কুমার চক্রবর্তী’র বাস্না ও বাসনার কবিতা
ভূমিকা:
কুমার চক্রবর্তী'র কবিতাসমগ্র পড়েছি সম্প্রতি। "যাহা দেখিলাম বলিব"। তাঁর বইয়ের ভূমিকার থেকে, কবিতা কি জিনিস, সে সম্পর্কে চক্রবর্তী'র ধারণা নেয়া যাক।
১.সমুদ্রের মাঝ দিয়ে একটি পথ করে এগিয়ে চলা কোনো এক অজানা দ্বীপের সন্ধানে, যে দ্বীপ নির্জনতাশাসিত, নিমজ্জিত নিমগ্নে আবার। সারাবেলা আমাদের বিশ্রব্ধ ত্রস্ততা দ্বীপটির খোঁজে, কিন্তু পাই না, বিশাল সমুদ্রের কোনখানে যে সে ডুব দিয়ে আছে! ক্লান্ত মনে সন্ধ্যায় যখন ফিরে আসায় মন দিই, দেখি, যে-পথে এসেছিলাম সেই পথ মুছে গেছে। জলের পথ যে মুছে যায় তা আমাদের মনে ছিল না। আমরা আর ফিরতে পারি না।….
২.মনে করি, কবিতা হচ্ছে হেদিসের দিকে অভিযাত্রা, সেই অধোলোক যেখানে বাস্তব তার উত্তরপ্রকৃতিতে বিরাজ করে। কবির কাজ গভীর থেকে গভীরতর অন্ধকারে গিয়ে তার প্রতিভাস নির্মাণ করা…. কবিতা রচিত হয় একজাতীয় অপূর্ণতা নিয়ে, যা হচ্ছে ভাষার অপূর্ণতা। যেহেতু ভাষা পুরোপুরি ধরতে পারে না বোধকে, সেহেতু ভাষা আশ্রয় নেয় রূপকের, ফলে ঘটতে থাকে এক ধরনের বিপর্যয়। এই বিপর্যয়ের মধ্য দিয়েই জন্ম হয় শিল্পের।… এই উপলব্ধি থেকেই কবিতা লিখছি এখন এবং এমন একটি ভাবনায় থিতু হয়ে আছি।
৩. তবে কবিতার দিকে যাওয়ার আগে অন্য কিছুর দিকে গিয়েছি: আকাশ, সমুদ্র, নদী, সমভূমি, প্রকৃতি, ফুল, গাছ, পতঙ্গ, প্রাণী; তবে মানুষের দিক থেকে সরে এসেছি। মানুষের জন্য কবিতা লিখতে চাইনি বলেই সরে এসেছি। মানুষ হয়তো পড়ে উঠবে বা উঠবে না, এ নিয়ে আমার মাথাব্যথা ছিল না। কবিতা লিখেছি আসলে নিজের জন্য, নিজের মনশ্চিত্র আঁকতে চেয়েছি নিজেরই জন্য।
এই ছোট আলোচনায়, আমি ৩ পর্বে যা বুঝেছি তাই লিখবো: কি নেই, উদাহরণ, কি আছে।
কি নেই:
১. তার কবিতার আসলে বিষয় নেই। বিষয় সে নিজে।
২.তার কবিতায় কোনো টাইম নেই, সমাজ, ইতিহাস নেই।
৩.তার কবিতায় বিচ্ছিন্নভাবে ঘুরে বেড়ানো যায়। কোনো গন্তব্য নেই। ফিরে আসা যায় অথবা যায় না। ভুলে গিয়ে অন্য আস্তরে আচ্ছাদিত হওয়া যায়।
৪.কল্পনা আছে কিন্তু কল্পনার সঙ্গে বাস্তবতার বুনোট নেই।
উদাহরণ:
একটি পুরো কবিতা নিচে। নীরবতার জল নিয়ে আত্মকথন। সম্মোহনকারী চিত্র আছে, [একটি পাখির পুচ্ছ অতীতকে নিয়ে পিস্টনের মতো লাফাচ্ছে // জলের স্মৃতি উজ্জ্বলতার ভেতর পরমায়ুর আদি সকাল // জলের ক্যামেরায় মেঘের ক্যারিকেচার]। জল: তোমার শারীর-সংস্কৃতি ভেঙে পড়ে স্বরবর্ণের আধিক্যে শব্দহীন সংলাপে মহাজগৎকে ব্যাখ্যা দিয়ে যায়"। ব্যাখ্যা কি আছে? নিজের সঙ্গে জল নিয়ে কথা এবং একটি ঘোর। জল নিয়ে সংলাপ। সেটা একইভাবে হাওয়া নিয়ে, পাতা নিয়ে, মাঠ নিয়েও এই ভাষা-শক্তির প্রয়োগে করা যেত। অন্তিমে শুধু ঘোর।
জ লে র সং লা প
পৃথিবী এখন নিকটতম নীরবতা নিয়ে ভারী হয়ে আছে
দূরে, জলের সবুজ টেরাকোটা
আহা জল, আর তার ছায়া ও বৈভবকাল
একটি পাখির পুচ্ছ অতীতকে নিয়ে
পিস্টনের মতো লাফাচ্ছে
তার চোখে প্রতিফলিত নিরিবিলি আত্মার আকাশঅন্তহীন সময়ের নৃতত্ত্ব
জলের ভেতর আলোর গভীর উপনিবেশ
জলের ক্যামেরায় মেঘের ক্যারিকেচার
সূর্যের কৃষ্ণ অভিভাব
আর প্রহেলিকা
আকাশ এবং জলপিপির হৃদয়ের শুদ্ধতা:
আকাশ কি নেমে এসে কথা বলে জলপিপিদের সাথে?
তাদের অভিজ্ঞতাময় জলবায়ুর ভেতর
মহোদয় জলের সমান্তরাল উত্থানখুব নরমভাবে জল
অন্ধকারকে গুরুত্বপূর্ণ করে তোলে
জলের স্মৃতি উজ্জ্বল
তার ভেতর পরমায়ুর আদি সকালজল: তোমার শারীর-সংস্কৃতি
ভেঙে পড়ে স্বরবর্ণের আধিক্যে
শব্দহীন সংলাপে
মহাজগৎকে ব্যাখ্যা দিয়ে যায়
সকল কবিতায় আচম্বা-সঞ্চারী উপমা, চিত্রকল্প আছে। উদাহরণঃ "বানমাছের রৈখিক উল্লাসের মতো চাঁদ//চোখ দুটো মৃত্যুর ক্যালাইডোস্কোপ // চোখ যেন দুটো পিচফর্ক উড়ে যাওয়া মেয়ের স্থাপত্য // মেঘের মতো চোখ নিয়ে একটি আকাশ // কোথাও বীজগণিতের অহংকার ফণা তুলে আছে // অন্ধকারের দু-ফোঁটা লিরিক// শেষ হওয়ার আগে হ্যাজাকের মতো একবার জ্বলে উঠি আমি // মেঘেদের অন্তর্দেশে শুরু হয় বিকেলের আগুননাচ। সম্মোহনকারী বহু ফ্রেজ আছেঃ সানডায়াল গলে পড়ে আছে পৃথিবীর ত্বকের ওপরে // বৃক্ষরা একদিন মানুষ ছিল, মানুষেরা একদিন বৃক্ষ ছিল।"
নিচে আরও কয়েকটি কবিতা:
চো খ
চোখ দুটো মৃত্যুর ক্যালাইডোস্কোপ
অমায়িক পড়ে থাকা গোধূলি-খামার
তবু দূরত্বের দ্বারা সরলীকৃত
কেন্দ্রাতিগ, প্রবণতাজ্ঞানে
আকাশের প্রতি দৃষ্টিকেন্দ্রিক:
যেখানে কিশোর সূর্য বিচলিত বোধে
নিয়মিত যাত্রা শুরু করে
আর নগ্ন অরণ্যের ভেতর উদ্ভাসিত জলাভূমি
অনুসন্ধানী গ্রীষ্মের মতো কেঁপে কেঁপে ওঠেচোখ যেন দুটো পিচফর্ক
উড়ে যাওয়া মেয়ের স্থাপত্য
কতিপয় জলের সততাবি কে ল : তা র ন র ম ই ঞ্জি ন
বিকেল তার নরম ইঞ্জিন থামিয়ে রেখেছে অনেকক্ষণ
সানডায়াল গলে পড়ে আছে পৃথিবীর ত্বকের ওপরেবানমাছের রৈখিক উল্লাসের মতো চাঁদ, হারানো এক মুদ্রা:
