২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কবিতার চারা: শঙ্খ ঘোষ, সেসার ভায়্যেহো

ওমর শামস

Published : 07 Dec 2020, 12:45 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


আমার আলোচ্য শঙ্খ ঘোষ-এর ২টো কবিতা1 । প্রথমটি তক্ষক // [বাবরের প্রার্থনা] , দ্বিতীয়টি ত্রিকাল // [প্রহরজোড়া ত্রিতাল] । বলে রাখি, আমার এই বাগবিস্তার শিশিরকুমার দাশ-এর প্রথম কবিতা নিয়ে আলোচনা2 পাঠের পর। বিষয়বস্তুতে দুটি কবিতা একই, তবে দ্বিতীয় কবিতাটিতে পরে আসবো।
১.
তক্ষক // শঙ্খ ঘোষ
তোমার কোনো বন্ধু নেই কোনো বৃত্তি নেই
কেবল বন্ধন
তোমার কোনো ভিত্তি নেই কোনো শীর্ষ নেই
কেবল তক্ষক
তোমার কোনো নৌকো নেই কোনো বৈঠা নেই
কেবল ব্যাপ্তি
তোমার কোনো উৎস নেই কোনো ক্ষান্তি নেই
কেবল ছন্দ
তোমার শুধু জাগরণ শুধু উত্থাপন কেবল উদ্ভিদ
তোমার শুধু পান্না আর শুধু বিচ্ছুরণ কেবল শক্তি
তোমার কোনো মিথ্যা নেই কোনো সত্য নেই
কেবল দংশন
তোমার কোনো ভিত্তি নেই কোনো শীর্ষ নেই
কেবল তক্ষক
তোমার কোনো দৃষ্টি নেই কোনো শ্রুতি নেই
কেবল সত্তা
এই তিনটি উদাহরণের অন্বয় যে গদ্যমুখী তা যেমন স্পষ্ট, তেমনই স্পষ্ট তিনটি অন্বয়ের স্বাতন্ত্র্য।
শিশিরকুমার দাশ-এর আলোচনা : " আধুনিক কবির লেখা থেকে একটি উদাহরণ দেয়া যাক: [কবিতাটির প্রথম ৮ লাইনের উদ্ধৃতি]। সমগ্র কবিতাটি গড়ে উঠেছে দুটি বাক্যের অন্বয়ের বারবার ব্যবহারে। এর যে বাক্যবিন্যাস এবং তার মধ্যে দিয়ে একটি দ্বান্দিকতা, একটি অস্তি-নাস্তির বৈপরীত্য, তাই আমাদের আকর্ষণ করে সবার আগে। এর যে ভাষ্য-শরীর তা দুটি বাক্য দিয়ে গড়া বলাই যথেষ্ট হবে না, বলতে হবে সেই বাক্যগুলির ক্রম গড়ে তুলেছে এবং শরীরের ছন্দ। একই বাক্যের পুনরাবৃতি, তারপর সেই পুনরাবৃতিকে থমকে দেয় আরেকটি বাক্য। প্রথম বাক্য- দ্বৈতে ক্রিয়া প্রতিভাত, সে ক্রিয়া ব্যাকরণের ; দ্বিতীয় বাক্যের ক্রিয়া অবলুপ্ত, কিন্তু সেখানে অস্তিত্ব বোধ তীব্র। পুনরাবৃতির মধ্যে দিয়ে যখন গড়ে উঠেছে একটা ছন্দস্পন্দের পালা, কবি তখন তাকে ভেঙে দেন, দ্বিতীয় বাক্য গঠনের পুনরাবৃতিতে।
তোমার শুধু জাগরণ শুধু উত্থাপন কেবল উদ্ভিদ
তোমার শুধু পান্না আর শুধু বিচ্ছুরণ কেবল শক্তি
তারপর আবার ফিরে আসেন পুরানো পালায়, প্রথম বাক্যগঠনে।
