২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আমাদের কথাসাহিত্য কি হুমায়ূনময়?

সৌরভ সিকদার সৌরভ সিকদার

Published : 07 Mar 2021, 08:21 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM

ভাত-কাপড়ের চাহিদা মেটার পর আমরা আরও কিছু চাই। বিশেষ করে মন ও দেহের খোরাক। বই আমাদের মনের খোরাক। সেই বইতে যা থাকে তাকে সাহিত্যও বলতে পারি। এই সাহিত্যের দুটি ধারা নানা নামে চলে আসছে অনেক দিন থেকে। একটি ধ্রুপদী অন্যটি সাধারণ বা জনপ্রিয় ধারা। আমি বিগত তিন-চার বছরের বাংলাদেশের কথাসাহিত্যের ওপর একটি ভ্রমণ শেষ করেছি সম্প্রতি। আর এই ভ্রমনই আমাকে এই লেখাটার মশলা যোগান দিয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের বর্তমান কথাসাহিত্যের ধারা বা প্রবাহ উপলব্ধিতে সাহায্য করেছে। সমকালের প্রায় বিশ-পঁচিশ জন তরুণ কথাসাহিত্যিকদের লেখা নিয়ে আমার এই আলোচনা। যারা গত এক দশকেরও কম সময় (কেউ কেউ হয়তো একটু বেশি) ধরে গল্প-উপন্যাস লিখে চলেছেন। কেউ কেউ অল্প-বিস্তর জনপ্রিয়তা পেলেও অনেকেই তেমন পরিচিত নন। অনেকে আবার জনপ্রিয় না হলেও লেখার ক্ষমতায় সচেতন পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছেন। এদের নাম বইয়ের বিষয় বা লেখার বৈশিষ্ট্য নিয়ে ব্যবচ্ছেদ করবার আগে একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই। আর তা হল বাংলা দেশের কথাসাহিত্যের যে ভূমিতে আখতারুজ্জামান ইলিয়াস, হাসান আজিজুল হকরা একটা ধ্রুপদী ভীত গড়েছিলেন তার পাশাপাশি হুমায়ূন আহমেদ বা ইমদাদুল হক মিলনসহ আরও কয়েকজন লেখক একটি দারুণ সফল জনপ্রিয় ধারা তৈরি করতে সক্ষম হয়েছিলেন। বিশেষ করে স্বাধীনতার পর থেকে। যা আশি ও নব্বইয়ের দশকে এসে তুঙ্গে ওঠে। এর ফলে দুটি লাভ হয়েছিল। একটি মানুষের মধ্যে বইপড়া অভ্যাস গড়ে উঠেছিল, পাঠক তৈরি হচ্ছিল। পাশাপাশি প্রকাশনা শিল্পও বেশ চাঙা হয়ে ওঠে। আর সেকারণেই হয়তো বই মেলায় বইয়ের বিক্রি আর অটোগ্রাফ শিকারিদের ভীড় বাড়তে থাকে। বাঙালির সংস্কৃতি প্রসারে এর গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করার অবকাশ নেই।

