২১-এর ৪ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্রের ইলিনয়ে। বাবা মা-র তিন সন্তানের মধ্যে ছিলেন বড়। বাবা হ্যারি গোল্ডস্টেইন ছিলেন স্বর্ণকার আর মা মিরিয়াম হরোউইট্জ সাংবাদিক। ইহুদী অভিবাসী পরিবারের সন্তান হিসেবে জাতিবিদ্বেষ কাকে বলে সেটি অল্প বয়সেই বুঝতে শিখেছিলেন বেটি। মায়ের উৎসাহে স্বপ্ন দেখতেন উচ্চশিক্ষার। স্কুলে থাকতেই সাহিত্য পত্রিকার সম্পাদনার মাধ্যমে হাত পাকান লেখালেখিতে। সেরা ফল করে ১৯৪২ সালে মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি নেন স্মিথ কলেজ থেকে। ইচ্ছে ছিল পিএইচডি করবেন, ভর্তিও হয়েছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া অ্যাট বার্কলিতে, তবে ঈর্ষাবশত বাদ সাধেন ফ্রিডার সে সময়ের প্রেমিক। ফলে পিএইচডি করতে পারেননি, তবে সম্পর্কটাও আর রাখেননি বেটি। সাংবাদিকতায় নাম লেখান, সক্রিয় হন শ্রমিক ইউনিয়নের রাজনীতিতে। ১৯৪৭ সালে বিয়ে করেন জনসংযোগ কর্মী কার্ল ফ্রিডানকে। পরপর তিন সন্তানের মা হন, বাচ্চাদের দেখাশোনা করতে গিয়ে ছাড়তে হয় সাংবাদিকতার চাকুরি। ১৯৫৭ সালের কথা। বন্ধুদের সঙ্গে মিলে স্নাতক ডিগ্রি অর্জনের পনেরতম বার্ষিকী উদযাপনের জন্য স্মিথ কলেজে যান বেটি। কে কেমন জীবনযাপন করছে সেটি জানার কৌতূহল থেকে সাবেক সহপাঠীদের ওপর প্রশ্নমালাভিত্তিক একটি জরিপ করেন তিনি। সেই জরিপ থেকেই বেরিয়ে আসে জীবন নিয়ে তাদের অতৃপ্তি ও অসন্তুষ্টির কথা, যার অন্যতম কারণ ঘরকন্নার হ্যাঁপা সামলাতে গিয়ে চাকরি বা উচ্চশিক্ষার স্বপ্নকে জলাঞ্জলি দেয়া। নিজের জীবনের সঙ্গে বন্ধুদের জীবনের মিল খুঁজে পান বেটি, তাড়না অনুভব করেন একটি বই লেখার। সেই তাড়নারই ফল 'দ্য ফেমিনিন মিস্টিক', যেটি লিখতে বছরচারেক সময় নেন তিনি। এ বই লেখার প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে বেটি ফ্রিডান বলেছিলেন, তিনি এমন একটি সমস্যার কথা বলতে কলম হাতে তুলে নিয়েছিলেন, যে সমস্যার কোনো নাম নেই (The problem that has no name)। যেহেতু সমস্যাটির নাম নেই সেহেতু কেউ এ সম্বন্ধে কিছু বলে না, ফলে সমস্যার সমাধানও হয় না।
প্রকাশের সঙ্গে সঙ্গেই সাড়া ফেলে বইটি, প্রথম বছরেই বিক্রি হয় বিশ লক্ষ কপির মতো। কী কারণ অবিশ্বাস্য এই জনপ্রিয়তার? সহজভাবে বলতে গেলে, সন্তান লালনপালন আর সংসারের দেখভালের চক্রে আটকে থাকা লক্ষ লক্ষ গৃহবধুর মনে হলো, বইতে তাদের কথাই বলেছেন বেটি। 'দ্য ফেমিনিন মিস্টিক'-এর জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ক্যারোলিন বার্ডস বলেছিলেন, 'নারীদের সমস্যা "দ্য ফেমিনিন মিস্টিক"-এ এত স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে যে প্রতিটি নারীই এ বইয়ের বিশ্লেষণে নিজেকে খুঁজে পেয়েছে। … পুরুষ ও নারীর বিষয়টি আলাদা কারণ এ সমস্যার একটি নাম এখন আমরা পেয়েছি, বেটি আমাদের এ নামটি দিয়েছেন।' এমন একটি সময়-প্রেক্ষাপটে বইটি প্রকাশিত হয়েছিল যখন আর্থ-সামাজিক-রাজনৈতিক ক্ষমতায়নের বিচারে নারী ছিল খুবই পিছিয়ে। বিশ শতকের পঞ্চাশের দশকের শেষে যুক্তরাষ্ট্রের কর্মজীবী নারীদের ৭৫ শতাংশই নিয়োজিত ছিলেন এমন কাজে যা কেবল নারীদের জন্যই বরাদ্দ ছিল, যা ছিল মূলত সেবামূলক কাজ। উচ্চপদস্থ পেশাজীবীদের মধ্যে নারীর হিস্যা ছিল শূন্যের কাছাকাছি। কলেজ শিক্ষকদের ৭৫ শতাংশ ছিলেন পুরুষ, চিকিৎসকদের ৯৫ আর আইনজীবীদের ৯৭ শতাংশ। মার্কিন সিনেটর, কংগ্রেস সদস্য আর রাষ্ট্রদূতদেরও ৯৭ শতাংশ ছিলেন পুরুষ। জনমনে সাধারণ ধারণা ছিল-ভালো একজন স্বামী বাগানো ছাড়া মেয়েদের চাকুরি খোঁজার আর কোনো কারণ নেই। ১৯৫৮ সালে প্রকাশিত রোনা জেফ-এর জনপ্রিয় উপন্যাস 'দ্য বেস্ট অব এভরিথিং'-এর উপজীব্য ছিল এটিই, হেলেন গার্লি ব্রাউন-এর মেগা বেস্ট সেলার বই 'সেক্স অ্যান্ড দ্য সিঙ্গেল গার্ল'-এও এ উপদেশই দেয়া হয়-যেটি প্রকাশের প্রথম তিন সপ্তাহের মধ্যে বিশ লক্ষ কপি বিক্রি হয়েছিল। বস্তুত কর্মক্ষেত্রে মেয়েদের বেতন এতই কম ছিল যে বিয়ে করা ছাড়া নিজেদের আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটানোর আর কোনো উপায় তাদের ছিল না। এমনই এক পরিস্থিতিতে প্রকাশিত হলো 'দ্য ফেমিনিন মিস্টিক'- যেন একটি আয়না, যার মধ্যে নিজেদের আসল চেহারা দেখে চমকে উঠল মেয়েরা।
বইটির ভাষা ছিল সাদামাটা। তত্তে¡র কচকচানি নয়, বিপ্লবের ডাকও নয়, সোজাসাপ্টাভাবে বেটি বলেছেন: কেবল সংসারধর্ম রক্ষা আর ন্যূনতম শিক্ষায় মেয়েদের সন্তুষ্ট হলে চলবে না। জাগতে হবে, জাগাতে হবে অন্যদের। ভাবনার জগতকে ঢেলে সাজাতে হবে, আত্ম-আবিষ্কারের মাধ্যমে করতে হবে আত্মনিয়ন্ত্রণ। নারী জীবনের পূর্ণতা কিসে? জরুরি এ প্রশ্নটিকে সামনে নিয়ে এসে "দ্য ফেমিনিন মিস্টিক"-এ বেটি ফ্রিডান বললেন, "নারীবিষয়ক পত্রপত্রিকায় অবিরাম এমন সব গল্প ছাপানো হয় যাতে বলার চেষ্টা করা হয়, পরিপূর্ণতা ব্যাপারটি কী তা নারীরা কেবল মা হওয়ার সময়ই জানতে পারে। সে যখন আর সন্তানের জন্ম দিতে পারে না সে সময়টাকে ধর্তব্যের মধ্যে আনে না এসব পত্রিকা, তার আগে যতবারই সে মা হোক না কেন। নারীর রহস্যেঘেরা ভুবনে নতুন কিছু সৃষ্টি করা বা ভবিষ্যতের স্বপ্ন দেখার জন্য সন্তান জন্ম দেয়া ছাড়া নারীর সামনে আর কোনো বিকল্প নেই। এমনকি নিজেকে নিয়ে স্বপ্ন দেখার জন্যও তার সামনে পথ ঐ একটাই-সন্তানের মা এবং কারো স্ত্রী হওয়া।" স্বামী-সংসার-সন্তানের চক্রে আটকে থাকা নারীর চেতনায় আঘাত করে তাদের জাগানোর চেষ্টা করেছেন বেটি ফ্রিডান-"বর্তমানকে ভবিষ্যতে নিয়ে যাওয়া বা শরীরের জৈব কার্যক্রম সম্পন্ন করার যে ক্ষুদ্র সময়সীমা বেঁধে দেয়া আছে তার বাইরে নিজেকে সম্প্রসারিত করার কোনো লক্ষ্য, উদ্দেশ্য বা উচ্চাকাঙ্ক্ষা আজকের নারীর নেই, ফলে তারা যা করে যাচ্ছে তা এক ধরনের আত্মহত্যা।" বইতে উচ্চশিক্ষা অর্জন ও পেশাগত সক্ষমতা তৈরির মাধ্যমে আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায়ে সোচ্চার হবার আহŸান জানান নারীদের। "দ্য ফেমিনিন মিস্টিক"-এ তিনি বলেন, 'কেউ কি জানে নারী যখন স্বরূপে আবির্ভুত হওয়ার স্বাধীনতা অর্জন করবে তখন সে কী হতে পারে? ভালোবাসাবঞ্চিত না করে তার বুদ্ধিমত্তাকে বিকশিত হওয়ার সুযোগ দেয়া হলে কী অবদান সে রাখতে পারে সেটাই বা কে বলতে পারে!'
দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর অস্থির সময়ে মেয়েদের ঘরে আটকে রেখে তথাকথিত 'সুখী গৃহকোণ' তৈরির যে চেষ্টা সেটি সম্বন্ধে নারীদের সতর্ক করেন তিনি। সংসারে পুরুষ অর্থোপার্জন করবে আর নারী ঘর সামলাবে-ছকে বাঁধা এই ধ্যান ধারণাকে পরিত্যাগ করার আহ্বান জানান। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ঘরকন্নার যে মিথ সেটিকেও প্রত্যাখ্যান করেছিলেন তিনি। একইসঙ্গে এক হাত নিয়েছিলেন ফ্রয়েডীয় মনোবিজ্ঞানকেও, কারণ সিগমুন্ড ফ্রয়েডের তত্তে¡ নারীকে শিশুসুলভ এবং পেশার চাপ সামলাতে অক্ষম হিসেবে উপস্থাপিত করা হয়েছিল। ফ্রিডানের মূল বক্তব্য ছিল, বিশ শতকের প্রথমার্ধে নারীদের ভোটাধিকার অর্জনের মাধ্যমে নারী অধিকার আন্দোলনে যে স্থবিরতা এসেছিল তার সুযোগেই নারীদের ওপর চাপিয়ে দেয়া হয়েছিল গৃহবধুত্বের মহিমাচিহ্নিত এক জগদ্দল পাথর, মানুষ হিসেবে নারীজীবনের পূর্ণতাপ্রাপ্তিতে যেটি সবচেয়ে বড় বাধা। এই স্থবিরতাকে দূর করার জন্য আরেকটি আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরেছিলেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে যুক্তরাষ্ট্রের জনসংখ্যার রেকর্ড বৃদ্ধির পরিসংখ্যানের কথা উল্লেখ করে ফ্রিডান বলেন, জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর অপ্রাপ্যতার কারণেই নারীরা অতিরিক্ত সন্তানধারণে বাধ্য হচ্ছেন। 'দ্য ফেমিনিন মিস্টিক' প্রকাশের দুই বছরের মধ্যেই মার্কিন সুপ্রিম কোর্ট এক রায়ে বিবাহিত নারীদের জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী ব্যবহারের স্বাধীনতা দেয়। বেটি ফ্রিডানসহ নারী অধিকার কর্মীদের জন্য এটি ছিল উদযাপনের বড় একটি উপলক্ষ্য।
অবশ্য কেবল অবিমিশ্র প্রশংসাই নয়, 'দ্য ফেমিনিন মিস্টিক'-এর কপালে জুটেছিল প্রচুর সমালোচনাও এবং তার যৌক্তিক কারণও ছিল। বইটির বড় দুর্বলতা ছিল, কেবল শ্বেতকায় মধ্যবিত্ত নারীর কথাই উঠে এসেছে এতে, খেটে খাওয়া নিম্নবিত্ত নারী, বিশেষত কৃষ্ণাঙ্গ নারীর সংকট ও সংগ্রাম এ বইতে অনুপস্থিত। এছাড়া সমকামী নারীদের প্রতি বিবমিষাকেও গোপন করেননি ফ্রিডান। সমকামী নারীদের তিনি সামগ্রিকভাবে নারী অধিকার আন্দোলনের সফলতার পথে বাধা বলে মনে করতেন। এদের তিনি সাধারণীকরণ করেছিলেন 'পুরুষবিদ্বেষী' হিসেবে, যে কারণে সমকামী ও কট্টর নারীবাদীরা বেটি ফ্রিডানের সমালোচনায় মাতেন।