তোমার কোনো মিথ্যা নেই কোনো সত্য নেই
কেবল দংশন
তোমার কোনো ভিত্তি নেই কোনো শীর্ষ নেই
কেবল তক্ষক
পদ্যের অন্বয় এখানে গদ্যের অন্বয়কে পুরোপুরি আত্মস্থ করেছে, পদ্যের ছন্দের যান্ত্রিক বন্ধনকেও অস্বীকার করেছে অনায়াসে, অথচ অর্জন করেছে এমন এক স্পন্দন, যা বাংলা কবিতার ছন্দশাসনের মধ্যে প্রায় বিরল।"
২. দ্বিতীয় কবিতা
ত্রিকাল // শঙ্খ ঘোষ
তোমার কোনো ধর্ম নেই, শুধু
শিকড় দিয়ে আঁকড়ে ধরা ছাড়া
তোমার কোনো ধর্ম নেই, শুধু
বুকে কুঠার সইতে পারা ছাড়া
পাতালমুখ হঠাৎ খুলে গেলে
দুধারে হাত ছড়িয়ে দেওয়া ছাড়া
তোমার কোনো ধর্ম নেই, এই
শূন্যতাকে ভরিয়ে দেওয়া ছাড়া।
শ্মশান থেকে শ্মশানে দেয় ছুঁড়ে
তোমারই ওই টুকরো-করা-শরীর
দুঃসময়ে তখন তুমি জানো
হল্‌কা নয়, জীবন বোনে জরি।
তোমার কোনো ধর্ম নেই তখন
প্রহরজোড়া ত্রিতাল শুধু গাঁথা–
মদ খেয়ে তো মাতাল হতো সবাই
কবিই শুধু নিজের জোরে মাতাল!

৩. অবলোকন
আলোচ্য ত্রিতাল এবং তক্ষক, ২টো কবিতার বিষয়বস্তুই কবি যদিও প্রথম কবিতাটির রচনাকাল ১৯৭৪-৭৬, বইয়ে প্রকাশ ১৯৭৬ এবং দ্বিতীয় কবিতাটির রচনাকাল ১৯৭৭-৮১, বইয়ে প্রকাশ ১৯৮২। তক্ষক গদ্য কবিতা কিন্তু এক ধরণের বাক-স্পন্দন সঞ্চারক। ত্রিতাল মাত্রাবৃত্তে লেখা। তক্ষক এবং ত্রিতাল, ২টো জিনিশই কবির প্রতীক। শঙ্খ ঘোষ কবির চারিত্রকে চিত্রকল্পের মধ্যে দিয়ে ইঙ্গিতবদ্ধ করেছেন কোন 'অ্যানালিটিক' বিশ্লেষণ নয়। এবং চিত্রকল্পগুলো 'মতো' দিয়ে সঞ্চিত নয়। তক্ষক কবিতাটি অধিক শক্তিধর, শ্রুতিতে বিচিত্র এবং অভিনব ; ত্রিতাল কবিতাটিকে বাংলা কবিতার ধারার গতানুগতিকতার অন্তর্লীন বলা যেতে পারে। দ্বিতীয় কবিতা যদি উপপাদ্য, তবে প্রথমটি তার 'করোলারি'। আমি দ্বিতীয়টি আলোচনা করে পরে অন্যটিতে যাবো।
শিশিরকুমার দাশ যা বলেছেন তার উপরে খুব বেশি বলার থাকে না। আগে যা বলেছি, কবিতাটি কবির মানস, তার চিত্তবৃত্তির কেন্দ্রিক শক্তি ও সত্তার প্রতীকী উন্মোচন। 