আমার পাঠ-পর্যবেক্ষণ থেকে দেখতে পাই আমাদের সাম্প্রতিক প্রকাশিত গ্রন্থের নতুন লেখকদের অধিকাংশই এই জনপ্রিয় ধারাকে অব্যাহত রাখার চেষ্টায় নতুন নতুন গল্প-উপন্যাস রচনা করে যাচ্ছেন। হুমায়ূন আহমেদের সফল গল্প, পাঠতৃপ্ত গদ্যভঙ্গি ও রস সমৃদ্ধ কথোপকথনের ভাষা যেন তাদের মগজে-কলমে প্রভাব বিস্তার করে আছে। অসংখ্য উদাহরণ দিতে পারি। কিন্তু না, একটা শুধু দিচ্ছি। মধ্যবিত্ত জীবনের প্রত্যাশা-প্রাপ্তি-সীমাবদ্ধতা আর স্বপ্ন ও স্বপ্নভঙ্গের যে গল্প অবলীলায় বলে পাঠকে মন্ত্রমুগ্ধ রেখেছিলেন হুমায়ূন আহমেদ তারই যেন এক মায়া শিকড়ের প্রভাবে বাধা পড়ে গেছেন বর্তমান তরুণ প্রজন্মের অনেক লেখক। এমন কী বর্ণনা ও বিশ্লেষণের ভাষাতেও সেই প্রভাব। দু একজন এই চেষ্টায় আবার বেশ সফলও। বিশেষ করে নতুন গল্প বলার সৃজনশীলতায়। যেমন সাদাত হোসাইন। তার 'মেঘেদের দিন' আর 'মরনোত্তম' পড়ার পর আমার তাই মনে হয়েছে। তবে সাদাত অনেক বেশি রাজনীতি ও সমাজ সচেতন। সমকালীন জীবন তার লেখায় দারুণ ভাবে উপস্থিত। আরও দুজন লেখকের নাম না বললেই নয়। কাসাফাদৌজা নোমান এবং কিঙ্কর আহসান। লেখক ইশতিয়াক আহমেদও একই কাতারে পড়েন। তাদের উপন্যাস-গল্পগুলোও পাঠককে স্পর্শ করে। যদিও উপস্থাপন ভঙ্গিতে হুমাযূন মগ্নতা আছে। তেমনি ভাবে আমি সম্ভাবনা দেখতে পাই আরও কারো লেখায়। সেগুলো যথাসময়ে বলা হবে। কথাসাহিত্যের দীর্ঘপথ পাড়ি দিয়ে তাদের সামর্থ ও সম্ভাবনা আমাকে আশান্বিত করে তোলে। সে সব নিয়ে এ লেখায় আলোচনা করা হয়েছে। তবে ভাষার ভঙ্গিতে এরা সবাই হুমায়ূন-মিলনের কাছে কমবেশী ঋণী। মূল আলোচনায় যাবার আগে কয়েকটা উদাহরণ দেই।
'আজিজ মাস্টার ঢাকা যাচ্ছেন। তিনি দবির খা মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক। একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তিনি ঢাকা যাচ্ছেন। কিন্তু সেই উদ্দেশ্যের কথা কেউ জানে না' (মরনোত্তম, সাদাত হোসাইন)

'একটা বয়সের পর কোনো পুরুষ আর নিজের জন্য কাঁদে না। তার কান্নাও অন্যদের জন্য। পুরুষ হলে কাঁদতে নেই। কাঁদার জায়গাও নেই। এভাবেই পুরুষ প্রেমিক, স্বামী, বাবা, দাদা হওয়ার পর একদিন খুব ক্লান্ত হয়ে বুড়িয়ে যাওয়া শরীরটা নিয়ে মরে যায়' (বিবিয়ানা, কিংকর আহসান)

'টেনশনে জামিলের মাথা খারাপ হবার দশা। এই মাত্র যে খেয়াল করেছে প্যান্টের বিশেষ জায়গায় ঝোলের দাগ লেগে আছে। গিয়েছিল কবিরের বন্ধুর মামাতো বোনের বিয়েতে। সেখানেই এই অপকর্মটি হয়েছে। নিজের উপরই রাগ লাগছে তার'। (সময় হল অসময়ে, কাসাফাদৌজা নোমান)।

