অর্ধশতকের আঁধার-হৃদি
এই যে শতাব্দীপ্রাচীন কক্ষটিতে (আশুতোষ বিল্ডিং, কলকাতা বিশ্ববিদ্যালয়) কবিতা নিয়ে দু-কথা বলবার জন্যে আমরা জড়ো হয়েছি, এখানে কোথাও কি কবিতা রয়েছে? আমাদের চেয়ার-টেবিলের কোনো খাঁজে কি লুকিয়ে রয়েছে কবিতা? দেওয়ালে বা ছাদে? জানালার হাতছানিতে? আমাদের অবয়বে বা পোশাকে? কোথাও দেখতে পাচ্ছি কি কবিতাকে? যে-সব পথ পেরিয়ে এসেছি এখানে, সেইসব পথের কোথাও কবিতা কি ছিল?
ছিল না। এবং এই কক্ষের কোথাও দেখতে পাচ্ছি না তাকে। কবিতাকে। হয়তো নিজে দেখতে পাচ্ছি না। কিন্তু এমন কেউ আছেন, যিনি দেখিয়ে দিলে কবিতার অস্তিত্বকে আমরা খুঁজে নিতে পারি দরজার এইসব প্রাচীনতায়, বাইরের করিডর থেকে ভেসে-আসা রকমারি পদশব্দে, এই ঘরের শীতল আলোয়।
তাঁর 'কাহিনী' কবিতাটি আমরা সবাই পড়েছি। সেখানে নারদ হেসে দ্বিধাগ্রস্ত বাল্মীকিকে বলছেন— 'কবি, তব মনোভূমি/ রামের জনমস্থান, অযোধ্যার চেয়ে সত্য জেনো।'
নারদ মুনির— পশ্চাতে রবীন্দ্রনাথের– এই উক্তিটিকে মান্য করলে আমরা আন্দাজ করতে পারি, কবিতার পাতাল-উৎস রয়েছে কবির মনে। আমাদের এই কক্ষটি কবি অবশ্যই দেখবেন। আমরা যেমন দেখছি, তেমনভাবে নয়। তিনি দেখবেন কক্ষটির অন্তর্দেশ।
অলংকারশাস্ত্রে না-গিয়ে আমরা একটু ঘুরপথে বিষয়টিকে দেখব।
সাংখ্য বলছেন— যতক্ষণ বস্তু বুদ্ধিদর্পণে প্রতিফলিত না হয়, ততক্ষণ সেটি অসন্নিকৃষ্ট অথবা অসংবদ্ধ থাকে। অসন্নিকৃষ্ট পদার্থ ইন্দ্রিয়াদির দ্বারা বুদ্ধ্যারূঢ় হলে সেই পদার্থের যে স্বরূপনিশ্চয় হয়, সেই স্বরূপনিশ্চয়কেই সাংখ্য প্রমা বলছেন। প্রমা কী? প্রমা প্রমাতৃপুরুষের কিংবা বুদ্ধির ধর্ম। বুদ্ধিকে ঠিক নয়, বুদ্ধির ধর্মকে, এখানে অপরিসীম গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু তার আগে আরেকটি সমতুল শব্দ ব্যবহৃত হয়েছে– প্রমাতৃপুরুষ। মনে রাখতে হবে– এখানে মাতা পুংলিঙ্গ, যিনি আমাদের জ্ঞান দান করেন। আর, প্রমার অর্থ আমরা সবাই জানি— সত্যজ্ঞান।
কবি যখন কবিতাটি লিখবেন, সে-কবিতায় এই কক্ষটির বর্ণনা থাকলেও আসলে থাকবে এই কক্ষের আর কক্ষের বাইরের, এর নির্মাণের আর ধ্বংসের এবং কক্ষের অস্তিত্ব আর অস্তিত্বহীনতার কবিপ্রদত্ত বিবরণ, যাকে আমরা বলতে পারি– সাংখ্যকথিত জ্ঞান। বলতে পারি, এই জ্ঞান কবিমনের অতলঘূর্ণি থেকে উৎসারিত হয়ে এই কক্ষের চেয়ে যদি অন্যতর সত্যের প্রকাশ ঘটাতে পারে, তাহলেই সেটা কবিতার সত্য। এবং কবির প্রাণপণ চেষ্টাও থাকে তেমনই। যদি তিনি সফল হন, তাহলে তাঁর কবিতায় যে-সত্য ব্যক্ত হয়, সেই সত্য পাঠকের মর্ম ছুঁতে পারে।
