বুদ্ধিবৃত্তিক পরিচয় নির্মাণে ব্যক্তির ভূমিকা
একটি স্মৃতিচারণ দিয়ে শুরু করছি প্রসঙ্গটা বোঝানোর জন্য। গত বছরে মানে, ২০২০তে, ফোকলোর বা লোক সাহিত্যে বাংলা একাডেমী পুরষ্কার পেয়েছিলেন সাইমন জাকারিয়া। তার সাথে আমার প্রথম পরিচয় ঘটেছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সময়ে ১৯৯৫-৯৬ সালের দিকে। বয়সে আমার সমবয়সী বা এক-দুই বছরের এদিক সেদিক হতে পারে। পরিচয় ঘটেছিলো কবি মুজিব ইরমের সুবাদে। মাঝে মাঝে পথে ঘাটে দেখা হলে কুশল বিনিময় তখন ঘটতো, কিন্তু ঠিক যাকে বন্ধুত্ব-ঘনিষ্ঠতা বলে, তা হয়ে ওঠেনি। কারণ তার আগ্রহের জায়গার সাথে আমার পার্থক্য ছিলো।
সাইমন জাকারিয়া ঠিক কী কাজের জন্য গত বছর বাংলা একাডেমী পুরস্কার পেয়েছেন জানা নেই, তবে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু একটা হবে। পুরষ্কার পেয়েছেন মোটামুটি অল্প বয়সেই, কারণ অনেক বয়োজ্যেষ্ঠরাই তা পাননি। এই পুরষ্কার পাওয়ার কারণে তিনি সাম্প্রতিক সময়ে একটা দরকারি ভূমিকা পালন করতে পেরেছেন। তা হলো কিছুদিন আগে তিনি "সর্বত মঙ্গল রাধে" শিরোনামে যে গানটা নিয়ে বিতর্ক শুরু হয়েছিলো তার প্রেক্ষিতে মতামত রাখা। যা বিতর্কটাকে খানিকটা হলেও নিরসন করতে পেরেছিলো।
আমার মনে হয় যে সাইমন জাকারিয়া যদি ইতিমধ্যে বাংলা একাডেমী পুরস্কারটা না পেয়ে থাকতেন তবে তার মতামতটা এমন গুরুত্ব পেত না। সাইমন জাকারিয়া বাংলা একাডেমী পুরষ্কারের মাধ্যমে একটা অথরিটিভ অবস্থানে পৌঁছেছিলেন বলেই মত দিতে পেরেছিলেন ও তা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছিলো।
আমি এই ছোট্ট উদাহরণটা দিলাম কর্মের স্বীকৃতির গুরুত্ব বোঝাতে। এই নিয়ে বোদ্ধা পাঠকের বিভ্রান্তি আছে। তাদের অনেকের কাছেই স্বীকৃতি, নামি দামি হওয়া এসবের গুরুত্ব নেই। আসলে একটা রাষ্ট্র বা সমাজের জন্য এগুলি খুবই প্রয়োজন। লেখক-গবেষকরা হয়তো এভাবে ভাবেন না, নিজের নাম করা হয়ে ওঠাকে সেভাবে গুরুত্ব নাও দিতে পারেন। কিন্তু সমাজের তা প্রয়োজন আছে, হাসান হাফিজুর রহমানের ভাষা থেকে ধার করে নিয়ে বলতে পারি, এই সব থোকা থোকা নামের। এখানে মনে রাখতে হবে যে একটা সমাজে অনেক লোকই সৃষ্টিশীল কাজে যুক্ত থাকতে পারেন। যেটা এখন হচ্ছে, কিন্তু সবাই থোকা থোকা নামের যোগ্য হয়ে উঠতে পারবেন না। সমাজ-রাষ্ট্রের জন্য তার প্রয়োজন নেই। দরকার সীমিত সংখ্যক নাম। তা যদি না হয়ে থাকে তা হলে সমাজ বা রাষ্ট্র, সৃষ্টিশীল ব্যক্তিকে সামাজিক ভাবে গুরুত্বপূর্ণ করে তোলার ক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করছে না। যার মানে দাঁড়ায় যে বোদ্ধা ব্যক্তির কাছ থেকে সমাজ ও রাষ্ট্রের যে সার্ভিস পাওয়ার কথা তাও হয়ে ওঠে না, কারণ তারা সামাজিকভাবে গুরুত্বপূর্ণ না হবার কারণে সার্ভিস প্রদানের উপযুক্ত হয়ে ওঠেন না। বাংলাদেশে বলা যায় এরকম নামের সংখ্যা বেশ কম যদিও লেখালিখি করেন এমন অনেক রয়েছেন।