প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে নারী আন্দোলনের প্রথম পর্বের সুচনা ঘটে ১৮৪৮ সালে, এলিজাবেথ ক্যাডি স্ট্যান্টন প্রমুখের উদ্যোগে নিউ ইয়র্কের সেনেকা ফল্সে প্রথম নারী সম্মেলন আয়োজনের মাধ্যমে। এ আন্দোলনের মুখ্য উদ্দেশ্য ছিল নারীদের ভোটাধিকার অর্জন। ১৯২০ সালে মার্কিন সংবিধানের বিশতম সংশোধনীর মাধ্যমে সে লক্ষ্য অর্জিত হয়। যুক্তরাষ্ট্রে নারী আন্দোলনের দ্বিতীয় পর্বের সূচনা ঘটানোর ক্ষেত্রে 'দ্য ফেমিনিন মিস্টিক'-এর অবদান অনস্বীকার্য। এই পর্বের প্রধান লক্ষ্য ছিল নারীর সমানাধিকার, জন্ম নিয়ন্ত্রণ এবং গর্ভপাতের অধিকার। তবে নারীনেত্রীরা এক্ষেত্রে দুটি পরস্পরবিরোধী মতাদর্শে বিভক্ত ছিলেন। বেটি ফ্রিডান ছিলেন তুলনামূলক প্রাচীনপন্থীদের দলে যাঁরা মনে করতেন গর্ভপাতের ইস্যুকে অতিরিক্ত গুরুত্ব দিলে সেটি নারী অধিকার আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। অন্যদিকে গ্লোরিয়া স্টাইনেম প্রমুখ ছিলেন আধুনিকতাবাদীদের (মতান্তরে কট্টরপন্থী) দলে, গর্ভপাতের বিষয়টিকে যাঁরা নারী আন্দোলনের অন্যতম প্রধান ইস্যু বলে বিশ্বাস করতেন।
ফ্রিডানের জীবনের অন্যতম বড় কীর্তি ছিল ন্যাশনাল অর্গানাইজেশন অব উইম্যান বা 'NOW' প্রতিষ্ঠা। এর প্রথম সভাপতি হিসেবে লিঙ্গসমতা অর্জনে নানা কর্মোদ্যোগ হাতে নেন তিনি, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল নারী পুরুষের সমতাভিত্তিক মজুরি নিশ্চিতকরণ। ফ্রিডান ও তাঁর সহকর্মীদের আন্দোলনের ফলস্বরূপ ১৯৬৩ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি 'ইকুয়াল পে অ্যাক্ট'-এ স্বাক্ষরের মাধ্যমে মজুরি কাঠামোর লিঙ্গভিত্তিক বৈষম্যের অবসান ঘটান। ষাটের দশকে বার্নার্ড নাথানসন ও অন্যান্য অধিকারকর্মীদের সাথে নিয়ে গর্ভপাতবিরোধী আইন রদের আন্দোলন শুরু করেন বেটি ফ্রিডান। ইতোমধ্যে গ্লোরিয়া স্টাইনেম, বেলা অ্যাবজুগ প্রমুখের সঙ্গে দূরত্ব আরো বেড়ে গেছে তাঁর। চরমপন্থীরা ফ্রিডানকে সেকেলে, আপোষকামী ইত্যাদি নানা অভিধায় অভিহিত করেন। নারীবাদের কথা বলতে গেলেই পুরুষদের বিরুদ্ধে কোমর বেঁধে নামতে হবে, এমন ধারণায় বিশ্বাসী ছিলেন না বেটি ফ্রিডান। রাজনীতিসচেতন ফ্রিডানের বিশ্বাস ছিল সমাজে নারীর প্রাপ্য অবস্থান বুঝে নিতে হলে নারী-পুরুষ সবাইকে নিয়ে বড় একটি কোয়ালিশন তৈরি করতে হবে। ফলে পুরুষদের সঙ্গে সংঘাত নয়, সমঝোতাই কাম্য। নারীবাদীদের একটি অংশ তাঁকে সমর্থন করল বটে, তবে বয়সে তরুণ এবং চরমপন্থীরা বেটি ফ্রিডানের অবস্থানকে কখনো মেনে নিতে পারেনি। সময়ের প্রবাহে নারীবাদী আন্দোলনের প্রকাশ্য মুখ হয়ে পড়ে তারাই। আশির দশকের শুরুতে প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের ক্ষমতাগ্রহণের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে ডানপন্থীদের একটি শক্ত অবস্থান সৃষ্টি হয়, নারীবাদীরা তখন কোনঠাসা হয়ে পড়ে। ফলে