'কবি' শব্দ তিনি ব্যবহার করেন নি, কোনো দার্শনিক, কোনো অনন্য পুরুষ/নারী কল্পনা করা গেলেও, 'ছন্দ' কথাটির উপস্থাপন হেতু কবিতাটি যে কবিকে ঘিরে, তাতে সংশয় না ঘটাই উচিত। কেবল 'বন্ধন', 'ব্যাপ্তি', 'ছন্দ', 'জাগরণ', 'পান্না', 'বিচ্ছুরণ', 'শক্তি' – এর সবগুলোই কবি-সত্তার গুণবিভা, শুধু তাই নয় বিশেষ্য বা বিশেষণগুলি চিত্রকল্পও, এবং 'কেবল' শব্দ সংযোগে তীব্রতর। এই সব অভিধাসম্পন্ন 'তক্ষক' কোনো জীব-বিদ্যার সর্প নয়, তিনি সত্তাবান কবি। কবির শৈলী শব্দ-'ইকোনমি'-র উৎকৃষ্ট উদাহরণ, এমন কি 'মতো' নেই বলেই ইমেজারি আরো সংঘাতপ্রবল। পুরো কবতিটিও নাতিদীর্ঘ এবং শব্দের স্বল্পতায়, সান্দ্র চিরকল্পে এবং পুনরাবৃত ধ্বনির নিক্কণে নিপুণ ও নিটোল, উভয়ই।
কবিতাটির গঠন, অন্বয় ( শব্দের বিন্যাস, 'সিনট্যাক্স') দিয়ে প্রকাশিত শ্রুতিকল্প সম্বন্ধে যা বলা যায় তা প্রায় সবই শিশিরকুমার বলেছেন।
তোমার কোনো [X] নেই কোনো [X] নেই
কেবল [Y] এবং
তোমার শুধু [Z] কেবল [W]
এই নকশার আবর্তনেই কবিতাটির বিস্তার। লক্ষ্যণীয় যে, 'শুধু' এবং 'কেবল' এই দুই অব্যয় এবং 'কোনো [X] নেই' ব্যবহারে ধ্বনি আর চিন্তা উভয়েরই ক্রমাগত সংঘাত যা কবিতা পাঠ-বোধকে শিখরে তুলতে সক্ষম।
এবার আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই একটি অন্য কবিতার দিকে, পেরুর কবি সেসার ভায়্যেহো (১৮৯২-১৯৩৮)-র শিরোনামবিহীন – প্রথম পংক্তি : 'বিশ্বাস চশমার মধ্যে, চোখের মধ্যে নয়'। কবিতাটি৩ অক্টোবর ৫, ১৯৩৭ সনে লেখা । স্পানীশ রচনাটি4 পাদটিকায় দেয়া হলো শ্রুতি এবং শব্দ বিন্যাস পর্যালোচনার জন্য।
César Vallejo – [Confidence in glasses, not in the eye…]
Confidence in the glasses, not in the eye;
in the staircase, never in the step;
in the wing, not in the bird
and in yourself alone, in yourself alone, in yourself alone.
Confidence in wickedness, not in the wicked;
in the glass, but never in the liquor;
in the corpse, not in the man
and in yourself alone, in yourself alone, in yourself alone.
Confidence in many, but no longer in one;
in the riverbed, never the current;
in pants, not in legs
and in yourself alone, in yourself alone, in yourself alone.
Confidence in the window, not in the door;
in the mother, but not in the nine months;
in destiny, not in the gold die,
and in yourself alone, in yourself alone, in yourself alone.