এখানে অনেকের মধ্যে এক ধরণের বিভ্রান্তি দেখা যায়। তারা মনে করেন যে একজন ব্যক্তিকে সমাজের কাছে গুরুত্বপূর্ণ করে তোলার ক্ষেত্রে অপর ব্যক্তির ভূমিকা রাখার কিছু নেই। সমাজই নির্ধারণ করবে কে গুরুত্বপূর্ণ। এই ধারণাটা ভুল। তারা নিজের দ্বায়িত্ব এড়িয়ে সব কিছু ভবিষ্যতের উপরে পদার্পন করেন। তাই সমকালে, যে সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তখন যে সার্ভিস পাওয়া দরকার তা আর হয়ে ওঠে না।
আসলে ব্যক্তিকে সমাজের কাছে গুরুত্বপূর্ণ করে তোলার কাজটা ব্যক্তিই করে থাকেন, বা অনেক সময়ে ব্যক্তির বহিঃপ্রকাশ ঘটে যে সব সামাজিক প্রতিষ্ঠানে, যেমন পত্র-পত্রিকাগুলো। আসলে সমাজ সব সময়েই ব্যক্তির সমষ্টি। ব্যক্তির কর্ম না থাকলে, সামাজিক কর্মের অস্তিত্ব থাকে না। একটা কর্মের কিছু অন্তর্গত গুণ থাকেই, কিন্তু তা গুরুত্বপূর্ণ হয় পাঠ বা অপর ব্যক্তির মূল্যায়নের নিরিখেই। যেমন রবীন্দ্রনাথ কবি হিসাবে গুরুত্বপূর্ণ কারণ ব্যক্তি তাকে পাঠ করে ও গুরুত্বপূর্ণ বলে মূল্যায়ন করে। তার নিজস্ব কিছু গুণ তো আছেই, কিন্তু যদি কেউ তাকে পাঠ না করে এবং তাকে ভালো হিসাবে মূল্যায়ন না করে, তবে মহৎ কবি হিসাবে রবীন্দ্রনাথের অস্তিত্ব থাকে না। তাই রবীন্দ্রনাথের গুরুত্বপূর্ণ কবি হিসাবে যে সামাজিক পরিচয়, তা এসেছে ব্যক্তি কর্তৃক তাকে পাঠের ফলশ্রুতিতেই। এই পাঠ দীর্ঘ সময় ধরে চলতে পারে। এক ব্যক্তি অপর ব্যক্তির পাঠের মাধ্যমে প্রভাবিত হতে পারেন। যেমন রবীন্দ্রনাথ নোবেল পেয়েছেন, এই ঘটনা অনেককে রবীন্দ্রনাথ পাঠে প্রভাবিত করে। কিন্তু নোবেল পাওয়া ঘটেছে কিছু ব্যক্তির নির্মিত একটি গোষ্ঠীর মাধ্যমে। তাই নোবেল পুরষ্কার পাওয়ার কারণে যদি কারো পাঠ প্রভাবিত হয়ে থাকে, তবে তা এক পর্যায়ে ব্যক্তির ভূমিকার কারণেই ঘটেছে। এখানে কেউ কেউ কেউ বলতে পারেন যে পাঠ তো সমাজ-ইতিহাস নিরপেক্ষ নয়! অবশ্যই ব্যক্তির পাঠ সমাজ-ইতিহাস দ্বারা প্রভাবিত হয়। কিন্তু পাঠ করার কাজটা ব্যক্তিই করে থাকে, সমাজ নয়। কারণ সমাজের যে বিমূর্ত চরিত্র, তাতে তার পক্ষে নিজে কোন কাজ করার ঘটনাটা ঘটানো সম্ভব নয়।
বলতে পারেন যে গোষ্ঠীর সাথে সমাজ ও রাষ্ট্রের কি পার্থক্য? ব্যবহারিক নানা পার্থক্য তো আছেই কিন্তু এগুলো সবই চূড়ান্ত যুক্তিতে (মানে যার পরে আর কথা নেই) ব্যক্তির তৈরি, কারণ ইতিহাসের কোন এক পর্যায়ে ব্যক্তির সাথে ব্যক্তির সংযোগে এগুলি তৈরি হয়েছে। সমাজ, রাষ্ট্রকে যারা ব্যক্তির তৈরি মনে করেন না, তাদের খুব জন্য সহজ একটা যুক্তি দিচ্ছি। ধরা যাক পৃথিবী থেকে মানব জাতি পুরোপুরি বিলুপ্ত হয়েছে। কোন একক মানব জীবিত নেই। এখন কি গোষ্ঠী, সমাজ বা রাষ্ট্রের অস্তিত্ব সম্ভব? অবশ্যই না! ব্যক্তির অস্তিত্বই তাই ব্যক্তির তৈরি নানা কাঠামোর মূল নিয়ামক। একবার তৈরি হয়ে গেলে তারা অবশ্যই পরস্পরকে নানামুখী ভাবে প্রভাবিত করতে পারে। যেমন রবীন্দ্রনাথের নোবেল পাওয়ার ঘটনাটা। যা শুরু হয়েছে ব্যক্তির তাকে পাঠ করা থেকে। কিন্তু পরবর্তীতে রবীন্দ্রনাথ নোবেল পেয়েছেন, এই তথ্য তাকে পাঠে ও গুরুত্বপূর্ণ বলে মূল্যায়ন করতে ব্যক্তিকে প্রভাবিত করেছে। ব্যক্তির যে বহিঃপ্রকাশ ঘটে নানা সামাজিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে, তার সঙ্গে ব্যক্তির এই মিথস্ক্রিয়া চলতেই থাকবে, যতদিন পর্যন্ত একের অধিক ব্যক্তি ও ব্যক্তি নির্মিত বস্তুর অস্তিত্ব, যেমন, বই-কম্পিউটার ইত্যাদির, যাতে সামাজিক তথ্য আছে, অস্তিত্ব থাকবে। ব্যক্তির এই কর্ম হয়তো আমরা প্রত্যক্ষ নাও করতে পারি। যেমন জানা যায় যে বনে আগুন লাগার অন্যতম কারণ মানুষ কর্তৃক সৃষ্ট আগুন। সেই মানুষটা কে তা হয়তো জানা যায় না। কিন্তু সেই আগুন থেকেই একটা বৃক্ষে ও পরে পুরো বনে আগুন লাগে। সেই বনের আগুন আমরা দেখতে পাই। কিন্তু তাতে অস্বীকার করা যায় না যে আগুনের উৎস একটা বৃক্ষ ও তারও আগে একটা ক্ষুদ্র আগুন।
তাহলে সমাজ বা গোষ্ঠী যেহেতু ব্যক্তিরই যৌথ রূপ, তাদের পরিবর্তন ঘটে ব্যক্তির ভূমিকা থেকেই। রাষ্ট্রের ক্ষেত্রেও তা সত্য। এই পরিবর্তন ঘটবেই, কারণ ব্যক্তির জন্ম-মৃত্যু ঘটে। আজ যে শিশু সেই ভবিষ্যতে বয়োজ্যেষ্ঠ। তাই ব্যক্তি অন্যান্য কোন সক্রিয় ভূমিকা পালন না করলেও সামাজিক পরিবর্তন ঘটবেই। কিন্তু তার বাইরেও ব্যক্তির পক্ষে সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখা সম্ভব। তা নানা ধরনের হতে পারে। কিন্তু এই লেখাতে যে ভূমিকার কথা বলছি তা হলো কিছু কিছু ব্যক্তিকে তাদের কর্ম অনুযায়ী সামাজিক ভাবে গুরুত্বপূর্ণ করে তোলার ভূমিকা।
সাইমন জাকারিয়ার উদাহরণ দিয়ে আমি আগেই বলেছি যে তাকে বাংলা একাডেমী পুরষ্কার দেবার কারণেই তার পক্ষে একটা সাংস্কৃতিক সংকট নিরসনে মতামত রাখা সম্ভব হয়েছিলো। বাংলা একাডেমীকে ধন্যবাদ যে তারা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে চিহ্নিত করতে পেরেছিলেন ও তাকে কর্মের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করেছিলেন। দুঃখজনক ভাবে নানা কারণে আমি লক্ষ করি যে গুরুত্বপূর্ণ কর্মের স্বীকৃতি যথাসময়ে দেয়া হয়ে ওঠে না, ফলে তাদের পক্ষে যে ভূমিকা পালন সম্ভব তা হয়ে ওঠে না। এখানে বলে রাখা ভালো যে পুরষ্কার প্রাপ্তিই স্বীকৃতির একমাত্র মাধ্যমে নয় তবে অবশ্যই বেশ প্রভাবশালী।