ভাষা প্রকাশভঙ্গি জনপ্রিয় ধারার হলেও গল্প বলার ক্ষমতা এদের আছে। কিন্তু রেশমী রফিকের হৃদয়মোহিনী, সাদিয়া খান সুবাসিনির সন্দেহ কিংবা অন্তিক মাহমুদের চল, মাহরিন ফেরদৌস বা একুয়া রেজিয়ার লেখা কিছু বিষাদ হোক পাখি বা কাঁচবন্দি সিস্ফনি পড়ে আশান্বিত হতে পারিনি। মনে হয় এরা একটা বৃত্তে আবদ্ধ হয়ে আছে। যদিও এরাও জনপ্রিয় ধারার।

অন্যদিকে সাহসী ও ব্যতিক্রমী প্রয়াস লক্ষ করেছি কারো কারো লেখায়। যেমন জান্নাতুল নাঈম প্রীতির তালা ভাঙ্গার পালা হচ্ছে-রাষ্ট্র ও সমাজের নিষ্পেষণের ময়না তদন্ত, দারুণ সাহসের সাথে তিনি সত্য উচ্চারণ করেছেন। প্রীতি তার কেস স্টাডিতে তিনি লিখেছেন- 'আমার নাম মিলি। আমি পড়তে যেতাম আমাদের ইংরেজির প্রাইভেট স্যার পরিমলের কাছে। স্যার আমাদের এক একজনকে পুরষ্কার দেবেন বলে ঘরে নিয়ে যেতেন। জোর করে কাপড় খুলতেন। মারতেন। খুব ব্যাথা দিতেন। প্রথমে আমরা বুঝি নাই। তারপর একদিন ওই জায়গায় খুব ব্যাথা হওয়ায় কাঁদতেছিলাম..' । নাজনীন সীমনের সভ্যতার মুখোশ খুলে আসল চেহারা দেখানো 'সম্ভ্রমহীন সভ্যতার আখ্যানের' গল্পগুলোতে, ভাষাগত কিছু দুর্বলতা সত্ত্বেও তিনি আমাদের সম্ভবনার আলো দেখান। জীবনের চরমতম পরাজয় বেদনার ও মনোবিকলনের গল্প 'জবাই ঘরের' লেখা হাসান মাহবুব এবং 'অনিমেষে'র পর মৃত মানুষের দেখা ঘটনার ব্যবচ্ছেদ 'হোমোস্যাপিযেন্সে' আহসান হাবিব জনপ্রিয় ধারায় বাইরে গিয়ে মনোবিশ্লেষণ আর ভিন্ন ভাবনার গল্প লিখেছেন। এ যেন আমাদের জীবনের চরমতম পরাজয়, গ্লানি আর সামাজিক অসুখের গল্প। একটুক্ষণ হলেও পাঠককে স্তব্ধ করে। মোজাফফর হোসেনের একযুদ্ধশিশুর আত্মআবিষ্কারের আখ্যান তিমির যাত্রা পড়ার পর আমি সম্ভবনা দেখতে পাই। পাঠককে বিভ্রান্ত করা, গল্পবলার প্রবণতা এবং ভাষাভঙ্গিতে জনপ্রিয় ধারার বাইরে নিয়ে নতুন স্বপ্ন দেখায়। আর স্বকৃত নোমানের পরিশ্রমের স্বাক্ষর ত্রিপুরা রাজ্যের বিস্তৃত কিংবদন্তি এবং এক অসাধারণ সংগ্রামী রাজনটির গুলনাহারের গল্প কিংবা বানিয়া সান্তার মেয়ে বাংলা কথাসাহিত্যে ইলিয়াস কিংবা হাসান আজিজুল হকের উত্তরসূরি যে শেষ হয়ে যায়নি তা মনে করিয়ে দেয়। কখনো ইতিহাস কখনো সামাজিক ঘটনার নিপূণ নাড়াচাড়ায় কথাশিল্পের দায় তিনি মনে রেখেছেন। তার রাজনটির অসাধারণ বর্ণনা পাঠককে মুগ্ধ করে রাখে। 