স্মারকবাহিত, এবং ঐতিহাসিক
দিকচক্রবালে সময়ের গাড়ি, অসীম শূন্যতার মাঝে
রূপ ছুঁয়ে আছে রূপান্তরকেএকটু পরেই চাঁদের ফিতে জড়িয়ে ধরবে
গোধূলিপাথর, জলের গ্রীবা আর বাতাসের ঘরবাড়িমেঘের মতো চোখ নিয়ে একটি আকাশ স্থির হয়ে গেল
দিগন্তের আর্কাইভেস জ ল লি খ ন
প্রেমের নির্মাণশৈলী বুঝে ফেলে
মৃদু হয়ে রয়েছেই চাঁদ
ফলত এ গাছের পাতায়
স্মৃতিভরা দু-কূল প্লাবিত হাওয়াকোথাও অক্ষর ভেঙে ভাষার সমুদ্রগান
শিস দিয়ে একা করে যায়;
এখানেও বস্তু-শাসনের ছায়া
হাওয়ার যাঁতাকলে ধ্বনিমূল ঊর্ধ্বে উঠে থাকে,
কোথাও বীজগণিতের অহংকার ফণা তুলে আছে।
গভীর ফোয়ারা নিয়ে সৌন্দর্য ছায়ায়
হেঁটে গেল ভাষা-বিস্মরিত এই চাঁদ
সমবায়ী নক্ষত্ররা কার্যকারণ ভুলে লিখে নেয়
সজল লিখন।
কবিতার শুরু, "হেঁটে যাই ঘুমপথ ধরে,—– , দেখি–বিস্তৃত সারল্যবোধ, আলোদের শুয়ে থাকা ত্রিমাত্রিক রং আর পাখিপ্রযুক্তি —– নির্মিত হবে সূর্যাস্তের এই সাঁকো পাখিদের প্রতিভার বলে।" আর শেষ লাইন, "ফেলে যাওয়া ঋতু থেকে জেগে ওঠা কাকভেজা মাঠ–অভিবাদনরত পাখিদের নির্মিত সাঁকো…"। দীর্ঘ কবিতা, টানা গদ্যে। কিন্তু এটুকুর বাইরে পাখিদের আমরা পাই না, আমরা জানিও না কেন পাখিরা ব্রিজ নির্মাণ করছে। কিন্তু প্রতি স্ট্যানজায় চক্রবর্তী পাঠককে এক একদিকে নিয়ে যান। পাহাড় আর সমুদ্র-বেষ্টনী জাতীয় প্রাকৃতিক প্রারম্ভ দিয়ে, কখনো মনে পড়ে সেই লোকটির ছায়া– স্মৃতিসূত্রে, কখনো বস্তুর সমাহিতি আর বস্তুর গান শুনিয়ে। নীচে প্রতিটি স্ট্যানজার শুরু-বাক্য দিয়েছি। বোঝা যাবে প্রতি স্ট্যানজায় তিনি এক একরকম পর্যটনে নিয়ে যাচ্ছেন। এবং প্রতিটি অনুচ্ছেদই একটি কবিতা, যাদের "পারমুটেট" করলেও পুরো কবিতা অক্ষত থাকে।
পা খি দে র নি র্মি ত সাঁ কো
– হেঁটে যাই ঘুমপথ ধরে, খরমুজখেত আর কালপুরুষের সম্মোহিত অবগাহনের মাঠ
– পাহাড় আর সমুদ্র-বেষ্টনীর ভেতর জীবন। মূলত টের পাই রক্তের পরিবর্তন
– তোমরা নৈঃশব্দ্যের দিকে চলে যাও, আমার আবছায়া আমাকে নিয়ে থাকে।
– বস্তুর সমাহিতি আর বস্তুর গান। আচ্ছাদিত রয়েছে অজানায়।
– কেমন অদ্ভুত ছায়া, মহিমা নিয়ে কাছাকাছি আছে।
– মনে পড়ে সেই লোকটির ছায়া, যে জানত জ্যোতির্বিদ্যা।
– বিন্দুটিকে ছেড়ে বেরোতে পারিনি কখনও, কিন্তু বৃত্তটির ছায়া পড়ে আছে আমার ওপর।
– আমি আমার জন্য সৃষ্টি করেছি তোমাকে আর তোমার জন্য তাদের
