ঝিনুক নীরবে সহো
ঝিনুক নীরবে সহো
ঝিনুক নীরবে সহো, ঝিনুক নীরবে সহে যাও
ভিতরে বিষের বালি, মুখ বুজে মুক্তা ফলাও!
'এক কবিতা সন্ন্যাসী আবুল হাসান'- এই কথাটি হাসানের বন্ধু সুরাইয়া খানমের।
চারপাশে মারি, মন্বন্তর, যুদ্ধ আর বিবিধ অস্থিরতাকে আত্মস্থ করে হাসান নিমগ্ন থেকেছেন কবিতার শিল্পিত উদযাপনে, নিজের সৃষ্টিতে। এই দেশে আবুল হাসানের কবিত্ব ও জীবন প্রবাদপ্রতিম।
কাকতালীয়ভাবে সুকান্তের মৃত্যুর বছরেই আবুল হাসানের জন্ম, ১৯৪৭ সালের ৪ আগস্ট; ভারত ও পাকিস্তানের জন্মের কয়েকদিন আগে। সুকান্তের বাবা ১৯২০ সালে সপরিবারে গোপালগঞ্জ থেকে কোলকাতা চলে যান, অন্যদিকে হাসানের বাবা উপমহাদেশ স্বাধীন হবার আগে ভারতীয় পুলিশে চাকুরি করতেন, কোলকাতায়। হাসানের শৈশব কেটেছে গোপালগঞ্জে। হাসান যে সময় কবিতা লিখতে শুরু করলেন, তখনো 'জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশভূমি'–এমন সুকান্তীয় পরিপ্রেক্ষিত থাকলেও তিনি সে পথে গেলেন না। তাঁর সহচরবৃন্দ অনেকেই সে পথে গেছেন।
আবুল হাসান বাংলাদেশের সবচেয়ে টালমাটাল সময়টির সাক্ষী। জীবনানন্দীয় প্রেক্ষাপটে বেড়ে উঠলেও পাকিস্তানের রাজনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা-উত্তর অস্থিরতা, দুর্ভিক্ষ, রাজনৈতিক মেরুকরণ, জাতিরজনক হত্যা ও জেল হত্যার ইতিহাসের মধ্য দিয়ে তিনি কবি হয়ে উঠেছেন এবং অকালে ঝরে গেছেন বিশাল সম্ভাবনার দরোজায় এসে। স্বল্পায়ু জীবন নিয়েও আবুল হাসান অদ্বৈত ও মৃত্যুকে জয় করেছেন।
ষাটের দশকের কবিরা প্রথমার্ধে ছিলেন শিল্পপ্রবণ, দ্বিতীয়ার্ধে ছয় দফা, ছয় দফা-উত্তর এগারো দফার ছাত্র আন্দোলন-বাহিত হয়ে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের আবহে কেউ কেউ হয়ে পড়েন সংগ্রামী। ষাটের কবিরা নানা টানাপোড়েনের মধ্য দিয়ে গেছেন – 'ভুগেছেন চরিত্র, মনন ও অস্তিত্বের সংকটে'। অস্থির সময়ের এই কবিরা আবদুল্লাহ আবু সায়ীদের ভাষায় 'পাপ এবং পবিত্রতা, প্রতিভা এবং অপচয়ের' শিকার হয়েছেন। হাসান সংগ্রামী পরিপার্শ্ব আত্মস্থ করে শিল্পোত্তীর্ণ কবিতাই লিখে যাবার ব্রত নিয়েছিলেন। বন্ধুদের কবিতায় তাৎক্ষণিক হাততালি তাকে বিচলিত করেনি তা বলা যাবে না; কিন্তু নিজের সাথে সেই দ্বন্দ্বের বোঝাপড়া করেছেন গদ্যে, কবিতায় বিস্তার করে গেছেন নিজস্ব আলুথালু সুষমারই। এ ব্যাপারে শামসুর রাহমান বলেছিলেন, ' আবুল হাসান মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কবি, কবি ছাড়া আর কিছুই নন। তাঁর প্রতিটি নিঃশ্বাসে বয়ে গেছে কবিতা। তাঁর এলোমেলো জীবনের ছাপ পড়েছে তাঁর কবিতাতেও। এই এলোমেলোমি তাঁর কবিতার দুর্বলতা এবং শক্তি।' সলিমুল্লাহ খান আবার রাহমানের এই পর্যবেক্ষণকে ( এলোমেলোমি) তাত্ত্বিকভাবে নাকচ করে দিতে চান তাঁর নিজস্ব ভাষায়- 'বলা বাহুল্য নয়, এই জাতীয় মতের লগে কার্ল মার্কসের মতের কোনো মিল নাই'।