'জোনপ্রহর। পুবের আকাশে দ্বাদশীর চাঁদ। গাছগাছালির ফাঁক-ফোঁকর গলিয়ে চাঁদের আলো পড়ছে পথের ওপর। সৃষ্টি হয়েছে আলো-আঁধারির এক রহস্যময় জাল। ফেলে আসা দূরের লোকালয় থেকে আড়বাঁশির সুর ভেসে আসছে।' যেহেতু সাম্প্রতিক সময়ের কথাসাহিত্য নিয়ে আলোচনা করছি তাই একই সঙ্গে বাংলা ভাষায় রচিত বিশ্বমানের রহস্যউপন্যাস মোহাম্মদ নাজিম উদ্দিনের রবীন্দ্রনাথ এখানে কখনও আসেননি এবং রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি দুখণ্ডের কথা না বললেই নয়। পাঠককে টান টান উত্তেজনায় রেখে রহস্যের পর রহস্য তৈরি করেছেন। সেই সঙ্গে দারুণ গল্প বানিয়ে নাজিমউদ্দিন তার প্রতিভা ও পাশ্চাত্যপাঠের স্বাক্ষর রেখেছেন। ভাল না লেগে উপায় নেই। ঐতিহাসিক ব্যক্তি ও স্থানের সঙ্গে কল্পনার এত চমৎকার মিশেল ইদানিং চোখে পড়ে না। বিশেষ করে থ্রিলারে। তার পেন্ডুলামও মুগ্ধ করে দেবার মত লেখা।
আর মাশরুর আরেফিনের 'আগস্ট আবছায়া' নিয়ে পৃথক ও দীর্ঘ আলোচনা করার বাসনা রেখেও শুধু এটুকু বলবো- যে প্রত্যাশা করেছিলাম তা পূরণ হয়নি। 'আগস্ট আবছায়া' সাধারণ পাঠকের জন্য নয়। আমার কেন যেন এটি পাঠ করতে গিয়ে মনে হয় এটা আসলে পাশ্চাত্যের ক্লাসিক ও খ্যাতনামা দার্শনিক-সাহিত্যিকদের লেখায় যে জীবন ভাবনা প্রতিফলিত হয়েছে আমাদের বর্তমান জীবনে তার প্রাসঙ্গিকতা ও জীবন দর্শনের ওপর একটি উচ্চ মার্গের প্রবন্যাস (প্রবন্ধ+ উপন্যাস), যেখানে ভুল করে লেখক, মেহের, সুরভির মতো কিছু চরিত্র ঢুকে পড়েছে। মাশরুর আরেফিনের যে পড়াশুনা খুব দারুন তা বুঝা যায়। তবে এখানে গল্প নেই, আছে দর্শন আর লেখকের পাশ্চাত্য সাহিত্যে পাঠের দারুণ অভিনিবেশের প্রমাণ। এক পাতা পড়ার পর অন্যপাতা উল্টানো সাধারণ পাঠকের জন্য বেশ কঠিন। যদিও ভাষা ও বর্ণনায় অভিনবত্ব অস্বীকার করার উপায় নেই। মাশরুর আরেফিন কোনোক্রমেই জনপ্রিয় ধারার নয় তবে পাশ্চাত্য প্রভাবিত মেধাবী। ১৫ আগস্টের মর্মান্তিক ঘটনাকে কেন্দ্রকরে একজন লেখকের মনোজাগতিক টানাপোড়েন এবং নানা রকম সূত্র সন্ধানের যে বায়বীয় চেষ্টা তাকে আমি মাটির পৃথিবী কিংবা কল্পনার পৃথিবী কোনোটার মধ্যেই কার্যকারণ সূত্র কিংবা আখ্যানীয় ধারাক্রমের মধ্যে ফেলতে পারছি না। ৩২৮ পৃষ্ঠার এই দীর্ঘ লেখার মধ্যে লেখক পাতায় পাতায় প্যারায় প্যারায় আত্মসমর্পন করেছেন ফ্লবেয়ার, কামু, কাফকা, তুর্গেনিড, প্রস্ত, কনরাড, কানভিনো, নিটশে, দস্তয়ভঙ্কি, সেক্রপিয়ার, কালিদাস থেকে মধুসূদন পর্যন্ত প্রাচ্য ও পাশ্চাত্যের ধ্রুপদী লেখকদের কাছে। বার বার এসেচে 'হার্ট অব ডার্কনেস'। আর সামান্য পাঠক হিসেবে উপন্যাস পাঠ করতে গিয়ে আমরাও 'ডার্ক'-এই থেকে যাচ্ছি, লেখককে যেন ধরতে পারছি না ।