কিন্তু সমস্যা হলো যে বাংলাদেশের বোদ্ধা ব্যক্তিগণ এই সামাজিক অবস্থান নির্মাণে ব্যক্তির ভূমিকার গুরুত্ব অনুধাবন করেন না, যা আমি আগেই বলেছি। সে অনুযায়ী তাদের ভূমিকা পালন করতে দেখা যায় না। যেমন সাইমন জাকারিয়া এখন বাংলা একাডেমী পুরষ্কার পেয়ে গেছেন। তিনি হয়তো আরো বড় স্বীকৃতি পাবেন কিন্তু তার এখনই পরের প্রজন্মের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চিহ্নিত করার কাজ শুরু করা উচিত, যদি ইতিমধ্যে না শুরু করে থাকেন। কারণ ব্যক্তি হিসাবে তিনি এখন অপরের কাছে গুরুত্বপূর্ণ, লোক সাহিত্য বিষয়ক কাজের ক্ষেত্রে। কাজেই তার মতামত অপরের কাছে গুরুত্ব পাবে ও অপরের সামাজিক পরিচয় নির্মাণে সবল ভূমিকা পালন করতে পারবে। এই কাজ কেউ কেউ করছেন না তা নয়, কিন্তু তাদের অনেকের মধ্যে সংকীর্ণতা দেখা যায়। সাইমন জাকারিয়া যদি কাউকে গুরুত্বপূর্ণ বলেন, যিনি অপর পাঠককে তেমন প্রভাবিত রাখার সক্ষমতা রাখেন না, তবে ব্যক্তি থেকে ব্যক্তির যে স্বীকৃতির স্থানান্তর, তা তেমন ঘটে উঠবে না। উদাহরণ স্বরূপ, বাংলা একাডেমী পুরষ্কারের বিপক্ষেই এরকম অভিযোগ আছে। বাংলা একাডেমী পুরষ্কার প্রদানের মাধ্যমে, মাঝে মাঝে কয়েকজনকে স্বল্প সময়ের জন্য পরিচিত করতে পেরেছিলো কিন্তু অপর ব্যক্তির কাছে তাদের গ্রহণযোগ্যতা দীর্ঘস্থায়ী করতে পারেন নি।
কিন্তু ব্যক্তির সংকীর্ণতার চেয়ে বড় সমস্যা আমি মনে করি যে ব্যক্তির এই সামাজিক ভূমিকা পালনে অংশ না নেবার প্রবণতা। একারণে বাংলাদেশে মতো একটি জনবহুল দেশে স্বাধীনতার ৫০ বছর পার হবার পরেও স্বাধীনতা পরবর্তী প্রজন্ম থেকে জাতীয় বুদ্ধিজীবী পর্যায়ে উপনীত হতে পেরেছেন এমন কেউকে তেমন খুঁজে পাওয়া যায় না। এমনকি স্বাধীনতার এক দশকের মধ্যে জন্ম নিয়েছেন, মানে যাদের বয়স পঞ্চাশ থেকে ষাটের মধ্যে তাদের সংখ্যাও হাতে গোনা। এমন কেউ যে হয়ে উঠতে পারতেন না তা নয়, আসলে তাদেরকে যথাসময়ে চিহ্নিত করার কাজটাই ঘটেনি বলে মনে করি। বাংলাদেশের মতো জনবহুল দেশে শুধু মাত্র পরিসংখ্যানের সম্ভাবনা বিন্যাসের বিবেচনাতেই এমন বেশ কয়েকজনের জন্ম হয়েছে বলে আমি মনে করি, কিন্তু আমাদের দীর্ঘদিন ধরে চর্চিত চর্চার কারণে সেই ব্যক্তিগুলো ও তাদের কাজ সামাজিক ভাবে পরিচিত হয়ে উঠতে পারেনি। যার কারণ হয়তো জাতির যে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব তাদের কাছ থেকে পাওয়ার কথা ছিলো তা হয়ে ওঠেনি।
এখানে বলা দরকার যে বুদ্ধিবৃত্তিক নেতৃত্বের সময়ের সাথে সাথে পরিবর্তনের প্রয়োজন হয়। উদাহরণ স্বরূপ প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের নাম উল্লেখ করবো। তিনি এক সময় নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু কাজ করেছিলেন যা অনেককে প্রভাবিত করেছিলো, না হলে তিনি খ্যাতিমান হলেন কি করে? কিন্তু তিনি কি কাজ করেছিলেন, তা যাদের বয়স পঞ্চাশের নিচে তাদের সেভাবে জানা নেই। এমনকি বাংলা সাহিত্যের ছাত্ররাই জানেন কিনা