সাংখ্য থেকে হাজার বছর পেরিয়ে এসে রবীন্দ্রনাথ ওই একই কবিতায় নারদকে দিয়ে যেন আপাতসহজ করে বলালেন—'সেই সত্য, যা রচিবে তুমি,'। 'যা রচিবে'— অর্থাৎ এখানে স্বাধীনতা এসে কবির দায় আরও বাড়িয়ে দিল। আমি যা লিখব, তা-ই যদি সত্য হয়, তবে তো আমাকে হতেই হবে কঠোরভাবে সতর্ক। আমার কলম কেঁপে উঠবে। এগোতে চাইবে না আর। হয়েছিলও তেমনই। ওই 'কাহিনী' কবিতায় নারদের সব কথা বলবার পর কী হল? 'বাল্মীকি বসিলা ধ্যানাসনে,/ তমসা রহিল মৌন, স্তব্ধতা জাগিল তপোবনে।'
সেই ধ্যানাসন, সেই তপোবন, তার স্তব্ধতা এখনকার কবিকে দশ ফুট বাই দশ ফুট ঘরের মধ্যেই অর্জনের জন্যে অসম্ভব চেষ্টা করতে হয়। যিনি কবি, তিনি পারেনও। তবু, 'সেই সত্য, যা রচিবে তুমি'-র অপার স্বাধীনতায় খেই-হারানো কবিমন একটা অস্পষ্ট সমাধান পেল জীবনানন্দ দাশের কাছে এসে। আজকের ভাষায় বলা যায়– তিনি তিনটি যন্ত্র উদ্ভাবন করলেন, যাদের আমরা টুলস বলি। তিনি বললেন– কবিতার এই সত্যে পৌঁছোতে কবিকে সাহায্য করে কল্পনা, কল্পনার ভিতরে অভিজ্ঞতা এবং চিন্তার সারবত্তা।
মনে হচ্ছে— যন্ত্র যখন পেয়ে গেছি, বিষয়টা হয়তো-বা সহজ হল। বস্তুত হল না। জীবনানন্দের বক্তব্যের সামনে বহু আগের থেকেই অনেকগুলো প্রশ্ন দাঁড়িয়ে আছে। আমরা সেদিকে যাব না। বরং এই কক্ষ এবং কবিতায় প্রতিভাত তার সত্যটিকে আমরা দেখতে চাইব।
তাঁর চেয়ে বয়সে পনেরো বছরের ছোটো অক্তাবিও পাসের একটা উক্তি এরকম— 'কবিতা ছাড়া কোনো সমাজ টিকে থাকতে পারে না। কিন্তু সমাজকে কখনো কবিতার মতো উপলব্ধি করা যায় না। সমাজ কবিতা-গুণান্বিত নয়। কখনো কখনো সমাজ আর কবিতা পরস্পরের থেকে বিচ্ছিন্নতাও চায়। সেটা তারা পারে না।'
এখানে সমাজের জায়গায় আমরা যদি এই কক্ষটিকে দেখি, তাহলে কবিতা-গুণান্বিত না-হয়েও কক্ষটি কবিতা-নিরপেক্ষ থাকতে পারছে না। আর, কবিতার জোর এইখানেই— তার নিজের সত্যের জন্যে, যে-সত্য কবি-কর্তৃক প্রতিষ্ঠিত হওয়া সম্ভব।
দুই
গত শতকে উত্তাল সত্তরের দশকের কবিতায় সেই সত্য কি প্রকাশ পেয়েছে?