রেশমী রফিকের 'হৃদয় মোহিনী'তে গল্প আছে পাঠকের জন্য চমকও আছে কিন্তু যা নেই তা হচ্ছে শিল্প হয়ে ওঠা। অন্যদিকে সাদিয়া খান সুবাসিনীর 'সন্দেহ' পারিবারিক ঈর্ষাকে কেন্দ্র করে যে সন্দেহের আখ্যান তৈরি করা হয়েছে তাতে পশ্চিমবঙ্গের টিভি সিরিয়ালের দৃশ্যগুলো সামনে চলে আসে। আর 'চল' তার পরীক্ষা পর্বে উত্তীর্ণ হতে পারেনি বলে মনে হয়েছে। এখানেও সেই সাহিত্যেও শিল্পমানের প্রসঙ্গ চলে আসে। সেই তুলনায় ইশতিয়াক আহমেদের 'গতকাল' আরও বেশী সমকালীন সমাজবাস্তবতার গল্প। শুধু মাস্তানের প্রতি পাড়ার সুন্দরি মেয়ের দুর্বলতাটুকু বাদ দিলে তিনি গল্প ও ভাষায় দারুণ মুনসিয়ানার পরিচয় দিয়েছেন। তার ভাষাও হুমায়ূনময়। তারপরও ভাল লাগা আছে। তার লেখা থেকে তুলে দিচ্ছি। 'রায়হান অফিসের যন্ত্রণা আর নিতে পারছেনা। তার ধনী হবার কথা ছিল। এমন ধনী যে মানুষ বলবে, রায়হান সাহেবের কত টাকা সেটা উনি নিজেও জানেন না। অথবা 'বিদেশীরা অতি আদুরে কুকুর বেড়াল পোষে। বাঙালি পোষে মন খারাপ। তারা মন খারাপের সাথে থাকে। তার সাথেই খেলাধূলা করে। মন খারাপকে কোলে নিয়ে ঘোরে'।
'মৃত অ্যালবাট্রম চোখে'র লেখক ফাতেমা আবেদীনের গল্প বলার ভঙ্গিটি বেশ ভাল। প্রেম ও দ্বন্দ্ব কেন্দ্রিক মানুষের সম্পর্কের উন্মোচন লক্ষ করি ভাষার সরলতায়। ছোট গল্পের চমক না থাকলেও ভাললাগা আছে। এখানেও হুমায়ূন মগ্নতা লক্ষ করি কৃষ্ণপক্ষ অথবা আরেকটি অপেক্ষা গল্পে- 'মারুফের চরিত্র ঠিকভাবে জানার পরও এখনো কোনো কোনো মধ্যরাতে তার জন্য বুকের মধ্যে হাহাকরে ওঠে অরুর। মারুফের কি এমন হয় ওর জন্য। মারুফের ভেতর মুহিবের (কৃষ্ণপক্ষ) কোনো গুণ কী ছিল? হুমায়ূন আহমেদ থাকলে হয়তো উত্তর দিতে পারতেন। আবশ্য ক্লিনিক্যাল লায়ারদের নাকি মায়া-মমতা থাকে না।'
সিডনি থেকে ফ্লাশ ব্যাকে বাংলাদেশে। পারিবারিক নিষ্ঠুরতা আর যৌননির্যাতনের আখ্যান আফসানা বেগমের 'কোলাহল থামার পরে'। নির্যাতনের শেষ সীমায় পৌঁছে প্রতিরোধ থেকে প্রতিশোধে নেমে বাবাকে কুপিয়ে বালিকায় আর জীবন থেকে পালানো হয় না। বরং জীবনের হাত ধরে ছুটে গিয়ে ঢুকে পড়ে অন্য জীবনের গল্পে-স্বপ্নে। রাকীব সৌম্য আর মণির জীবনের গল্পে। আফসানা জনপ্রিয়তায় পথে হাটেননি। জীবনে নিষ্ঠুর অভিজ্ঞতার গল্প বলেছেন। যে গল্পে আমাদের সমাজের আসল সত্য বেরিয়ে পড়ে। 