হাসান মাঝে মাঝে নিজের মুখোমুখি বসতেন – 'আমি এখন আমার সত্যি শব্দগুলো কবিতায় লিখতে পারছি না। আমার মনে হয় আমি ভীষণ ভুল করেছি – আমি যে ভাবে কবিতা লিখতে শুরু করেছিলাম, ওই রকমই আমার লেখা উচিৎ ছিল।' আবার ঘরোয়া আড্ডায় অনুজ কবিদেরকে বলেছেন, 'আরে বেটা, কবিতা হইল গিয়া কবিতা। তার আবার এই সেই কীরে!' তাঁর মাঝে এক ধরনের সন্ন্যাস ছিল, কবি ছাড়া আর কিছুই তিনি হতে চাননি। প্রাতিষ্ঠানিক পড়াশুনা অসমাপ্ত। চাকুরি জীবন বিক্ষিপ্ত, খণ্ড খণ্ড। তাঁর মাঝে ছিল কিছু স্ববিরোধও। আর খোন্দকার আশরাফ হোসেনের মতে ' হাসানের দুঃখের একটি উৎস তাঁর নাম–না–জানা অপরাধবোধ' যা কিনা ' শিল্পবৈরী সময়ের প্রেক্ষাপটে নিজকে স্থাপন না করতে পারার ব্যর্থতাবোধ থেকে' জন্ম নিয়েছে – তার প্রকাশও আছে তাঁর কবিতায়।
স্কুল জীবনে কিছুদিন ঢাকায় পড়াশুনা করলেও হাসানের কলেজ জীবন বরিশালে। পিতৃপুরুষের নিবাস বিবেচনা করলে হাসানকে বরিশাইল্যা বলা চলে। হাসানে বরং জীবনানন্দ পাওয়া যায়। জীবনানন্দ দাশকে তিনি সচেতন এবং অবচেতনেও লালন করেছেন। পঞ্চাশের কবিরাও কেউ কেউ 'চোরাগোপ্তা ডুবোপাহাড়' হয়ে উঁকি দেন হাসানের কোথাও কোথাও। তাঁর জীবদ্দশায় অপ্রকাশিত কাব্যনাট্য 'ওরা কয়েকজন' – এ সুনীলের বাক্যবন্ধ আছে ('মৌমাছির মতো পরিশ্রমী মানুষ' কিংবা 'শিমুল তুলোর ওড়াউড়ি'), শামসুর রাহমানীয় 'এক ধরনের আলোকাতরতা'ও আছে, পছন্দ করতেন আল মাহমুদকেও, সঙ্গী ছিলেন শহীদ কাদরীর, হরিহর আত্মা ছিলেন নির্মলেন্দু গুণের; অগ্রজ বা অনুজ অনেকের অনেক কবিতাই রীতিমতো মুখস্ত বলতে পারতেন, কিন্তু একাত্তর সালে হাসপাতালে শুয়ে বসে পরিমার্জন করা সেই কাব্যনাট্যের রেলযাত্রীদের বিভিন্ন গন্তব্যের মতো হাসানের সতীর্থ কবিদেরও গন্তব্য এক নয়, কিংবা কেউবা গন্তব্যহীন, আয়নায় নিজেরই মুখোমুখি। শেষাবধি 'রাজা যায় রাজা আসে' থেকে 'পৃথক পালংক' পর্যন্ত তিনি এক স্বতন্ত্র ভুবন গড়ে গেছেন। তাঁর মৃত্যুর পর আবদুল মান্নান সৈয়দ প্রমুখের সামনে হাসান হাফিজুর রহমান বলেছিলেনে, পৃথক পালঙ্কে হাসান কবিতার যে শিখরে পৌঁছেছেন, তার সাথের কেউই সেই উচ্চতায় উঠতে পারেননি। খোন্দকার আশরাফ হোসেনের মতে, হাসানের ত্রয়ীকাব্য আজ পর্যন্ত অনতিক্রান্ত; তাঁর ঐ সামান্য কর্মপঞ্জির মধ্যে যে একটি নিটোল জগত তাঁর প্রতি-তুলনাও আর কেউ সৃষ্টি করতে পারেননি। মান্নান সৈয়দ বলেছেন, " মানুষ ও প্রকৃতির একটি প্রবহমান মিশ্রণ চিত্রণ আছে হাসানের কবিতায়; সুধীন্দ্রনাথের 'মৃত্যু যত নিকটবর্তী হয়, তত যেন সমস্ত জীবনচিত্র এক লহমায় পুঞ্জীভূত হয়ে ওঠে' – এই কথার সমর্থন পাওয়া যায় আবুল হাসানের শেষের দিকের কবিতাগুচ্ছে ঘটে যাওয়া 'সেই ঘনীভবন কেলাসন, আসঞ্জন- সেই বাস্তব ও কল্পনার অপরূপ সঙ্গম, সেই আনন্দ ও যাতনার সহবাস, 'জ্যোৎস্না, যৌবন, রোদ, ভালোবাসার এক একত্রমিলন : যা সব শিল্পীর উপাস্য।"
তিনি জীবন আর মৃত্যুকে দেখেছেন একই আগ্রহ আর সাহস নিয়ে, আসন্ন মৃত্যুকে লিখেছেন অযথা 'সেন্টিমেন্টালাইজ' না করার নির্বিকারতায়-
সূর্যের রৌদ্রের চাবুক বানিয়ে আমি মৃত্যুকে সাবধান করে দিই!