সন্দেহ, কারণ তাদের বেশ কয়েকজনের সাথে আমার সখ্য ছিলো, কিন্তু তাদেরকে তার নাম উল্লেখ করতে দেখিনি। হয়তো যাদের বয়স সত্তরের উপরে, তারা হয়তো তিনি কি কাজ করেছিলেন জানাতে পারবেন। কিন্তু সে বয়সীদের বেশীর ভাগই বুদ্ধিবৃত্তিক অবদান ও কর্মজীবনের শেষ পর্যায়ে আছে। মানে আনিসুজ্জামানের কাজের বর্তমান গুরুত্ব নেই বা অনেক কমে গেছে। এরকম একজন হলে অর্থনীতিবিদ রেহমান সোবহান। তিনি বাংলাদেশ অর্থনীতির ক্ষেত্রে অত্যন্ত পরিচিত এক নাম। নিশ্চয়ই তিনি এক সময়ে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। কিন্তু তার কোন কিছুর প্রভাব আজ নেই। অর্থনীতির ছাত্র হয়েও আমি তিনি কি করেছিলেন তা জানার প্রয়োজন অনুভব করি না। কেউকে বলতেও শুনি না। তার মানে এই না যে এক সময় তিনি যা করেছিলেন তার গুরুত্ব ছিলো না। শুধু বর্তমানে, অন্তত: একজন ব্যক্তি বিশেষের কাছে তার গুরুত্ব নেই ও অনুমান করি সামাজিক ভাবেও তাই।
গুরুত্বের ক্ষনস্থায়ীত্বের এই ব্যাপারটা মনে রাখা খুবই দরকার। আনিসুজ্জামান, রেহমান সোবহানদের প্রজন্মের পরের প্রজন্ম থেকে বুদ্ধিবৃত্তিক ভাবে কেউ তাদের মতো মর্যাদাশীল হতে পারেন নি। কিন্তু সেই প্রজন্মের আবেদন আজ ফুরিয়ে গেছে বা কোন নতুনত্ব/সমসাময়িকতা আর নেই। তাই বুদ্ধিগত চর্চার ক্ষেত্রে এক ধরণের শূন্যতা আছে। তাদেরকে নতুনদের দিয়ে রিপ্লেস করার দরকার ছিলো যা হয়ে ওঠেনি । তাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে এমন বুদ্ধিজীবীদের খুঁজে পাওয়া কঠিন পড়ে যাদের মতামত গ্রহণযোগ্য মনে হয় বা বাংলাদেশ রাষ্ট্রের জন্য মঙ্গলজনক মনে হয়।
এমন ব্যক্তি কি নেই? নিশ্চয়ই আছেন, যা আগেই বলেছি। কিন্তু আমরা তাদেরকে প্রচারে আনতে পারিনি। এটা আমাদের প্রজন্মের ব্যর্থতা নয়। ব্যর্থতা পূর্ববর্তী প্রজন্মের। কিন্তু আমাদের সময় থেকে তা শোধনের চেষ্টা করা উচিত। কেন পূর্ববর্তী প্রজন্মের ব্যর্থতা তা ব্যাখ্যা করছি, একটি উদাহরণের মাধ্যমে। কিছুদিন আগে প্রয়াত হয়েছেন জনাব মনজুরে মওলা। তার মৃত্যুর পরে অনেকে তাকে স্মরণ করে লিখেছেন। যার মধ্যে আছেন রাজু আলাউদ্দিন, যিনি স্পেনীয় সাহিত্যের সাথে বাংলাভাষীদের এখনকার পরিচয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাজু আলাউদ্দিন মজনুরে মওলাকে স্মরণ করে লিখেছেন তাতে আপত্তি নেই। সত্যি বলতে রাজু আলাউদ্দিনের লেখাতে মনজুরে মওলাকে যে জীবিত অবস্থাতে সেভাবে মূল্যায়ন করা হয়নি তাই উঠে এসেছে। কিন্তু আমার প্রশ্ন হলো এর বিপরীত। মনজুরে মওলা তার কর্মজীবনে কি রাজু আলাউদ্দিন বা ওরকম কাউকে মূল্যায়ন করে কিছু লিখেছেন? কারণ রাজু আলাউদ্দিন বা তার সমসাময়িকরাও তো আলোচিত হবার যোগ্যতা রাখেন। এরকম উদাহরণ ব্যক্তি বিশেষের ক্ষেত্রে পাওয়া যাবে (মনজুরে মওলা হয়তো লিখেছেনও), তবে আগের প্রজন্ম যে বাংলাদেশে পরের প্রজন্মের কাজ প্রচার করে না, তাই সাধারণ সত্য। এটাই পূর্ববর্তী প্রজন্মের ব্যর্থতা যে তারা পরবর্তীদের মূল্যায়ন করেন নি, যদিও সে প্রজন্মগুলোতে অনেকের স্মরণীয় কাজ থাকার কথা।