তার আগে দেখি সেই সময়টিকে।
এই দশকটি এখনও পর্যন্ত স্বাধীনতা-উত্তরকালের সবচেয়ে সঙ্ঘাতপূর্ণ হিসেবে খ্যাত। নকশাল আন্দোলনে গোটা বাংলা উত্তাল। দিকে দিকে মুক্তাঞ্চল গড়ে তোলার প্রয়াস। এবং সেই মরণপণ প্রয়াসের বিরুদ্ধে রাষ্ট্রশক্তির এবং বিরোধী রাজনৈতিক শক্তির ক্ষমতা প্রয়োগ। বাংলাদেশের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। খানসেনাদের অত্যাচারে প্রাণভয়ে লাখ লাখ শরণার্থীর ঢেউয়ের পর ঢেউয়ের আছাড়। এবং ওদিকে সেই রক্তাক্ত সুতিকাগৃহে স্বাধীন এক রাষ্ট্রের জন্ম।
এ তো গেল সত্তরের দশকের রাজনৈতিক দিক। ঠিক তার কিছু আগেই ঘটেছে বাংলাভাষায় এক অভূতপূর্ব সাহিত্য আন্দোলন, যেটি খ্যাতি পেয়েছে হাংরি আন্দোলন নামে। তার জের এসে পৌঁছেছে সত্তরের দশকেও। সত্তরের অনেক কবি যেমন রাজনৈতিক আন্দোলনে জড়িয়ে ছিলেন এবং কেউ কেউ প্রাণ দিয়েছেন, তেমনই হাংরি আন্দোলনেও প্রভাবিত হয়েছিলেন অনেকে।
এই দুই স্রোতের বাইরে বড়ো একটা দল নিজেদের স্বাতন্ত্র্য খোঁজার কাজে ছিলেন একান্তভাবে নিয়োজিত। এইসব কারণে বাংলা কবিতায় সত্তরের দশককে মনে হয় বেশ উচ্চকিত।
তবে, বাংলা কবিতায় এমনটা দেখা গেছে– একেকটা উচ্চকিত দশকের পরের দশকটিই অপেক্ষাকৃত মৃদুভাষী। যেমন তিরিশের দশকের গগনব্যাপী বিস্তারের পর তুলনায় নিঝুম চল্লিশের দশক। পঞ্চাশের দশকের বিপুল জনপ্রিয়তার পর অন্তর্মুখী ষাটের দশক। সত্তরের দশকে এসে আবার প্লাবন— কবিতার, কবির, পত্রপত্রিকার। তার কারণগুলি আগেই বলেছি।
আজ, এত বছর পর সত্তরের দশকের পাঁচজন কবির কাছে যদি জানতে চাওয়া হয় তাঁদের প্রিয় কবিদের নাম, উত্তরে আসতেই পারে একেবারে ভিন্ন ভিন্ন কবির কথা। কেউ বলবেন এমন তিনজনের নাম, যাঁদের লেখাপত্রে আগ্রহ নেই অন্য এক কবির। তাঁর পছন্দ ভিন্ন এক কবি। মনে হতে পারে, এমন পছন্দ কি একই দশকের পরিধিতে ভিন্ন ভিন্ন গোষ্ঠীবদ্ধতার জন্যে? না। প্রত্যেকের লেখার মধ্যেই আছে সেই সময়ের অভিঘাত। কিন্তু নানা লক্ষ্যে, নানা রূপে সে-সব কবিতা আজও প্রাণময়।
তবু বলতেই হবে– এত কাছের, এত জড়িয়ে থাকা একটা কবিগোষ্ঠীর এত বিভাজনও বাংলা কবিতায় সম্ভবত এর আগে-পরে দেখা যায়নি।
এত বিভিন্নতা সত্ত্বেও সত্তরের বেশ কয়েকজন কবি, সংখ্যায় তাঁরা যে-কোনো দশকের চেয়ে বেশিই, এতগুলো দশক পেরিয়ে এসেও, আজও উজ্জ্বল। কেননা, তাঁরা খুঁজে পেয়েছিলেন নিজেদের ভাষা। নিজেদের কথা। কোনো তরুণ কবি যখন লিখতে আসেন, তাঁর সামনে ছড়িয়ে থাকে আগের সমস্ত লেখাপত্র। সেই কবি টের পান, সে-সব ভাষা তাঁর নয়। ফলে তাঁকে খুঁজে নিতে হয় নিজের কথা বলবার জন্যে নিজস্ব ভাষা। একে আবিষ্কারই বলতে হবে।