ফ্রিডান ও তাঁর সহকর্মীদের কাজটিও আরেকটু কঠিন হয়ে যায়। ফ্রিডানের রূঢ় আচরণ এবং যুদ্ধংদেহী মনোভাব পরিস্থিতিকে তাঁর জন্য আরো প্রতিকুল করে তোলে। তাই বলে নিজের কাজে কখনো ঢিলে দেননি বেটি ফ্রিডান। লেখালেখি, সাংগঠনিক কর্মকাণ্ড, বক্তৃতা ইত্যাদির মাধ্যমে নিজের মত প্রকাশ ও নারী অধিকার আদায়ের পক্ষে সোচ্চার থাকেন তিনি। ১৯৮১ সালে প্রকাশিত হয় তাঁর 'দ্য সেকেন্ড স্টেজ' বইটি, যাতে তিনি যুক্তি দেখান, আধুনিক নারীবাদীরা পুরুষবিদ্বেষী কর্মকাণ্ড এবং বিয়ে ও সন্তানধারণের বিরোধিতার মাধ্যমে সমাজের মূলধারা থেকে নিজেদের বিযুক্ত করছেন যা আখেরে নারীদের ক্ষতিই করবে। এ বই রক্ষণশীলদের আনন্দ জোগালেও নারীবাদীদের বড় অংশই হতাশ হন। শোনা যায়, সিমোন দ্য বিভোয়া এ বই পড়ে এত বিরক্ত হয়েছিলেন যে বইটিকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। ফ্রিডান কিন্তু ছিলেন নিজের লক্ষ্যে অবিচল। নারী অধিকারের সমর্থনে জনমত গঠনে সারা দেশ চষে বেড়ান তিনি। হার্ভার্ড ও ইয়েলের মতো নামীদামী বিশ্ববিদ্যালয়ে বক্তৃতাদানের পাশাপাশি ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় জেন্ডার বিষয়ে একটি থিংক ট্যাংক প্রতিষ্ঠা করেন। তাছাড়া নারী অধিকার বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের উদ্দেশে ভ্রমণ করেন অনেক দেশ। 'দ্য সেকেন্ড স্টেজ' ছিল তাঁর তৃতীয় বই। তার আগেই, ১৯৭৬ সালে প্রকাশিত হয় 'ইট চেঞ্জড মাই লাইফ: রাইটিংস অন দ্য উইমেন'স মুভমেন্ট', যাতে তিনি নারী আন্দোলনের সামগ্রিক পরিস্থিতির মূল্যায়ন করেন। ১৯৯৩ সালে প্রকাশিত হয় 'দ্য ফাউন্টেইন অব এইজ', যাতে তিনি বার্ধক্যের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ উপস্থাপন করেন। এছাড়া ২০০০ সালে প্রকাশিত হয় স্মৃতিকথা 'লাইফ সো ফার'। ২০০৬ সালে মৃত্যুবরণ করেন বেটি ফ্রিডান।
ভক্ত ও অনুসারী তো বটেই, সংবাদমাধ্যমের কাছেও দীর্ঘ সময় ধরে বেটি ফ্রিডান ছিলেন নারীবাদী আন্দোলনের প্রধানতম মুখ। লেখিকা বারবারা সিম্যান বলেছিলেন, 'কালোদের কাছে মার্টিন লুথার কিং জুনিয়র যা নারীদের জন্য বেটি ফ্রিডানও তাই।' 'দ্য ফেমিনিন মিস্টিক' প্রকাশের পর এক দশকেরও বেশি সময় ধরে পত্রপত্রিকাগুলো তাঁকে অভিহিত করেছে 'নারীবাদের জননী' হিসেবে। তবে সত্তর দশকে এসে নয়া নারীবাদীদের অধিকাংশই আর তা মনে করতেন না। পুলিৎজার বিজয়ী নারীবাদী লেখক ও সাংবাদিক সুসান ফালুদি ফ্রিডানকে অভিযুক্ত করেছিলেন 'যে আন্দোলনের জন্মদানে মুখ্য ভূমিকা পালন করেছিলেন সেই আন্দোলনকে পায়ে মাড়ানোর' অভিযোগে। ইতিহাসের আলোকে তাঁর অবদান মূল্যায়ন করতে গিয়ে ব্রিটেনের দ্য গার্ডিয়ান