এজন্য আমি মনে করি যে আমাদের প্রজন্মকে পূর্ববর্তী প্রজন্মের দোষগুলোকে অতিক্রম করতে হবে। সুখের বিষয় যে এরকম কেউ কেউ করছেন। তবু সেখানে কিছু কিছু সমস্যা আছে তা উল্লেখ করছি। এখানে আবার সাইমন জাকারিয়ার পূর্ব পরিচয়ের বিষয়টা উল্লেখ করছি। সাইমন জাকারিয়ার সাথে পূর্ব পরিচয়ের সুবাদেই, তার কাজকে আমি গুরুত্বপূর্ণ মনে করিনি, পড়ে দেখার প্রয়োজনও নিজে থেকে কখনো অনুভব করিনি। কাজেই তিনি এক সময়ে আমার পরিচিত হলেও আমি তাকে কখনো পাঠ করে দেখার প্রয়োজন মনে করতাম না, অন্যের কাছ থেকে না শুনলে।
আরেকটা নাম উল্লেখ করছি। তিনি অনুবাদক সুরেশ রঞ্জন বসাক। তিনি আমার স্কুল ও কলেজ জীবনের ইংরেজির শিক্ষক ছিলেন। তিনি লেখালিখির কাজ করলেও সেগুলোকে তখন তেমন গুরুত্বপূর্ণ মনে করিনি। তার সম্পর্কে আমার এতদিন সেই ভাবনাই ছিলো। কিন্তু সম্প্রতি জানতে পেরেছি যে তিনি চল্লিশটার উপরে বই প্রকাশ করেছেন ও তার কাহলিল জিবরানের প্রফেটের অনুবাদ ব্যাপক পাঠক প্রিয়তা পেয়েছে। তার মানে তিনি যে আগে আমার শিক্ষক ছিলেন, এই পরিচয়ই হয়তো তাকে যথাযথ গুরুত্ব দিতে বাধা দিয়েছে। তার যে পরিবর্তন ঘটেছে তা বিবেচনা করিনি। এটা কিছুটা তুলনীয় সাইমন জাকারিয়ার সাথে আমার পরিচয়ের সাথে।
আমাদের বড় হয়ে ওঠার সময়ে কিছু কিছু মানুষ আমাদের প্রভাবিত করেন। এরকম একজন হলো প্রয়াত আব্দুল্লাহ আল-মুতী শরফুদ্দিন। বিজ্ঞানের প্রথম পাঠ অনেকাংশে তার মাধ্যমেই ঘটেছে বলা যায়। অনেক দিক থেকেই তিনি ছিলেন আমাদের প্রজন্মের কাছে আদর্শ স্থানীয়। কিন্তু নতুন প্রজন্ম, যাদের বয়স এখন দশ থেকে পঁচিশের মধ্যে তারা হয়তো অন্য কারো বিজ্ঞান বিষয়ক বই পড়ছে। এরকম একজন অবশ্যই মুহাম্মদ জাফর ইকবাল, যিনি আমাদের পূর্বের প্রজন্মের। কিন্তু আমাদের নিজেদের বা পরের প্রজন্মের কেউ কেউ নিশ্চয়ই এরকম আছেন। তাদের সম্পর্কে জানতে হলে তাই নতুনদের ভাবনার সাথে পরিচিত হতে হবে ও আবদুল্লাহ আল-মুতীর মতো কেউ আমাদের প্রজন্ম থেকে হতে পারবেন না এরকম চিন্তার ঊর্ধ্বে উঠতে হবে।
অর্থনীতি শাস্ত্রের সাথে যুক্ত হবার সুবাদে বলতে পারি যে, আমাদের কাছাকাছি বয়সের বেশ কয়েকজন গবেষণা সক্ষমতাতে আগের প্রজন্মগুলো থেকে অনেক দূর অগ্রসর হয়েছেন। আন্তর্জাতিক গবেষণা জার্নালে প্রকাশের সংখ্যাও আগের চেয়ে অনেক বেশি। কিন্তু এদের অনেকেই কাজ করছেন প্রবাসে অবস্থান করে। প্রবাসে অবস্থান হয়তো আজকাল সমস্যা নয়, কারণ সোশাল মিডিয়ার সুবাদে মানুষে মানুষে যোগাযোগ এখন আগের চেয়ে অনেক সহজ। কিন্তু