নিজস্ব ভাষা। কবিতার সত্যে পৌঁছতে এ এক অতি-দরকারি উপাদান। টমাস ট্রান্সট্রোমার এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্তদের পিছু ধরে ভাষা চলে যাচ্ছে পা ফেলে-ফেলে (বধ্যভূমির দিকে)। তাই, এখন আমাদের অবশ্যই নতুন একটা ভাষা পেতে হবে।'
এখানে একটি সম্পূর্ণ কবিতা আমি পড়ব। কবিতাটির নাম 'এলেজি : পশ্চিমবঙ্গ'। কবি : পার্থপ্রতিম কাঞ্জিলাল।
ছিলেন বঙ্কিমবাবু, ছিলেন রোহিণী,
ছিলো আমবন আর প্রশস্ত দীর্ঘিকা,
বনমন্দিরের মধ্যে, ষোড়শীকালিকা।
আমবন কাটা গেছে, ভেঙেছে মন্দির,
বঙ্কিমের পক্ষে তাঁর নামের কারণে
ন্যায় ও সত্যের দিকে যাওয়া অনুচিত
হয়েছিল জানা গেছে, রোহিণী নিশ্চিত
কোনোখানে নেই, আজ সমস্ত প্রাকৃত।
দীর্ঘিকা বদলে তাই থেকে গেছে দিহি
পোড়া মন্দিরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে
ন্যাড়ামাথা কালী, যার জিভটিও কালো,
দিহিতে কচুরিপানা দৃঢ় সংগঠনে
প্রবল জটিল— দিহি থেকে ওঠে তাপ—
ফাঁকা আমবনমাঠে আনমনা সাপ।
কবিতাটি বাংলার ঐতিহ্যবাহী আট-ছয় মাত্রার। বাক্যগঠনের জন্যে একটু ভেঙে-ভেঙে পড়তে হবে, এই যা। কিন্তু এর চল শুরু তো সেই কবে, মধুসূদনের হাতে। তাহলে এর নতুনত্ব কোথায়? ভাষায়। প্রকাশভঙ্গিতে। নিজের বক্তব্য উপস্থাপিত করবার জন্যে একটি বাংলা উপন্যাস 'কৃষ্ণকান্তের উইল'-কে বেছে নেওয়ায়।
কাটা-কাটা। অসম্পূর্ণ কথা। যেন পুরোটা বলার অবস্থায় নেই কবি। অথচ মৃত্যুর আগে তাঁকে বলে যেতেই হবে। কী বলতে হবে? বলতে হবে এমন এক ভূখণ্ডের কথা, যেটি মৃত। কবিতা শুরুই হচ্ছে 'ছিলেন' শব্দটি দিয়ে। শেষ পংক্তি— 'ফাঁকা আমবনমাঠে আনমনা সাপ।' এক চরম নিঃস্বতার ছবি। হতাশারও। এই হচ্ছে সত্তরের দশক। হয়তো-বা পরস্পরবিরোধী, হয়তো নয়, নানা সংঘাতে ছিন্নভিন্ন— এবং পূর্ণও— একটা সময়।
তাই বলে কি শুধুই হতাশা? কিছুই কি গড়ে ওঠেনি? উঠেছে। এই সব কবিতা এসেছে উঠে, যা পড়ে পরবর্তী প্রজন্ম জানবেন সেই সময়ের কথা। বিষণ্ণ হবেন। এবং হবেন সতর্ক।
ওই পার্থপ্রতিম কাঞ্জিলাল— যেন সত্তর দশকের হয়েই— পাঠককে আহ্বান জানাচ্ছেন:
নাচবার ইচ্ছা থাকে যদি বলি তোমায় নাচবার বিধি
পাতা আছে এই আঁধার-হৃদি, তাতেই নাচতে হবে।