পত্রিকায় শিলা রাউবোথাম বলেছিলেন জরুরি কথাটি, 'নারী বিষয়ে লেখালেখির সনাতনী এক ধারার শেষ প্রতিনিধি হিসেবে বিবেচনা করতে হবে ফ্রিডানকে, যে ধারার জন্ম দিয়েছিলেন মার্গারেট মিড, পার্ল এস বাক এবং ডরোথি থম্পসন। তবে তাঁরা তাঁদের চরমপন্থী ধ্যানধারণাগুলোকে মধ্যপন্থার মোড়কে উপস্থাপন করতেন, আর ফ্রিডানের ক্ষেত্রে এটি ছিল উল্টো। যতই চেষ্টা করুন না কেন, তাঁর মধ্যপন্থী কথাবার্তাও কীভাবে যেন চরমপন্থী শোনাত। -হতে পারে সবসময়ই কে অপরাধী সেটি খুঁজে বের করার ব্যাপারে তাঁর ঝোঁক ছিল বলে। ১৯৬৩ সালে এটি বরং তাঁকে সুবিধা দিয়েছিল, কিন্তু উদারপন্থী নারীবাদের জন্য যে স্থানটি তিনি তৈরি করেছিলেন নব্য ডানপন্থীরা যখন সেটি দখল করতে এল তখন আর ফ্রিডানের অবস্থানটি আগের মতো সুবিধাজনক রইল না। উল্টো ডানপন্থীদের উত্থানের জন্য নারীবাদীদের একাংশকে দায়ী করে তিনি তাদের আরো দূরে ঠেলে দেন।'
যতদিন বেঁচে ছিলেন নারী অধিকারের পক্ষে সোচ্চার ছিলেন বেটি ফ্রিডান। 'বিপ্লব এখনও শেষ হয়নি,' জীবনের শেষ ভাগে এসে আক্ষেপভরে বলেছিলেন তিনি। 'অনেক পরিবারেই আয়ের পঞ্চাশ শতাংশের জোগান দেয় মেয়েরা। কিন্তু পুরুষ কি ঘরের কাজকর্মের পঞ্চাশ ভাগ করে? বাচ্চাদের দেখাশোনার পঞ্চাশ ভাগ কি তারা করে?' নারী সৃজনশীলতার চর্চা করবে, অর্ন্তনিহিত সম্ভাবনার বিকাশসাধনে প্রাণমন ঢেলে দেবে, বেটি ফ্রিডানের ঐকান্তিক চাওয়া ছিল এটি। 'কোনো একটি ধারণার প্রতি পূর্ণ অঙ্গীকারে যে আবদ্ধ হয়নি, অজানাকে জানার জন্য ঝুঁকি নেয়নি, যে সৃজনশীলতায় নারী ও পুরুষ উভয়ের সমান অধিকার সেটির চর্চায় ব্রতী হয়নি তাকে পরিপূর্ণ মানুষ বলা যায় না'-দ্য ফেমিনিন মিস্টিক-এ বলেছেন বেটি ফ্রিডান। তাঁর সারাজীবনের স্বপ্ন ও সংগ্রামের অনুপ্রেরণাও ছিল এটিই।

তথ্যসূত্র
• Betty Friedan, The Feminine Mystique, New York, Norton, 1963.
• Jacob Munoz, The Powerful, Complicated Legacy of Betty Friedan's 'The Feminine Mystique', Smithsonianmag.com, February 4, 2021.
• Louis Menand, Books as bombs: why the women's movement needed "The Feminine Mystique", The New Yorker, January 24, 2011.
• Rachel Shteir, Why We Can't Stop Talking About Betty Friedan, The New York Times, February 3, 2021.
• Sepehr Abdi-Moradi, Betty Friedan (1921–2006), Embryo Project Encyclopedia (2017-06-15). http://embryo.asu.edu/handle/10776/11700.
• Sheila Rowbotham, Betty Friedan: Feminist icon of the 1960s, renowned for her bestseller, The Feminine Mystique, The Guardian, February 6, 2006.