'আমি জোরে একটা নিশ্বাস নিয়ে কাঁদো কাঁদো গলায় বলি না আপনারে বিয়া করছে চাচা। আপনি আমার বাবার মতো। তিনি আমায় বুকের ওপর দুই হাত খুব করে ডলে নিয়ে বলেন, বাবার মতো, বাবা না কিন্তু। শেষ পর্যন্ত বাবা নামক সেই নরপশুর হাত থেকে বাঁচতে মনি দায়ের আশ্রয় নেয়। 'শেষে সম্ভবত তার কোমরের দিকে একটা কোপ বসে। ফিনকি দিয়ে রক্ত বের হয় সেখান থেকে। হাত দিয়ে কোমর ধরে তিনি বিছানার পাশে বসে পড়েন। নড়াচড়াও থেমে আসে। কিন্তু আমার জিজ্ঞাসা যায় না। ………..কামিজের মধ্যে শরীরটা ঢুকিয়ে মানিক চাচার পাশে পড়ে থাকা সালোয়ার আর ওড়না আরেক হাতে উঠিয়ে বাইরে বেরিয়ে আসি….'। তার গল্পের মাঝেও দারুন গল্প আছে, আছে চমক। বই শেষ করার পর মনে হয়েছে আফসানার সামনে সাফল্যের হাতছানি আছে। তার 'দিনগত কপটতা'ও আমাকে পাঠক হিসাবে টানে।
পুরাতন রূপকথাকে নতুনভাবে পরিবেশনে প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন সাগুফতা শারমীন তানিয়া উত্তর-দক্ষিণাতে। জনপ্রিয় ধারার বাইরে নিজের রাস্তা তৈরি করে এবার দেখালেন 'পাখিসব' নভেলাতে। তিনটি বড়গল্প প্রবাস জীবনের সুখ-দুঃখ সংগ্রাম যেন প্রেম ও প্রত্যয়ের মধ্যে যে যথেষ্ট সমৃদ্ধ তা বোঝা যায়। সেই সঙ্গে গড়ে তুলেছেন দারুণ এক ভাষাভঙ্গি যা পাঠককে উপলব্ধির ঘাটে পৌঁছাতে সময় নিলেও তৃপ্তি দেয়। তালফেরতা নভেলাতে তিনি প্রবাসীদের মধ্যে দেশের ওস্তাদজীর আগমনের এক জীবনঘন চিত্র এঁকেছেন সেই সঙ্গে ওস্তাদজীর মনোজাগতিক পিছুটান আর জেগে ওঠা নস্টালজিক অনুভূতি নাড়া দেয় আমাদের।
তানিয়া লিখেছেন- 'পাড়ার কারো বাড়িতে মাংস কষাবার সুবাস- অলইন্ডিয়া রেডিওতে বেগম আখতারের সোনার শিসমল গলায় গজল বাজতো- মাথা নোয়ানো আমলা- মাথার চুলের দুধারে চকচকে বিনুনী দুধারে নামানো দজলা ও ফোরাত- ফোটা ফোটা খামের মুক্তোদানা হীরা বাঈ বরোদেকারের তানের এক একটি দানা আর নাকে সোনার বেশর… সেই শুধ্য মাধ্যম বদলে গিয়ে মাধ্যম হয়েছে কটাক্ষ? রুদ্রবীণার তুম্বের মতন স্তনমম-লী আর তানপুরার মতন সটান দীর্ঘ মেরুদ- আর গুরুশ্রেণী এখন জীবনের ভার টেনেটেনে ক্লান্ত'। সারা বই জুড়ে তানিয়ার এই ভাষার প্রাণ শক্তি আমাদের কথাসাহিত্যের প্রান্তরে সোনালী ধানের আশা জাগিয়ে তোলে। নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে আমরা রীনা, বিশু, জ্যোতিষক যশুয়ার অর্পিত জীবনের গল্প পাই- সে গল্প আমাদের টেনে নিয়ে যায় উপমা চিত্রকল্পময় এক ভাষায়- 'জানালায় কাচে হেলান দিয়া দেখি পাকিস্তানী কসাইরা নোতুন জবেহ করা আস্ত ভেড়াদের হাতে টাঙায়া টাঙায়া কসাইখানায় তুকতেসে, তাদের ধবধবে সাদা কাপড়ের বুকটা রক্ত আর পানির সম্মিলিত ছোপে কেমন হইয়া আছে যেন আমার দেশটারই রক্ত মুছতে মুছতে কইথিকা আসলো'।