– দেখো, আমি খুঁজে বেড়াচ্ছি সেই মুহূর্তটি যখন নক্ষত্ররা চাঁদের ঠিক পরিসীমার কাছে এসে দাঁড়ায়।
– শ্রাবণের মধ্যযামিনীতে সরলবর্গীয় বৃক্ষদের কাছে ভিজতে ভিজতে এসে বলিÑহে বৃক্ষ হে স্তব্ধকায়া,ভালো লাগে অন্ধদের রাস্তা পার করে দিতে
– এ-ই আমার জীবনের গৎ: সকালের ললিত, দুপুরের দীপক আর রাতের দরবারি কানাড়া। তার সাথে মিশিয়ে দিয়েছি যৎকিঞ্চিৎ বাহুল্যের তান, বিস্তার আর গিটকিরি।
– এইভাবে জিরো-আওয়ার এসে যায়,
– আমি যদি নক্ষত্র হতাম তাহলে পুড়ে ছাই হয়ে যেতাম, ছাইগুলো জমে জমে পাথর হতো আর পাথর থেকে আবারও জন্ম নিতাম আমি এক অনন্তের মানবপাখি।
– এইখানে অবশেষে জড়ো হয় প্রস্থানদেশের গান! হাওয়া
– ভাঙা নক্ষত্রের নীচে দাপাদাপি আর ফাটা আয়নার ওপর লাফালাফিময় এই জীবন।
– মৃতদের কাছ থেকে চিঠি আসে
– দেখতে দেখতে জীবনের পরিসর কমে যায়। কমে যায়। যায়।
– তোমাদের যাবতীয় চোখগুলোর দিকে আর তাকাতে পারি না। সেখানে দেখি সমুদ্র ও মরুভূমির হতাশা।
– যে পাখিরা আকাশে উড়তে উড়তে হারিয়ে ফেলেছিল তাদের চোখ,
– সময় গায় শ্যামকল্যাণ, আমি তাকে প্রম্প্ট্ করি।
– শব্দ নিয়ে ঘুমায় যারা তাদের জন্য রেখে দাও খিলানের বর্ণমালার তিনটি অক্ষর
– মহাপ্রাণধ্বনি, অনন্তের সাথে সোলেনামা, আর মধ্যরাত্রির অদৃশ্য এসরাজ; আত্মার ওঠাপড়ার জন্য
– ফেলে যাওয়া ঋতু থেকে জেগে ওঠা কাকভেজা মাঠ―অভিবাদনরত পাখিদের নির্মিত সাঁকো…
কি আছে:
১. চক্রবর্তী'র নিজস্ব ভাষা আছে। ভাষার দক্ষতা আছে।
২. তার কবিতার বিষয় সে নিজে। মানুষ, কাল, ইতিহাস, সমাজ, বিবরতন, এগুলো তার বিষয় নয়। সেসব চক্রবর্তী'র জন্য জরুরী নয়।
৩. আকাশ, পাখি, বৃক্ষ, তারা, নদী যা ব্যবহৃত হয় আশলে সেগুলোও অলীক। রিয়ালিটি চক্রবর্তী'র জন্য জরুরী নয়।
৪. মূলত তার সবই গদ্য কবিতা। দু'একটা ব্যতিক্রম।
৫. উপমা, চিত্রকল্প আছে যথেষ্ট ।
৬. তার প্রায় সব কবিতাই প্রথম পুরুষে ব্যাক্ত।
৭. চক্রবর্তী কিছু বোঝাক না বোঝাক ঘোর তৈরি করতে পারে। এটাই তার কবিতার পরিণতি।
চক্রবর্তী অধিবিদ্যা সিরিজ" গ্রন্থে অনেকখানি সহজ এবং প্রত্যক্ষ হয়ে উঠেছেন। কবিতার বিষয় মূলত আত্ম-অবলোকন, উদ্দীপ্ত,নিজেকে চেনা এবং দিগন্তে চাওয়া। " সুতরাং হয়ো না নস্টিক, মিস্টিক, স্টোয়িক বা কাবালিস্ট। হয়ো না সোফিস্ট, নিয়োপ্লেটোনিস্ট। তুমি হও যা হয়নি অন্যরা। মনে রেখো, বাঁচার জন্য উত্তম হলো নিজের পথ, যেভাবে বাঁচে―ফুল, পাখি, মেঘ আর মেরুতুষার " ।" খোঁজ করি কল্পিত চৈতন্যপ্রবাহের। অবতল ছাঁচের চাঁদ আমাকে মনোগতিবিদ্যা শিখিয়েছিল আর বলেছিল আত্মরতিতে মগ্ন হতে।"