অসুখে কে আবার কার পদানত?
আবুল হাসানের 'অগ্রন্থিত কবিতা'ও হাসানেরই এক বর্ধিত ভুবন। সেই ভুবন স্মৃতিময়, সেই ভুবন জাতিস্মর বাউলের। হাসানের সম্পূর্ণ কাব্যিক ভ্রমণ শেষাবধি তাঁর নিজেরই আত্মজীবনী। তাই 'হাসানের ব্যক্তি-স্বরূপের অনুধাবন তাঁর কবিতার জগতে প্রবেশের একমাত্র চাবি, সঙ্গত কারণেই।' লিখেছেন ঝরনাধারার মতো, কিন্তু প্রতিটি লেখারই বারবার সংশোধন আর পরিমার্জনের সাধনাই বলে দেয় তিনি কোনো স্বভাবকবি ছিলেন না। নির্মলেন্দু গুণের সাথে তাঁর উন্মুল উদ্বাস্তু জীবনযাপন এখন কিংবদন্তী। এর সাথে অভূতপূর্ব এক প্রেম উপাখ্যানের কিংবদন্তী যুক্ত হয়ে, সব শেষে অনিবার্য এক জয়শ্রী মৃত্যু যুক্ত হয়ে আবুল হাসান নিজেই একটি উপাখ্যান রচনার প্ররোচনা। সরকারিভাবে বিদেশে চিকিৎসার সুযোগ পাওয়া সাহিত্যিকদের মধ্যে তিনিই প্রথম। সেটি সদ্যস্বাধীন দেশে একটি ঘটনাই ছিল। রাহাত খানের ভাষায়, " হাসানকে ঘিরে এই ঈর্ষা-বিদ্বেষ ও গ্লানি অপমানের দেশে ভালবাসার একটি মধুর পরিবেশ সৃষ্টি হচ্ছিল। হাসান কার বা আপন ছিলেন না? তিনি অসুস্থ শয্যায় থেকে তাঁর 'মমতা- ক্ষমতা'য় সবাইকে আকর্ষণ করেছেন।"
আমাকে গ্রহণ করো, আমাকে, আমাকে!
আহমাদ মোস্তফা কামাল বলেন, " সব প্রজন্মের তরুণরাই গভীর ভালোবাসায় গ্রহণ করেছেন তাঁকে, বরণ করে নিয়েছেন নিজেদের পরমাত্মীয় হিসেবে। আর নেবেনই না না কেন, আমাদের সকল বিষাদ-বিপন্নতা আর নিমগ্নতার ছবি যে তিনি এঁকে গেছেন ওই অল্প বয়সেই।"
প্রেক্ষাপট : আবুল হাসান নিজেই একটি উপাখ্যান রচনার প্ররোচনা
কয়েকটি পাঠসূত্র ও ভাবনাসূত্র
১। বিশ্বজিৎ ঘোষের আবুল হাসানের জীবনী
২। গাজী আজিজুর রহমানের কবিদের কবি
৩। বেবী আনওয়ার সম্পাদিত কিছুধ্বনি আবুল হাসান সংখ্যা
৩। শওকত হোসেন সম্পাদিত মূল্যায়ন এর আবুল হাসান সংখ্যা
৪। ওবায়েদ আকাশ সম্পাদিত শালুক পত্রিকার আবুল হাসান সংখ্যা
৫। সুকান্ত বিচিত্রা- বিশ্বনাথ দে সম্পাদিত
৬। আবুল হাসান সমগ্র
৭। আবুল হাসানের অজ্ঞান – সলিমুল্লাহ খান
৮। খোন্দকার আশরাফ হোসেন- আবুল হাসান : জয়শ্রী জীবনের সন্ত কবি, বাংলাদেশের কবিতা : অন্তরঙ্গ অবলোকন
