২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছড়াকার ফারুক হোসেন

মারুফুল ইসলাম

Published : 01 Jan 2021, 01:59 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


ছড়া মানে যে ছন্দে আর অন্ত্যমিলে বাঁধা পদ্য শুধু নয়, তার অতিরিক্ত কিছু, সেটা যাদের ছড়া পড়ে আমরা হৃদয়ঙ্গম করতে পারি ফারুক হোসেন তাদের মধ্যে উল্লেখযোগ্য। প্রায় পাঁচ দশকের পরিসর জুড়ে ছড়া লিখে চলছেন তিনি বিরতিবিহীন। ব্যাপক তার ছড়ার বিষয়, বিচিত্র তার প্রকাশ ধরন। তার ছড়া সরল, অথচ সোচ্চার। 'অর্থবহ সহজ-সরল ভঙ্গিতে' ছড়া লিখতে তিনি পছন্দ করেন–
চেহারা কখনও কখনও এমন
দেখে মনে হয় কাঁদছে,
অনেক চেহারা ভাবুক ভাবুক
যেন কল্পনা বাঁধছে।
*******
সুখীদেরও দুঃখী দুঃখী মনে হয়
চেয়ে থাকে ভেজা নেত্রে,
সুতরাং মন ফোটে চেহারায়
ঠিক নয় সব ক্ষেত্রে।

(চেহারা এবং মন)
অনলস তার লেখনী, লিখেছেন বিস্তর ছড়া যার সংখ্যা হাজার ছাড়িয়েছে সেই কবেই। একইসঙ্গে রচনা করেছেন গল্প, প্রবন্ধ, ভ্রমণকাহিনি ইত্যাদি। সবই শিশুকিশোরদের জন্য। লেখালেখির পাশাপাশি করেছেন গুরুত্বপূর্ণ সম্পাদনা–'সেরাদের সেরা লেখা'। কিন্তু ছড়াই তার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ। নিজেই বলেছেন, 'ছড়াই আমার প্রথম ও প্রধান পরিচয়'। কিন্তু এ বিপুল সৃষ্টিসম্ভার নিয়েও তিনি থাকেন না কোনো ডামাডোলে।
ফারুক হোসেনের সমাজচেতনা প্রখর। তার বিশ্ববীক্ষা গভীর। তার শিল্পবোধ প্রশংসা আদায় করে নেয়। ব্যক্তি থেকে ব্যস্টি স্থান পায় তার ছড়ার জগতে। তুচ্ছ থেকে মহৎ কিছুই বাদ পড়ে না সেখানে। ছড়া রচনায় তার পারঙ্গমতার নিটোল নিদর্শন 'জাতিসংঘ'–
আকাশে আকাশে ঝগড়াবিবাদ
অগ্নিদগ্ধ ফাইটার;
কাগজে কলমে খবর যুদ্ধ
হাঁপান ব্যস্ত রাইটার।
*******
বড়রা যুদ্ধে সিদ্ধহস্ত
ছোটরা সবই বিপদগ্রস্ত।
*******
এলোমেলো আজ মিথ্যে সত্যি
মানুষ মেলে না সবাই দত্যি।
যুদ্ধে যুদ্ধে মলিন বিশ্ব
ভাঙচুর সারা অঙ্গ,
ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটান
নিরুপায় জাতিসংঘ।
ছন্দের স্বাচ্ছন্দ্যে, মিলের মুন্সিয়ানায়, বক্তব্যের বিশ্বজনীনতায় এ এক অনন্য শিল্প। অমন ছড়া যিনি লিখতে পারেন তাকে অভিবাদন না-জানিয়ে লেখক-পাঠক-সমালোচক কারোই উপায় থাকে না।
পরিচ্ছন্ন একজন মানুষ ফারুক হোসেন।
সরকারি চাকরির সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হয়েও তিনি অনুচ্চকিত ও নিরহঙ্কার। পরিশীলিত এ মানুষটি চলনে বলনে সকল সময় বজায় রাখেন তার ব্যক্তিত্ব, পারিপাট্য ও স্বাভাবিক সৌন্দর্য। এমন কিছু তাকে বলতে শুনিনি কিংবা করতে দেখিনি যা রুচিবিরুদ্ধ। দীর্ঘদিনের লেখালেখির ঝুলি কাঁধে নিয়ে পূর্ণ করতে যাচ্ছেন তিনি জীবনের ষাট বছর। তার জন্য আমার শুভেচ্ছা।