তানিয়ার অধিকাংশ লেখাতেই পাঠ-অভিজ্ঞতা মেধা এবং শিল্পবোধের সঙ্গে যুক্ত হয়েছে অসাধারণ উপমাবহুল ভাষা। সমাজ ও ব্যক্তির মনোবিশ্লেষণের অসাধারণ ক্ষমতা। ব্যক্তিচরিত্রের অর্ন্তদ্বন্দের সঙ্গে মানবিক নির্ভরতা মায়া-ভালোবাসা-প্রেম শরীর নানা রঙ পাল্টাতে পাল্টাতে ধরা পড়েছে আয়নাতে। যে আয়নাতে শেষ পর্যন্ত মানুষ আসলে নিজেকেই দেখে আর আত্মপ্রাক্তির খাতায় লাভের অংক খুঁজে ফেরে সে 'নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতের' রীনা বা জ্যেতিষ্ক, লেখক-পাঠক যেই-হোক না কেন।
আধুনিক কথাসাহিত্যে স্থান-কাল অনিবার্য না হলেও পাঠকের জন্য গল্পের ফ্্েরমটা মজবুত করতে প্রয়োজনীয়ও বটে। তানিয়ার গল্পে বা উপন্যাসে স্থান আভাসিত হয় না, হলেও খুব ক্ষীণ। আর কাল পরোক্ষভাবে বর্ণনায় এলেও কখনো কখনো পাঠককে দ্বিধায় ফেলে। তবে হ্যা চরিত্র ছাড়া তো গল্প হয় না, সেই চরিত্র আছে আছে আপন উজ্জ্বলতায়। বিশেষ করে নারীরা। তারা জীবনের নানা পর্যায়ে স্বপ্ন ও প্রত্যাশার জটিলতায় হাত বদল হতে হতে ক্লান্ত পর্যুদস্ত। থিতু হতে পারে না। 'লেন্টের ছুটিতে একদিন সোমা দেরাজের অন্তিম তল থেকে আবিষ্কার করে ফেললো মুসার স্ত্রীপুত্রকন্যাসহ ছবি। কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল সে। জ্ঞান ফিরলেও চলে গেল না সে মুসাকে ছেড়ে, প্রতিবার হাতবদল শেকড় বদল হতে হতে ক্লান্ত হয়ে গেছিল তো সেও' (শারদ বিষূব)। শেষ পর্যন্ত সোমা নিসঙ্গতার আত্মমগ্নতার কাছে সে আত্মসমার্পণ করে। যন্ত্রনায় বিক্ষত হয়েও তানিয়ার চরিত্র তাদের বিবাহ বিচ্ছেদের ক্ষত বুকে নিয়ে আবার একত্রে বসবাস-সহবাস করে চলে। এযেন জীবনের এক অসমাপ্ত গল্প। মারামারি, ঝগড়া-ফ্যাসাদ নানাসব প্্েরমপত্য কলহ করেও এরা একে অপরের চুলে বিলিকাটে, সঙ্গমে আত্মতৃপ্ত হয়। পুরুষের বহুগামীতা আর ভোগবাদী বাড়াবাড়ি সত্ত্বেও জীবনকে সুন্দর ভেবে সবাই যেন সুখী হতে চায়। বিশেষ করে প্্রবাসী বাঙালি জীবনের গল্পগুলোতে। তার পাঠ-অভিজ্ঞতা সমৃদ্ধ করেছে ভাষা ও বর্ণনাকে। আর সূক্ষ্ম মাইক্রসকোপের ভিতর দিয়ে দেখা দৃশ্য বা ঘটনা অসাধারণ ভাবে মূর্ত্য হয়েছে সেই ভাষায়। তানিয়ার মনোচিত্রময় বর্ণনা কখনো কখনো পাঠককে বিভ্রান্তিকে ফেলে দিতে পারেÑ এতকিছু মনে রাখা সম্ভব?