[ অনুবাদ : Clayton Eshleman ]
বিশ্বাস চশমার মধ্যে, চোখের মধ্যে নয় ;
সিঁড়ির মধ্যে, পদপাতের মধ্যে মোটে নয় ;
পাখায়, পাখির মধ্যে নয়
এবং শুধু তোমার নিজের মধ্যে5, নিজের মধ্যে, নিজের মধ্যে।
বিশ্বাস বদ্‌মায়েশীর মধ্যে, বদ্‌মায়েশের মধ্যে নয় ;
পানপাত্রের মধ্যে, পানীয়র মধ্যে নয় ;
মৃতদেহে, মানুষের মধ্যে নয়
এবং শুধু তোমার নিজের মধ্যে, নিজের মধ্যে, নিজের মধ্যে।
বিশ্বাস অনেকের মধ্যে, আর একার মধ্যে নয় ;
নদীতলের মধ্যে, কখনো স্রোতের মধ্যে নয় ;
পাজামার, পায়ের মধ্যে নয়
এবং শুধু তোমার নিজের মধ্যে, নিজের মধ্যে, নিজের মধ্যে।
বিশ্বাস জানালার মধ্যে, দরোজার মধ্যে নয় ;
মায়ের মধ্যে, আর দশ মাসের মধ্যে নয় ;
ভাগ্যে, সোনার ছক্কার মধ্যে নয়
এবং শুধু তোমার নিজের মধ্যে, নিজের মধ্যে, নিজের মধ্যে।
[ অনুবাদ : ওমর শামস ]
এক নজরেই বোঝা যায়, শঙ্খ ঘোষ-এর তক্ষক এবং সেসার ভায়্যেহো-র কবিতাটির গঠন স্থাপত্য একই, বিষয় আলাদা। এই কবিতায় নিচের প্যাটার্ন :
[X]-র মধ্যে, [Y]-র মধ্যে নয়
শুধু তোমার নিজের মধ্যে, নিজের মধ্যে, নিজের মধ্যে
পুনরাবৃত হয়ে কবিতা রচনা করেছে। ২টো কবিতাতেই 'শুধু' এবং সমার্থক 'কেবল'-এর ব্যবহার গুরুত্বপূর্ণ।
আমি যা বলছি, তা হলো – শঙ্খ ঘোষ-এর তক্ষক কবিতার টেকনিকের উৎস সেজার ভায়্যেহো-র ১৯৩৭-এর কবিতাটি, যদিও আদালতে যুক্তি দেবার মতো রসদ নেই। কিন্তু বিষয় ভিন্ন নিয়ে কিছু ভাষাগত নতুনত্ব যোজন করে একটি চমৎকার কবিতা সৃষ্টি করেছেন শঙ্খ ঘোষ ।
এবার দ্বিতীয় কবিতাটি সম্পর্কে সামান্য উক্তি।
কবিতাটি ৫/৫/২ মাত্রা করে লেখা। প্রথম ৮ লাইনে 'আঁকড়ে ধরা ছাড়া', 'বুকে কুঠার সইতে পারা ছাড়া' জাতীয় অন্ত্যমিল। শেষের ৮ লাইন অমিল কিন্তু মাত্রায়। এ কবিতাটির বিষয়বস্তুও কবির শিল্পসত্তার চরিত্রায়ন। ৯-১২ লাইন কিছুটা ধোঁয়াশে।
আমি যা পড়েছি তার মধ্যে তক্ষক শঙ্খ ঘোষের শ্রেষ্ঠ কবিতার একটি। তবে কবিতা নিয়ে তিনি বেশ কিছু আলোচনা গদ্যগ্রন্থ লিখেছেন, যেগুলোর গুণগ্রাহী আমি আরও বেশী।
পাদটিকাঃ
১. শঙ্খ ঘোষ, শঙ্খ ঘোষের শ্রেষ্ঠ কবিতা, দে'জ পাবলিশিং, ১৯৮২
২. শিশিরকুমার দাশ, গদ্য ও পদ্যের দ্বন্দ্ব, দে'জ পাবলিশিং, ১৩৯২
৩. Clayton Eshleman and Jose Rubia Barcia, Cesar Vallejo The Complete Posthumous Poetry, The University of California Press, 1978
৪.
César Vallejo – [Confianza en el anteojo, no en el ojo]
Confianza en el anteojo, no en el ojo;
en la escalera, nunca en el pel¬daño;
en el ala, no en el ave
y en ti sólo, en ti sólo, en ti sólo.
Confianza en la mal¬dad, no en el mal¬vado;
en el vaso, mas nunca en el licor;
en el cadaver, no en el hom¬bre
y en ti sólo, en ti sólo, en ti sólo.
Confianza en muchos, pero ya no en uno;
en el cauce, jamás en la cor¬ri¬ente;
en los cal¬zones, no en las pier¬nas
y en ti sólo, en ti sólo, en ti sólo.
Confianza en la ven¬tana, no en la puerta;
en la madre, mas no en los nueve meses;
en el des¬tino, no en el dado de oro
y en ti sólo, en ti sólo, en ti sólo.
৫. মূল 'en ti sólo'-র অনুবাদ 'in yourself alone / নিজের মধ্যে একা' আক্ষরিক, কিন্তু বাংলায় অচালু।