অর্থনীতিবিদদের মধ্যে দেশে বা বিদেশে যেখানেই থাকা হোক, নিজেকে সাধারণ জনসাধারণ থেকে বিযুক্ত করে দেখার প্রবণতা আছে। তাদের নিজেদেরকেই এই বিযুক্তি দূর করার পন্থা অনুসন্ধান করতে হবে। বিজ্ঞানী বা প্রযুক্তিবিদদের বিষয়েও একই কথা। তবু এই প্রজন্মের মধ্যে এই প্রচেষ্টা লক্ষ্য করি। এর মধ্যে আছেন এই সময়কার বিজ্ঞান লেখক ফারসীম মান্নান মোহাম্মদী। আছেন মালয়েশিয়াতে কর্মরত প্রফেসর নওশাদ আমিন। আমার আপন ভাই প্রফেসর সাইফুল মাহমুদ চৌধুরী, যিনি যুক্তরাষ্ট্রে কর্মরত, তার নাম খুব বেশী পক্ষপাত মনে না হলে উল্লেখ করা যায়। পপুলার গণিত বিষয়ে লেখালেখি বা চর্চা করছেন, এমন অনেকেই আছেন। এর মধ্যে আমার সাথে ব্যক্তিগত যোগাযোগ ঘটেছে জনাব শফিক ইসলামের সাথে যিনি গণিতকে জনপ্রিয় করার চেষ্টা করে যাচ্ছেন। আমার প্রস্তাব হলো যে, এই প্রজন্মের কাজ, আগের প্রজন্মের কাজ থেকে উন্নত না হলেও কমপক্ষে সমতুল্য। তাই তাদেরকে সে রকম মর্যাদার সাথে দেখার নজর তৈরি করা দরকার ও তা রাষ্ট্রের জন্য মঙ্গলকর হবে। এই চর্চা আমাদের প্রজন্ম থেকেই শুরু করতে হবে।
এখানে আরো কিছু বিষয় উল্লেখ করা দরকার, যা দুঃখজনক ভাবে পর-সমালোচনার মতো ঠেকতে পারে। সরাসরি নাম না উল্লেখ করে তাই বলছি। এ সময়কার কথাসাহিত্যে সাড়া জাগানো একজন। প্রবাসে থাকার কারণ তার বই এখনো আমার কাছে এসে পৌছায় নি তাই তার শক্তিমত্তা সম্পর্কে ব্যক্তিগত মত দিতে অপারগ কিন্তু আমার ঘনিষ্ঠ-পরিচিত অনেকেই তার লেখার প্রশংসা করেছেন। তিনি যদি হুমায়ূন আহমেদ ও শহীদুল জহিরের মতো পরের প্রজন্মের কাছে অবশ্যপাঠ্য হয়ে ওঠেন তবে আমি অত্যন্ত আনন্দিত হবো। তার একটা সাক্ষাৎকার সিরিজ ফেসবুকে প্রকাশিত হয়েছে যা আমি অত্যন্ত আগ্রহ নিয়ে পড়েছি ও উপকৃত হয়েছি। কিন্তু দুঃখজনক ভাবে এও দেখলাম যে, তিনি বিশ্ব সাহিত্য ও দর্শনের নানা কর্ম সম্পর্কে জ্ঞান রাখলেও বর্তমান বাংলাদেশের কারো বই যে পড়েছেন তা উল্লেখ করেন নি। এই প্রবণতা আমি অন্যদের মধ্যেও লক্ষ করেছি। আরেকজন গল্পকারকেও দেখলাম তার এই বছরের পাঠ্যবইয়ের তালিকা দিয়েছেন। তাতে আছে শুধু বিশ্ব সাহিত্যের দিকপালদের নাম, কিন্তু সমকালের বাংলাদেশের কারো বই নেই, যাদের মধ্য থেকে তিনি কাজ করছেন। দর্শন ও চিন্তার চর্চা যারা করেন, তাদের লেখা ও কথায় দেখি, দেরিদা, ফুকো, গ্রামসি এসব নাম মুখে আনতে/উল্লেখ করতে একটুও বাধে না, কিন্তু বাধে শুধু সমকালে বাংলাদেশে কারা তাকে প্রভাবিত করছেন সেই নামগুলো উল্লেখে। সমকালের প্রভাব তারা কেন জানি বুঝে উঠতে পারেন না। "নিউট্রন বোমা বোঝ, মানুষ বোঝ না"হেলাল হাফিজের এই পঙক্তিটা এখানে যেন খুব মানায়।