মানব মন ও জীবনের জটিল সংঘাত কী অবলীলায় না তানিয়া এঁকেছেন তার গল্প-উপন্যাসে। তানিয়ার শুরুর দিকের লেখা 'কনফেশন বক্সের ভিতর অটাম দিনের গান' রচনা শৈলী ও বর্ণনায় পাঠকের দৃষ্টি আকর্ষণ না করে পারে না। পাঠক হিসেবে আমি মুগ্ধ এবং তার মধ্যে শক্তিশালী লেখকের প্রতিচ্ছবি আমি দেখতে পাই। আমাদের কথাসাহিত্যে আগামীর এক সম্ভাবনার নাম সাগুফতা শারমীন তানিয়া।
পারমিতা হিমের ২০১৮ সালের প্রকাশিত 'নারগিস' ভালো লাগা ও সম্ভাবনার যে, আবেশ দিয়েছিল, পরের বছর 'উত্তম ও মানসীর রহস্যময় প্রেম' আখ্যানের মধ্যে অভিণবত্ব আনলেও- ভাষা, বয়ান ও উপস্থাপনায় শিল্পের পরীক্ষায় পূর্ণ নম্বর দিতে পারিনা। পারি না একারণেই যে পাঠে মনোনিবেশ ও পাঠের আকর্ষণ যেমন যেন ছিড়ে ছিড়ে যেতে থাকে। শিল্পী উত্তমের মানস কল্পনা মানসী সবসময়ই পাঠকের ধরা ছোয়ার বাইরে এক ইউটোপিয়াতে যেন বাস করে। রক্ত মাংশের রূপ নিয়ে ধরা দেয় না। তবে পারমিতা যে কথাসাহিত্যের আঙ্গিনায় হুমায়ূনময় নয়- এটা নির্দ্বিধায় বলা যায়।
নিয়াজমেহেদির একটি উপন্যাস 'আওলাদ মিয়ার ভাতের হোটেল' আর একটি গল্প গ্রন্থ 'বিস্ময়ের রাত'। কিন্তু দুটি গ্রন্থ থেকেই জানিয়ে দিয়েছেন তিনি আঁকতে পারেন মানব মনের বিচিত্র রূপ। নাটকীয় আখ্যান ও রহস্যময় ঘটনা দিয়ে তিনি পাঠক দৃষ্টি আকর্ষণ করতে পারেন। জনপ্রিয় ধারা অতিক্রম করে নিয়াজ মেহেদী নিজের মতো করে কিছু যেন বলতে চান। এখন সেই বলাটাকে করে তুলতে হবে আকর্ষণীয় এবং গল্পময়। আর সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে সামনে সোনালী দিন।

লেখাটি সমাপ্তি টানার আগে একথা স্বীকার করে নেয়া ভাল- আমার পাঠ ও দৃষ্টির বাইরে আরও কিছু প্রতিশ্রুতিশীল কথাসাহিত্যিক নি:সন্দেহে রয়েছেন। ভবিষ্যতে তাদের নিয়ে আলোচনার ইচ্ছা রইল। সবমিলিয়ে এই সময়ের কথাসাহিত্যের কুড়িজন লেখকের ষাটটির মত গল্প-উপন্যাস পড়ার পর আমার মনে হয়েছে। অধিকাংশ লেখকই জনপ্রিয়তার সহজ অনুসরণীয় পথে হাটার চেষ্ঠা করেছেন। হুমায়ূন আহমেদের তৈরি ভাষা ও গল্পের রাস্তা কিংবা তার গলির মোড়ে ঘোরাঘুরি করছেন। কিছুতেই সেখান থেকে যেন বের হতে চান না কিংবা পারছেন না। কে জানে হয়তো এক সময়ে সেখান থেকে বের হয়ে নিজের রাস্তা তৈরি করে নেবেন কেউ কেউ। যেমন হুমায়ূনময়তা নিয়েও সাদাত হোসাইন পাঠকের কাছে একটা জায়গা করে নিয়েছেন। অন্যদিকে ধ্রুপদি ধারায় হাতে গোনা যে কয়েকজন তরুণ লেখক রয়েছে (বিশেষ করে তানিয়া কিংবা স্বকৃতদের মত, মোজাফফর বা মাশরুরের নামও যুক্ত করা যায়) তাদের পরিশ্রম ও লেগে থাকার মধ্যে দিয়ে বাংলাদেশের কথাসাহিত্য তার ঐতিহ্যবাহী ধারাকে অব্যহৃত রাখবে বলে আমার বিশ্বাস।