বলেছেন, অস্তত্বিহীন হয়েও অস্তিত্বের র্চচা করেন তিনি। "কুরুক্ষেত্র রয়েছে আমারই ভেতরে যেখানে আমিই অর্জুন, আমিই কর্ণ।" মৃত্যুর আগেভাগে এমন এক পুস্তক রচনা করে যাব যা জীবনের কথা বলবে অনন্তকাল। তোমরা দেখবে তা, পড়বে তার অবোধসংবেদ -। — যখন অদৃশ্য এসে উপহার দেবে জরাবিদ্যার সমাপ্তিপাঠ, তখন খুলে বসো আমার পুস্তকটি, পাবে, সত্যিই, পাবে প্রকৃত আফিমের স্বাদ। তোমরা ঢুলবে, আর তাতেই খসে পড়বে পৃথিবীর যাবতীয় স্মৃতির সীমাহীনতা।মহাবিশ্বমানচিত্র এক ত্রিমাত্রিক ধারণা, তাতে তোমরা পথ হারাবে আর তখন ধরতাই হিসেবে তোমাদের কাজে লাগবে আমার এই শব্দহীন পুস্তকখানা। "
উপসংহার:
কবিতার যে ট্রাডিশন, তার মধ্যে তার কবিতার থিওরি পড়ে না। তাই বিচার মুশকিল। আলোচনার চেয়ে তার কবিতা পড়ার জন্য। আত্মবোধের জন্য। বাংলা কবিতার আকালের দিনে, ৮০ দশকের শেষ দিক থেকে যা পড়েছি, তার মধ্যে চক্রবর্তী'র কবিতা শ্রেষ্ঠ স্থানে, একথা আমি 'ক্রাফটসম্যানশিপ'-র দৃষ্টিকোণ থেকে বলছি। বিষয়, বোধ নিয়ে কিছু বলা যায় না কেননা কবি নিজেই সেসবকে গুরুত্ব দ্যান না। চক্রবর্তী'র কবিতা পড়ে অন্তিমে যা অনুভূত হয় তা এক ধরণের অন্তর্লিপ্তি। তার নিজের কবিতার কথায়,
সত্তার ভেতর সংগীতের লয় আর পোতাশ্রয়গুলোর মাঝে
সঞ্চারিত একাকী জাহাজ
আর ইমনের বিস্তারের মতোই দৃশ্যমান রাতের রং
আর পাখিদের সিম্ফনির মতোই জাগিয়ে রাখা বিস্মরণ
অথবা এক ধরণের পরিব্রজ্যা, সম্মোহন, জাদুর আয়না, নিঃসঙ্গতা এবং বিষণ্ণতার সম্মুখীন হই আমরা:
নদীগুলো উড়ে যায় আকাশের দিকে
জলধারা রেখে তারা উড়ে চলে বৈকুণ্ঠের পানে
পড়ে থাকে সাদা ডানা, স্মৃতিচূর্ণ, আচ্ছন্ন মনের ভার,
জোছনা কাঁপে অপার্থিব সংকেতের মতো
তাদের পাগল মন অতলান্ত, ক্ষণে ক্ষণে স্বপ্নধাম ছেড়ে যায়
কাছিমেরা উঠে আসে সমুদ্রগর্ভের দিক থেকে
ডিম পাড়ে তারা―অমায়িক জ্যোৎস্নায়
ডিমগুলো একা একা হাঁটে অনিরুদ্ধ সৎসাহসে
মেঘজালে তারাও উড়তে থাকে আকাশের মারবেলের সাথে।
এখন বিষণ্ণ বোধ করি
তবু আমার মনে হয়েছে, কুমার যদি তার কল্পনার সঙ্গে, 'ক্রাফটসম্যানশিপ'-র সঙ্গে বাস্তবতাকে সীবিত করতো তবে কবিতা অন্য স্তরে উঠতো।