আমি পূর্বের একটা লেখাতে বাংলাদেশের জ্ঞান চর্চার বিকাশে কি করণীয় তা উল্লেখ করেছি। তা এখানেও প্রযোজ্য। প্রথমত: নিজে বাংলাদেশে ও বাংলা ভাষাতে নতুন কাজ করে উদাহরণ সৃষ্টি করা, দ্বিতীয়ত: অপরের কাজ যথাযথ মর্যাদার সাথে পাঠ ও প্রকৃত গুরুত্ব অনুধাবনের চেষ্টা ও তৃতীয়ত: গুরুত্বপূর্ণ কাজ খুঁজে পেলে তার যথাযথ প্রচার।
প্রথম যে বিষয়টা, তা আমি ঘটছে বলেই মনে করি। কিন্তু সমস্যা হলো যে দ্বিতীয় ও তৃতীয় বিষয়টাতে। অপরের কাজ যথাযোগ্য মর্যাদার সাথে পাঠ ও তার গুরুত্ব অনুধাবনের প্রয়াস নেই। ও তার সঙ্গে যুক্ত হয়েছে যথাযথ প্রচারের অভাব। এখানে মনে রাখতে হবে যে প্রচারের কাজ যে কেউ করলেই হবে না। ইতিমধ্যে যারা কিছুটা সামাজিক মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছেছেন তাদেরকেই এই দায়িত্ব পালন করতে হবে। এছাড়া প্রচারের কাজে সবাই সমান দক্ষ হতে নাও পারেন। তবু ফেসবুকের সুবাদে অনেককেই এই কাজটা করতে দেখা যায়। কিন্তু তাদের প্রবণতা আছে নতুন কাজ পাঠ ও প্রচার না করার। আমি আগেই এ প্রসঙ্গে উদাহরণ স্বরূপ একজন কথাসাহিত্যিকের গ্রন্থ তালিকার কথা উল্লেখ করেছি। নিজের ভালো কাজের গুরুত্বও কেউ কেউ বোঝেন। কিন্তু জ্ঞান জগতে আত্মপ্রচারকে খুব একটা ভালো চোখে দেখা হয় না। একারণে অপরের ভূমিকা খুব দরকারি।
নতুনদের পরিচিত/গুরুত্বপূর্ণ করে তোলার প্রয়াস দেখা যায় না। এই সমস্যার সাথে যুক্ত হয়েছে অতীতকে কাটাছেড়ার প্রয়াস। সরাসরি সমালোচনা পরিহারের জন্য এক্ষেত্রেও নাম উল্লেখ করছি না। বর্তমান ও ভবিষ্যতের প্রতি লক্ষ্য না রেখে অতীতকে নিয়ে কাটাছেড়া হয়তো বুদ্ধিবৃত্তিক শূন্যতাকে বৃদ্ধি করছে। আমার স্কুল-কলেজ জীবনের বন্ধু ও কথাসাহিত্যিক মাসুদুল হকের একটা প্রিয় কথা হলো "প্রকৃতি শূন্য স্থান পছন্দ করে না"। বুদ্ধিবৃত্তির ক্ষেত্রেও হয়তো তা সত্য। তার মানে হলো, বুদ্ধিবৃত্তিক শূন্যতা পূরণে কেউ কেউ এগিয়ে আসবেন। সে রকম প্রবণতাও লক্ষ করা যায়। কিন্তু যারা সেখানে আসছেন, তাদেরকে আমার কাছে বাংলাদেশ রাষ্ট্রের জন্য মঙ্গলজনক মনে হয় না। এর বিস্তারিত ব্যাখ্যা আমি এখানে প্রকাশ পরিহার করছি।
উপরের যে আলোচনাটা করলাম, স্বাভাবিক পরিস্থিতিতে এমন আলোচনার কোন প্রয়োজন ছিলো না। যেখানে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব এক প্রজন্ম থেকে অপর প্রজন্মে স্থানান্তরিত হবে। কিন্তু যেকোনো কারণেই হোক বাংলাদেশে তা ঘটছে না। এক্ষেত্রে এক বড় বাধা আমাদের মানসিকতা, যেখানে একজন ব্যক্তি অপর ব্যক্তির ইতিবাচক বুদ্ধিবৃত্তিক পরিচয় নির্মাণে নিজের ভূমিকার গুরুত্ব অনুধাবন করে না। এই লেখাটাতে তা ব্যাখ্যা করে দেখানোর চেষ্টা করা হলো। কতটুকু সফল হলাম তা যথারীতি অপরের বিবেচনার জন্য রাখা হলো।
কৃতজ্ঞতা স্বীকার: এ লেখাটা তৈরি করার আগে আমার মাসুদুজ্জামান, মোহাম্মদ আজম ও এ কে এম মাজহারুল ইসলামের সাথে কথা হয়েছে যা লেখাটাকে প্রভাবিত করেছে।
